/ হোম / রাজনীতি
টাঙ্গাইল সদর আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী সাতিল - Ekotar Kantho

টাঙ্গাইল সদর আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী সাতিল

আরমান কবীরঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল লিখিত বক্তব্যে বলেন, আমাদেরকে বিনির্মাণ করতে হবে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পূর্ব শর্ত হচ্ছে জনগণের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঘোষিত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ। তাই জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে আমাদেরকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের ভালোবাসা অর্জন ও মনকে জয় করে দলকে বিজয়ী করার লক্ষ্যে দলের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনের মাঠে নিজেদেরকে নিবেদিত করতে হবে।

এসময় তিনি নিজেকে টাঙ্গাইল-৫ (সদর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা করেন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, টাঙ্গাইল শহর বিএনপি’র সাবেক সহ-সভাপতি শামসুজ্জামান খান রন্টু, জেলা ছাত্র দলের সহ-সভাপতি কামরুজ্জামান খান, জেলা ছাত্র দলের সাবেক নেতা এনামুল হক স্বাধীন, শ্রমিকদল নেতা বাবুল সরকার, জাকসুর সাবেক এজিএস মোকলেছুর রহমান বাদল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আতিকুজ্জামান টুটুলসহ বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীগণ।

সর্বশেষ আপডেটঃ ১১. জুলাই ২০২৫ ০২:৪৯:এএম ১২ মাস আগে
টাঙ্গাইলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ

আরমান কবীরঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফরহাদ ইকবালের সার্বিক সহযোগিতায় সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দিনব্যাপী সদর উপজেলার খাদিজা আবু বক্কর উচ্চ বিদ্যালয় ও সুবর্ণতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচি পালন করা হয়।

অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ ও বাসযোগ্য পরিবেশ উপহার দিতে হলে আমাদের সবাইকে এ উদ্যোগে সম্পৃক্ত হতে হবে।

এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, ছিলিমপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৯. জুলাই ২০২৫ ০২:৫৮:এএম ১ বছর আগে
ফ্যাসিবাদী সরকার গুম-খুন করে বিদায় নিয়েছে: সুলতান সালাউদ্দিন টুকু - Ekotar Kantho

ফ্যাসিবাদী সরকার গুম-খুন করে বিদায় নিয়েছে: সুলতান সালাউদ্দিন টুকু

আরমান কবীরঃ বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশ থেকে একটি ফ্যাসিবাদী সরকার গুম-খুন করে বিদায় হয়েছে। তাদেরকে জনগণ আর বাংলার মাটিতে দেখতে চায় না। বিএনপি যখন যে ওয়াদা করে আল্লাহর রহমতে সে ওয়াদা পূরণ করেছে।

রবিবার (৬ জুলাই) দিনব্যাপী টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ও বাঘিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন টুকু বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ৩১ দফা জাতির সামনে ইতোমধ্যেই উপস্থাপন করেছেন। সেই ৩১ দফাতে প্রত্যেক এলাকাতে প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা চিন্তা করেছেন। বিএনপি যদি আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে প্রতিটি এলাকাতে প্রতিটি ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৭. জুলাই ২০২৫ ০৩:২৭:এএম ১ বছর আগে
টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ নেতার পদত্যাগ - Ekotar Kantho

টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ নেতার পদত্যাগ

আরমান কবীরঃ শেখ হাসিনাকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ থেকে বিচ্যুত হয়ে দেশব্যাপী গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ভূমি দখল এবং মাদক ব্যবসা, মানবাধিকার লঙ্ঘন ও শীর্ষ নেতাদের নৈতিক স্খলনের অভিযোগ এনে পদত্যাগ করেছেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল শহর শাখার আহ্বায়ক মোস্তফা বেপারী ওরফে ভান্ডারী।

শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত পদত্যাগ পত্র পাঠিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন তিনি।

লিখিত পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনা দলের কর্মীদের অসহায় করে দেশ থেকে পলায়নসহ নানা কারণে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে স্বেচ্ছায় আজীবনের জন্য পদত্যাগ করছেন তিনি।

এই পদত্যাগ পত্র গ্রহণের পাশাপাশি সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দানের অনুরোধ করেন। রাতে পদত্যাগের ঘটনা প্রকাশিত হলে আওয়ামী মৎস্যজীবী নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ব্যাপারে মুঠোফোনে মোস্তফা ব্যাপারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় কাউন্সিল নির্বাচনের কারণে টাঙ্গাইল সদরের এমপি সানোয়ার হোসেনের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করে ছিলাম। কারো কোনো ভয়ভীতি বা চাপের কারণে নয় সজ্ঞানে স্বেচ্ছায় আমি ত্যাগ করেছি।

