একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলের ওসি’র স্বেচ্ছাচারিতা, পক্ষপাতিত্ব ও হয়রানিমূলক কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তার কর্মকাণ্ডে বিক্ষুব্ধ হয়ে উপজেলার দক্ষিণ ধলাপাড়ায় সম্প্রতি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এই স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করলে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয় এমন অভিযোগ স্থানীয়দের।
জানা যায়, ধলাপাড়া গ্রামের মৃত মহসিন মিয়ার ছেলে রেমিটেন্স যোদ্ধা আরিফকে মামলা দিয়ে হয়রানি ও বিভিন্ন কৌশলে তাকে ফাঁসানোর চেষ্টা করলে বুঝতে পেরে তিনি কাউকে না জানিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন। এ ঘটনার প্রতিবাদে প্রবাসীর স্ত্রী ও স্থানীয়রা ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেন। মানবন্ধনের খবর বিভিন্ন বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হওয়ায় ইমেজ সংকটে পড়েন তিনি। ঘটনা ধামাচাপা দিতে তিনি অভিযোগকারীর সাথে কোন প্রকার যোগাযোগ না করে তার অনুগত ও আরিফের চাচাতো ভাই আব্দুল বাছেদ সরকারকে দ্বিতীয় পক্ষ সাজিয়ে একটি আপোষ-মিমাংসার দালিলিক প্রমাণ তৈরি করেন।
আরিফের চাচাতো ভাই ও ধলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ সরকার বলেন, ঘাটাইল থানার ওসি, পরিদর্শক (তদন্ত), ধলাপাড়া ফাড়ির ইনচার্জ, স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিতে সালিশী বৈঠক করেছি। তবে, শালিসের বিষয়ে ভূক্তভোগী প্রবাসী আরিফের স্ত্রী শাহিদা আক্তার কিছু জানেন না।
গত ১৬ মার্চ সাগরদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে নির্বাচন করায় সাগরদিঘী শোলাকুড়া গ্রামের আকবর হোসেনের ছেলে জাকির হোসেন জানান, তিনি তার বাবাকে টাকা পাঠানোর জন্য বাজারে গেলে গত ২০ মার্চ বিকেলে প্রতিপক্ষের ৪-৬ জন জোড়পূর্বক তাকে ধরে নিয়ে বেধরক মারপিট করে। পরে সেলুনে নিয়ে তাকে ন্যাড়া করে দেয় এবং ওই ভিডিও ধারণ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এ ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে ঘাটাইল থানায় অভিযোগ করলে ওসি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। পরে বাধ্য হয়ে আদালতে মামলা করেন। তিনি ওসি’র এসব কর্মকাণ্ডের প্রতিকার ও তার অপসারণ দাবী করেন।
ভূক্তভোগী আরিফের স্ত্রী শাহিদা আক্তার বলেন, শালিসের বিষয়ে আমি কিছুই জানিনা। আমাকে বা আমার স্বামীকে কেউ কিছু জানায়নি।
শালিসী বৈঠকে উপস্থিতির বিষয়টি অস্বীকার করে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, ধলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ সরকারের সাথে দু’একদিনের মধ্যে আমার কোন যোগাযোগ হয়নি। তিনি মিথ্যা কথা বলে আমাকে হেয় করেছেন।
গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুনাজির ইসলাম চৌধুরী বলেন, ইতিপূর্বে প্রবাসীর স্ত্রীর মানববন্ধনের বিষয়টি শুনেছি। এ ঘটনায় শালিসী বৈঠকের ব্যাপারে আমি অবগত নই। ভূক্তভোগীর কাছ থেকে লিখিত কোন অভিযোগও পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে অটো ছিনতাইকারী চক্রের সদস্যরা ঈমান আলী (৩৮) নামে এক অটোচালককে গলা কেটে হত্যা করেছে।
শুক্রবার(৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার পোড়াবাড়ি আঞ্চলিক সড়কে খাগড়াটা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজহারুল ইসলাম সরকার।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ঈমান আলী উপজেলার দড়িচৈথট্র গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সে পেশায় একজন অটোচালক (ব্যাটারিচালিত অটোরিকশা)।
সে শুক্রবার রাতে উপজেলার গারোবাজার থেকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিল। ফেরার পথে রাত অনুমান ১০টার সময় অটোরিকশা নিয়ে পোড়াবাড়ি-গারোবাজার সড়কের খাগড়াটা এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা সড়ক অবরোধ করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় অটোচালক ঈমান আলী বাধা দেয়। তখন ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে ইমান আলীর গলায় আঘাত করলে তার শ্বাসনালি কেটে যায়। সে আহত অবস্থায়ই অটোরিকশা চালিয়ে লোকালয়ে চলে আসে ও চিৎকার দেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গেলে ছিনতাইকারীদল পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঈমান আলীকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি)আজহারুল ইসলাম সরকার জানান, লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
