/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইলে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেপ্তার ১ - Ekotar Kantho

টাঙ্গাইলে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেপ্তার ১

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা গ্রামে অভিযান চালিয়ে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. শাহীন আলম নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি-দক্ষিণ)অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মো. শাহীন আলম(৪০) কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, গোপনে সংবাদ পেয়ে ডিবি দক্ষিণের এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিহাতী উপজেলার সল্লা গ্রামের একটি টেইলার্সের দোকানের ভেতর অভিযান চালায়।

অভিযানে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. শাহীন আলমকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ১৫ লাখ ৬০ হাজার টাকা।

তিনি আরও জানান, সল্লা গ্রামের জনৈক বিল্লাল হোসেনের বাড়ি ভাড়া নিয়ে মো. শাহীন আলম টেইলার্স চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৮. জুলাই ২০২২ ০১:২৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে মামুন(১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার ( ১৬  জুলাই), উপজেলার বহেড়াতৈল নকিল বিলে ওই ঘটনা ঘটে৷

নিহত মামুন বহেড়াতৈল ইউনিয়নের ভূগলিচালা গ্রামের মোঃ হাকিম মিয়ার ছেলে এবং লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের অধ্যয়নরত ছাত্র।

স্থানীয়রা জানান, শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মামুন সহ ৪-৫ জন বন্ধু মিলে বহেড়াতৈল নকিল বিলে সাঁতার কাটতে নামে। হঠাৎ মামুন ও শাহেদকে পানিতে ডুবতে দেখে বন্ধুরা চিৎকার শুরু করে।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ৫ মিনিটের মধ্যেই শাহেদকে উদ্ধার করা হলেও প্রায় ১ ঘন্টা খোঁজাখোঁজির পর মামুনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।]

মামুনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ আপডেটঃ ১৭. জুলাই ২০২২ ০১:০৩:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩

একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন।

জানা গেছে, ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে।

এতে যানজটে আটকা পড়ে কর্মস্থলগামী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে সকাল পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. জুলাই ২০২২ ০৪:৪৭:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে গোছল করতে গিয়ে পানিতে ডুবে মার্জিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

শিশু মার্জিয়া উপজেলার ফুলকি ইউনিয়নের জশিহাটি গ্রামের প্রবাসী বাবুল মিয়ার মেয়ে। মার্জিয়া জশিহাটি সরকারি প্রোথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। সে ঈদের পর (১২ জুলাই) মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।

জানা যায়, মার্জিয়া ঈদের পর মঙ্গলবার (১২ জুলাই) মা ফরিদা বেগমের সাথে কাঞ্চনপুর নানার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার মার্জিয়া লোকজনের অগোচরে বাড়ির পূর্বপাশে রাস্তার কালভার্টের কাছে বাড়ির অন্যান্য সাথীদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

মার্জিয়ার ডুবে যাওয়া দেখে তার খালাত ভাই ও মামাত ভাই দৌড়ে এসে বাড়িতে খবর দিলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সালেহ খান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৫. জুলাই ২০২২ ০৮:৩৯:এএম ৪ বছর আগে
এসপি দেওয়ান লালনের জানাজা অনুষ্ঠিত, আইজিপির শোক - Ekotar Kantho

এসপি দেওয়ান লালনের জানাজা অনুষ্ঠিত, আইজিপির শোক

একতার কণ্ঠঃ পুলিশ সুপার (এসপি) দেওয়ান লালন আহমেদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বাদ আসর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিরা, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন জানাজায় অংশনেন।

জানাজা শেষে আইজিপি মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, এসবির অতিরিক্ত আইজি ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে অন্যান্য নেতারা, ট্যুরিস্ট পুলিশের পক্ষে অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া, ২৪তম বিসিএস ফোরাম, ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচ এবং গীতিকবি সংঘ বাংলাদেশ মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে শেষ শ্রদ্ধা জানান। তাকে টাঙ্গাইলে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আইজিপির শোক

পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদের মৃত্যুতে আইজিপি ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বাণীতে আইজিপি বলেন, দেওয়ান লালন আহমেদ একজন প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা একজন দক্ষ কর্মকর্তাকে হারালাম।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান জানান, ট্যুরিস্ট পুলিশে কর্মরত পুলিশ সুপার (এসপি) দেওয়ান লালন আহমেদ (৪৩) হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর দেড়টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেন।

তিনি ঢাকায় ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) পদে কর্মরত ছিলেন।

তিনি বৃহস্পতিবার সকালে অসুস্থতাবোধ করলে তাকে দ্রুত রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ঢাকায় নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, এক বোন ও এক ভাইসহ আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ছাঁওয়ালী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. নুরুল ইসলাম এবং মাতা মরহুমা রওশন আরা বেগম।

দেওয়ান লালন আহমেদ ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচে ২০০৫ সালের ২ জুলাই সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি এ বছর জুলাই মাসের ৭ তারিখে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে যোগদান করেন।

