/ হোম / শিক্ষাঙ্গন
টাঙ্গাইলে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে রাকিব হোসেন (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে রাকিবের বসত ঘরের আড়া থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

সে উপজেলার অর্জুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জগৎপুরা গ্রামের তোফাজ্জল হোসেন টোকার ছেলে ।রাকিব স্থানীয় নিকলা দড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও রাকিবের ভগ্নিপতি আসলাম জানান, রবিবার বিকেলে রাকিবের বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা শেষে বাড়ি এসে ইফতার করে। এরপর বন্ধুদের সঙ্গে দেখা করতে বের হয়। রাত ১০টার দিকে বাড়ি ফিরে আসে। পরে রাত ১টার দিকে বন্ধুদের ফোন করে বলে, ‘তোরা আমাকে আর পাবি না।’

বন্ধুরা ‘আত্মহত্যার’ আশঙ্কা টের পেয়ে রাকিবের বাড়ি গিয়ে তার ভাবিকে জানায়। তখন দ্রুত তার বসত ঘরের দরজায় ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে বন্ধুরা দরজা ভেঙে ফেলে। ঘরে প্রবেশ করে দেখে রাকিব ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। পরে আড়া থেকে রাকিবের ঝুলন্ত মরদেহ নামায় তার পরিবার।

রাকিবের বন্ধু আতিক, জুয়েল, হিরা ও রানা জানায়, রবিবার বিকেলে আমরা নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মাঠে একসঙ্গে ক্রিকেট খেলি। খেলা শেষে ইফতারের আগে সবাই বাড়ি ফিরে যাই। এরপর কেন এমন হলো আমরা বুঝতে পারছি না।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে গোপালপুর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে নিহত স্কুল ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১১. এপ্রিল ২০২৩ ০২:১৭:এএম ৩ বছর আগে
ভাসানী বিশ্ববিদ্যালয়ে পথ শিশুদের মাঝে সিআরসির ঈদ উপহার বিতরণ - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ে পথ শিশুদের মাঝে সিআরসির ঈদ উপহার বিতরণ

একতার কণ্ঠঃ: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১০ জন পথ শিশুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি)।

সোমবার(১০ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন।

উদ্বোধনকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন বলেন, ঈদ মানে আনন্দ, নিজেরা কষ্ট করে টাকা তুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া সিআরসির এমন উদ্যোগ প্রশংসনীয়। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম একটিভিটির প্রয়োজন রয়েছে, পড়াশোনার পরবর্তী চাকুরী জীবনে এর গুরুত্ব রয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদ, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাহবুবুল হক, শেখ রাসেল হল প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোঃ আজিজুল হক, প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক, সিআরসি এর উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান, ড. মোঃ খাইরুল ইসলাম, শাকিল মাহমুদ শাওন ও মুনমুন বিনতে আজিজ, সভাপতি মোঃ নাঈম উল জান্নাত, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাকিলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১০. এপ্রিল ২০২৩ ১০:১২:পিএম ৩ বছর আগে
ভাসানী বিশ্ববিদ্যালয়ে জননেতা আব্দুল মান্নানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ে জননেতা আব্দুল মান্নানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ নানা কর্মসূচিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল মান্নানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার(৪ এপ্রিল) সকাল ৯ টা ৩০ মিনিটে জননেতা আব্দুল মান্নান হলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম ও জননেতা আব্দুল মান্নান হল প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মাসুদার রহমানকে নিয়ে মরহুমের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা এবং জননেতা আব্দুল মান্নানসহ তার পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া বাদ ইশা জননেতা আব্দুল মান্নান হল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি রয়েছে।

সকল কর্মসূচিতে জননেতা আব্দুল মান্নান হলের হাউজ টিউটর, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।

উল্লেখ্য,টাঙ্গাইলের কৃতি সন্তান জননেতা আব্দুল মান্নান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৪. এপ্রিল ২০২৩ ১০:৪০:পিএম ৩ বছর আগে
ভাসানী বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

একতার কণ্ঠঃ নানা আয়োজনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি পালন করা হয়েছে।

২৬ মার্চ (রবিবার) সূর্য উদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনেরমধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামকে নিয়ে ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাষ্কর্য প্রত্যয়’ ৭১ ও বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।