একতার কণ্ঠঃ ঘাটাইলে মেডিকেল ক্যাম্পে বিনা পয়সায় চিকিৎসা পেলেন সহস্রাধিক মানুষ। শনিবার (১১ মার্চ) দিনব্যাপি উপজেলার দেউপাড়া ইউনিয়নের ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ভাবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব আকন্দ, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সাবেক উপ-পরিচালক ও জেনারেল প্র্যাক্টিশনার শিশু আর মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ মো. সদর উদ্দিন, ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক তাহেরুজ্জামান খান তারা, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ টাঙ্গাইল জেলা শাখার দপ্তর সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আ.ন.ম বজলুর রহমান বাহাদুর, স্থানীয় মুরুব্বী হাজী আব্দুল গফুর প্রমুখ।
আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন-টাঙ্গাইল ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক উপ-পরিচালক ও জেনারেল প্র্যাক্টিশনার শিশু ও মেডিসিন বিভাগের ডাঃ মো. সদর উদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ মো. সাইফুল ইসলাম, ডাঃ সুব্রত কুমার পাল, মেডিকেল অফিসার ডাঃ নূর-ই-আলম তাহ্মিদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ আরিফুল ইসলাম, সার্জারী বিশেষজ্ঞ ডাঃ কামরুল ইসলাম কাজল, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃ নজরুল ইসলাম ও ডাঃ শরিফুল ইসলাম।
আয়োজিত ক্যাম্পে সন্ধানী চক্ষু হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ চক্ষু সেবা দেয়ার পাশাপাশি বহিঃবিভাগে ফ্রি ডায়াবেটিক পরীক্ষা করে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরামর্শ প্রদান করেন।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান জানান, উপজেলাবাসির দোর গোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ থেকে উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করা হলো। ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম চালানো হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে ব্যবসায়ী কহিনূর হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৪।
আটককৃতরা হলেন, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিন হায়দার চৌধুরি সাদি (৪৩)। তিনি মামলার প্রধান আসামি সামী চৌধুরির বড় ভাই। অপরজন হলেন, বায়েজিদ হোসেন বাজে (৪৫)। বৃহস্পতিবার (৯ মার্চ)রাতে পৃথক জায়গা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
শুক্রবার (১০ মার্চ) দুপুরে তাদের ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, টাঙ্গাইল র্যাব-১৪ মামলার অভিযুক্ত দুইজনকে আটক করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ইতিমধ্যে গ্রেফতারকৃত ২ আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইল র্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের শুক্রবার (১০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যম জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কহিনুর আলী হত্যা মামলার ২ ও ৩ নম্বর আসামীকে গ্রেফতার করে র্যাব । গ্রেফতারকৃতরা হলো, ঘাটাইল উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বায়োজিত ওরফ বাজ (৪৫) ও একই এলাকার মৃত বজলুল হায়দার চৌধুরীর ছেলে ববিন হায়দার চৌধুরী। বায়োজিত ওরফে বাজকে ঘাটাইল উপজলার মমিনপুর এলাকা এবং ববিন হায়দার চৌধুরীকে টাঙ্গাইল শহরের পলিটেকনিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব আরা জানায়, শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী কহিনূর মিয়া(৪৫) হত্যাকাণ্ডে জড়িত সামি চৌধুরীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন নিহতের স্বজনসহ এলাকাবাসী।
বৃহস্পতিবার (৯ মার্চ ) বিকেলে ধলাপাড়া-ঘাটাইল আঞ্চলিক সড়কের গাঞ্জানা ব্রিজ মোড় এলাকার সড়কে অবস্থান নেয় তারা। ঘন্টাব্যাপী স্থানীয় শত শত লোক সড়কে অবস্থানের পর আসামি গ্রেফতারের আশ্বাস দিয়ে সড়ক অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানান স্থানীয় প্রশাসন।
এর আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী কহিনূর মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলে তার পরিবার । বুধবার(৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের উত্তর ধলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ দাফন করা হয়নি।
