/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইলে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন - Ekotar Kantho

টাঙ্গাইলে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে আব্দুর রহিম হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।সোমবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১জনকে খালাস দেওয়া হয়েছে।

২০১৭ সালের ১ সেপ্টেম্বর অপর আসামি ময়েজ উদ্দিন মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- ধনবাড়ী উপজেলার রামজীবনপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে সেজনু মিয়া ও মিজানুর রহমান, একই গ্রামের ফয়জ উদ্দিনের ছেলে মুনসুর আলী এবং গঙ্গাবর গ্রামের মৃত আলী ফকিরের ছেলে জামাল ফকির।

সাজাপ্রাপ্তদের মধ্যে সেজুন মিয়া পলাতাক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের সরকারি কৌশলী (পিপি) এস আকবর খান জানান, ২০০৪ সালের ৩০ ডিসেম্বর টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার রামজীবনপুর গ্রামে আসামিরা একটি জমি দখলে নিয়ে চাষাবাদ করতে যান। জমির মালিক আব্দুর রহিম তাদের বাধা দেয়। এ সময় আসামিরা লাঠি দিয়ে পিটিয়ে আব্দুর রহিমকে গুরুতর আহত করে। আহত অবস্থায় আব্দুর রহিমকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৩১ ডিসেম্বর আব্দুর রহিম মারা যান।

তিনি আরো জানান, ওই ঘটনায় নিহতের ছেলে মো. সুলতান মিয়া ২০০৫ সালের ৩ জানুয়ারি ধনবাড়ী থানায় ১৬ জনকে আসামি করে মামলা করেন। ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম ২০০৫ সালের ২৭ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৭ সালের ১৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত রায় ঘোষণা করলেন।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুন ২০২২ ০৯:২৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে হামলার শিকার নৌকার পরাজিত প্রার্থী - Ekotar Kantho

টাঙ্গাইলে হামলার শিকার নৌকার পরাজিত প্রার্থী

একতা কন্ঠ: টাঙ্গাইলের দেলদুয়ারে আটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কার পরাজিত প্রার্থী কৃষ্ণকান্ত দে সরকারকে পিটিয়ে আহত করেছে দলের জলের ভিতর থাকা প্রতিপক্ষ একটি গ্রুপ। রোববার (২৬ জুন) বিকেলে উপজেলার ছিলিমপুর বেবিস্ট্যান্ডে ওই হামলার ঘটনাটি ঘটে। কৃষ্ণক্রান্ত দে বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আহত কৃষ্ণকান্ত আটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক।

জানা যায়, গত বুধবার (১৫ জুন) সম্পন্ন হওয়া উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে কৃষ্ণকান্ত দে সরকার নির্বাচনে পরাজিত হন। হামলাকারীরা নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে ঘোড়া প্রতিকের নির্বাচন করেন। এ নিয়ে কৃষ্ণকান্ত দে দলীয় কোন্দল ও শৃঙ্খলার অভাবকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। এ ঘটনার জেরে রোববার বিকেলে কৃষ্ণকান্ত টাঙ্গাইল শহর থেকে ফেরার পথে উপজেলার ছিলিমপুর বেবিস্ট্যান্ডে পৌঁছালে তার উপর হামলা করা হয়।

এ  প্রসঙ্গে কৃষ্ণ কান্ত দে বলেন, হামলাকারীরা নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে ঘোড়া প্রতিকের নির্বাচন করেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান কাঠের লাঠি দিয়ে এলোপাথারী পেটাতে শুরু করে। হাবিবের সঙ্গে তার সহযোগী কামরুজ্জামান কফি, ওহাব ও আটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম মন্টুর ভাই কাওছারও মারপিট শুরু করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই মামলা করা হবে বলে জানিয়েছে কৃষ্ণ কান্ত দে।

এসময় কৃষ্ণকান্তের স্ত্রী স্কুল শিক্ষিকা দূর্গা রানী সরকার কেও অপমান করে হামলাকারীরা।

দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ফেসবুকে নির্বাচন কেন্দ্রীক পোষ্ট দেওয়ায় এ ঘটনা ঘটেছে। হামলাকারীদের বিরুদ্ধে দলীয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, নির্বাচন সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুন ২০২২ ০৮:২৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে স্কুলছাত্র শিহাবকে শ্বাসরোধে খুন করা হয় - Ekotar Kantho

