/ হোম / শিক্ষাঙ্গন
ভাসানী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে সেমিনার অনুষ্ঠিত - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে সেমিনার অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‘পরিবেশগত প্রতিকারের জন্য পলিমার ভিত্তিক ন্যানো ম্যাটেরিয়ালের ব্যবহারের সুযোগ এবং ঔষধ শিল্পে রসায়নের জ্ঞান’ বিষয়ক সেমিনারে ৩ টি গবেষণার তথ্য ও ফলাফল উপস্থাপন করা হয়।

‘Conducting polymer based (CP) based nanocomposites for waste water treatment’ এর উপরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মিজানুর রহমান খান, ‘Non-Enzymatic Electrochemical sensor for the Sensitive and Selective Determination of Hydrogen Peroxide’ এর উপরে বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু রাশেদ এবং API Synthesis & Its Challenges in Bangladesh এর উপরে প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম গবেষণার তথ্য ও ফলাফল উপস্থাপন করেন।

সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ আপডেটঃ ১৫. সেপ্টেম্বর ২০২২ ০১:০১:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় আরও এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় আরও এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

একতার কণ্ঠঃ  টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আদনান (১৫) নামের আরো এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আদনান উপজেলার কালিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং স্থানীয় ঘোনারচালা উচ্চবিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সখীপুর-সাগরদীঘি সড়কের কালিয়া বাজার এলাকায় আদনানের মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দেয়। এতে আদনান ও তার বন্ধু জুবায়ের আহমেদ গুরুতর আহত হয়। আহত আদনানকে ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে তার মৃত্যু হয়।অন্যদিকে আদনানের বন্ধু জুবায়েরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল রানা জানান, মাত্র তিন দিন পরেই আদনানদের এসএসসি পরীক্ষা শুরু হবে। এই সময়ে আদনানের মৃত্যুতে তার সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে, এ মাসের শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে দেলদুয়ার উপজেলার দেলদুয়ার-পাকুল্লা আঞ্চলিক সড়কে ফায়ার সার্ভিস অফিসের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়াম(১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়।এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী সিয়ামের বন্ধু রানা গুরুতর আহত হয়।

নিহত সিয়াম উপজেলার ফাজিলহাটী এলাকার সানোয়ার হোসনের ছেলে।সে স্থানীয় লাউহাটী আজহার আলী মেমরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

গত তিন মাসে টাঙ্গাইল জেলায় বেপরোয়া মোটরসাইকেলের গতি একের পর এক স্কুল ও কলেজ ছাত্রের প্রাণ কেড়ে নিচ্ছে। এ ব্যাপারে সচেতন মহল ও অভিভাবকগণ সড়ক ও মহাসড়কে স্কুল-কলেজের মোটরসাইকেল আরোহী ছাত্রদের চলাচলে নিয়ন্ত্রণ আরোপের জোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ১২. সেপ্টেম্বর ২০২২ ০১:০৫:এএম ৪ বছর আগে
হাত-পা বেঁধে নির্যাতনের অপমান সহ্য করতে না পেরে সালমানের আত্মহত্যা - Ekotar Kantho

হাত-পা বেঁধে নির্যাতনের অপমান সহ্য করতে না পেরে সালমানের আত্মহত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনায় হাত-পা বেঁধে নির্যাতন করায় ডিএম সালমান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে

নিহত সালমান উপজেলার আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের শামসুল দেওয়ানের ছেলে। সে গল্লী জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্বজনরা জানান, সালমানের বন্ধু চুকুরিয়া গ্রামের আলামীন একই এলাকার শফিকের দোকানে তাকে সঙ্গে নিয়ে বিকাশের মাধ্যমে কিছু টাকা লেনদেন করে। আলামীন পরে টাকা দেয়ার কথা থাকলেও সে টাকা না দিয়ে গা ঢাকা দেয়। বুধবার (৩১ আগস্ট) সকালে শফিক সালমানের কাছে টাকা দাবি করে। এতে সালমান টাকা দিতে অস্বীকৃতি জানায়। ওইদিন বিকেলে শফিক সালমানকে ডেকে এলাকার মাতব্বর সেকেন্দার সিকদারের বাড়িতে নিয়ে যায়। সেখানে সেকেন্দার, সাইফুল, লতিফ, শফিক সালমানকে কয়েক ঘণ্টা আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে নির্যাতন করে। রাতের কোনো একসময় সালমান ওই এলাকার মামুন তালুকদার নামে এক ব্যক্তিকে মোবাইল ফোনে কল করে তাকে উদ্ধার করতে বলে। মামুন রাতেই তাকে উদ্ধার করে তার কাছে রাখে।’

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সালমান বাড়ি ফিরে ইঁদুরের বিষ পান করে। বাড়ি থেকে বেরিয়ে এসে আবার মামুনের সঙ্গে দেখা হলে সে বিষ পান করেছে বলে জানায়। পরে তাকে প্রথমে উপজেলার জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সালমানের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

সালমানের মামাতো ভাই জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন খান বলেন, ‘সদা হাস্যোজ্জ্বল ও বিনয়ী সালমানকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাদের উপযুক্ত বিচারের মাধ্যমে শাস্তি দাবি করছি।’

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ বলেন, কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে সালমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

 

সর্বশেষ আপডেটঃ ০৩. সেপ্টেম্বর ২০২২ ০৮:২৯:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ছাত্রীকে টিকটকে বাধ্য করা সেই নিরাপত্তাকর্মী বরখাস্ত - Ekotar Kantho

টাঙ্গাইলে ছাত্রীকে টিকটকে বাধ্য করা সেই নিরাপত্তাকর্মী বরখাস্ত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া বাছেদ খান উচ্চবিদ্যালয়ের নিরাপত্তাকর্মী (দারোয়ান) আরিফ মিয়াকে (২৪) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা খানম রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় আরিফের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্তি আরিফ উক্ত বিদ্যালয়ের এক ছাত্রীকে টিকটক ভিডিও করতে বাধ্য করায়, এমন অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তাকে বরখাস্ত করা হলো।

 

সম্প্রতি, ওই নিরাপত্তাকর্মীর সঙ্গে এক ছাত্রীর বিদ্যালয় অঙ্গনে করা টিকটক ভিডিও ভাইরাল হওয়ায় আরিফের বিচার দাবি করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন।

রবিবার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা খানম এ ঘটনার তদন্তে এসে সত্যতা পেয়ে দারোয়ানকে বরখাস্তের জন্য নির্দেশ দেন।

অভিযোগ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, পাবনা জেলার বাসিন্দা আরিফ মিয়া প্রায় পাঁচ বছর ধরে উপজেলার নলুয়া বাছেদ খান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে ভাড়া থাকেন। সেই পরিচয়ে বছরখানেক আগে ওই বিদ্যালয়ে নিরাপত্তারক্ষী (দারোয়ান) পদে চাকরি নেন আরিফ। মাস ছয়েক ধরে আরিফের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করাসহ কিছু ছাত্রীর সঙ্গে টিকটক ভিডিও করার অভিযোগ ওঠে। সম্প্রতি বিদ্যালয়ের ইউনিফর্ম পরা ছাত্রীর সঙ্গে আরিফের একটি টিকটক ভিডিও ভাইরাল হয়।

এ ঘটনায় ওই উচ্চবিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে মৌখিকভাবে অভিযোগ দিলেও আরিফ প্রধান শিক্ষকের বাসায় ভাড়া থাকায় তিনি অভিযোগটি আমলে নেননি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে তারা বাধ্য হয়ে ইউএনওর কার্যালয়ে গিয়ে আরিফের বিচার দাবি করে একটি লিখিত অভিযোগ দেন।

এরই পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

রবিবার দুপুরে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা খানম হঠাৎ বিদ্যালয় পরিদর্শনে আসেন। তিনি ছাত্রীদের সঙ্গে কথা বলে এ ঘটনার সত্যতা খুঁজে পান। তিনি দারোয়ান আরিফকে সাময়িক বরখাস্ত করার জন্য ম্যানেজিং কমিটির সভাপতিকে নির্দেশ দেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় যাদবপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান জানান, ইতিমধ্যে দারোয়ান আরিফকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

আরিফের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এর পূর্বে আরিফ মুঠো ফোনে বলেছিলেন, ‘একজন মেয়ের অনুরোধে আমি টিকটকে অংশ নিয়েছি। পরবর্তী সময়ে ওই ভিডিওটি ভাইরাল হয়। এখন মেয়েটির সম্মান রক্ষা করতে গিয়ে মেয়েটি আমাকে ফাঁসাচ্ছে। আমি কোনো ছাত্রীকে উত্ত্যক্ত করিনি। আমি প্রধান শিক্ষকের বাসায় ভাড়া থাকি। এটাই আমার কাল হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৯. অগাস্ট ২০২২ ০৭:০২:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা; আটক ১৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা; আটক ১৩

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে স্কুল ও কলেজের ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা দেওয়ার অভিযোগে ১৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে পৌর এলাকার নিশ্চিন্তপুর ও বাঁশবাড়ী রেস্টুরেন্টে অড্ডা দেওয়ার সময় তাদের আটক করা হয়।

পরে আটককৃত শিক্ষার্থীদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে জানায় পুলিশ।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, বখাটেপনা, কিশোর অপরাধ, ইভ টিজিং প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান চলছে। এ সময় ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা দেওয়ায় ১৩ শিক্ষার্থীকে আটক করা হয়।

তিনি আরো জানান, পরে অভিভাবকদের মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়। কিশোর অপরাধ, ইভ টিজিং নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ২৫. অগাস্ট ২০২২ ০৩:৫৭:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে স্কুলের শ্রেণিকক্ষে টিকটক ভিডিওতে তোলপাড়! - Ekotar Kantho

টাঙ্গাইলে স্কুলের শ্রেণিকক্ষে টিকটক ভিডিওতে তোলপাড়!

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের এমকেডিআর গণ উচ্চ বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চলাকালীন সময়ের টিকটক ভিডিও ভাইরাল হয়েছে।

স্কুলের ওই টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিব্রতকর অবস্থায় পড়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিদ্যালয়ের নৈশপ্রহরী মনিরুজ্জামান ওই টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এ নিয়ে এলাকায় হৈ চৈ শুরু হয়েছে।

জানা যায়, বছর দেড়েক আগে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের এমকেডিআর গণ উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে নিয়োগ পান মনিরুজ্জামান মনির। বিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি টিকটক ভিডিও তৈরি করা শুরু করেন।

ভিডিওতে ছাত্রীদের উপস্থিতি রাখলে ‘বেশি ভাইরাল’ হওয়ার আশায় বিদ্যালয়ের পরীক্ষার হল, শ্রেণিকক্ষ ও বিদ্যালয় আঙিনায় দিনের পর দিন একাধিক টিকটক ভিডিও তৈরি করেন এবং তা নিজের আইডিতে শেয়ার করেন। সম্প্রতি তার ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

একাধিক টিকটক ভিডিওতে দেখা গেছে- পরীক্ষার হল, শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের আঙিনায় ছাত্র-ছাত্রীদের সামনেই নৈশপ্রহরী মনিরুজ্জামান বিভিন্ন বাংলা ও হিন্দি গানের তালে নানা অঙ্গ-ভঙ্গি করছেন। তার ভিডিও দেখে শিক্ষার্থীরা বিব্রতকর অবস্থায় পড়েছে।

এলাকাবাসী জানায়, নৈশপ্রহরী মনিরুজ্জামান মনিরের টিকটক ভিডিও তারা দেখেছেন। স্কুলে ওই ধরণের টিকটক করা ন্যাক্কারজনক। ছাত্রীদের সামনে টিকটক ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তিনি নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন।

টিকটক ভিডিওতে কিশোর বয়সী ছাত্রীদের প্রদর্শন করেও বড় ধরণের অন্যায় করেছেন। তারা এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে মনিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে নৈশপ্রহরী মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার চাচা শফিকুল ইসলাম কালু গণমাধ্যম কর্মীদের সাথে রূঢ় আচরণ করেন।

এমকেডিআর গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী জানান, ভিডিওটি তিনি প্রথম দেখে ভীষণ লজ্জা পেয়েছেন। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি সবেমাত্র জেনেছেন। চাকুরি বিধি অনুসরণ করে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২২ ০৪:৫৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে “জাতির পিতার নৃশংস হত্যাকান্ড : একটি ঐতিহাসিক পর্যালোচনা” শীর্ষক সেমিনার - Ekotar Kantho

টাঙ্গাইলে “জাতির পিতার নৃশংস হত্যাকান্ড : একটি ঐতিহাসিক পর্যালোচনা” শীর্ষক সেমিনার

একতার কণ্ঠঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ আগস্ট) সকালে কলেজ অডিটোরিয়ামে ”জাতির পিতার নৃশংস হত্যাকান্ড : একটি ঐতিহাসিক পর্যালোচনা”শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর শহীদুজ্জামান মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর আসনের এমপি খান আহমেদ শুভ।

মুখ্য আলোচক হিসেবে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন এফবিবিসিআই এর পরিচালক ও আওয়ামী লীগ নেতা আবু নাসের।

মূল প্রবন্ধটি উপস্থাপন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান প্রফেসর আএ শেখ আছরারুল হক চিশতি।

বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর বেল্লাল হোসেন ও হিসাববিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মুহাম্মদ মাহবুবুর রহমান। আলোচক ছিলেন প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ, খন্দকার আনিসুর রহমান ও মুহাম্মদ নূর-এ-আলম।

আরো বক্তব্য রাখেন, সখিপুর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডা: জাকিয়া ইসলাম যুথি, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, কলেজ ছাত্র সংসদের ভিপি শফিউল আলম মুকুল ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক তানভীরুল হিমেল প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের শিক্ষিকা তাহমিনা জাহান।

সেমিনারে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাঙ্গাইলের কাগমারীতে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কলেজটি প্রতিষ্ঠা করেন। পরে  ১৯৭৪ সালে কলেজটি বঙ্গবন্ধু জাতীয়করণ করেন।

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২২ ০২:৩৩:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে সিজান (১৫) নামের নবম শ্রেনীর এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ আগস্ট) ভোরে কালিহাতী পৌরসভার পূর্ব বেতডোবা নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সিজান পূর্ব বেতডোবা গ্রামের হারুন অর রশিদের ছেলে ও কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় শনিবার (১৩ আগস্ট) ভোরে সিজানের দাদা ফজরের নামাজ শেষে সিজানকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য ডাক দেয়। বার-বার ডাক-চিৎকারেও সাড়া না দেওয়ায় সিজানের দাদা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে সিজান মশারির কাপড় দিয়ে ফাঁসিতে ঝুলে আছে।

পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিজানের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ আপডেটঃ ১৩. অগাস্ট ২০২২ ১১:৫৩:পিএম ৪ বছর আগে
শিহাব হত্যা মামলা : চার আসামির আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর - Ekotar Kantho

শিহাব হত্যা মামলা : চার আসামির আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বহুল আলোচিত স্কুল ছাত্র শিহাব হত্যা মামলার এজাহারভূক্ত চার আসামি আত্মসমর্পণ করেছেন।

বুধবার (১০ আগস্ট) বিকালে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাসুদ পারভেজ এর আদালতে তারা আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।

পরে বিচারক উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শোনার পর বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেন।

বাদি পক্ষের আইনজীবী মো. রাসেল রানা আত্মসমর্পণ ও জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আত্মসমর্পণকারী আসামিরা হলেন- মামলার ২ নং আসামি বিপ্লব (৩০), ৩ নং আসামি আশরাফ (৩০), ৪ নং আসামি মাসুম (৪০) ও ৬ নং আসামি বিজন (৪০)।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট শরিফুল ইসলাম রিপন।

আত্মসর্মপণের আগে মামলার এজাহারভূক্ত আসামি বিজন জানান, আমরা এতোদিন নিয়মিত স্কুলে গিয়েছি, ক্লাস নিয়েছি।

তিনি আরো জানান, পরে গত ১ আগস্ট উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেই। বুধবার (১০ আগস্ট) টাঙ্গাইলে আত্মসমর্পণ করে জামিন চেয়েছি।

নিহত শিহাবের বাবা ইলিয়াস হোসেন বলেন, পুলিশ সৃষ্টির রিপনের কাছে বিক্রি হয়ে গেছে, তাই আর কোন আসামি গ্রেপ্তার করে নাই। আল্লাহর ইশারায় তারা আদালতে আত্মসমর্পণ করেছেন।

উল্লেখ্য, গত ২০ জুন শহরের সুপারি বাগান এলাকায় সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবনের সাত তলা থেকে শিহাব মিয়ার লাশ উদ্ধার করা হয়।

শুরু থেকেই শিশুটিকে হত্যার অভিযোগ তুলে আসছিল তার পরিবার। এঘটনায় প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর রবিবার বিকালে র‌্যাব সাতজন শিক্ষক ও ডিবি দুইজন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পরে র‌্যাব তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনও তথ্য না পাওয়ায় তাদের সাতজনকে ছেড়ে দেয়।

পরে ২৭ জুন নিহত শিহাবের মা বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হচ্ছেন- সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক শিক্ষক আবু বক্কর, বিপ্লব, আশরাফ, মাসুদ, মতিন ও বিজন।

পুলিশ মামলার আগে শিক্ষক নাসির ও আবু বক্করকে আটক করলেও মামলায় নাসিরের নাম না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১১. অগাস্ট ২০২২ ০১:১৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে “ঢাবি পরিবারের” পুনর্মিলনী উদযাপন - Ekotar Kantho

টাঙ্গাইলে “ঢাবি পরিবারের” পুনর্মিলনী উদযাপন

একতার কণ্ঠঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন হাজারো শিক্ষার্থী প্রতিবছরের মতো এবারও মিলিত হয়েছেন তাদের প্রাণের টাঙ্গাইলে।

শনিবার (৩০ জুলাই ) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে উদযাপিত হয় এই পুনর্মিলনী।ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার টাঙ্গাইল, এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে শিল্পকলা অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।

টাঙ্গাইল পৌর সভার মেয়র ও সাবেক ঢাবিয়ান সিরাজুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ।

প্রকাশ,১৯৪০-এর দশক থেকে শুরু করে সর্বশেষ স্নাতক শেষ করা এই জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান পরিণত হয় মিলন মেলায়।

এই পুনর্মিলনী আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল বক্তৃতা ও স্মৃতিচারণ।

দেশ-বিদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রাক্তন বন্ধুদের পেয়ে অনেকে মেতে উঠেছেন সুখ-আড্ডায়।

ভুল করেননি একে অপরের পরিবার-পরিজনের সঙ্গে এক ফ্রেমে বন্দি হতে। এছাড়া তারা পরিবার-পরিজন নিয়ে মধ্যান্য ভোজে অংশগ্রহণ করে।

সর্বশেষ আপডেটঃ ৩১. জুলাই ২০২২ ০১:৪৩:এএম ৪ বছর আগে
শান্তিপূর্ণভাবে ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত - Ekotar Kantho

শান্তিপূর্ণভাবে ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ :মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সুশৃংখল পরিবেশে শান্তিপূর্ণভাবে শনিবার (৩০জুলাই) সকালে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলামকে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ ৪টি কেন্দ্রে ৪৬৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং পরীক্ষা কেন্দ্রে ৯৭-৯৮% উপস্থিত ছিল। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ আগস্ট ২০২২ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ আগস্ট ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ আপডেটঃ ৩০. জুলাই ২০২২ ০৮:৫৪:পিএম ৪ বছর আগে
মাভাবিপ্রবির মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের নবনিযুক্ত পরিচালক আজিজুল হক - Ekotar Kantho

মাভাবিপ্রবির মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের নবনিযুক্ত পরিচালক আজিজুল হক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার এর পরিচালক পদে এফটিএনএস বিভাগের অধ্যাপক ড. মোঃ আজিজুল হক কে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যায় যে, এফটিএনএস বিভাগের অধ্যাপক ড. মোঃ আজিজুল হককে যোগদানের তারিখ হতে প্রাথমিকভাবে ০১ (এক) বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শর্তে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক পদে নিয়োগ করা হয়েছে। তিনি বুধবার (২৭ জুলাই) সকালে পরিচালক হিসেবে যোগদান করেছেন।

এই ব্যাপারে অধ্যাপক ড. মোঃ আজিজুল হক বলেন, এই দায়িত্বপালন পালনের জন্য আমার প্রতি বিশ্বাস ও আস্থা রাখার জন্য মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যার এর নিকট আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করতে আমি বদ্ধপরিকর। মাওলানা ভাসানী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমাদের জাতীয় চেতনার অংশই। ভাসানী হুজুরের জীবনের বহুমাত্রিকতায় অধিকতর গবেষনণার সুযোগ রয়েছে-এ লক্ষ্যেই গবেষনণা কেন্দ্রটি কাজ করে যাবে।

উল্লেখ্য, তাকে প্রাথমিকভাবে ০১ (এক) বছরের জন্য মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক পদে নিয়োগ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুলাই ২০২২ ০৭:১৫:পিএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।