একতার কণ্ঠঃ বাংলাদেশ সরকার পরিবহন খাতে নতুন করে যানবাহনের ভাড়া বৃদ্ধি করেনি। অথচ মহান মে দিবসকে কেন্দ্র করে টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন সড়কে ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছেন উপজেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম আজহার। জেলা শ্রমিক ফেডারেশনের সিদ্ধান্ত ছাড়া এই ভাড়া বৃদ্ধির ঘোষণায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভাড়া বৃদ্ধির ফলে একদিকে যেমন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও অভিভাববকরা বিপাকে পড়েছেন। অন্যদিকে, যাত্রীদের সাথে সিএনজি-অটো রিকশা শ্রমিকদের সাথে সহসাই তর্কবিতর্কে জড়িয়ে পড়ছেন যাত্রীরা।
জানা যায়, সোমবার(১ মে) জেলা পরিষদের সাবেক সদস্য ও সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উপজেলার সভাপতি আজহারুল ইসলাম এই ভাড়া বৃদ্ধির ঘোষণা দেন।
ঘোষণা মতে- ভূঞাপুর থেকে গোবিন্দাসী টি-রোড, স্কুল রোড ও বটতলা আগের ভাড়া ছিল ১০ টাকা। এখন ৫ টাকা বৃদ্ধি করে ১৫ টাকা করা হয়েছে। মাটিকাটা ১৫ টাকার ভাড়া ২০ টাকা। ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইলকান্দি বাজার ও রেলস্টেশন পর্যন্ত ৩০ টাকার ভাড়া থেকে ১০ টাকা বৃদ্ধি করে এখন ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ভূঞাপুর থেকে এলেঙ্গার ভাড়া ৩০ টাকা। তা বৃদ্ধি করে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই রোডে আগে ২৫-৩০ টাকায় এলেঙ্গা যাওয়া যেত। ভূঞাপুর থেকে নলিন ও ফলদার ভাড়া ছিল ২৫ থেকে ৩০ টাকা। এখানেও ১০ টাকা ভাড়া বৃদ্ধি করে ৪০ টাকা করেছে। ঘাটাইলের ভাড়া বৃদ্ধি না করা হলেও পরবর্তীতে বৃদ্ধিরও ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইলকান্দি এলাকার এক কিন্ডারগার্টেন শিক্ষক হাসান মাহমুদ জানান, পাথাইলকান্দি বাজার থেকে ভূঞাপুরের ভাড়া ছিল ৩০ টাকা। বুধবার সিএনজিতে উঠার সময়েই সিএনজি চালক জানালেন ভাড়া ৪০ টাকা। এরআগে ২৫ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও ৩০ টাকা নিতো। এভাবে ভাড়া বৃদ্ধির কোনো মানেই হয় না। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির অজুহাতে ভাড়া বৃদ্ধি করাটা সমুচিত হয়নি। এই ভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান তিনি।
কলেজ ছাত্রী সুমাইয়া খাতুন। সে সিংগুরিয়া থেকে ভূঞাপুরে দিনে দুই বার যাতায়াত করতে হয় তার। সে জানান, সিংগুরিয়া বাসস্ট্যান্ড থেকে আগে ভূঞাপুর বাসস্ট্যান্ডের ভাড়া নিতো ১০ টাকা। দু’দিন ধরে ৫ টাকা ভাড়া বেশি নিচ্ছেন। ভাড়া বৃদ্ধির বিষয়ে তাদের কাছে জানতে চাইলে বলেন- নেতারা ভাড়া বৃদ্ধি করেছে।
সিএনজি চালক রফিকুল ইসলাম ও ইমরান জানান, সব জিনিষের দাম বেড়ে গেছে। নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি না হলেও সিএনজি যাবতীয় যন্ত্রাংশের দাম বাড়ছে কয়েক গুণ। যার কারণে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে।
ভূঞাপুর উপজেলা সিএনজি-অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম জানান,গ্যাসসহ দেশে সব জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। দেড় বছর আগে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। সেই আগের ভাড়ায় চালকদের পোষে না। সরকার নতুন করে ভাড়া বৃদ্ধি করেনি, তাহলে আপনারা কেন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ফোনে সবকিছু বলা যায় না।
ভুঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন জানান, সরকার নতুন করে সড়ক পরিবহনে ভাড়া বৃদ্ধির কোনো ঘোষণা বা প্রজ্ঞাপন দেয়নি। স্থানীয় সিএনজি-অটোরিকশা শ্রমিক সংগঠন থেকে ভাড়া বৃদ্ধির যে ঘোষণাটি দিয়েছে তা অন্যায় ও অনিয়মতান্ত্রিক। বিষয়টির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির জানান, ভূঞাপুরে সিএনজি ও অটোরিকশা ভাড়া বৃদ্ধির বিষয়ে জানতে পেরেছেন। শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একতার কণ্ঠঃ শ্রমিক সংকট নিরসন ও খুব কম সময়ে কৃষকের পাকা বোরো ধান ঘরে তোলার লক্ষ্যে আধুনিক যন্ত্র হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।
