/ হোম / মির্জাপুর
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

আরমান কবীরঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াইয়ে পর পর চারটি যানবাহনের ধাক্কায় একটি প্রাইভেটকারের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মির্জাপুর উপজেলার গোড়াই ফ্লাইওভারের পূর্বপাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছেন- ফেনী জেলার জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (৩৭) ও তাঁর ১০ মাস বয়সী কন্যা তাজরিয়া কবির পিয়ম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত সাদিয়া কবির টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে প্রাইভেটকারযোগে ঢাকার মিরপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের গোড়াই ফ্লাইওভারের পূর্বপাশে পৌঁছালে তাদের বহনকারী সাদা রঙের (ঢাকা মেট্রো খ-১৩-০৪৩০) প্রাইভেটকারটি সামনে থাকা ঢাকাগামী (ঢাকা মেট্রো-ট-১৮-৩৭৬৩) ট্রাককে ধাক্কা দেয়। ওই প্রাইভেটকারটিকে অপর একটি লাল রঙের (ঢাকা মেট্রো-ঘ-১৪-৮৫৪৯) প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। অন্যদিকে পেছনে থাকা অপর একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮২৩৮) লাল রঙের প্রাইভেটকারকে ধাক্কা দেয়।

এ ঘটনায় সাদা প্রাইভেটকারে থাকা যাত্রী মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে গাড়িগুলো সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছেন।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) সোহেল সারোয়ার বলেন, চারটি পরিবহন পর্যায়ক্রমে ধাক্কা দেয়। এতে দুইজন যাত্রীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. ডিসেম্বর ২০২৫ ০৪:৪২:পিএম ২ মাস আগে
টাঙ্গাইলে সাবেক ছাত্রলীগ কর্মী আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে সাবেক ছাত্রলীগ কর্মী আটক

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুরে রিয়াদ খান (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক কর্মীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উয়ার্শী ইউনিয়নের মল্লিক মার্কেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।

আটক রিয়াদ খান উয়ার্শী গ্রামের শহীদুজ্জামান খানের ছেলে। সে উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক কর্মী ছিলেন বলে জানা গেছে।

মির্জাপুর থানার উপপরিদর্শক হাদিউজ্জামান জানান, রিয়াদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। তার নামে এর আগেও একটি মারামারি মামলা রয়েছে। সেই মামলায় তিনি জামিনে রয়েছেন। কোন মামলায় তাকে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ২৩. ডিসেম্বর ২০২৫ ০৬:২৭:পিএম ২ মাস আগে
টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুরে একটি হত্যচেষ্টা মামলায় সাবেক (অপসারণকৃত) ওয়ার্ড কাউন্সিলর ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা শামীম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মির্জাপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাহাড়পুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শামীম খান মির্জাপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ আগস্ট শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ছাত্রলীগের কয়েকজনসহ ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জোবায়েদ ইসলাম নিঝুম। ওই মামলায় এজাহারভুক্ত আসামী ছিলেন শামীম খান।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গ্রেপ্তারকৃত শামীমকে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ সেপ্টেম্বর অন্তবর্তীকালীন সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে দেশের সকল পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করলে শামীম কাউন্সিলরশীপ হারান।

সর্বশেষ আপডেটঃ ২৬. নভেম্বর ২০২৫ ০৩:৫৪:এএম ৩ মাস আগে
টাঙ্গাইলের জামুর্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষকের নানা অনিয়ম - Ekotar Kantho

টাঙ্গাইলের জামুর্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষকের নানা অনিয়ম

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মো. ওমর আলী শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তার বিরুদ্ধে ইতিপূর্বে পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মস্তমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) থাকাকালীনও একাধিক দুর্নীতির অভিযোগও রয়েছে। তার এই দুর্নীতির প্রতিবাদে ও তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

জানা গেছে, ২০০৭ সালে জামুর্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থাকাকালীন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোচিং করানোর নামে জনপ্রতি ২০০ টাকা করে আদায় করেন ওমর আলী। তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে তাকে অন্যত্র বদলি ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার সুপারিশ করেন যাহার স্বারক নাম্বার – উশিঅ/মির্জা/তদন্ত/৪২১। পরবর্তীতে ওমর আলীকে প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) হিসেবে পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। সেখানেও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে তাকে একই উপজেলার ওয়ারর্শী ইউনিয়নের মস্তমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।

পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন ওমর আলী বহিরাগত কিছু লোকজন নিয়ে বিদ্যালয়ে হামলা চালায়। পরবর্তীতে পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রোমেজ উদ্দীন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশ ক্রমে মির্জাপুর থানায় ওমর আলীর বিরুদ্ধে সাধারণ ডাইরি (জিডি) করেন (যাহার নাম্বার -১৩২৯)।

এছাড়া মস্তমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বকালীন সময়ে ওমর আলী ২০১৮ সালের আগস্ট মাসের ১০ তারিখে সহকারী শিক্ষক ইকলিমা আক্তার, নুরুল ইসলাম, নৈশপোহরী আমিনুল ইসলামকে ফোন করে বিদ্যালয়ে আসতে বলেন। তারা বিদ্যালয়ে উপস্থিত হলে দেখতে পান প্রধান শিক্ষক ওমর আলী বিদ্যালয়ের দৈনিক হাজিরা খাতার দুটি হাজিরা পৃষ্ঠা ছিঁড়ে হাতে নিয়ে দাড়িয়ে আছেন। তারা এর প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ আলম তদন্ত করে বিষয়টির সত্যতা পেলে প্রধান শিক্ষক ওমর আলীসহ শিক্ষকদয়কে কৈফত তলব করেন। পরে ওমর আলী কর্মকর্তাদের বিরুদ্ধে ঢাকা প্রশাসনিক ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। মামলাটি তিন বছর ৫ মাস চলার পর বাদির আরজির বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় মামলাটি খারিজ হয়ে যায়। অর্থাৎ মামলায় ওমর আলী হেরে যান। এছাড়া ওমর আলীর বিরুদ্ধে বিদ্যালয়ের ৩ লক্ষ্য ২৫ হাজার টাকা আত্মসাতের বিষয়টি পরপর দু’জন তদন্ত অফিসারের তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রাথমিক জেলা শিক্ষা অফিসার মো. শাহাবুদ্দিন কর্তৃক বিভাগীয় মামলা দায়ের ও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় ( যাহার স্বারক নাম্বার -৩৮.০১.৯৩০০.০০০.২৭.০০১.২৫)।

জামুর্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মনিরুজ্জামান মনির, বর্তমান এডহক কমিটির সদস্য মো. খোকন মিয়া, স্থানীয় রায়হান মিয়া জানান, বরখাস্তকৃত প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) ওমর আলী বিভিন্ন অর্থনৈতিক ও অনিয়মের সাথে জড়িত। তার কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান অত্যন্ত নিম্নমানের হয়েছে। এছাড়া ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যেতে অনিহা প্রকাশ করছে। আমরা জোর দাবি জানাচ্ছি ওমর আলীকে সাময়িক বরখাস্ত নয়, প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বার্থে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হোক।

জামুর্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোঃ ওমর আলী জানান, ইতিমধ্যে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত হয়েছে। আমি তদন্ত কমিটির কাছে যথাযথ প্রমাণ দিয়েছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়।

জামুর্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি মো. মুছা রাহিম জানান, দরখাস্তকৃত প্রধান শিক্ষক ওমর আলীর দুর্নীতির শেষ নেই। এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমি চাই উনি যেন এই বিদ্যালয়ে আর কোন দায়িত্ব পালন না করেন। তাকে যেখানে বদলী করা হয়, সেই প্রতিষ্ঠানে যোগদান করেই আবার অনিয়মের সাথে যুক্ত হয়। তাকে স্থায়ী ভাবে বরখাস্তের দাবি জানাচ্ছি।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাব উদ্দিন জানান, শিক্ষক ওমর আলীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী তিনি দোষী সাব্যস্ত হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১১. নভেম্বর ২০২৫ ০৫:৫২:পিএম ৩ মাস আগে
টাঙ্গাইলে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ - Ekotar Kantho

টাঙ্গাইলে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী লতিফ মিয়া।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রোজী বেগম। তিনি একই ইউনিয়নের মুচির চালা গ্রামের হাসমত আলীর মেয়ে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে ওই পরিবারের কারো বক্তব্য নেয়া সম্ভব না হলেও প্রতিবেশী সূত্রে জানা যায়, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন যাবত মনোমালিন্য চলছিলো। এর জেরে রোজী বেগম গত ৩ দিন আগে বাবার বাড়ি চলে যায়। রবিবার বিষয়টির মিমাংসা হওয়ার পর স্বামীর বাড়িতে আসে রোজী বেগম। এরপর সোমবার দুপুরেই এই ঘটনা ঘটে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৯. অগাস্ট ২০২৫ ০২:১৮:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগ নেতা লাভলু গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগ নেতা লাভলু গ্রেপ্তার

