একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোরের ১৩তম কর্নেল কমান্ড্যান্টের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সকালে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সামরিক রীতি মেনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে বৃক্ষ রোপণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান আর্মি মেডিকেল কোরের ১৩তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন এবং সশস্ত্র সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, ১৯ পদাতিক ডিভিশনের ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, ডাইরেক্টর অব মেডিকেল সার্ভিসেস (আর্মি) ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দীন উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে সুজন দেবনাথ (৩৫) নামে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
শনিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের হেলনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুজন দেবনাথ উপজেলার জামুরিয়া ইউনিয়নের হেলনাপাড়া গ্রামের কানসেন দেবনাথের ছেলে। তিনি স্থানীয় একটি এনজিওতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। তিন মাস আগে তিনি বিয়ে করেন। স্ত্রী বাবার বাড়িতে যাওয়ায় গত রাতে তিনি বাড়িতে একাই ছিলেন। শনিবার সকালে প্রতিবেশীরা সুজনের থাকার ঘরের দরজা খোলা দেখতে পেলেও তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশীরা তার পায়ের স্যান্ডেল বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখে সুজনের আত্মীয়-স্বজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের জানায়। খবর পেয়ে দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে ডোবা থেকে সুজনের মৃতদেহ উদ্ধার করে।
সুজনের চাচাতো ভাই প্রবীর দেবনাথ জানান, সুজনের মৃগী রোগ ছিল। এ রোগের কারণে ডোবার পানিতে পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে আনোয়ারা বেগম (২৭) নামের এক গৃহবধূকে হত্যা মামলায় স্বামী মুফাজ্জল হোসেন ওরফে মুবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে ঘাটাইল উপজেলার মুরাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আনোয়ারা বেগম ও মুফাজ্জল হোসেন দম্পতি উপজেলার আজচগানা ইউনিয়নের বেলতৈল হাটুভাঙ্গা বাজারের শাহিদের বাড়িতে তাদের সাত বছরের পুত্র আশিককে নিয়ে ভাড়া থাকতেন। বুধবার সকালে ওই গৃহবধূর ঘরের বাইরে থেকে দরজার শিকল আটকানো ছিলো।
ঘরের ভেতর বাচ্চার কান্নার শব্দ শুনে বাড়ির মালিকের স্ত্রী দরজার শিকল খুলে ঘরের ভেতর গিয়ে দেখেন বাচ্চাটি বসে কান্না করছে আর গৃহবধূর নিথর দেহ পড়ে আছে। খবর পেয়ে মির্জাপুর থানা ও বাশহৈতল ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় নিহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে ওইদিনই মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। দুইদিন ধরে অভিযান চালিয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে মুবাজকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
স্থানীয়রা জানায়, আনোয়ারা তার প্রথম স্বামী ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার পলাশ মিয়াকে মাদক সেবন থেকে ফেরাতে না পেরে কয়েক বছর আগে ডিভোর্স দেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার অভিযুক্ত মুফাজ্জল হোসেন ওরফে মুবাজকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে ছাত্রলীগের নেতার করা মামলায় বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাউদ হাসান শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওয়ায়দুল হক নাসির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল আজিম রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হেলাল এবং সদস্য রফিকুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ঘাটাইল উপজেলার ছাত্রলীগ ও যুবলীগ এক বিশেষ সভার আয়োজন করেছিল। সে সভাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য গত ২৪ আগস্ট রাতে ঘাটাইল পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে পরামর্শ নেওয়ার জন্য ১৫-২০ জন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকমীরা পৌরসভার চতিলা গ্রামে রওনায় দেন। এ সময় তারা চতিলা গ্রামে পৌঁছলে বিএনপির কর্মীরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় ঘাটাইল জিবিজি সরকারি কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল বিএনপির ৩৩ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ৬০-৭০ জন কর্মীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানভীর আহমেদ জানান, মামলা হওয়ার পর তারা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়ে আসেন। উচ্চ আদালতের বিচারক তাদেরকে জামিন শেষ হওয়ার পর নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। মঙ্গলবার তারা টাঙ্গাইল আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে বিনিময় ও শিবু পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার মোঘলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস ও শেরপুরগামী শিবু পরিবহনের যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৬টায় ওই স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ১০-১২ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেয়।
ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কারসহ দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাগরদীঘি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কলেজ শাখায় এসএসসির বিজ্ঞান বিভাগের রসায়ন পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাগরদীঘি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রেরের হলে মোবাইল ফোনে প্রশ্ন আদান- প্রদানকালে এক পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে আটক করা হয়। পরে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। এ দিকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ওই হলের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সাগরদীঘি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র সচিব রহমত উল্লাহ জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওই কক্ষে দায়িত্বরত দুইজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনিয়া চৌধুরী জানান, প্রত্যেক পরীক্ষার দিনই পরীক্ষার হল পরিদর্শন করছি। নকল রোধে পরীক্ষার হল পরিদর্শন অব্যাহত থাকবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে বউ চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। নিহত ঘটকের নাম আব্দুল জলিল। তার বয়স ৬৫ বছর।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী (মাইদারচালা) গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. আলমাস (২৫) সে একই গ্রামের শহিদুলের ছেলে । পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
নিহতের ভাগনে আব্দুল বাছেদ জানান, মাইদারচালা গ্রামের আলমাস স্থানীয় একটি করাতকলে কাজ করেন। এর আগেও তিন বিয়ে করেছিলেন কিন্তু কোনো বউ থাকেনি।
তিনি বলেন, ‘আমার মামা আব্দুল জলিল ঘটকালীতে ২০১৯ সালে রসুলপুর ইউনিয়নের প্যাঁচার আটা গ্রামে আলমাসকে বিয়ে করিয়ে আনেন। সে ঘরে একটি কন্যাসন্তানও আছে। সেটাও ২০২১ সালে ছাড়াছাড়ি হয়। এ নিয়ে আলমাস রেগে যায় মামার ওপর।
‘সেই ক্ষোভ থেকেই যখন মামা দুপুরে নামাজ শেষে আলমাসের দাদি আয়াতন বেগমের ঘরে পান খেতে বসেন, আলমাস ঘরে ঢুকে বউ এনে দেয়ার কথা বলে কথা-কাটাকাটি শুরু করে। একপর্যায়ে ঘরে থাকা ধারালো বাগি (আনারস কাটার হাতিয়ার) দিয়ে মাথা ও গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান,এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত আলমাসকে গ্রেপ্তার করা হয়েছে। ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম খান (১৫) ও শাকিল খান (১৫) নামে দাখিল পরীক্ষার্থী দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় তাদের আরেক বন্ধু রানা (১৭) গুরুতর আহত হয়েছে।
নাঈম খান ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে ও শাকিল খান একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
এরা সবাই এবার উপজেলার মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছিলো।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর ) রাতে তাদের নিজ গ্রামেই এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে তিন বন্ধু মোটরসাইকেলযোগে স্থানীয় ছনখোলা বাজারের দিকে যাচ্ছিলেন। আজাদিয়া দাখিল মাদরাসার সামনে এলে একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সাথে সংঘর্ষে তিন বন্ধু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে শাকিল ও নাঈমের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে রাত ১ টার দিকে শাকিল মারা যান। নাঈমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আজহারুল ইসলাম সরকার বলেন, দুই ছাত্র নিহত হওয়ার খবর পেয়েছি। তবে তাদের মরদেহ এখনও পাইনি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় উপজেলা নির্বাচন কর্মকর্তার স্ত্রীসহ দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনের স্ত্রী নুসরাত জাহান হিমু (৩০) ও গোপালপুর উপজেলার চরচতিলা মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও উত্তর বিলডোবা গ্রামের মৃত নঈম আলী মন্ডলের ছেলে সাইফুল ইসলাম (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিমু তার শাশুড়ি ফরিদা বেগমকে চিকিৎসক দেখানোর জন্য ঘাটাইল থেকে অটোরিকশাযোগে টাঙ্গাইল যাচ্ছিলেন। অপরদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইফুল ইসলামও চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন। তাদের অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়।
এ সময় গুরুতর আহত হন হিমু ও তার শাশুড়ি ফরিদাসহ তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হিমুর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার নেওয়ার পথে হিমুর মৃত্যু হয়।