সোমবার (১ মে) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের বাস্তবায়িত বোরো ধান প্রদর্শনীর নমুনা শস্য কর্তন ও কৃষক মাঠ দিবসে কৃষক লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার ফলদা ইউনিয়নের মাদারিয়া এলাকায় সন্ধ্যার দিকে কৃষক মজিবর রহমানের ক্ষেতের ধান কেটে ধান কাটার উদ্বোধন করেন তিনি।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় কৃষক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে আধুনিক যন্ত্র হারভেস্টার মেশিন দিয়ে পাকা ধান কাটা (কর্তনের) উদ্বোধন করলাম। এ বছর কৃষকের বোরো ধানের চাষ ও ফলন ভালো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস আক্তার, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ূন কবীর, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু প্রমুখ।
সম্পাদনা-আরমান কবীর
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে খেলতে গিয়ে পাশের পুকুরে পানিতে ডুবে ফাতেমা নামে এক ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বিকাল ৩ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। ফাতেমা একই গ্রামের আব্দুর রহিমের মেয়ে।
প্রতিবেশী জহুরুল ইসলাম রানা জানান ফাতেমা ও আরেক এক শিশু মিলে বাড়ির পাশের ব্রীজের পাশের একটি পুকুর পাড়ে খেলতে ছিল। এক পর্যায়ে পানিতে ডুবে যায়।
স্বজনরা পুকুর পাড়ে এসে দেখে ফাতেমা পানিতে ভেসে ওঠেছে। পরে তাকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে এক স্কুলছাত্রীকে (বান্ধবী) ধর্ষণের ঘটনা ঘটেছে। এসময় স্কুলছাত্রীর দাদি বিষযটি টের পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন বাড়ি থেকে অভিযুক্ত মেহেদী (১৬) এবং সহযোগী শেখ রাফিকে (১৬) কে আটক করে। একই সঙ্গে স্কুলছাত্রীকে উদ্ধার করে। আটকের পর মেহেদী তার বন্ধুদের আটকের খবর দিলে তারা এসে স্কুলছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে মেহেদী ও রাফিকে ছিনিয়ে নেন।
শনিবার রাতে উপজেলার খানুরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেয়ার সময় স্থানীয়দের হাতে ধোলাই খেয়ে বেশ কয়েকজন আহত হয়। পরে আহত রাফি চিকিৎসা নেওয়ার জন্য ভূঞাপুর হাসপাতালে আসে। এ খবর পেয়ে পুলিশ রাফিকে আটক করে।
গ্রেপ্তার শেখ রাফি উপজেলার গোবিন্দাসী গ্রামের মিজানুর রহমান ওরফে জহুরুলের ছেলে এবং অভিযুক্ত একই গ্রামের ইদ্রিস সরকারের ছেলে।
এ ঘটনায় রবিবার ওই স্কুলছাত্রীর মা বাদী মামলা করেছেন। তবে, প্রধান আসামি মেহেদীসহ অজ্ঞাতরা পলাতক রয়েছে।
মেহেদী ও ওই স্কুলছাত্রী একই শ্রেণিতে পড়শোনা করত। এই সুযোগে ওই ছাত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দেয়। একপর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে তার নগ্ন ছবি মোবাইলে তুলে রাখে। শনিবার রাত ১০টার দিকে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে ফেসবুকে ছবি ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের মেম্বার লুৎফর মন্ডল জানান, অভিযুক্ত ও তার সহযোগীকে আটক করার পর স্থানীয়রা জানালে ঘটনাস্থলে যাই। পরে ওই ছেলের লোকজন খবর পেয়ে বাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ওই ছেলের লোকজন আমার ওপর হামলা করে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, স্কুলছাত্রীর মা ধর্ষণ ও হামলার মামলা করেছে। স্কুলছাত্রীকে ধর্ষণ ও তার বাড়িতে হামলার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায় এবং ভুক্তভোগী স্কুলছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক মেহেদীর সহযোগী শেখ রাফিকে হাসপাতাল থেকে আটক করা হয়েছে। এছাড়া প্রধান আসামি মেহেদীসহ অজ্ঞাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।
