/ হোম / আমাদের টাঙ্গাইল
শেষ মুহূর্তে টাঙ্গাইলের আরও দুই ইউপির নির্বাচন স্থগিত - Ekotar Kantho

শেষ মুহূর্তে টাঙ্গাইলের আরও দুই ইউপির নির্বাচন স্থগিত

একতার কণ্ঠঃ শেষ মুহূর্তে এসে টাঙ্গাইলের আরও দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। এ ইউনিয়ন দুটি হচ্ছে গোপালপুর উপজেলার হেমনগর এবং মধুপুর উপজেলার ফুলবাগচালা।

নবম ধাপে এই দুটি ইউনিয়নসহ বুধবার(১৫ জুন) জেলার ২২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল। এর আগে রোববার(১২ জুন) মধুপুরের অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, গোপালপুরের হেমনগর ইউনিয়নের সীমানাসংক্রান্ত জটিলতা নিয়ে এক ব্যক্তি উচ্চ আদালতে রিট করেন। ওই রিটের শুনানিতে ইউনিয়ন দুটির নির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন হেমনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে। সেই সঙ্গে ভোটার তালিকা নিয়ে কিছু জটিলতা থাকায় স্থগিত করা হয়েছে ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের নির্বাচন।

বিষয়ে নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জেলা নির্বাচন অফিস।

এর আগে আওয়ামী লীগের এক নেতা নৌকায় যাঁরা ভোট দেবেন না, তাঁদের ভোটকেন্দ্রে আসতে নিষেধ করে বক্তৃতা দেওয়ায় এবং নানা হুমকি দেওয়ায় মধুপুরের অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

সর্বশেষ আপডেটঃ ১৮. জুন ২০২২ ০৫:০০:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে শ্যুটিং করতে এসে বখাটেদের হামলার শিকার প্রযোজক - Ekotar Kantho

টাঙ্গাইলে শ্যুটিং করতে এসে বখাটেদের হামলার শিকার প্রযোজক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নাটকের শ্যুটিং করতে এসে বখাটেদের হামলার শিকার হয়েছেন এক্সিকিউটিভ প্রযোজক সৌরভ ইশতিয়াক।

অভিনেতা মুশফিক ফারহান ও অভিনেত্রী তানজিন তিশা অভিনীত নাটকের শ্যুটিং ১১ জুন থেকে ১৩ জুন মাভাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চসহ বিভিন্ন পয়েন্টে শ্যুটিং হয়। তবে শ্যুটিংয়ের শেষ মুহূর্তে বহিরাগত কিছু বখাটেদের সাথে বাগবিতণ্ডার জেরে আক্রমণ ও মারধরের শিকার হন সৌরভ।

এ বিষয়ে প্রডিউসার সৌরভ মুঠোফোনে জানান, ১০/১২ জন যুবককে শ্যুটিং স্থান থেকে সরে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে খারাপ ব্যবহার করে।

সর্বশেষ আপডেটঃ ১৪. জুন ২০২২ ১০:২৫:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে প্রকাশ্যেই গলানো হচ্ছে ব্যাটারি, স্বাস্থ্যঝুঁকিতে বিশাল জনগোষ্ঠী - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রকাশ্যেই গলানো হচ্ছে ব্যাটারি, স্বাস্থ্যঝুঁকিতে বিশাল জনগোষ্ঠী