এছাড়া শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ৩য়শ্রেণী কর্মচারী সমিতি, ৪র্থশ্রেণী কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, ভাসানী পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, বাঁধন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সক্রিয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রত্যয়’ ৭১এর পাদদেশে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ শেষে ইএসআরএম গ্যালারীতে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল এবং ক্যাম্পাসের মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।

সকল কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন,রেজিস্ট্রার, চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ আপডেটঃ ২৭. মার্চ ২০২৩ ০২:৩৫:এএম ৩ বছর আগে
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন - Ekotar Kantho

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

একতার কণ্ঠঃ ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) বিকালে ওয়ান বাংলাদেশের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে প্রত্যয়’ ৭১ এর সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় কালো ব্যাজ ধারণ করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান , ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এছাড়া রাত ১০ টা ৩০ মিনিটে ২৫শে মার্চ কালরাত্রি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচির আয়োজন করার কথা রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৬. মার্চ ২০২৩ ০২:৫২:এএম ৩ বছর আগে
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পানি দিবস পালিত - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পানি দিবস পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।

‘পানি ও স্যানিটেশন সংকট সমাধানে ত্বরান্বিত পরিবর্তন’ প্রতিপাদ্য নিয়ে বুধবার (২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের সামনে থেকে গ্রীণ ক্লাবের আয়োজনে একটি র‌্যালী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এতে সার্বিক সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ।

র‌্যালীতে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আল মামুন, প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক, প্রফেসর ড. রোকসানা হক রিমি, ড. শিমুল রায়, গ্রীণ ক্লাবের আহবায়ক মানিক শীলসহ এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে ক্যাম্পাসে পানি বিষয়ক সচেতনতায় পোস্টারিং ও পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৩. মার্চ ২০২৩ ০১:৫০:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও - Ekotar Kantho

টাঙ্গাইলে শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও

একতার কণ্ঠঃ শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দেখতে বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন।

মঙ্গলবার (২১ মার্চ) দিনব্যাপি উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে বের হন তিনি। পরিদর্শনের শুরুতে সকাল সাড়ে ১১ টায় উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, বঙ্গবন্ধু কর্ণার, শেখ রাসেল কর্ণার, লাইব্রেরী, শিক্ষা উপকরণ ও বিদ্যালয় আঙিনায় ফুলের বাগান পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তারপর পাশের নিকলা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শনের এক পর্যায়ে নবম ও দশম শ্রেণির শ্রেণিকক্ষে প্রবেশ করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় শেষে উচ্চতর গণিত বিষয়ের ত্রিকোনমিতির উপর ক্লাস নেন ইউএনও বেলাল হোসেন।

এসময় ইউএনওকে দেখে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে এবং ইউএনওর বক্তব্য ছাত্র-ছাত্রীরা শুনেন।

শিক্ষার্থী জ্যোতি, সাইমা, রায়হান ও হাসান আলী জানান, স্কুলের স্যার আমাদের গণিত ক্লাস নিচ্ছিলেন। এসময় হঠাৎ করেই ইউএনও স্যার ক্লাসে প্রবেশ করেন। পরে স্যার আমাদের সঙ্গে কুশল বিনিময় শেষে উচ্চতর গণিত বিষয়ের ত্রিকোনমিতির বিষয়ের উপর ক্লাস নেন। স্যার সুন্দরভাবে ক্লাস নিয়েছেন। আমরা অনেক কিছু শিখতে পেরেছি।

এরপর দুপুরে ইউএনও বেলাল হোসেন উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানেও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা ও পড়াশোনা মান-উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে মাটিকাটা স্কুলের পাশে গড়ে ওঠা দোকানপাটে যাতে বখাটে যুবকরা আড্ডা না দিতে পারে সে ব্যাপারেও দোকানীদের কঠোর নির্দেশ দেন তিনি।

এসময় বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এম.জি মাহমুদ ইজদানী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান ও রেজাউল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক ফরমান শেখ প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন জানান, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার স্যারের নির্দেশনায় সকলকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিয়মিত পরিদর্শন করে যাচ্ছি।

তিনি আরো জানান, পরিদর্শনকালে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষাদান কার্যক্রম, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারসহ বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ আমাকে মুগ্ধ করেছে। ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকসহ সকলকে অনুপ্রাণিত করার মাধ্যমে উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি।

