/ হোম / রাজনীতি
টাঙ্গাইল জাসাস এর সাবেক সম্পাদক মিলনের দাফন সম্পন্ন - Ekotar Kantho

টাঙ্গাইল জাসাস এর সাবেক সম্পাদক মিলনের দাফন সম্পন্ন

আরমান কবীরঃ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর টাঙ্গাইল জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রগতি লাইফ ইন্সুরেন্সের কাশফুল প্রজেক্টের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) শাহারুল ইসলাম মিলনের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বাদ যোহর পাড়দিঘুলিয়া জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বেবিস্ট্যান্ড কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

এর আগে রবিবার ভোর ৬টার দিকে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন মিলন (৪৮)। তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যু কালে তিনি বাবা-মা, ভাই বোন, স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মিলনের জানাজা নামাজে জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলিমসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৫. অগাস্ট ২০২৫ ০২:০৫:এএম ১১ মাস আগে
টাঙ্গাইলে যুবলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে যুবলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার

আরমান কবীরঃ টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর এলাকার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে (৩৫) গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) রাতে কাতুলী ইউনিয়নের চৌবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহম্মেদ।

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা আবুল কাশেম একই ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের কুরবান আলীর ছেলে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহম্মেদ জানান, গত বছরের ৪ আগস্ট জেলা সদর রোডে অবস্থিত বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় আহত লাল মিয়ার দায়ের করা মামলায় যুবলীগ নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার (২৩ আগস্ট) দুপুরে টাঙ্গাইল মেজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. অগাস্ট ২০২৫ ০৩:১৮:এএম ১১ মাস আগে
টাঙ্গাইলে মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে কারাগারে প্রেরণ - Ekotar Kantho

টাঙ্গাইলে মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে কারাগারে প্রেরণ

আরমান কবীরঃ টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তারকৃত জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে (৭৯) কারাগারে প্রেরণ করেছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে শহরের পার্ক বাজারের মাছের আড়ৎ থেকে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আমীর হামজা শহরের বেপাড়ী পাড়া এলাকার মৃত আমজাত আলীর ছেলে ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ জানান, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদালত প্রাঙ্গনের দক্ষিণ পাশের ‘টাঙ্গাইল কিচেন’ নামের একটি রেস্তোর সামনে আন্দোলনকারীদের উপর হামলা করা হয়েছিলো।

তিনি আরও জানান, হামলার ঘটনায় আব্দুর রশিদ নামের এক ব্যক্তি বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় মঙ্গলবার দুপুরে আমীর হামজাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২১. অগাস্ট ২০২৫ ০৪:০১:এএম ১১ মাস আগে
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - Ekotar Kantho

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাহান হাসানঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইল সদর উপজেলা ও শহর শাখা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট শামীম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদ্দেশ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন, তার প্রতিটি উদ্দেশ্যই স্বেচ্ছাসেবক দল সফলভাবে পূরণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ বিগত বৈশ্বিক মহামারী করোনা কালে দুঃস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্বেচ্ছাসেবক দল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ২৬ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আশাকরি অতীতের মতোই ভবিষ্যতেও স্বেচ্ছাসেবক দল তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম খান ঝলক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আমানুল্লাহ আমান প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের জেলা ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

সর্বশেষ আপডেটঃ ২১. অগাস্ট ২০২৫ ০২:৫৯:এএম ১১ মাস আগে
টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগ নেতা লাভলু গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগ নেতা লাভলু গ্রেপ্তার

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে হিমেলের দুই চোখ অন্ধ হয়।

এ ঘটনায় গত ৭ অক্টোবর টাঙ্গাইল আদালতে ১০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেন হিমেলের মা নাসিমা বেগম। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে লাভলুকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (১৪ আগস্ট) আদালতের মাধ্যমে তাঁকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২৫ ০৩:৫৮:এএম ১১ মাস আগে
টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করে ষড়যন্ত্রকারীর বিচার দাবি করলেন বিএনপি সভাপতি - Ekotar Kantho

টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করে ষড়যন্ত্রকারীর বিচার দাবি করলেন বিএনপি সভাপতি

আরমান কবীরঃ টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করে ষড়যন্ত্রকারীর বিচার দাবি করলেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কালে তিনি এ দাবি করেন।

লিখিত বক্তব্য আজগর আলী বলেন, আমি বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সাবেক অধিনায়ক এবং আন্তজার্তিক কাবাডি রেফারি, সৌখিন মৎস্য শিকারী সমিতির সাধারণ সম্পাদক, আনাহলা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি, গয়রা গাছা দাখিল মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি, দুলবাড়ী রাশেদ হাসান উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি, টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসতেছি। আমি রাজনৈতিক ভাবেও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছি।

এছাড়াও আমি অত্যান্ত সুনামের সহিত হুগড়া ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমি দীর্ঘদিন যাবত টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করে আসতেছি। বিগত হাসিনা বিরোদী আন্দোলনে সম্মুখ ভাগে থেকে নেতৃত্ব দিয়েছি। যাহার ফলশ্রুতিতে দীর্ঘ তিন মাসেরও অধিক সময় কারাবরণ করেছি।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে আমি টাঙ্গাইলের শতাব্দী ক্লাবের সদস্য হওয়ার সুবাদে ক্লাবের পিয়ন বকেয়া চাঁদার জন্য আমাকে ফোন করলে আমি ক্লাবের বকেয়া চাঁদা পরিশোধের জন্য সেখানে উপস্থিত হইলে যৌথবাহিনীর কিছু সদস্য শতাব্দী ক্লাবের ভিতর ডুকে পড়ে আমাকে কোন কারণ ছাড়াই গ্রেপ্তার করেন। যা আমার ব্যাক্তিগত ও রাজনৈতিক জীবনে ব্যাপক প্রভাব পড়েছে। যাহার কারণে আমার অর্জিত সুনাম প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি ঘটনায় ষড়যন্ত্রের শিকার। আমি এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মহান আল্লাহ তায়ালার কাছে বিচার প্রার্থণা করছি।

এসময় জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি কাজী শফিকুর রহমান লিটন, সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক খান নিক্সন, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জহিরুল ইসলাম বাদল, কামরুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ ও ওমর ফারুক, যুগ্ম সম্পাদক সোলায়মান হায়দার টুটুল, ঘারিন্দা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সৈয়দ শাহীন, পোড়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুল সরকার, বাঘিল ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক আয়নাল হক, দাইন্যা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাখাওয়াত হোসেন, কাতুলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল হোসেন, মাহমুদনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবর রহমান, হুগড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ দিকে যৌথবাহিনীর অভিযানের প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবে শহরের শতাব্দী ক্লাব, নর্থ সাউথ ক্লাব, ভিক্টোরিয়া ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন নর্থ সাউথ ক্লাবের সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। তিনি বলেন, শহরের আরও বিভিন্ন ক্লাব রয়েছে। সেখানে অভিযান না করে এই তিনটি ক্লাবে যৌথ বাহিনী যে অভিযান চালিয়েছে, ষড়যন্ত্রমূলক।

এ সময় উপস্থিত ছিলেন, শতাব্দী ক্লাবের সভাপতি অমল ব্যানার্জী, সাধারণ সম্পাদক আকিবুর রহমান ইকবাল, ভিক্টোরিয়া ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক সায়েম রেজা বাবু, কার্যকরি সদস্য ও জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, মঙ্গলবার (১২ আগস্ট) রাতে শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত শতাব্দী ক্লাবে জুয়া খেলার সময় আজগর আলীসহ ৩৪ জনকে আটক করে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে নগদ এক লাখ ৪৯ হাজার ৪১০ টাকা, জুয়া খেলার বিভিন্ন সরঞ্জমান ও দুইটি খালি মদের বোতল উদ্ধার করা হয়। বুধবার (১৩ আগস্ট) দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে পাঠানো হয়। পরে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ তাদের জামিন মঞ্জুর করেন।