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে হিমেলের দুই চোখ অন্ধ হয়।

এ ঘটনায় গত ৭ অক্টোবর টাঙ্গাইল আদালতে ১০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেন হিমেলের মা নাসিমা বেগম। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে লাভলুকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (১৪ আগস্ট) আদালতের মাধ্যমে তাঁকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২৫ ০৩:৫৮:এএম ৬ মাস আগে
মাইলস্টোন ট্র্যাজেডি: টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা - Ekotar Kantho

মাইলস্টোন ট্র্যাজেডি: টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

আরমান কবীরঃ ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরের মেহনাজ আফরিন হুমায়রা ও মির্জাপুরের নয়াপাড়া গ্রামের তানভীর আহমেদের কবরে বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার হতেয়া কেরানিপাড়া এলাকায় হুমায়রার কবরে বিমানবাহিনীর প্রধানের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান বীর উত্তম সুলতান মাহমুদ বিমানঘাটির উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। এ সময় হুমায়রার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পরে শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। পরিবারের সদস্যরা সখীপুরের বীর উত্তম সুলতান মাহমুদ বিমানবাহিনীর ঘাঁটিটি হুমায়রার নামে করার দাবি জানান।

এরপর মির্জাপুরের নয়াপাড়া গ্রামের তানভীর আহমেদের কবরে বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, বিমানবাহিনী সব সময় দেশ ও জনগণের পাশে রয়েছে। অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, আহতদের সব ধরনের সহযোগিতার জন্য ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

হুমায়রার পরিবারের পক্ষে দেলোয়ার হোসেন বলেন, ‘হুমায়রা অনেক মেধাবী ছিল। বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল তার। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগে দুঃস্বপ্নে পরিণত হলো। সখীপুরের বিমান ঘাটিটি হুমায়রার নামে করার দাবি করছি।’

সর্বশেষ আপডেটঃ ২৯. জুলাই ২০২৫ ০২:১০:এএম ৭ মাস আগে
টাঙ্গাইলে মাইলস্টোনের নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে বিএনপি নেতাকর্মীরা - Ekotar Kantho

টাঙ্গাইলে মাইলস্টোনের নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে বিএনপি নেতাকর্মীরা

আরমান কবীরঃ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রবিবার (২৭ জুলাই) সকালে জেলার মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তানভীর আহমেদ (১৪) এবং সখীপুর উপজেলায় হ‌তেয়া কেরা‌নিপাড়া গ্রামের হুমায়রের বাড়িতে গিয়ে তারা সমবেদনা জানান। পরে নিহতদের কবর জিয়ারত করা হয়।

এসময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু তানভীর এবং হুমাইয়ার বাবা-মাকে সান্ত্বনা দেন। এ সময় নিহতের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন।

কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ২১ তারিখ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন টাঙ্গাইলের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুলাই ২০২৫ ০২:৪৩:এএম ৭ মাস আগে
মির্জাপুর গোড়াই ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে বিস্তর অভিযোগ - Ekotar Kantho

মির্জাপুর গোড়াই ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ভূমি অফিস অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। জমি খারিজসহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে দিনের পর দিন হয়রানির সাথে গুনতে হচ্ছে মোটা অংকের টাকা।

অভিযোগের তীর বর্তমান উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) আমিনুল হকের দিকে। তিনি যোগদানের পর থেকেই গোড়াই ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতি চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তারা জানিয়েছেন, পদে পদে বাড়তি টাকা না দিলে কোনো সেবাই মিলছে না এই ভূমি অফিসে।

জমি খারিজ ও প্রয়োজনীয় কাগজপত্র নিতে দিনের পর দিন হয়রানির সাথে রয়েছে নানা ভোগান্তি। ভুক্তভোগীদের অভিযোগ, ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে জমি খারিজ পাওয়ার বিধান থাকলেও এখানে ৫ থেকে ৬ মাস ধরে নানা অজুহাতে আটকে রাখা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র।