সর্বশেষ আপডেটঃ ২২. মার্চ ২০২৩ ০৩:২৩:এএম ৩ বছর আগে
ভাসানী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) বিকালে একাডেমিক ভবনের পরিসংখ্যান বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সায়েন্স অনুষদের ডিন ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ধনেশ্বর চন্দ্র সরকার ও স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মহিবুল হোসেন।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৯. মার্চ ২০২৩ ০১:৪৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ইসলাম ধর্মের পরীক্ষায় হিন্দু ধর্মের প্রশ্ন পত্র! - Ekotar Kantho

টাঙ্গাইলে ইসলাম ধর্মের পরীক্ষায় হিন্দু ধর্মের প্রশ্ন পত্র!

একতার কণ্ঠঃ হিন্দু ধর্মের প্রশ্ন সম্বলিত ইসলাম ধর্ম পরীক্ষার প্রশ্নপত্র পেলেন এসএসসির মডেল টেস্ট পরীক্ষার্থীরা। সোমবার (১৩ মার্চ) ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে। প্রশ্নপত্র হাতে পেয়ে শিক্ষার্থীরা কেন্দ্রে এর প্রতিবাদ করায় পরীক্ষা স্থগিত ও পূনরায় ওই পরীক্ষা নেয়ার তারিখ নির্ধারণ করা হলেও এর কঠোর বিচার দাবি করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

অন্যদিকে ঘটনাটি অনাকাঙ্খিত বলে দাবি করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় সুত্রে জানা যায়, ১৯৩৫ সালে স্থাপিত হয় টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এ উচ্চ বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ১৪০০ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২০০জন। ৫০০ টাকা বেতনে বিদ্যালয়ের এসএসসি কোচিং শিক্ষার্থী সংখ্যা ১৫০ জন।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা জানায়, সোমবার (১৩ মার্চ) ছিল আমাদের ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা। কেন্দ্রে প্রশ্ন পাওয়ার পর আমরা দেখি ইসলাম ধর্ম পরীক্ষার প্রশ্নপত্রে হিন্দু ধর্মের প্রশ্ন। বিষয়টি নিয়ে আমরা প্রতিবাদ করায় পরীক্ষা নেয়া বন্ধ করেছেন কর্তৃপক্ষ। এরপর জানায় পরীক্ষাটি পরে নেয়া হবে। তবে প্রশ্নপত্র আমাদের হাতে দেয়ার আগে কর্তৃপক্ষ কেন সেটি আগে যাচাই করলেন না এমন প্রশ্ন তুলেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।

কাতুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রিপন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমি হিন্দু ধর্মের প্রশ্ন দিয়ে ইসলাম ধর্ম পরীক্ষার প্রশ্নপত্র দেয়া হয়েছে বিষয়টি জানতে পারি। আমি এলাকায় ছিলাম না, পরবর্তীতে কি হয়েছে এর বাইরে আমি আর কিছুই জানি না। তবে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি।

কাদের, ইউসুফসহ বেশ কয়েকজন অভিভাবকের অভিযোগ, সামনেই এসএসসি পরীক্ষা দেবে আমাদের শিক্ষার্থীরা। তাদের ফলাফল ভালো হওয়ার আশ্বাস দিয়ে বিদ্যালয়ে কোচিং করানো হচ্ছে। প্রতিমাসে কোচিং ফি বাবদ টাকাও নিচ্ছেন বিদ্যালয় কর্র্তৃপক্ষ। শিক্ষার্থীদের মান যাচাই করতে বিদ্যালয় থেকে মডেল টেস্ট পরীক্ষার আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) ছিল ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা। ওই পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীরা দেখে ইসলাম ধর্ম পরীক্ষার প্রশ্নপত্রে হিন্দু ধর্মের প্রশ্ন। প্রশ্ন পরে শিক্ষার্থীরা প্রতিবাদ করার পর প্রশ্নপত্রটি দেখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দায়িত্বরত শিক্ষকরা।
এ অভিযোগ পেয়ে আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে সাথে দেখা করলে তিনি জানান প্রশ্নগুলো ঢাকা থেকে কিনে এনে পরীক্ষা নেয়া হচ্ছে। এ কারণে সমস্যাটি হয়েছে।

