একতার কণ্ঠঃ টাঙ্গাইল ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকায় একটি প্রাইভেটকারসহ শিশির নামে এক কিশোর ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। প্রাইভেটকারের মালিক ববিন সরকার এ বিষয়ে ঘাটাইল থানায় অভিযোগ দায়ের করেছেন।
প্রাইভেটকারের মালিক ববিন সরকার জানান, উপজেলার সাগরদিঘী গ্রামের মজিবর রহমান গাড়ির চালক ছিলেন। সিলভার কালারের ঢাকা-মেট্রো-গ-৪২-৯৮২৯ নম্বরধারী গাড়িটি চালকের তত্ত্বাবধানে ভাড়ায় পরিচালিত হত। ভাড়া না থাকলে তার তত্ত্বাবধানে গাড়িটি গ্যারেজেই থাকত। গত ২০ মে রাত ১০টার দিকে গাড়ির ড্রাইভার মজিবরের ছেলে শিশির (১৫) কাউকে না জানিয়ে গ্যারেজ থেকে গাড়িটি নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। গত ৩ দিনেও গাড়িসহ শিশিরকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না।
শিশিরের বাবা প্রাইভেটকার চালক মজিবর বলেন, স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র শিশির। সে প্রাইভেটকার চালাতে পারে। প্রায় বিভিন্ন সময় গাড়ি ড্রাইভ করে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছে। তবে এবার কাউকে না জানিয়ে গাড়িটি নিয়ে যায়। তার কাছে কোনো মোবাইল নেই। এই কারণে যোগাযোগ করা যাচ্ছে না।
এ বিষয়ে ঘাটাইল থানার সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, এই বিষয়টি শুনেছি। এখনো কোন অভিযোগ পায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়ায় সিটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ফেরার পথে আওয়ামীলীগ নেতা মো. মজিবুর রহমানকে নাজেহাল করে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার(২০ মে) দুপুরে ধলাপাড়া সিটি ব্যাংকের শাখার কাছে রাস্তায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর পৌনে এক টার দিকে দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষক মো. মজিবুর রহমান ধলাপাড়া বাজারের সিটি ব্যাংকের শাখা থেকে দুই লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার জন্য রাস্তায় বের হন। তিনি ধলাপাড়া বাজারের গাংগাইর মোড়ে পৌঁছলে আগে থেকে অপেক্ষমান দক্ষিণ ধলাপাড়া গ্রামের ১৮-২০জন বখাটে অতর্কিতভাবে ঘিরে ফেলে এবং মুখ ও হাত চেপে ধরে পকেটে থাকা টাকা নিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
ছিনতাইয়ের শিকার আ’লীগ নেতা ও আমজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বিএসসি জানান, ছিনতাইকারীরা স্থানীয় হওয়ায় তার পরিচিত। ছিনতাইকারীদের মধ্যে দক্ষিণ ধলাপাড়া গ্রামের মৃত ইয়ার মামুদ ঠান্ডুর ছেলে শহীদ মিয়া, মৃত শাজাহানের ছেলে মো. জাহাঙ্গীর, মৃত মর্তুজ আলীর ছেলে মো. ইব্রাহিম, মৃত তুষার মিয়ার ছেলে মো. আকাশ মিয়া, মৃত মিনহাজ উদ্দিন সিকদারের ছেলে চন্দন সিকদার, মো. শাজাহানের ছেলে মো. শরীফ ও মো. ছেন্টু মিয়ার ছেলে মো. সিফাতকে তিনি চিনতে পেরেছেন। তারা সহ ১৮-২০জন বখাটে ছিনতাই কাজে অংশ নেয়। তিনি ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঘাটাইল থানা পুলিশকে অবহিত করেছেন। এ বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নে দুই নীলগাই নিয়ে বিপাকে পড়েছেন এলাকার মানুষ। হঠাৎ লোকালয়ে চলে এসে বিলুপ্তপ্রায় এ প্রাণী দু’টি নষ্ট করছে ফসল।
