একতার কণ্ঠঃ সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বলেছেন, আগামী ২৮ অক্টোবর (শনিবার) বিএনপি কোন নাশকতা করলে তা আওয়ামীলীগ যে কোন মূল্যে প্রতিহত করবে। বিএনপি একটি সন্ত্রাসী দল, এই বিএনপি ২০১৫/১৬ সালের মতো আবারও জ্বালাও পোড়াও শুরু করেছে।
বুধবার (২৫ অক্টোবর) বিকালে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আওয়ামীলীগের একাংশের উদ্যোগে সরকারের উন্নয়ন সমাবেশ ও স্থানীয় সংসদ সদস্য ছোট মনির জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে শাহজাহান খান এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, ২৮ তারিখ তাদের বাঁধা দেওয়া হবে না তবে তারা যদি বিশৃঙ্খলা করে তাহলে তার বিরুদ্ধে আওয়ামীলীগ কাজ করবে, জনগন কাজ করবে, প্রশাসন কাজ করবে। তারা শুধু বলে ১০ ডিসেম্বর খালেদা জিয়া পল্টনে বক্তব্য দিবে, খালেদা জিয়ার কথায় দেশ চলবে তাই বলতে চাই তাদের এই বয়ান নতুন নয়। তারা মিথ্যাচার ভন্ডামী করেই বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় এসেছিলো।
তিনি আরও বলেন, ৩ নভেম্বর তারা জাতীয় ৪ নেতাকে হত্যা করে। তাদের হত্যা সন্ত্রাসী কর্মকান্ড ছাড়া কোন কাজ নেই। সামনে জাতীয় নির্বাচনে যাদের নিজ নিজ আসনে জনপ্রিয়তা বেশি তাদের মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি।
স্থানীয় সংসদ সদস্য ছোট মনির শাহজাহান খানের মেয়ের জামাতা হওয়ার সুবাধে তার উদ্দেশ্য করে সমাবেশে বলেন, যদি আসন্ন জাতীয় নির্বাচনে ছোট মনিরের জনপ্রিয়তার পাল্লা বেশি হয় তাহলে তাকে সমর্থন করবেন। একটি কথা বলে যাই নৌকার বাহিরে কেউ যাবেন না। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা প্রমুখ।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ১২টি উপজেলার বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সংগঠনের ব্যানারে তৌহিদী জনতা শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেছে। ফিলিস্তিনি রাষ্ট্রের উপরে অবৈধ দখলদার ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ ও অমানবিক নির্যাতন বন্ধের দাবিতে ওই বিক্ষোভ মিছিল করা হয়।
ভূঞাপুরে উপজেলা ইমাম ও কওমী উলামা পরিষদের ব্যানারে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফিলিস্তিনে নৃশংস হত্যাযজ্ঞ ও নির্যাতন বন্ধের দাবিতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র প্রতিকৃতিতে জুতার মালা ঝুলিয়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
মিছিল পরবর্তী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ভূঞাপুর উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী, সাধারণ সম্পাদক আন্দীপুরী, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলনা সিরাজুল ইসলাম প্রমুখ।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে ভূঞাপুর রেল স্টেশন পর্যন্ত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ভূঞাপুর, গোপালপুর ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলসহ পাঁচ জেলার মানুষ। এছাড়াও পণ্য পরিবহনেও ভোগান্তি পোঁহাতে হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু কাজ চলছে। এরঅংশ হিসেবে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের রেল লাইন আধুনিকতায়ন ও প্রশস্ত করণ কাজে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য ভূঞাপুর রেল স্টেশন থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন পর্যন্ত যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
এ রোডে চলাচলরত জামালপুরের রেলযাত্রী আব্দুর রহমান মিয়া, হাসান আলী বলেন, ৬ মাস ধরে ভ‚ঞাপুর রেল স্টেশন থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ রয়েছে। যার কারণে সরাসরি জামালপুর থেকে সেতু পর্যন্ত যেতে পারি না। এতে করে বিকল্প পথে গন্তব্য যেতে অতিরিক্ত খরচ ও সময় ব্যয় হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম বলেন, সেতু পূর্ব এলাকায় রেললাইন ডিজিটাল করার লক্ষে গত ১৫ এপ্রিল থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ভূঞাপুর স্টেশন পর্যন্ত সাময়িক রেল যোগাযোগ বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কাজ সম্পন্ন শেষে পুনরায় চালু হবে।
একতার কণ্ঠঃ পুত্র সন্তানের পিতা হয়েছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির ।
রবিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. তৃপ্তি রানী জান্নাত ও ডা. জান্নাতুল ফেরদৌসীর তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। ডাক্তার জানান বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন।
নবজাতকের আগমনের খবর পেয়েই শ্বশুর সাবেক নৌ পরিবহনমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপিকে মিষ্টি মুখ করান জামাতা ছোট মনির।
জানা যায়, দোয়া অনুষ্ঠানের মাধ্যমে ছোট মনির ও ঐশী খান দম্পতির প্রথম সন্তানের নাম রাখা হবে।
তানভীর হাসান ওরফে এমপি ছোট মনির জানান, পৃথিবীতে এর থেকে আর কোন বড় পাওয়া নেই, ঘর আলোকিত হওয়ায় আমরা অনেক খুশি। সন্তানের জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
একতার কণ্ঠঃ ধর্ষণের অভিযোগে মামলা করা কিশোরীর জন্ম দেওয়া শিশুটির জৈবিক (বায়োলজিক্যাল) পিতা টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনির নন। শিশুটির ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য এসেছে।
প্রতিবেদনটি উপস্থাপনের পর সোমবার (৯ অক্টোবর) শুনানি নিয়ে আপিল বিভাগ গোলাম কিবরিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
আদেশের পর গোলাম কিবরিয়ার আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ গণমাধ্যমকে জানান, কিশোরীর জন্ম দেওয়া শিশুটির জৈবিক পিতা গোলাম কিবরিয়া নন বলে ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে এসেছে। আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন। এর ফলে গোলাম কিবরিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রইল। এখন তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
মামলাটিতে গত ১১ জুলাই হাইকোর্ট রুল দিয়ে গোলাম কিবরিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল।
আবেদনটি গত ১২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার আদালত গোলাম কিবরিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। ধর্ষণের মামলা করা কিশোরীর জন্ম দেওয়া শিশুর ডিএনএ পরীক্ষা করে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। একই সঙ্গে ২১ আগস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য নির্ধারণ করেন।
ধার্য তারিখে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। সেদিন আপিল বিভাগ ডিএনএ পরীক্ষাসংক্রান্ত ১২ জুলাই চেম্বার বিচারপতির দেওয়া নির্দেশনা বাস্তবায়নে মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি ৯ অক্টোবর শুনানির জন্য তারিখ রাখেন। এর ধারাবাহিকতায় সোমবার শুনানি হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি। গোলাম কিবরিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন, গোলাম সারোয়ার ও তারেক মো. বিন আসাদ।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি গণমাধ্যমকে বলেন, আপিল বিভাগের আদেশের পর শিশুটির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে আসে। পরে প্রতিবেদনটি আদালতে দাখিল করা হয়।
গোলাম কিবরিয়া টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের বড় ভাই। তিনি (গোলাম কিবরিয়া) জেলা বাস-মিনিবাস মালিক সমিতিরও মহাসচিব।
উল্লেখ্য, এক কিশোরী বাদী হয়ে গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে। গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও মামলায় আসামি করা হয়।
মামলার এজাহারে কিশোরী উল্লেখ করে, গোলাম কিবরিয়া তার আত্মীয় ও পূর্বপরিচিত। সম্প্রতি পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে কিশোরীর বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের বিষয়টি গোলাম কিবরিয়াকে জানানোর পর তিনি সমাধানের আশ্বাস দেন।
মামলায় কিশোরী অভিযোগ করে, গত বছরের ১৭ ডিসেম্বর গোলাম কিবরিয়া শহরের আদালতপাড়ায় নিজের বাড়ির পাশের একটি ভবনে তাকে (কিশোরী) ডেকে নেন। সেখানে তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাকে একটি কক্ষে আটকে রাখেন গোলাম কিবরিয়া। পরে তাকে ধর্ষণ করে তার আপত্তিকর ছবি তুলে রাখা হয়। বিষয়টি কাউকে না বলার জন্য গোলাম কিবরিয়া তাকে ভয়ভীতি দেখান। আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে কিশোরী মামলায় অভিযোগ করে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে এক সিএনজিতে হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে সিএনজিতে থাকা যাত্রী ও চালক মো. সাইফুল মিয়া অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
