/ হোম / ঘাটাইল
টাঙ্গাইলে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীর সাথে অভিমান করে শামছুল হক (৬৫) নামে একবৃদ্ধ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কোনাবাড়ি (দানিবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামছুল হক ঐ গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। ধলাপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, নিহত শামছুল হক তার ১ম স্ত্রী মারা যাওয়ার পর বিজলঙ্গী গ্রামের মিন্টু মিয়ার মেয়ে মিনা খাতুনকে বিবাহ করেন। ২য় স্ত্রী মিনা খাতুনের ঘরে শামছুল হকের ২ ছেলে এক মেয়ে সন্তান রয়েছে। তাদের সংসারে প্রায়ই কলহ লেগেই থাকতো। দীর্ঘদিন যাবত স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে নিজেই বিষপান করে আত্মহত্যা করে থাকতে পারেন। পারিবারিক কলহের জেরেই এমন ঘটনা ঘটতে পারে বলে জানান প্রতিবেশিরা।

এ প্রসঙ্গে ধলাপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মাইনুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ১১. জানুয়ারী ২০২৩ ০১:২৮:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়া‌রি) সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হরিপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম আব্দুল জলিল। তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বনগাঁও হতিপাড়া গ্রামে।

এ ঘটনায় আহত অপর ট্রাক চালক আজাদুলসহ তিনজন‌কে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা বালু বোঝাই ট্রাক টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার হরিপুর নামকস্থানে পৌঁছলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক আব্দুল জলিল নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকের ভেতর থেকে নিহতের চালকের মরদেহ উদ্ধার করে।

ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি অপর একটি ট্রা‌কের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১০. জানুয়ারী ২০২৩ ০৬:৩৭:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে হাসপাতালে ৩৭ জন - Ekotar Kantho

টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে হাসপাতালে ৩৭ জন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে একটি কুকুরের কামড়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৭ ব্যক্তি। তবে এলাকাবাসীর তথ্যমতে, কামড় খাওয়া লোকের সংখ্যা ৬০-এর ওপর। ৩৭ জনের চিকিৎসা দেওয়ার বিষয়টি গণমাধ্যামকে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে কুকুরটির তাণ্ডব। ঘটনাটি ঘটেছে ঘাটাইল পৌর এলাকার কয়েকটি গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বৃহস্পতিবার (৫ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পৌর এলাকার ফতেহপাড়া ও রতনপুর এলাকায় ৮ থেকে ১০ জন লোককে কামড় দেয় কুকুরটি। পরে লোকজন লাঠি নিয়ে ধাওয়া করলে কুকুরটি ঘাটাইল উত্তরপাড়া এলাকায় চলে আসে। সেখানেও কয়েজনকে কামড় দেয়।

উত্তরপাড়া এলাকার বাসিন্দা রঞ্জু মিয়া জানান, শুরুতে তার বাবা জুলহাস উদ্দিনকে কামড় দেয় কুকুরটি। এর পর আরও অনেককে কামড় দিয়ে চলে যায় ঘাটাইল বাসস্ট্যান্ড হয়ে কলেজ মোড়ের দিকে। তার দাবি, এর পরই তার পক্ষ থেকে পাগল কুকুরের বিষয়ে মাইকিং করে মানুষকে সচেতন করা হয়।

ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকার প্রত্যক্ষদর্শী ওয়াজেদ আলী জানান, সেখানেও প্রায় ১০ জনকে কামড় দেয়। কুকুরটি এর পর চলে আসে কলেজ মোড়ে। এখানকার কয়েকজন জানান, স্থানীয়সহ ঢাকাফেরত কয়েকজনকে কামড়িয়েছে কুকুরটি। পরে সেখান থেকে পৌরসভার চান্দুশী গ্রামের দিকে চলে যায়।
চান্দুশী গ্রামের মো. কায়সার জানান, শুরুতে ঘাটাইল সরকারি জিবিজি কলেজ গেট-সংলগ্ন ঢাকা কম্পিউটারের মালিক লিটনকে কামড় দেয়। এর পর আরও অনেককে কুকুরটি কামড় দিয়েছে বলে শুনেছেন।

এ ধরনের আরও একটি কুকুরের আবির্ভাব হয়েছে বলে শুক্রবার(৬ জানুয়ারি) সকাল সকলে জানিয়েছেন পৌরসভার ঝরকা এলাকার লোকজন। ওই কুকুরটিও নাকি অনেককে কামড় দিয়ে ঘাটাইল বাসস্ট্যান্ড দিকে চলে এসেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া।

ঘাটাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজওয়ানা হায়দার জানান, বৃহস্পতিবার (৫ডিসেম্বর) রাত থেকে শুক্রবার দুপুর ১টা পর্যন্ত ৩৭ জন কুকুরে কামড় দেওয়া রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরো জানান ক্ষতস্থান দেখে ইনজেকশন ও খাওয়ার ওষুধ দেওয়া হয়েছে। শুক্রবার সকালেও হাসপাতালে এ ধরনের তিনজন রোগী চিকিৎসা নিয়েছেন।

পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া জানান, সরকারিভাবে কুকুর নিধন নিষিদ্ধ। কুকুর যেহেতু পাগল হয়েছে, তাই সেই কুকুর নিধনের জন্য মাঠে পৌরসভার লোক কাজ করছে। পাশাপাশি মাইকিং করে মানুষকে সচেতন করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৭. জানুয়ারী ২০২৩ ১০:০২:পিএম ৪ বছর আগে
আলোচিত ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের ফাঁসির দাবিতে মানববন্ধন - Ekotar Kantho

আলোচিত ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের ফাঁসির দাবিতে মানববন্ধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান ও যুবদল নেতা মালেক হত্যা মামলার আসামি হেকমত সিকদারের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মালেকের স্ত্রী মর্জিনা বেগম, বোন রোমেছা খাতুন, মামা বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ, এলাকাবাসী রফিকুল ইসলাম, মো. শামসুদ্দিন প্রমুখ।

এই মানববন্ধনে প্রচন্ড শীত উপেক্ষা করে প্রায় তিন শতাধিক এলাকাবাসী অংশ গ্রহণ করে।

জানা যায়, ২০১৮ সালের ২৮ মার্চ ঘাটাইলের সাগরদিঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাত ৩টায় গুলিতে আব্দুল মালেক (৪৫) নামে এক স্থানীয় যুবদল নেতা নিহত হন। পরদিন ২৯ মার্চ গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

স্থানীয়রা জানায়, সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হেকমত সিকদারের লোকজন ব্যালট পেপারে সিল মারছে এমন খবর ছড়িয়ে পড়লে স্বতন্ত্র প্রার্থী হাবিবুল্লাহ বাহারের সমর্থকসহ এলাকাবাসী সেখানে হামলা চালায়। এ সময় স্কুলঘরের ভেতর থেকে হামলাকারীদের প্রতি কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল মালেক নিহত হন।

তিনি গুপ্তবৃন্দাবন গ্রামের বাসিন্দা নেছার উদ্দিনের ছেলে। পরে ২ এপ্রিল আব্দুল মালেকের স্ত্রী মর্জিনা বেগম বাদি হয়ে ঘাটাইল থানায় হত্যা মামলা করেন। মামলাটি একাধিক তদন্তকারী সংস্থা তদন্তের পর সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

টাঙ্গাইল সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমান আকন্দ জানান, তারা সরেজমিনে ঘটনার পূর্বাপর তদন্ত শেষে রোববার (১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে হেকমত সিকদারকে গ্রেপ্তারের পর ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়। সোমবার তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সর্বশেষ আপডেটঃ ০৫. জানুয়ারী ২০২৩ ১১:৩৭:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ছানোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার পাকুটিয়া বাসস্ট্যান্ডে পেছন থেকে ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন।

নিহত ছানোয়ারের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার জানোকিপুর গ্রামে।সে ওই গ্রামের
শহিদুর হোসেনের ছেলে।

তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাফিক হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল-ময়মেনসিংহ মহাসড়কের উপজেলার পাকুটিয়া বাসস্ট্যান্ডে একটি ট্রাক দাঁড়ানো ছিল। সে ট্রাকটি মোটরসাইকেল আরোহী ছানোয়ার ওভারটেকিং করতে যান। এরই মধ্যে দ্রুতগতির অপর একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে চালক গুরুতর আহন হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন জানান, ঢাকা বিমানবন্দরে ট্রাফিক হেলপার হিসেবে কর্মরত ছিলেন ছানোয়ার হোসেন (৩৫)। সেখান থেকে মোটরসাইকেল যোগে সকালে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।

তিনি আরো জানান,নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তার করা হবে।

 