সর্বশেষ আপডেটঃ ০৬. জুলাই ২০২৫ ০২:১৪:এএম ১ বছর আগে
ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু - Ekotar Kantho

ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু

আরমান কবীরঃ কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল শাখার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রকৃত মালিক হলো এ দেশের জনগণ। অতীতে যখনই জনগণের বিপক্ষে গিয়ে কেউ দেশ পরিচালনা করতে চেয়েছে, তখনই জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পরবর্তীতে সেই সরকারই স্বৈরাচারে পরিণত হয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি শুরু থেকেই নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। যিনি নির্বাচনে বিজয়ী হবেন, তিনিই রাষ্ট্র পরিচালনা করবেন—এটাই জনগণের প্রত্যাশা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক সম্পাদক এডভোকেট ফরাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও ড্যাব টাঙ্গাইল শাখার সভাপতি ডাক্তার আব্দুল মতিন প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ০৪. জুলাই ২০২৫ ০২:৪৫:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের পাশে সুলতান সালাউদ্দিন টুকু - Ekotar Kantho

টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের পাশে সুলতান সালাউদ্দিন টুকু

আরমান কবীরঃ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের বাসায় গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল সদর উপজেলায় ২০২৫ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন কলেজে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে তিনি এ উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে জেলা বিএনপির বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বাসায় গিয়ে মেধাবী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়ায় অভিভাবকসহ স্থানীয়দের প্রশংসায় ভাসছেন সুলতান সালাউদ্দিন টুকু। তারা জানিয়েছেন, এর আগে কখনো এমনটা দেখেননি তারা। এই প্রথম সুলতান সালাউদ্দিন টুকু এমন উদ্যোগ গ্রহণ করেছেন। এতে খুশি তারা।

এ বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে করে তারা পরীক্ষায় আরো ভালো ফলাফল করতে অনুপ্রাণিত হয়।

সর্বশেষ আপডেটঃ ৩০. জুন ২০২৫ ০২:২৬:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে ‘পোড়াবাড়ী জনকল্যাণ সংস্থার’ সভাপতি রানা, সম্পাদক আকিবুর - Ekotar Kantho

টাঙ্গাইলে ‘পোড়াবাড়ী জনকল্যাণ সংস্থার’ সভাপতি রানা, সম্পাদক আকিবুর

আরমান কবীরঃ টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের ‘পোড়াবাড়ী জনকল্যাণ সংস্থার’ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হয়েছেন মো. রাজিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আকিবুর রহমান।

শুক্রবার (৬ জুন) সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের বড় বেলতা ঈদগাহ্ মাঠে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর সিকদার, সহ-সভাপতি মো. ইব্রাহিম মিয়া, মো. বুলবুল হাসান, মো. সুমন জোয়ারদার, মো. সমশের আলী, মো. রেজাউল করিম, মো. রুবেল মিয়া, মো. আনোয়ার হোসেন, মো. সুমন আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহীন জোয়ারদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাসুম রানা, মো. উজ্জ্বল হাসান, মো. মুছা বেপারি, মো. পারভেজ মিয়া, মো. লালন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসিফ, মো. রকি, কোষাধক্ষ রাসেল রানা, দপ্তর সম্পাদক মো. খোকোন মিয়া, আইন সম্পাদক হৃদয় মিয়া, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, ক্রিয়া সম্পাদক মো. সোহেল রানা।

সাধারণ সদস্যরা হলেন, হৃদয় হাসান, সবুজ খান, মনিরুল ইসলাম, মো. সুজাত হাসান, মো. মানিক মিয়া, মো. জাহিদ হাসান, মো. রিপন সিকদার, মো. মাসুদ মিয়া, মো. মুসতাক হাসান, মো. আনোয়ার হোসেন, মো. সজিব হাসান, মো. আজাদ মিয়া, মো. শরিফুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন, মো. সোহেল রানা, মো. মেহেদী হাসান, মো. সেরাজুল ইসলাম, মো. আজিজুল ইসলাম, মো. রাজিব হাসান, মো. শাকিল হাসান, মো. জুয়েল রানা, মো. সোহেল রানা, মো. মাজিদুল ইসলাম।

