/ হোম / রাজনীতি
টাঙ্গাইলে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম আরা রিনি, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসানুল বাসার, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, সাবেক ডেপুটি জেলা কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। পরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সকালে জেলা প্রশাসনের জনসেবা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৮. মার্চ ২০২৩ ০৩:৫৭:এএম ৪ বছর আগে
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী মারা গেছেন - Ekotar Kantho

কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী মারা গেছেন

একতার কণ্ঠঃ কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

শনিবার (৪ মার্চ) দলটি থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, বিকাল ৫টা ৪৫ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের দিকে হৃদযন্ত্রের অসুস্থতাজনিত কারণে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি হন।

মৃত্যুকালে স্ত্রী এবং এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ইকবাল সিদ্দিকী।

অকাল প্রয়াত এই নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা এবং শ্রদ্ধাও জ্ঞাপন করা হয় কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে পাঠানো বার্তায়।

মরহুমের নামাযের জানাযা রবিবার (৫ মার্চ) বাদ যোহর গাজীপুর কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গাজীপুর জেলা প্রেসক্লাব সহ অসংখ্য সংগঠন শোক ও সমবেদনা প্রকাশ করছে।

সর্বশেষ আপডেটঃ ০৫. মার্চ ২০২৩ ০৩:০৭:এএম ৪ বছর আগে
বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করা হবে: কৃষিমন্ত্রী - Ekotar Kantho

বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করা হবে: কৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী হবে। নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব বিলীন হবে। গত তিনটি নির্বাচনে বিএনপির চরম বিপর্যয় হয়েছে, তাদের বর্তমান কর্মকাণ্ড দেখে মনে হয়- আগামী নির্বাচনে চতুর্থ বারের মতো বিএনপির বিপর্যয়ের সময় এসে গেছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। অস্তিত্বের স্বার্থে তাদের নেতৃবৃন্দ একটা পর্যায়ে গিয়ে নির্বাচনে আসতে বাধ্য হবেন।

শনিবার (৪ মার্চ) সকালে টাঙ্গাইল শহরের কুমুদিনী সরকারি মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে মানুষ খুবই খুখি। মানুষ উন্নয়নের প্রশংসা করছে। মহান স্বাধীনতার লক্ষ্য ছিল- ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত দেশ বিনির্মাণের, সে লক্ষ্যেই দেশ এগিয়ে চলেছে। কাজেই দেশের জনগণ আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।

পোল্ট্রি মুরগির দাম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডক্টর রাজ্জাক বলেন, করোনার সময় থেকে শুরু করে দীর্ঘদিন যাবৎ পোল্ট্রি ব্যবসায়ী, খামারি, উদ্যোক্তারা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন- ক্ষতি দিচ্ছিলেন। হঠাৎ করে গত দুই মাস ধরে পোল্ট্রি মুরগির দাম অনেক বেশি। শোনা যাচ্ছে- তৃণমূলের প্রান্তিক খামারিরা ঠিকমতো দাম পাচ্ছেন না। এ বিষয়টি আমি সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে তুলে ধরব। এমন একটা নীতি আমাদের নির্ধারণ করতে হবে- যার মাধ্যমে পোল্ট্রি মুরগির দাম সহনশীল রাখা যাবে। যাতে নিম্ন ও সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং একইসঙ্গে ব্যবসায়ী, খামারি ও উদ্যোক্তারা লাভবান হয়।

কুমুদিনী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি, মো. ছানোয়ার হোসেন এমপি, খন্দকার মমতা হেনা লাভলী এমপি, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবদুল করিম মিঞা প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ আপডেটঃ ০৫. মার্চ ২০২৩ ০১:০০:এএম ৪ বছর আগে
এলেঙ্গা পৌর নির্বাচন; পোষ্টার ছেঁড়াকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা - Ekotar Kantho