সর্বশেষ আপডেটঃ ১৫. জুলাই ২০২২ ০২:১৪:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ঘরে ঘরে ঠান্ডা-জ্বর, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা - Ekotar Kantho

টাঙ্গাইলে ঘরে ঘরে ঠান্ডা-জ্বর, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ঘরে ঘরে জ্বর ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এতে ফার্মেসিগুলোতে নাপা ও প্যারাসিটামিটাল জাতীয় ওষুধের চাহিদা বেড়েছে কয়েক গুণ। বিশ্লেষকদের দাবি, বন্যা ও প্রচণ্ড গরমের কারণে শিশু ও বৃদ্ধসহ সব শ্রেণির মানুষজন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেনে।

এদিকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে চিকিৎসকরা।

খোঁজ নিয়ে জানা যায়, শহর থেকে শুরু করে জেলা প্রত্যন্ত অঞ্চলেও ঘরে ঘরে মানুষ জ্বর ও ঠান্ডায় আক্রান্ত হচ্ছেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও শহরের কয়েকটি বেসরকারি ক্লিনিকে বিগত দিনের তুলনায় গত এক সপ্তাহ ধরে জ্বর-ঠান্ডা রোগীর সংখ্যা বেড়েছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে কতোজন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

শহরের দিঘুলীয়া এলাকার এসএম আওয়াল মিয়া বলেন, ‘আমি, আমার স্ত্রী, দুই ছেলে ও ভাতিজাসহ পরিবারের ছয় জন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। চিকিৎসকের পরমর্শে ওষুধ খাচ্ছি। এখন মোটামুটি সুস্থ।’

পশ্চিম আকুরটাকুর পাড়ার তোফাজ্জল হোসেন বলেন, ‘আমার স্ত্রী ও ছেলে এবং মেয়ের জ্বর হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই সবার চিকিৎসা চলছে। এছাড়াও আমার বাড়ি আশে পাশের অনেকেই জ্বরে আক্রান্ত।’

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া দক্ষিণপাড়া গ্রামের আরিফ হোসেন বলেন, ‘গত চার দিন ধরে আমার দেড় বছরের ছেলে জ্বরে আক্রান্ত। মঙ্গলবার বেশি অসুস্থ হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন ধরে হাসপাতালে রেখে তার চিকিৎসা চলছে। চিকিৎসার পর সে এখন সুস্থর দিকে।’

শহরের নিউ মার্কেট এলাকার শফিক মেডিক্যাল হলের প্রোপাইটর শফিকুল ইসলাম শফিক ও নতুন বাস টার্মিনাল এলাকার আমিনা ফার্মেসির প্রোপাইটর মো. মামুনুর রশিদ বলেন, অন্য যে কোনো সময়ে তুলনায় গত এক সপ্তাহ ধরে জ্বর-ঠান্ডার ওষুধ বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও কোম্পানি দাম বাড়াবে বলে নাপা জাতীয় ওষুধের সাপ্লাই বন্ধ রয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘দেশে আবার করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে। তাই আমি মনে করি জ্বর-ঠান্ডা করোনার উপসর্গ। নাপাসহ প্যারাসিটামাল জাতীয় ওষুধ সঙ্কটের বিষয়টি আমার জানা নেই। তবে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নাপাসহ বিভিন্ন ওষুধের পর্যাপ্ত মজুত আছে।’

সর্বশেষ আপডেটঃ ১৫. জুলাই ২০২২ ১২:২২:এএম ৪ বছর আগে
স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত - Ekotar Kantho

স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান সিরাজ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রথমে কালিহাতী শাজাহান সিরাজ কলেজে শাজাহান সিরাজের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের আয়োজনে রাবেয়া সিরাজ একাডেমিক ভবনে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় কলেজের অধ্যক্ষ মো. গোলাম আম্বিয়া সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি, শাজাহান সিরাজের পুত্রবধূ ফারজানা খান এনা, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি, শিক্ষক প্রতিনিধি রশিদুল ইসলাম রতন, কর্মচারীদের পক্ষ থেকে হাবিবুর রহমান এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে নাইমুর রহমান প্রমুখ।

এছাড়াও ব্যাংকক থেকে জুমে বক্তব্য রাখেন শাজাহান সিরাজের সহধর্মিণী বেগম রাবেয়া সিরাজ।
স্বরণ সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের প্রভাষক তারিকুল ইসলাম।

সর্বশেষ আপডেটঃ ১৫. জুলাই ২০২২ ০১:৪৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (১৪জুলাই) ভোরে উপজেলার বিয়ারামারুয়া এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাষ্টার আব্দুল মান্নান।