অনুসন্ধানে জানা যায়, ইউনিয়নের বাসিন্দাদের কাছ থেকে এভাবেই অবৈধভাবে টাকা নিয়ে জমির খাজনা খারিজ করছেন ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আমিনুল হক। কেউ টাকা দিতে না পারলে জমি খারিজের কাগজপত্র নেন না তিনি। এমনই এক ভুক্তভোগী গোড়াই মমিন নগর এলাকার আব্দুস সাত্তার।

তিনি গত মে মাসে গোড়াই মৌজার ৬৫ শতক জমি খারিজ করতে গিয়েছিলেন ভূমি অফিসে। তার ১৩ শতক জমি অন্য দাগে থাকায় উপ-সহকারী ভূমি কর্মকর্তা সেই জমি খারিজ করতে তাকে ৬ দিন ঘুরিয়ে টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় খারিজের আবেদন নেননি ইউনিয়ন ভূমি কর্মকর্তা।

এছাড়া গোড়াই এলাকার মো. সৌরভ হোসেন ১৮২ গোড়াই মৌজার ৬০৯২ দাগের ০.১৩০০ একর জমির নামজারি করার জন্য আবেদন করেন। কিন্তু আবেদনের প্রেক্ষিতে সার্ভেয়ার আওয়াল সরজমিন পরিদর্শন করে জমির শ্রেণী গড়মিল দেখতে পান। পরে সেই জমি এক লাখ টাকার বিনিময়ে নামজারি করে দেন এসিল্যান্ড নিজেই এমনটাই অভিযোগ উঠেছে।

গোড়াই গ্রামের উত্তরপাড়া এলাকার আব্দুল মালেক জানান, তার ছোট ভাই রাজ্জাকের কাছ থেকে ১৮ শতক জমি খারিজের বিপরীতে এই নায়েব তার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন। কিসের জন্য নিয়েছিলেন জানতে চাইলে তিনি বলেন, এতকিছু আপনার জানার প্রয়োজন নেই।

দালাল নিয়ন্ত্রণের মাধ্যমে খাজনা খারিজের নয়-ছয় খেলায় অফিসের এই কর্মকর্তা ২ থেকে ৩ জন বহিরাগত দিয়েও টাকা লেনদেন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। সব অনিয়মকে নিয়মে পরিণত করা তার কাজ বলে একাধিক ব্যক্তি অভিযোগ করেন।

এ ব্যাপারে গোড়াই ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আমিনুল হক জানান, জমির শ্রেণী গড়মিল কোন বিষয় নয়। আইন মোতাবেক এটি নামজারি না হলেও এসিল্যান্ড স্যার ইচ্ছে করলে এটি করে দিতে পারে। তবে এ নিয়ে কোন সংবাদ না করাটাই ভালো। তবে কারো কাছ থেকে টাকা নেওয়ার বিষয়নি তিনি অস্বীকার করেন।

সর্বশেষ আপডেটঃ ১০. জুলাই ২০২৫ ০২:০২:এএম ৭ মাস আগে
আগামীর নির্বাচন হবে আমাদের দেশ রক্ষার নির্বাচন: পুলিশের অতিরিক্ত আইজিপি - Ekotar Kantho

আগামীর নির্বাচন হবে আমাদের দেশ রক্ষার নির্বাচন: পুলিশের অতিরিক্ত আইজিপি

আরমান কবীরঃ পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, আগামীর নির্বাচন হবে আমাদের দেশ রক্ষার নির্বাচন, পুলিশ বাহিনীর অস্তিত্ব রক্ষার নির্বাচন। আগামীর নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন। আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য সকল বাহিনী, সকল স্তরের কর্মকর্তা ও জনসাধারণকে নিয়ে এই বাংলাদেশে সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

রবিবার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু নাসের মোহাম্মদ খালেদ বলেন, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। আমরা সেই শিক্ষা নিয়ে আমাদের পুলিশ বাহিনীকে ঘুরিয়ে দাঁড় করিয়েছি। বর্তমানে আমরা বল প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের যে মানদণ্ড আছে এবং মানবধিকারের যে বিধিবিধান আছে সেগুলো সমুন্নত রেখে পুলিশ বাহিনী পরিচালিত করে আসছি। যাতে করে আগামী দিনগুলোতে জনগণের ভালোবাসা, আস্থা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে পারি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা অনেকাংশে সফল হয়েছি।

