/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইলে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা এবং দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৩ জুলাই) সকালে  টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ওই শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের স্টাফ রিপোর্টার জাফর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন-অর-রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

এ সময় উপস্থিত ছিলেন যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি সৈয়দ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ন রশিদ আকন্দ সোনা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মাসুম ফেরদৌস।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তারা বলেন, নুরুল ইসলাম বাবুল বীরমুক্তিযোদ্ধা হওয়ায় দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সার্বক্ষনিক দেশের স্বার্থে মানুষের কল্যাণে কাজ করেছেন। মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়েছেন। বাংলাদেশের শিল্পকে যারা প্রতিষ্ঠিত করেছেন তাদের পাঁচ জনের একজন হচ্ছেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল। এছাড়াও দেশ প্রেমিক হিসেবে শ্রেষ্ট শিল্পপতি ছিলেন নুরুল ইসলাম বাবুল। তিনি সার্বক্ষনিক সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের কোন অভিযোগ নেই।

এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনীতিকসহ সুধীসমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৪. জুলাই ২০২২ ০১:২৮:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে পানিতে ভাসমান নবজাতকের লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে পানিতে ভাসমান নবজাতকের লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে বিলের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) দুপুরের দিকে বাসাইল ফায়ার সার্ভিস স্টেশন এলাকার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে বিলের পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাসাইল থানার এসআই হাবিবুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতক কন্যা শিশুটির লাশ উদ্ধার করা হয়। লাশটিতে পঁচন ধরেছে। ধারণা করা হচ্ছে ৫ থেকে ৭ দিন আগে শিশুটিকে নদীতে ফেলে দেওয়া হয়। পরে লাঙ্গুলিয়া নদীর পানির স্রোতের সঙ্গে লাশটি ভেসে এখানে এসেছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

সর্বশেষ আপডেটঃ ১৪. জুলাই ২০২২ ০১:৪২:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে পিকনিক শেষে নদীতে নেমে যুবক নিখোঁজ - Ekotar Kantho

টাঙ্গাইলে পিকনিক শেষে নদীতে নেমে যুবক নিখোঁজ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পিকনিক শেষে যমুনা নদীতে গোসলে নেমে মো. শরিফ (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

সোমবার (১১ জুলাই) রাতে ওই যুবক নিখোঁজ হন। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শরিফ উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

গাবসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুরে কয়েকজন বন্ধু মিলে যমুনা নদীতে নৌকাযোগে পিকনিকে যান। পিকনিক শেষে রাতে তারা বাড়ি ফিরছিলেন। পথে চরাঞ্চলের ভদ্রশিমুল এলাকায় পৌঁছালে পিকনিকের নৌকা দাঁড় করিয়ে শরিফ ও তার বন্ধুরা নদীর পানিতে গোসলে করতে নামে।
গোসল শেষে শরিফের অন্যান্য বন্ধুরা নৌকায় উঠে এলেও শরিফ ওঠেননি। পরে তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তার পরিবারের লোকজনকে বিষয়টি জানান। পরিবারের লোকজনও ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করেন।

চেয়ারম্যান শাপলা আরও বলেন, ঘটনা সোমবার বিকেলের হলেও আজ সকালে নিখোঁজ যুবকের স্বজনদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। তার সন্ধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, নিখোঁজ যুবকের সন্ধান এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। স্থানীয় লোকজনদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

সর্বশেষ আপডেটঃ ১২. জুলাই ২০২২ ১১:৩০:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইল সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইল সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এস আই পরিবহনের বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১২জুলাই) দুপুরে ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-নাটোর জেলার নলডাঙ্গা থানার কাঠুয়াজানি গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে মৌসুমী (৩৫) ও তার ভাগ্নি জামালপুর জেলার চেকিং কি মারি গ্রামের রেজাউলের মেয়ে রিয়া মনি(৫)।

এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নবীন জানান,সিএনজিটি এলেঙ্গা থেকে গাজিপুরের দিকে যাচ্ছিলো। পরে সিরাজগঞ্জের এসআই পরিবহনের বাস টি সিএনজিকে ধাক্কা মারে ফলে ঘটনাস্থলে রিয়া নামে ৫ বছরের শিশু নিহত হয়। মৌসুমীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৌসুমি ও রিয়া সম্পর্কে ভগ্নি।
এই দূর্ঘটনায় ২ জন আহত রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১২. জুলাই ২০২২ ১১:৪২:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১২ - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় সৌরভ(১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।সোমবার(১১ জুলাই) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ মধুপুর উপজেলার ব্রাক্ষমবাড়ী গ্রামের শফিকুলের ছেলে। ঘাটাইল থানার এস আই পলাশ মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর থেকে ১৪ জন যাত্রী নিয়ে মধুপুরের উদ্দেশ্য একটি পিকআপ ভ্যান যাত্রা শুরু করে। পথিমধ্যে পিকআপটি ঘাটাইলের পোড়াবাড়ি পৌঁছলে রাস্তার পাশে থাকা একটি বিদ্যূতের খুঁটিকে ধাক্কা দিলে পিকআপটি যাত্রীসহ ১০ থেকে ১২ ফুট নিচে খাদে পড়ে যায়।