সিএনজি চালক সাইফুল মিয়ার বাড়ি গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামে।
রবিবার (৮ অক্টোবর) দুপুরে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর পৌর শহরের ডলি-কলি স্টোর নামে দোকানের সামনে সাইফুলের সিএনজিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভূঞাপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে ডলি-কলি স্টোরের সামনে ওই সিএনজিতে একজন যাত্রী ওঠেন। তার কিছুক্ষণ পরই সিএনজি থেকে আগুন বের হতে থাকে। পরে যাত্রী ও চালক নেমে যায় এবং মুহুর্তেই পুরো সিএনজিতে আগুনে পুড়ে যায়। তারপর ঘটনাস্থলে লোকজন আগুন নেবাতে সহযোগিতা করেন।
এ ঘটনায় সিএনজি চালক সাইফুল মিয়া বলেন, দুপুরে এলেঙ্গা থেকে গ্যাস তুলে রওনা হই নলিন যাওয়ার উদ্দেশ্যে। পথিমধ্যে ভূঞাপুর পৌর শহরের ডলি-কলি স্টোরের সামনে পৌঁছলে নলিনের একজন যাত্রী উঠানোর পর কয়েক গজ আগানো হলে স্থানীয় লোকজন বলল আমার সিএনজিতে আগুন লেগেছে।
তিনি বলেন, এরপর তাৎক্ষণিক যাত্রীসহ আমি নেমে পড়ি। তখন মুহুর্তের মধ্যে পুরো সিএনজিতে আগুন ছড়িয়ে পড়ে। এরপর লোকজন দ্রুততার সাথে আগুন নেবানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা এসে সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সিএনজির অনেক ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, দুই বছর আগে কিস্তি করে সিএনজিটি কিনেছিলাম। অভাব-অনটনে তিন সন্তানসহ ৬ সদস্যের পরিবার চলতো সিএনজির টাকায়। তা চোখের সামনে মুহুর্তেই পুড়ে গেল আমার স্বপ্ন। এখন প্রায় দেড় লাখ টাকার কাজ করাতে হবে। এমন অবস্থায় কিস্তি ও পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করা ছাড়া উপায় নেই।
সিএনজিতে অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মো. আনিছুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়া হয় এবং দেখি আগুন জ্বলছে। পরে সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ হয়ে আগুন লাগার সূত্রপাত হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে প্রিন্স আন্তনি রোজারিও (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (০৪ অক্টোবর) বিকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দী বাজার (নিশান মোড়) নামক স্থানে এই ঘটনা ঘটে।
প্রিন্স আন্তনি রোজারিও ঢাকার নবাবগঞ্জের নয়ানগর এলাকার ফিলিপ রোজারিও’র ছেলে।
তিনি যমুনা নদীর ওপর নির্মাণাধীণ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের আইএইচআই কোম্পানির এক কর্মচারী এবং সহকারী বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, প্রিন্স আন্তনি রোজারিও নামে ব্যক্তিটি দুপুরের খাবার খেয়ে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে সিরাজকান্দী বাজারে পৌঁছলে তার সামনে থাকা বালুভর্তি একটি ট্রাক ওভারটেক করার চেষ্টা করে। সেসময় বালুভর্তি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, খবর পেয়ে সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের টাঙ্গাইল জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।
এসআই লিটন মিয়া আরও জানান, নিহত ব্যক্তি নির্মাণাধীণ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের আইএইচআই কোম্পানিতে সহকারী বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনাবার্সন গ্রামে পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ওড়না দিয়ে হাত বেঁধে ও মুখ চেপে ধরে জোরপূর্বক এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক শফিকুল ইমলামকে (৩০) গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম উপজেলার যমুনার চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে দুই সন্তানের জনক।
এরআগে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে শফিকুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ মামলা হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ওড়না দিয়ে হাত বেঁধে ও মুখ চেপে ধরে শফিকুল জোরপূর্বক ধর্ষণ করে এবং হাত বেঁধে রেখে পালিয়ে যায়। এসময় ডাক-চিৎকারে তার মা ও বড় বোন এসে ওড়না দিয়ে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়টি পরে কিশোরী তার বাবাকে জানালে মা ও বড় বোনকে সাথে নিয়ে শফিকুলের বাড়িতে গিয়ে ঘটনা বললে শফিকুলের পরিবারের লোকজন রাতে শফিকুলকে সাথে নিয়ে তাদের বাড়িতে এসে ক্ষমা প্রার্থনা করে এবং উপর্যুক্ত বিচার করে দেবে বলে আশ্বাস দেয়। পরে বিচারের কথা বলে তালবাহানা করতে থাকে তারা।