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২৫ ০২:১৭:এএম ১১ মাস আগে
টাঙ্গাইলে জুয়ার আসরে যৌথবাহিনীর অভিযান: বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩৪ - Ekotar Kantho

টাঙ্গাইলে জুয়ার আসরে যৌথবাহিনীর অভিযান: বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩৪

আরমান কবীরঃ টাঙ্গাইলে জুয়ার আসরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে নগদ ১ লাখ ৪৯ হাজার টাকা, জুয়া খেলার সরঞ্জাম, দু’টি খালি মদের বোতলসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলীও রয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত ফুলের মার্কেটের দ্বিতীয় তলায় শতাব্দী ক্লাবসহ বেশ কয়েকটি ক্লাবে এই অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী (৫০), কালিবাড়ি এলাকার বিধুণ ভুষনের ছেলে রক্ষিত বিশ্বজিৎ (৫৫), সবুর খান বীর বিক্রমের ছেলে মো. শাহ আলম খান মিঠু (৫৫), দিঘুলিয়ার জসিম উদ্দিন (৫৭), বাঘিলের গোলাম মাওলা (৪৮), থানাপাড়ার শাহিন আহমেদ (৫০), আবু জাফর খান (৪৪), বিশ্বাস বেতকার মো. আব্দুর রশিদ (৫৫), আকুর টাকুর পাড়ার মঈন খান (৬০), করটিয়ার ইসমাইলের ছেলে মোস্তফা কামাল (৫৮), সাবালিয়ার বিশ্বনাথ ঘোষ (৫৪), একে এম মাসুদ (৫৫), বেতকার শিপন (৫৮), আকুর টাকুর পাড়ার দেওয়ান শফিকুল ইসলাম (৬০), বেপারী পাড়ার এস এম ফরিদ আমিন (৫৫), কবির হোসেন (৫০), আদালত পাড়ার মোশারফ উদ্দিন (৫০), ঘারিন্দা এলাকার হাবিল উদ্দিন (৪০), বেতকার মহব্বত আলী (৫৫), আকুর টাকুর পাড়ার জাহিদ (৪৪), থানা পাড়ার প্রিন্স খান (৬৫), সৈয়দ শামসুদ্দোহা (৪৫), আদালত পাড়ার রফিকুল (৫৫), বিশ্বজিৎ (৪৫), পাড় দিঘুলিয়ার সাদেকুর, কাজিপুরের সেলিম (৪৫), আদালত পাড়ার হাসান আলী (৫০), বিশ্বাস বেতকার রফিক, আদালত পাড়ার শাহ আলম (৫৫), সিরাজুল (৪৫), বিশ্বাস বেতকার আশিকুর রহমান (৪৬), আদি টাঙ্গাইলের শফিক (৫২), বিশ্বাস বেতকার আখতারুজ্জামান (৪৩), আশেকপুর এলাকার আরমান (৪৩) ও শহরের ছয়আনি পুকুরপাড় এলাকার শামসুল হক (৫৬)।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত ফুলের মার্কেটের দ্বিতীয় তলায় শতাব্দী ক্লাবসহ বেশ কয়েকটি ক্লাবে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এসময় নগদ ১ লাখ ৪৯ হাজার টাকা, জুয়া খেলার সরঞ্জাম ও ২’দুটি খালি মদের বোতলসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, বুধবার (১৩ আগস্ট) সকালে আটককৃতদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৩. অগাস্ট ২০২৫ ০৭:০৬:পিএম ১১ মাস আগে
জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদ আবার সুযোগ নিবে: সুলতান সালাউদ্দিন টুকু - Ekotar Kantho

জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদ আবার সুযোগ নিবে: সুলতান সালাউদ্দিন টুকু

