/ হোম / ঘাটাইল
টাঙ্গাইলে মানববন্ধনে বাধা দেওয়ায় চেয়ারম্যানকে ধাওয়া; পুলিশের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ - Ekotar Kantho

টাঙ্গাইলে মানববন্ধনে বাধা দেওয়ায় চেয়ারম্যানকে ধাওয়া; পুলিশের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়নের চেয়ারম্যান হেকমত সিকদারের বিরুদ্ধে মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে উপজেলার সাগরদীঘি চৌরাস্তায় ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। শত শত নারী পুরুষ ওই মানববন্ধনে অংশ নিয়ে সড়কের একপাশে অবস্থান নেয়। এ সময় চেয়ারম্যান হেকমত সিকদারের নেতৃত্বে তার কিছু লোকজন শান্তিপূর্ণ মানববন্ধনে বাধা দেয়। এক পর্যায়ে তারা মানববন্ধনে অংশ গ্রহনকারীদের উপর হামলা চালায়।ওই সময় দুই পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পরে।

পুলিশের উপস্থিতেই দুই পক্ষে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উভয় পক্ষের দাবী এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। এক পর্যায় উত্তেজিত জনতা ইউপি চেয়ারম্যানকে ধাওয়া করে। তিনি দৌড়ে স্থানীয় এক দোকানে আশ্রয় নেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে অবরুদ্ধ অবস্থা থেকে চেয়ারম্যানকে উদ্ধার করে। এরপরও দুই পক্ষের লোকজন দুই পাশে অবস্থান নেয়। দুপুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের সময় আতঙ্কে বাজারের সব দোকান বন্ধ করে রাখেন ব্যবসায়ীরা।

এ প্রসঙ্গে সাগরদিঘি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি জিন্নত আলী জানান, চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর শান্তিপূর্ণ মানববন্ধনে চেয়ারম্যান বহিরাগত লোকজন নিয়ে অর্তকিত হামলা করে। এতে এলাকায় উত্তপ্ত পরিস্থির সৃষ্টি হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাগরদীঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার জানান, আওয়ামী লীগের একটি গ্রুপ জামায়াত, বিএনপির লোকদের সঙ্গে নিয়ে আমাকে হেয় করার জন্য মাঝে মধ্যেই আমার বিরুদ্ধে মানববন্ধন করে। ইতিমধ্যে তারা আমার বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়েছে। তারা আজকেও মানববন্ধনের আয়োজন করলে আমার লোকজনের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। ভাংচুর করা হয় ৫ টি মোটরসাইকেল।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ পরিবেশ নিয়ন্ত্রণে আনে । যারা বিশৃঙ্খলা তৈরী করেছে, তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৫. অগাস্ট ২০২২ ০২:২৮:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে স্বাস্থ্য সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে স্বাস্থ্য সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী জুয়েল সিদ্দিকীর (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে পৌর এলাকার কলেজ মোড়ে নিজ বাসা “খাজা প্লাজা” থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জুয়েলের পরিবার জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে জুয়েলকে বাসায় রেখে তার স্ত্রী ছেলেকে নিয়ে স্কুলে যান। ছেলের স্কুল শেষে বাসায় ফিরলে জুয়েলের রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান তিনি। ঘরের দরজায় বার বার কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। এক ঘণ্টা চেষ্টার পর দরজা ভেঙে মা-ছেলে ঘরে ঢুকে জুয়েলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ এসে জুয়েলের লাশ উদ্ধার করে।

এ প্রসঙ্গে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, এ পর্যন্ত জুয়েলের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৩. অগাস্ট ২০২২ ০৫:১৫:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের সাতবিলা গ্রামে ভিমরুলের কামড়ে রহিম বাদশা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুু হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

রহিম দিঘলকান্দি ইউনিয়নের সাতবিলা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ আগস্ট) বিকালে রহিম বাদশা গ্রামের পাশে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে যায়। সেখানে ভিমরুলের ঝাঁক তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে কালিহতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাদিন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

সর্বশেষ আপডেটঃ ০৩. অগাস্ট ২০২২ ০১:০২:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে স্কুল থেকে ছাত্রী উধাও! - Ekotar Kantho

টাঙ্গাইলে স্কুল থেকে ছাত্রী উধাও!