‌একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে স্থাপন করা হয়েছে ব্যাটারি পুড়িয়ে একটি অবৈধ সীসা তৈরির কারখানা। এখানে কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করেই প্রকাশ্যেই পুরাতন ব্যাটারি ভেঙে পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছে। এ ছাড়া এই কারখানার বর্জ্য ফেলা হচ্ছে পাশের ধলেশ্বরী নদীতে। পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. মো: মাহবুবুল হক এর মতে, এ ধরনের উন্মুক্ত স্থানে সীসা পোড়ানোর ফলে জীব-বৈচিত্র্য ও মানুষের খাদ্য চক্রে ঢুকে পড়ছে ভারী ও অত্যন্ত বিষাক্ত পদার্থ সীসা। এভাবে ব্যাটারি ভাঙ্গা এবং সীসা গলানোর সময় ক্ষুদ্রকণা বাতাসে ও মাটিতে ছড়িয়ে পড়ছে। যার নেতি বাচক প্রভাব হবে সুদূরপ্রসারী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার কাতুলী ইউনিয়নের ঘোষপাড়া (এসডিএস ব্রিজ সংলগ্ন) এলাকায় পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানা গড়ে উঠেছে। দশ জন শ্রমিক ও কর্মচারী পুরাতন ব্যাটারি ভেঙে প্লেট আলাদা করছে। ব্যাটারির পরিত্যক্ত অংশ আলাদা করে রাখা হয়েছে যত্রতত্র। এই দশজন শ্রমিক খালি গায়ে ও খালি হাতে কোন ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করেই তারা দিনরাত এই কাজ করে যাচ্ছে এই কারখানায়। এছাড়া প্রতিষ্ঠানে কোন সাইনবোর্ড, ট্রেড লাইসেন্স, কলকারখানা অধিদপ্তর এর সার্টিফিকেট, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির নিরাপদ চুল্লি নেই। ফ্যাক্টরির বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পরিত্যক্ত ব্যাটারির বর্জ্য প্লাস্টিক, কার্বন ও ক্ষতিকারক বিভিন্ন ধরনের পদার্থ। টাঙ্গাইলে একটি বেসরকারী পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানের মনোগ্রাম লাগানো একটি হাফ টনী পিক-আপে কারখানায় উৎপাদিত প্রায় ১২০ কেজি সীসা তোলা হচ্ছে ঢাকায় চায়না ফ্যাক্টরিতে পাঠানোর জন্য।

কারখানার কর্মচারী শাহাদাৎ জানান, তিনি সহ মোট দশজন কর্মচারী উত্তরবঙ্গ থেকে এখানে এসেছেন কাজ করতে। মালিকের নির্দেশেই তারা এভাবে ব্যাটারি ভেঙ্গে তা পুড়িয়ে সীসা তৈরি করছেন। মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকারক জেনেও পেটের দায়ে এই কাজ করছেন তারা।

তিনি আরও জানান, দিনের বেলায় ব্যাটারি ভাঙ্গা হয় আর রাত দশটার পর থেকে তা পুড়িয়ে সীসা তৈরি করা হয়। তাদের ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করার কোন চুল্লি নেই। তাই বাধ্য হয়েই উন্মুক্ত স্থানে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানান, ব্যাটারি কারখানার মালিক দু’জন টাঙ্গাইলের ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতার নিকট আত্মীয়। ফলে এলাকাবাসীর ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ উপেক্ষা করেই দীর্ঘদিন ধরে এই কারখানাটির চালাচ্ছে। বিশেষ করে রাতে যখন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হয় তখন এলাকাবাসীর শ্বাস-প্রশ্বাসে ভীষণ কষ্ট হয়।

তারা আরো জানান, ব্যাটারি পোড়ানোর স্থানে কোন ছাউনি না থাকায় বৃষ্টি হলেই, বৃষ্টির পানির সাথে বিষাক্ত বর্জ্য পুরো এলাকায় ছড়িয়ে পরে ও পাশ্বের ধলেশ্বরী নদীতে গিয়ে পরে। একসময় ধলেশ্বরী নদীর এই অংশে প্রচুর মাছ পাওয়া গেলেও, কারখানা চালুর পর থেকেই এখানে কোন ধরনের মাছ পাওয়া যাচ্ছে না।

এ প্রসঙ্গে কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন মিয়া প্রথমে কথা বলতে না চাইলেও পরে জানান, আপনারা খুব ভালো করেই জানেন এই কারখানাটির মালিক কারা। স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের চাপ থাকা স্বত্তেও কারখানাটির বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। এমনকি ব্যবসা পরিচালনার জন্য এই কারখানায় মালিক ইউনিয়ন পরিষদ থেকে কোন ট্রেড লাইসেন্সও গ্রহণ করেনি। তিনি ফ্যাক্টরি বন্ধে নিজের অসহায়েত্বের কথা স্বীকার করেন।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দীন জানান, এই অবৈধ ফ্যাক্টরির বিষয়ে তিনি অবগত নন। তবে এভাবে প্রকাশ্যে জায়গায় ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করলে বায়ু দূষণ ও আশে পাশে বসবাসরত প্রাণীর মারাত্মক ক্ষতির কারণ হয়। তিনি দায়িত্ব নেয়ার পর ইতিমধ্যে দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নে একটি অবৈধ ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানা উচ্ছেদ করেছেন।

তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব এই অবৈধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই উচ্ছেদ প্রক্রিয়ায় স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করেন তিনি।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন জানান, তিনি বেশ কয়েকজন সাংবাদিকের ফেসবুক লাইভে এই অবৈধ কারখানার বিষয়ে জেনেছেন। যত দ্রুত সম্ভব এই অবৈধ কারখানা উচ্ছেদে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উন্মুক্ত স্থানে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা প্রসঙ্গে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনভারমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ও পরিবেশ বিজ্ঞানী ড মো: মাহবুবুল হক বলেন, সীসা একটি ভারী ও নিউরো টক্সিক পদার্থ যা মানুষের সরাসরি সংস্পর্শে এলে মস্তিষ্ক, কিডনি ও লিভারে বিশেষ ক্ষতি সাধন করে। উন্মুক্ত স্থানে সীসা পোড়ানোর ব্যাপারে একটি নীতিমালা প্রণয়ন করা উচিত। এই নীতিমালার অধীনে সীসা উৎপাদন ও বিপননে কঠোর তদারকি দরকার। উন্মুক্ত স্থানে ব্যাটারি পোড়ানোর ফলে এই ভারী ও বিষাক্ত পদার্থ সীসা আমাদের খাদ্য চক্র ও জীবন চক্রে ঢুকে পড়ছে। যার নেতিবাচক প্রভাব সুদূরপ্রসারী। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য,দীর্ঘ সময় ধরে পুরনো ও পরিত্যক্ত ব্যাটারি থেকে সীসা আহরণ কারখানাগুলো দেশে নিদারুণ দূষণ ও প্রাণহানি ঘটিয়ে চলেছে। এসব কারখানা গড়ে উঠছে দেশের সর্বত্র, কোনো পরিকল্পনা ছাড়াই। মানছে না বিদ্যমান পরিবেশ আইন। জনস্বাস্থ্য, প্রাণবৈচিত্র্য ও বাস্তুতন্ত্র তছনছ করে দিচ্ছে। শালবন থেকে হাওর, পাহাড় থেকে নদী অববাহিকা, কৃষিজমি থেকে বন্দর নানা স্থানে গড়ে ওঠা এসব ব্যাটারি কারখানার মাধ্যমে মানুষসহ প্রাণীর শরীরে ঢুকছে সীসার বিষ, প্রতিবেশ ব্যবস্থায় ঘটছে গোলমাল। সব ব্যাটারি কারখানাই গড়ে উঠেছে বসতি এলাকায়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দেখা গেছে, এসব ব্যাটারি কারখানার অধিকাংশেরই কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, কারখানায় পরিবেশ আইন অনুযায়ী কোনো বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি নেই। মাঝেমধ্যে পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব কারখানাকে জরিমানা করছে কিংবা সিলগালা করে বন্ধ করে দিচ্ছে। এভাবে দেশের নানা প্রান্তে গড়ে ওঠা পুরনো ব্যাটারি কারখানার মাধ্যমে যদি দেশের সর্বত্র সীসার বিষ ছড়িয়ে পড়ে, তবে তা গবাদি প্রাণিসম্পদ, মানুষ থেকে শুরু করে প্রকৃতিতে তৈরি করবে এক নিদারুণ বিশৃঙ্খলা।

সর্বশেষ আপডেটঃ ১৮. জুন ২০২২ ০৮:২৬:পিএম ৪ বছর আগে
৫৬ টাকায় চাকরি পেলেন ৪৪ তরুণ-তরুণী - Ekotar Kantho

