/ হোম / ভূঞাপুর
টাঙ্গাইলে পাঠাভ্যাস উন্নয়নে শিক্ষক-উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে পাঠাভ্যাস উন্নয়নে শিক্ষক-উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভুয়াপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র শিক্ষক-উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়।

এই কর্মশালায় ভুয়াপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪৯টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও একজন সহকারী শিক্ষক (লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান) ও সংগঠক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি ও কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে সামগ্রিক ধারণা প্রদান করা হয়।

ভুয়াপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছাঃ নারগিস বেগম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান , ইব্রাহীম খাঁ সরকারি কলেজেরের অধ্যাপক মোঃ আশরাফ হোসেন।

কর্মশালাটি পরিচালনা করেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির মনিটরিং অফিসার নঈম জাহাঙ্গীর পরাগ।

অনুষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ণ কর্মসূচির উপর বিস্তারিত বক্তব্য রাখেন টিম ম্যানেজার মোঃ আবু হুরায়রা।

পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপনা করেন অ্যাসিসট্যান্ট ম্যানেজার মোঃ ইকবাল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসিসট্যান্ট ম্যানেজার বিদ্যাপতি বিশ্বাস, ডেপুটি টিম লিডার ( প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন বলেন, বর্তমান সৃজনশীল শিক্ষা ব্যবস্থার সাথে মানিয়ে নেয়ার ক্ষেত্রে পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল বই পড়া উচিত।

কর্মশালায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় :

স্কিমভুক্ত সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অনুকূল পরিবেশ তৈরি করা;

উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ ও মূল্যায়ন কর্মশালা আয়োজন করা;

প্রতিষ্ঠানে বই পড়া ব্যবস্থাপনা তদারকি করা; বই পড়ার ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে পুরস্কার প্রদান করা;

প্রতিষ্ঠানের লাইব্রেরির মান উন্নয়নে সহযোগিতা করা; বই পড়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা;

অনলাইনে বইপড়া কার্যক্রম ও ডিজিটাল লাইব্রেরি তৈরি করা।

তাদের বয়স ও মন-উপযোগী সুন্দর সুখপাঠ্য এবং উন্নত মানসম্পন্ন বাংলা ও ইংরেজি বই পড়ার অভ্যাস গড়ে তোলা।

সর্বশেষ আপডেটঃ ০১. ফেব্রুয়ারী ২০২৩ ১২:০৮:এএম ৩ বছর আগে
বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ নির্ধারিত সময়ের মধ্যেই: রেলমন্ত্রী - Ekotar Kantho

বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ নির্ধারিত সময়ের মধ্যেই: রেলমন্ত্রী

একতার কণ্ঠঃ আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই বঙ্গবন্ধু রেল সেতুর কাজ সমাপ্ত হবে বলে জানিয়েছেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ বা বৈশ্বিক সংকট না ঘটলে নির্ধারিত সময়ের আগেও নির্মাণ শেষ হতে পারে বলে জানান তিনি।

সোমবার(৩০ জানুয়ারি) সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে রেলমন্ত্রী এ কথা বলেন।

প্রকল্প নথি অনুযায়ী, ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি আগামী বছরের আগস্টে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

রেলমন্ত্রী জানিয়েছেন, সেতুর ১ দশমিক ১৫ কিলোমিটার সুপার স্ট্রাকচার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ডাবল লাইন ডুয়েলগেজ রেলসেতুটি চালু হলে যমুনা নদী পার হতে ৫ মিনিট সময় লাগবে। বঙ্গবন্ধু সড়ক কাম রেলসেতুতে গতি সংক্রান্ত বিধিনিষেধের কারণে বর্তমানে যমুনা নদী পার হতে প্রায় ৪৯ মিনিট সময় লাগে ট্রেনের।

২০১৬ সালে নেওয়া ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৫ কোটি টাকার প্রকল্পটি জাপানি সফট লোনে বাস্তবায়ন করা হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৩১. জানুয়ারী ২০২৩ ০১:৩২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বালু চাপা পড়ে নিহত এক, আহত তিন - Ekotar Kantho

টাঙ্গাইলে বালু চাপা পড়ে নিহত এক, আহত তিন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর ঘাটে কাজ করার সময় বালুর স্তুপের নিচে চাপা পড়ে রাশেদুল ইসলাম (২৫) নামে এক ভেকু (মাটি কাটার যন্ত্র) মালিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকার ভাবীর ঘাট নামে পরিচিত বালুর ঘাটে ঘটনাটি ঘটে। এই ঘাটের ইজারাদার হাশেম প্রামানিক।