এলেঙ্গা পৌর নির্বাচন; পোষ্টার ছেঁড়াকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচনে পোষ্টার ছেঁড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর(জগ মার্কা) বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পাল্টা হামলায় আওয়ামী লীগের এক সমর্থক আহত অবস্থায় কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেকে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার(২ মার্চ) রাত ১০ টার দিকে পৌর সভার চিনামুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে এলেঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকার পোষ্টার ছেঁড়ার অভিযোগ এনে স্বতন্ত্র প্রাথী মো. শাফী খানের মহেলা এলাকায় গণসংযোগে বাঁধা দেয় নৌকার সমর্থকরা। পরে নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে স্বতন্ত্র প্রার্থী শাফি খান বাড়ির উদ্যেশে রওনা হয়।

পথিমধ্যে ফের স্বতন্ত্র প্রার্থীকে নৌকার সমর্থকরা হুমকি দেয়। স্বতন্ত্র প্রার্থী চিনামুড়ায় নিজ বাড়ি গেলে সেখানে নৌকার প্রার্থীসহ সমর্থকরা মিছিল নিয়ে যায়। বাকবিতন্ডার একপর্যায়ে বাড়িতে আক্রমনের চেষ্টা চালায় তারা। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তা প্রতিহত করে। পরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা পাল্টা মিছিল বের করেন। মিছিলটি চিনামুড়া মোতালেব খানের চায়ের দোকানে পৌঁছালে নৌকার সমর্থক আওয়াল পীরকে একা পেয়ে মারপিট করে তারা।

বর্তমানে তিনি কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় চিনামুড়াসহ আশেপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

চায়ের দোকানদার মোতালেব খান জানান, স্বতন্ত্র প্রার্থী শাফি খানের একটি মিছিল আমার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আওয়াল পীর দৌড়ে এসে আমার দোকানে আশ্রয় নেয়। পরে আমি দোকানের ঝাঁপ নামিয়ে দিয়ে তাকে রক্ষা করি। মিছিল চলে যাওয়ার পর তার পরিবারের লোকজন এসে তাকে নিয়ে যায়। তাকে কে বা কারা মারপিট করেছে আমি তা দেখিনি।

স্থানীয় আওয়ামী লীগের কর্মী মিনা আক্তার জানান, শাফি খানের মিছিলটি তার বাসার সামনে লাগানো নৌকার প্রার্থী নুর-এ- আলম সিদ্দিকীর পোষ্টার ও প্লেকার্ড ছিড়ে ফেলা শুরু করলে সে ও তার পরিবার বাঁধা দিতে গেলে মিছিল থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তাদের বাঁধা স্বত্বেও তাদের বাড়ির আশেপাশে লাগানো নৌকার পোষ্টার ছিঁড়ে ফেলা হয়।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হায়দার আলী জানান, বৃহস্পতিবার রাতে নৌকার প্রার্থী মিছিলসহ চিনামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে সমবেত হলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তার বাসা থেকে বের হয়ে তাদের বাঁধা দেয়। একপর্যায়ে বাঁধা উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থীর বাড়ির আঙিনার বেড়া ভাঙচুর করে। হামলার ছবি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মোবাইল ফোনে ধারণ করতে গেলে বেশ কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয় নৌকার সমর্থকরা।

স্বতন্ত্র প্রার্থীর আরেক সমর্থক হাসমত আলী রেজা জানান, হামলার সময় স্বতন্ত্র প্রার্থী বাড়িতেই ছিলেন। আমরা তাকে নিরাপত্তার স্বার্থে অনত্র সরিয়ে নেই। আমার ধারনা তার প্রাণনাশের জন্য এ হামলা চালানো হতে পারে।

এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ শাফী খান জানান, হামলার ঘটনার বিষয়টি ইতিমধ্যে টাঙ্গাইলের সিনিয়র নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছি। নৌকার সমর্থকদের কারণে সঠিকভাবে নির্বাচনী প্রচরণা করতে পারছিনা। যেখানেই যাচ্ছি সেখানেই তারা বাঁধা প্রদান করছে। এমনকি আমার নিজের এলাকায় চিনামুড়া এসে হুমকি দিয়ে গেছে যে আমার পক্ষে নির্বাচন করবে তার হাত-পা ভেঙ্গে ফেলা হবে। ১৬ তারিখের পর এলাকা ছাড়া করা হবে। এলেঙ্গা পৌরসভার নির্বাচনের পরিবেশ অবাধ, সুষ্ঠ ,নিরপেক্ষ ও শান্তিপুর্ন করার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জোর দাবি জানাচ্ছি।

হামলার ঘটনা অস্বীকার করে নৌকার প্রার্থী মোহাম্মদ নূর-এ-আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার রাতে স্বতন্ত্র প্রার্থীর মিছিল থেকে নৌকার সমর্থক চেচুয়ার আওয়াল পীরকে পিটিয়ে গুরতর আহত করে। বর্তমানে সে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি আছেন।

টাঙ্গাইল জেলা সিনিয়ার নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, বিষয়টি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে।জানার পরপরই কালিহাতী থানাকে অবহতি করেছি। এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, আগামি ১৬ মার্চ ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এলেঙ্গা পৌরসভার নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বর্তমানে এলেঙ্গা পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪’শ ৬৭ জন। এ নির্বাচনে মেয়র পদে ৪জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪জন ও নয়টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ আপডেটঃ ০৪. মার্চ ২০২৩ ০৫:২৪:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০ - Ekotar Kantho

টাঙ্গাইলে আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি )বিকেলে ঘাটাইল বাসস্ট্যান্ডে ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে ঘিরে এই সংঘর্ষ হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঘাটাইল বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবুর সমাবেশ ছিল। একই স্থানে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানের অনুসারীরাও সমাবেশ করতে চায়।

এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ৮ জন এবং ২ জন স্থানীয় সাংবাদিক আহত হন। সংঘর্ষের পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, গত মাসের ২৮ তারিখে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি ও ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু কমিটির কথা জানান।

‘জামাত-বিএনপি সমর্থকদের’ রেখে কমিটি ঘোষণা করার অভিযোগ এনে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানের অনুসারীরা কমিটি প্রত্যাখ্যান করে গতকাল সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করে।

এর জেরে সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু ঘাটাইল বাসস্ট্যান্ডে সমাবেশ করতে যান। একই স্থানে সংসদ সদস্যদের অনুসারীরাও সমাবেশ করতে চায়।

সংঘর্ষের বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, ‘আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।’

সর্বশেষ আপডেটঃ ২৮. ফেব্রুয়ারী ২০২৩ ০৩:৪১:এএম ৪ বছর আগে
টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা ট্রাক-ড্রাম ট্রাক, কভারভ্যান, ট্যাংকলড়ী, মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বালা-মাহতাব পরিষদের কমিটিকে অবৈধভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোলাম-সোবহান পরিষদ।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের নগর জলফৈ এলাকায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচির পালন করে শ্রমিক ও নেতাকর্মীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা ট্রাক-ড্রাম ট্রাক, কভারভ্যান, ট্যাংকলড়ী, মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রার্থী গোলাম মোস্তফা, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো: সোবহান মিয়া, সাবেক সহ-সভাপতি বাদশা মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী, সাবেক দপ্তর সম্পাদক ঝলক, সাবেক কোষাধ্যক্ষ আসাদ, সাবেক সহ-সড়ক সম্পাদক আব্দুর রশিদসহ অনান্য শ্রমিক নেতাকর্মীরা।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, আমরা সবাই আশা করেছিলাম একটি প্রতিযোগিতামূূলক সুষ্ঠ এবং সুন্দর ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একটি চক্র টাকা নিয়ে বালা-মাহতাব পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই একটি সুষ্ঠ নির্বাচন। নির্বাচনে যে বিজয়ী হবে তাকেই আমরা মেনে নিবো।