তিনি আরও বলেন,সামনের দিনগুলোতে নিশ্চয় পুলিশ বাহিনীকে খেয়াল রাখতে হবে। আমরা যদি জনসাধারণের সাথে এক হাত বাড়িয়ে দেই, তারা বুকে আলিঙ্গন করে নেবে। যদি অপেশাদার কাজ করি তাহলে বিগত যে অভিজ্ঞাতা হয়েছে তা পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জনগণের ভাষা উপলব্ধি করার চেষ্টা করবেন।

এ সময় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমাড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৩. জুন ২০২৫ ০২:১৮:এএম ৮ মাস আগে
টাঙ্গাইলে নিখোঁজের ২৪ ঘণ্টা পর নদীতে ভেসে  উঠলো স্কুলছাত্রের মরদেহ - Ekotar Kantho

টাঙ্গাইলে নিখোঁজের ২৪ ঘণ্টা পর নদীতে ভেসে উঠলো স্কুলছাত্রের মরদেহ

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর স্কুলছাত্র নাজিম সিকদারের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৫ জুন) সকালে উপজেলার হাটুভাঙ্গা এলাকার বংশাই নদীতে তার মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন গিয়ে উদ্ধার করে।

মৃত নাজিম সিকদার উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর গ্রামের ইকবাল সিকদারের ছেলে। সে বংশাই স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

এর আগে শনিবার সকাল ৮টার দিকে উপজেলার হাটুভাঙা ব্রিজের পশ্চিম পাশে পিকনিকের নৌকার ছাদে ডিজে গানের তালে তালে বন্ধুদের সাথে নাচতে গিয়ে বংশাই নদীতে পড়ে সে নিখোঁজ হয়।

রবিবার সকালে মজিদপুর গ্রামের বাসিন্দা নাজিমের প্রতিবেশি সেলিম হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, নাজিম ও তার বন্ধুরা মিলে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে পিকনিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে তারা হাটুভাঙা ব্রিজের পূর্বপাশ থেকে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার বাসুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এসময় তারা নৌকার ছাদে ডিজে গানের তালে তালে নাচতে থাকে। সকাল ৮টার দিকে ব্রিজের কিছুটা পশ্চিম দিকে পৌছালে নৌকার ছাদ থেকে নাজিম নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে নৌকা থামিয়ে খোঁজাখুজি করা হয় তাকে। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল গিয়ে নাজিমকে খোঁজতে থাকে। বিকাল ৪টা পর্যন্ত ডুবুরি দল নাজিমকে খুঁজে না পেয়ে চলে যায়।

রবিবার সকাল ৮টার দিকে হাটুভাঙ্গা বংশাই ব্রিজের একটু পশ্চিম পাশে নাজিমের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে।

সর্বশেষ আপডেটঃ ১৬. জুন ২০২৫ ০২:৫৩:এএম ৮ মাস আগে
টাঙ্গাইলের ইউপি চেয়ারম্যান বিমান বন্দরে আটক - Ekotar Kantho

টাঙ্গাইলের ইউপি চেয়ারম্যান বিমান বন্দরে আটক

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল দেওয়ানকে আটক করেছে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমান বন্দর পুলিশ।

মঙ্গলবার (৩ জুন ) সকালে থাইল্যান্ড যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দরে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত হেলাল দেওয়ান বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।

জানা গেছে, গত ৪ আগষ্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী চলছিল। ওই সময়ে দুস্কৃতিকারীরা হাইওয়ে থানায় হামলা করে। এসময় পুলিশের গুলিতে গোড়াই লালবাড়ি এলাকার কিশোর হিমেলের দুচোখ অন্ধ হয়ে যায় । ওই ঘটনায় হিমেলের মা নাসিমা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলার বাঁশতৈল ইউপি চেয়ারম্যান হেলাল দেওয়ান তালিকাভুক্ত আসামী। ওই মামলার আসামী হিসেবে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ইউপি চেয়ারম্যান হেলাল দেওয়ানকে ইমিগ্রেশন পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, হিমেলের মায়ের করা মামলার তিনি তালিকাভুক্ত আসামী। তাকে বিমান বন্দর থেকে আনতে মির্জাপুর থানা পুলিশ রওনা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৪. জুন ২০২৫ ০৩:০৮:এএম ৯ মাস আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।