সর্বশেষ আপডেটঃ ১৯. জুন ২০২৫ ০৭:২৭:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির মতবিনিময় সভা - Ekotar Kantho

টাঙ্গাইলে টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির মতবিনিময় সভা

আরমান কবীরঃ টাঙ্গাইল-৫ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের গোল চত্বর বিএনপি কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাহমুদনগর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলাদল আয়োজিত এই মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা দলের ‍ সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, সদর থানা যুবদলের আহবায়ক খন্দকার কবিরুজ্জামান কবির, সদস্য সচিব ইকবাল তালুকদার প্রমুখ।

অনুষ্ঠান শেষে মহিলা কর্মীদের হাতে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দরা।

সর্বশেষ আপডেটঃ ১৮. জুন ২০২৫ ০৩:৩৩:এএম ১ বছর আগে
আপনাদের দোয়া আর ভালবাসায় ফিরে এসেছি: সালাম পিন্টু - Ekotar Kantho

আপনাদের দোয়া আর ভালবাসায় ফিরে এসেছি: সালাম পিন্টু

আরমান কবীরঃ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, স্বৈরাচার হাসিনা সরকার আমাকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ ১৭ বছর কারারুদ্ধ করে রেখেছিলো। ভেবেছিলাম মৃত্যু অবধারিত। আর আমার প্রাণপ্রিয় গোপালপুরবাসীর কাছে আসতে পারব না। তবে আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়া ভালবাসায় আবার ফিরে এসেছি। অনেক ত্যাগী নেতাকর্মীরা প্রয়াত হয়েছেন। যাদের সাথে আর কোনদিন দেখা হবে না। আমি কথা দিচ্ছি আপনাদের সুখে-দুখে সব সময় পাশে থাকবো।

শুক্রবার (১৩ জুন) বিকেলে জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের হেমনগর গ্রামের প্রয়াত বিএনপি নেতা আলী আকবর মোল্লার কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের প্রয়োজনে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। জনগণ তাদের ভোট দিয়ে পছন্দের প্রার্থী ও সরকার নির্বাচিত করবে। তবেই গনতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, কার্যকরি সদস্য মারুফ তালুকদার রাহীম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, হেমনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম রোজ তালুকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সেলিম হোসেন মুন্না আকন্দ, হেমনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার ও সদস্য সচিব গিয়াস উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, আলী আকবর মোল্লা গোপালপুর উপজেলা
প্রতিষ্ঠাতা বিএনপি সদস্য ও মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ২০১৫ সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী রোকেয়া বেগম, দুই মেয়ে আফরোজা আক্তার আঁখি ও জাকিয়া সুলতানা শিল্পী এবং একছেলে রাশেদুল ইসলাম রোকন মোল্লাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ আপডেটঃ ১৫. জুন ২০২৫ ০২:২১:এএম ১ বছর আগে
গণঅধিকার পরিষদ আগামীতে ৩০০ আসনে প্রার্থী দিবে: শাকিল উজ্জামান - Ekotar Kantho

গণঅধিকার পরিষদ আগামীতে ৩০০ আসনে প্রার্থী দিবে: শাকিল উজ্জামান

আরমান কবীরঃ স্বৈরাচার শেখ হাসিনা ও তার চাঁদাবাজ অসংখ্য রাঘব-বোয়ালরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশে নব্য চাঁদাবাজদের আধিপত্য বেড়ে গেছে। এসব চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারছে না। ব্যবসায়ীরা আতঙ্কে দিন পার করছে। এই নব্য চাঁদাবাজদের প্রতিহত করতে না পারলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না। গণঅধিকার পরিষদ আগামীতে ৩০০ আসনে প্রার্থী দিবে। সে লক্ষে গণঅধিকার পরিষদ পাড়া-মহল্লায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও দলটির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানের সময়ও কারাগারে থাকা অবস্থায় রিমান্ড শেষে বলেছিল— আওয়ামী লীগের ৯০% পড়ে গেছে আর ১০% ধাক্কা দেন। আপনারাই সেই ১০% ধাক্কা দিয়েছিলেন। বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এক আপোষহীন চরিত্রের নাম নুরুল হক নুরু। এই নুর কোন সময়ে আপোষ করে নাই, ভবিষ্যতেও আপোষ করবে না।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের বাজার এলাকায় গণঅধিকার পরিষদের ২১ দফা ঘোষণাপত্র দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদের গণজোয়ার তৈরি হয়েছে। গণঅধিকার পরিষদের নেতৃত্বে চাঁদাবাজ, দূর্নীতিবাজ ও মাদকের বিরুদ্ধে আমরা ছাত্র, শ্রমিক জনতাকে সাথে নিয়ে গণআন্দোলন শুরু করছি। যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন—টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি রুবেল খান, শামছুল হক সুজন, জলবায়ু বিষয়ক সম্পাদক এসএম সিহাব, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি সজিব, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নসিম উদ্দিন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নবাব আলী, সিনিয়র সহ-সভাপতি সজিব, সহ-সভাপতি রেজাউল হান্নান, সাংগঠনিক সম্পাদক রনি প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১৪. জুন ২০২৫ ০২:৪৯:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে আপত্তিকর অবস্থায় আ.লীগ নেত্রী জনতার হাতে আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে আপত্তিকর অবস্থায় আ.লীগ নেত্রী জনতার হাতে আটক

