একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে সোমবার (৩০ মে) বিকালে নিখোঁজ ভ্যান চালক হৃদয়ের (১৭) মরদেহ ছাতিহাটি সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে নিখোঁজের সাত দিন পর হৃদয়ের মরদেহ রোববার (২৯ মে) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার তারোটিয়ার পুংলি নদী থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট সোমবার দুপুরে হস্তান্তর করে সদর থানা পুলিশ।
হৃদয় কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২২ মে) সন্ধ্যায় একটি ফোন পেয়ে সে ভ্যান নিয়ে সুরুজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এঘটনায় হৃদয়ের মা রাশেদা বেগম বুধবার (২৫মে) কালিহাতী থানায় একটি অভিযোগ করেন।
হৃদয়ের মা রাশেদা বেগম বলেন, একই এলাকার মৃত লালচাঁনের ছেলে রাজু ও নজরুলের ছেলে ইয়ামিন নতুন ভ্যানের জন্য ফোনে ডেকে নিয়ে হৃদয়কে মেরে সুরুজ নদীতে ফেলে দেয়। আমি ছেলে হত্যার বিচার চাই।
রাশেদা বেগম আরো বলেন, পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলো হৃদয়, ওর বাবা অনেক আগেই মারা গেছেন। আমি কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে সংসার চালিয়ে দুটি মেয়ে বিয়ে দিয়েছি।অভাবের কারনে হৃদয়কে পড়াতে পারি নাই। দুই মাস আগে মানুষের কাছ থেকে টাকা তুলে নতুন একটি ভ্যান কিনে দিয়েছি। ভ্যান চালিয়ে পরিবারের ভরণপোষণ করতো হৃদয় ।
এবিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা আল-আমিন বলেন, আমরা অভিযুক্তদের আটকের চেষ্টা ও তদন্ত অব্যাহত রেখেছি।
একতার কণ্ঠ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি ও বিএনপি নেতাকর্মীদের দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ঝাঁড়ু মিছিলটি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিত, সাবেক সহ-সভাপতি শাহনাজ খান নার্গিস ও শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী তালুকদার প্রমূখ নেতৃবৃন্দ।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ছাত্রীদের টয়লেটে উঁকি দেওয়ার প্রতিবাদ করায় সিরাজকান্দী দাখিল মাদরাসার সহকারী মৌলভি নজরুল ইসলামকে মারধর করেছে বখাটেরা। সোমবার (৩০ মে) দুপুরে ওই মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম নামাজ পড়তে যাওয়ার সময় এ ঘটনা।
জানা যায়, রোববার (২৯ মে) দুপুরে মাদরাসার ছাত্রীদের কমনরুমের কাছে টয়লেটের ওপর দিয়ে উঁকি দিচ্ছিল জাহিদ ও সাগর নামে দুই বখাটে। ঘটনাটি শিক্ষকদের নজরে পড়লে জাহিদকে আটক করে অফিস কক্ষে নিয়ে যাওয়া হয়। বিষয়টি পুলিশ ও মাদরাসার সভাপতিকে জানানোর কথা শুনে জাহিদ পালানোর চেষ্টা করলে ছাত্ররা তাকে ধরে ফেলে। পরে খবর পেয়ে সুজন নামের একজন এসে জাহিদকে ছাড়িয়ে নিয়ে যায়।
এ ঘটনার জের ধরে সোমবার দুপুরে পুনর্বাসন এলাকার কমিউনিটি ক্লিনিকের কাছে জাহিদ, সাগর, শাহাদত, বাছেদ, স্বপনসহ ৮-১০ জন ওই শিক্ষকের ওপর হামলা চালায়। এসময় বখাটেরা রড ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে নজরুল ইসলামকে পিটিয়ে আহত করে ফেলে রাখে। পরে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় অন্যান্য শিক্ষকরা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এছাড়া কোনো মামলা না করার জন্য শিক্ষক নজরুল ইসলামের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের লোকজন জানান, নিকরাইল ইউনিয়নের সাবেক এক জনপ্রতিনিধি তাদের মামলা না করে বিষয়টি মীমাংসার প্রস্তাব দিচ্ছেন।
সিরাজকান্দি দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল কুদ্দুস জানান, নজরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একতার কণ্ঠ: টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তির নাম মো. হাসমত আলী (৪২)।বাবা ছামেদ আলীকে হত্যার দায়ে মঙ্গলবার (৩১ মে) দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের এ রায় দেন।
দণ্ডিত হাসমত ঘাটাইল উপজেলার রামদেবপুর হেংগারচালা গ্রামের ছামেদ আলীর ছেলে।
টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান জানান, হাসমত ২০২০ সালের ১৭ অক্টোবর রাত ৯ টার দিকে তার বাবার কাছে নেশার জন্য টাকা চায়। তিনি টাকা দিতে অস্বীকার করলে হাসমত তাকে পেটাতে শুরু করে। এসময় হাসমতের মা হাসনা বেগম এগিয়ে এলে তাকেও ধাওয়া করে। পরে বাড়িতে থাকা কোদাল দিয়ে ছামেদ আলীর গলা, মাথা ও ঘাড়ে আঘাত করে। এতে ঘরের মধ্যেই তার মৃত্যু হয়। পরে মা হাসনা বেগমকে কোপাতে গেলে এলাকার লোকজন এসে হাসমতকে ধরে ফেলে। রাতেই তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন হাসমতের মা বাদি হয়ে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় তদন্ত শেষে ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল হাসান ২০২০ সালের ২৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।
গ্রেপ্তার হওয়ার পর থেকে হাসমত আলী জেল হাজতে ছিলেন। মঙ্গলবার তাকে আদালতে আনা হয়। রায় ঘোষণার পর তাকে জেল হাজতে পাঠানো হয়।
একতার কণ্ঠঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যের পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার (৩০ মে) বিকেলে জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের এ আদেশ দেন। রায়ে দণ্ডিত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডিত সুমন আকন্দ (৪০) বরিশাল জেলার কোতোয়ালি থানার কাওয়ার চর গ্রামের মকবুল আকন্দের ছেলে।
টাঙ্গাইল আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৯ সালের ৩১ আগস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) টাঙ্গাইল শহরতলীর নগরজলফৈ এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সুমন আকন্দ ওই চেকপোস্টের কাছে আসার পর তাকে তল্লাশির জন্য র্যাব সদস্যরা সংকেত দেন। এসময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব তাকে আটক করে। তার ব্যাগ থেকে চারটি জিহাদি বই, একটি স্টিলের ছুরি, চাকু, লোহার বাটালসহ কিছু দেশীয় অস্ত্র ও মেকানিক্যাল যন্ত্রপাতি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জেএমবির সদস্য বলে স্বীকার করেন। তিনি ঢাকার রামপুরা এলাকায় অবস্থান করে জঙ্গিবাদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। নাশকতার উদ্দেশ্যে টাঙ্গাইল এসেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান।
ওইদিনই র্যাব-১২ এর সিপিসি-৩ টাঙ্গাইলের তৎকালীন কোম্পানির উপ-সহকারী পরিচালক নাজিম উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সুমন আকন্দকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াজেদ আলী ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।
রায় ঘোষণার সময় দণ্ডিত সুমন আকন্দকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
একতার কণ্ঠ :টাঙ্গাইলে হত্যা মামলায় কাশেম আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মে) দুপুরে টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন। রায়ে দন্ডিত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চারমাস সশ্রম করাদন্ডে দন্ডিত করা হয়েছে।
দন্ডিত মোহাম্মদ কাশেম আলী (৩৫)বাসাইল উপজেলার করটিয়াপাড়া গ্রামের আজিজুল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান।
তিনি জানান, দন্ডিত কাশেম আলী ২০০৭ সালের ৮ জুন তাদের এলাকার আলী আজমসহ আরও কয়েকজন একই উপজেলার ময়থা গ্রামে তুলা মিয়ার জমিতে মাটি কাটতে যান। সেখানে দন্ডিত কাশেম আলী পূর্ব শত্রুতার জের ধরে আলী আজমকে (২৬) মারপিট করে এবং উপরে তুলে আছড়ে ফেলে। এতে আজম গুরুতর আহত হন। এ ঘটনায় প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১৮ জুন তার মৃত্যু হয়। ওই দিনই আলী আজমের স্ত্রী চায়না বেগম বাদি হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ ২০০৭ সালের ১১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার ১৫জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহন শেষে এই রায় দেওয়া হয়। রায় ঘোষনার সময় দন্ডিত কাশেম আলী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
একতার কণ্ঠ: বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক আহমেদ আযম খান বলেছেন, ‘স্বৈরাশাসক এরশাদের পতনের জন্য ৯ বছর লেগেছিলো। এ সরকার তার চেয়েও অনেক বেশি কর্তৃত্ববাদি অনেক বেশি স্বৈরাশাসক। আমরা এই সরকারের বিরুদ্ধে প্রায় ১৪ বছর ধরে আন্দোলন করছি। বেশি সময় লাগার কারণ হচ্ছে এ সরকার সমস্ত প্রশাসনকে কৌশলে পকেটে পুড়েছে। আজকে বিচার ও শাসন বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী সরকারের অনুকূলে। চূরান্ত আন্দোলনের বেজে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের পতন হবে।