নিহত রাশেদুল উপজেলার পলশিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। গুরুতর আহত জুয়েল (২৪) সিরাজকান্দি গ্রামের অহসান প্রামানিকের ছেলে।

এ ঘটনায় আহত তিনজনের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও গুরুতর আহত একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বালু চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামের ভেকু (মাটি কাটার যন্ত্র) এর মালিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিকরাইল ইউনিয়নের ২ নং ওয়ার্ড সারপলশিয়া গ্রামের ইউপি সদস্য নুহু।

নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ জানান, বালুর স্তুপ ছিল অনেক উঁচু। এতে তিন চারজন সেই বালুর স্তুপে উঠে সেখানে থাকা পাইপ খুলতে গিয়েছিল। এ সময় বালুর স্তুপ ভেঙে তাদের উপর পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম (পিপিএম) জানান, বালুর স্তুপের নিচে চাপা পড়ে ভেকুর মালিক রাশেদুলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত জুয়েল নামের একজনকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলেও পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২২. জানুয়ারী ২০২৩ ১১:৫০:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে রঙিন ফুলকপি চাষে সফল কৃষক - Ekotar Kantho

টাঙ্গাইলে রঙিন ফুলকপি চাষে সফল কৃষক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় হলুদ ফুলকপি চাষে আরশেদ আলী নামে এক কৃষক সফলতা পেয়েছেন। ভূঞাপুর পৌরসভার ছাব্বিশা এলাকায় প্রথমবারের মতো পরীক্ষা মূলকভাবে রঙিন ফুলকপি চাষ করে সফল হয়েছেন তিনি।

বিষয়টি এলাকায় ব্যাপক সাড়াও ফেলেছে।

এ ব্যাপারে আরশেদ আলী বলেন, নিজ বাড়ির আঙিনার ৩৩ শতক জমিতে প্রতি বছর নানা ধরনের সবজি চাষাবাদ করে থাকি। এবার সেই জমির অর্ধেকাংশে পরীক্ষামূলক রঙিন ফুলকপি চাষ করেছি। আমার এ জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে শুধু জৈব সার প্রয়োগে রঙিন ফুলকপি চাষ করে দ্বিগুণ লাভবান হয়েছি। আমার এমন সফলতা দেখে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সবজি চাষিরা। এছাড়া আমার এই রঙিন ফুলকপির সৌন্দর্য উপভোগ করতে সকাল থেকে বিকেল পর্যন্ত অনেকেই আসেন বাড়িতে। কেউ কেউ কিনে নিয়ে যান। আবার অনেকেই আগ্রহ থেকে পরামর্শ নেন। কেউ রঙিন ফুলকপির সঙ্গে ছবি তোলাসহ ভিডিও ধারণও করেন। আমার রঙিন ফুলকপির সাফল্যে খুশি স্থানীয় কৃষি বিভাগও।

আরশেদ আরও বলেন, উপজেলা কৃষি অফিসের পরামর্শে ও কৃষি অফিস থেকে নতুন জাতের রঙিন ফুলকপির ৪০০ চারা, জৈব সার, পোকা দমন কীটনাশকসহ সব ধরনের সহযোগিতায় পরীক্ষামূলকভাবে বাড়ির পাশে মাত্র ১৫ শতক জমিতে রঙিন ফুলকপির চাষ করেছি। এতে ৪ রঙের ফুলকপি রয়েছে। চারা রোপণের ৭৫-৮০ দিনের মধ্যে জমিতে পূর্ণাঙ্গভাবে ফসলতা পেয়েছি। এই কপি বাজারে নেওয়া মাত্রই বিক্রি হয়ে যায়। দামও পাচ্ছি ভালো ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চীনে এ জাতের ফুলকপি সালাদ হিসেবে খাওয়া হয়। সাদা ফুলকপির চেয়ে রঙিন ফুলকপিতে পুষ্টিগুণ বেশি। দেখতেও খুব সুন্দর। অন্যান্য ফুলকপির চাষের যে পদ্ধতি ওই একই পদ্ধতিতে রঙিনটিও চাষ করা হয়। খরচ ও সময় একই। পাশাপাশি শুধু জৈব সার ব্যবহার করেই এই ফুলকপি চাষ করা যায়। স্থানীয় হাট-বাজার রয়েছে এর অনেক চাহিদা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ূন কবীর বলেন, উপজেলায় এই প্রথম রঙিন ফুলকপি পরীক্ষামূলকভাবে চাষ করার উদ্যোগ নেওয়া হয়। তখন কেউ আগ্রহী ছিল না। পরে আরশেদ আলী নামে এক কৃষক আগ্রহ প্রকাশ করলে তাকে কৃষি অফিস থেকে ৪০০ ফুলকপির চারা, জৈব সার, পোকারোধক কীটনাশক ও পরামর্শ দিয়ে সহযোগিতা দেওয়া হয়। প্রাথমিকভাবে ৪ রঙের ফুলকপি চাষ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আহসানুল বাসার বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণের লক্ষ্যে জেলার ১২ উপজেলাতে পরীক্ষামূলক রঙিন ফুলকপি চাষের উদ্যোগ নেওয়া হয়। তার মধ্যে সবার আগে ভূঞাপুর উপজেলায় সফলতা পাওয়া গেছে। এ জাতের ফুলকপিতে পুষ্টিগুণ বেশি। ক্যান্সার রোধেও বিশেষ ভূমিকা পালন করে এ ফুলকপি। চলতি মৌসুমে পরীক্ষামূলক চাষে সফলতা পাওয়ায় অনেক কৃষক আগামী বছরে বাণিজ্যিকভাবে চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন।