টাঙ্গাইলে স্কুলছাত্র শিহাবকে শ্বাসরোধে খুন করা হয়

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সৃষ্টি স্কুলের আবাসিক ছাত্র শিহাবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তে উল্লেখ করা হয়েছে। রোববার (২৬ জুন)দুপুরে টাঙ্গাইল সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন বলেন, এ ঘটনায় হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা লুৎফর রহমান আজাদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট ময়নাতদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন, ডাক্তার তানভীর আহম্মেদ ও আবাসিক ফিজিসিয়ান ডাক্তার মো. কামরুজ্জামান। শরীরে কোনো দাগ বা আঘাতের চিহ্ন নেই। শুধু গলায় দাগের চিহ্ন রয়েছে। সেখানে কোনো কিছু পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তে উল্লেখ করা হয়েছে।

নিহত শিহাব টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেরবাড়ী এলাকার সিঙ্গাপুর প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে।

গত সোমবার (২০ জুন)সৃষ্টি স্কুলের আবাসিক হলের বাথরুম থেকে শিহাবের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিহাবের বাবা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শিহাবকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। ফুঁসে উঠে স্কুলের শিক্ষার্থীরাও। তারাও হত্যায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

নিহত শিহাবের চাচা তুষার আহম্মেদ বলেন, আমরা আগেই বলেছিলাম শিহাবকে হত্যা করা হয়েছে। এত ছোট ছেলে আত্মহত্যা করতে পারে না। আমরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করব।

সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান শরিফুল ইসলাম রিপন বলেন, এ ঘটনার সাথে যেই জড়িত থাকুক সুষ্ঠু তদন্ত করে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি প্রশসানের কাছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সৃষ্টি স্কুলের আবাসিক হলের বাথরুম থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তখন থানায় সাধারণ ডায়েরি করা হয়। এখন ময়নাতদন্তের প্রতিবেদন অনুয়ায়ী হত্যা মামলা হবে।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ময়নাতদন্ত প্রতিবেদন অনুয়ায়ী অবশ্যই হত্যা মামলা হবে। রোববার বিকেল ৪টার দিকে সৃষ্টি স্কুলের আবাসিকের দুই শিক্ষক আবু বকর ও মো. নাসিরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য,শিহাবের ফুপাতো ভাই আল আমিন সিকদার জানান, জানুয়ারি মাসে শিহাবকে সৃষ্টি স্কুলের আবাসিকে ভর্তি করা হয়। পঞ্চম শ্রেণির ছাত্র শিহাব নিয়মিত ভালোভাবেই পড়াশোনা করছিল। হঠাৎ গত সোমবার বিকেলে সৃষ্টি স্কুল থেকে ফোন দিয়ে বলা হয় শিহাব অসুস্থ। আপনারা তাড়াতাড়ি আসেন। পরবর্তীতে ওই নাম্বারে ফোন দিয়ে শিহাবের অসুস্থতার ব্যাপারে জিজ্ঞেস করলে স্কুল কর্তৃপক্ষ থেকে বলা হয় সিএনজি দুর্ঘটনায় সে আহত হয়েছে।
পরে তাড়াহুড়ো করে সৃষ্টি স্কুল ভবনের কাছে গেলে সেখানে ঢুকতে না দিয়ে তারা বলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যাওয়ার জন্য। হাসপাতালে আসার পর শুনতে পাই শিহাব মারা গেছে। স্কুলের শিক্ষকদের ভাষ্য স্কুলের আবাসিকের বাথরুমে শিহাব আত্মহত্যা করেছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুন ২০২২ ০১:০২:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

একতার কণ্ঠঃ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে টাঙ্গাইলে র‌্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন করা হয়েছে।

‘মাদক সেবন রোধ করি, সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি র‌্যালি বের হয়। সেটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় পরে সেখানে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুন ২০২২ ১২:১৮:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে টিকা নিয়েও করোনায় প্রাণ গেলো এক বৃদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে টিকা নিয়েও করোনায় প্রাণ গেলো এক বৃদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে তিন মাস পর করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কালীপদ দাস (৮৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কালীপদ দাস জেলার ধনবাড়ী উপজেলার শিংগাটা এলাকার বাসিন্দা। তিনি করোনা ভ্যাকসিনের সব ডোজ সম্পন্ন করেছিলেন।

শনিবার (২৫ জুন) বিকালে সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সবশেষ চলতি বছরের ১০ মার্চ টাঙ্গাইলে ২ জনের মৃত্যু হয়েছিল করোনায়। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ২৬৯ জন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বুধবার (২২ জুন) কালীপদ দাস করোনায় আক্রান্ত হয়ে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে শুক্রবার (২৪ জুন) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।

এদিকে, টাঙ্গাইলে ৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২৫ ভাগ। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ১৮ হাজার ৯০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ ব্যাপারে সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, প্রায় ৩ মাস পর জেলায় করোনায় মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল। তিনি করোনার প্রতিরোধে টিকার সব ডোজ নিয়েছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৬. জুন ২০২২ ০৮:০৪:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী - Ekotar Kantho