৫৬ টাকায় চাকরি পেলেন ৪৪ তরুণ-তরুণী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মমরেজ গলগন্ডা গ্রামের কৃষক এস এম আব্দুল কদ্দুছের ছেলে এস এম মার্জুল হক মুন্না। দুই বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ।

পরিবারের অভাব অনটনের মধ্য দিয়ে কষ্টে ইংরেজিতে ২০১৭ সালে অনার্স ও ২০১৮ সালে মাস্টার্স শেষ করেন তিনি। বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির আবেদন ও পরীক্ষাও দিয়েছেন। এছাড়া গত ৪৪তম বিসিএস পরীক্ষা দিয়েছেন। কোথাও কোন চাকরি না হওয়ায় টিউশনি করে নিজের খরচ ও পরিবারকে সহযোগিতা করেন। সেই মুন্না মাত্র ৫৬ টাকার বিনিময়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদে নিয়োগ পেয়েছেন।

মার্জুল হক মুন্না বলেন, খুব কষ্ট করে পড়াশোনা করেছি। বিনামূল্যে সরকারি চাকরি পাবো তা কখনও কল্পনাও করিনি। তবে ইচ্ছে শক্তি ছিলো সরকারি চাকরি পাবো। সেই ইচ্ছে শক্তি থেকেই সরকারি চাকরি পাওয়ায় আমি খুব আনন্দিত। মাত্র ৫৬ টাকায় চাকরি হবে এটা ধারণার বাইরে।

শুধু মুন্না নয়, মাত্র ৫৬ টাকায় (৫০ টাকা ড্রাফট ও ৬ টাকা টেলিটক সিমের) জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পেয়েছেন ৪৪ জন। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৯টি পদে ৪৫ জন নিয়োগের লিখিত পরীক্ষার জন্য আবেদন করেন ৬ হাজার ৭০১ জন প্রার্থী। এর মধ্যে অফিস সহায়ক পদে (ডিসি ও ইউএনও অফিস) পাঁচ জনের বিপরীতে চার হাজার ৫১৭ প্রার্থী, নিরাপত্তাকর্মী (ডিসি অফিস ও ইউএনও অফিস) ২০ জনের বিপরীতে এক হাজার ৫৮১ প্রার্থী, পরিচ্ছন্নতা কর্মী (ডিসি ও ইউএনও অফিস) ৯ জনের বিপরীতে ২৫২ প্রার্থী, বেয়ারার ৪ জনের বিপরীতে ১৭৯ প্রার্থী, নিরাপত্তাকর্মী (সার্কিট হাউজ) ৩ জনের বিপরীতে ১১৫ প্রার্থী, ভাবুর্চি পদে এক জনের বিপরীতে ৬ জন প্রার্থী, সহকারী ভাবুর্চি পদে এক জনের ৯ জন প্রার্থী, মালি পদে এক জনের বিপরীতে ২০ জন প্রার্থী ও পরিচ্ছন্নতাকর্মী (সার্কিট হাউজ) পদে এক জনের বিপরীতে ২৯ জন প্রার্থী আবেদন করেন।

গত ৩ জুন ৮টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪ জুন মৌখিক পরীক্ষা শেষে রাতেই ফল ঘোষণা করা হয়। ১২ জুন তারা সকালে জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। নিয়োগপ্রাপ্ত ৪৪ জনের ৪০ জনই অনার্স/মাস্টার্স পাস। এছাড়াও বাবুর্চি ও পরিচ্ছন্নকর্মী এইচএসসি পাস।

পরিচ্ছন্নতাকর্মী পদে চাকরি পাওয়া মির্জাপুরের পাহাড়পুর গ্রামের কৃষক ঠান্ডু মিয়ার ছেলে অনার্স ফাইনাল বর্ষের ছাত্র মো. শহিদুল ইসলাম বলেন, আগে শুনেছি ডিসি অফিসে চাকরি পেতে ১০ থেকে ১২ লাখ টাকা লাগে। এই ভয়ে প্রথমে আবেদন করতে চাইনি। পরে পরিবারের সদস্যদের পরামর্শে আবেদন করেছি। চাকরি পেতে মাত্র ৫৬ টাকা লেগেছে। বিনামূল্যে চাকরি হওয়ায় আমি খুব খুশি।

