একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে তিনদিন ব্যাপী হ্যাবিট বৈশাখী কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টটিতে শতাধিক গলফার অংশ নিয়েছেন।
আরো পড়ুনঃ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দায়িত্ব আগামী প্রজন্মের:কৃষিমন্ত্রী
শনিবার (১৯ মার্চ) সকালে গলফ টুর্নামেন্টটির উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নূর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার। এ টুর্নামেন্টে শতাধিক গলফার অংশগ্রহণ করেছেন।
এ সময় টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান হ্যাবিটের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের গলফার ছাড়াও ঢাকা, সাভার, ময়মনসিংহ বঙ্গবন্ধু সেনানিবাসসহ দেশের অন্যান্য গলফ ক্লাবের গলফাররা এ টুর্নামেন্টে অংশ নেন।
গলফ টুর্নামেন্ট প্রতিযোগিতায় প্রথম দিনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন লে.কর্নেল ইমতিয়াজ মাহমুদ। এ সময় গ্রস ট্রফি অর্জন করেছেন কর্নেল মো. জাহাঙ্গীর আলম। ১৯ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নূর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার পুরস্কার বিতরণ করেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) সকালে পৌরসভার উত্তর পাড়াস্থ সেচ্ছাসেবক দলের নেতা মো: জাহিদের দ্বিতল বাসভবনের ছাদে ওই সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির আহবায়ক সিরাজুল হক সানার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাড. ওবায়দুল হক নাসির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল আলম, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ওদুদ খান বাদল, নবগঠিত পৌর বিএনপির আহবায়ক আব্দুল বাছেদ করিম, যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন হেলাল, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. বেলাল হোসেন, শ্রমিক দলের আহবায়ক সুফি সিদ্দিকী, যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: শাহীনুর রহমান শাহীন প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে আহবায়ক কমিটির সদস্যরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।
পৌর শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব মো: আনোয়ার হোসেন হেলালের উপস্থাপনায় পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা বিএনপির ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
অনুষ্ঠানের আগে বিএনপির অন্য গ্রুপের বেশ কয়েকজন কর্মী অনুষ্ঠানে আগত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. ওবায়দুল হক নাসিরের কর্মীদের উপর হামলা চালায়।এতে দুজন আহত হয়।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ আজম খান এবং সদস্য সচিব মাহমুদুল হক সানু।
শনিবার (১৩ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা বিএনপি।
বিষয়টি নিশ্চিত করে সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আশা করবো, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে এই কমিটি বিশেষ ভূমিকা রাখবে।
ঘাটাইল উপজেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সিরাজুল হক সানা।
কমিটিতে সদস্য সচিব হয়েছেন ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন। এছাড়া কমিটিতে আবু বকর সিদ্দিক, অদুদ খান বাদল, হারুন-অর-রশিদসহ যুগ্ন আহ্বায়ক হয়েছেন ৮ জন এবং এতে ৩১ জনকে সন্মানিত সদস্য করা হয়েছে। কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাছির।
ঘাটাইল পৌর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ঘাটাইল উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম।
কমিটিতে সদস্য সচিব হয়েছেন ঘাটাইল পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন হেলাল। এছাড়া কমিটিতে আব্দুল লতিফ, হাবিবুর রহমান হাবিব, ইখতিয়ার মাহমুদ রুবেজসহ যুগ্ন আহ্বায়ক হয়েছেন ৮ জন এবং এতে ৩১ জনকে সন্মানিত সদস্য করা হয়েছে। কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন পৌর বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা।
আগের কমিটি বিলুপ্তি ঘোষণার ৩ মাস পর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌরর আহ্বায়ক কমিটির অনুমোদন আসলো।
প্রকাশ, গত ৫ ডিসেম্বর টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় জেলার সকল উপজেলা ও পৌর সভার কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। ওই সভাতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেয় জেলা আহবায়ক কমিটি।
