/ হোম / ঘাটাইল
টাঙ্গাইলে নতুন করে ৫৩ জনের করোনা শনাক্ত - Ekotar Kantho

টাঙ্গাইলে নতুন করে ৫৩ জনের করোনা শনাক্ত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে আবারও বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ৫৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৪৯ জনের নমুনা পরীক্ষার রির্পোটে ৫৩ জনের করোনা সনাক্ত হয়। শনাক্তের হার শতকরা ২১ দশমিক ২৮ ভাগ তবে ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।  রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ১৪৩ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ১৬ হাজার ৬৬০ জন। সর্বমোট মারা গেছে ২৬০ জন।

আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৪০ জন, দেলদুয়ার উপজেলায় ১ জন, সখীপুর ২ জন, ঘাটাইলে ৬ জন এবং ভূঞাপুর উপজেলায় ৪ জন নিয়ে মোট ৫৩ জন।

সিভিল সার্জন জানান, টাঙ্গাইলে কম সংখ্যক মানুষ করোনার পরীক্ষা করাচ্ছেন। করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

সর্বশেষ আপডেটঃ ২৩. জানুয়ারী ২০২২ ১১:৫৪:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে - Ekotar Kantho

টাঙ্গাইলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায়  নতুন করে আরো ৩৬ জনের  দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৮৩ জনে। শুক্রবার (২১ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান ওই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ জানুয়ারি) ১৩ জন, বুধবার (১৯ জানুয়ারি) ২৮ জন, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ২৯ জন দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।  এই পরিসংখ্যান থেকে  দেখা যায়, জেলায়  বেড়ে চলেছে করোনা আক্রান্ত রুগীর সংখ্যা।

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায় ,বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোর ৬ টা থেকে শুক্রবার (২১ জানুয়ারি) ভোর ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২১ দশমিক ৮১ শতাংশ। নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৭জন, সখীপুর, ঘাটাইল ও বাসাইল উপজেলায় ২ জন করে, দেলদুয়ার, ভূঞাপুর ও গোপালপুর উপজেলায় ১ জন করে রয়েছেন।

এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬৩৯ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কোন রোগী মারা যায়নি।  জেলায় এই যাবদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৬০ জন।

এ প্রসঙ্গে  টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, গণপরিবহনের মাধ্যমে করোনাভাইরাস বেশি ছড়াচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত ভ্রমণ করা ব্যক্তিরাই করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন।

তিনি আরো জানান,  করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

সর্বশেষ আপডেটঃ ২২. জানুয়ারী ২০২২ ০১:৫১:এএম ৪ বছর আগে
বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী- টাঙ্গাইলে সেনা প্রধান - Ekotar Kantho

বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী- টাঙ্গাইলে সেনা প্রধান

একতার কণ্ঠঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম.শফিউদ্দিন আহমেদ বলেছেন,বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী। সুখে-দুঃখে সকল সময়ে দেশের মানুষের পাশে থেকে যেকোন প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। যে কোন দুর্যোগে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

তিনি মঙ্গলবার(১১ জানুয়ারী) দুপুরে টাঙ্গাইলের বড় চওনা কুতুবপুর ডিগ্রী কলেজ মাঠে সাগরদীঘি অঞ্চলের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওই সব কথা বলেন।

সেনা প্রধান আরো বলেন, সারা দেশে আমরা এক লাখ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি, চিকিৎসা সেবা দিয়েছি। এর পাশাপাশি গবাদি পশুরও চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর একইসাথে বাংলাদেশ সেনাবাহিনীরও সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি।

অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পূর্বে তিনি ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষন পরিদর্শন করেন।এছাড়াও স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদানের জন্য পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ১১. জানুয়ারী ২০২২ ০৯:৫৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় আব্দুর রাজ্জাক (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।রোববার (২ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী হামিদপুরে ওই দুর্ঘটনাটি ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজরুল ইসলাম সরকার ।