নিরাপত্তাকর্মী পদে চাকরি পাওয়া সদর উপজেলার কুইজবাড়ী গ্রামের আ. রহিম মিয়া বলেন, এতদিন জানতাম ঘুষ ছাড়া চাকরি হয় না। আজ প্রমাণ হলো ঘুষ ছাড়া নিজের মেধা ও যোগ্যতায় সরকারি চাকরি পাওয়া যায়। বিনামূল্যে চাকরি পাওয়ায় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জানান, সরকারি বিধি অনুসরণ করে সততার সাথে তিনি ও তার সহকর্মীরা নিয়োগ দিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন।

সর্বশেষ আপডেটঃ ১৪. জুন ২০২২ ০৮:৫৬:পিএম ৪ বছর আগে
কাকুয়া ইউনিয়নে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর মোটরসাইকেল শোভাযাত্রা - Ekotar Kantho

কাকুয়া ইউনিয়নে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর মোটরসাইকেল শোভাযাত্রা

একতার কণ্ঠঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছাত্তার (মিলিটারি) মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছেন। সোমবার(১৩ জুন) সকালে উপজেলার কাকুয়া ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রা করেন তিনি।

সোমবার সকালে রুপালী মোড় থেকে তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা শুরু হয়।

এতে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং স্থানীয় সর্বস্তরের জনগণসহ প্রায় পাঁচশত লোক অংশ নেয়।

শোভাযাত্রাটি ইউনিয়নের রুপালী মোড় থেকে শুরু করে সোনালী মোড়, কাকুয়া, রাঙ্গাচুড়া, ওমরপুর, পৌলি, চর পৌলি, দেলদাসহ পুরো ইউনিয়ন প্রদক্ষিন করেন।

এ সময় থেমে থেমে বিভিন্ন বাজারে কুশল বিনিময় ও পথসভা করেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুস ছাত্তার ।

শোভাযাত্রায় আব্দুস ছাত্তার  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও টাঙ্গাইল সদর-৫ আসনের সাংসদ ছানোয়ার হোসেন এমপির হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দাবি করছি। এছাড়াও এলাকার উন্নয়ন, এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে এবং অসহায় দুস্থ মানুষের পাশে দাড়াতে আসন্ন নির্বাচনে অংশ নিতে চাই। তিনি আরো বলেন, দল থেকে মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হবে এমনটাই প্রত্যাশা।

সর্বশেষ আপডেটঃ ১৪. জুন ২০২২ ০৩:০০:এএম ৪ বছর আগে
দেলদুয়ার থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ, ৩ ইউপিতে ভোট স্থগিত - Ekotar Kantho

দেলদুয়ার থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ, ৩ ইউপিতে ভোট স্থগিত

একতার কণ্ঠঃ নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় পুলিশের এক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ এবং তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৩ জুন) ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, নির্বাচনি পরিবেশ বিঘ্নিত হওয়ায় আগামী ১৫ জুন অনুষ্ঠেয় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ও বিদ্যানন্দপুর ইউনিয়ন এবং বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

এ ছাড়া, টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেলদুয়ার থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি

সর্বশেষ আপডেটঃ ১৪. জুন ২০২২ ০২:২৫:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় তাসফিন আহমেদ (১৬) নামের দশম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

নিহত তাসফিন নলুয়া আড়ালিয়া পাড়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে এবং স্থানীয় ইউরেকা শিক্ষা পরিবারের দশম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে,রবিবার(১৩ জুন) বিকেলে সখিপুর-নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী কলাবাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিংএর সাথে ধাক্কা লাগলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

তার এ অকাল মৃত্যুতে পরিবার-পরিজন শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ আপডেটঃ ১৩. জুন ২০২২ ১১:৪৭:পিএম ৪ বছর আগে
গ্যাস’সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ - Ekotar Kantho