এ প্রসঙ্গে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি )মো. আহসান উল্লাহ্ জানান, প্রতিবন্ধী কিশোরীর বাবা সোমবার রাতে শফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে রাতেই ধর্ষক শফিকুলকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে সে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একতার কণ্ঠঃ এশিয়া মহাদেশের সবচেয় বেশি ২০১ গম্বুজ মসজিদ নির্মাণের পর এবার টাঙ্গাইলের ঘাটাইলে ৩৯৯ ফিট সু-উচ্চ মিনারসহ ২৬১ গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যার নাম দেওয়া হয়েছে “বায়তুন নূর জামে মসজিদ”। এটি নির্মাণ করা হবে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়েকর সিংগুরিয়ায়।
এ উপলক্ষ্যে শুক্রবার (২২ সেপ্টম্বর) বিকালে প্রস্তাবিত মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলার আনেহলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- ২৬১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা হাফেজ মওলানা মো. ফজলুল রহমান। অতিথি হিসাবে বক্তব্য রাখেন- তেজগাঁ শিল্পাঞ্চল আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ সাইফুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন- হাফেজ মওলানা মো. হুসাইন আহমদ।
প্রায় ৫ বিঘা জমির ওপরে ৩ তলা ও সু-সজ্জিত পাঁচটি মিনার বিশিষ্ট এ মসজিদটি নির্মাণ হবে। ৫টি মিনারের একটি ৩৯৯ ফিট উচ্চতায় দৃষ্টিনন্দন আধুনিক মার্বেল পাথর দ্বারা মেহেরাব, পিলার ও মেঝে নির্মিত হবে। একত্রে ৩০ হাজার মুসুল্লির নামাজের ব্যবস্থাসহ প্রতিটি জায়নামাজের স্থান কারুকাজ দ্বারা নির্ধারিত থাকবে। এছাড়া জেনারেটরসহ এসির ব্যবস্থা ও মসজিদে ইসলামী জ্ঞান চর্জার জন্য একটি লাইব্রেরী কক্ষ এবং মহিলাদের আলাদা নামাজ আাদায়ের ব্যবস্থা থাকবে।
২৬১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা হাফেজ মওলানা মো. ফজলুল রহমান বলেন, আমার বাবা স্বপ্নে আমাকে বলেন একটি মসজিদ নির্মাণ করার জন্য। পরে আমি পাশের গোপালপুরের পাথালিয়া গ্রামের ২০১ গম্বুজ দেখতে যাই। সেখান থেকে আমার ২৬১ গম্বুজ মসজিদ নির্মাণের ইচ্ছে হয়। আমি এলাকার সকল ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি। যাতে আমি আমার জীবদ্দশায় এই মসজিদটি নির্মাণ করে যেতে পারি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকের বৃদ্ধা মা সুলতানা সুরাইয়া (৬৫) কে গলা কেটে হত্যা মামলার দুইজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার(২০ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টাঙ্গাইল পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন। সংবাদ সম্মেলনে শেষে তাদের আদালতে পাঠানো হয়।
নিহত সুরাইয়া সুলতানা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আকন্দের স্ত্রী ও দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর মো. আবু সায়েম আকন্দের মা।
গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদরের পুনর্বাসন এলাকার মো. শাহজাহান ওরফে শাহ জামালের ছেলে মো. লাবু (২৯) ও ভূঞাপুর পশ্চিমপাড়ার সিরাজ আকন্দের ছেলে আল আমিন আকন্দ (২২)।
সংবাদ সম্মেলনে পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন জানান, আল আমিন আকন্দ ওই বৃদ্ধার আত্মীয়। নিহতের সন্তান ঢাকায় থাকায় আসামীরা অনেক সময় টাকার বিনিময়ে ওই বৃদ্ধার সাংসারিক কাজ করে দিতেন। সেই সুবাদে আসামীরা জানতে পারেন সুলতানা সুরাইয়ার কাছে টাকা আছে। সেই টাকা চুরি করতে ১৩ সেপ্টেম্বর রাতে আসামীরা বৃদ্ধার বাড়িতে যান। রাত ১২ টার পর ঘরে প্রবেশ করার পর বৃদ্ধা তাদের দেখে চিনে ফেলেন। বৃদ্ধা আত্মচিৎকার করার সময় আসামীরা গামছা দিয়ে তার মুখ বেঁধে ফেলে। পরে সুইচ গিয়ার ছুরি দিয়ে তাকে জবাই করে। মৃত্যু নিশ্চিত করে বৃদ্ধার সাড়ে ১২ হাজার টাকা ও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে যান।