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে স্কুল থেকে এক ছাত্রী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ চৌরাস্তা পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী (১৬) উধাও হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই ছাত্রীর পরিবার জানায়, প্রতিদিনের ন্যায় রবিবার সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। স্কুলেও আসে বলে জানায় তার কয়েকজন বান্ধবী। পরে ওই ছাত্রী স্কুল ছুটির পর বাড়িতে না গেলে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজাখুঁজি শুরু করে এক পর্যায়ে জানতে পারে পাশের উপজেলা মধুপুরের আচরা এলাকায় ৮ম শ্রেণি পড়ুয়া এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক সূত্রে পালিয়েছে।

এ বিষয়ে শালিয়াবহ চৌরাস্তা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবু হানিফ জানান, স্কুলে উপস্থিতি হাজিরা রয়েছে। তবে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি, ওই মেয়ের বিভিন্ন ছেলের সাথে একাধিক প্রেমের সম্পর্ক রয়েছে। ধারণা করা হচ্ছে প্রেম ঘঠিত কারণে কোনো ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে।

সর্বশেষ আপডেটঃ ২৬. জুলাই ২০২২ ০২:৩২:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১২ - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় সৌরভ(১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।সোমবার(১১ জুলাই) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ মধুপুর উপজেলার ব্রাক্ষমবাড়ী গ্রামের শফিকুলের ছেলে। ঘাটাইল থানার এস আই পলাশ মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর থেকে ১৪ জন যাত্রী নিয়ে মধুপুরের উদ্দেশ্য একটি পিকআপ ভ্যান যাত্রা শুরু করে। পথিমধ্যে পিকআপটি ঘাটাইলের পোড়াবাড়ি পৌঁছলে রাস্তার পাশে থাকা একটি বিদ্যূতের খুঁটিকে ধাক্কা দিলে পিকআপটি যাত্রীসহ ১০ থেকে ১২ ফুট নিচে খাদে পড়ে যায়।

পরে স্থানীয়রা গাড়িতে থাকা যাত্রী ও ড্রাইভারকে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালে নেয়ার পথে সৌরভ নামে এক কিশোরের মৃত্যূ হয়। এ ঘটনায় পিকআপ এ থাকা ১২ জন যাত্রী গুরুতর আহত হয়।

আহতরা হলেন, মধুপুর উপজেলার ঘোড়ারটিকি গ্রামের সিদ্দিক আলীর মেয়ে মোসাঃ শিল্পি আক্তার(৮),বড়দিঘী গ্রামের ছাদেক আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম(২৬),বাক্ষমবাড়ি গ্রামের ফজর আলীর স্ত্রী সাবিনা আক্তার(২৫),একই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী বুলবুলি বেগম(২৫),সাদিয়া আক্তার(১২),ধামাবাসুরী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে শিশু রুপা আক্তার(৬),ব্রাক্ষমবাড়ি গ্রামের সফিকুল ইসলাম(৩৫),একই গ্রামের শফিকুলের স্ত্রী শরিফা বেগম(২৫),লেংড়াবাজার গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী মিনারা বেগম(৩৫),ব্রাক্ষমবাড়ি গ্রামের জাফর আলীর মেয়ে রীনা আক্তার(২১),ধামাবাসুরী গ্রামের শফিকুলের মেয়ে শিশু সানজিদা আক্তার(৬) ও পিকআন চালক আব্দুল মিয়া(৩৫)।

ঘাটাইল থানার এস আই পলাশ মাহমুদ জানান, আহতদের মধ্যে ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।পিক-আপ চালকের ঠিকানা জানা সম্ভব হয়নি।

সর্বশেষ আপডেটঃ ১১. জুলাই ২০২২ ০৮:৫৭:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে চাল চুরির ঘটনায় দুই মেম্বারকে গণপিটুনি;পালালেন চেয়ারম্যান - Ekotar Kantho