নিহত রাজ্জাক কালিহাতি উপজেলার উত্তর বেতডোবা গ্রামের গফুর শিকদারের ছেলে। তিনি পেশায় একজন বীমা কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই একটি ট্রাক উপজেলার হামিদপুর এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে অতিক্রম করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাজ্জাক মারা যান। পরে খবর পেয়ে কালিহাতি ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ০৩. জানুয়ারী ২০২২ ০৬:০৩:পিএম ৫ বছর আগে
ঘাটাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন - Ekotar Kantho

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন, পৌর মেয়র শহীদুজ্জামান খান,টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা,দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ,ঘাটাইল প্রেসক্লাবের  প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার রহমান, অধ্যাপক খলিলুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

সাধারন সভা শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের প্রতিনিধিরা সভাপতি মোহাম্মদ কামাল হোসেন (আজকের প্রত্রিকা) ও মাসুম মিয়াকে (দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

কার্যকরি কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ (দৈনিক দিনকাল),আতা খন্দকার (ডেইলি সান), যুগ্ম সম্পাদক বিষ্ঞু প্রিয় দ্বীপ, (দৈনিক ভোরের পাতা) এবিএম আতিকুর রহমান (দৈনিক মানবজমিন), কোষাধ্যক্ষ রেজাউল করিম খান রাজু (ঢাকা টাইমস ও মজলুমের কন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন সোহেল ( দৈনিক জনতা), দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা (প্রতিদিনের সংবাদ)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো.নজরুল ইসলাম (দৈনিক কালের কন্ঠ), মো.নুরুজ্জামান মিঞা (দৈনিক ইত্তেফাক), আনোয়ার হোসেন বকুল (দৈনিক ভোরের ডাক)।

সর্বশেষ আপডেটঃ ২৯. ডিসেম্বর ২০২১ ০২:৫৪:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ৯ ইউপিতে আ.লীগ ও ১১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয় - Ekotar Kantho

টাঙ্গাইলে ৯ ইউপিতে আ.লীগ ও ১১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে স্বতন্ত্র প্রার্থীর চেয়ারম্যান বেশি নির্বাচিত হয়েছেন। ২০টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ৯জন ও ১১জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার (২৬ ডিসেম্বর) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষনা করেন।

এদিকে, একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আফজাল হোসেন, বাঘিল ইউনিয়নে এসএম মতিয়ার রহমান মন্টু, ঘারিন্দা ইউনিয়নে তোফায়েল আহম্মেদ,
করটিয়া ইউনিয়নে খালেকুজ্জামান মজনু; স্বতন্ত্রপ্রার্থী হিসেবে হুগড়া ইউনিয়নে নুর-ই আলম তুহিন, পোড়াবাড়ি ইউনিয়নে শাহাদত হোসেন, গালা ইউনিয়নে নজরুল ইসলাম খান ও মগড়া ইউনিয়নে মোতালেব হোসেন চেয়ারম্যান হয়েছেন।

ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী দিদারুল আলম খান মাহবুব, ফলদা ইউনিয়নে সাইদুল ইসলাম তালুকদার, গোবিন্দাসী ইউনিয়নে দুলাল হোসেন চকদার; স্বতন্ত্রপ্রার্থী হিসেবে গাবসারা ইউনিয়নে শাহ আলম ও নিকরাইল ইউনিয়নে মাসুদুল হক মাসুদ নির্বাচিত হয়েছেন।

ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সুজাত আলী খান, আনেহলা ইউনিয়নে তালুকদার শাজাহান; স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ঘাটাইল সদর ইউনিয়নে মিজানুর রহমান হীরা, লোকেরপাড়া ইউনিয়নে সহিদুল হক মিলন, দিগলকান্দি ইউনিয়নে রেজাউল করিম মটু, দিঘর ইউনিয়নে ফারুক হোসেন ফনি ও দেওপাড়া ইউনিয়নে রুহল আমীন হেপলু।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল ইমলাম জানান, স্থগিত কেন্দ্র ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ পঞ্চম ধাপের নির্বাচনে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ আপডেটঃ ২৭. ডিসেম্বর ২০২১ ০৮:২৮:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০ - Ekotar Kantho