সর্বশেষ আপডেটঃ ২২. জানুয়ারী ২০২৩ ০৩:৫৪:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে কালোবাজির উদ্যোশে মজুদ রাখা ২০০ বস্তা সরকা‌রি চাল জব্দ - Ekotar Kantho

টাঙ্গাইলে কালোবাজির উদ্যোশে মজুদ রাখা ২০০ বস্তা সরকা‌রি চাল জব্দ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে মজুদ সরকারের খাদ‌্য বান্ধব কর্মসূচির (ওএমএস) ২০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ‌্যার দিকে উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়া এলাকা থেকে বাবুল নামের এক চাল ডিলারের গোডাউন থেকে ওএমএসের ২০০ বস্তা চাল জব্দ করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি।

ধুবলিয়া গ্রামের অনেকে জানান, দীর্ঘদিন ধরে কুঠিবয়ড়া গ্রামের আকবর হোসেনের ছেলে বাবুল সরকারি চাল কেনাবেচা করছেন।

হতদরিদ্রদের মধ্যে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ‌্য বান্ধব কর্মসূচির চাল কিনে কালোবাজারি জন‌্য ধুবলিয়া এলাকার একটি ঘরে মজুদ করে রাখতেন। পরে সেখান থেকে ট্রাকযোগে দেশের বিভিন্ন খাদ‌্য গোডাইন ও চালের ডিলারদের কাছের বিক্রি করতেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ‌্যার দিকে কালোবাজির উদ্যোশে মজুদ রাখার খবরে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে ধুবলিয়া এলাকায় চালের ডিলার বাবুলের গোডাইন থেকে ২০০ বস্তা চাল জব্দ করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। এতে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‌্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।

ফলদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম‌্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু বলেন, এখানে গোডাউন ভাড়া নিয়ে সরকারি চাল কালোবাজারি হচ্ছে, সেটা জানা ছিল না। ডিলার বাবুলের বাড়ি অর্জূনা ইউনিয়নের কুঠিবয়ড়াতে। বাবুলের শাস্তি দাবি করছি।

ইউএনও মো. বেলাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সরকারের খাদ‌্য বান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল জব্দ করা হয়েছে। যাচাই বাচাই শেষে আইনগত ব‌্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ২০. জানুয়ারী ২০২৩ ১১:৫১:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় আহত শিশুটি এখন ঢাকা মেডিক্যালে - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় আহত শিশুটি এখন ঢাকা মেডিক্যালে

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত শিশুটির পরিচয় মিলেছে। শিশুটির নাম তাওহীদ। সে পশ্চিম ভূঞাপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

বুধবার (১১ জানুয়ারি) মায়ের সাথে ব্যাটারিচালিত অটোরিকশায় মামার বাড়ি মোমিনপুর গ্রামে যাচ্ছিলো। ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন আরোহী মারা যান। নিহতদের মধ্যে শিশু তাওহীদের মা নার্গিস বেগম (২৫) রয়েছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে আহত তাওহীদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যয় বহন করা হবে।

এরআগে অজ্ঞাত শিশু হিসেবে তাওহীদকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় আঘাত পাওয়া তাওহীদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু তার কোনো স্বজন না থাকায় ঢাকায় নেওয়া যাচ্ছিলো না। রাতে তাওহীদের পরিচয় পাওয়া যায়। তার চাচা তারা মিয়া রাত ১২ টার দিকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।