ঘাটাইলে বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়েছে বিএনপির সকল সহযোগী এবং অঙ্গ সংগঠন সমুহ।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে মাদকাসক্ত চিকিৎসাকেন্দ্রে শারীরিক নির্যাতনের কারণে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। উপজেলা সদরে অবস্থিত পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রের কর্মকর্তাদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।
নিহত ওই কিশোরের নাম সোহেল সিকদার (১৭)। সে উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীরঘাটাইল গ্রামের আব্দুল মজিদের ছেলে।
এ ঘটনায় শনিবার (১২ মার্চ) রাতে ওই কিশোরের বড় ভাই রুবেল সিকদার বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। রাতেই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো কাজী ফজলে রাব্বি মিলকী, কামরুজ্জামান শোয়েব ও খন্দকার আতিকুর রহমান। অপর চার আসামি পলাতক রয়েছে।
নিহতের পারিবার সূত্রে জানা যায়, মাদকাসক্ত সোহেলকে চিকিৎসার জন্য তার পরিবার গত ৫ মার্চ তাকে উপজেলা সদরের ‘পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রে ভর্তি করান। ছয় মাসের চিকিৎসায় পুরোপুরি সুস্থ হওয়ার নিশ্চয়তা প্রদান করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আর সোহেলের চিকিৎসা বাবদ তারা ৪৮ হাজার টাকা দাবি করেন।
নিহতের বড় ভাই রুবেল (২৪) বলেন, গত শুক্রবার সন্ধ্যায় পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্র থেকে ফোন করে ছোট ভাই সোহেলকে নিয়ে আসতে বলা হয়। রাতেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার সকালে তার শয়নকক্ষে সোহেলকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।
রুবেলের দাবি, তার ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ও সিগারেটের আগুনের পোড়া দাগও রয়েছে। মাদকাসক্তির চিকিৎসার নামে শারীরিক নির্যাতনের কারণেই সোহেলের মৃত্যু হয়েছে।
এদিকে পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক কামরুজ্জামান শোয়েব জানান, সোহেলকে আমরা নিরাময় কেন্দ্র থেকে ছাড়পত্র দিয়ে তার পরিবারের কাছে দিয়ে দিই। বাড়িতেই তার মৃত্যু হয়। তাদের অভিযোগ সঠিক নয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক জানান, এ ব্যাপারে সাতজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার (১৩ মার্চ) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে রবিবার আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান ও মামলার তদন্তকাজ চলমান রয়েছে।
একতার কণ্ঠঃ আল-আমীন (৪০) ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক পাশ করেন। ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল খানের বড় ছেলে তিনি।
বিয়ে করেছিলেন একই উপজেলার দেওপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের ইউসুফ আলীর মেয়ে শিলাকে। সম্প্রতি তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।
আশরাফুল নামে তাদের দুই বছরের এক ছেলে রয়েছে। কিন্তু স্ত্রী শিলার সঙ্গে বিচ্ছেদের পর সন্তানকে কাছে রাখতে না পেরে হতাশায় ভুগছিলেন তিনি।
এই হতাশা থেকে বিষপান করে আত্মহত্যা করেন আল-আমীন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ময়নাতদন্ত শেষে ঘাটাইল থানা পুলিশ মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।
এর আগের দিন শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আল-আমীন বিষপান করেন। প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। একটি চিরকুট লিখে যান তার ছোট ভাই মাহমুদের কাছে। সেই চিরকুটে আত্মহত্যার কারণ লিখে যান আমীন।
চিরকুটটির হুবহু তুলে ধরা হলো: ‘ভাই আমার জীবন আর চালাই নিতে পারছিনারে ভাই। প্রতিটি মুহূর্ত যন্ত্রণার। মাহমুদ, অনেক ভালোবাসি ভাই তোকে। আমাকে মাফ করে দিস। আমার সংসারটা শিলার বাবা, মা আর ওর ভাই নাহিদ নষ্ট করে দিছে। আমার কলিজা টুকরাকেও নিয়ে গেছে ওরা। ভাই, প্রতিদিনের এই যন্ত্রণা কষ্ট থেকে এটা ছাড়া উপায় ছিলনা। ভাই আমার অসহায়ত্ব আর চোখের পানিও ওদের কাছে হাসি তামাশার মনে হয়েছে। ভাই বাবুকে দেখে রাখিস। আর পারলাম না ভাই। একটু একটু করে মরার চেয়ে একেবারেই মরে যাওয়া ভালো। তাও যন্ত্রণা থেকে মুক্তি পাব। আমার আব্বা মাকে মাফ করে দিতে বইলো ভাই। আল-আমীন ১৭/২/২২’।
আল-আমীনের হাতে লেখা চিরকুট
আর সেই সুইসাইড নোটটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে পোস্ট করেছেন মাহমুদ।
