একতার কণ্ঠঃ চুলের সমস্যা নিয়ে প্রায় সবাই চুলচেরা বিশ্লেষণ করে একটি ছোট রচনা লিখতে পারবো। তবে চুলের সমস্যা কাটিয়ে উঠতে কী করছি এই প্রশ্নের উত্তর অনেকেরই খুব দীর্ঘ হবে না।
চুলের যত্ন নিতে যারা একটু অলস, তেমন কিছুই করতে চান না, আবার ঘন-মজবুত- লম্বা-ঝলমলে-সুন্দর চুলও চান, তারা সারাবছর মেথির ওপর ছেড়ে দিন চুলের পুরো দায়িত্ব। কারণ মেথি ব্যবহারে-
• চুল পড়া বন্ধ হয়, চুলের গোঁড়া মজবুত রাখে
• চুলের অকাল্পক্কতাও রোধ করে
• নতুন চুল গজাতে সাহায্য করে, চুল ঘন হয়
• স্ক্যাল্পের শুষ্কতা দূর হয়, খুশকির যন্ত্রণা থেকেও মুক্তি মেলে
• আর ঝলমলে-সিল্কি চুল তো মাত্র কয়েক বারেই পাওয়া যায়।
চুল সুন্দর রাখতে মেথি যেভাবে ব্যবহার করতে হবে
• ৩ চামচ নারকেল তেল ও ২চামচ মেথি জ্বালিয়ে ব্লেন্ড করে রাখুন
• এই তেল মাথায় ম্যাসাজ করে ঘণ্টা দুই রেখে শ্যাম্পু করে নিন
• সপ্তাহে একবার রাতে আধা কাপ মেথি ভিজিয়ে রেখে সকালে পেস্ট করে নিন
• এবার একটা ডিমের সাদা অংশ মিশিয়ে পুরো চুলে ভালো করে লাগিয়ে আধঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।
মেথি পেস্ট করতে ঝামেলা মনে হয়ে, বাজার থেকে মেথির গুঁড়া কিনে নিতে পারেন। মাত্র একমাস ধৈর্য ধরে মেথি দিয়ে চুলের একটু যত্ন নিন, আর অনেক বেশি সুন্দর দীর্ঘ-মসৃণ-ঘন চুল পান।
সংবাদ সূত্র- বাংলা নিউজ২৪.কম
একতার কণ্ঠঃ মেসি এখন থেকে খেলবেন ৩০ নম্বর জার্সিতে। প্রিয় ১০ নম্বর জার্সি ফেলে এসেছেন প্রিয় দল বার্সেলোনায়। নতুন দল প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) নাম লিখিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
দীর্ঘদিনের দলের সঙ্গে সম্পর্কচ্ছেদ করার যন্ত্রণা মেসিকে পোড়াচ্ছে। তবে এ নিয়ে বিমোহিত যে, বন্ধু নেইমারের সঙ্গে আবারও জুটি বাঁধবেন। পিএসজি সমর্থকরা মেসি-নেইমার যুগলবন্দির নৈপুণ্য দেখার অপেক্ষায়। ফ্রান্সের রাজধানীতে উন্মাদনা বয়ে যাচ্ছে। এমন উৎসাহ-উদ্দীপনার মাঝেই আলোচনায় এসেছে বার্সায় কী কী ফেলে এলেন লিওনেল মেসি। চলতি মৌসুমে বার্সায় থাকলে মেসি আরও কয়টি রেকর্ড জমা করতে পারতেন নিজের ঝুলিতে?
সে হিসাব করতে গেলে তিনটি রেকর্ড চলে আসছে চোখের সামনে, যা অধরা রয়েই গেছে মেসির।
১. পিএসজিতে চলে আসায় ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা তারকা রায়ান গিগসের একটি রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও সেটিকে ভাঙা হলো না মেসির।
ম্যানইউর হয়ে রায়ান গিগস জিতেছেন ৩৬ ট্রফি। মেসি জিতেছেন ৩৫টি। পিএসজিতে মেসি যোগ দেওয়ার পর নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড গিগসের নামেই রয়ে গেল। মেসি থেকে গেলেন দ্বিতীয় স্থানে।
২. মাত্র দুটি ম্যাচের জন্য বার্সার হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের একটি রেকর্ড গড়া হলো না মেসির। ১৫১টি ম্যাচ খেলে বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড জাভির। যেখানে মেসি খেলেছেন ১৪৯টি। ১৩০ ম্যাচ খেলে আন্দ্রেস ইনিয়েস্তা আছেন তিনে।

৩. লা লিগা শিরোপা ছোঁয়ার রেকর্ডেও পিছিয়ে মেসি। লা লিগায় সর্বোচ্চ ১২ ট্রফি জিতেছেন রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় পাবো জেন্তো। ১০টি শিরোপা জিতে মেসির অবস্থান দ্বিতীয়।
সংবাদ সূত্র- যুগান্তর অনলাইন
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভূক্তা গ্রামে বৃহস্পতিবার(১২ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল লাগানো ১৩ হাজার ৯০ প্যাকেট মিষ্টি বিড়ি ও মোহিনী বিড়ি সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের ভূক্তা গ্রামের মৃত আব্দুল হালিম বেপারীর ছেলে মো. তোফাজ্জল হোসেন(৩৫) ও একই গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে শিপু হোসেন(৩০)।
র্যাব-১২ জানায়, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি চৌকশ দল গোপনে খবর পেয়ে কালিহাতীর ভূক্তা গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ১৩ হাজার ৯০ প্যাকেট মিষ্টি ও মোহিনী বিড়িতে নকল ব্যান্ডরোল লাগানো অবস্থায় জব্দ করা হয়(যার মূল্য প্রায় দুই লাখ ৩৫ হাজার টাকা)। বিড়ির প্যাকেটে নকল ব্যান্ডরোল ব্যবহার করার অভিযোগে উল্লেখিত ব্যক্তিদ্বয়কে গ্রেপ্তার করা হয়।

র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত বিড়িতে নকল ব্যান্ডরোল লাগিয়ে বিভিন্ন দোকানে সরবরাহ করছিল। তাদের বিরুদ্ধে কালিহাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ক (ক)/২৫ক(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বরুহা বাজার।পাশেই দেলদুয়ার উপজেলার গোমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক। মাঝখানে প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক। সড়কটি পাকাকরণ না হওয়ায় ছয় গ্রামের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
জানাগেছে, টাঙ্গাইল সদর উপজেলার বরুহা বাজারের পরেই দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গোমজানী গ্রামের উত্তর পাশ দিয়ে দীর্ঘদিন আগে নির্মাণ করা হয়েছে প্রায় এক কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়ক। সড়কটির দুপাশে কোন বসতবাড়ি নেই, তাই আটিয়া ইউনিয়ন তথা দেলদুয়ার উপজেলার ভোটারও নেই। সড়কটি দিয়ে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বরুহা, কুইচামারী ও চরপাড়া এবং দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গোমজানী, পাথরাইল ইউনিয়নের বান্দাবাড়ি ও বরুটিয়া গ্রামের মানুষের যাতায়াত সহজ হওয়ায় তারা সংক্ষিপ্ত সড়ক হিসেবে ওই কাঁচা সড়কটি ব্যবহার করে থাকে। বর্ষাকালে কাঁদা ও শুকনো মৌসুমে ধূলাবালি মাথায় নিয়ে যাতায়াত করতে হয়।