তারা মিয়া বৃহস্পতিবার সকালে জানান, নিউরো সায়েন্স হাসপাতালে পরীক্ষা নিরিক্ষার পর চিকিৎসকরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ভোর চার টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে শিশু তাওহীদকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বুধবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান ও ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) মো. খায়রুল ইসলাম দেখতে যান। খায়রুল ইসলাম জানান শিশু তাওহীদের চিকিৎসার ব্যয় জেলা প্রশাসন বহন করবে।

এ দিকে বৃহস্পতিবার সকালে ভূঞাপুরের মোমিনপুর গ্রামে তাওহীদের মা নার্গিস বেগমের দাফন সম্পন্ন হয়েছে। দাফনের পর তাওহীদের বাবা লাল মিয়া ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ১৩. জানুয়ারী ২০২৩ ০৬:৫১:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অ‌টো‌রিকশার ৩ যাত্রী নিহত, আহত ৫ - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অ‌টো‌রিকশার ৩ যাত্রী নিহত, আহত ৫

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অ‌টো‌রিকশার তিন যাত্রী নিহত হ‌য়েছেন। এই ঘটানায় গুরুত্বর আহত হয়েছে দুই শিশুসহ পাঁচজন।

বুধবার (১১ জানুয়া‌রি) সকাল ১১টার দিকে তারাকা‌ন্দি-বঙ্গবন্ধু সেতু রেললাই‌নের উপ‌জেলার ফলদা ইউ‌নিয়নের ঢেপাকা‌ন্দি এলাকায় রেলক্রসিং‌য়ে এই ঘটনা ঘ‌টে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে।

তারা হচ্ছেন- ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের আগতেরিল্লা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী লাবনী আক্তার (২৫) ও একই গ্রামের সংগ্রাম আলীর মেয়ে জান্নাতি (১)। নিহত অপর নারীর পরিচয় পাওয়া যায়নি।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের মরদেহ ভূঞাপুর থানায় ও অপর একজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনগামী একটি ট্রেন ভূঞাপুর উপজেলার ঢেপাকা‌ন্দি রেলক্রসিং পার হওয়ার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। ওই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী।

তিনি আরো জানান,অটোরিকশাটি ভূঞাপুর থেকে যাত্রী নিয়ে ফলদা বাজারে যাচ্ছিল। গুরুতর আহতাবস্থায় পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১১. জানুয়ারী ২০২৩ ০৯:০৪:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে কবরস্থানের একটি আম গাছ থেকে ইসমাইল হোসেন (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার অলোয়া ইউনিয়নের চর অলোয়া কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইসমাইল হোসেন ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন কিছুটা ভারসাম্যহীন ছিল ও মাঝে মধ্যে ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। সোমবার রাতে গোবিন্দাসী স্কুলরোড মসজিদের পাশে একটি মাদরাসায় ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। মঙ্গলবার ভোররাতে ঘুম থেকে ওঠে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি।
এরপর সকালে স্থানীয় লোকজন জমিতে কাজ করতে গিয়ে কবরস্থানের আম গাছে ইসমাইলের মরদেহ ঝুলতে দেখেন। তাদের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান,ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১০. জানুয়ারী ২০২৩ ০৯:৪২:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ৪ মাদক ব্যবসায়ী আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে ৪ মাদক ব্যবসায়ী আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ৩৪০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন আপন সহোদর।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে ভূঞাপুর উপজেলার ছাব্বিসা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনে কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২১-১৯৬৩)।

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের মো. সাহেব আলীর ছেলে মো. মরতুজা আলম (২৫) ও মো. সাহাবুদ্দিন আলম (২৩), মো. মফিজ উদ্দিনের ছেলে মো. মাসুদ রানা (২১) ও পীরগঞ্জ উপজেলার খরসিংরা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৪২)।

র‌্যাব-১৪ এর সিপিসি ৩ কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, শুক্রবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাব্বিসা এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। পরে মাদক কারবারিদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি প্রাইভেটকারের ব্যাক ডালার ভেতর দুইটি প্লাস্টিকের বস্তা ও একটি স্কুল ব্যাগ থেকে ৩৪০ বোতল ফেনসিডিল জব্দ হয়। এছাড়াও তাদের কাছ থেকে নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঠাকুরগাঁও সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো তারা।’

র‌্যাবের এই কর্মকর্তা জানান ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩১. ডিসেম্বর ২০২২ ০২:৫৪:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে দেশীয় চালের বস্তায় ভারতীয় মোড়ক, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - Ekotar Kantho