আবার নীলগাই দেখার জন্য ভিড়ও জমাচ্ছেন শত শত মানুষ।
জানা যায়, গত দু’দিন ধরে দু’টি নীলগাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মধ্যে কৃষকের পাকা ধান নষ্ট করছে। এক নজর দেখার জন্য শত শত মানুষ প্রাণীটির পিছনে দৌড়াচ্ছেন। মানুষের তাড়া খেয়ে বিশ্রাম নিতে না পেরে হাঁফিয়ে উঠছে বিলুপ্তপ্রায় এ প্রাণী দু’টি।
বাঘেরহাট নচিয়ামামুদপুর গ্রামের ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম জানান, গত দু’দিন ধরে নীলগাই দু’টি প্রথমে চেড়াভাঙ্গা সংলগ্ন পাহাড়ের টিলার উপর দেখতে পান এলাকার লোকজন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়।
দেউলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম খান জানান, তিনি শুনেছেন দু’টি নীলগাই দু’দিন ধরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে।
ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নীলগাই দু’টি পথ ভুলে বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
রফিকুল ইসলাম খান উপজেলা প্রাণিসম্পদ ও বন বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ করেন শিগগিরই বিলুপ্তপ্রায় প্রাণী দু’টি উদ্ধার করতে ব্যবস্থা নেওয়ার।
একতার কণ্ঠঃ নারায়ণগঞ্জ থেকে অপহরণের ১৬ ঘণ্টা পর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে মো. আবিরকে (২৫) উদ্ধার করেছে র্যাব। শুক্রবার(৭ মে) ভোর রাতে উপজেলার দেউপাড়া বাজার থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুল রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার (৬ মে) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জের হিরাজিল সিরাজ টাওয়ারের দ্বিতীয় তলা থেকে মো. আবিরকে অপহরণ করা হয়। এরপর মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। আবিরকে নির্যাতনও করা হয়। বিষয়টি আবিরের পরিবার র্যাব-১২ কার্যালয়ে অভিযোগ করে।
এই অভিযোগ থেকে জানা যায়, আবিরের সঙ্গে এক বছর ধরে ফেসবুকে সুজন (২৫) নামে এক যুবকের বন্ধুত্ব আছে। সেই সূত্র ধরে, কাপড়ের ব্যবসা করার কথা বলে মো. আবিরকে অপহরণ করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আবিরের অবস্থান শনাক্ত করা হয় এবং শুক্রবার ভোর রাতে তাকে উদ্ধার করা হয়।
এ সময় তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
একতার কন্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে গরীব অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার( ৩ মে) সকাল ১১টার দিকে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের উদ্যোগে উপজেলার সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় শহীদ সালাউদ্দিন সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল তৌহিদুল আহমেদসহ সেনাবাহিনীর অন্যন্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, সাবান, নগদ টাকা এবং মাস্ক বিতরণ করা হয়।