নিহত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, বৃহস্পতিবার ভোরে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি বিয়ারামারুয়া এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাষ্টার আব্দুল মান্নান জানান, নিহত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ নিয়ে যাবে। পরিচয় শনাক্ত হওয়ার পর আইনি প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৪. জুলাই ২০২২ ০৯:৩০:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে যমুনায় ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে যমুনায় ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে ফুফুর বাড়িতে ঈদে বেড়াতে এসে যমুনা নদীতে ডুবে মারা গেছেন এসএসসি পরীক্ষার্থী শারমিন (১৫)।বৃহস্পতিবার(১৪ জুলাই) সকালে যমুনা নদীর গন্ধভপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতী এলাকার ফার্নিচার ব্যবসায়ী আব্দুল ছামাদের মেয়ে শারমিন ডিগ্রী হুগড়া গ্রামে তার ফুফুর বাড়িতে ঈদে বেড়াতে আসে। বুধবার(১৩ জুলাই) বিকেলে শারমিন কয়েকজন সহপাঠীদের নিয়ে যমুনা নদীর পারে খেলতে যায়। একপর্যায়ে তারা নদীর পারে পানিতে নামলে পানির প্রবল স্রোতে শারমিন তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে শারমিনকে ঐদিন না পাওয়া গেলেও বৃহস্পতিবার গন্ধভপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় শারমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৪. জুলাই ২০২২ ০৮:২৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা দেলদুয়ার থান পুলিশ। বুধবার(১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আরমান আলী জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি পানিতে অর্ধডুবন্ত অবস্থায় ছিল। ধারনা করা হচ্ছে, মঙ্গলবার ভোড় ৪টার পরে পানিতে ডুবে যুবকটি মারা গেছেন। সে সনাতন ধর্মাবলম্বী বলে মনে হয়েছে। লাশের পড়নে ব্লু রঙের একটি ট্রাউজার ছিল। ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আসল ঘটনা জানা যাবে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৪. জুলাই ২০২২ ০২:৩২:এএম ৪ বছর আগে
এসআই পরিবহনের সেই বাস চালক আটক - Ekotar Kantho

এসআই পরিবহনের সেই বাস চালক আটক

একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সিরাজগঞ্জের এসআই পরিবহণ বাসের ধাক্কায় অটোরিক্সার দুইযাত্রী খালা ও ভাগ্নি মৃত্যুর ঘটনায় জড়িত সেই ঘাতক বাস চালককে আটক করেছে র‍্যাব-১২।

আটক চালক নাজমুল হাসান (২৫) সিরাজগঞ্জ সদর উপজেলার জানপুর গ্রামের মো. হাসমত আলীর ছেলে। মঙ্গলবার বিকেলে দূর্ঘটনা কবলিত বাসসহ চালককে মির্জাপুর উপজেলার পাকুল্লা থেকে আটক করা হয়।

বুধবার (১৩ জুলাই)দুপুরে র‍্যাব-১২ এর সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে সিএনজি চালিত অটোরিক্সায় এলেঙ্গা থেকে গাজিপুরের দিকে যাচ্ছিলেন চারজন। এ সময় টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় বেপরোয়া গতির এস আই পরিবহণের একটি বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী খালা-ভাগ্নি নিহত ও ২ জন গুরুতর আহত হন। এ ঘটনায় নিহতরা হলেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা কাঠুয়াজারি গ্রামের কুদ্দুসের মেয়ে মৌসুমি ও তার ভাগ্নি জামালপুর জেলার  চেকি মারি গ্রামের রেজাউল এর মেয়ে রিয়া মনি।
তিনি আরও জানান, যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দেওয়ার পর ঘাতক চালক বেপরোয়া গতিতে বাসটি নিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে র‍্যাবের একটি আভিযানিক দল ঘাতক চালক ও বাসটিকে আটক করার জন্য বাসটির পিছু ধাওয়া করে। একপর্যায় মির্জাপুর উপজেলা পাকুল্লা এলাকা থেকে ঘাতক চালক নাজমুল হাসান (২৫) আটক করতে সক্ষম হয় র‍্যাব। আটক চালক নাজমুল হাসান সিরাজগঞ্জ সদর উপজেলার জানপুর
গ্রামের মো. হাসমত আলীর ছেলে।
রাতেই ঘাতক বাস চালকের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় ধারা-সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০৫/৯৮ ধারায় দায়ের করে র‍্যাব। বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট ঘাতক চালক নাজমুল হাসান (২৫) কে সুস্থ্য অবস্থায় পরবর্তীতে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে

সর্বশেষ আপডেটঃ ১৪. জুলাই ২০২২ ০২:৩৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ফেনসিডিল সহ যুবক আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে ফেনসিডিল সহ যুবক আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের বেলটিয়াবাড়ী নামক স্থানে বুধবার(১৩ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ মো. রাজিব আলী নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আটককৃত মো. রাজিব আলী(২৫) নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার চকমাহাপুর গ্রামের মো. নুরনবী মন্ডলের ছেলে।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য বেলটিয়াবাড়ীস্থ টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে অভিযান চালায়। অভিযানে ৫০ বোতল ফেনসিডিল(মূল্য প্রায় ৫০ হাজার টাকা), একটি মোটরসাইকেল ও নগদ একহাজার ৪৭০টাকা সহ মো. রাজিব আলীকে আটক করা হয়।

র‌্যাব-১২ আরও জানায়, আটককৃত মো. রাজিব আলীর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৪. জুলাই ২০২২ ০১:১৮:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।