একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার (২ জুলাই) বিকেলে মেয়েটির বাবা বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা দায়ের করেন। ধর্ষণের সহযোগী দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার ( ১ জুলাই) রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের বাসারচালা গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া নাইস আহমেদ (২১) স্থানীয় একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ফরহাদ হোসেন (২২) গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত।
স্থানীয় এলাকাবাসী জানায়, গ্রেপ্তার হওয়া দুই যুবক মামলার প্রধান আসামি সাগর আহমেদের বন্ধু। শুক্রবার রাতে মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দুই যুবককে আটক করলেও ধর্ষণের প্রধান আসামি সাগর আহমেদ (২১) ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
মেয়েটির বাবা জানায়, শুক্রবার রাতে তার মেয়ে প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হলে তিনজন যুবক তার মেয়ের মুখ চেপে ধরে পাশের বনে নিয়ে রায়। এরপর প্রথমে সাগর তাকে ধর্ষণ করে। সাগরের বন্ধুরাও ধর্ষণের চেষ্টা করলে ওই সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সাগর দৌড়ে পালিয়ে যায়। ওই সময় স্থানীয়রা ওই দুই যুবকে আটক করে। পরে শনিবার সকালে গ্রামবাসী পুলিশকে খবর দিলে ওই দুই যুবককে সখিপুর থানা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গ্রামবাসীর হাতে আটক হওয়া দুই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। ধর্ষণের প্রধান আসামি সাগর আহমেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মামলাটি রেকর্ড হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সোনালী নামে ৫ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।শুক্রবার (১জুলাই)সন্ধ্যায় হাদিরা ইউনিয়নের বন্দে হাদিরা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সোনালী ওই গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, ভাদুরী চর মহিলা মাদরাসার ৫ম শ্রেণির ছাত্রী সোনালী তার বান্ধবী রিমার সঙ্গে বৃষ্টিতে ভিজে বাড়ির পাশের ক্ষেতে ছাগল আনতে যায়। এমন সময় বজ্রপাত হয়। রিমা দৌড়ে বাড়ি ফিরতে পারলেও সোনালী মাটিতে পড়ে যায়। বজ্রপাতে তার গলা থেকে নাভি পর্যন্ত পুড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
বৃষ্টির পর রিমার মা বাড়ির পাশে গেলে সোনালীকে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি )মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ি গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল করেন এবং কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘টাংগাইল ব্লাড ফাউন্ডেশন’।শুক্রবার (১ জুলাই ) সকালে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বন্যাকবলিত প্রায় শতাধিক পরিবারে মাঝে ওই ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টাংগাইল ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা শাকিব শামসাদ,ফাউন্ডেশন এর সভাপতি মোঃ রাতুল মিয়া,উদ্যোক্তা মোঃ আসিফ রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক, অনিক চন্দ্র শীল,সহ-সাংগঠনিক সম্পাদক নাছির মন্ডল জিসান,
ব্লাড বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, উপ-ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজমুল মিয়া সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে সামাজিক সংগঠন টাংগাইল ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা শাকিব শামসাদ বলেন, অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের দায়িত্ব। সেই দায়িত্ব বোধ থেকে দীর্ঘ কয়েকবছর ধরে তিনি ও প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রাতুল মিয়া সহ সংগঠনের সদস্যবৃন্দ গরিব দুঃখী, অসহায়, মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সংগঠনের পক্ষ থেকে প্রায় শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো।
তিনি আরো বলেন,তারা চেষ্টা করেছেন অসহায় মানুষের দুঃখগুলো ভাগ করে নিয়ে তাদের মুখে একটু হাসি ফোটাতে। মানুষের জন্য মানবতার এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।
পরে অতিথিবৃন্দ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে:চিড়া,মুড়ি,চিনি,স্যালাইন,ঔষধ সহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর উপর নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা পিকআপকে পেছন থেকে আসা পিকআপের ধাক্কায় রাসেল আহম্মেদ নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো দুই জন।