একতার কণ্ঠ ডেস্কঃ বাংলা সংস্কৃতি আর ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি অংশ ঢুলি সম্প্রদায়। এ সংস্কৃতির ঐতিহ্যে বিকাশেও রয়েছে এ সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলা সংস্কৃতির যাত্রা, নাটক, বাউলগান, পালাগান হয়েছে এ সম্প্রদায়ের হাত ধরে সমৃদ্ধ। এ সম্প্রদায়ের উর্বর ভূমি টাঙ্গাইল জেলা। যার নিদর্শন এখনও ধরে রেখেছে জেলার ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নের হামিদপুরের বায়ানপাড়ায় বসবাসরত ঢুলি সম্প্রদায়ের শতাধিক পরিবার।
তবে করোনা ও লকডাইনের কারনে এখন প্রায় বন্ধ হয়ে গেছে এ সম্প্রদায়ের কার্যক্রম। এর ফলে চরম অভাব অনটনে কাটছে এ সম্প্রদায়ের দিন-কাল। করোনার প্রভাবে অস্তিত্বে সংকটে পড়েছে টাঙ্গাইলে ঢুলি সম্প্রদায় । পেটের দায়ে সম্প্রদায়ের কেউ কেউ বেঁছে নিচ্ছেন অন্য পেশা। ঝুঁপড়ির ঘর, উন্মুক্ত পায়খানায় এ সম্প্রদায়ের শিশুসহ পরিবার গুলো যেমন রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে, তেমনি রয়েছে পরিবার পরিকল্পনা প্রদ্ধতি সম্পর্কে অসচেতনতা। গ্রামটিতে রয়েছে চরম পয়ঃনিস্কাশন সমস্যাও। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও দিনদিন বাড়ছে এ গ্রামে বসবাসরত পরিবারগুলোর সদস্য সংখ্যা।
জানা যায়, প্রায় ৩’শ বছর যাবৎ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নের হামিদপুরের বায়ানপাড়ায় বসবাস করে আসছে ঢুলি সম্প্রদায়ের এ পরিবার গুলো। ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গ্রাম এই বায়ানপাড়া বা নার্গাচিপাড়া। ব্যক্তি মালিকাধীন ৫৯ শতাংশ জমির উপর অবস্থিত এ গ্রামটিতে বসবাসরত পরিবারের সংখ্যা শতাধিক হলেও এর সদস্য সংখ্যা প্রায় ২’শ জন। তাদের ভোটার সংখ্যা ১০৫জন। এছাড়াও ইসলাম ধর্মাবলম্বী এ সম্প্রদায়ের উপার্জনের একমাত্র অবলম্বন এই বাদ্যযন্ত্র। পরিবারের উপার্জনক্ষম শিশু থেকে বৃদ্ধ একজন হলেও রয়েছে এ পেশায় জড়িত। গ্রামটিতে বর্তমানে এ পেশার জড়িত রয়েছে বাসন্তী ব্যান্ড পার্টি, মনির ব্যান্ড পার্টি, বাংলাদেশ ভান্ডারী ব্যান্ড পার্টি, স্বপন ব্যান্ড পার্টি, শাহিন ব্যান্ড পার্টি, ফখর উদ্দিন ভাই ভাই ব্যান্ড পার্টি, সুমাইয়া ব্যান্ড পার্টি, বৃষ্টি ব্যান্ড পার্টি ও হৃদয়-রিপন ব্যান্ড পার্টির মত কয়েকটি দল।
এক একটি দলে কাজ করছে কমপক্ষে ১২জন সদস্য। বাংলা বছরের বৈশাখ, জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ, অগ্রহায়ন, মাঘ আর ফাল্গুন এ সম্প্রদায়ের উপার্জনের সময়। এ সকল ব্যান্ড পার্টির একটি দলে কাজ করেন ৬জন বাঁশি বাদক, ১জন বাংলা সানাই বাদক, ১ জন জয় ঢাঁক বাদক, ১জন ঢোল বাদক, ১জন জুড়ি বাদক, ১ জন কারা বা ছোট জয় ঢাঁক বাদক আর ১জন করতাল বাদক। নাটক, যাত্রা, বাউলগান, পালাগান, হিন্দু বিয়ে, অন্নপ্রাশন, পূঁজা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওরশ, র্যালীসহ নানা ধরণের সামাজিক অনুষ্ঠানে ব্যবহৃত হয় তাদের বাদ্যযন্ত্র। এ ধরণের প্রতিটি দিনব্যাপি অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানো বাবদ জনপ্রতি পান এক হাজার টাকা।