তিনি আরও জানান, সাড়ে ১২ হাজার টাকা দুই জনে ভাগ করে ও মোবাইল দুটি লাবুকে দিয়ে দেয়। লাবু সিরাজগঞ্জ সদরে একটি ফোন বিক্রি করে। সেই মোবাইলের সূত্র ধরে প্রথমে লাবুকে ও পরে আল আমিন আকন্দকে চিহ্নিত করা হয়। মঙ্গলবার রাতে লাবুকে সিরাজগঞ্জ সদর ও আল আমিন আকন্দকে ভূঞাপুর সদর থেকে গ্রেফতার করা হয়। তারা দুই জনেই নিজের দোষ স্বীকার আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধি দিবে বলে পিবিআইকে জানিয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত নয় বলেও জানিয়েছে গ্রেফতারকৃতরা।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বলরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেন তালুকদারকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।
ক্লাস বর্জনের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুবকে ঘটনাস্থলে প্রতিনিধি হিসেবে পাঠায়। পরে চেয়ারম্যান শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা মানববন্ধন থেকে ক্লাসে ফিরে যান।
শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেন তালুকদার স্যারের বিরুদ্ধে বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগ তুলে বরখাস্ত করেছে পরিচালনা পরিষদ। মানববন্ধনে লিয়াকত স্যারকে পুনর্বহালের দাবি জানাচ্ছি।
ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব বলেন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে তারা ক্লাসে ফিরে যান। বিদ্যালয় সংশ্লিষ্টদের অবগত করে একটি মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, সহকারী প্রধান শিক্ষক মো. লিয়াকত তালুকদার বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গসহ অনিয়ম করায় বিদ্যালয় পরিচালনা পরিষদ তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সাইফুল ইসলামকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কল রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন বলেন, ক্লাস বর্জনের খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি সমাধান করার জন্য পাঠানো হয়
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে টাঙ্গাইল-২ (ভুঞাপুর- গোপালপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছোট মনির ও ভুঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ গ্রুপের পাল্টাপাল্টি নৌকা বাইচের কর্মসূচি ঘোষণা করেছে। দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলেও জানান স্থানীয়রা। তবে সংঘর্ষ এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর গোবিন্দাসী নৌকা ঘাটের যমুনা নদীতে ছোট মনির এমপির উদ্যোগে এবং ১৯-২৩ সেপ্টেম্বর একই স্থানে পৌর মেয়র মাসুদুল হক মাসুদের উদ্যোগে নৌকা বাইচ হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে উভয়পক্ষই নৌকা বাইচের প্রস্তুতি নিচ্ছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দাসী টি-রোড এলাকার এমপি গ্রুপের লোকজন অস্থায়ী তোরণ নির্মাণকালে মেয়র গ্রুপের নৌকা বাইচ কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিনের বিরুদ্ধে বাঁধা দেওয়ার অভিযোগ তোলেন এমপি পক্ষের লোকজন।
অপরদিকে, একইদিন সন্ধ্যায় মেয়র পক্ষের নৌকা বাইচ কমিটির সাধারণ সম্পাদক ও গোবিন্দাসী ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনের নেতৃত্বে গোবিন্দাসী বাজারে এমপি গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ, মিছিল এবং সমাবেশ করে। উভয় গ্রুপের কোন্দলে গোবিন্দাসী এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এমপি ছোট মনির গ্রুপের নৌকা বাইচ পরিচালনা কমিটির সম্পাদক জাহিদুল ইসলাম খোকা জানান, এমপি ছোট মনির মহোদয়ের উদ্যোগে আমরা অনেক আগেই ১৯-২০ সেপ্টেম্বর নৌকা বাইচের আয়োজন করেছি এবং প্রশাসনের বিভিন্ন দফতরের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। উল্লেখিত তারিখেই নৌকা বাইচ হবে।
মেয়র গ্রুপের নৌকা বাইচ কমিটির সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন বলেন, পূর্ব নির্ধারিত ২২-২৩ সেপ্টেম্বর এমপি মনোনয়নপ্রত্যাশী মেয়র মহোদয়ের উদ্যোগে আমরা নৌকা বাইচের আয়োজন করি। নৌকা বাইচ যাতে সফল না হয় সে কারণে এমপি গ্রুপও ১৯-২০ সেপ্টেম্বর নৌকা বাইচের ঘোষণা দিয়েছে।
নৌকা বাইচে সংঘর্ষের আশঙ্কায় ভুঞাপুর থানার অফিসার (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, দুপক্ষের নৌকা বাইচে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন জানান, নৌকা বাইচে উভয়পক্ষের লিখিত আবেদন পেয়ে জেলা প্রশাসক বরাবর পাঠালে তিনি এমপি গ্রুপকে ১৯-২০ এবং ২২-২৩ সেপ্টেম্বর মেয়র গ্রুপকে অনুমতি দিয়েছেন। এছাড়া বিশৃঙ্খলা এড়াতে বাড়তি নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।