শনিবার (১ জুলাই) মধ্যরাতে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাসেল দাঁড়িয়ে থাকা পিকআপটির চালক। তিনি টাঙ্গাইলের ধনবাড়ির কেন্দ্রুয়া এলাকার আজিজ আহম্মেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মধ্যরাতের দিকে বঙ্গবন্ধু সেতুর উপর ৪০ নম্বর পিলার এলাকায় ঢাকাগামী মুরগীবাহী একটি পিকআপ নষ্ট হয়। এসময় চালক গাড়িটি মেরামত করার সময় অপর একটি পিকআপ এসে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগীবাহী পিকআপের চালক রাসেল আহম্মেদ নিহত হয়। এসময় আহত হন আরো দুইজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এস আই সরকার ইফতেখারুল মোকাম্মেল জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ও নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় সাহেব আলী মন্ডল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০১ জুলাই) দুপুরে উপজেলার জোকারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী মন্ডল উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গোহালিয়াবাড়ী গ্রামের মৃত কলিম উদ্দিন মন্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে রেললাইনের পাশে গরু চড়াচ্ছিল। এসময় ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশেই ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
গোহালিয়াবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেন দুর্ঘটনার পর পরই ওই যুবকের মৃত্যুর খবর শুনে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় স্বজনরা।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে কর্মরত স্টেশন মাস্টারের কাছে জানতে চাইলে তিনি জানান, ট্রেনে কাটা পড়ে নিহতের কোন খবর তিনি পাননি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার(১ জুলাই) সকালে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রামে এই ঘটনা ঘটে।মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা গ্রামের মোস্তফা আলীর ছেলে তানভীর (৯) এবং প্রবাসী হাফিজুর রহমানের ছেলে জিহাদ ইসলাম (১২)।
তারা লাউফুলা এলাকায় আনোয়ারা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।
আলোকদিয়া ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, সকালে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যায় লিমন, তানভীর ও জিহাদ। তাদের মধ্যে তানভীর ও জিহাদ পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়।
এসময় অপর শিশু লিমন বাড়িতে গিয়ে তার পরিবারকে জানায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কাগমারা ভাঙারপাড় এলাকায় বন্যার পানির স্রোতে ভেঙে যাওয়া স্থানে জনদুর্ভোগ লাঘবে বাঁশের সাঁকো নির্মাণ করেছে এলাকাবাসী।
বুধবার (২৯ জুন) সন্ধ্যায় নিজেদের অর্থায়নে ভাঙা সড়কের ওই অংশে বাঁশের সাঁকো দিয়ে চলাচলের উপযোগী করা হয়।
এর আগে গত রোববার (২৬ জুন) সন্ধ্যায় বন্যার পানির প্রবল স্রোতে পাকা সড়কটি ভেঙে গিয়ে টাঙ্গাইল শহরের সঙ্গে সদর উপজেলার পশ্চিম ও উত্তরাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। জনপ্রতিনিধিরা দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ে মধ্যে মেরামতের ব্যবস্থার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় এ পদক্ষেপ নেন তারা।
স্থানীয়রা জানান, টাঙ্গাইল-যুগনী সড়কের কাগমারা এলাকায় ভেঙে যাওয়ার ফলে সদর উপজেলার বাঘিল ও দাইন্যা ইউনিয়নের কয়েক গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। সড়কটি ভেঙে বন্যার পানি ঢুকে পৌরসভার ৩নং ওয়ার্ডের কাগমারা, দাইন্যা ইউনিয়নের বাইমাইল, বাসারচর, লাউজানা ও বাঘিল ইউনিয়নের কোনাবাড়ী ও ধরেরবাড়ী গ্রামের ফসলি জমি তলিয়ে গেছে। টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী এবং স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জনদুর্ভোগ লাঘবের আশ্বাস দিলেও তিনদিনে তা বাস্তবায়ন হয়নি।
পরে বুধবার বিকেলে ওই এলাকার আব্দুস সবুর মাতব্বর, ব্যবসায়ী রফিকুল ইসলাম স্বপন, আজাদ ফকির, আফসার ফকির, লাল মিয়া, শিহাব মিয়া, ঘটু মিয়া, টুটুল মিয়া, শাহিন মিয়া, রাজু মিয়াসহ যুবকদের উদ্যোগে ও নিজেদের অর্থায়নে বাঁশের ওই সাঁকোটি নির্মাণ করা হয়েছে। এতে যানবাহন চলাচল করতে না পারলেও মানুষ পারাপার হতে পারছে। ফলে মানুষের দুর্ভোগ অনেকটা লাঘব হয়েছে।
ওই এলাকার বাসিন্দা ব্যবসায়ী রফিকুল ইসলাম স্বপন বলেন, এই সড়ক দিয়ে শহরের সঙ্গে বাঘিল ইউনিয়নের দুর্গম যমুনার চরের মানুষ যাতায়াত করে। অনেকেই এই সড়ক দিয়ে মাঝ রাতেও বাড়ি ফেরেন। সড়কটি বন্যায় ভেঙে যাওয়ায় হাজার হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনপ্রতিনিধিরা দুর্ভোগ লাঘবের আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। এ কারণে এলাকাবাসীর উদ্যোগে ও সহযোগিতায় বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছে।