টাঙ্গাইলে দেশীয় চালের বস্তায় ভারতীয় মোড়ক, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

একতার কণ্ঠঃ ভারতীয় মোড়ক ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্লাস্টিকের বস্তায় দেশীয় চাল মজুদ রেখে বিক্রি করে আসছেন টাঙ্গাইলের ভূঞাপুরে কিছু অসাধু চাল ব্যবসায়ীরা।

এমন অভিযোগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দাসী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।

এ সময় বেলাল নামে এক চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে গোবিন্দাসী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে ভারতীয় মোড়ক ব্যবহার করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, এছাড়া জব্দকৃত চালগুলো মিলে দেয়ার জন্য বলা হয়েছে। বাজারে নিয়মিত মনিটরিং করা হবে।

প্রকাশ, গোবিন্দাসী বাজারে দীর্ঘদিন ধরে কিছু অসাধু চাল ব্যবসায়ীরা দেশীয় চাল ভারতীয় মোড়ক ব্যবহার করে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ করে কাটারিভোগ নামে বিক্রি করে আসছে। প্রতিটি বস্তায় চাল উৎপাদন ২০১৭ সাল লেখা রয়েছে।

স্থানীয়রা প্রতারণা করে দেশীয় চাল ভারতীয় মোড়কে বিক্রি করায় প্রশাসনকে অবহিত করে। পরে ভ্রাম্যমাণ আদালত বাজারে অভিযান পরিচালনা করে চাল ব্যবসায়ী বেলালকে জরিমানা করেন।

সর্বশেষ আপডেটঃ ১৬. ডিসেম্বর ২০২২ ০২:০৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ভুয়া ডিবি আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে ভুয়া ডিবি আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় কখনো ডিবি, ডিএসবি, আনসার কমান্ডার, আবার কখনো নিজেকে সরকারি বড় কোনো কর্মকর্তা পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলো, বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের মিজানুর রহমান খানের ছেলে দোলোয়ার হোসেন খান।

ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল জানান, দেলোয়ার বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে ভূঞাপুর রেলস্টেশন এলাকায় ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে। এ সময় তার কথাবার্তা সন্দেহ হলে পুলিশকে বিষয়টি জানান ওই ব্যক্তি। পরে তাকে ঘটনাস্থলে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার প্রতারণার বিষয়টি পরিচয় বেরিয়ে আসে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে ডিবি, ডিএসবি, আনসার কমান্ডার, সরকারি বড় কোন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতো। রোববার বিকেলে ভূঞাপুর রেলস্টেশন এলাকায় প্রতারণাকালে পুলিশ তাকে আটক করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে, প্রতারণার বিষয়টির সত্যতা পাওয়া যায়

সর্বশেষ আপডেটঃ ১২. ডিসেম্বর ২০২২ ১২:২৯:এএম ৩ বছর আগে
ভূঞাপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গ্রেপ্তার - Ekotar Kantho

ভূঞাপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বিস্ফোরক ও নাশকতার মামলায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ রোডের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ জানিয়েছে, বিএনপির ওই নেতাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ১ ডিসেম্বর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৬ জনের নামসহ অজ্ঞাত আরও ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উপজেলার বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শাহীন জানান, পুলিশের দায়ের করা নাশকতা মামলার আসামিদের রবিবার (৪ ডিসেম্বর) হাইকোর্ট থেকে জামিন নেওয়া হয়।

তিনি আরো জানান, জামিনের সেই কাগজ থানায় জমা দেওয়ার জন্য সাধারণ সম্পাদক সেলু ভাই আমার দোকানে বসেছিল। থানায় যাওয়ার আগেই পুলিশ এসে তাকে থানায় ডেকে নিয়ে যায়। পরে তাকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে, থানায় নিয়ে গ্রেপ্তারের পরই সেলিমুজ্জামান তালুকদার সেলু তার ব্যবহৃত ফেসবুকে লিখেছেন, ‘আগাম জামিনের কাগজ দিতে এসে গ্রেফতার হলাম। দোয়া করবেন সকলে।’

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে বানচাল করতে পুলিশ গায়েবি ও মিথ্যা মামলা দিয়েছে। সে মামলায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু আটক হয়েছেন। এর আগে আরও ৩ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, বিএনপির সাধারণ সম্পাদক থানায় কোনো জামিনের কাগজ জমা দিতে আসেননি। তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে নাশকতার মামলা ছিল থানায়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলায় যাদের নাম রয়েছে তারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২২ ০২:০৩:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।