মাহমুদের চাচা আবুল খায়ের খান বলেন, আল-আমীনের বিবাহ বিচ্ছেদের সময় ছেলে আশরাফুলকে স্ত্রী (শিলা) নিয়ে যাওয়ার কারণে আমিন মানুষিকভাবে ভেঙে পড়ে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত এবং অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লক্ষীন্দর পঞ্চাতবাড়ি মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইলের সাগরদিঘি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলাল ।
আরো পড়ুনঃ ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জোনাল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে টাঙ্গাইল
নিহত যাত্রীর নাম আতিকুল ইসলাম (২২)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার আলীনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
আহতরা হচ্ছেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাদিবাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. রুবেল (২২) ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দি গ্রামের সিকদার মিয়ার ছেলে ফরিদুল ইসলাম (৩০)। আহত অপর দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
সাগরদিঘি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলাল জানান, উপজেলার রসুলপুর থেকে ইট নিয়ে ট্রাকটি সাগরদিঘী যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে চার যাত্রী নিয়ে আসা অটোরিকশাটির সঙ্গে লক্ষীন্দর পঞ্চাতবাড়ি মোড়ে সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং চালকসহ দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আতিকুল ইসলামের মৃত্যু হয়। অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে আগুনে পুড়ে হাছিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রয়ারি) ভোর সাড়ে চারটায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার অফিসার-ইন-চার্জ ওসি (তদন্ত) আব্দুল হক।
এর আগে সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের গারট্ট গ্রামে আগুনে দগ্ধ হন ওই গৃহবধূ। হাছিনা আক্তার ওই এলাকার আব্দুল বারেক মিয়ার স্ত্রী। ওই দম্পতির ২ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে।
ওসি (তদন্ত) আব্দুল হক জানান, গৃহবধূ হাছিনা আক্তার সোমবার সন্ধ্যায় রান্না ঘরের চুলায় আগুন জ্বালিয়ে রাতের খাবার রান্না করছিলেন। এ সময় হঠাৎ অসাবধানতা বশত তাঁর শরীরে আগুন লেগে যায়। আগুনে ওই গৃহবধূ ৮৫ ভাগ দগ্ধ হয়। গুরুতর দগ্ধ অবস্থায় হাছিনা বেগমকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু বরণ করেন তিনি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ৩ টি উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে ওই তিন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান শাজাহান আনসারি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও টাঙ্গাইল সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান নাজমুল হুদা নবীন প্রমুখ।
নবনির্বাচিত যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন শপথ গ্রহন করেন তারা হলেনঃ
টাঙ্গাইল সদর উপজেলা ১. দাইন্যা ইউপিতে আফজাল হোসেন (নৌকা) ২. হুগড়া ইউপিতে নুর ই আলম তুহিন (স্বতন্ত্র) ৩. বাঘিল ইউপিতে এস এম মতিয়ার রহমান মন্টু (নৌকা) ৪. ঘারিন্দা ইউপিতে তোফায়েল আহম্মেদ (নৌকা) ৫. করটিয়া ইউপিতে খালেকুজ্জামান মজনু (নৌকা) ৬. পোড়াবাড়ী ইউপিতে শাহাদত হোসেন (স্বতন্ত্র) ৭. গালা ইউপিতে নজরুল ইসলাম খান (স্বতন্ত্র) ৮. মগড়া ইউপিতে মোতালেব হোসেন (স্বতন্ত্র)।
ঘাটাইল উপজেলা- ১. দেওলাবাড়ি ইউপিতে সুজাত আলী খান (নৌকা) ২. ঘাটাইল সদর ইউপিতে মিজানুর রহমান হীরা (স্বতন্ত্র) ৩. লোকেরপাড়া ইউপিতে সহিদুল হক মিলন (স্বতন্ত্র) ৪. আনেহলা ইউপিতে তালুকদার শাজাহান (নৌকা) ৫. দিগলকান্দি ইউপিতে রেজাউল করিম মটু (স্বতন্ত্র) ৬. দিঘর ইউপিতে ফারুক হোসেন ফনি (স্বতন্ত্র) ৭. দেওপাড়া ইউপিতে রুহল আমীন হেপলু (স্বতন্ত্র) ৮. জামুরিয়া ইউপিতে জামুরিয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতিকে শহিদুল ইসলাম খান হেস্টিংস।