গ্যাস’সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ

একতার কণ্ঠঃ গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সদর থানা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার(১৩জুন) সকালে শহরের ভিক্টোরিয়া রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুল রহমান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহ, শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. আজগর আলী, সৈয়দ শাহিন, আজিম উদ্দিন বিপ্লব, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন, জেলা স্বেচ্ছাসেবদকদলের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, বিএনপি নেতা হাদিউজ্জামান সোহেল,সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

সমাবেশে বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন

সর্বশেষ আপডেটঃ ১৩. জুন ২০২২ ০৭:৪২:পিএম ৪ বছর আগে
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা : কারাগারেই থাকছেন মেয়র মুক্তি - Ekotar Kantho

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা : কারাগারেই থাকছেন মেয়র মুক্তি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তার জামিন বিষয়ে রুল তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের পরিপ্রেক্ষিতে সাবেক মেয়র মুক্তিকে কারাগারেই থাকতে হচ্ছে।

সোমবার (১৩ জুন) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে মুক্তির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।

এর আগে গত ২৮ এপ্রিল ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়।

গত ২৭ এপ্রিল এই মামলায় সহিদুর রহমান খান মুক্তিকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ মাসুদ পারভেজ মুক্তিকে জামিন দেন। পরে ২৮ ফেব্রুয়ারি তার অন্তর্বর্তী জামিন বাতিল হয়। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন মুক্তি।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ১৮ জানুয়ারি নিহত হন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদ। তার গুলিবিদ্ধ লাশ কলেজপাড়ার বাসার কাছ থেকে উদ্ধার হয়। এ ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ২০১৪ সালের আগস্ট মাসে গোয়েন্দা পুলিশ আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামের দুজনকে গ্রেপ্তার করে। আদালতে এ দুই আসামির দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যার সঙ্গে জড়িত সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা। তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পার জড়িত থাকার বিষয়টি উঠে আসে।

পরে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন সংসদ সদস্য আমানুর রহমান খান ও তার অপর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ। আমানুর রহমান খান রানা ২০১৬ সালের সেপ্টেম্বরে আত্মসমর্পণ করেন। প্রায় তিন বছর হাজতবাসের পর তিনি জামিন পেয়ে মুক্ত আছেন। তাদের অপর দুই ভাই আত্মগোপনে রয়েছে।

 

সর্বশেষ আপডেটঃ ১৩. জুন ২০২২ ০৭:০৩:পিএম ৪ বছর আগে
‘বারসো রে মেঘা মেঘা’ গানে নেচে ভাইরাল ভাসানীর ৬ ছাত্রী - Ekotar Kantho

‘বারসো রে মেঘা মেঘা’ গানে নেচে ভাইরাল ভাসানীর ৬ ছাত্রী

একতার কণ্ঠঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতীয় জনপ্রিয় কন্ঠশিল্পী এ আর রহমানের ‘বারসো রে মেগা মেগা’ হিন্দি গানে নেচে ভাইরাল হলেন এ বিশ্ববিদ্যালয়েরই ৬ ছাত্রী।

নাচের ভিডিওটি রোকসানা রহমান রিমি নামের ফেসবুক আইডি থেকে সম্প্রতি ভাইরাল হয়।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গঠিত ড্যান্স ক্লাব নৃত্যধারার সদস্যদের আয়োজন ও অংশগ্রহণে ক্যাম্পাসের বিভিন্ন লোকেশনে ভিডিওটি ধারণ করা হয়েছে।
লেখাপড়ার পাশাপাশি নাচের এমন চর্চা নিয়ে জেলার সাংস্কৃতিক অঙ্গণে বেশ প্রশংসা কুড়াচ্ছেন ওই শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, নৃত্যধারার ড্যান্স ক্লাবের প্রতিষ্ঠাতা রোকসানা রহমান রিমি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্রী। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহমানের মেয়ে।
ওই নাচে অংশ নেওয়া অন্যান্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্রী শাহনাজ সুলতানা রুবি, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রী মাইমুনা জীবন একান্ত, পরিসংখ্যান দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রী শাওলী ইসরাত, পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রী ইসরাত ফারজানা অপু, গণিত বিভাগের প্রথম বর্ষ ও প্রথম সেমিস্টারের ছাত্রী সুমাইয়া খান
রোববার (১২ জুন) সন্ধ্যায় এ বিষয়ে নৃত্যধারা ড্যান্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রোকসানা রহমান রিমি জানান ছোট বেলা থেকেই নাচ তার ফ্যাশন ছিল। তবে বিশ্ববিদ্যালয়ে কোন ড্যান্স ক্লাব ছিল না। এ কারণে তিনি উদ্যোগ নিয়ে ২০১৯ সালে ১৫ জানুয়ারি নৃত্যধারা ড্যান্স ক্লাবটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা ৫৪জন।