এদিকে ঘটনার পর ওইদিন রাতে নিহতের ছেলে জুয়েল রানা বাদী হয়ে একই এলাকার মৃত খসরু চৌধুরীর ছেলে সামি চৌধুরী সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, খুনের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করা হবে । এছাড়া যারা সড়কে লাশ রেখে অবরোধ করেছেন তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে মারধর ও মাকে অপমান করায় তা সহ্য করতে না পেরে ক্ষোভে-দুঃখে ও অপমানে গলায় ওড়না পেঁচিয়ে বাথরুমে ফাঁসি দিয়ে আবির (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
আবির ভূঞাপুর উপজেলার অজুর্না ইউনিয়নের কুঠিবয়ড়া গ্রামের বাদশা মন্ডলের ছেলে। সে স্থানীয় ঘাটান্দি আলহাজ্ব হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার(৭ মার্চ) দুপুর ৩ টার দিকে ভূঞাপুর পৌর এলাকার ঘাটান্দি সোনিয়া হাসপাতালের পাশে একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ। সে ঘাটান্দি এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো।
স্বজন ও প্রতিবেশীরা জানান, সোমবার রাতে মাকে নিয়ে ঘাটাইল উপজেলার যদুরপাড়া গ্রামের তার নানা সুজ্জত আলীর বাড়িতে যায়। পরে ৮-১০ জন বন্ধু মিলে ডাকনাপটল গ্রামে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে সিংগুরিয়া গ্রামের ডাঃ ওয়াজেদ’র বাড়ির গাছের ডাব খাওয়ার জন্য যায় এবং আবির গাছে ওঠে।
একপর্যায়ে আশপাশের লোকজন বিষয়টি টের পেলে তাদের ধাওয়া করে ও বন্ধুরা পালিয়ে যায়। সেসময় আবির গাছে থাকা অবস্থায় পালাতে না পারায় স্থানীয়রা তাকে ধরে মারধর ও লাঞ্ছিত করে। এরপর আবিরের মাকে ডেকে নিয়ে তাকে চুরির অপবাদ দিয়ে মাকেও অপমান করে। পরে আবিরকে বাসায় নিয়ে আসে তার মা।
এ ঘটনার পর মঙ্গলবার সকালে আবিরের মা ও তার বড় ভাই নিজ কর্মস্থলে চলে যায়। দুপুরের দিকে তার মা বাড়িতে এসে আবিরকে ডাকতে থাকে এবং বাথরুমের দরজা ধাক্কা দিয়ে দেখতে পায় ভেতর থেকে আটকানো। পরে তার বড় ছেলেকে ফোন করলে সে বন্ধুদের নিয়ে এসে বাথরুমের দরজা ভেঙে আবিরের ঝুলন্ত লাশ দেখতে পায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, দুপুরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আবির নামে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেড়পাড়া ইউনিয়নের পাঁচটিকড়ি এলাকা থেকে জাহিদ (১২) নামে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভূঞাপুর-গোপালপুর আঞ্চলিক সড়কের পাশে পাঁচটিকড়ি দক্ষিণপাড়া স্কুলের কাছ থেকে তার গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহিদ ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর গ্রামের সুজনের ছেলে। সে স্থানীয় বলরামপুর হাই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের চাচা শামচুল তালুকদার জানায়, বুধবার সন্ধ্যার দিকে জাহিদ বাড়তি আয়ের আশায় বাবার ব্যাটারি চালিত ভ্যানগাড়ি নিয়ে বের হয়। এরপর খবর আসে পাঁচটিকড়ি এলকায় তার মরদেহ পাওয়া গেছে। পাশের জঙ্গলে রক্তাক্ত একটি কাচি উদ্ধার করেছে পুলিশ। মরদেহ পাওয়া গেলেও ভ্যানগাড়িটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ভ্যানগাড়িটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
লোকেড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মিলন জানান, স্থানীয়রা পাঁচটিকড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে তারা বিষয়টি তাকে জানালে তিনি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জনান, এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাটারি চালিত ভ্যানগাড়িটি ছিনতাইয়ের জন্য জাহিদকে হত্যা করা হয়ে থাকতে পারে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি )বিকেলে ঘাটাইল বাসস্ট্যান্ডে ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে ঘিরে এই সংঘর্ষ হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঘাটাইল বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবুর সমাবেশ ছিল। একই স্থানে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানের অনুসারীরাও সমাবেশ করতে চায়।
এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ৮ জন এবং ২ জন স্থানীয় সাংবাদিক আহত হন। সংঘর্ষের পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, গত মাসের ২৮ তারিখে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি ও ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু কমিটির কথা জানান।
‘জামাত-বিএনপি সমর্থকদের’ রেখে কমিটি ঘোষণা করার অভিযোগ এনে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানের অনুসারীরা কমিটি প্রত্যাখ্যান করে গতকাল সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করে।
এর জেরে সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু ঘাটাইল বাসস্ট্যান্ডে সমাবেশ করতে যান। একই স্থানে সংসদ সদস্যদের অনুসারীরাও সমাবেশ করতে চায়।