সরেজমিনে দেখা গেছে, ব্যক্তি মালিকাধীন মাত্র ৫৯ শতাংশ জমিতে অবস্থিত এ গ্রামটিতে গড়ে উঠেছে মাত্র একটি সেমিপাকা ঘর। বাকি সব ঘরগুলোই তোলা হয়েছে টিনের ঝুঁপড়ি দিয়ে। ৫৯ শতাংশ জমির গ্রামটিতে এতগুলো পরিবার বসবাসের ফলে তাদের এক একটি পরিবার এক বা আধা শতাংশ জমির মালিক। আবার অনেকেই আছেন ভূমিহীন। নেই তাদের কোন আবাদী জমি। এদের বেশিরভাগ ঘরেই নেই শোয়ার মত খাট বা চৌকি। সরকারিভাবে স্যানেটারী পায়খানা তৈরির রিং পাট আর স্লাব বসানো হলেও সেগুলোতে টিনের বেড়া দেয়ার সাধ্যও হয়নি হতদরিদ্র এই পরিবারগুলোর। এ কারণে পলিথিন বা সিমেন্টের কাগজ দিয়ে ঘিরেই কোন রকমে চলছে এর ব্যবহার। এর মধ্যেই চলছে গ্রামটিতে বসবাসরত শিশুদের খেলাধুলা, বৃদ্ধসহ পরিবারের সকল বয়সী নারী পুরুষের চলাচল। একই সাথে পরিবার পরিকল্পনা প্রদ্ধতি মেনে চলার চরম অসচেতনতায় গ্রামটির প্রতিটি পরিবারেই বৃদ্ধি পেয়েছে সদস্য সংখ্যা। এছাড়াও ওই গ্রামের মরহুম বরকত আলী নার্গাচীর স্ত্রী খুশিরন (৫৫) প্রধানমন্ত্রীর দেয়া একটি ঘর পেলেও তারও নেই স্বাস্থ্য সম্মত পায়খানার ব্যবস্থা।
বায়ানপাড়া গ্রামের চার সন্তানের জনক ও বয়োজ্যেষ্ঠ করনেট বাঁশি বাদক দরাজ আলী নার্গাচী (৭৮) জানান, আমাগো জাতিগত ব্যবসা এই ঢোল ব্যবসা। পূর্বপুরুষ থেকে আমাগো এই ব্যবসা চৈইলা আসছে। করোনার কারনে লকডাইনে ব্যবসা বাণিজ্য নাই, তাই খুব অভাবে আছি। বছরের ছয় মাস চলে আমাগো এই ব্যবসা। যখন কাম থাকেনা তহন আমরা রিক্সা বাই, কেউ কেউ আবার হাটে বাজারে ইঁদুর, তেলাপোকা, পিঁপড়া মারার ওষুধ বিক্রি কৈইরা চলে। সেই কাজও এখন বন্ধ তাই এক পেট খেয়ে কোন রকমে বাইচা আছি। সরকার আমাগো দিকে তাকায় না।
চার সন্তানের জনক ও বাঁশি বাদক জোয়াদ আলী নার্গাচী (৪৮), দুই সন্তানের জনক ও বাঁশি বাদক শফিকুল ইসলাম নার্গাচী (৩৪) ও তিন সন্তানের জনক আহাম্মদ আলী ভান্ডারী নার্গাচী (৫০) বলেন, অন্য কোন কাম জানা নাই বৈইলা কোন রকমে এ পেশা দিয়াই বাইচা আছি। আমরা নাটক, যাত্রা, বাউলগান, হিন্দু বিয়ে, অন্নপ্রাশন, পূঁজা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওরশ, র্যালীসহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজিয়ে থাকেন তারা। তবে দেশে এখন করোনা আইসা আমাগো কাজ কৈইমা গেছে। এ কাম কৈইরা এখন কোন রকমে চলতাছে আমাগো পেট। বাংলার ঐতিহ্য আর সংস্কৃতি বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।
চার সন্তানের জনক হযরত আলী নার্গাচী (৫৫) বলেন, আমাগো পূর্বপুরুষের ব্যবসা এই ব্যান্ডপার্টি। এ ব্যবসার উপরই আমাগো সংসার চলতাছে। এ ব্যবসা ছাড়া আমাগো কোন অর্থ সম্পদ নাই। বছরের ছয়মাস যখন কাম না থাকে পেটে ভাতে বেঁচে থাকার তাগিদে দিনমজুরের কাম করাসহ রিক্সা চালান বলেও জানায় সে। সেই কাজ ও এখন বন্ধ।
আপন ঢুলি নার্গাচী (২৮) বলেন, আমরা খুবই দরিদ্র এ কারণে ছালা দিয়া ঘিরা পায়খানা ব্যবহার করতাছি। সরকারিভাবে দেয়া পায়খানা আমরা গরীব বৈইলা পাইনা। অন্যজনাগো দিয়া দেয়। চেয়ারম্যান-মেম্বাররে জানাইয়া কোন কাম হয়নাই বলেও জানান তিনি। এখন পর্যন্ত কোন সরকারী সাহায্যে মেলেনি তাদের ভাগ্য।