পরে স্থানীয়রা গাড়িতে থাকা যাত্রী ও ড্রাইভারকে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালে নেয়ার পথে সৌরভ নামে এক কিশোরের মৃত্যূ হয়। এ ঘটনায় পিকআপ এ থাকা ১২ জন যাত্রী গুরুতর আহত হয়।

আহতরা হলেন, মধুপুর উপজেলার ঘোড়ারটিকি গ্রামের সিদ্দিক আলীর মেয়ে মোসাঃ শিল্পি আক্তার(৮),বড়দিঘী গ্রামের ছাদেক আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম(২৬),বাক্ষমবাড়ি গ্রামের ফজর আলীর স্ত্রী সাবিনা আক্তার(২৫),একই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী বুলবুলি বেগম(২৫),সাদিয়া আক্তার(১২),ধামাবাসুরী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে শিশু রুপা আক্তার(৬),ব্রাক্ষমবাড়ি গ্রামের সফিকুল ইসলাম(৩৫),একই গ্রামের শফিকুলের স্ত্রী শরিফা বেগম(২৫),লেংড়াবাজার গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী মিনারা বেগম(৩৫),ব্রাক্ষমবাড়ি গ্রামের জাফর আলীর মেয়ে রীনা আক্তার(২১),ধামাবাসুরী গ্রামের শফিকুলের মেয়ে শিশু সানজিদা আক্তার(৬) ও পিকআন চালক আব্দুল মিয়া(৩৫)।

ঘাটাইল থানার এস আই পলাশ মাহমুদ জানান, আহতদের মধ্যে ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।পিক-আপ চালকের ঠিকানা জানা সম্ভব হয়নি।

সর্বশেষ আপডেটঃ ১১. জুলাই ২০২২ ০৮:৫৭:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে আগুন লেগে ১৫ টি দোকান পুড়ে ছাই - Ekotar Kantho

টাঙ্গাইলে আগুন লেগে ১৫ টি দোকান পুড়ে ছাই

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে আগুনে পুড়ে ১৫টি দোকান ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। শনিবার (৯ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার পারখী ইউনিয়নের বর্গা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালিহাতী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান জানান, রাত ২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। মেডিসিন, মনিহারি, কাপড় ও জুতার দোকানসহ কমপক্ষে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

ব্যবসায়ী আরিফুর ইসলাম শাজু বলেন, আমার ওষুধের দোকানের ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি।

বর্গা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক রাজিব মিয়া বলেন, ক্ষতিগ্রস্ত দোকানিদের সরকারিভাবে সাহায্য করার দাবি জনান তিনি।

সর্বশেষ আপডেটঃ ১১. জুলাই ২০২২ ০৩:৪৩:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে হাতকড়াসহ বিট অফিস থেকে যুবক উধাও, পরিবারের দাবি নিখোঁজ - Ekotar Kantho

টাঙ্গাইলে হাতকড়াসহ বিট অফিস থেকে যুবক উধাও, পরিবারের দাবি নিখোঁজ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে আটক হওয়া মো. আবু বকর (৩৫) নামের এক যুবক হাতকড়াসহ পালিয়ে গেছে বলে দাবি করছে বন বিভাগের লোকজন। তবে পরিবারের দাবি তিনি নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার কীর্তনখোলা কামারপাড়া এলাকা থেকে বনবিভাগের লোকজন আবু বকরকে আটক করে নিয়ে আসে। শনিবার সকালে তাঁর স্ত্রী বন বিভাগের কালিদাস বিটে গিয়ে স্বামীকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

কালিদাস বিট অফিস ও আবু বকরের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কীর্তনখোলা কামারপাড়া এলাকায় মো. বাচ্চু মিয়া নামের এক ব্যক্তি দীর্ঘদিনের পুরাতন বাড়িতে একটি ঘর তুলছিল। প্রতিবেশী মো. আবু বকর ওই ঘর নির্মাণে শ্রমিকের কাজ করছিল। কিন্তু ওই জমি নিজেদের দাবি করে স্থানীয় বন বিভাগের লোকজন ঘর তুলতে বাধা দেয়। এ সময় ওই বাড়ির লোকজন পালিয়ে গেলেও আবু বকরকে হাতকড়া লাগিয়ে বন বিভাগের কালিদাস বিটে নিয়ে যায়।