টাঙ্গাইলে চাল চুরির ঘটনায় দুই মেম্বারকে গণপিটুনি;পালালেন চেয়ারম্যান

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে ভিজিএফের চাল চুরির অভিযোগে দুই ইউপি সদস্যকে গণপিটুনি দেওয়া হয়েছে। শুক্রবার (৮ জুলাই) বিকেলে উপজেলার দেওপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার ওই দুই ইউপি সদস্য হলেন মো. রেজাউল করিম ও আব্দুস ছালাম।

স্থানীয়রা জানান, সকাল থেকে দেওপাড়া ইউনিয়ন পরিষদ ভবন থেকে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ চলছিল।

কিন্তু ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের চাল বিতরণ শেষ না করেই বিকেলে ১২৫ বস্তা চাল অটোরিক্সায় তুলে বিক্রি করতে যান ইউপি সদস্য রেজাউল করিম ও আব্দুস ছালাম। এ সময় বিক্ষুব্ধ জনতা রাস্তা আটকে দিয়ে চালসহ দুই ইউপি সদস্যকে ঘেরাও করে রাখে।
পরে উত্তেজিত জনতা তাদের দুজনকে গণপিটুনি দেয়। এ সময় স্থানীয় জনগণের তোপের মুখে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হেপলু দৌড়ে পালিয়ে যান। পরে ঘাটাইল থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনের লোকজন গিয়ে চালসহ জনতার হাতে আটক দুই ইউপি সদস্যকে উদ্ধার করে।

ইউপি সদস্য আব্দুস ছালাম বলেন, চাল চুরির কোনো ঘটনা ঘটেনি। ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হেপলুর নির্দেশে তারা চালের বস্তাগুলো সরিয়ে নিয়ে দেলুটিয়া থেকে বিতরণ করতে চেয়েছিলেন।

ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হেপলু বলেন, চাল চুরির ঘটনা সঠিক নয়। বিতরণের সুবিধার জন্য চালগুলো দেলুটিয়া গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। একটি পক্ষ ভুল বুঝিয়ে জনতাকে উত্তেজিত করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, চালগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদ ভবনে সিলগালা করে রাখা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৯. জুলাই ২০২২ ০৩:৩৩:এএম ৪ বছর আগে
ঘাটাইলে ছাত্রদলের নবগঠিত কমিটি’র পরিচিতি সভা - Ekotar Kantho

ঘাটাইলে ছাত্রদলের নবগঠিত কমিটি’র পরিচিতি সভা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা, পৌর ও সরকারি জিবিজি কলেজ শাখা ছাত্রদলের এক যৌথ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকায় মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির।

ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নাসির উদ্দিন রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর আলম।

সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহব্বায়ক দূর্জয় হোড় শুভ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। বিশেষ বক্তা ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেসকাত হোসেন তনয়। বিশেষ অতিথি ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদ শিকদার, এস এম নূর নবী আহমেদ।

এছাড়া সভায় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা বিএনপির আহব্বায়ক সিরাজুল হক ছানা, সদস্য সচিব বিল্লাল হোসেন, যুগ্ন আহব্বায়ক শাহিনুর রহমান।

পৌর বিএনপির আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা বাসেত করিম, সদস্য সচিব আনোয়ার হোসেন হেলাল, সদস্য রফিকুল ইসলাম।
উপজেলা যুবদলের আহব্বায়ক আব্দুল্লাহ আল মামুন বুলবুল, সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ, যুগ্ন আহব্বায়ক আবু হান্নান।
পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক পারভেজ মিয়া।

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহব্বায়ক সারোয়ার জাহান, সদস্য সচিব শাহিন মিয়া। পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল ইসলাম। শ্রমিক দলের সদস্য সচিব খোকন মিয়া।

উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহব্বায়ক সোহান খান, জাহাঙ্গীর আলম খান, আসাদুল ইসলাম নিশাত।

পৌর ছাত্রদলের আহব্বায়ক বিজয় হাসান, সদস্য সচিব মোঃ রোকন, সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোঃ নিশাত। সরকারি জিবিজি কলেজ শাখা ছাত্রদলের আহব্বায়ক মেহেদি হাসান স্বপন, সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মোঃ আশিক হোসেন, সদস্য রতন খান প্রমুখ।

ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে যথাযথ অনুমোদন সাপেক্ষে পূর্বনির্ধারিত প্রোগ্রাম করতে না দেয়ার পরও নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমে তাৎক্ষণিক একই সময়ে অন্যত্র জায়গায় এত সুন্দর একটি আয়োজন করার জন্যে সভায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির। এভাবেই ষড়যন্ত্রকারীদের সকল বাঁধা পেরিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঘাটাইল বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম এগিয়ে যাবে বলে বলিষ্ঠ কণ্ঠে সভায় উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য,চলতি বছরের মার্চে ঘাটাইল উপজেলা, পৌর ও সরকারি জিবিজি কলেজ শাখা ছাত্রদলের আহব্বায়ক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল।

সর্বশেষ আপডেটঃ ০৬. জুলাই ২০২২ ০৮:৪৬:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বিকেলে সন্ধ্যানপুর ইউনিয়নের গারো চালাগ্রামের ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ইউনিয়নের গারো চালাগ্রামের  শাহজাহান আলী (৬০) ও তার ভাই নূরুল ইসলাম (৫৭)। তারা বিয়েও করেছেন আপন দুইবোনকে। দু’জনই কৃষক।

স্থানীয় ইউপি সদস্য ফারুক মিয়া জানান, সকালের নাস্তা করে তারা দুই ভাই জমির আইল ছাঁটতে যান। দুপুর হলেও তারা বাড়ি ফিরে আসেননি। দুপুর থেকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৪টার দিকে বাড়ির পাশেই ছোট ডোবায় শাহজাহানের মরদেহ ভাসতে দেখেন তার স্ত্রী জায়েদা বেগম (৫০)। পরে নূরুল ইসলামেরও মরদেহ উদ্ধার করা হয় ওই ডোবা থেকেই।

পরিবারের সদস্যদের জানান দুই ভাইয়ের মধ্যে কেউ সাঁতার জানতেন না।

সন্ধানপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ জানান, ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার  জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে যদি কোনো আপত্তি না থাকে তবে লাশ দাফন করার জন্য অনুমতি দেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ১৫. জুন ২০২২ ০৭:২৪:পিএম ৪ বছর আগে
নানা কার‌ণে দেশে চা‌লের দাম বে‌ড়ে‌ছে : কৃষিমন্ত্রী - Ekotar Kantho

নানা কার‌ণে দেশে চা‌লের দাম বে‌ড়ে‌ছে : কৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধিসহ নানা কারণে চালের দাম কিছুটা বেড়েছে।

শীঘ্রই চালের বাজার স্বাভাবিক হয়ে আসবে। এ বছরও পর্যাপ্ত চাল উৎপাদন হয়েছে। দেশে খাদ্য নিয়ে কোনো হাহাকার হবে না, খাদ্যের কোনো সংকট থাকবে না।

সোমবার (৬ জুন) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলের গণ উচ্চ বিদ্যালয় মাঠে আ‌য়ো‌জিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃ‌ষিমন্ত্রী ব‌লেন, আজকের আওয়ামী লীগ যেকোনো সময়ের তুলনায় অনেক সুসংহত, শক্তিশালী ও সচেতন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম। দলের এই অবস্থাকে ধরে রাখতে হবে। সেজন্য যারা বিভিন্ন অপকর্মে জড়িত ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে দলের সুনাম ক্ষুণ্ন করছে, তাদেরকে দলের নেতৃত্বে আনা যাবে না। দলের বিপদে-আপদে সব আন্দোলন-সংগ্রামে যারা সামনে থাকবে তাদেরকে নেতা নির্বাচন করতে হবে, দলে জায়গা দিতে হবে।

তি‌নি ব‌লেন, গত ১৪ বছরে আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগের আমলে একজন মানুষও না খেয়ে মারা যায়নি। কোনো মানুষ না খেয়ে থাকার কষ্ট করেনি। আমাদের যে সম্পদ রয়েছে, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ রয়েছে, তাতে যেকোনো পরিস্থিতি আমরা মোকাবিলা করতে পারব।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম ওরফে লেবুর সভাপতিত্বে সম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবীর কাওছার, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এম‌পি প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ০৭. জুন ২০২২ ১২:৫৯:এএম ৪ বছর আগে
ঢাকা থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন টাঙ্গাইলের গৃহকর্মী মৌসুমী - Ekotar Kantho

ঢাকা থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন টাঙ্গাইলের গৃহকর্মী মৌসুমী

একতার কণ্ঠঃ ঢাকার রমনা এলাকায় আবু হাসান মুহম্মদ তারিক নামে পুলিশের এক অতিরিক্ত আইজিপির বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই গৃহকর্মীর নাম মৌসুমী আক্তার (১৪)। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাইচাইল গ্রামে। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৌসুমির বাবার নাম মুক্তার। যিনি ১০ বছর আগে মারা গেছেন। তার মায়ের নাম ফরিদা। তার মা বাইচাইল গ্রামে একটি জীর্ণশীর্ণ ঘরে কোনরকমে বসবাস করেন। ২০১৯ সাল থেকে মৌসুমি ওই বাসায় কাজ করে আসছিল। ঘটনার সময় বাসায় মৌসুমি ছাড়া আর কেউ ছিল না।

জানা যায়,  বুধবার (১ জুন) বিকেলে রমনা অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে দরজা ভেঙে গৃহকর্মী মৌসুমির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহকর্মী আত্মহত্যা করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদনে ‘আত্মহত্যা’ উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তার গ্রামের বাড়ি ঘাটাইলের বাইচাইল গ্রামে নিয়ে আসা হয়েছে। বাড়ীতে লাশ পৌছার পর সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যর অবতারণা হয়।

রমনা থানা পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়, মরদেহের গলার মাঝখানে রশি পেছানোর দাগ পাওয়া গেছে। এছাড়া মরদেহের হাত ও শরীরের দুই পাশ স্বাভাবিক অবস্থায় ছিল। তবে দুই হাতের মুষ্টিবদ্ধ অবস্থায় ছিল। মরদেহে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়, মৌসুমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার (২ জুন) মৌসুমির মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। মৌসুমির বাড়ি থেকে তার নানী এবং বড় বোন ঢাকায় গিয়ে লাশ শনাক্ত করেছে বলে পরিবার সুত্রে জানা গেছে।

ঘাটাইলে সরেজমিনে মৌসুমির বাড়ীতে গিয়ে দেখা যায় সেখানে চলছে শোকের মাতম। তার মা বারেবার মূর্ছা যাচ্ছেন। সেখানে পুলিশ সদস্যরা রয়েছেন।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মৌসুমির মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ সদর দপ্তরের এক পুলিশ সদস্য আমাদের থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। বুধবার (১ জুন) বিকেল ৫টার দিকে রমনায় অবস্থিত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মোহাম্মাদ (অতিরিক্ত আইজিপি) তারিকের বাসায় যান নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য। এসময় বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় ওই পুলিশ সদস্য রমনা থানায় বিষয়টি জানান। পরে রমনা থানা পুলিশ খবর পেয়ে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাসার বারান্দা থেকে ঝুলন্ত অবস্থায় মৌসুমি আক্তারের মরদেহ উদ্ধার করে।

রমনা থানা পুলিশ জানায়, ঘটনার সময় অতিরিক্ত আইজিপির বাসায় মৌসুমি ছাড়া আর কেউ ছিল না। তার স্ত্রী-সন্তানরা তখন বাসার বাইরে ছিলেন। অতিরিক্ত আইজিপি আবু হাসান মোহাম্মাদ তারিক বর্তমানে রাজশাহীর সারদায় পুলিশ ট্রেনিং কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত।