ইউনিয়নের ইউপি সদস্য শফিকুল ইসলাম তালুকদার জানান, প্রায় তিন’শ বছর যাবৎ এ গ্রামে এই বায়ান সম্প্রদায়ের বসবাস। করোনার প্রভাবে এ ব্যবসায় প্রায় ধস নেমে গেছে। ব্যবসা খারাপ হওয়ায় এ পরিবারগুলোর অনেকেই এখন হাটে বাজারে মশা, মাছি ও ইঁদুরের ওষুধ বিক্রি কৈইরা পেট চালাইতাছে। এ গ্রামে বসবাসরত পরিবারগুলোর অধিকাংশেরই কারো আদা শতাংশ জমি, কারো এক পোয়া শতাংশ জমি, কারো তিন পোয়া শতাংশ জমি, কারো এক শতাংশ জমি রয়েছে। আবার অনেকেই আছেন একদম ভূমিহীন।
দিগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ (মামুন) বলেন, বায়ানপাড়ার অধিকাংশ পরিবারকে পায়খানা নির্মাণে রিং পাট ও স্লাব দিয়েছেন তারা। বেড়া তাদের দিয়ে নেয়ার কথা। এছাড়াও প্রতি বছরই বন্যায় ওই গ্রামটি তলিয়ে যেত বলে ইতিপূর্বে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াতের সুবিধা করে দিয়েছিল তারা। পরবর্তীতে মাটি ফেলে বায়ানপাড়ায় যাতায়াতের রাস্তাও করে দেয়া হয়েছিল। তবে বন্যায় ওই রাস্তাটির অনেকটাই ক্ষতি হয়েছে। এরপরও এলজিএসপির বরাদ্দ থেকে গ্রামটির রাস্তা রক্ষায় গাইডওয়াল নির্মাণের কাজ শুরু করেছি। করোনা সংকট মোকাবেলায় এই সম্প্রদায়ের লোকদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
একতার কন্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন।সোমবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম বানেছা বেগম (৪০)। তিনি কামালপুর গ্রামের সমশের আলীর মেয়ে। এ ঘটনার পর থেকে স্বামী খোকন মিয়া পলাতক রয়েছেন। খোকন মিয়া মির্জাপুর থানার বাশতৈল এলাকার কাশেম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, খোকন পেশায় একজন গাড়ি চালক। তিন বছর আগে খোকনের সঙ্গে বিয়ে হয় বানেছার। বানেছা কামালপুর বাবার বাড়িতে থাকার কারণে মাঝে মধ্যে খোকন আসা যাওয়া করতেন। গত রাতে খোকন বানেছার ঘরে ছিলেন এবং রাতে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনার পর থেকে খোকন মোবাইল বন্ধ করে পলাতক রয়েছেন।
সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতককে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলে অনুমোদিহীন একটি ঔষুধ কোম্পানীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।রবিবার(১৮এপ্রিল)বিকালে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীর ঘাটাইল এলাকায় অবস্থিত মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালসে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান সহ বিপুল সংখ্যক র্যাব ও আনসার সদস্য ।