আরমান কবীরঃ বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদ আবার সুযোগ নিবে। গত বর্ধিত সভায় তারেক রহমান বলেছিলেন, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। আজকে নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে। আওয়ামী লীগের কারণে ১৪, ১৮ ও ২৪ সালে দেশের জনগণ ভোট দিতে পারেনি। কারণ তারা ভোটকে ভয় পাইতো, জনগণের শক্তিকে ভয় পাইতো। এই মুহুর্তে বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হচ্ছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে শহর ও থানা বিএনপি’র উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ও ছাত্র জনতার বিজয়ের বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের বিপক্ষে যখন যে গেছে, তার পরিস্থিতি ভাল হয়নি। এরশাদ জনগণের ভোটকে লুণ্ঠন করেছিল, এরশাদ টিকতে পারেনি। খুনি শেখ হাসিনা জনগণের ভোট কেড়ে নিয়েছিল। ফ্যাসিবাদ উপাধি পেয়ে জনগণ থেকে ধিকৃত হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে।

টুকু আরও বলেন, যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাচ্ছেন, তাদের বিরুদ্ধে জনগণ আবার গর্জে উঠবে। আর তালবাহানা না করে জনগণের সেন্টিমেন্ট অনুযায়ী দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান করেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন , জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

পরে শহিদ মিনার থেকে একটি বিজয় মিছিল বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।

সর্বশেষ আপডেটঃ ০৬. অগাস্ট ২০২৫ ০২:১৪:এএম ১১ মাস আগে
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আরমান কবীরঃ টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মিলনের আয়োজন করে জেলা প্রশাসন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে ওই সম্মিলনে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক আল-আমিন, সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি সহ আহত ও শহীদদের পরিবারের সদস্যরা।

আলোচনার এক পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় জেলার জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলা ও শহর বিএনপি’র আয়োজনে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

সদর উপজেলা বিএনপি’র সভাপতি মো. আজগর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ।

এরআগে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে জেলা-উপজেলা ও শহর বিএনপি’র বিপুল সংখ্যক নেতাকর্মী নেতাকর্মী অংশ নেয়।

দিনটি উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

এদিন ‎ সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। মঙ্গলবার দুপুর দেড় টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিকাল সাড়ে ৫টায় মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, কবিতা ও নাট্য পরিবেশনার মাধ্যমে গণআন্দোলনের চেতনা তুলে ধরেন।

‎‎কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

সর্বশেষ আপডেটঃ ০৬. অগাস্ট ২০২৫ ০১:০৮:এএম ১১ মাস আগে
টাঙ্গাইলে বিএনপি নেতাদের নামে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে বিএনপি নেতাদের নামে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

সাহান হাসানঃ টাঙ্গাইলে বিএনপি’র তিন নেতার নামে ‘মিথ্যা মামলা’ ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে বৃহত্তর সন্তোষের প্রতিবাদী ও শান্তিকামী নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য মনিরুজ্জামান, মাছুম আহমেদ, গফুর সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জুবায়ের হোসেন, গোলাম রাব্বানী ও শাহ আলম দীর্ঘদিন ধরে স্বচ্ছভাবে বিএনপি’র রাজনীতি করে আসছেন। শনিবার একটি চাঁদাবাজির মামলায় বিএনপি’র তিন নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্ত এ মামলাটি কাল্পনিক ও ভুয়া, যেভাবে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলের নাশকতা ও বিস্ফোরক মামলা দেওয়া হতো। এই মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী নজরুল ইসলাম প্রথমে গ্রেপ্তার দুইজনকে নির্যাতন করে বিএনপি’র তিনজনের নাম বলতে বাধ্য করান। গ্রেপ্তার হওয়ার পর তাদের খাবার দিতে গেলে পুলিশ বাধা দেয়। যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের বিচারের দাবি করছি। একই সঙ্গে তাদের মুক্তির দাবি করছি।

পরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা টাঙ্গাইল প্রেস ক্লাবে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন।

উল্লেখ্য, ‘কিলার গ্যাং’ নামে একটি সংগঠনের প্যাডে এক মাছ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে পাঠানো চিঠির ঘটনায় বিএনপি’র ওই তিন নেতা সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাতে ও শনিবার (২ আগস্ট) ভোরে টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে জেলা বিএনপি গ্রেপ্তার হওয়া নেতাদের দল থেকে বহিষ্কার করে।