টাঙ্গাইলে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

একতার কণ্ঠঃ টাঙ্গাই‌লের ঘাটাই‌লে ইউ‌পি নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে হামলা, দোকানপাট ও ইউ‌নিয়ন প‌রিষদ ভাঙচুর ও অ‌গ্নিসং‌যো‌গের ঘটনা ঘ‌টে‌ছে। এ‌তে গ্রাম পু‌লি‌শের সদস‌্যসহ বেশ ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২৩ ডি‌সেম্বর) দুপুরে  উপ‌জেলার পাচ‌টিক‌ড়ির এলাকার লো‌কেরপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের সাম‌নে এই ঘটনা ঘ‌টে। আহত‌দের প্রাথ‌মিক চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে।

লো‌কেরপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের গ্রাম পু‌লিশ ফজল হক ব‌লেন, নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম‌্যান মোহাম্মদ শরিফ হো‌সেনসহ ক‌য়েকজন ইউ‌নিয়ন প‌রিষ‌দের সাম‌নে ব‌সেছিল। এসময় স্বতন্ত্র আনারস প্রতী‌কের প্রার্থীর লা‌ঠি সোটা নি‌য়ে এক‌টি মি‌ছিল প‌রিষ‌দের সাম‌নে দি‌য়ে যা‌চ্ছিল। প‌রে হঠাৎ ক‌রেই মি‌ছি‌লে থাকা লোকজন চেয়ারম‌্যা‌নের ও প‌রিষ‌দে হামলা চালায়। এছাড়া পা‌শের বেশ কিছু দোকানপাটও ভাঙচুর করা হয়। প‌রে প‌রিষ‌দের সাম‌নে থাকা মোটরসাই‌কে‌লে আগুন ধ‌রি‌য়ে দেয়া হয়। এসময় তা‌দের বাঁধ‌া দি‌লে গ্রাম পু‌লিশ‌দের উপর হামলা ক‌রে এবং ইটপাট‌কেল ছুড়‌তে থাকে। এ‌তে গ্রাম পু‌লিশ ফারুক আহত হয়।

তি‌নি আ‌রো ব‌লেন, ঘটনার সা‌থে সা‌থে পু‌লিশ ও প্রশাসন‌কে জানা‌নো হ‌লেও কোন ব‌্যবস্থা নেয়‌নি।

হামলায় আহত গ্রাম পু‌লিশ সদস‌্য ফারুক জানায়, পরিষ‌দে হামলা ঠেকা‌তে গি‌য়ে আহত হই‌। তবে এ‌তো বড় ঘটনা তবুও কোন প্রশাসন আ‌সে‌নি।

ekotar kantho

লো‌কেরপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ও নৌকার প্রার্থী মোহাম্মদ শ‌রিফ হো‌সেন ব‌লেন, স্বতন্ত্র প্রার্থী শ‌হিদুল হক মিল‌নের লোকজন লা‌ঠি‌সোটা নি‌য়ে মি‌ছিল ক‌রে প‌রিষ‌দে হামলা ক‌রে। এ‌তে গ্রাম পু‌লিশসহ ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছে। এছাড়া একটি মোটরস‌াই‌কেল পু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে এবং আ‌রো দুই‌টি সাই‌কেল ভাঙচুর ক‌রে‌ছে। এঘটনায় বারবার ফোন কর‌লেও থানার পু‌লিশ রি‌সিভ ক‌রেন‌নি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজহারুল ইসলাম  বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, আরও সংঘর্ষের ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. ডিসেম্বর ২০২১ ০১:২৬:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ - Ekotar Kantho

টাঙ্গাইলে ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের তিনটি উপজেলার ২১টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া দেলদুয়ার উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

মঙ্গলবার( ৭ ডিসেম্বর) সকাল থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক তুলে দেন।

প্রতীক হাতে পাবার পর শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। প্রার্থীরা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নেমে পরেছেন ভোটের প্রচার-প্রচারনায়।

সর্বশেষ আপডেটঃ ০৮. ডিসেম্বর ২০২১ ০১:৫৩:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে স্ত্রীর লাশ ঘরে রেখে বোরকা পরেও পালাতে পারলেন না স্বামী - Ekotar Kantho