[৪]এই ভ্রাম্যমান আদালত প্রসঙ্গে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার বলেন, র্যাব-১২ সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) প্রতিষ্ঠানের মালিক মোঃ জাহাঙ্গীর হোসেনকে রেজিস্ট্রেশনবিহীন ঔষধ (ট্যাবলেট) উৎপাদন করার অপরাধে ঔষধ আইন ১৯৪০ এর ২৭ ধারায় অভিযুক্ত করে নগদ ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো বলেন, এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নে একটি আরসিসি ব্রিজ ও প্রায় এক কিলোমিটার পাকা সড়ক স্থানীয় বৈরাণ নদীর গর্ভে চলে যাচ্ছে। পাউবো’র সুষ্ঠু পরিকল্পনা ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় না করে নদী খননের কারণে সরকারের প্রায় কোটি টাকার উন্নয়ন কাজ বৈরাণ নদী গর্ভে চলে যাচ্ছে। ফলে স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থায় ধস নেমে এসেছে।
জানা যায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী বৈরাণ নদী খনন করছে। বৈরাণ নদীর মোট ৩৭.৫ কিলোমিটার ২১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে তিন ধাপে খনন করা হচ্ছে। এরমধ্যে ধনবাড়ী উপজেলার মুশুদ্দী থেকে গোপালপুর উপজেলার হাটবৈরাণ পর্যন্ত প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ২৬ কিলোমিটার নদী খনন ২০২০ সালের জুনে শেষ হয়েছে। চলতি অর্থবছরে বৈরাণ নদীর ভাটিতে আরও সাড়ে ১১ কিলোমিটার খনন কাজ চলছে।
সরেজমিনে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের(পাউবো) কর্মকর্তারা নদী খননে পরিকল্পনাকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও এলজিইডি’র সঙ্গে সমন্বয় না করার কারণে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০১৬-১৭ অর্থবছরে ৫৪ লাখ চার হাজার ৬৫১টাকায় ৬০ ফুট দৈর্ঘ্যরে একটি আরসিসি ব্রিজ ও বন্দহাদিরা গ্রামের অংশে এলজিইডি’র প্রায় ৮০ লাখ টাকায় নির্মিত এক কিলোমিটার পাকা সড়ক নদীগর্ভে চলে যাচ্ছে।
ইতোমধ্যে গত বর্ষায় পাকা সড়কের প্রায় এক কিলোমিটার নদীগর্ভে চলে গেছে। ফলে নগদাশিমলা বাজার থেকে হাদিরা হয়ে ধনবাড়ী উপজেলা সদরে সরাসরি যান চলাচল দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। শুস্ক মৌসুমেও ওই অংশে পাকা সড়ক ভেঙে পড়ছে। উৎপাদিত কৃষিপণ্য ও মালামাল নিয়ে বিকল্প পথে যাতায়াত করায় মানুষের খরচ ও ভোগান্তি বেড়েছে। রাতে চলাচল করতে গিয়ে ইতোমধ্যে ১০-১২ ব্যক্তি আহত হয়েছে। শুষ্ক মৌসুমেই ভাঙন রোধে ব্যবস্থা না নিলে বন্দহাদিরা গ্রামের অনেক বাড়িঘর আগামি বর্ষায় নদীগর্ভে চলে যাবে।
অন্যদিকে, হাদিরা ইউনিয়নের ভাদুরীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পূর্ব-পশ্চিমে ৬০ ফুট দীর্ঘ একটি আরসিসি ব্রিজ নির্মাণ করে। ব্রিজটি বৈরাণ নদীর পূর্ব ও পশ্চিম(ডান ও বামতীরে) পাশের ৮-১০টি গ্রামের সেতুবন্ধন। পাউবো বৈরাণ নদীর ওই অংশে খনন করতে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় না করে নিজেদের প্রকল্পের স্বার্থে ব্রিজের অ্যাপ্রোচের মাটি কেটে তীরে জমা করে রেখেছে। অ্যাপ্রোচের মাটি কেটে ফেলায় ইতোমধ্যে গত বর্ষায় ব্রিজের আরসিসি পিলারে ফাঁটল ধরে দেবে গেছে। শুস্ক মৌসুমে ব্রিজের দুই পাশে বাঁশের সাঁকো লাগিয়ে স্থানীয়রা জরুরি প্রয়োজনে পায়ে হেঁটে চলাচল করছে। কোন প্রকার ভ্যান-রিকশা বা অন্য যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