সর্বশেষ আপডেটঃ ২৭. ফেব্রুয়ারী ২০২৩ ০২:২৫:এএম ৪ বছর আগে
ঘাটাইলে ঘোষিত আ’লীগের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ  - Ekotar Kantho

ঘাটাইলে ঘোষিত আ’লীগের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ 

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগ করে অবরোধ করেছে উপজেলা পদ বঞ্চিত আওয়ামী লীগের একাংশ।

রবিবার(২৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ঘাটাইল উপজেলা শিক্ষক সমিতিতে সংবাদ সম্মেলন শেষ করে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে টায়ারে অগ্নি সংযোগ করে তারা।

সংবাদ সম্মেলনে ঘাটাইল উপজেলার আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহান বলেন,গত মাসের ২৮ তারিখে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়। কিন্তু ওই কমিটিতে জামায়াত- বিএনপি ও দেশ বিরোধী কর্মকান্ডে জড়িত ব্যাক্তিদের স্থান দেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু। এই অবৈধ কমিটি বাতিল না করলে সামনে মার্চের ২০ তারিখে নতুন সম্মেলন করে তারা নতুন কমিটি ঘোষনা করবে বলে হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি ও লোকেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিলন মিয়া প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষ করে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রায় ৩০ মিনিটের মতো বন্ধ যান চলাচল বন্ধ রাখে উপজেলা আওয়ামী লীগের একাংশ নেতাকর্মীরা। এসময় মহাসড়কের দুইপাশে যানযটের সৃষ্টি হয়।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, উপজেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিতরা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে সড়কের অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

 

সর্বশেষ আপডেটঃ ২৬. ফেব্রুয়ারী ২০২৩ ০৯:৪৭:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে শান্তি শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন, মো. ছানোয়ার হোসেন এমপি,  তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ প্রমূখ নেতৃবৃন্দ।

এই শান্তি সমাবেশ ও শোভাযাত্রায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল।

সর্বশেষ আপডেটঃ ২৬. ফেব্রুয়ারী ২০২৩ ০২:৩৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির (জাপা) সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা ও চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির জন্মদিন উদ্যাপন উপলক্ষে কেক কাটা হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জেলা জাতীয় পার্টির উদ্যোগে জেলা সদর রোডে অবস্থিত টাঙ্গাইল রাইফেল ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এড. আব্দুস ছালাম চাকলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মামুনুর রহিম সুমন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য রেজাউল করিম ও দেলোয়ার হোসেন খান মিলন, সদস্য সোহেল মিয়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টি প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবু তাহের, সৈয়দ শামসুদ্দোহা যুবরাজ, মো. ইব্রাহিম মোল্লা, আহসান খান আছু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুহাম্মদ মোজাম্মেল হক।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৫. ফেব্রুয়ারী ২০২৩ ০২:২৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত - Ekotar Kantho

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহবুব আলম মল্লিক ঋণ খেলাপির দায়ে সাময়িক বরখাস্ত হয়েছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

জানা যায়, গত ২৫ জানুয়ারি মাহবুব আলম মল্লিক চেয়ারম্যান হওয়ার অযোগ্য ও তিনি অপসারণযোগ্য মর্মে স্থানীয় সরকার বিভাগের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। যার পরিপ্রেক্ষিতে গত ১৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহাকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক স্বারকে ইউপি চেয়ারম্যান মাহবুব কেন চুড়ান্তভাবে বরখাস্ত করা হবেনা তার জবাব দেয়া প্রসঙ্গ পত্র ইস্যু করা হয় এবং উক্ত পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগকে লিখিত জবাব নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়।

গত বছরের ৬ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন মাহবুব আলম মল্লিক। তবে ওই নির্বাচনে ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন করে নিজের মনোনয়ন পত্র বৈধ করতে সক্ষম হন তিনি। নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন।