স্থানীয়দের টাকায় সাঁকো নির্মাণের কথা স্বীকার করেছেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম।
তিনি বলেন, দুই-একদিনের মধ্যেই জনসাধারণের চলাচলের জন্য পৌর অর্থায়নে সড়কটির মেরামত কাজ শুরু হবে।
এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর বলেন, দ্রুতই সড়কটি মেরামত করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি নির্বাচনের নৌকার পরাজিত চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণ কান্তিসহ তার অনুসারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২৯ জুন) বিকেলে উপজেলার আটিয়া ইউনিয়নের টাঙ্গাইল-আরিচা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী। হিঙ্গানগর গ্রামের কলাবাগানে সড়কের আয়োজিত মানববন্ধনে নারী, পুরুষ, শিশু বৃদ্ধসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন দে, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জ্ঞানেন্দ্র বাবু, সাধারণ সম্পাদক লায়ন শিবলী সাদিক, আটিয়া ইউনিয়নে নৌকার পরাজিত প্রার্থী কৃষ্ণ কান্ত দে সরকার, শিক্ষক সুনীল দে ও দেলদুয়ার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এটা একটা পরিকল্পিত হামলা। কৃষ্ণ কান্তি দের উপর হামলারকারীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেলদুয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন মিয়া জানান, ২৭ জুন হামলার ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। এরপরও আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জুন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে গত ২৬ জুন রোববার বিকেলে ইউনিয়নের ছিলিমপুর বাজারে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও আটিয়া ইউনিয়ন আওয়ামীলীগেরর সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্তি দে সরকারসহ তার অনুসারীদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়।
একতার কণ্ঠঃ: বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত ইউজিসি কর্তৃক প্রণীত অভিন্ন নীতিমালা প্রতিহত ও বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি। বুধবার(২৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (বাআবিকফ) এর আহবানে ওই মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন:- ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি এস এম মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হাকিম।
মানববন্ধন কর্মসুচিতে বক্তাগণ বলেন, ইউজিসি কর্তৃক প্রণীত প্রহসনের অভিন্ন নীতিমালা অনতিবিলম্বে প্রত্যাহার বা সংশোধন না করা হলে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীবৃন্দ আরও কঠোর কর্মসুচি গ্রহণ করতে বাধ্য হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্রাবাসে শিশু শিক্ষার্থী শিহাব মিয়াকে হত্যা মামলায় ওই স্কুলের এক শিক্ষককে মঙ্গলবার (২৮ জুন) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ওই শিক্ষকের নাম আবু বক্কর (৩৫)। তিনি সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক শিক্ষক। রোববার (২৬ জুন) রাতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। শিহাবের মা আসমা আক্তার বাদী হয়ে সোমবার (২৭ জুন) আবু বক্করকে প্রধান আসামি করে ছয় শিক্ষকের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও সাত/আট জনকে আসামি করা হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, মামলা দায়েরের পর আবু বক্করকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান সাত দিনের রিমান্ড চান। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শামসুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রকাশ, গত ২০ জুন শহরের বিশ্বাস বেতকা সুপারি বাগান এলাকার সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্রাবাস থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করা হয়। পরে ছাত্রাবাসের আবাসিক শিক্ষকরা তার মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।
শিহাব সখীপুর উপজেলার বেরবাড়ী গ্রামের প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে। শিহাবকে চার মাস আগে সৃষ্টি একাডেমিক স্কুলে ভর্তি করা হয়। সে সুপারি বাগান এলাকায় ওই স্কুলের ছাত্রাবাসে সপ্তম তলায় থাকতো।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে শিহাবের ময়না তদন্ত হয়। শেখ হাসিনা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মিয়ার নেতৃত্বে তিন সদস্যের চিকিৎসক দল শিহাবের ময়না তদন্ত করেন। গত রোববার (২৬ জুন) টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান ময়না তদন্তের প্রতিবেদন পুলিশ সুপারের কার্যালয়ে পাঠান। শিহাবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।