সোমবার (৩০ মে) দুপুরে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকীতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আলোচনা সভা ও রান্না করা খাদ্য বিতরণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটো, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহবায়ক ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, অমল ব্যানার্জী, সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
আহমেদ আযম খান বলেন, ‘যে কথা বলি সে কথাও মিডিয়ায় আসতে পারে না। আপনারও ভয় পান। ডিজিটাল নিরাপত্তা আইনসহ ১২টি আইন করে মিডিয়ার গলা টিপে ধরে রাখা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানের সরকারের রাজত্ব বেড়ে গেছে। তাদের নেতৃত্বে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। এ সরকারের চিত্রই হচ্ছে লুটপাট এবং প্রতিহিংসার রাজনীতি। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি এ দেশকে ভালোবাসার রাজনীতি করে। এ দেশের মানুষের জন্য রাজনীতি করে।’
পদ্মা সেতুর কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘পদ্মা সেতুকে কেন্দ্র করে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। সরকার বলে এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩০ হাজার কোটি টাকা। কিন্তু সেতু নির্মাণে বাজেট ছিলো ১০ হাজার কোটি টাকা। কিন্তু মূল বাজেট কেউ জানে না। ৩০ হাজার, ৪০ হাজার নাকি এক লাখ কোটি টাকা। সেই চিত্র ভয়াবহ, সেই চিত্র লুটপাটের।’
এর আগে সকালে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ করেন নেতাকর্মীরা।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বৈধ কাগজপত্র না থাকায় দুইদিনে ৪৯টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এছাড়াও আরও কয়েকটিকে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মে) ও রোববার (২৯ মে) দিনব্যাপী স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় টাঙ্গাইল সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দুইদিনে টাঙ্গাইল সদর উপজেলায় ১২টি, গোপালপুরে ১১টি, ধনবাড়ীতে ছয়টি, মির্জাপুর পাঁচটি, মধুপুর ও ভুঞাপুরে চারটি করে, নাপরপুর ও ঘাটাইলে তিনটি করে ও সখীপুরে একটি সিলগালা করা হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুআরা খাতুন জানান, বৈধ কাগজপত্র না থাকায় শহরের স্বদেশ স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ক্লিনিক, আমানত ক্লিনিক অ্যান্ড হসপিটাল, আশেকপুর চক্ষু হাসপাতাল, করটিয়া এলাকার রোকেয়া ক্লিনিক, মিতালী ক্লিনিক এবং ডিজিটাল ক্লিনিককে অনুমোদন না থাকায় সিলগালা করা হয়েছে। এছাড়াও দুই দিনে কমফোর্ট হসপিটাল ও ডিজি ল্যাবের মালিককে ৩০ হাজার টাকা করে, দি সিটি হাসপাতালের মালিককে ২০ হাজার টাকা এবং সাবালিয়া এলাকার খিদমা স্পেশালাইস্ট হসপিটালকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, বৈধ কাগজপত্র না থাকায় দুইদিনের অভিযানে টাঙ্গাইল সদরসহ বিভিন্ন উপজেলায় ৪৯টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এছাড়াও আরও কয়েকটিকে জরিমানা করা হয়েছে। যাদের বৈধ কাগজপত্র নেই, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে খাদিজা আক্তার (২২) নামের এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার (২৯ মে) সকালে উপজেলার কোকডহরা ইউনিয়নের কুটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজার ২ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
জানা যায়, কোকডহরা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের আমির হোসেনের ছেলে সৌদি প্রবাসী আবু হানিফের সাথে প্রায় ৪ বছর পূর্বে পার্শ্ববর্তী বলধী গ্রামের আব্দুল খালেকের মেয়ে খাদিজার বিয়ে হয়। তার স্বামী আবু হানিফ দেশে ছুটি কাটিয়ে দু’মাস পূর্বে পুনরায় সৌদী চলে যান। তারপর থেকেই শশুর-শাশুড়ী খাদিজাকে বিভিন্নভাবে অত্যাচার করে আসছিল বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। গত দু’দিন আগে শাশুড়ি ও খাদিজার সাথে শাশুড়ীর স্বর্ণের চেইন হারানো নিয়ে নিয়ে ঝগড়া হয়। পরে রোববার সকালে স্টোক করেছে বলে খাদিজাকে হাসপাতালে নিয়ে যায় তার শশুর-শাশুড়ী। এসময় চিকিৎসক মৃত খাদিজার গলায় চিহ্ন দেখে শাশুড়ি হালিমনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ফাঁসি দিয়েছে।
নিহত খাদিজার ভাই শফিকুল ইসলাম বলেন, খাদিজাকে হত্যা করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে তার শাশুড়ি হালিমন আমাদের জানায় সে অসুস্থ্য। পরে জানতে পারি পুলিশ খাদিজার লাশ থানায় নিয়ে গেছে।
খাদিজার বাবা খালেক বলেন, আমার মেয়ে খাদিজাকে তার শশুর-শাশুড়ী হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালাচ্ছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছি। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
অন্যদিকে, শাশুড়ী হালিমনের দাবী গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে খাদিজা। তাকে বাঁচাতে ফাঁস থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ফাতেমা জানান, রাতের শিফটের ডাক্তার সকালেও ডিউটি করেছেন। খাদিজা নামে এক গৃহবধুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ওটা ব্রড ডেড, হ্যাংগিং কেস চিহ্ন পাওয়া গেছে। পুলিশ এসে লাশ নিয়ে গেছে। পোস্টমর্টেমের পর মূল বিষয় জানা যাবে।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংবাদ পাওয়ার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত বাস চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৯ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দিন (৩৭) নাটোর সদর উপজেলার বদিউর রহমানের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নাজিম উদ্দিন সকালে ঢাকায় যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে দ্বিতীয়দিনের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৫টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এছাড়াও ১৫দিনের সময় দিয়ে একটি ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে শনিবার (২৮ মে) প্রথমদিনের অভিযানে ডিজিল্যাব ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানাসহ রোববার (২৯ মে) পর্যন্ত সময় দেয়া হয়েছিল। সময়সীমা শেষ হওয়ায় আজ সেটি সিলগালা করা হয়েছে।
রোববার (২৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় টাঙ্গাইল সদর উপজেলায় ভ্রাম্যামাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সুপারভিশন ও মনিটরিং বিষয়ে সভার সিদ্ধান্ত মোতাবেক সারাদেশের ন্যায় টাঙ্গাইলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা অনিবন্ধিত ক্লিনিক বন্ধে অভিযান শুরু করে প্রশাসন। অভিযানের দ্বিতীয়দিনে সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে বৈধ কোন কাগজপত্র না থাকায় তাৎক্ষনিত বন্ধ ঘোষণা করে চারটি ক্লিনিক সিলগালা করা হয়। এছাড়া একটি হাসপাতাল মালিককে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিলগালাকৃত ক্লিনিকগুলো হলো, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার রোকেয়া ক্লিনিক, করটিয়া ডিজিটাল ক্লিনিক ও মিতালী ক্লিনিক ও টাঙ্গাইল পৌর শহরের আশেকপুর চক্ষু হাসপাতাল। এছাড়া ১৫দিনের সময় দিয়ে খিদমা স্পেশালাইজড হাসপাতালকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন জানান, যথাযথ আইন অনুসরণ না করে পরিচালিত হওয়ায় শহরের আশেকপুর চক্ষু হাসপাতাল, করটিয়ার মিতালি ক্লিনিক, ডিজিটাল ক্লিনিক, নিউ রোকেয়া ক্লিনিক সিলগালা করা হয়েছে। এছাড়া শহরের খিদমা হাসপাতালকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। বৈধ, অনুমোদনহীন ও যথাযথ আইন অনুসরণ না করে পরিচালিত সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। এছাড়া শনিবার পরিচালিত অভিযানে ডিজিল্যাবে সিজারিয়ান রোগী থাকায় ৩০হাজার জরিমানা করে রোবার দুপুর পর্যন্ত সময় দেয়া হয়েছিল। আজ সেটিও সিলগালা করা হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ শরিফুল ইসলাম ও জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা।
একতার কণ্ঠ: টাঙ্গাইলের সখীপুরে বাসচাপায় আব্দুল করিম (৫০)নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার( ২৯ মে) সকালে সখীপুর-সাগরদিঘী আঞ্চলিক সড়কের পেট্রোল পাম্প এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ বাদল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আঃ করিম উপজেলার কচুয়া ৭নং ওয়ার্ডের মৃত একিন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে সিএনজি থেকে নেমে কচুয়া পেট্টোল পাম্প এলাকায় রাস্তা পার হওয়ার সময় সখীপুর থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হয়।
গুরুতর আহত অবস্থায় আঃ করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাসটিকে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।