সংঘর্ষের বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, ‘আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।’
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগ করে অবরোধ করেছে উপজেলা পদ বঞ্চিত আওয়ামী লীগের একাংশ।
রবিবার(২৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ঘাটাইল উপজেলা শিক্ষক সমিতিতে সংবাদ সম্মেলন শেষ করে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে টায়ারে অগ্নি সংযোগ করে তারা।
সংবাদ সম্মেলনে ঘাটাইল উপজেলার আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহান বলেন,গত মাসের ২৮ তারিখে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়। কিন্তু ওই কমিটিতে জামায়াত- বিএনপি ও দেশ বিরোধী কর্মকান্ডে জড়িত ব্যাক্তিদের স্থান দেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু। এই অবৈধ কমিটি বাতিল না করলে সামনে মার্চের ২০ তারিখে নতুন সম্মেলন করে তারা নতুন কমিটি ঘোষনা করবে বলে হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি ও লোকেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিলন মিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষ করে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রায় ৩০ মিনিটের মতো বন্ধ যান চলাচল বন্ধ রাখে উপজেলা আওয়ামী লীগের একাংশ নেতাকর্মীরা। এসময় মহাসড়কের দুইপাশে যানযটের সৃষ্টি হয়।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, উপজেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিতরা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে সড়কের অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে টাঙ্গাইল-ময়মেনসিংহ মহাসড়কের উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মধুপুর উপজেলার শামীম, ঘাটাইল উপজেলার লাউয়াগ্রাম এলাকার শহীদ হোসেনের ছেলে সোনামিয়া ও অস্টোচল্লিশা এলাকার আলমগীর হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই তিন জন মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়।
এবিষয়ে ঘাটাইল থানার এসআই বাবুল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ঘাটাইল থানায় নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে কর্মরত র্যাব সদস্যরা মো. হাফিজুর রহমান (৪৫) নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে।
মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মহানগরের নয়াপল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত হাফিজুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি(নাগবাড়ি) গ্রামের আ. ছাত্তারের ছেলে। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৪ বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে একদল র্যাব সদস্য মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগরের নয়াপল্টন এলাকায় অভিযান চালায়।
অভিযানে ৮টি পাসপোর্ট, দুইটি চেক বই, একটি ডেবিট কার্ড ও নগদ ১০ হাজার ১৬০ টাকা সহ লিবিয়ায় মানবপাচার চক্রের সদস্য মো. হাফিজুর রহমানকে আটক করে।
র্যাব আরও জানায়, মো. হাফিজুর রহমান তার গ্রামের লিটন নামে এক যুবককে ভালো বেতন ও থাকা-খাওয়ার সুবিধার নিশ্চয়তায় লিবিয়ায় পাঠায়। লিবিয়ায় পৌঁছানোর পর অজ্ঞাত কয়েক ব্যক্তি লিটনকে অজ্ঞাত স্থানে আটকে রেখে তার বাবার কাছে তিন লাখ ২৫ হাজার টাকা দাবি করে। লিটনের বাবা আ. ছাত্তার ছেলের কথা ভেবে মো. হাফিজুর রহমানকে তিন লাখ ২৫ হাজার টাকা প্রদান করে।
গত ৯ ফেব্রুয়ারি আ. ছাত্তারের ইমু নম্বরে লিটনকে মারপিটের ভিডিও পাঠায় এবং আরও ১৩ লাখ টাকা দিতে বলেন। অন্যথায় লিটনকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় লিটনের বাবা আ. ছাত্তার ঘাটাইল থানায় মানবপাচার প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেন।
পরে টাঙ্গাইলে কর্মরত র্যাব সদস্যরা অত্যধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবস্থা শনাক্ত করে ঢাকা মহানগরের নয়াপল্টন এলাকায় অভিযান চালিয়ে মো. হাফিজুর রহমানকে আটক করে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাস চাপায় ছাদের আলী (৫৫) নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাদের আলীর বাড়ি উপজেলার দিগড় ইউনিয়নের মশাজান গ্রামে।
স্থানীয়রা জানান, ছাদের আলী কদমতলী এলাকায় একটি হোটেলে কাজ করতেন। রবিবার সকাল ৬টার দিকে হোটেলের পানি নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি অজ্ঞাতনামা মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কুয়াশাচ্ছন্ন রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।