তারা বলেন, মডেল টেস্টের প্রশ্ন কেন কর্তৃপক্ষ নিজেরা না করে কিনে এনে পরীক্ষা নিচ্ছেন। তাহলে কেন বিদ্যালয়ের বেতন, পরীক্ষার ফিসহ কোচিং এর জন্য টাকা দিচ্ছি আমরা ? আমাদের শিক্ষার্থীদের কি শিক্ষা দিচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এমন প্রশ্ন তুলেছেন তারা।
তারা আরও বলেন, ইসলাম ধর্ম পরীক্ষার প্রশ্নপত্রে হিন্দু ধর্মের প্রশ্ন এটি সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে উত্তেজিত শিক্ষার্থীরা। চরম দায়িত্ব অবহেলায় লিপ্ত এই বিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে এমন ভুলের বিষয়টি কি দেখেননি আমাদের জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ কর্তৃপক্ষরা এমন প্রশ্ন তুলেছেন তারা।

ইসলাম ধর্ম পরীক্ষার প্রশ্নপত্রে হিন্দু ধর্মের প্রশ্ন থাকার বিষয়টি স্বীকার করেছেন বাগবাড়ি চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছানোয়ার হোসেন।

তিনি বলেন, ঢাকার প্রশ্নঘর থেকে ২৫ টাকা দরে প্রতিসেট প্রশ্নপত্র কেনা হয়েছে। অন্যান্য পরীক্ষার প্রশ্ন ঠিক থাকলেও ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার প্রশ্নপত্রে এমন ভুল হয়েছে। আগামী ২২ মার্চ পুনরায় নতুন প্রশ্নপত্রে পরীক্ষাটি নেয়া হবে। বিষয়টি প্রশ্নঘর মালিক পক্ষকে জানানো হয়েছে।

বাগবাড়ি চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি নায়েব আলী সরকার বলেন, এটি একটি অনাকাঙ্খিত ভুল। পরবর্তিতে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানিক কোন ব্যবস্থা নেয়া হয়নি বলেও জানান তিনি।

এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া খাতুন জানান, বিষয়টি আমি জানিনা। আগামীকাল সকালে প্রধান শিক্ষকের সাথে কথা বলে এর বিরুদ্ধে পরবর্তি ব্যবস্থা নিব।

সর্বশেষ আপডেটঃ ১৫. মার্চ ২০২৩ ০৪:১৪:এএম ৩ বছর আগে
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রচলিত পরীক্ষা পদ্ধতি বাতিল - Ekotar Kantho

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রচলিত পরীক্ষা পদ্ধতি বাতিল

একতার কণ্ঠঃ নতুন কারিকুলামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে কোনো প্রচলিত পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি।

সোমবার (১৩ মার্চ ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

মাউশির আদেশে বলা হয়েছে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমের ক্ষেত্রে এনসিটিবি প্রণীত শিক্ষক সহায়িকা এবং শিক্ষাক্রমের নির্দেশনা অনুসারে সম্পাদন করতে হবে।

এতে আরও বলা হয়েছে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে প্রচলিত কোনো পরীক্ষা/মডেল টেস্ট গ্রহণ করা যাবে না। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে এনসিটিবি থেকে যে গাইডলাইন পাওয়া যাবে, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

সংবাদ সূত্র – The Daily Star বাংলা

সর্বশেষ আপডেটঃ ১৪. মার্চ ২০২৩ ০৬:০০:পিএম ৩ বছর আগে
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন - Ekotar Kantho

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন

একতার কণ্ঠঃ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার(১৩ মার্চ) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) টাঙ্গাইল জেলা শাখার উদ্যেগে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মীর মো. আশরাফ হোসেন, সহ-সভাপতি গোলাম রাব্বানী, শিক্ষক সমিতি (বিটিএ) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

মানববন্ধনে আন্দোলনকারীদের বহন করা প্ল্যাকার্ডে লেখা ছিলো এক দফা এক দাবি জাতীয়করণ কবে করবি, শিক্ষাক্ষেত্রে বৈষম্য মানিনা মানবো না, বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন করতে হবে জাতীয়করণ, প্রতিষ্ঠানের আয় জমা নিন জাতীয়করণ উপহার দিন, সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে জাতীয়করণ চাই, এক দেশে দুই শিক্ষানীতি চলবে না চলবে না, আমাদের দাবি মানতে হবে জাতীয়করণ করতে হবে।