একতার কণ্ঠঃ উনিয়ন পরিষদ সংলগ্ন একটি দোকানে হতদরিদ্রদের মাঝে বিতরণ করা খাদ্যবান্ধব কর্মসূচীর (ভিজিডি) চাল গোপনে বিক্রি করে পালিয়ে গেছেন ইউপি সচিব শেখ ফরিদ।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, অলোয়া ইউনিয়ন পরিষদে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর (ভিজিডি)চাল গত ১৩ এবং ১৪ তারিখে বিতরণ করা হয়। অনিয়ম করে বিতরণ করায় গোডাউনে থেকে যায় অনেক চালের বস্তা। যা বৃহস্পতিবার প্রকাশ্যে বিক্রি করার সময় তাদের নজরে আসে।
তারা আরও জানায়, অলোয়া ইউনিয়ন পরিষদের সচিব শেখ ফরিদ সুশীল নামের এক গ্রাম পুলিশের উপস্থিতিতে স্থানীয় কালোবাজারি আজাদের ভ্যানে ভর্তি করে চালের বস্তা বের করে নেন। পরে তা পরিষদ সংলগ্ন এক ওষুধের দোকানে নিয়ে সরকারি পাটের বস্তা থেকে
প্লাস্টিকের বস্তায় পরিবর্তন করেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। তবে প্রশাসনের লোকজন আসার আগেই সচিব ও কালোবাজারি আজাদ পালিয়ে যায়। এরপর অভিযান চালিয়ে প্রশাসনের লোকজন বিক্রি করা চাল জব্দ করেন।
গ্রাম পুলিশ সুশীল জানান, আমি বাড়িতে ছিলাম।সচিব ফোন করে পরিষদে আসতে বলেন এবং খালি বস্তা গুনতে বলেন। পরিষদে গিয়ে দেখি আজাদ ভ্যান গাড়িতে চাল তুলছেন। পরে আর কিছু জানিনা। আজাদ মাঝে মধ্যেই পরিষদ থেকে এভাবে চাল নেয়।
এ বিষয়ে অলোয়া ইউনিয়ন পরিষদের সচিব শেখ ফরিদের বক্তব্যের জন্য মোবাইল ফোনে বারবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক জানান, কয়েকদিন আগে ভিজিডির চাল বিতরণ করা হয়। এসময় কয়েকজন কার্ড নিয়ে না আসায় চালগুলো গোডাউনে রাখা হয়। সকালে খবর পেয়ে পরিষদের গুদামের তালা ভেঙে দেখি চালের বস্তাগুলো নেই।
তিনি আরো জানান, এছাড়া সচিবকেও পরিষদে পাওয়া যায়নি। পরে ইউএনও’র উপস্থিতিতে আজাদ মিয়ার দোকান থেকে ১০ বস্তা চাল উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, চাল উদ্ধারের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া অভিযোগ উঠা ওই সচিবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত জানানো হবে।
একতার কণ্ঠঃ আসন্ন ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। এই ঈদকে সামনে রেখে ঈদের ছুটির আগেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গত সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬ টাকা থেকে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যান পারাপার এবং ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।
তার মধ্যে বঙ্গবন্ধু সেতু-পূর্ব টাঙ্গাইল অংশে ১১ হাজার ৫৫৮টি যানবাহন পারাপার করেছে ও টোল আদায় হয়েছে ১ কোটি ৩ লাখ ১৬ হাজার টাকা এবং সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১০ হাজার ৯২৭টি যানবাহন পারাপার করেছে ও টোল আদায় হয়েছে ১ কোটি ৬ লাখ ৬২ হাজার ৯০০ হাজার টাকা।
এদিকে মঙ্গলবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইল রাবনা বাইপাস, এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় ঘুরে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়তে দেখা গেছে। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, যানবাহনের চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ২২ হাজার ৪৮৫টি যানবাহন পারাপার এবং ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। ঈদে ঘরমুখো মানুষদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় সে লক্ষ্যে অতিরিক্ত টোল বুথ বসানো হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার অলোয়া ইউনিয়নের অলোয়া মিঞা বাড়ি মোড় এলাকায় মাংস বিক্রি করার সময় ওই ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার।
এরআগে ১শ ৫০ কেজি ওজনের মরা গরু কেটে বিক্রি করছিল ওই মাংস ব্যবসায়ী।
দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী হাসমত (৪৪) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের হামিদ মন্ডলের ছেলে ।
