/ হোম / রাজনীতি
আব্দুস সবুর খান বীরবিক্রমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত - Ekotar Kantho

আব্দুস সবুর খান বীরবিক্রমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বিশিষ্ট শ্রমিক নেতা মরহুম আব্দুস সবুর খান বীরবিক্রমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) বিকেলে দিবসটি পালন উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া মাজার প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট রাজনীতিবিদ মুরাদ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা কমান্ডার টাঙ্গাইল জেলা ইউনিটের সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক প্রমুখ।

সভা পরিচালনা করেন শ্রমিক নেতা উদয় লাল গৌড়।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক সংগঠণ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও মরহুমের পরিবারবর্গের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন ঢেলী করটিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসেম।

সর্বশেষ আপডেটঃ ১৩. এপ্রিল ২০২৩ ০৪:০৭:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে আ.লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল - Ekotar Kantho

টাঙ্গাইলে আ.লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) দুপুরে শহরের নিরালা মোড় থেকে টাঙ্গাইলের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান আমিন বলেন, আওয়ামী লীগ নেতা বড় মনির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক ধর্ষণের মামলা করা হয়েছে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ফারুক হত্যা মামলার বিচারকার্য বিলম্ব করতে এবং বড় মনি ও তার পরিবারের লোকজন যাতে এই মামলার তদারকি করতে না পারে তার জন্য ধর্ষণ মামলা দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে টাঙ্গাইলে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হটিয়ে দীর্ঘদিন ধরে একটা সুন্দর সুষ্ঠ পরিবেশ বিরাজ করছিলো। এই ধর্ষণ মামলার মধ্য দিয়ে সন্ত্রাসীরা আবারো মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। যেকোন মূল্যেই ওই সন্ত্রাসী ও চাঁদাবাজদের রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এছাড়াও এই ষড়যন্ত্রমূলক মামলা সুষ্ঠ তদন্তের দাবি জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান মামুন, সংরক্ষিত কাউন্সিলর উলকা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শফিউল আলম তুষারসহ ট্রাক, সিএনজি, আটোরিকশার শ্রমিক সমিতি নেতৃবৃন্দ।

প্রকাশ,টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বড় ভাই গোলাম কিবরিয়া বড়মনির বিরুদ্ধে ধর্ষণ ও মারপিটের অভিযোগ এনে গত ৫ এপ্রিল এক কিশোরী বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বড়মনির স্ত্রী নিগার আফতাবকেও আসামী করা হয়। মামলার পরদিন ওই কিশোরী আদালতে ২২ ধারা জবানবন্দি দেন। এছাড়াও ওই কিশোরী প্রায় ২৫ সপ্তাহের অন্ত:সত্ত্বা বিষয়টি ডাক্তারি পরীক্ষায় উঠে আসে।

সর্বশেষ আপডেটঃ ১০. এপ্রিল ২০২৩ ০৩:৪৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ১০দফা দাবিসহ বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে সদর উপজেলা ও শহর বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) বিকালে দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে শহরের রেজিষ্টিপাড়া এলাকায় এ অবস্থান কর্মসূচিতে শতশত নেতাকর্মী অংশগ্রহন করে।

সারা দেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচির অংশ হিসাবে টাঙ্গাইল সদর ও শহর বিএনপি যৌথভাবে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে।

অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

কর্মসুচিতে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর বিএনপি’র সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল ইসলাম সবুজ, সিনিয়র সহ-সভাপতি শাহীন আকন্দ, সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, জেলা তাঁতী দলের সভাপতি শাহ আলম, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন প্রমুখ।

অবস্থান কর্মসুচি পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ।এ সময় সদর উপজেলা ও শহর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ফরহাদ ইকবাল তার বক্তব্যে বলেন, দ্রব্যমূল্যেরে ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাসের মূল্যবৃদ্ধি, সরকারের সর্বস্তরের দুর্নীতির প্রতিবাদসহ ১০দফা দাবি মানতে হবে। দাবি একটাই, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ক্ষমতা চিরস্থায়ী করতে আওয়ামী লীগ দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, সরকারি স্বাধীন প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস করে দিয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৯. এপ্রিল ২০২৩ ০২:৪৩:এএম ৪ বছর আগে
ভূঞাপুরে বড় মনিকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে ঝাঁড়ু মিছিল - Ekotar Kantho

ভূঞাপুরে বড় মনিকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে ঝাঁড়ু মিছিল

একতার কণ্ঠঃ টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছোট মনিরের বড় ভাই টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিরকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভূঞাপুর সচেতন নারী সমাজ। মিছিলে প্রায় ৪ শতাধিক নারী অংশ নেয়।

শনিবার (৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে সচেতন নারী সমাজের উদ্যোগে ভূঞাপুর পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ নেতা বড় মনির নামে নানা ধরণের স্লোগানসহ ফাঁসি দাবি জানান তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন রেখা খাতুন ও সূচি বেগম।

বিক্ষোভ ও সমাবেশে বক্তারা বলেন, গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে এক কিশোরীকে অন্ত:সত্ত্বা করার অভিযোগ উঠেছে। তাকে দ্রুত গ্রেফতার ও তদন্ত করে তার ফাঁসি দাবি করছি। যদি তাদের ফাঁসি না দেওয়া হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে ।

উল্লেখ্য, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গত বুধবার ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন অন্তঃসত্ত্বা এক কিশোরী। বৃহস্পতিবার ৬ এপ্রিল বিকালে ওই কিশোরী আদালতে দন্ডবিধির ২২ ধারায় জবানবন্দি দেয়। টাঙ্গাইলের প্রভাবশালী এমপি’র বড় ভাইয়ের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলা হওয়ায় জেলার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৮. এপ্রিল ২০২৩ ০৯:৫১:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে আ.লীগ নেতার ফাঁসির দাবীতে নারীদের প্রতিবাদ মিছিল - Ekotar Kantho

টাঙ্গাইলে আ.লীগ নেতার ফাঁসির দাবীতে নারীদের প্রতিবাদ মিছিল

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে এক তরুণীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে টাঙ্গাইলের সচেতন নারী সমাজ।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে প্রথমেই শহরের ভাসানী হলের সামনে থেকে সচেতন নারী সমাজের ব্যানারে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে শহিদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে তারা।

এ সময় মানব বন্ধনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ নেতা বড় মনি ও তার ভাই ছোট মনির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সত্যতা নিশ্চিত করে ফাঁসির দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

উল্লেখ্য, বুধবার (৪ এপ্রিল) রাত ১০ টার দিকে টাঙ্গাইল সদর থানায় শহর আওয়ামী লীগের সহ সভাপতি ও বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগে মামলা করেন। তরুণী দাবি করেন, ধর্ষণের ফলে তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা এবং ডাক্তারী পরীক্ষাতেও এর প্রমাণ মিলেছে। তারপর থেকে শহরে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

গোলাম কিবরিয়া বড়মনি টাঙ্গাইল-২ গোপালপুর ভূঞাপুর আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির বড় ভাই।

সর্বশেষ আপডেটঃ ০৮. এপ্রিল ২০২৩ ০২:৪৪:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে আ.লীগ নেতা বড় মনির বিরুদ্ধে ধর্ষণ মামলা, অন্তঃসত্ত্বা কিশোরী - Ekotar Kantho

টাঙ্গাইলে আ.লীগ নেতা বড় মনির বিরুদ্ধে ধর্ষণ মামলা, অন্তঃসত্ত্বা কিশোরী

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক কিশোরী।

ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) রাতে টাঙ্গাইল সদর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে।

গোলাম কিবরিয়া টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই এবং টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি।

টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান জানান, গাইনি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট লুৎফুন্নাহারকে প্রধান করে তিন সদস্যের মেডিকেল বোর্ড করা হয়েছে। এ বোর্ড ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করবে।

ওই কিশোরী নিজে বাদী হয়ে দায়ের করা মামলায় অভিযোগ করেছেন, বড় মনি তাদের আত্মীয় এবং পূর্ব পরিচিত। হোয়াটসঅ্যাপে তাদের কথা হতো। ওই কিশোরীর ভাইয়ের সম্পত্তি নিয়ে বিরোধ হয়। ওই কথা বড় মনিকে জানানোর পর তিনি সমস্যা সমাধান করে দেওয়ার আশ্বাস দেন। পরে গত ১৭ ডিসেম্বর শহরের আদালতপাড়ায় বড় মনির নিজের বাড়ির পাশে একটি ১০ তলা ভবনের চতুর্থ তলা ফ্ল্যাটে যেতে বলেন।

সেখানে যাওয়ার পর শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন। রাজি না হওয়ায় তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে একটি কক্ষে আটকে রাখেন। প্রায় তিন ঘণ্টা পর কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে কারো কাছে এ ঘটনা প্রকাশ করতে নিষেধ করেন। প্রকাশ করলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেন।

তার পর প্রতিনিয়ত তাকে ভয়ভীতি দেখিয়ে এবং প্রথমবার ধর্ষণের সময় তোলা ছবি দেখিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করতেন। মামলায় তিনি উল্লেখ করেন, এই ধর্ষণের ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ কথা বড় মনিকে জানালে তাকে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ ও হুমকি দিতে থাকেন। কিন্তু সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় গত ২৯ মার্চ রাত ৮টার দিকে বড় মনি তার শ্বশুরবাড়ি আদালতপাড়ায় তুলে নিয়ে যান। সেখানে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করেন।

রাজি না হওয়ায় ওই বাসায় এক কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে তাকে সেখানে আবার ধর্ষণ করেন। ধর্ষণের পর বড় মনির স্ত্রী তাকে মারপিট করেন। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে বাসায় পৌঁছে দেন। তার পর থেকে তাকে নানা হুমকি দেওয়া হতো। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকার জন্য মামলা করতে বিলম্ব হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন।

মামলা প্রসঙ্গে গোলাম কিবরিয়া বড় মনি অভিযোগ অস্বীকার করে জানান, রাজনৈতিকভাবে তাকে হেয় করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৬. এপ্রিল ২০২৩ ০৯:০০:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ওলামা লীগের আলোচনা সভা অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে ওলামা লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে টাঙ্গাইলে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৪ এপ্রিল) বিকেলে শহরের হাবিবুর রহমান প্লাজা হল রুমে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ টাঙ্গাইল জেলা শাখা ও জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথ উদ্যোগে এ মত বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ওলামা লীগের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাও: আব্দুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাও: মোহাম্মদ আখতার হুসাইন বুখারী, যুগ্ম আহবায়ক মাও: আব্দুস সাত্তার, কেন্দ্রীয় ওলামা লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাও: ড. আব্দুল মোমেন সিরাজী, সদস্য সচিব মাও: দেলোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা শাখার ওলামা লীগের সাধারণ সম্পাদক মাও: আব্দুল কাইয়ুম খান, সাংগঠনিক সম্পাদক মাও: আব্দুর রাজ্জাক শরিফ প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের প্রথম ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৫. এপ্রিল ২০২৩ ০২:৩৬:এএম ৪ বছর আগে
ভাসানী বিশ্ববিদ্যালয়ে জননেতা আব্দুল মান্নানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ে জননেতা আব্দুল মান্নানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ নানা কর্মসূচিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল মান্নানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার(৪ এপ্রিল) সকাল ৯ টা ৩০ মিনিটে জননেতা আব্দুল মান্নান হলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম ও জননেতা আব্দুল মান্নান হল প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মাসুদার রহমানকে নিয়ে মরহুমের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা এবং জননেতা আব্দুল মান্নানসহ তার পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া বাদ ইশা জননেতা আব্দুল মান্নান হল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি রয়েছে।

সকল কর্মসূচিতে জননেতা আব্দুল মান্নান হলের হাউজ টিউটর, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।

উল্লেখ্য,টাঙ্গাইলের কৃতি সন্তান জননেতা আব্দুল মান্নান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৪. এপ্রিল ২০২৩ ১০:৪০:পিএম ৪ বছর আগে
পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই : কৃষিমন্ত্রী - Ekotar Kantho

পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই : কৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি বলেছেন,পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই,ইলেকশন করবে নির্বাচন কমিশন,দায়িত্ব নির্বাচন কমিশনের তারা সকল দায়িত্ব পালন করবে,জননেত্রী শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী থাকবে। জাপান,শ্রীলংকা সহ বিভিন্ন দেশেও কোন তত্ত্বাবধায়ক সরকার নেই। এই সময় ক্ষমতা থাকবে না প্রধানমন্ত্রীর তবে দায়িত্ব থাকবে। আর্মি চীফ, আইজিপি সহ সকল দায়িত্ব কর্মকর্তারা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ থাকবে বলে মন্ত্রী মন্তব্য করেন।

রবিবার(২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটোরিয়ামে মধুপুরের গড় এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক ১৫শত জন কৃষকের মাঝে ১ লক্ষ টাকা করে ৪% স্বল্প সুদে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, স্বাধীনতা দিবসে তারা বলছে জয় বাংলা বলবে না। বিএনপি জামাত জয় বাংলা বলবে না,আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে।

তিনি আরো বলেন,আমি মুক্তিযোদ্ধা ছিলাম। দেশের একটি পত্রিকা বলছে যে স্বাধীনতা দরকার নাই আমি না খেয়ে থাকি,খুব কষ্ট লাগে এসব কথা শুনলে। ১০ বছরের শিশুকে ১০ টাকা হাতে দিয়ে ছবি তোলে বলে স্বাধীনতার দরকার নেই। এখনো যারা বলে স্বাধাীনতা দরকার নাই তারা পাকিস্তানের সহচর।

কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে এবি ব্যাংকের প্রসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে আরো বক্তব্য দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার,মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারোয়ার আলম খান আবু, ধনবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর হারুনির রশীদ হীরা প্রমূখ।

পরে মধুপুর গড় এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হিসেবে এবি ব্যাংক স্বল্প সুদে ১ হাজার ৫’শ জন কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মধুপুরে ১২’শ ও ধনবাড়ি উপজেলার ৩’শ জন কৃষকদের মাঝে এ স্বল্প সুদে এ কৃষি ঋণ বিতরণ করা হবে।

অনুষ্ঠানে এবি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, কৃষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৩. এপ্রিল ২০২৩ ০১:০১:এএম ৪ বছর আগে
স্বাধীনতা দিবসে টাঙ্গাইল জেলা বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি - Ekotar Kantho

স্বাধীনতা দিবসে টাঙ্গাইল জেলা বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি

একতার কণ্ঠঃ যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইল জেলা শাখা।

২৬ মার্চ (রবিবার) সকালে শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে টাঙ্গাইল জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন ।

এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সহ-সভাপতি সেলিনা তালুকদার, অ্যাডভোকেট রক্সি মেহেদী, সুলতানা বিলকিছ লতা সহ বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পরে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৭. মার্চ ২০২৩ ০২:৪৭:এএম ৪ বছর আগে
গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন - Ekotar Kantho

গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

একতার কণ্ঠঃ একাত্তুরে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর কর্তৃক বাঙালি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও পাঠ্য বইয়ে গণহত্যার ইতিহাস অন্তর্ভূক্ত করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ টাঙ্গাইল জেলা কমিটি ও মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ।

শনিবার(১৮ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ টাঙ্গাইল জেলা কমিটি ও মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী’র সভাপতিত্বে ও তথ্য ও প্রচার সম্পাদক মুঈদ হাসান তড়িৎ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আলীমউদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যাপক এ এম রাজ্জাক, নাঈম উদ্দিন প্রমুখ।

এসময় সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ টাঙ্গাইল জেলা কমিটি ও মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা বলেন, স্বাধীনতার ৫২ বছর পর হলেও বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি জাতিসংঘকে দিতে হবে। টাঙ্গাইলে চিহ্নিত ১’শত ৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার অবিলম্বে শুরু করা ও পাঠ্য বইয়ে গণহত্যার ইতিহাস অন্তর্ভূক্ত করার দাবি জানাই।

সর্বশেষ আপডেটঃ ১৯. মার্চ ২০২৩ ০১:১৮:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে এলেঙ্গা পৌরসভায় নৌকা ও দুই ইউপিতে স্বতন্ত্র জয়ী - Ekotar Kantho

টাঙ্গাইলে এলেঙ্গা পৌরসভায় নৌকা ও দুই ইউপিতে স্বতন্ত্র জয়ী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়ন ও নাগরপুরের ভাড়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা পরাজিত হয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এলেঙ্গা পৌরসভা ও ওই দুই ইউনিয়নে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।

এলেঙ্গা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নুর এ আলম সিদ্দিকী নৌকা প্রতীকে ১৩ হাজার ৬১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাফী খান জগ প্রতীকে পেয়েছে ৮ হাজার ৮০৫ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী রেজিনা আখতার নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৪৯ ভোট।

শাফী খান উপজেলা বিএনপির সদস্য। দল নির্বাচনে অংশ না নিলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। অপরদিকে রেজিনা আখতারও আওয়ামী লীগ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

ঘাটাইলের সাগরদিঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুল্লাহ বাহার মোটরসাইকেল প্রতীকে চার হাজার ৪১৩ ভোট পেয়ে নির্বাচন হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল ইসলাম চশমা প্রতীকে চশমা প্রতীকে ৩ হাজার ৪৮০ ভোট পেয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেকমত সিকদার ৩ হাজার ৪৪৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী সাহাদৎ হোসেন সিকদার আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৯২ ভোট।

নাগরপুরের ভাড়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আবুবকর ছিদ্দিক আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৯৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার নৌকা প্রতীকে ৩ হাজার ৯৯৬ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর ২০২২ ভারড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আ. কুদ্দুস মিয়া মৃত্যুবরণ করায় এ ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

সর্বশেষ আপডেটঃ ১৭. মার্চ ২০২৩ ০৬:৪৩:পিএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।