এরপর মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

এ সময় সংগঠনের বিভিন্ন উপজেলার সভাপতি- সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষক উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৩. মার্চ ২০২৩ ১০:২৯:পিএম ৩ বছর আগে
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বগুড়া স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সাদিক সম্পাদক রিওন - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বগুড়া স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সাদিক সম্পাদক রিওন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি)  বগুড়া এ্যাসোসিয়েশন অব এমবিএসটিইউ স্টুডেন্টস এর নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সাদিক আহম্মেদ (২০১৬-২০১৭ সেশন) ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী জোবায়ের দৌলা রিওন (সেশন ২০১৭-১৮) ।

শনিবার (১১ মার্চ) বিকালে বগুড়া এ্যাসোসিয়েশন অব এমবিএসটিইউ স্টুডেন্টস এর দায়িত্ব গ্রহন করেন নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ ছাড়াও সহ-সভাপতির দায়িত্বে ইএস আরএম বিভাগের জাহিদ হাসান ও অর্থনীতি বিভাগের শাওন সরকার নির্বাচিত হন। যুগ্ম সাধারন সম্পাদক পদে শাকিল আহম্মেদ (পদার্থবিজ্ঞান), আরশাফুল ইসলাম নয়ন (ব্যবসায় প্রশাসন) ও তোফায়েল আহমেদ (পরিসংখ্যান) এবং সাংগঠনিক সম্পাদক পদে জুনায়েদ হাসান (সিএসই), সাদিয়া ফেরদৌসি (বিএমবি) , হাসিবুল হাসান (ফার্মেসী) ও ওয়াসিফ শাহরিয়ার সিরাত (আইসিটি) নির্বাচিত হন।

কমিটি গঠনে সংগঠনটির  প্রধান উপদেষ্টা মাভাবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম ও সংগঠটির সাবেক সভাপতি এস.এম ফারহান সাজ্জাদ ও সাবেক সাধারণ সম্পাদক মো. তুহিন ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিত ছিলেন।
এসময়ই নতুন কার্যনির্বাহী পরিষদ (২০২২-২৩) এর একাংশ ঘোষণা করা হয়।

সংগঠনের দায়িত্ব পাওয়া সাধারণ সম্পাদক জোবায়ের দৌলা রিওন বলেন, করোনা মহামারীর প্রাদুর্ভাবে আমাদের ক্যাম্পাস অনেক দিন বন্ধ ছিল যার জন্য আমাদের ক্যাম্পাসের প্রায় সকল এ্যাসোসিয়েশনের কার্যক্রম কিছুটা বাধার সম্মুখীন হয়েছে। আমার আহবান থাকবে নতুন কমিটির নির্বাচিত সকলের প্রতি, সবাই মিলে সংগঠনটি অনেক দূরে এগিয়ে নেওয়ার। আমার বিশ্বাস বগুড়ার সকল উপদেষ্টা শিক্ষকমহল এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বগুড়া এ্যাসোসিয়েশন অফ এমবিএসটিইউ স্টুডেন্টস মাভাবিপ্রবি ক্যাম্পাসে আইডল হয়ে থাকবে।

সভাপতি সাদিক আহম্মেদ বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বগুড়া এ্যাসোসিয়েশনের পূর্ব কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ  সকল সদস্যদের যারা আমাকে সংগঠনের ভবিষ্যৎ কার্যপ্রণালী চালিয়ে যাবার যোগ্য মনে করেছেন এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, প্র. ড. মো: সিরাজুল ইসলাম স্যারকে। একইসাথে আমি অভিবাদন জানাই নতুন কমিটির নির্বাচিত  সদস্যদের যারা সংগনের সার্বিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনাতে আমাকে সহযোগিতা করবেন। এবং আমন্ত্রণ জানাই বগুড়ার নবীন শিক্ষার্থীদের যারা কিনা সংগঠনকে পরিপূর্ণ করবে এবং খুঁজে পাবে নিজ এলাকার সম্পৃক্ততা। বগুড়ার সকল শিক্ষার্থী ও উপদেষ্টা শিক্ষকমহলের অবদানে, বগুড়া এ্যাসোসিয়েশন অফ এমবিএসটিইউ স্টুডেন্টস মাভাবিপ্রবি ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ নজির রাখবে বলে আমার বিশ্বাস।

সর্বশেষ আপডেটঃ ১২. মার্চ ২০২৩ ০২:৩২:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।