সর্বশেষ আপডেটঃ ০৫. অগাস্ট ২০২৫ ০৩:০০:এএম ১১ মাস আগে
অতীতে জনগণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনেও নিবে: টুকু - Ekotar Kantho

অতীতে জনগণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনেও নিবে: টুকু

আরমান কবীরঃ বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমরা সব সময় এক কথার মধ্যে রয়েছি। আমরা পিআর পদ্ধতি নয়, ওয়েজ ম্যানেজমেন্ট যে পদ্ধতি আমাদের গতানুগতিক যে পদ্ধতি রয়েছে, মানুষ যেটিতে অভস্ত, যে এলাকার নেতা, ওই এলাকার লোনজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই স্বাভাবিক নিয়ম। এই সময় যারা নিয়মের ব্যত্যয়ের কথা বলে, তাদের মধ্যে নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র রয়েছে, নির্বাচন বিলম্বিত করার জন্য। আমরা জনগণের উপরে বিশ্বাসী। অতীতে জনগণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনেও নিবে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে ‘আমাদের টাঙ্গাইল আয়োজিত’ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি-২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, এই দেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়। এদেশের মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি আমরা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। আমরা ক্ষমতায় যাবো এ কথা আমরা বলিনা, মানুষের ভোটের অধিকার আমরা ফেরত দিতে চাই। মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে। দেশের মানুষ হচ্ছে এই দেশের মালিক। জনগণ ঠিক করবে এই দেশ কে পরিচালনা করবে।

টুকু আরো বলেন, সবাই পিআর পদ্ধতি চায় না। ইতিমধ্যেই বিভিন্ন কমেন্টস শুনছেন আপনারা। সোসাল মিডিয়া যারা দেখছেন, তারা অনেকেই শুনবেন। পাকিস্তানে টি-টুয়েন্টি তিনটি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ জিতে সিরিজ জয়লাভ করেছে। পাকিস্তান পরবর্তী ম্যাচে বেশি রান করেছে এবং রানের যোগফলে পাকিস্তান বেশি আছে। তার মানে কি সিরিজ পাকিস্তান জয়লাভ করলো। মানুষ এই কমেন্টস করে, ভোট দিলাম সন্দিপে, এমপি পেলাম মালদ্বীপে। তার মানে আপনি ভোট দিবেন টাঙ্গাইলে, এমপি পাবেন নোয়াখালীর, তাহলে কি হবে? টাঙ্গাইলের মানুষের সম্পর্কে টাঙ্গাইলের মানুষেরই জানতে হবে।

দ্যা ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মির্জা শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দ্যা প্রেসিডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর জুলফিকার আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ০২. অগাস্ট ২০২৫ ০২:০৮:এএম ১১ মাস আগে
টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতিকে অব্যাহতি - Ekotar Kantho

টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতিকে অব্যাহতি

আরমান কবীরঃ বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল আউয়ালকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর এমতাজ হোসেন লিখিতভাবে তাকে দল থেকে অব্যাহতি দেন।

লিখিত চিঠিতে জিয়া পরিষদের মহাসচিব উল্লেখ করেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেয়া আব্দুল আউয়ালের বক্তব্যের ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা বিএনপির কেন্দ্রীয় এবং জিয়া পরিষদের নেতাদের দৃষ্টিগোচর হয়েছে। তার এই বক্তব্যে বিএনপি এবং জিয়া পরিষদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই তাকে জিয়া পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের ১নং সহ-সভাপতি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল হোসেন শিশির বলেন, বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। আমি এখন পর্যন্ত চিঠি পাইনি। চিঠি পেলে এ বিষয়ে সঠিক তথ্য জানাতে পারব।

সর্বশেষ আপডেটঃ ০১. অগাস্ট ২০২৫ ০১:৫৬:এএম ১১ মাস আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।