আরমান কবীরঃ টাঙ্গাইলের ভূঞাপুরে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকসহ মহিলা আওয়ামী লীগের নেত্রী রেহানা পারভীন (৩৮) জনতার হাতে আটক হয়েছেন। বর্তমানে তার প্রেমিকসহ তিনি ভূঞাপুর থানা হেফাজতে রয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) ভূঞাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আওয়ামী লীগ নেত্রী রেহানা পারভীন উপজেলার নিকরাইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি। তিনি পলশিয়া গ্রামের শাহ আলমের স্ত্রী এবং তার পরকীয়া প্রেমিকের নাম বাবলু মিয়া (৪৫)।

বাবলু একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। বাবলু মিয়া ৪ ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা এবং রেহেনা পারভীন ৩ সন্তানের মা। গত বুধবার রাতে উপজেলার সিরাজকান্দি গ্রামে ওই নারী নেত্রী রেহানার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানায়, দীর্ঘদিন ধরে নিকরাইল ইউনিয়ন নারী নেত্রী রেহানা পারভীন এবং বাবলুর মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। প্রায়ই বাবলু রেহানার বাড়িতে আসা-যাওয়া করতো।

বুধবার রাতে রেহানার বাড়িতে তারা একত্রিত হলে, অপেক্ষায় থাকা স্থানীয় কিছু ব্যক্তি তাদের আটক করে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং কিছু মানুষ উত্তেজিত হয়ে তাদের মারধরও করেন। পরে খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রেহেনা পারভীনের ছেলে আব্দুল্লাহ জানায়, বাবলু মিয়ার সাথে তাদের পারিবারিক এবং ধারদেনা সম্পর্ক রয়েছে। এর বাইরে কোনো সম্পর্ক নেই, এটি ষড়যন্ত্র।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সর্বশেষ আপডেটঃ ১৩. জুন ২০২৫ ০৩:২৩:এএম ১ বছর আগে
টাঙ্গাইলের ইউপি চেয়ারম্যান বিমান বন্দরে আটক - Ekotar Kantho

টাঙ্গাইলের ইউপি চেয়ারম্যান বিমান বন্দরে আটক

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল দেওয়ানকে আটক করেছে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমান বন্দর পুলিশ।

মঙ্গলবার (৩ জুন ) সকালে থাইল্যান্ড যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দরে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত হেলাল দেওয়ান বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।

জানা গেছে, গত ৪ আগষ্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী চলছিল। ওই সময়ে দুস্কৃতিকারীরা হাইওয়ে থানায় হামলা করে। এসময় পুলিশের গুলিতে গোড়াই লালবাড়ি এলাকার কিশোর হিমেলের দুচোখ অন্ধ হয়ে যায় । ওই ঘটনায় হিমেলের মা নাসিমা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলার বাঁশতৈল ইউপি চেয়ারম্যান হেলাল দেওয়ান তালিকাভুক্ত আসামী। ওই মামলার আসামী হিসেবে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ইউপি চেয়ারম্যান হেলাল দেওয়ানকে ইমিগ্রেশন পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, হিমেলের মায়ের করা মামলার তিনি তালিকাভুক্ত আসামী। তাকে বিমান বন্দর থেকে আনতে মির্জাপুর থানা পুলিশ রওনা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৪. জুন ২০২৫ ০৩:০৮:এএম ১ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।