বাসাইল উপজেলা- কাউলজানী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আতাউল গনি হাবিব নৌকা),হাবলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম নৌকা), কাঞ্চনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শামীম আল মামুন (স্বতন্ত্র)।ফুলকী ইউনিয়নে (স্বতন্ত্র) প্রার্থী শামছুল আলম বিজু।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল হালিম ( ২২) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার( ৩১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বাংড়া ইউনিয়নের ইছাপুর সেতুতে ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল হালিম উপজেলার দুর্গাপুর গ্রামের সিরাজ মোল্লার ছেলে ও সরকারি শামসুল হক কলেজের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষার ফলপ্রার্থী ছিলেন।
এ ঘটনায় অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। আহতরা হলেন, ঘাটাইল উপজেলার নতুনবাগ গ্রামের মাজেদুর রহমান সরদার (৩০) ও একই এলাকার শাকিল (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলেঙ্গামুখী দুটি মোটরসাইকেলের সাথে একই মুখী একটি মাছবাহি জ্যাক পিকআপের সংঘর্ষে একটি মোটরসাইকেল সেতুর নিচে পড়ে যায়। এসময় মোটরসাইকেলটি চালকের উপরে পরে এবং সেতুর গাইড ওয়ালের সাথে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহি যুবক আব্দুল হালিম মারা যান। অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে একটি কলাবাগান থেকে মারুফ হোসেন (১৪) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের সরাবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মারুফ পার্শ্ববর্তী সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে কালিহাতী উপজেলার রৌহা হাফিজিয়া মাদরাসায় লেখাপড়া করতো। তার নানার বাড়ি ঘাটাইল উপজেলার দেওপাড়া গ্রামে। মাদরাসা বন্ধ থাকায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুরে তার বড়ভাই অটোচালক বাবর আলীর সঙ্গে অটোরিক্সা নিয়ে ঘাটাইলের দেওপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যান। দেওপাড়া বাজার থেকে দুই ভাই মিলে কলা কেনেন। ছোট ভাইকে অটোরিক্সায় রেখে বড়ভাই বাবর আলী মামার বাড়িতে কলা রেখে আসতে যায়। পরে বাজারে ফিরে বাবর আলী অটোরিকশা ও তার ভাইকে দেখতে না পেয়ে বাজারেই অপেক্ষা করতে থাকেন। বাবর আলী ভাবেন, মারুফ হয়তো অটোরিকশাটি নিয়ে কোথাও ঘুরতে গেছে। দীর্ঘ সময়ে মারুফ ফিরে না আসায় গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেন বড়ভাই।
রসুলপুর ইউপি সদস্য নূরুল ইসলাম জানান, শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে স্থানীয়রা সরাবাড়ি এলাকায় একটি কলা বাগানের ভেতরে অজ্ঞাত শিশুর লাশ গলায় চাদর পেঁচানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মারুফের বড় ভাই বাবর আলী ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৭৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২২২ জনের নমুনা পরীক্ষার রির্পোটে ৭৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার শতকরা ৩৩ দশমিক ৭৮ ভাগ ।বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান,আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৬৭ জন, বাসাইলে ২ জন, কালিহাতীতে ২জন, ঘাটাইলে ২ জন ও ভূঞাপুর উপজেলায় ২ জন নিয়ে মোট ৭৫ জন।
তিনি আরো জানান, এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৭৬ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ১৬ হাজার ৭০৬ জন। সর্বমোট মারা গেছে ২৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৮৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৩৪১ জনের নমুনা পরীক্ষার রির্পোটে ৮৫ জনের করোনা শনাক্ত হয়। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান,আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৫২জন, দেলদুয়ার উপজেলায় জন ১, সখীপুর ৪ জন, মির্জাপুরে ৭জন, কালিহাতী ৬ জন, ঘাটাইল ১২ জন ও গোপালপুর উপজেলায় ৩ জন নিয়ে মোট ৮৫ জন। জেলায় শনাক্তের হার শতকরা ২৪ দশমিক ৯২ শতাংশ।
তিনি আরো জানান, এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩০১ জন। আক্রান্তের মধ্যে মোট সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১৬ হাজার ৬৮৮ জন। জেলায় সর্বমোট মারা গেছে ২৬০ জন। তবে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।
অপরদিকে, টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের তিনজন স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় গত সোমবার থেকে দুইদিন ধরে নারী ও শিশু আদালতের সকল বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আহমেদ জানান, আদালতের তিনজন স্টাফ করোনায় আক্রান্ত হওয়ার গত দুইদিন সকল বিচারিক কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে।