/ হোম / অর্থনীতি
বন্যার্তদের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ দিলো এসএসএস - Ekotar Kantho

বন্যার্তদের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ দিলো এসএসএস

একতার কণ্ঠঃ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইলের বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)।

প্রাথমিকভাবে বন্যাদুর্গত মানুষের জন্য সংস্থাটি ৬ কোটি টাকার প্রাথমিক তহবিল নিয়ে বন্যার্তদের সহায়তার জন্য কাজ শুরু করেছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের বেতন ১ কোটি টাকার চেক অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন এসএসএস’র কর্মকর্তারা।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের ময়মনসিংহ রোডে অবস্থিত এসএসএস’র ফাউন্ডেশন অফিসে সংবাদ সম্মেলনে সংস্থাটির সিনিয়র পরিচালক (ঋণ) সন্তোষ চন্দ্র পাল এই সব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে দেশের বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও আশপাশের জেলার বেশিরভাগ এলাকা এখন বন্যার পানির নিচে। এসব এলাকার এসএসএসের ১৫৩ টি শাখার ১০৭ টি শাখার প্রায় দেড় লক্ষাধিক পরিবার ক্ষতিগ্রস্ত। পাশাপাশি সংস্থার উদ্বৃত্ত তহবিল থেকে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য অতিরিক্ত পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত টাকার মধ্যে দেড় কোটি টাকা ব্যয়ে বন্যার্তদের ত্রাণ সহায়তার জন্য চাল, ডাল, চিড়া, আলু, তেল, খেজুর, লবণ, চিনি, গ্যাস লাইট, মোমবাতি, ওরস্যালাইন, গুঁড়া দুধ, বিস্কুটের প্রাথমিকভাবে ১লক্ষ প্যাকেট বন্যাদুর্গত এলাকায় ত্রাণ হিসেবে প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া বন্যা কবলিত এলাকায় জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংস্থায় কর্মরত মেডিকেল অ্যাসিস্টেন্টদের মাধ্যমে ২০টি মেডিক্যাল ক্যাম্প আয়োজন ও বিনামূল্যে ওষুধ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে, লক্ষ্মীপুর জেলা প্রশাসন স্থানীয়ভাবে ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য সদর উপজেলায় এসএসএস-কে দায়িত্ব প্রদান করেছে।

তিনি আরও জানান, ত্রাণ কার্যক্রমের পাশাপাশি বন্যাদুর্গত এলাকায় সংস্থার সমিতিভুক্ত সদস্যদের চাহিদা অনুযায়ী পুনর্বাসনের কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ঘর মেরামত, ওয়াটার, স্যানিটেশন প্রভৃতি বিষয়ের জন্য সংস্থা সাড়ে তিন কোটি টাকা অনুদান প্রদানের জন্য অর্থ বরাদ্দ করেছে। এছাড়া চলমান ক্ষুদ্র অর্থায়ন ঋণের পাশাপাশি দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য অত্যন্ত সহজশর্তে ৩০ কোটি টাকা দুর্যোগকালীন/সাহস ঋণ প্রদানের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসএসএসের যুগ্ম পরিচালক মো. আমিনুল ইসলাম খান, উপ পরিচালক এসএম ইয়াহিয়া, সহকারি পরিচালক শামছুল আরেফীন ও ফয়সাল আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা প্রমুখ।

পরে সংবাদ সম্মেলন শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের তাদের প্রাণ কার্যক্রম ঘুরিয়ে দেখানো হয়। এসময় সরেজমিন দেখা যায়, এসএসএস ভবনের কর্মকর্তার-কর্মচারীগণ শুকনা খাবারসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্যাকেটজাত কাজে নিয়োজিত রয়েছে। এরমধ্যে পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, চিনি, চিড়া, লবন, বিষ্কুট, খেজুর, শিশুদের জন্য গুড়া দুধ, খাবার স্যালাইন, মোমবাতি ও লাইটার রয়েছে। পরে তা বিতরণের জন্য ট্রাকে তুলে বন্যা উপদ্রুত জেলা গুলোর উদ্দেশ্যে পাঠানো হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. অগাস্ট ২০২৪ ০১:২৪:এএম ২ বছর আগে
ক্ষুদ্রঋণ প্রদানকারী নয়, আমরা এখন ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠান: জাকির হোসেন - Ekotar Kantho

ক্ষুদ্রঋণ প্রদানকারী নয়, আমরা এখন ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠান: জাকির হোসেন

একতার কণ্ঠঃ দেশের দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণের ভূমিকা অপরিসীম। বর্তমানে দেশে সাত শতর বেশি প্রতিষ্ঠান এ কার্যক্রমের সঙ্গে যুক্ত। ক্ষুদ্রঋণের অগ্রযাত্রা ও প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড নিয়ে বিশেষ আয়োজন। এ বিষয়ে বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ও চেয়ার, এনজিও ফেডারেশন জাকির হোসেনের সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর প্রতীক বর্ধন।

প্রথম আলো: ক্ষুদ্রঋণ বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা পালন করেছে। গত ৫৩ বছরে এনজিওগুলোর ভূমিকা কীভাবে দেখছেন?

জাকির হোসেন: ৫৩ বছরে অনেক পরিবর্তন হয়েছে। ১৯৭০ সালে দেশে মাথাপিছু আয় ছিল ১০০ মার্কিন ডলার আর বর্তমানে প্রায় ২ হাজার ৮০০ মার্কিন ডলার। উপার্জন বরাবরই উৎপাদনের সঙ্গে সম্পর্কিত আর এই উৎপাদন ও উপার্জনপ্রক্রিয়ার বিকাশে শুধু সরকার নয়, সরকারের অংশীদার হিসেবে এনজিও-এমএফআই (ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান) খাত নিভৃতে উল্লেখযোগ্য অবদান রাখছে। এ খাত স্বাধীনতা-পরবর্তী দরিদ্র ও হতদরিদ্র-অধ্যুষিত বাংলাদেশে প্রাথমিকভাবে দারিদ্র্য নিরসন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির দিকে বেশি নজর দিয়েছে। পরবর্তীকালে দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সৃষ্টি ও প্রত্যন্ত গ্রাম পর্যায়ে ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটিয়ে অর্থনৈতিক বৈচিত্র্য নিশ্চিত করেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও এনিজওগুলোর ভূমিকা পালন করছে। আমাদের এই খাতের মাধ্যমে সাড়ে তিন কোটি মানুষের মধ্যে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

প্রথম আলো: কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে দারিদ্র্য পরিস্থিতির অবনতি হয়েছে। এ পরিস্থিতিতে এনজিওগুলোর কী ভূমিকা রাখতে পারে?

জাকির হোসেন: বিগত দশকগুলোয় বাংলাদেশের অর্থনৈতিক যে উন্নয়ন ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে প্রত্যাশা তৈরি হয়েছে, ২০৩৩ সাল নাগাদ আমরা বিশ্বের ২৪তম বৃহত্তম অর্থনীতির স্বীকৃতি অর্জন করতে সক্ষম হব। তবে এ দুই সময়ের মধ্যবর্তী ভূরাজনৈতিক ও প্রাকৃতিক ঘটনাগুলোর প্রভাবের কথাও আমাদের বিবেচনায় রাখতে হবে। এ ধরনের সংঘাত-সংঘর্ষ কিংবা দুর্যোগ গভীরভাবে দেশীয় অর্থনীতিকে বিপর্যস্ত করে। উচ্চ মূল্যস্ফীতির জন্য অর্থনৈতিক অব্যবস্থাপনার পাশাপাশি এগুলোও দায়ী। তবে আমাদের দেশীয় অব্যবস্থাপনা থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার সুযোগ নেই।

প্রথম আলো: কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে দারিদ্র্য পরিস্থিতির অবনতি হয়েছে। এ পরিস্থিতিতে এনজিওগুলোর কী ভূমিকা রাখতে পারে?

জাকির হোসেন: বিগত দশকগুলোয় বাংলাদেশের অর্থনৈতিক যে উন্নয়ন ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে প্রত্যাশা তৈরি হয়েছে, ২০৩৩ সাল নাগাদ আমরা বিশ্বের ২৪তম বৃহত্তম অর্থনীতির স্বীকৃতি অর্জন করতে সক্ষম হব। তবে এ দুই সময়ের মধ্যবর্তী ভূরাজনৈতিক ও প্রাকৃতিক ঘটনাগুলোর প্রভাবের কথাও আমাদের বিবেচনায় রাখতে হবে। এ ধরনের সংঘাত-সংঘর্ষ কিংবা দুর্যোগ গভীরভাবে দেশীয় অর্থনীতিকে বিপর্যস্ত করে। উচ্চ মূল্যস্ফীতির জন্য অর্থনৈতিক অব্যবস্থাপনার পাশাপাশি এগুলোও দায়ী। তবে আমাদের দেশীয় অব্যবস্থাপনা থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার সুযোগ নেই।

প্রথম আলো: শিক্ষা ও স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়নে এনজিওগুলো অনেক দিন ধরে কাজ করছে। এ খাতে নতুন আর কী কী করার আছে বলে মনে করেন।

জাকির হোসেন: আপনি ঠিকই বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরেই এনজিও-এমএফআইগুলো কাজ করে যাচ্ছে। তবে এ দুই খাতে আমাদের কাজগুলো প্রাথমিক ও মাঠপর্যায়ের। সম্প্রতি দু-একটি এনজিও বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ হাসপাতাল স্থাপন করে সাধারণ মানুষকে সেবা দিচ্ছে, যদিও এর ব্যাপকতা তেমন একটা নয়। সরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যে মান ধরে রাখতে পারেনি, আমরা তা পেরেছি। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে এনজিও-এমএফআই খাতের অনেকেই মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে। ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, টিএমএসএস—এগুলোর সবারই কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ আছে।

প্রথম আলো: ক্ষুদ্রঋণের সেবা ডিজিটালাইজেশনের প্রয়োজনীয়তা বোধ করছেন কি?

জাকির হোসেন: বুরো বাংলাদেশসহ বেশ কয়েকটি এনজিও-এমএফআই এ ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে। আরও অনেক প্রতিষ্ঠান ডিজিটাল যাত্রায় সংযুক্ত হওয়ার জন্য কাজ করছে। বুরো বাংলাদেশসহ দেশের শীর্ষ কয়েকটি উন্নয়ন সংস্থা শাখাগুলোয় শতভাগ অটোমেশন সম্পন্ন করে পরিপূর্ণ ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে। বুরো বাংলাদেশ গ্রাহকদের জন্য ডিজিটাল মাধ্যমে ঋণ ও সঞ্চয় সেবা দেওয়া শুরু করে ২০১৯ সালে।

প্রথম আলো: আপনাদের প্রতিষ্ঠান এ পর্যন্ত কী পরিমাণ ক্ষুদ্রঋণ দিয়েছে? এর কী প্রভাব পড়েছে বলে মনে করছেন?

জাকির হোসেন: আমরা গ্রাহকদের এ পর্যন্ত ৯৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছি। এই ঋণের অর্থে অনেক মানুষ, যাঁদের অধিকাংশই নারী, নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, কেউ উদ্যোক্তা হয়ে উঠেছেন, কেউ তাঁর সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন, কেউ কেউ বংশানুক্রমিক পেশা সচল রেখেছেন, কেউবা ছোট ব্যবসা বড় করেছেন। পরিবারে সচ্ছলতা এসেছে। তাঁরা অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং অনেক মানুষকে উদ্যোক্তা হওয়ার সাহস জুগিয়েছেন। সমাজে এর প্রভাব বিপুল। ক্ষুদ্র ও মাঝারি পরিসরে তাঁরা অর্থনীতিতে যে অবদান রাখছেন, তার উৎসে আছে বুরো বাংলাদেশের ঋণসহায়তা।
জাকির হোসেন

প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বুরো বাংলাদেশ

সর্বশেষ আপডেটঃ ২৬. অগাস্ট ২০২৪ ০৪:৪১:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

একতার কণ্ঠঃ ২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-২/২০২৪-২৫ মৌসুমের উফশী আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের সদর উপজেলার ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ ও সার বিতরণ করা হয়।

এই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আকতার, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু, মাহমুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হোসেন শিকদার, ছিলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজায়েত হোসেন প্রমুখ।

প্রকাশ, প্রণোদনা কর্মসূচিতে সদর উপজেলার ১ হাজার কৃষককের মধ্যে রোপা আমন ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি মোট ২৫ কেজি করে বিতরণ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ০৩. জুলাই ২০২৪ ০৩:৫৯:এএম ২ বছর আগে
টাঙ্গাইল পৌর মেয়রসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা - Ekotar Kantho

টাঙ্গাইল পৌর মেয়রসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

একতার কণ্ঠঃ: টাঙ্গাইল পৌর এলাকার বেড়াডোমায় লৌহজং নদীর ওপর নির্মাণাধীন ব্রিজ ভেঙে হেলে পরার ঘটনায় পৌরসভার মেয়রসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা শাখার সহকারী পরিচালক বিপ্লব হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, ঠিকাদারি প্রতিষ্ঠান বিক্সস অ্যান্ড ব্রিজেজ লি. এবং দ্য নির্মাতা (জেভি) স্বত্বাধিকারী মোস্তফা মোহাম্মদ মাসুদ, প্রকল্প পরিচালক এ কে এম রশীদ আহমেদ, পৌরসভার নির্বাহী প্রকৌশরী শিব্বির আহম্মেদ আজমী, সহকারী প্রকৌশলী রাজীব কুমার গুহ এবং উপসহকারী প্রকৌশলী এ কে এম জিন্নাতুল হক।

মামলা সূত্রে জানা যায়, টাঙ্গাইল পৌর এলাকার বেড়াডোমা লৌহজং নদীর ওপর এলজিইডির অর্থায়নে নির্মাণাধীন এ সেতুটি বাস্তবায়ন করছিল টাঙ্গাইল পৌরসভা। ব্রিজের নির্মাণ ব্যায় ধরা হয় ৩ কোটি ৬০ লাখ ১৮ হাজার টাকা। ৪০ মিটার দৈর্ঘ্য আর ৮ মিটার প্রস্থের ব্রিজটি সেতুটি ২০২০ সালের ১২ নভেম্বর নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পের চুক্তি অনুযায়ী সেতুটির কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ১১ মে।কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ওই বছর ১৬ জুন রাতে পানির স্রোতে নির্মাণাধীন সেতুর পশ্চিমপাশের বাঁশ ও কাঠের খুঁটিগুলো সরে গিয়ে একাংশ ডেবে যায়। পরে দুদকসহ বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করে। নিম্নমানের নির্মাণসামগ্রী ও কতৃপক্ষের গাফিলতির কারণেই ৩ কোটি ৬০ লাখ ১৮ হাজার টাকা ব্যায়ে নির্মিত গুরুত্বপূর্ণ ব্রিজটি ডেবে যায় বলে দুদকের মামলায় উল্লেখ করা হয়।

টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর দেশের বাহিরে (অস্ট্রেলিয়ায়) থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সর্বশেষ আপডেটঃ ০৩. জুলাই ২০২৪ ০১:৪১:এএম ২ বছর আগে
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় সোয়া ২ কোটি টাকার টোল আদায় - Ekotar Kantho

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় সোয়া ২ কোটি টাকার টোল আদায়

একতার কণ্ঠঃ আর মাত্র ৮ দিন পরেই পবিত্র ঈদ উল আজহা। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। কিন্তু স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

রবিবার (৯ জুন)দুপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৩ হাজার ২৭৬টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১১ হাজার ২৯৮টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬’শ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১১ হাজার ৯৭৮টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯ লাখ ১৮ হাজার ৪’শ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, অন্য সময়ে চেয়ে মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। কিন্তু স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।

সর্বশেষ আপডেটঃ ১০. জুন ২০২৪ ০৩:৪৪:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ২০ লাখ টাকার ব্রিজটি কোন কাজেই আসছে না গ্রামবাসীর - Ekotar Kantho

টাঙ্গাইলে ২০ লাখ টাকার ব্রিজটি কোন কাজেই আসছে না গ্রামবাসীর

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের খরশিলা-রোয়াইয়াল গ্রামীণ রাস্তাটি ৩৫ বছরেও সংস্কার হয়নি। ফলে পাইকড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজাদ হোসেনের বাড়ি সংলগ্ন ২০ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজ গ্রামবাসীর কোন কাজেই আসছে না।

এর ফলে কৃষি জমির ফসল ঘরে তোলাসহ যাতায়তে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালে এই ব্রিজটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও)। ২০১৯ সালে এই ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলেও ব্রিজটির দুই পাশের এপ্রোচের মাটি না ফেলায় স্থানীয়দের কোনো কাজেই আসছে না। গত পাঁচ বছর ব্যবহারের অনুপযোগী থাকায় স্থানীয় হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছেন। এছাড়া এই ব্রিজ নির্মাণে সরকারের ব্যয় করা ২০ লাখ ১২ হাজার টাকা এক প্রকার অপচয়ে পরিণত হয়েছে।

কর্তৃপক্ষের নজরদারির অভাবেই ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় খরশিলা গ্রামের বাসিন্দা মাসুদ মিয়া জানান, দুটি গ্রামের বেশির ভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। ব্রিজ থাকা সত্ত্বেও উৎপাদিত ফসল নিয়ে যেতে সমস্যা হচ্ছে। ব্রিজটি কোনো কাজেই আসছে না আমাদের। এছাড়া গত ৩৫ বছরে খরশিলা-রোয়াইয়াল সড়কটির কোন ধরণের উন্নয়ন না হওয়ায় দুটি গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

স্থানীয় রোয়াইয়াল গ্রামের বাসিন্দা আজাহার আলী বলেন, দুই গ্রামে দুটি স্কুল এবং দুই গ্রামের পাশে দুটি হাট-বাজার রয়েছে। জেলা সদর এবং উপজেলায় যাতায়াতের সহজ রাস্তা দুই কিলোমিটারের রোয়াইল-খরশিলা কাঁচা রাস্তাটি। দুই কিলোমিটার রাস্তার জন্য ৪ থেকে ৫ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। এই রাস্তার ওপর পাকা ব্রিজটি নির্মাণে এলাকাবাসী খুব খুশি হয়েছিলেন। কিন্তু ঠিকাদার কোনো রকমে ব্রিজটি নির্মাণ কাজ শেষ করলেও ব্রিজের দুই প্রান্তে মাটি না ফেলায় এই ব্রিজের ওপর দিয়ে এলাকার জনসাধারণ যাতায়াত করতে পারছে না। আমরা দ্রুত ব্রিজের দুই পাশের এপ্রোচে মাটি ফালানোর দাবি করছি।

স্থানীয় আরেক বাসিন্দা হাসান মিয়া বলেন, ফসলের মাঠ অনেক দূরে হওয়াতে ফসল বাড়িতে নেওয়া অনেক কষ্ট হচ্ছে। রাস্তাটা ভালো হলে আমাদের জমির ফসল ভ্যান বা যানবাহনের মাধ্যমে অতি সহজে বাড়ি নেওয়া যাবে, কষ্ট কমে যাবে।

কালিহাতি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেহাব উদ্দিন জানান, আমি কালিহাতীতে যোগদান করার আগেই প্রকল্পটির বাস্তবায়ন হয়েছিল। ব্রিজের এপ্রোচের মাটি সরে গেছে, বিষয়টি আমার জানা ছিলো না।

তিনি আরও বলেন, এখন‌ ধান কাটার মৌসুম চলছে। ধান কাটা শেষ হলেই ব্রিজের দুই পাশের এপ্রোচে মাটি ফেলে রাস্তাটি চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৯. মে ২০২৪ ০২:৩৯:এএম ২ বছর আগে
করটিয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন - Ekotar Kantho

করটিয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী করটিয়া কাপড়ের হাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৬৮ তম শাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০) এপ্রিল সকালে করটিয়া হাটের আনছারী মার্কেটের দোতলায় এ শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পিএলসি টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক ফজলুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু, টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আফজাল হোসেন লাভলু প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্যকালে করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু বলেন, করটিয়া কাপড়ের হাট দেশের ঐতিহ্যবাহী একটি হাট। এ হাট থেকে সরকার কোটি-কোটি টাকা রাজস্ব পায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কাপড়ের পাইকার আসে। এখানে একটি ব্যাংকের শাখা হবে এটা তাদের দীর্ঘদিনের দাবি ছিল। মঙ্গলবার এই ব্যাংকের শাখা স্থাপনের মধ্যে দিয়ে তাদের সেই দীর্ঘদীর্ঘদিনের দাবি পূরণ হলো। উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে আমি অত্যান্ত আনন্দিত।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের করটিয়া হাট শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মুকতাদির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, করটিয়া হাটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিন্নাহ মিয়া, শহীদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওয়াহেদুজ্জান চৌধুরী, ব্যবসায়ী শাহিন মিয়া, সা’দত কলেজের সাবেক এজিএস সোহেল আনছারীসহ আল
-আরাফাহ্ ব্যাংক হাট শাখার কর্মকতা-কর্মচারীবৃন্দ।

সর্বশেষ আপডেটঃ ০১. মে ২০২৪ ০১:৫৫:এএম ২ বছর আগে
নায়ক মান্নার বাসা থেকে বেড়াডোমা ব্রিজ পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন - Ekotar Kantho

নায়ক মান্নার বাসা থেকে বেড়াডোমা ব্রিজ পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের প্রয়াত নায়ক মান্নার বাসা থেকে বেড়াডোমা ব্রিজ পর্যন্ত ৬’শ ২০ মিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌর মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুন জামান সজল, সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদ-প্রার্থী ইসতিয়াক আহম্মেদ রাজীব, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন, সমবায় সুপার মার্কেটের সাবেক সাধারণ সম্পাদক অতুল চন্দ সরকার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সিরাজুল হক আলমগীর বলেন, টাঙ্গাইল পৌরসভাকে আধুনিকায়ন করার লক্ষে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সোমবার প্রয়াত নায়ক মান্নার বাসা থেকে বেড়াডোমা ব্রিজ পর্যন্ত ৬’শ ২০ মিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হলো। ইতিপূর্বে এই সড়কের ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে। আশা করা যায়, নির্দিষ্ট সময়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, শহীদস্মৃতি পৌর উদ্যান, কেন্দ্রীয় ঈদগাহ্ ও কাগমারী রাণী দিনমনি শ্মশান ঘাট উন্নয়নের জন্য টাঙ্গাইল পৌরসভা কর্তৃক প্রস্তাবিত ৩ কোটি ৫০ লাখ টাকার বাজেট অনুমদিত হয়েছে। আশা করা যায় খুব দ্রুতই এই তিনটি প্রকল্পের উন্নয়নের টেন্ডার আহবান করা যাবে।

৬নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন জামান সজল বলেন, কলেজপাড়া-প্যারাডাইসপাড়া বাসীর দীর্ঘদিনের দাবি প্রয়াত নায়ক মান্নার বাসা থেকে বেড়াডোমা ব্রিজ পর্যন্ত রাস্তাটির উন্নয়ন। সোমবার এই কাজের উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

উল্লেখ্য, ৬’শ ২০ মিটার রাস্তাটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা ব্যায়ে উন্নয়ন কাজটি পেয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খন্দকার শাহিন-জাহানারা ট্রেডার্স।

সর্বশেষ আপডেটঃ ৩০. এপ্রিল ২০২৪ ০২:৫৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের বেহাল দশা, রক্ষণাবেক্ষণে এগিয়ে এলো একদল স্বেচ্ছাসেবক - Ekotar Kantho

টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের বেহাল দশা, রক্ষণাবেক্ষণে এগিয়ে এলো একদল স্বেচ্ছাসেবক

একতার কণ্ঠঃ টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানের বেহাল দশা দেখে এর রক্ষণাবেক্ষণে এগিয়ে এসেছে একদল স্বেচ্ছাসেবী। তারা নিজেরা অর্থ সংগ্রহ করে পাইপ কিনে ঈদগাহ্ মাঠে পানি দিচ্ছে। এই মাঠের মধ্য দিয়ে যেন কোন ধরনের যানবাহন চলাচল করে মাঠটিকে নষ্ট করতে না পারে সেজন্য মাঠের দক্ষিণ দিকের ভেঙে যাওয়া গেটটি বাঁশ দিয়ে অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। এই গেট দিয়ে এখন শুধুমাত্র পথচারীগণ চলাচল করতে পারে। এছাড়া ঈদগাহ্ মাঠে গাছ লাগানোর পরিকল্পনাও আছে তাদের। সারা বছর মাঠটি রক্ষণাবেক্ষণের জন্য একজন লোক নিজেদের অর্থায়নে নিয়োগ দেওয়ার পরিকল্পনাও আছে তাদের।

এই স্বেচ্ছাসেবক দলে রয়েছে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের লোক। তাদের দাবি, পৌর কর্তৃপক্ষ ফি-বছর ঈদগাহ্ মাঠের উন্নয়নের বুলি আওড়ালেও কাজের কাজ কিছুই করে না। ফলে এবার ঈদুল ফিতরের নামাজের সময় তোপের মুখে পড়েন টাঙ্গাইল পৌর মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

বিবেকের তাড়নায় স্বেচ্ছাসেবকগণ নিজ উদ্যোগে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে এই ঐতিহ্যবাহী ঈদগাহ্ মাঠ রক্ষণাবেক্ষণে এগিয়ে এসেছে।

এদের মধ্যে রয়েছেন, আব্দুর রাজ্জাক, মাহবুব মনি, আব্দুল আলীম, দিনেশ চৌহান, গণেশ চৌহান, আনন্দ চৌহান, মোহাম্মদ হুমায়ুন, মো. মজিবর মিয়া, রঞ্জিত সরকার, শ্যামল চৌহান, সবুজ মোল্লা, শহিদুর রহমান, সিদ্দিক মন্ডল, মো. হৃদয় মিয়া প্রমূখ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শতাব্দি প্রাচীন টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের বর্তমানে বেহাল দশা। মাঠটি এখন ঘাস উঠে গিয়ে সম্পূর্ণভাবে ন্যাড়া হয়ে গেছে। এছাড়া মাঠের উওর ও দক্ষিণ দিকের গেটগুলো ভেঙে গেছে। রক্ষণাবেক্ষণের অভাবে মাঠের সীমানা প্রাচীর বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। ঈদগাহ্ মাঠের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের যান চলাচলের ফলে জায়গায় জায়গায় মাটি উঠে গর্তের সৃষ্টি হয়েছে। মাঠের পূর্ব পাশে টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষ শহরের বিভিন্ন স্থান থেকে রাবিশ এনে জড়ো করে রেখেছে।

১৯০৫ সালে স্থাপিত এই ঈদগাহ্ মাঠটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষের হলেও তারা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করছে না। ফলে ঈদগাহ্ মাঠটি এখন ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, কেবলমাত্র বছরে দুই ঈদেই লোক দেখানো রক্ষণাবেক্ষণ করা হয় এই মাঠের। তার পরে আর পৌর কর্তৃপক্ষ কোন খোঁজ-খবর
রাখে না এই মাঠের।

স্বেচ্ছাসেবকগণ জানান, গত বেশ কয়েকদিন ধরে ঈদগাহ্ মাঠের মধ্যে দিয়ে যানবাহন চলাচলের সময় পুরো মাঠ ধুলোয় অন্ধকার হয়ে যায়। এছাড়া ঝড়ো বাতাস এলেই ঈদগাহ্ মাঠ ও এর আশপাশের এলাকায় মাঠের ধুলোবালি উড়ে গিয়ে আস্তরণ পড়ে যায়। মাঠের উওর ও দক্ষিণ দিকের সব গেট ভাঙ্গা থাকায় ছোট বড় সব ধরনের যানবাহন মাঠের উপর দিয়ে যাতায়াত করে। ফলে ঈদগাহ্ মাঠের ঘাস উঠে ন্যাড়া হয়ে গেছে। এছাড়া জায়গায় জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে।

স্বেচ্ছাসেবকগণ আরও জানান, কিছুদিন পূর্বেও মাঠের পশ্চিম দিকের সীমানা প্রাচীর ঘেঁষে ডাব গাছ, আম গাছসহ বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছ ছিল। সেগুলো বিভিন্ন সময়ে ঝড়ে ভেঙে গেছে। সেই জায়গাগুলোতে তারা নতুন করে গাছ লাগাতে চাচ্ছে। এছাড়া মাঠের ধুলোবালি উড়া বন্ধ ও নতুন করে ঘাস গজানোর জন্য পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছে। এই মাঠের মধ্যে দিয়ে যেন কোন ধরনের যানবাহন চলাচল করতে না পারে সেজন্য মাঠের দক্ষিণ দিকের ভাঙ্গা গেটটি বাঁশ দিয়ে অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

তারা আশাবাদী, এই রক্ষণাবেক্ষণের ফলে এই ঈদগাহ্ মাঠ আবারও ব্যবহারের উপযুক্ত হবে।

বিন্দুবাসিনী স্কুল ফ্রেন্ডস নেটওয়ার্কের (এসএফএন) সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মো. শামীম আল মামুন বলেন, তাদের সংগঠনের পক্ষ থেকে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগহ্ ময়দানের পশ্চিম ও উত্তর পাশের সীমানা প্রাচীর ঘেঁষে ১’শত ছায়া দানকারী গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া একটু স্বাভাবিক হলেই গাছ লাগানো শুরু করা হবে। তাদের সংগঠনের পক্ষ থেকে লাগানো গাছ গুলো বড় না হওয়া পর্যন্ত রক্ষণাবেক্ষণও করা হবে।

টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগহ্ মাঠের বেহাল দশা প্রসঙ্গে মো. আবুবক্কর মিয়া, জাহিদুল ইসলাম, মো. বাহারুল ইসলাম বলেন, রক্ষণাবেক্ষণের অভাবে টাঙ্গাইলের এই কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠটির বর্তমানে বেহাল দশা। পৌর কর্তৃপক্ষের মাঠটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকলেও তারা সে দায়িত্ব যথাযথভাবে পালন করে না। শতাব্দি প্রাচীন এই ঈদগাহ্ মাঠের উন্নয়নের জোর দাবি জানান তারা।

এ প্রসঙ্গে টাঙ্গাইল পৌর মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর একতার কণ্ঠকে জানান, টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ ও শহীদ স্মৃতি পৌর উদ্যানের উন্নয়নের জন্য প্রস্তাবিত ৩ কোটি ৫০ লক্ষ টাকার প্রকল্পটি মঙ্গলবার (২৩ এপ্রিল) অনুমোদন হয়েছে। খুব দ্রুতই ঈদগাহ্ উন্নয়নের কাজের জন্য টেন্ডার আহ্বান করা হবে। এই প্রকল্পে ঈদগাহ্ মাঠের উন্নয়নের মধ্যে রয়েছে, বর্তমান মিম্বরটি ভেঙে বড় করা, মাঠে সবুজ ঘাস লাগানো, চারটি প্রবেশদ্বারে নতুন করে গেট লাগানোসহ মহিলাদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা ও ওযু খানা তৈরি করা।

তিনি আরও জানান, খুব দ্রুতই ঈদগাহ্ উন্নয়নে
পৌর কর্তৃপক্ষ টেন্ডার আহ্বান করবে। আশা করা যায় ঈদুল আযহার আগেই উন্নয়নের কাজ শুরু করা যাবে।

এ ব্যাপারে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন একতার কণ্ঠকে বলেন, এবার ঈদুল ফিতরের নামাজের সময় প্রতিশ্রুত ঈদগাহ্ উন্নয়নের কাজের অনুমোদন হয়েছে। আগামী বছরের ঈদুল ফিতরের পূর্বেই টাঙ্গাইলবাসীকে একটি নান্দনিক ঈদগাহ্ উপহার দিতে আমি প্রতিশ্রুতি বদ্ধ।

তিনি আরও বলেন, এই মাঠের উন্নয়ন প্রক্রিয়া সম্পন্ন হলে, মাঠে শুধু মাত্র শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ থাকবে। এই ঈদগাহ্ মাঠকে কেন্দ্র করে এখন যে সমস্ত ব্যবসায়ীক স্থাপনা ও কর্মকাণ্ড রয়েছে তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ২৫. এপ্রিল ২০২৪ ০১:১১:এএম ২ বছর আগে
প্রচন্ড গরমে ঘন ঘন লোডশেডিং; নাকাল টাঙ্গাইলবাসী - Ekotar Kantho

প্রচন্ড গরমে ঘন ঘন লোডশেডিং; নাকাল টাঙ্গাইলবাসী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়া ও মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের ফলে জনজীবনে নাভিম্বাস ওঠেছে। গ্রাম কিংবা শহরে চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ অর্ধেকে নেমে আসায় প্রচন্ড দাবদাহে সাধারণ মানুষ হাসফাঁস করছেন।

শিল্প-কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। চাষের জমিতে পানি দিতে না পারায় চিন্তিত কৃষক। ব্যবসায়ীরা বেশি বিপাকে পড়েছেন। ঈদ ও বৈশাখের আগে প্রচন্ড গরম ও দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় বিকিকিনিতে ধস নেমে এসেছে।

বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিউবো) সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলায় আবাসিক ও শিল্পকারখানাসহ প্রায় ১১ লাখ গ্রাহক রয়েছে। এসব গ্রাহকের বিদ্যুতের চাহিদা রয়েছে ২২০ থেকে ২৫০ মেগাওয়াট। চাহিদার বিপরীতে মাত্র ১৩০ থেকে ১৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এছাড়া টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে টাঙ্গাইল জোনে ৭টি উপজেলা ও ময়মনসিংহ জোনে ৫টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে পল্লী বিদ্যুৎ সমিতি।

টাঙ্গাইল জোনের জোনাল অফিসের আওতাধীন ৬ লাখের বেশি বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এবং ময়মনসিংহ জোনাল অফিসের আওতায় ৪ লাখ ২০ হাজার গ্রাহক রয়েছে। জেলার ছোট বড় ৮ শতাধিক শিল্পকারখানায়ও বিদ্যুৎ সরবরাহ করে থাকে পল্লী বিদ্যুত সমিতি। এসব শিল্পকারখায় পাঁচ লাখের বেশি শ্রমিক কাজ করে থাকেন।

এদিকে আবহাওয়া অফিসের তথ্যমতে, টাঙ্গাইল জেলায় গত কয়েকদিন যাবত ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলায় ব্যাপক দাবদাহ বিরাজ করছে।

ভুক্তভোগীরা জানায়, প্রচন্ড গরমের মধ্যে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে মানুষের ভোগান্তি চরমে। তীব্র দাবদাহে প্রাণিকূলের অবস্থাও ওষ্ঠাগত। জমিন শীতল হওয়ার আশায় প্রকৃতির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকছে প্রাণিকূল। ঈদকে সামনে রেখে রোজার শেষ সময়ে সেহরি ও ইফতারের সময়ও লোডশেডিং হচ্ছে যথেচ্ছ। ইফতারের সময় এরমাত্রা কিছুটা কম হলেও সেহরির সময় প্রায় নিয়মিত লোডশেডিং হচ্ছে।

তারা জানায়, প্রতিদিন সকাল ৭টার পর থেকে সূর্যের তাপমাত্রা বাড়তে থাকে। দুপুরে তীব্রতা আরও বেশি। রোজাদারের জন্য কষ্ট বেড়েছে কয়েকগুণ। এরমধ্যে শহর এলাকায় দিনের ২৪ ঘণ্টার মধ্যে পালা করে এলাকা ভিত্তিক দফায় দফায় বিদ্যুতের লোডশেডিং দেওয়া হয়। গ্রামের অবস্থা আরও ভয়াবহ। গ্রাম এলাকায় কখন বিদ্যুৎ আসে সেই হিসাব রাখেন ভুক্তভোগীরা। সেখানে প্রায় সময়ই বিদ্যুৎ থাকেনা- যদিওবা আসে কয়েক মিনিট পরেই চলে যায়। চলতি বোরো মৌসুমে চাষের জমিতে পানি সেচ দিতে না পারায় ফলন নিয়ে চিন্তিত হয়ে পরেছেন কৃষকরা। দাবদাহে খেটে খাওয়া মানুষগুলো সবচেয়ে বিপদে রয়েছেন।

অনেকেই জানায়, রোদে তাকালেই চোখ ঝাপসা হয়ে আসে। টানা গরম আর অনাবৃষ্টিতে মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত। গরম বাতাস আগুনের হলকা হয়ে শরীরে লাগছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। প্রকৃতির এমন বৈরী আচরণের মধ্যে ‘মরার ওপর খাড়ার ঘা’ হিসেবে আবির্ভাব হয়েছে বিদ্যুতের লোডশেডিং।

জেলা শহরের রেজিস্ট্রি পাড়ার ইমাম হোসেন, আকুর টাকুর পাড়ার শহিদুল ইসলাম রুমি, বটতলার আনিছুর রহমান, তালতলার মঞ্জুরুল ইসলাম, আদি টাঙ্গাইলের গৃহবধূ রহিমা রহমান, থানাপাড়ার জোবায়ের হোসেন, আদালত পাড়ার শিবলী সহ অনেকেই জানান, প্রচন্ড দাবদাহে বাসায় থাকা যায় না। ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। সর্দি-কাশি, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

শহরের হিরা মার্কেটের কাপড় ব্যবসায়ী মোসলেম উদ্দিন, শাহালম মিয়া, সিদ্দিকুর রহমান, জয়নাল আবেদীন সহ অনেকেই জানান, ক্রেতার চাপ থাকলেও প্রচন্ড গরমে দোকানে বসে থাকা যাচ্ছে না। এরই মধ্যে লোডশেডিং চলছে। লোডশেডিং হলে এক থেকে দেড় ঘণ্টার আগে বিদ্যুৎ আসেনা। ফলে আইপিএস লাগিয়েও সমাধান পাওয়া যায়না। বিদ্যুৎ না থাকায় আইপিএসও চার্জ হয়না।

টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন জানান, টাঙ্গাইল শহর এলাকায়ও প্রতিদিন ঘন ঘন লোডশেডিং হচ্ছে। প্রতিবার এক থেকে দেড় ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) শেখ মোহাম্মদ আলী জানান, সম্প্রতি তিনি টাঙ্গাইল জোনে যোগদান করেছেন। টাঙ্গাইল জোনে পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৬ লাখের বেশি। এ এলাকায় ছোট বড় মিলে ৪৫০টি শিল্পকারখানাসহ ও আবাসিক গ্রাহকের জন্য বিদ্যুতের চাহিদা রয়েছে ১৬০ থেকে ১৬৫ মেগাওয়াট। কিন্তু সরবরাহ করা হচ্ছে মাত্র ১০০ থেকে ১০৫ মেগাওয়াট। ফলে সাম্প্রতিক সময়ে লোডশেডিং বেড়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির ময়মনসিংহ জোনের জেনারেল ম্যানেজার (জিএম) মো. শহীদ উদ্দিন জানান, প্রচন্ড দাবদাহে সারাদেশে লোড বৃদ্ধি পেয়েছে। এখন সর্বোচ্চ লোডশেডিং চলছে। এ জোনের আওতায় ৪ লাখ ২০ হাজার গ্রাহক রয়েছেন। বিদ্যুতের চাহিদা ৫৫ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র ২০ থেকে ২৫ মেগাওয়াট।

বিউবো টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) খন্দকার কামরুজ্জামান জানান, টাঙ্গাইল পৌরসভায় ৪৭ হাজারের বেশি গ্রাহক রয়েছে। বিদ্যুতের চাহিদা ২০ মেগাওয়াট। গত সপ্তাহ পর্যন্ত গ্রাহকের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ ঠিক ছিল। ৪-৫ দিন ধরে তারা ১২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন। ৮ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকছে। এই ৮ মেগাওয়াট বিদ্যুৎ কেন কম পাওয়া যাচ্ছে তা তিনি জানেন না। ফলে এলাকা ভিত্তিক লোডশেডিং দিয়ে বিদ্যুৎ সঞ্চালন অব্যাহত রাখা হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ০৭. এপ্রিল ২০২৪ ০২:১০:এএম ২ বছর আগে
আপনার একটু সহযোগিতায় বাঁচাত পারে মরণ ব্যাধি ক্যানসার আক্রান্ত সাংবাদিক রবিন - Ekotar Kantho

আপনার একটু সহযোগিতায় বাঁচাত পারে মরণ ব্যাধি ক্যানসার আক্রান্ত সাংবাদিক রবিন

একতার কণ্ঠঃ ইংরেজি জাতীয় দৈনিক দি ডেইলি পোস্টের টাঙ্গাইল জেলা প্রতিনিধি রবিন তালুকদার ২০১৯ সাল থেকে মরণ ব্যাধি থাইরয়েড ক্যানসার আক্রান্ত। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং নিয়মিত ওষুধ সেবন করছেন। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৫ থেকে ৭ লাখ টাকা। এই টাকা যোগান দেওয়ার সামর্থ্য নেই রবিন ও তার পরিবারের। এক কন্যা সন্তানের জনক রবিন বাঁচার জন্য সকলের সহযোগিতা চেয়ে আবেদন করেছেন। আপনার একটু সহযোগিতা বাঁচাতে পারে রবিন ও তার পরিবারকে।

রবিন তালুকদারকে বিকাশ ও নগদে সহায়তা পাঠানো যাবে, নম্বর – ০১৭৫২-৩০৭৭৯৫ (বিকাশ পার্সনাল) এবং ০১৭৫২-৩০৭৭৯৫ (নগদ পার্সনাল)।

রবিনের পরিবারিক সূত্রে জানা যায়, মরন ব্যাধি থাইরয়েড ক্যানসার আক্রান্ত হয়ে রবিন ২০১৯ সালের ১৮ নভেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ব্লক সি-এর নাক-কান-গলা (ইএনটি) বিভাগের ৭ম তলার ৭৩৫নং কক্ষের পেয়িং বেড-১ এ ভর্তি হয়েছিলেন।

পরবর্তীতে একই সালের ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) তার অপারেশন সম্পন্ন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের সার্জন প্রফেসর আবুল হাসনাথ জোয়ার্দার।

হাসপাতাল সূত্রে জানা যায়, এ রোগ নির্ণয়ের টেস্ট বাবদ ইতোমধ্যে খরচ হয়েছে তার প্রায় ৪০ হাজার টাকা এবং অপারেশন বাবদ খরচ হয় প্রায় ৫০ হাজার টাকা। এছাড়াও অপারেশন পরবর্তী সময়ে তার আরো বেশ কিছু টাকা ব্যয় হয়। আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকা চিকিৎসা বাবদ ইতিমধ্যে খরচ হয়েছে।

মরণ ব্যাধি ক্যান্সার আক্রান্ত সাংবাদিক রবিন তালুকদার বলেন, তৎকালীন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম আমার ক্যানসার আক্রান্তের কথা যেনে আমাকে ২০হাজার টাকা দিয়ে আর্থিক সহযোগীতা করেছিলেন। পাশাপাশি তৎকালীন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ২০হাজার টাকা দিয়েছিলেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

চিকিৎসার জন্য সবার সহযোগিতা চেয়ে রবিন বলেন, আমার এক কন্যা সন্তান রয়েছে। নিজের জমানো টাকা ও স্বজনদের সহয়তায় এখন চিকিৎসা চলছে। দুটি রেডিও থেরাপি ইমপালস ক্যানসার হাসপাতালে দেওয়া হয়েছে। আরও পাঁচটি থেকে ছায়টি রেডিও থেরাপি লাগবে। এখন চিকিৎসার টাকা সংগ্রহ হলে আবার হাসপাতালে গিয়ে রেডিও থেরাপি নেওয়া যাবে।

রবিন তালুকদার আরও বলেন, ক্যানসারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। চিকিৎসার জন্য প্রয়োজন ৫ থেকে ৭ লাখ টাকা। কিন্তু এত টাকা ব্যয় করার সামর্থ্য নেই আমার বা পরিবারের। তাই সবার কাছে সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা। রোগমুক্তি কামনায় সকলের দোয়া কামনা করেছেন তিনি।

রবিন তালুকদারকে বিকাশ ও নগদে সহায়তা পাঠানো যাবে, নম্বর – ০১৭৫২-৩০৭৭৯৫ (বিকাশ পার্সনাল) এবং ০১৭৫২-৩০৭৭৯৫ (নগদ পার্সনাল)।

উল্লেখ্য, সাংবাদিক রবিন তালুকদার টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম তালুকদারের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তার বড় ভাই ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। মা, স্ত্রী, এক কন্যা সন্তান ও ছোট দুই ভাই নিয়েই তাদের সংসার।

সর্বশেষ আপডেটঃ ০৫. এপ্রিল ২০২৪ ০৫:০৯:এএম ২ বছর আগে
পুংলি নদীর পাড় কেটে বিক্রির মহোৎসব - Ekotar Kantho

পুংলি নদীর পাড় কেটে বিক্রির মহোৎসব

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকার পুংলি নদী পাড়ের বালু মাটি কেটে অবৈধভাবে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী মো. শাহ্আলম।

এই নদী পাড়ের বালু কেটে বিক্রি করায় একদিকে যেমন শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে, অন্যদিকে হুমকিতে রয়েছে রেলসেতু। এছাড়াও ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় প্রায় পাঁচ শতাধিক পরিবার।

মাঝেমধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান পরিচালনা করলেও কোন ভাবেই বন্ধ হচ্ছে না অবৈধ এ বালু বিক্রি। ফলে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমান রাজম্ব থেকে।

সরেজমিনে গিয়ে দেখাযায়, মহেলা গ্রামের পুংলি নদীতে ৬টি স্থানে ভেকু মেশিন বসানো হয়েছে। এই ভেকু মেশিন গুলোর সাহায্যে প্রায় ৫০টির অধিক ড্রাম ট্রাক দিয়ে দিনরাত উত্তোলনকৃত বালু বিক্রি করে আসছে ওই প্রভাবশালী শাহ্আলম।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পুংলি নদীর মহেলা অংশের প্রথম ঘাট চালায় এলেঙ্গা পৌরসভার স্থানীয় কাউন্সিলর মো. নুর আলমসহ শাহ্আলম, কাদের, জলিল, একাব্বর, মনির, আফজাল মোল্লা, মাজেদুল ও আফজাল প্রামানিক।

দ্বিতীয় ঘাট চালায় স্থানীয় মামুনসহ সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, মো. জহুরুল ও শরীফ ।

এছাড়া তৃতীয় ঘাট চালায় ব্যাংকার মহসিনসহ শহিদউজ্জামান, আয়নাল ও তোফাজ্জল হোসেন।

স্থানীয়রা আরও জানায়, দিনরাত বালুভর্তি ড্রাম ট্রাক চলাচলের কারণে টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ ও ওই এলাকার একমাত্র যাতায়াতের রাস্তাটির চরম বেহাল দশা হয়েছে। সামনেই বর্ষা মৌসুম। এলাকাবাসীর ধারণা এভাবে দিনরাত বালুভর্তি ড্রাম ট্রাক চলাচল করলে এই বর্ষা মৌসুমেই ভেঙে পড়তে পারে রেল সেতু ও সড়ক সেতুসহ টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, মো. শাহ্আলম স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় দাপটের সহিত চলাফেরা তার। এছাড়াও রয়েছে তার বিশাল বাহিনী। সে সবসময় বাহিনী নিয়ে চলাফেরা করে। তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না। প্রতিবাদ করলে তার উপর হামলা চালায়। ইতোপুর্বে তার বাহিনীর হামলার শিকার হয়েছে এলাকার অনেকেই।

তারা আরও জানায়, প্রশাসনের সাথে সখ্যেতা রয়েছে শাহ্আলমের। প্রশাসনকে ম্যানেজ করেই পুংলি নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করছে সে। মাঝেমধ্যে প্রশাসন দায় এড়ানোর জন্য আসে। আসার আগেই খবর পেয়ে যায় তারা। প্রশাসন ঘুরে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার শুরু হয় অবৈধ বালু উত্তোলন।

বালুভর্তি ট্রাক রেল সেতুর নিচ দিয়ে চলাচল করায় ইতোপুর্বেও রেল সেতুটির গার্ডার ধসে পড়েছিলো। পড়ে টনক নড়ে প্রশাসনের। কিছুদিন পূর্বে রেল সেতুর নিচ দিয়ে যেন কোন ধরনের যানবাহন চলাচল করতে না পারে সেজন্য কর্তৃপক্ষ পিলার দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। সম্প্রতি ওই বালু ব্যবসায়ীরা ওই পিলার তুলে ট্রাক চলাচলের রাস্তা বানিয়েছে।

অভিযোগ প্রসঙ্গে মো. শাহ্আলম মুঠোফোনে বলেন, তিনি নদী থেকে বালু মাটি কাটেননা। তিনি তার বাবার পৈত্রিক সম্পত্তির বালু মাটি কেটে বিক্রি করছে।

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হুসেইন বলেন, তিনি উপজেলা সহকারী কর্মকর্তা (ভুমি) এসিলেন্ডকে বলে দিয়েছে, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ আপডেটঃ ০১. এপ্রিল ২০২৪ ০৩:১৯:এএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।