নিহত হিমুর চাচা আলতাব হোসেন জানান, বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) হিমু পাকুন্দিয়া থেকে তার শ্বশুর বাড়িতে এসেছে। শুক্রবার শাশুড়িকে চিকিৎসক দেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলো।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন জানান, ঘাটাইল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে টাঙ্গাইল যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী বাসের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে হতাহতের ঘটনা ঘটে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে গরু চুরি করে নিয়ে পালানোর সময় গরুসহ একটি সিএনজি ও চার চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
সোমবার (২২ আগস্ট) বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের আবেদআলী গ্রামে ঘটনাটি ঘটেছে।
আটককৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার পাথুলিয়া ভবানীপুর গ্রামের ওয়াসীম আলীর স্ত্রী নূরজাহান বেগম (৩৮), বড় দিঘুলিয়া গ্রামের আনোয়ার হোসেনর স্ত্রী সালমা বেগম (৪০), সুরুজ বড়রিয়া গ্রামের হাকিম মন্ডলের ছেলে শরীফ মন্ডল (৩২) ও তারুটিয়া গ্রামের নয়ন খানের ছেলে জহিরুল খান (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আবেদআলী গ্রামের আলাল উদ্দিনের একটি ষাড় বাছুর সড়কের পাশে বাড়ির আঙিনায় বাধা ছিল। একজন মহিলা বাছুরটির বাধন খুলে সিএনজি চালিত অটোরিকশায় তোলে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। তখন স্থানীয় জনতা সিএনজি সহ চার গরু চোরকে আটক করে। বিক্ষুব্ধ জনতা মারধর শুরু করলে ধৃতরা গরু চুরির কথা স্বীকার করেন । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরু সহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘাটাইল সাগরদিঘি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ দুলাল আকন্দ জানান, আটকৃত চোরদের জিজ্ঞাসা চলছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ব্রাক্ষণশাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার দিগর ইউনিয়নের কাশতলা গ্রামের শাহজাহান মিয়া ও হামিদপুর সাহা পাড়া এলাকার নেপাল চন্দ্র সাহা।
ঘাটাইল থানার এসআই মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে ঘাটাইলের আন্দিপুর থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশাটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথে ব্রাক্ষণশাসন এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুত গতিতে সিএনজিটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহান ও নেপাল নামে দুই ব্যক্তির মৃত্যু হয়। আহত হয় ৩ জন।
তিনি আরো জানান,নিহত দুইজন ঘাটাইল সদর ইউনিয়নের আন্দিপুর এলাকা থেকে বিয়ের দাওয়াত শেষে টাঙ্গাইল ফিরছিলেন।আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের এমকেডিআর গণ উচ্চ বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চলাকালীন সময়ের টিকটক ভিডিও ভাইরাল হয়েছে।
স্কুলের ওই টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিব্রতকর অবস্থায় পড়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিদ্যালয়ের নৈশপ্রহরী মনিরুজ্জামান ওই টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এ নিয়ে এলাকায় হৈ চৈ শুরু হয়েছে।
জানা যায়, বছর দেড়েক আগে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের এমকেডিআর গণ উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে নিয়োগ পান মনিরুজ্জামান মনির। বিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি টিকটক ভিডিও তৈরি করা শুরু করেন।
ভিডিওতে ছাত্রীদের উপস্থিতি রাখলে ‘বেশি ভাইরাল’ হওয়ার আশায় বিদ্যালয়ের পরীক্ষার হল, শ্রেণিকক্ষ ও বিদ্যালয় আঙিনায় দিনের পর দিন একাধিক টিকটক ভিডিও তৈরি করেন এবং তা নিজের আইডিতে শেয়ার করেন। সম্প্রতি তার ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
একাধিক টিকটক ভিডিওতে দেখা গেছে- পরীক্ষার হল, শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের আঙিনায় ছাত্র-ছাত্রীদের সামনেই নৈশপ্রহরী মনিরুজ্জামান বিভিন্ন বাংলা ও হিন্দি গানের তালে নানা অঙ্গ-ভঙ্গি করছেন। তার ভিডিও দেখে শিক্ষার্থীরা বিব্রতকর অবস্থায় পড়েছে।
এলাকাবাসী জানায়, নৈশপ্রহরী মনিরুজ্জামান মনিরের টিকটক ভিডিও তারা দেখেছেন। স্কুলে ওই ধরণের টিকটক করা ন্যাক্কারজনক। ছাত্রীদের সামনে টিকটক ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তিনি নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন।
টিকটক ভিডিওতে কিশোর বয়সী ছাত্রীদের প্রদর্শন করেও বড় ধরণের অন্যায় করেছেন। তারা এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে মনিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে নৈশপ্রহরী মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার চাচা শফিকুল ইসলাম কালু গণমাধ্যম কর্মীদের সাথে রূঢ় আচরণ করেন।
এমকেডিআর গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী জানান, ভিডিওটি তিনি প্রথম দেখে ভীষণ লজ্জা পেয়েছেন। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি সবেমাত্র জেনেছেন। চাকুরি বিধি অনুসরণ করে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।