আবুবকরের স্ত্রী শাহিনা আক্তার বলেন, গতকাল শুক্রবার রাত তিনটার সময় আমার স্বামীকে হাতকড়া লাগিয়ে বন বিভাগের লোকজন তুলে নিয়ে যায়। শনিবার সকালে আমার ভাসুরকে সঙ্গে নিয়ে কালিদাস বিট অফিসে গিয়ে স্বামীকে খোঁজে পাইনি। জানতে চাইলে বিট অফিসের লোকজন জানায়, তোমার স্বামী পালিয়ে গেছে।

তিনি অভিযোগ করে আরও বলেন, আমার স্বামী ঘটনাস্থল থেকে দৌড় দিতে সাহস পায়নি, তিনি বিট অফিসের ঘর থেকে কিভাবে পালিয়ে যাবেন?

বিকেল থেকে বারবার ফোন করার পর শনিবার সন্ধ্যায় কালিদাস বিট কর্মকর্তা মো. শাহ আলম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। আবু বকরকে পেলেই থানায় হস্তান্তর করা হবে।

বন বিভাগের হতেয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, `আমি ছুটিতে বাড়ি আছি। তবে শুনেছি, আটক করা আবু বকর রাতের বেলায় পালিয়ে গেছে। এখন তার পরিবারের লোকজন নিখোঁজের মিথ্যা অভিযোগ তুলছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, এ বিষয়ে বন কর্মকর্তা বাদী হয়ে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ১০. জুলাই ২০২২ ০৫:৪২:এএম ৪ বছর আগে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দি‌নে ভোগা‌ন্তি, রা‌তে স্ব‌স্তি - Ekotar Kantho

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দি‌নে ভোগা‌ন্তি, রা‌তে স্ব‌স্তি

রাত পোহা‌লেই পবিত্র ঈদুল আজহা। এই ঈদ‌কে কেন্দ্র ক‌রে উত্তরবঙ্গসহ ২৩ জেলার মানুষ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব‌্যবহার ক‌রেন।

এতে মহাসড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে দু‌র্ভো‌গে প‌ড়েন তারা।
শ‌নিবার (৯ জুলাই) দিনভর মহাসড়‌কে চরম ভোগা‌ন্তি থাক‌লেও স্ব‌স্তি ফি‌রে‌ছে সন্ধ‌্যার পর থে‌কেই।

বর্তমানে পু‌রো মহাসড়কে স্বাভা‌বিকের তুলনায়ও খুবই কম প‌রিবহন চলাচল কর‌ছে।

স‌রেজ‌মি‌নে রা‌তে মহাসড়‌কের এলেঙ্গা প‌য়ে‌ন্টে দেখা গে‌ছে তেমন গাড়ি নেই।

যাত্রীদেরও গাড়ির জন্য তেমন অপেক্ষা কর‌তে দেখা যায়নি।
মহাসড়‌কের এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, সন্ধ‌্যার পর থে‌কেই মহাসড়ক ফাঁকা। গা‌ড়ি স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে।

সর্বশেষ আপডেটঃ ১০. জুলাই ২০২২ ০৩:৩০:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীর সিঙ্গুরিয়ায় ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। অপর দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় বাস চাপায় মারা গেছেন একজন।

শনিবার (৯ জুলাই) দুপুরে এই দুটি দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এলেঙ্গা থেকে ছেড়ে আসা যাত্রী ভর্তি একটি সিএনজি চালিত অটোরিকশা ভূঞাপুরের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক সিঙ্গুরিয়ায় পৌঁছাল মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারী নিহত হন। এ সময় আহত হন আরও দুজন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।

নিহত ওই নারী জেলার গোপালপুর উপজেলার ভেড়াডাকরী এলাকার ঠান্ডু মিয়ার মেয়ে লিমা আক্তার (২৫)। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার মো. স্বপন আলী।

অপর দিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় যানজটে আটকে পড়ায় ছেলের জন্য পানি নিয়ে ফেরার পথে বাস চাপায় একজন নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল ইসলাম।

সর্বশেষ আপডেটঃ ১০. জুলাই ২০২২ ০১:০৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে সহোদরসহ নিহত ৪ - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে সহোদরসহ নিহত ৪

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (৮ জুলাই) দিনগত রাত পৌনে ১২টার দিকে জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বানিয়াজান বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার তুলসীপুর গ্রামের প্রাণকৃষ্ণ কর্মকারের ছেলে অটোরিকশাচালক বাবুল কর্মকার (৫০), রামনগর গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (২২) তার ছোট ভাই মৃদুল হাসান (১৫) ও একই গ্রামের বজলুল মিয়ার ছেলে হাসান মিয়া (১৯)।