সর্বশেষ আপডেটঃ ০৫. জানুয়ারী ২০২৩ ১০:৩৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রাক চাপায় বাকপ্রতিবন্ধী যুবক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাক চাপায় বাকপ্রতিবন্ধী যুবক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে কাজে যাওয়ার সময় ড্রাম ট্রাকের চাপায় মো. সোহাগ (২৫) নামে বাকপ্রতিবন্ধী এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকলে ঘাটাইল পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছোনোটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারি হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সোহাগসহ পাঁচজন ভ্যানে করে সকালে কাজে যাচ্ছিল। তারা শিশু পার্কের সামনে পৌঁছলে অপর দিক থেকে আসা ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। এছাড়া আহত অপর চারজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজ জানান, মরদেহের সুরতহাল করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৩. জানুয়ারী ২০২৩ ০৫:১৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলের আলোচিত ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার কারাগারে - Ekotar Kantho

টাঙ্গাইলের আলোচিত ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার কারাগারে

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার(১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সিআইডি’র একটি দল তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

জানাগেছে, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের বিরুদ্ধে নানা অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ-মানববন্ধন ও পাল্টা বিক্ষোভ-মানববন্ধনের কারণে তিনি আলোচিত ইউপি চেয়ারম্যান হিসেবে পরিচিতি পান।

২০১৮ সালের ২৯ মার্চ(বৃহস্পতিবার) অনুষ্ঠিত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগের রাতে সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে গুপ্ত বৃন্দাবন গ্রামের নেছার আলীর ছেলে যুবদল নেতা মালেক মিয়া নিহত হন। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এ বিষয়ে ঘাটাইল থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। পরে নিহত যুবদল নেতা মালেক মিয়ার পরিবারের দায়েরকৃত মামলায় ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে আসামি করা হয়। মামলাটি একাধিক তদন্তকারী সংস্থা তদন্তের পর সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

টাঙ্গাইল সিআইডি’র পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমান আকন্দ জানান, তারা সরেজমিনে ঘটনার পূর্বাপর তদন্ত শেষে রোববার দুপুরে টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে হেকমত সিকদারকে গ্রেপ্তারের পর ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহাম্মেদ জানান, সিআইডি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে উপস্থাপন করে। আদালত আগামি সোমবার(২ জানুয়ারি) রিমান্ড শুনানীর তারিখ নির্ধারণ করে হেকমত সিকদারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রকাশ, ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বদলি করার হুমকি, কর্মসৃজন প্রকল্পের অতিদরিদ্রদের টাকা আত্মসাৎ, বন বিভাগের জমি দখল করে লেবু ও কলা বাগান, ড্রাগন বাগান তৈরি করা, সংরক্ষিত বনের শাল ও গজারির বাগান কাটা, সরকারি ভূমি দখল করার এন্তার অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এছাড়া তিনি সাগরদীঘি এলাকার অ্যাডভোকেট ফরহাদ হত্যা মামলার এজাহারভূক্ত আসামি।

সর্বশেষ আপডেটঃ ০২. জানুয়ারী ২০২৩ ০৩:২২:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলের ৬ টি ইউপি নির্বাচনে ভোট গ্রহন চলছে - Ekotar Kantho

টাঙ্গাইলের ৬ টি ইউপি নির্বাচনে ভোট গ্রহন চলছে

একতার কণ্ঠঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপুর্ন পরিবেশে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) টাঙ্গাইলের ঘাটাইল ও কালিহাতী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

সকালে ভোট গ্রহন শুরুর সময় ঘন কুয়াসার কারনে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ভোটারদের লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে দেখা যায়। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়।

এছাড়াও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকা জুড়ে।

ঘাটাইল উপজেলার সন্ধানপুর, সংগ্রামপুর, রসুলপুর, লক্ষিন্দর ও ধলাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১জন, সাধারন সদস্য পদে ১৪৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। পাঁচটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন এক লাখ দুই হাজার ৩শ’৮১ জন।

অপরদিকে,কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয় জন, সাধারন সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২২ হাজার ৪শ’৫৫ জন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান,এখন পর্যন্ত কোনো কেন্দ্রে সহিংসতার খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। ভোটারদের ভোট দানের হারও সন্তোষজনক। আশা করি, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।

সর্বশেষ আপডেটঃ ২৯. ডিসেম্বর ২০২২ ০৯:২৩:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী - Ekotar Kantho