সরেজমিনে গোমজানী গ্রামের মো. জুলু মিয়া, মো. লিটন আহাম্মেদ; বরুহা গ্রামের মো. মফিজ উদ্দিন, আফছার আহাম্মেদ, চাকুরিজীবী শারমিন আক্তার, কুইচামারী গ্রামের কলেজছাত্রী তমা আক্তার, গৃহবধূ রহিমা বেগম, বান্দাবাড়ি গ্রামের আনিসুর রহমান, সাহান হাসান , রেজাউল করিম সহ অনেকেই জানান, এক কিলোমিটার ওই কাঁচা সড়কের দুই পাশে কোন বসতবাড়ি না থাকায় ভোটারও নেই। তাই স্থানীয়দের অতিপ্রয়োজনীয় হওয়া স্বত্বেও ওই সড়কটি দীর্ঘদিন যাবত অবহেলিত। দীর্ঘদিন সংস্কার না করায় বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে আশপাশের ছয়টি গ্রামের মানুষকে ৩-৫ কিলোমিটার ঘুরে সীমাহীন দুর্ভোগ সহ্য করে বরুহা বাজার ও আটিয়ায় সুফি সাধক আলী শাহান শাহ্ধসঢ়; বাবা আদম কাশ্মিরীর মাজার সহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়।
সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শামীম আল মামুন জানান, বরুহা থেকে গোমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত কাঁচা সড়কটির এক কিলোমিটারের প্রায় পুরোটাই দেলদুয়ার উপজেলায় পড়েছে। ফলে সদর উপজেলা বা স্থানীয় সংসদ সদস্যের পক্ষে প্রকল্প দেওয়া সম্ভব হচ্ছেনা। ওই সড়ক দিয়ে আশপাশের ছয় গ্রামের মানুষ চলাচল করলেও ভোটার না থাকায় দেলদুয়ার উপজেলা প্রশাসন কোন উদ্যোগ নিচ্ছেনা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদেরও সড়কটি পাকাকরণে কোন আগ্রহ নেই।
আটিয়া ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম মল্লিক জানান, তিনি ভোটারের কথা বিবেচনায় না নিয়ে জনস্বার্থে সড়কটিতে মাটিভরাটের মাধ্যমে উঁচু করেছেন। পাকাকরণের এখতিয়ার তার নেই। তবে স্থানীয় সংসদ সদস্যের সাথে কথা বলে পাকাকরণের উদ্যোগ নেবেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মোবাইল ফোনের পরিত্যক্ত একটি বাক্সের সূত্র ধরে ধর্ষণের পর হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)। রোববার(৮ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পিবিআই কার্যালয়ে জণাকীর্ণ সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন ভূঞাপুরে অজ্ঞাত যুবতীর পরিচয় উদ্ধার ও মামলায় জড়িত চার ব্যক্তির গ্রেপ্তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ভূঞাপুর-তারাকান্দি সড়কে বীরভরুয়া নামকস্থান থেকে গত ৩ আগস্ট এক অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় না পেয়ে মরদেহটি বেওয়ারিশ হিসেবে স্থানীয় ছাব্বিশা গোরস্থানে দাফন করা হয়। ঘটনার গুরুত্ব অনুধাবন করে টাঙ্গাইলের পিবিআই স্বপ্রণোদিত হয়ে গত ৫ আগস্ট মামলাটির দায়িত্ব নেয়। ওইদিনই পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনসারীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
পুলিশ সুপার জানান, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনসারীর নেতৃত্ব পিবিআইয়ের একটি চৌকশ টিম গঠন করে ঘটনার তদন্ত শুরু করেন। বিভিন্ন সোর্স ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইসপিনজারপুর গ্রামে মৃত মজিবর রহমানের ছেলে মো. মিজানুর রহমানের ভাড়া বাড়িতে যোগাযোগ করেন।
তদন্ত টিম মো. মিজানুরকে কৌশলে প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তার ঘরে পড়ে থাকা মোবাইল ফোনের পরিত্যক্ত একটি বাক্স কুড়িয়ে পায়। বাক্সটিতে দুটি মোবাইল ফোনের ভাঙা অংশ ছিল। পরে ওই বাক্সের গায়ে লেখা আইএমই নম্বরের সূত্র ধরে অজ্ঞাত যুবতীর বাবা গোপালপুর উপজেলার জয়নগর গ্রামের মো. খোকন মন্ডলের সন্ধান পান। ছবি ও পড়নের কাপড় দেখে মো. খোকন মন্ডল অজ্ঞাত ওই যুবতী তার মেয়ে খোদেজা খাতুন বলে শনাক্ত করেন।