শিহাবের মরদেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ ও হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে দফায় দফায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে শিহাব হত্যার বিচারের দাবিতে জেলা ছাত্রলীগ সমাবেশ করে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের লোকদেও গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী, সতীন হাসনা ও তার সন্তান হাসান সহ বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শেফালি বেগম (৪৫) ওই গ্রামের গোলাপ হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানা যায়, গোলাপ হোসেনের দুই স্ত্রী। পারিবারিক কলহের জেরে গত এক সপ্তাহ পূর্বে প্রথম স্ত্রী হাসনাকে তালাক দেন গোপাল হোসেন। পরে স্থানীয় লোকজন শালিসী বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করে প্রথম স্ত্রীর সকল পাওয়া-দেওনা পরিশোধ করতে হবে গোলাপ হোসেনকে।
এক পর্যায়ে প্রথম স্ত্রী একটি ঘর বিক্রির সিদ্ধান্ত নেয়। ঘরটি পাঁচ হাজার টাকা দাম করে দ্বিতীয় স্ত্রী রেখে দিতে চাইলেও তাতে দ্বিমত পোষণ করেন হাসনা। সোমবার(২৭ জুন) সন্ধ্যায় তাদের দুই সতীনের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। বাক-বিতণ্ডার একপর্যায়ে প্রথম স্ত্রীকে দেখে নেয়ার হুশিয়ারি দেয় দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী ও তার সন্তান বাড়ি থেকে চলে গিয়ে এক প্রতিবেশির বাড়িতে রাত্রীযাপন করেন।
মঙ্গলবার সকালে প্রথম স্ত্রীর সন্তান তার বাবাকে বাড়িতে ডাকতে গেলে দ্বিতীয় স্ত্রী ক্ষতবিক্ষত লাশের পাশে গোলাপ হোসেনকে দেখতে পায়। বিষয়টি জানাজানি হওয়ার পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
এ প্রসঙ্গে গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবলু জানান, বিষয়টি তিনি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ পুলিশের হেফাজতে রয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারিকভাবে দাফন করা হবে।
মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণের করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী-সতীনসহ বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সৃষ্টি স্কুলের আবাসিকের পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থী শিহাবের হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড় সংলগ্ন টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক ছাত্র-ছাত্রী ওই কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জান্নাতুল মাওয়া শ্যামন্তী, ফারহান নিঝুম, মেহেদী হাসান, আসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা- পঞ্চম শ্রেণির ছাত্র শিহাব মিয়ার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিকে শিহাবের লাশ উদ্ধারের পর থেকেই সাধারণ শিক্ষার্থী, সচেতন মহল, ছাত্রলীগ ও তার পরিবারের পক্ষ থেকে টাঙ্গাইল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। তার মরদেহ উদ্ধারের ঘটনায় রবিবার (২৬ জুন) ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় রবিবার বিকেলে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে সৃষ্টি একাডেমিক স্কুলের অধ্যক্ষসহ ৯ শিক্ষককে আটক করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, রোববার(২৬ জুন) বিকেল ৪টার দিকে সৃষ্টি স্কুলের আবাসিকের দুই শিক্ষক আবু বকর ও মো. নাসিরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব কমান্ডার এএসপি এরশাদুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য র্যাব ৭ শিক্ষককে ও সদর থানার পুলিশ দুই শিক্ষককে নিয়ে গেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, গত ২০ জুন সন্ধ্যায় টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা সুপারি বাগান এলাকায় সৃষ্টি স্কুলের আবাসিক ভবন থেকে পঞ্চম শ্রেণির ছাত্র শিহাব মিয়ার লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান ভবনে দায়িত্বরত শিক্ষকরা।
মৃত শিহাব মিয়া (১১) জেলার সখিপুর উপজেলার বেরবাড়ি গ্রামের প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে।
ওইদিন শিশুটিকে হত্যার অভিযোগ আনে তার পরিবার। পরে লাশ ময়নাতদন্ত শেষে পারিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
এঘটনায় প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।