জানা গেছে, মাংস ব্যবসায়ী হাসমত দীর্ঘদিন যাবদ অসুস্থ্য মরা গরু সংগ্রহ পূর্বক জবাই করে বিভিন্নস্থানে বিক্রি করে আসছিলেন। শনিবার রাতে অলোয়ার মিঞা বাড়ি মোড় এলাকায় বাজার দরের চেয়ে কম দামে গরুর মাংস বিক্রি করায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে মরা গরু বিক্রির বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে হাতে- নাতে আটক করে। এসময় মাংস ব্যবসায়ী হাসমত মরা গরুর বিক্রির কথা স্বীকার করে।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন জানান, মরা গরুর মাংস বিক্রির খবর পেয়ে ভেটেনারী সার্জনসহ ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ওই মাংস ব্যবসায়ী মরা গরু বিক্রির কথা স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে রাকিব হোসেন (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে রাকিবের বসত ঘরের আড়া থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
সে উপজেলার অর্জুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জগৎপুরা গ্রামের তোফাজ্জল হোসেন টোকার ছেলে ।রাকিব স্থানীয় নিকলা দড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
পরিবার ও রাকিবের ভগ্নিপতি আসলাম জানান, রবিবার বিকেলে রাকিবের বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা শেষে বাড়ি এসে ইফতার করে। এরপর বন্ধুদের সঙ্গে দেখা করতে বের হয়। রাত ১০টার দিকে বাড়ি ফিরে আসে। পরে রাত ১টার দিকে বন্ধুদের ফোন করে বলে, ‘তোরা আমাকে আর পাবি না।’
বন্ধুরা ‘আত্মহত্যার’ আশঙ্কা টের পেয়ে রাকিবের বাড়ি গিয়ে তার ভাবিকে জানায়। তখন দ্রুত তার বসত ঘরের দরজায় ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে বন্ধুরা দরজা ভেঙে ফেলে। ঘরে প্রবেশ করে দেখে রাকিব ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। পরে আড়া থেকে রাকিবের ঝুলন্ত মরদেহ নামায় তার পরিবার।
রাকিবের বন্ধু আতিক, জুয়েল, হিরা ও রানা জানায়, রবিবার বিকেলে আমরা নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মাঠে একসঙ্গে ক্রিকেট খেলি। খেলা শেষে ইফতারের আগে সবাই বাড়ি ফিরে যাই। এরপর কেন এমন হলো আমরা বুঝতে পারছি না।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে গোপালপুর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে নিহত স্কুল ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একতার কণ্ঠঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষ যেন নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে জন্য ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিব মঞ্জুর হোসেন।
সোমবার (১০ এপ্রিল) সকালে মহাসড়কের এলেঙ্গা এবং বঙ্গবন্ধু সেতু এলাকা পরিদর্শন করেন তিনি।
এ ছাড়াও সাসেক-২ প্রকল্পের অধীনে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়কের চার লেনে উন্নীত করন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় সেতু সচিব মঞ্জুর হোসেন বলেন, যানজট নিরসন, ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে ঘরে ফেরা এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অংশগ্রহণে ১০টি মোবাইল টিম ঈদের আগে এবং পরে এই মহাসড়কে থাকবে।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসেন, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো.বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছোট মনিরের বড় ভাই টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিরকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভূঞাপুর সচেতন নারী সমাজ। মিছিলে প্রায় ৪ শতাধিক নারী অংশ নেয়।
শনিবার (৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে সচেতন নারী সমাজের উদ্যোগে ভূঞাপুর পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ নেতা বড় মনির নামে নানা ধরণের স্লোগানসহ ফাঁসি দাবি জানান তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন রেখা খাতুন ও সূচি বেগম।