টাঙ্গাইলে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোহেল রানা (২৩) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

পরে কিশোরীর বাবা মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে বাদী হয়ে ঘাটাইল থানায়  একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

বুধবার (২১ ডিসেম্বর) ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে জানা যায়, আটককৃত যুবক সোহেলের সঙ্গে ধর্ষণের শিকার কিশোরীর মোবাইলে পরিচয় হয়। সোমবার (১৯ ডিসেম্বর) রাতে ওই কিশোরীর সঙ্গে দেখা করতে যান সোহেল। পরে তাকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এসে সোহেলকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় মঙ্গলবার  রাতে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।

সর্বশেষ আপডেটঃ ২২. ডিসেম্বর ২০২২ ০২:৫২:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বান্ধবীর লাশ দেখে ফেরার পথে নিজেই লাশ - Ekotar Kantho

টাঙ্গাইলে বান্ধবীর লাশ দেখে ফেরার পথে নিজেই লাশ

একতার কণ্ঠঃ বান্ধবীর মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হামিদা বেগম (৮০) নামের এক বৃদ্ধা নারী।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার বীরঘাটাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হামিদার বাড়ি উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীরঘাটাইল গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আব্দুল হালিম।

হালিম জানান, ঘাটাইল পৌরসভার তেলেঙ্গাপাড়া গ্রামে তার মায়ের একজন বান্ধবী ছিলেন। মঙ্গলবার সকালে বান্ধবী মারা যাওয়ার খবর পান তিনি। পরে একাই লাঠিতে ভর করে বাড়ি থেকে বের হয়ে বান্ধবীকে দেখতে যান।

তিনি আরো জানান, ফেরার পথে সড়ক পারাপারের সময় বীরঘাটাইল নামক স্থানে একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সর্বশেষ আপডেটঃ ২১. ডিসেম্বর ২০২২ ০২:৪৭:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ছেলের কোপে আহত বাবার মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ছেলের কোপে আহত বাবার মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে ছেলের কুড়ালের কোপে আহত বাবা আজহার আলীর (৭০) মৃত্যু হয়েছে। ছেলে আব্দুর রহিমকে (৩২) জমি লিখে না দেওয়ায় গত ৬ ডিসেম্বর বাবা আজহার আলীকে কুড়াল দিয়ে জখম করেন ছেলে। সোমবার (১৯ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ঘটনাটি ঘটেছে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর চওনাপাড়া গ্রামে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম সরকার।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, আজহার আলীর পাঁচ মেয়ে এক ছেলে। আব্দুর রহিম জমি বিক্রি করে মালেয়েশিয়া ও সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন। আজহার ইতিমধ্যে জমিজমার প্রাপ্য অংশ মেয়েদের বুঝিয়ে দিয়েছেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বিবাদ ছিল। ৬ ডিসেম্বর রাতে বাবা-ছেলের ঝগড়া হয়। এক পর্যায়ে বাবার মাথায় কুড়াল দিয়ে কোপ দেন ছেলে আব্দুর রহিম।

এ সময় তার মা রহিমা বেগম আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহত আজহার আলীকে উন্নত চিকিৎসার জান্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে মৃত্যু হয় তার।

গত ১২ ডিসেম্বর নিহতের মেয়ে রোকসানা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় মারামারির মামলা দায়ের করেন। মামলায় নিহতের ছেলে আব্দুর রহিম (৩২) ও তার স্ত্রী ফাতেমা আক্তারকে আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, মারামারির ঘটনার মামলাটি এখন হত্যা মামলায় পরিবর্তিত হবে। মামলার অভিযুক্ত আসামিরা বর্তমানে জেলহাজতে রয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ২১. ডিসেম্বর ২০২২ ০৩:৫০:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ৮৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে ৮৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮৫০ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পে র‍্যাব-১৪ অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান এ বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন।

র‍্যাব-১৪ অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান সংবাদ সম্মেলনে জানান, বুধবার (১৪ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ১জন মাদক ব্যবসায়ী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য হেরোইনসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে সাক্ষীদের উপস্থিতিতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের জাকির শাহের ছেলে সাকিবুল হাসানকে (৩৪) আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সাকিবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে আত্মজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তার মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করত। সে রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলা সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে।

তিনি আরো জানান, এ সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. ডিসেম্বর ২০২২ ০২:৩৮:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।