টাঙ্গাইলে স্ত্রীর লাশ ঘরে রেখে বোরকা পরেও পালাতে পারলেন না স্বামী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৫ ডিসেম্বর) বিকেলে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ ডিসেম্বর) রাতে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুসরাত জাহান নিশি (১৯) নামের ওই গৃহবধূ উপজেলার ছয়ানি বকশিয়া গ্রামের আব্দুল আলিমের স্ত্রী।

নিহতের মায়ের দাবি, পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যার পর বোরকা পরে পালাতে চেয়েছিল আলিম। কিন্তু তার আগেই তারা গিয়ে ধরে ফেলেন। পরে এ ঘটনায় রাতেই নিহতের বাবা খোরশেদ আলম বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আলিমকে আটক করে থানায় নিয়ে আসে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় বছর আগে ছয়ানি বকশিয়া গ্রামের আলাল তালুকদারের ছেলে আব্দুল আলিমের সঙ্গে পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার কুরমোশিয়া গ্রামের খোরশেদ আলমের মেয়ে নুসরাত জাহান নিশির বিয়ে হয়। বিয়ের সময় ১ লাখ ৩৫ হাজার টাকা যৌতুক নেয় আলিম। তারপরও বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিতেন আলিম। টাকা নিয়ে আসতে অস্বীকৃতি জানালে নিশির ওপর চলত অমানবিক শারীরিক নির্যাতন।

নিহতের মা সুফিয়া বেগম বলেন, মেয়ে আমার এইচএসসি পরীক্ষার্থী ছিল। শনিবার (৪ ডিসেম্বর) রাতে সে ফোন করে জানায় তাকে আর লেখাপড়া করতে দেবে না তার স্বামী। তার স্বামী পরীক্ষার প্রবেশপত্র ছিঁড়ে ফেলছে। মেয়ে আমার লাশ হয়ে বাড়ি ফিরল।

এদিকে আলিমের পরিবার জানায়, নিশি রাগি ও জেদি প্রকৃতির মেয়ে ছিল। আমরা তাকে অনেক বুঝিয়েছি। সংসার করতে হলে অনেক কিছু ত্যাগ স্বীকার করে করতে হবে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, থানায় মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার আসামি আলিম ও তার বাবা-মাকে আটক করে জেলে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২১ ০১:৫০:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে সংরক্ষিত বন এলাকায় স্থাপিত ২০টি অবৈধ করাতকল উচ্ছেদ - Ekotar Kantho

টাঙ্গাইলে সংরক্ষিত বন এলাকায় স্থাপিত ২০টি অবৈধ করাতকল উচ্ছেদ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে সংরক্ষিত বন এলাকায় স্থাপিত ২০টি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে বনবিভাগ। সোমবার (২২ নভেম্বর) সারাদিন ঘাটাইল উপজেলার বন বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওইসব করাতকল উচ্ছেদ করা হয়।

ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, টাঙ্গাইল বন বিভাগের সহকারি বন সংরক্ষন কর্মকর্তা জামাল হোসেন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষ টিম সোমবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় সাগরদিঘী, জোড়দিঘী, গারোবাজার, শহরগোপিনপুর, ছনখোলা, নলমা, বগা, দেওজানা বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২০টি করাতকল উচ্ছেদ করা হয়। ধলাপাড়া ও সাগরদিঘী রেঞ্জের সকল কর্মকর্তা বিশেষ টিমকে সহায়তা প্রদান করেন।

স্থানীয়রা জানান, উপজেলার আনাচেকানাচে অসংখ্য লাইসেন্সবিহীন করাতকল গড়ে উঠেছিল। সংরক্ষিত বন এলাকায় প্রভাবশালীরা প্রায় দেড় শতাধিক অবৈধ করাতকল স্থাপন করে বনের গাছ নিধন করে আসছিল।

সহকারি বন সংরক্ষন কর্মকর্তা জামাল হোসেন তালুকদার জানান, সংরক্ষিত বন এলাকায় অবৈধভাবে স্থাপিত করাতকল উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

 

সর্বশেষ আপডেটঃ ২৩. নভেম্বর ২০২১ ০১:৪৬:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে স্ত্রীকে খুন করে থানায় ফোন করে স্বামীর আত্মসমর্পণ - Ekotar Kantho

টাঙ্গাইলে স্ত্রীকে খুন করে থানায় ফোন করে স্বামীর আত্মসমর্পণ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে মিনারা বেগম (২২) নামে এক গৃহবধুকে  খুন করে স্বামীর  আত্মসমর্পনের ঘটনা ঘটেছে। শনিবার(২০ নভেম্বর) দিবাগত রাতে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পন্ডিত কাছড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ঘাটাইল থানা অফিসার ইন চার্জ(ওসি) মো. আজাহারুল ইসলাম সরকার ঘটনাটি নিশ্চিত করেছেন।

ঘাতক স্বামী ওই গ্রামের শামছুলের ছেলে।ঘটনার পর স্বামী আমিনুল ইসলাম (২৮) কে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ।

স্থানিয় ইউপি সদস্য আঃ ছালাম জানান, গৃহবধু মিনারা বেগম(২২কে) স্বামী আমিনুল গলাটিপে হত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন।

ঘাটাইল থানা অফিসার ইন চার্জ(ওসি) মো. আজাহারুল ইসলাম সরকার বলেন, স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করে জানায় আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান। পরে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক আমিনুলকে আটক করি। সে প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে।

তিনি আরো বলেন, নিহতের  লাশ ময়নাতদন্তের জন্য রবিবার(২১ নভেম্বর) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

সর্বশেষ আপডেটঃ ২১. নভেম্বর ২০২১ ০১:৩৮:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে বাসচাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে বাসচাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১নং দেউলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়া বটতলী নামক স্থানে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ওই ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও দুইজন। রবিবার (১৪ নভেম্বর) গভীর রাতে ওই দুর্ঘটনা ঘটে।সোমবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার।

এ ঘটনায় নিহতরা হলেন রক্তিপাড়া নয়াবাড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সাইদুর রহমান (৪৫) এবং গাংগাইর পূর্বপাড়া গ্রামের মৃত মোকছেদ আলীর মেয়ে নাছিমা বেগম (৪৫)।

মারাত্মক আহত দুইজন হলেন গাংগাইর বেকারকোনা গ্রামের চাঁন মিয়ার ছেলে ভ্যান চালক আব্দুল মালেক (৩০) এবং গাংগাইর পশ্চিমপাড়া গ্রামের মৃত আমান আলীর ছেলে মোঃ রুবেল মিয়া (৩৫)।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়িগামী বিনিময় পরিবহনের দুটিবাস নিয়ন্ত্রনহীন গতিতে যাচ্ছিল। গাড়ি দুটি পাকুটিয়া বাজার সংলগ্ন বটতলীতে পৌছালে একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত অটো ভ্যানকে চাপা দেয়। এসময় ভ্যানের যাত্রীরা রাস্তার পাশে পড়ে গেলে হাত, পা ও শরীরের উপর দিয়েই গাড়িটি চালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

আহতদের স্বজনরা জানান, নিহতদের এক আত্মীয় মধুপুর ইব্রাহীমের দোকান থেকে ২৭ লাখ দশ হাজার টাকা চুরি হয়। ওই টাকা উদ্ধারের উপায় খুঁজতে ঘাটাইল উপজেলার কোন এক কবিরাজের কাছে যায়। সেখান থেকে গভীর রাতে অটোভ্যান যোগে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত ভ্যানচালক মালেক মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও রুবেল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। দু’জনের মধ্যে ভ্যানচালক আব্দুল মালেকের দুটি পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রুবেলের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শিরা।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, সংবাদ পেয়ে আহতদের হাসপাতালে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়। দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে । দুর্ঘটনা কবলিত বাসটি আটকের চেষ্টা চলছে।

 

সর্বশেষ আপডেটঃ ১৫. নভেম্বর ২০২১ ১০:৩৮:পিএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।