বন্দহাদিরা গ্রামের ব্যবসায়ী আজহার আলী, হাদিরা গ্রামের বাসিন্দা মো. গোলাম ফারুখ সহ অনেকেই জানান, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার গোয়ালবাড়ী ঘাট ব্রিজের উত্তরে জনৈক প্রভাবশালীর জবরদখল করা জমি রক্ষার জন্য পূর্বদিকে ধনুকের মতো বাঁকিয়ে নদী খনন সম্পন্ন করেন। এতেই পাকা সড়ক ভেঙে নদীতে চলে যাচ্ছে।
হাদিরা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মোজাম্মেল হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের ফিল্ড অফিসার এবং ঠিকাদারের প্রতিনিধিকে একাধিকবার বলেও নদীর স্বাভাবিক প্রবাহের চ্যানেলে খনন করানো যায়নি। ফলে বর্ষায় নদীর ¯্রােত ওখানে বাঁক খেয়ে ঘূর্ণাবর্তের সৃষ্টি করায় নদীতীর ও এলজিইডি’র পাকা সড়কে ভাঙন দেখা দেয়। প্রায় এক কিলোমিটার পাকা সড়ক ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে।
তিনি আর জানান, ভাদুরীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ৬০ ফুট দীর্ঘ ব্রিজটির অ্যাপ্রোচের মাটি না কেটে নদী খনন করার জন্য স্কুলের শিক্ষক-অভিভাবক সহ স্থানীয় লোকজন অনুরোধ করলেও ঠিকাদার ও পাউবো’র ফিল্ড অফিসার কথা রাখেন নি। এতে শুকনো মৌসুমেই ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তিনি বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন।
হাদিরা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার জানান, বৈরাণ নদী খনন পাউবো একতরফাভাবে করেছে। এলজিইডি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে তারা কোন সমন্বয় করে নাই। ফলে নির্মিত পাকা সড়ক ও ব্রিজের সুফল থেকে স্থানীয় জনসাধারণ বঞ্ছিত হচ্ছে।
গোপালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুদ জানান, পানি উন্নয়ন বোর্ডের সাথে তাদের কোন কথাই হয়নি। পাউবো’র ঠিকাদার স্থানীয় সমস্যা বিবেচনায় না নিয়ে কাজ শেষ করেছে। এছাড়া জেলা নদী ব্যবস্থাপনা কমিটির সভায় তাদের ব্রিজটি সরিয়ে নেওয়ার কথা হয়েছিল কি-না তা তিনি জানেন না। ব্রিজের ক্ষয়ক্ষতির দায়ভার অবশ্যই পানি উন্নয়ন বোর্ডের।
গোপালপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের খামখেয়ালির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। তারা এলজিইডি’র নগদাশিমলা-হাদিরাবাজার সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে হাত দিয়েছেন। কিন্তু বন্দহাদিরা এলাকায় নদীতীর না থাকায় সড়ক সংস্কার কাজ ব্যাহত হচ্ছে।
টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষা আসার আগেই কাজ শেষ করা হবে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, ঐতিহ্যবাহী বৈরাণ নদী যথাযথভাবে খনন করা হচ্ছে। বন্দহাদিরায় গত বর্ষায় তীর ভেঙে যাওয়ায় এলজিইডি’র সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি যেহেতু এলজিইডি’র সুতরাং সংস্কার বা মেরামতের দায়িত্বও তাদের। নদীতীর সুরক্ষায় বর্ষা মৌসুমে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হয়ে থাকে- তখন ওখানে কাজ করা সম্ভব।