তবে গত বছরের ৩ এপ্রিল সেই রিট পিটিশনের শুনানীতে চেয়ারম্যান প্রার্থীতার পক্ষে ইস্যুকৃত রুল খারিজ করে দেন বিজ্ঞ আদালত। ফলে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ২৬ (২) (জ) ধারা অনুযায়ী চেয়ারম্যান হিসেবে মাহবুব আলম মল্লিক অযোগ্য বিবেচিত হন।

উয়ার্শী ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক জানান, সাময়িক বরখাস্তের একটি চিঠি পেয়েছি। আমি আইনী সহায়তা গ্রহণ করবো।

সর্বশেষ আপডেটঃ ২২. ফেব্রুয়ারী ২০২৩ ০২:০৫:এএম ৪ বছর আগে
এলেঙ্গা পৌর নির্বাচন; প্রতিদ্বন্দ্বি মেয়র প্রার্থী আ’লীগ-২ বিএনপি-২ - Ekotar Kantho

এলেঙ্গা পৌর নির্বাচন; প্রতিদ্বন্দ্বি মেয়র প্রার্থী আ’লীগ-২ বিএনপি-২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীসহ দুই বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে বর্তমান মেয়র নূর এ আলম সিদ্দিকী, সদ্য ঘোষিত এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজিনা আখতার, কালিহাতী উপজেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র শাফী খান ও পৌর বিএনপির সদস্য এসএম সফিকুল ইসলাম তালুকদার।

এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন এবং নয়টি সাধারণ ওয়ার্ডে ৩৪ জন কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এলেঙ্গা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দল থেকে দুই জন করে প্রার্থী হওয়ায় দল দুটির তৃণমূলের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছে।

তারা বিদ্রোহী প্রার্থীকে বুঝিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে আশাবাদী স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

তবে এ বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, দলীয় সিদ্ধান্ত মোতাবেক এ সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নেবেনা বিএনপি মনোনীত প্রার্থীরা। এলেঙ্গা পৌরসভায়ও মেয়র পদে দলীয় সিদ্ধান্তে তাদের কেউ প্রার্থী হয়নি। দুই জন বিএনপি নেতা তাদের ব্যক্তিগত সিদ্ধান্তেই প্রার্থী হয়েছেন।

এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, এ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি। ২৮ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামি ১৬ মার্চ ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহন হবে।

তিনি আরো জানান, বর্তমানে এলেঙ্গা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪৬৭ জন।

উল্লেখ্য, কালিহাতী উপজেলার এলেঙ্গা ইউনিয়ন এবং আশপাশের কিছু এলাকা নিয়ে ২০১১ সালে এলেঙ্গা পৌরসভা গঠিত হয়। উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত এই পৌরসভার ২০১৩ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেটঃ ২১. ফেব্রুয়ারী ২০২৩ ০২:৩৪:এএম ৪ বছর আগে
টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি বালা, সম্পাদক মাহতাব - Ekotar Kantho

টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি বালা, সম্পাদক মাহতাব

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল পদের প্রার্থীরাই বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

কোন পদেই একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।

নব নির্বাচিত সভাপতি হচ্ছেন, মো. বালা মিয়া, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মাহতাব।

অন্যান্য পদে বিজয়ী হচ্ছেন, কার্যকরী সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি ফরহাদ আলী ও ইকবাল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহসাধারণ সম্পাদক জামাল হোসেন ও শহিদুর রহমান, কোষাধ্যক্ষ মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, প্রচার সম্পাদক ছিদ্দিক ভূইয়া, দপ্তর সম্পাদক শাহীন মিয়া, সড়ক সম্পাদক আব্দুল মজিদ, সহসড়ক সম্পাদক মেহেদী হাসান।

সর্বশেষ আপডেটঃ ২০. ফেব্রুয়ারী ২০২৩ ০২:৪২:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।