মো. খোকন মন্ডল পুলিশকে জানান, তার মেয়ে খোদেজা খাতুন গত ২ আগস্ট তার নানিবাড়ি একই উপজেলার মনতলা থেকে বাড়ি আসার পথে নিখোঁজ হয়।
পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন জানান, অজ্ঞাত যুবতীর পরিচয় নিশ্চিত হওয়ার পর তদন্ত কাজ দ্রুত এগুতে থাকে। পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনসারীর তদন্ত টিম তথ্য প্রযুক্তির ব্যবহার করে সোর্সের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থী খোদেজা খাতুনকে ধর্ষণ ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ঘাতক প্রেমিক সহ চার যুবককে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, গোপালপুর উপজেলার ভেঙ্গুলা গ্রামের স্বর্গীয় নগেন চন্দ্র দাসের ছেলে ঘাতক প্রেমিক কৃষ্ণ চন্দ্র দাস ওরফে সানি আহাম্মেদ(২৮), ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে সৌরভ আহাম্মেদ হৃদয়(২৩), একই উপজেলার কেরামজানী গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান টিটু(২৮) এবং একই উপজেলার ইসপিনজারপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. মিজানুর রহমান(৩৭)। গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে ৩ দিনের করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কৃষ্ণ চন্দ্র দাস ওরফে সানি আহাম্মেদ পুলিশকে জানায়, পেশায় তিনি একজন নরসুন্দর(নাপিত)। মোবাইল ফোনে মিস কলের মাধ্যমে খোদেজা খাতুনের সাথে তার পরিচয় হয়। তিনি মুসলিম নাম সানি আহাম্মেদ ধারণ করে খোদেজার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন।
পরে দেখা করার কথা বলে ডেকে এনে তার বন্ধু সৌরভের মোটরসাইকেলে ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামে অপর বন্ধু মো. মিজানুর রহমানের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে খোদেজা খাতুনকে ইচ্ছার বিরুদ্ধে কৃষ্ণ চন্দ্র দাস একাধিকবার ধর্ষণ করেন।
চিৎকার-চেঁচামেচিঁ করায় ঘরে থাকা গামছা গলায় পেঁচিয়ে তারা চার বন্ধু মিলে খোদেজাকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশটি বস্তাবন্দি করে একটি ভাড়াকৃত সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে ভূঞাপুর-তারাকান্দি সড়কে বীরভরুয়া নামকস্থানে ফেলে রাখে। এরআগে তারা খোদেজার ওড়না ও ভ্যানিটিব্যাগ যমুনা নদীতে ফেলে দেয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নে একটি মাদ্রাসা নিয়ে বিরোধের জের ধরে তাতশ্রী জামে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা দুই ভাগে ভাগ হয়ে গেছে। ৩০০ পরিবারের সমাজ থেকে ৫০টি পরিবার আলাদা হওয়ায় ওই সমাজে দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে এসে দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা সৃষ্টি করেছে।
জানা যায়, বিগত ১৯৯৬ সালের ১৬ জুন তাতশ্রী মৌজার ১৮১ ডিপি খতিয়ানের (সাবেক খতিয়ান ১৩৯) ৪৬৮ হাল দাগের (সাবেক দাগ ২৯৭) ২৪ শতাংশ ভূমি স্থানীয় পাঁচ ব্যক্তি তাতশ্রী দুখী হাজী এবতেদায়ী মাদ্রাসার নামে ওয়াক্ফ দলিলমূলে দান করেন।
২০০৫ সালে মাদ্রাসার আয় বাড়ানোর জন্য পাঁচ কক্ষ বিশিষ্ট একতলা মার্কেট নির্মাণ করা হয়। মার্কেটের কক্ষগুলোর মধ্যে স্থানীয় আব্দুল কাইয়ুম দুইটি ও ওসমান গনি একটি দোকান ভাড়া নেন। ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দোকান তিনটি যথারীতি ভাড়া পরিশোধ করে পরিচালনা করা হয়। পরে কৌশলে দোকানের ভাড়া দেওয়া বন্ধ করে দিয়ে ওসমান গনি ও তার দুই ভাই বাদী হয়ে দোকান ঘরের মালিকানা দাবি করে টাঙ্গাইলের সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা(নং-৮/২০২০খ্রি.) দায়ের করেন।