শনিবার (৯ জুলাই) সকালে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া জানান, রাতে শেরপুর থেকে ছেড়ে আসা এস কে জননী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে, ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে তিনজন অটোরিকশার যাত্রী নিয়ে জামালপুর সদরে উপজেলায় যাচ্ছিলেন চালক। রাস্তা ফাঁকা পেয়ে বেপরোয়া গতিতে টানছিল বাসটি। এ সময় বাস আর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক বাবুল কর্মকার ও সাইফুল ইসলাম নিহত হন। গুরুতর আহতাবস্থায় মৃদুল ও হাসানকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি চান মিয়া আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও তার সহকারী পলাতক। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ০৯. জুলাই ২০২২ ০৫:৪৩:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে চাল চুরির ঘটনায় দুই মেম্বারকে গণপিটুনি;পালালেন চেয়ারম্যান - Ekotar Kantho

টাঙ্গাইলে চাল চুরির ঘটনায় দুই মেম্বারকে গণপিটুনি;পালালেন চেয়ারম্যান

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে ভিজিএফের চাল চুরির অভিযোগে দুই ইউপি সদস্যকে গণপিটুনি দেওয়া হয়েছে। শুক্রবার (৮ জুলাই) বিকেলে উপজেলার দেওপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার ওই দুই ইউপি সদস্য হলেন মো. রেজাউল করিম ও আব্দুস ছালাম।

স্থানীয়রা জানান, সকাল থেকে দেওপাড়া ইউনিয়ন পরিষদ ভবন থেকে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ চলছিল।

কিন্তু ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের চাল বিতরণ শেষ না করেই বিকেলে ১২৫ বস্তা চাল অটোরিক্সায় তুলে বিক্রি করতে যান ইউপি সদস্য রেজাউল করিম ও আব্দুস ছালাম। এ সময় বিক্ষুব্ধ জনতা রাস্তা আটকে দিয়ে চালসহ দুই ইউপি সদস্যকে ঘেরাও করে রাখে।
পরে উত্তেজিত জনতা তাদের দুজনকে গণপিটুনি দেয়। এ সময় স্থানীয় জনগণের তোপের মুখে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হেপলু দৌড়ে পালিয়ে যান। পরে ঘাটাইল থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনের লোকজন গিয়ে চালসহ জনতার হাতে আটক দুই ইউপি সদস্যকে উদ্ধার করে।

ইউপি সদস্য আব্দুস ছালাম বলেন, চাল চুরির কোনো ঘটনা ঘটেনি। ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হেপলুর নির্দেশে তারা চালের বস্তাগুলো সরিয়ে নিয়ে দেলুটিয়া থেকে বিতরণ করতে চেয়েছিলেন।

ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হেপলু বলেন, চাল চুরির ঘটনা সঠিক নয়। বিতরণের সুবিধার জন্য চালগুলো দেলুটিয়া গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। একটি পক্ষ ভুল বুঝিয়ে জনতাকে উত্তেজিত করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, চালগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদ ভবনে সিলগালা করে রাখা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৯. জুলাই ২০২২ ০৩:৩৩:এএম ৪ বছর আগে
বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড - Ekotar Kantho

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড

একতার কণ্ঠঃ বঙ্গবন্ধু সেতুতে টো‌ল আদায়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টয় এই সেতু দিয়ে ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা।

এর আগে, গত ঈদুল ফিতরে সর্বোচ্চ ৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ২ শত টাকার টোল আদায় হয়েছিল।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিক সময়ে ১২ থেকে ১৩ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। কিন্তু ঈদকে কেন্দ্র করে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

বুধবার (৬ জুলাই) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টা পর্যন্ত সেতুর উপর দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পরিবহনের সংখ্যা ছিল ২৫ হাজার ১১৩টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯ শত টাকা।
অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৪৮২টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮ শত টাকা।

এর আগে, মঙ্গলবার (৫ জুলাই) রাত ১২টা থেকে বুধবার (৬ জুলাই) রাত ১২টা পর্যন্ত ৩৪ হাজার ৪০৭টি যানবাহন সেতু দিয়ে পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পি জানান, ‘ছোটবড় ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হওয়ার মধ্য দিয়ে সেতু কর্তৃপক্ষ এ রেকর্ড অর্জন করেছে।’
প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বর্তমানে সেতুর টোল আদায় করছে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)।

সর্বশেষ আপডেটঃ ০৯. জুলাই ২০২২ ০১:৩৪:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।