টাঙ্গাইলে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন খালেদা আক্তার (৩২) নামের এক গৃহবধূ।শনিবার (২৫ জুন) সকালে জয়দেবপুর-যমুনা সেতু রেল সড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল সেতু এলাকায় ওই ঘটনা ঘটে।

খালেদা উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের আনোয়ার হোসেনের প্রথম স্ত্রী।

এলাকাবাসী জানান, রশিদ দেওহাটা গ্রামের হালিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন মীর দেওহাটা গ্রামের খালেদা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। আনোয়ার দুই বছর আগে রশিদ দেওহাটা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রাশেদা আক্তারকেও গোপনে বিয়ে করেন। বিষয়টি গত এক সপ্তাহ আগে প্রথম স্ত্রী খালেদা জানতে পারেন। এরপর থেকে তাদের সংসারে দাম্পত্য কলহ শুরু হয়।
শনিবার সকালে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে ধেরুয়া রেল সেতু এলাকায় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা কমিউটার (৯৯) ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন খালেদা।

গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য ও রশিদ দেওহাটা গ্রামের বাসিন্দা মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুল হাসান জানান, খবরটি গাজীপুরের জিআরপি পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুন ২০২২ ১০:৩৪:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শামীম আল মামুন (২৫) নামের এক ছাত্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার(২৫জুন) দুপুরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শামীম আল মামুন উপজেলার বোয়ালী গ্রামের কদম আলীর ছেলে এবং করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ কর্মে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সখীপুর-ঢাকা আঞ্চলিক সড়কের নলুয়া আড়ালিয়াপাড়া এলাকায় দূর্ঘটনার শিকার হন শামীম।

নিহতের বড় ভাই সুমন আহমেদ জানায়, গত বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তার ছোট ভাই শামীম আল মামুন ও তার বন্ধু মিলে মোটরসাইকেল যোগে নলুয়া বাজার হতে নিজ বাড়ি বোয়ালী আসার পথে আড়ালিয়া পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শামীম আল মামুন গুরুতর আহত হয়।

প্রথমে তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফাড করেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুন ২০২২ ০৯:৫৯:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন - Ekotar Kantho

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

একতার কণ্ঠঃ সারাদেশের মতো টাঙ্গাইলেও শনিবার(২৫জুন) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করা হয়েছে।

সকালে পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্তমঞ্চে টাঙ্গাইল জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বিটিভির মাধ্যমে বড় পর্দায় সম্প্রচার করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানের পরে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক ডঃ মোঃ আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং সকল পেশার লোকজন উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিশেষ দোয়া, মোনাজাত, প্রার্থনা, অসহায় মানুষের মাঝে উন্নত মানের খাদ্য পরিবেশনসহ আরো নানা আয়োজন।
এছাড়াও জেলার সকল উপজেলায় দিনব্যাপী বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুন ২০২২ ০৯:২৮:পিএম ৪ বছর আগে
পদ্মা সেতুর উদ্বোধনী দিনে উৎসবে মাতবে টাঙ্গাইল - Ekotar Kantho

পদ্মা সেতুর উদ্বোধনী দিনে উৎসবে মাতবে টাঙ্গাইল

একতার কণ্ঠঃ শনিবার (২৫ জুন) বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনটি স্মরণীয় করে রাখতে উৎসবে মাতবে টাঙ্গাইল। সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও চলছে উৎসবের আমেজ। জেলা প্রশাসন ও দলীয়ভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জানান, পদ্মা সেতু উদ্বোধনের দিন জেলার সকল মসজিদে বাদ ফজর দোয়া ও সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থণা করা হবে।

সকালে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে বড় পর্দায় উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করা হবে। ইতিমধ্যে পৌরউদ্যানটি ব্যানার ফেসটুন দিয়ে সাজানো হয়েছে। এ অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ সহস্রাধিক মানুষ অংশ নিবেন। শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জয় বাংলা আশ্রয়ণ সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় বাউশা আশ্রয়ণ প্রকল্পে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দভোজের আয়োজন করা হয়েছে।