বিক্ষোভ ও সমাবেশে বক্তারা বলেন, গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে এক কিশোরীকে অন্ত:সত্ত্বা করার অভিযোগ উঠেছে। তাকে দ্রুত গ্রেফতার ও তদন্ত করে তার ফাঁসি দাবি করছি। যদি তাদের ফাঁসি না দেওয়া হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে ।
উল্লেখ্য, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গত বুধবার ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন অন্তঃসত্ত্বা এক কিশোরী। বৃহস্পতিবার ৬ এপ্রিল বিকালে ওই কিশোরী আদালতে দন্ডবিধির ২২ ধারায় জবানবন্দি দেয়। টাঙ্গাইলের প্রভাবশালী এমপি’র বড় ভাইয়ের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলা হওয়ায় জেলার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী লাভলী বেগম।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপন করেন ডা. প্রতীক দাস।
জানা যায়, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোন্নাফ আলীর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যা নিয়ে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলে স্বামীর জীবন রক্ষায় স্ত্রী তার একটি কিডনি প্রদান করেন।
ভূঞাপুরের সাবেক পৌর মেয়র ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সফলভাবে অস্ত্রপাচারের পর মোন্নাফ ও তার স্ত্রী লাভলী বেগম সুস্থ রয়েছেন। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।
একতার কণ্ঠঃ প্রতি পিস প্লাস্টিকের ব্যাগ সেলাই করে মজুরি পেতেন দুই টাকা। পুরনো, ভাঙা মেশিন দিয়েই এই কাজ করতেন তিনি। ফলে ঠিকমতো সেলাইয়ের কাজ করতে পারতেন না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি সেলাই মেশিন সাহায্য চেয়েছিলেন হতদরিদ্র মমতা রাণী শীল। টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের শিয়ালকোলস্থ ফায়ার সার্ভিসের পাশে নির্মিত প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে মাসখানেক যাবত স্বামী ও সন্তান নিয়ে বসবাস করছেস তিনি।
সম্প্রতি একটি টেলিভিশনে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে থাকার অনুভতি বিষয়ক স্বাক্ষাতকার দেওয়ার সময় একটি সেলাই মেশিন চান মমতা রাণী। তার ওই ভিডিও বক্তব্য সামাজিক মাধ্যমে পোস্ট দিলে দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়।
এরপর মমতা রাণী সেলাই মেশিন চাওয়ার সেই পোস্টটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের নজরে আসে। তারপর মেয়র মাসুদুল হক মাসুদ সংবাদকর্মী আল-আমিনের সাথে যোগাযোগ করে মমতা রাণীর জন্য সেলাই মেশিনের ব্যবস্থা করেন তিনি। সেলাই মেশিনটি মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে মেয়রের পক্ষ থেকে হস্তান্তর করে আল-আমিন শোভন।
এ সময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আখতার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, দপ্তর ও পাঠাগার সম্পাদক ফরমান শেখ, কার্যকরি সদস্য আল-আমিন শোভন, মাহমুদুল হাসান, সদস্য খন্দকার মাসুদ রানা। এছাড়াও আশ্রয় প্রকল্পে থাকা বাসিন্দারাও উপস্থিত ছিলেন।
নতুন সেলাই মেশিন পেয়ে মমতা রাণী শীল জানান, দীর্ঘদিন ধরে আমি পুরাতন ও ভাঙা সেলাই মেশিন দিয়ে বাজারের ব্যাগ তৈরি করতাম এবং মহাজন পারিশ্রমিক হিসেবে প্রতি ব্যাগে ১-২ টা করে মজুরি দিতো। এনিয়ে আনন্দ টিভির এক সাংবাদিক আমার কষ্টের কথা শুনে ভিডিও নেন এবং ফেসবুকে পোস্ট দেয়। পরে মেয়র মহোদয় পোস্টটি দেখে আমাকে একটি নতুন সেলাই মেশিন উপহার দিয়েছেন। এতে আমি অনেক আনন্দিত।
সংবাদকর্মী আল-আমিন শোভন জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘরের নিউজ করতে গিয়ে হতদরিদ্র মমতা রাণীর সাথে কথা হয়। তিনি জানায় পুরাতন ও ভাঙা সেলাই মেশিন দিয়ে ২ টার মজুরিতে সেলাইয়ের কাজ করে কোনো রকমভাবে সংসার চালাচ্ছেন। অর্থাভাব নতুন মেশিন কিনতে পারছেন না। পরে তার একটি ভিডিও ফেসবুকে পোস্ট দেয়ার একদিন পর মেয়র মাসুদুল হক মাসুদ মহোদয়ের নজরে আসলে তাকে নতুন একটি সেলাইসহ অন্যান্য সামগ্রী উপহার প্রদান করেন।