তিনি আরও জানান, বৈরাণ নদী খননের প্রাক্কালে জেলা নদী ব্যবস্থাপনা কমিটির সভায় ভাদুরীরচরের ৬০ ফুট ব্রিজটি সরিয়ে নিয়ে নতুন ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত হয়েছিল। এখনও পর্যন্ত ব্রিজটি কেন সরানো হয়নি তা বোধগম্য নয়।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইলে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত উপজেলা সদরের কলেজ মোড়, বাজার রোড,পুড়াতন বাসস্ট্যান্ড থেকে থানা পর্যন্ত সড়কের পাশে স্থাপিত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।এসময় ফুটপাতে থাকা সাইনবোর্ড, বিলবোর্ড,চায়ের দোকান, ফলের দোকান গুড়িয়ে দেন গ্রাম্য পুলিশের সদস্যরা।
অভিযানের সহযোগীতা করেন ঘাটাইল থানা পুলিশের এস এসই মতিউর রহমান ও প্রায় ৪০ জন গ্রাম্য পুলিশের সদস্যরা। এ সময় ফুটপাতে বালু রেখে পথচারী চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে এক নির্মাণাধীন ভবন মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার জানায়, দির্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যবসায়ী পৌরসভার সরকারী জায়গা দখল করে দোকান পাট পরিচালনা করে আসছে। তাদেরকে মাইকে ঘোষনা দিয়ে জায়গা খালি করে দিতে বলা হলে কোন কর্ণপাত করেনি বলে এ অভিযান পরিচালনা করা হলো। তিনি আরো বলেন,এ অভিযান আরো জোরদার হবে এবং অব্যাহত থাকবে।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর খনন করতে গিয়ে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার পাহাড়ী অঞ্চল সংগ্রামপুর ইউনিয়নের দক্ষিন কাউটে নগর গ্রামের একটি পুকুর থেকে পরিত্যক্ত এই গ্রেনেড উদ্ধার করা হয়। এ সময় উৎসুক গ্রামবাসী গ্রেনেডটি একনজর দেখার জন্য পুকুরের চারিদিকে ভিড় জমায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাউটে নগড় গ্রামের আবুল বিএসসি নামের এক শিক্ষকের পুরাতন একটি পুকুর খনন করেন।পুকুরের মাটি স্থানীয় কবির নামে এক লোক কিনে দোকান ভরাট করার সময় কোদালের মাথায় গ্রেনেডটি উঠে আসে।
বিষয়টি ঘাটাইল থানা পুলিশকে জানালে পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে ঘাটাইল থানায় নিয়ে আসে।
এ বিষয়ে সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া পুকুরে গ্রেনেড উদ্ধারের সত্যতা স্বীকার করে মুঠোফোনে জানান, খুব সম্ভবত স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধ শেষে গ্রেনেডটি পুকুরে ফেলেছে।
এ বিষয়ে ঘাটাইল থানার উপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, আমরা গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ঢাকা থেকে বিশেজ্ঞ টিম এসে এটা নিয়ে যাবে।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইলে পড়ালেখায় আগ্রহী ও জীবনমান উন্নয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকালে প্রধানমন্ত্রী কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে গৃহীত ‘বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি, ঘাটাইল উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর চেয়ারম্যান অলিন চন্দ্র বর্মন প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ২০টি বাইসাইকেল, স্কুল ব্যাগসহ বেশকিছু শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।