তিনি বলেন, তিনি বেশ কয়েকটি ন্যাশনাল ড্যান্স কমপিটিশনে অংশগ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচিতি বৃদ্ধির লক্ষে তারা ভারতীয় জনপ্রিয় কন্ঠশিল্পী এ আর রহমানের ‘বর্ষারে ভিগা ভিগা’ হিন্দি গানে নেচে প্রচার করেছেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার বিষয়টিও প্রকাশ পাবে।

 

সর্বশেষ আপডেটঃ ১৩. জুন ২০২২ ০৬:২১:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলের সেই ইউপি নির্বাচন স্থ‌গিত - Ekotar Kantho

টাঙ্গাইলের সেই ইউপি নির্বাচন স্থ‌গিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরের অরণ‌খোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত ক‌রে‌ছে নির্বাচন ক‌মিশন। রোববার (১২ জুন) রা‌তে মধুপুর ইউনিয়ন প‌রিষদ নির্বাচনের রিটা‌র্নিং কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আগে ওই ইউপি নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে গত বুধবার (৮ জুন) বিকেলে উপজেলার অরণখোলা ইউনিয়নের আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহিমের নির্বাচনী সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক।

তিনি বলেন, ‘যারা নৌকা প্রতীকে ভোট দিতে চান না, তাদের ভোটকেন্দ্র যাওয়ার প্রয়োজন নেই। যারা নৌকায় ভোট দেবেন তারাই শুধু কেন্দ্রে আসবেন। মনে রাখবেন, আমরা কিন্তু কে‌ন্দ্রের আশপাশেই অবস্থান করব। এই কেন্দ্রে শতভাগ ভোট নৌকা প্রতীকের হতে হবে। কে‌ন্দ্রে ২৪শ ভোটের ম‌ধ্যে দুই হাজার ভোট কা‌স্টিং হ‌লেও সেই দুই হাজার ভোট নৌকার থাক‌তে হ‌বে।’
প‌রে মুহূর্তেই তার বক্ত‌ব্যের ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ভাইরাল হ‌য়ে যায়।

মধুপুর ইউনিয়ন প‌রিষদ নির্বাচনের রিটা‌র্নিং কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার জানান, রোববার রা‌তে নির্বাচন ক‌মিশন থে‌কে মধুপু‌রের অরণ‌খোলা ‌ইউপি নির্বাচন স্থ‌গি‌তের নি‌র্দেশনা দি‌য়ে চি‌ঠি দেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে কী কারণে নির্বাচন স্থ‌গিত করা হ‌য়ে‌ছে চি‌ঠি‌তে সেটা উল্লেখ করা হয়‌নি। পরব‌র্তী নি‌র্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থ‌গিত রাখতে বলা হ‌য়ে‌ছে।

সর্বশেষ আপডেটঃ ১৩. জুন ২০২২ ০৩:১২:এএম ৪ বছর আগে
মহানবীকে অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ - Ekotar Kantho

মহানবীকে অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

একতার কণ্ঠ: মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বোরবার (১২জুন) সকালে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের দুই সহস্রাধিক শিক্ষার্থীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র সুজন আহমেদ ও ইমন, ৫ম সেমিস্টারের হাসান প্রান্ত ও কম্পিউটার সাইন্সের বিপ্লব হাসান প্রান্ত।

এসময় বক্তারা ভারতীয় পন্য বয়কটসহ নূপুর শর্মার শাস্তি ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাবের আহবান জানান।

সর্বশেষ আপডেটঃ ১৩. জুন ২০২২ ০৩:১৯:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।