মৌসুমির মৃত্যু নিয়ে পুলিশ প্রাথমিকভাবে কী মনে করছে জানতে চাইলে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আজহারুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা যাবে না। তবে মরদেহের সুরতহাল আত্মহত্যার দিকে ইঙ্গিত দিচ্ছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এটি আত্মহত্যার ঘটনা হয়ে থাকতে পারে। তবে সে যদি আত্মহত্যা করে থাকে, তাহলে কী কারণে করেছে আমরা তা জানার চেষ্টা করছি।

সর্বশেষ আপডেটঃ ০৪. জুন ২০২২ ১২:৪৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড

একতার কণ্ঠ: টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তির নাম মো. হাসমত আলী (৪২)।বাবা ছামেদ আলীকে হত্যার দায়ে মঙ্গলবার (৩১ মে) দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের এ রায় দেন।

দণ্ডিত হাসমত ঘাটাইল উপজেলার রামদেবপুর হেংগারচালা গ্রামের ছামেদ আলীর ছেলে।

টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান জানান, হাসমত ২০২০ সালের ১৭ অক্টোবর রাত ৯ টার দিকে তার বাবার কাছে নেশার জন্য টাকা চায়। তিনি টাকা দিতে অস্বীকার করলে হাসমত তাকে পেটাতে শুরু করে। এসময় হাসমতের মা হাসনা বেগম এগিয়ে এলে তাকেও ধাওয়া করে। পরে বাড়িতে থাকা কোদাল দিয়ে ছামেদ আলীর গলা, মাথা ও ঘাড়ে আঘাত করে। এতে ঘরের মধ্যেই তার মৃত্যু হয়। পরে মা হাসনা বেগমকে কোপাতে গেলে এলাকার লোকজন এসে হাসমতকে ধরে ফেলে। রাতেই তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন হাসমতের মা বাদি হয়ে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় তদন্ত শেষে ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল হাসান ২০২০ সালের ২৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।

গ্রেপ্তার হওয়ার পর থেকে হাসমত আলী জেল হাজতে ছিলেন। মঙ্গলবার তাকে আদালতে আনা হয়। রায় ঘোষণার পর তাকে জেল হাজতে পাঠানো হয়।

সর্বশেষ আপডেটঃ ৩১. মে ২০২২ ১০:১১:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ - Ekotar Kantho

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

একতার কণ্ঠ: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদারকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়নবাসী।

রোববার(২২ মে) দুপুরে সাগরদিঘী বাজারে সিকদার মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন তারা।

সভায় বক্তারা বলেন, সাগরদীঘি ইউনিয়নের হতদরিদ্রদের নিয়ে চল্লিশ দিনের কর্মসৃজন প্রকল্প নিয়ে গুটিকয়েক মেম্বার ও একটি কুচক্রী মহল সাগরদীঘির সফল চেয়ারম্যান হেকমত সিকদারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতেছে। মহলটি একটি রাজনৈতিক পক্ষের ইন্ধনে চেয়ারম্যানের বিরুদ্ধে কতিপয় মানববন্ধনসহ নানা অপপ্রচারের মাধ্যমে জনগনের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধ না করা হলে ভবিষ্যৎ এ ইউনিয়নের মানুষ উপযুক্ত জবাব দিবে বলেও হুশিয়ারি প্রদান করেন বক্তারা। এসময় এই চক্র থেকে সাবধান থাকার জন্যও ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান তারা।

সাগরদীঘি ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জিন্নত আলীর সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সাগরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার, ইউপি সদস্য মোজাম্মেল হোসেন, মো. লিয়াকত হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কবীর হোসেন, শ্রমিকলীগের সভাপতি মো. টিটু মিয়া,ওয়ার্ড আ’লীগের সভাপতি সামসুল হক,যুগ্ম আহবায়ক আব্দুর রহমান মাস্টার,ছাত্রলীগ নেতা আলভিসহ আরও অনেকে।

সভাশেষে কুচক্রী মহলের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল করেন সহাস্রাধীক নারী-পুরুষ ।

 

সর্বশেষ আপডেটঃ ২৩. মে ২০২২ ০৫:৫৮:পিএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।