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে ‘পদ্মা সেতু ফুটবল প্রতিযোগিতার’ আয়োজন করা হয়েছে। টাঙ্গাইল স্টেডিয়ামের আয়োজিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে জেলা প্রশাসন একাদশ বনাম টাঙ্গাইল পৌরসভা একাদশ। এছাড়াও উপজেলা পর্যায়েও এই পদ্মা সেতু ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়াও টাঙ্গাইল কারাগারের দেড় হাজার বন্দি ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৭শ রোগীকে উন্নত মানের খাবার দেবে জেলা প্রশাসন। অপরদিকে আশ্রয়ণ প্রকল্পের শিশু ও বাসিন্দাদের মধ্যে খাবারের পাশাপাশি নতুন পোশাক বিতরণ করা হবে।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, স্বাধীনতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তাই টাঙ্গাইলের সরকারি-বেসরকারি দপ্তর গুলো উৎসবে মাতবে।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুন ২০২২ ০৬:৪৯:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে পানি কমলেও, বাড়ছে ভোগান্তি - Ekotar Kantho

টাঙ্গাইলে পানি কমলেও, বাড়ছে ভোগান্তি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে যমুনাসহ বিভিন্ন নদ-নদীর পানি কমলেও দুর্ভোগ বেড়েছে বানভাসি মানুষের। জেলার বেশ কয়েকটি উপজেলার শতাধিক গ্রামের বাসিন্দা এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন।

শুক্রবার (২৪ জুন) পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপরে, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১২ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপরে এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সরেজমিন সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ছিটকিবাড়ী, চাকতা, ফৈলারঘোণা ও মগড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি রয়েছে। ফলে এসব গ্রামের মানুষজন নৌকা দিয়ে যাতায়াত করছেন। যার নৌকা নেই তারা শরীরের পোশাক ভিজিয়ে পানি দিয়ে চলাচল করছেন। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট।

ফৈলারঘোনা গ্রামের হারেজ মিয়া বলেন, ‘পনিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছি। শুনেছি নদীর পানি কমেছে। তবে আমাদের গ্রামের পানি না কমায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশুদ্ধ পানি নেই বললেই চলে।’

সুজন রহমান নামে এক যুবক বলেন, ‘নৌকা ছাড়া চলাচল করা যায় না। বাড়িতে শিশুদের নিয়ে সব সময় দুশ্চিন্তা হয়। এই গ্রামে এখন পর্যন্ত কেউ সরকারি সহায়তা পায়নি।’

ছিটকিবাড়ী গ্রামে খোরশেদ আলম বলেন, ‘অনেকের ঘরে পানি উঠেছে। তারা উঁচু জায়গায় অথবা আত্মীয়দের বাড়িতে অবস্থান করছেন। গ্রামের অনেকেই পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছেন।’

বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মতিয়ার রহমান মন্টু বলেন, ‘ইউনিয়নের ৪০ হাজার মানুষের মধ্যে ২০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাইনি।’

জেলা প্রশাসক কার্যালয়ের সূত্রে জানা যায়, ‘বন্যায় জেলার ৪৯ হাজার ৪১৭টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। বন্যাদুর্গতদের জন্য ৩৩৭ মেট্রিক টন চাল মজুদ রয়েছে।’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন নদীর পানি কমতে শুরু করেছে। ফলে বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। যেসব জায়গায় জরুরিভাবে কাজ করা প্রয়োজন সেখানেই করা হচ্ছে।’

সর্বশেষ আপডেটঃ ২৫. জুন ২০২২ ০৪:৫০:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে সামিয়া (১৩) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।সামিয়া বাসাইল রফিক রাজু ক্যাডেট স্কুলের ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী।

সামিয়া বাসাইল এস আর পাড়ার ছানোয়ার হোসেনের বড় মেয়ে।

স্থানীয়সূত্রে জানা যায়, ২৪ জুন (শুক্রবার) সকালের নাস্তা শেষ করে সামিয়া পাশের বাড়িতে খেলতে যায়। অনেকক্ষণ বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোজাখুজির একপর্যায়ে প্বার্শবর্তী মন্দির সংলগ্ন পুকুরে সামিয়াকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পুকুর থেকে উদ্ধার করে তাকে বেলা ১১ টায় বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ খান তাকে মৃত ঘোষনা করেন।

ডা. নাহিদ খান বলেন, হাসপাতালে আনার পূর্বেই সামিয়ার মৃত্যু হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুন ২০২২ ০৮:৪৭:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে আইস ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে আইস ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন ভোরে মির্জাপুর ক্যাডেট কলেজের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. আরিফুজ্জামান পলাশ (৩৫), গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. বিল্লাল হোসেনের ছেলে মো. কামরুজ্জামান শান্ত (২৪)।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন জানান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরো বলেন, ‘জব্দকৃত আইসের বাজার মূল্য ২৫ লাখ টাকা। ইয়াবার বাজার মূল্য তিন লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় মামলা করা হয়েছে।’

সর্বশেষ আপডেটঃ ২৪. জুন ২০২২ ০১:৪৩:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।