মামলার নোটিশ পাওয়ার পর মাদ্রাসা ও মসজিদ কমিটির পক্ষ থেকে একাধিকবার বিষয়টি মিমাংসার চেষ্টা করা হয়। সর্বশেষ গত ৩ এপ্রিল(শুক্রবার) বাদ জুমআ তাতশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাউহাটি ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে এক গ্রাম সালিশের আয়োজন করা হয়। সালিশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। সালিশে মাদ্রাসার দোকান ওসমান গনি মাদ্রাসা কমিটির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সালিশের সিদ্ধান্ত অমান্য করে ওসমান গনির দখলে থাকা দোকানটি তালাবদ্ধ করে রেখেছেন।
তাতশ্রী দুখী হাজী এবতেদায়ী মাদ্রাসা কমিটির সভাপতি মো. মনির উদ্দিন, স্থানীয় সাহাদাৎ হোসেন খান, তোফায়েল আহাম্মেদ, নুরনবী আলামিন, আবুল হাসেম মিয়া সহ গ্রামের অনেকেই জানান, তাতশ্রী জামে মসজিদের আওতাভুক্ত সকল শ্রেণি-পেশার মানুষের দান-অনুদানে দুখী হাজী এবতেদায়ী মাদ্রাসার মার্কেটটি নির্মাণ করা হয়েছে। তাছাড়া দুখী হাজী এবতেদায়ী মাদ্রাসার নামে ২৪ শতাংশ ভূমির বিএস রেকর্ড রয়েছে। ভূমির খাজনা-খারিজ ও ডিসিআর মাদ্রাসর সাধারণ সম্পাদকের নামে রয়েছে।
মামলার অন্যতম বাদী ইয়াছিন আলী জানান, পৈত্রিকসূত্রে তারা মাদ্রাসার ২৪ শতাংশের মধ্যে ১২ শতাংশের মালিক। তার চাচা মরহুম খোরশেদ আলী জীবদ্দশায় তার বাবা আহাদ আলীর অংশ সহ মাদ্রাসায় ওয়াক্ফ করে গেছেন। তাই তারা ভূমির স্বত্ত্ব দাবি করে আদালতে মামলা দায়ের করেছেন।
লাউহাটি ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ফিরোজ জানান, তাতশ্রী দুখী হাজী মাদ্রাসার ভূমি যথারীতি ওয়াক্ফকৃত। গ্রাম্য সালিশে মাদ্রাসার মার্কেটের দোকান মাদ্রাসা কমিটির কাছে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে মাদ্রাসাটি ‘দুখী হাজী’র নামে প্রতিষ্ঠা করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি অসুস্থ থাকায় বিষয়টি সমাধান হয়নি, দ্রুত পদক্ষেপ নিয়ে বিষয়টির মিমাংসা করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরস্থ শমসের ফকির ডিগ্রি কলেজের অধ্যাপক ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষক শফিউদ্দিন তালুকদার আর নেই। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বুধবার(৪ আগস্ট) ভোরে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি শিক্ষিকা স্ত্রী কল্পনা পারভীন ও একমাত্র ছেলে র্যাইয়ান উৎসব তালুকদার সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ভূঞাপুরস্থ নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ মাঠে প্রথম ও বাদ আছর ভূঞাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে ভূঞাপুরের ছব্বিশাস্থ কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। সদালাপী নিরহঙ্কার তরুণ বুদ্ধিজীবী শফিউদ্দিন তালুকদারের জানাজা নামাজে টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, ভূঞাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী, সংগঠক, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবী সহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আপাদমস্তক সাহিত্য-সাংস্কৃতিক সংগঠক শফিউদ্দিন তালুকদার ১৯৬৭ সালে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার চরাঞ্চল গাবসারা ইউনিয়নের জুঙ্গীপুরে জন্মগ্রহন করেন। তার বাবা কুদরত আলী তালুকদার ও মাতা সখিনা বেগম। তিনি ১৯৮৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। পরে তিনি টাঙ্গাইলের ভূঞাপুরস্থ নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজে অধ্যাপনা শুরু করেন। অধ্যাপনাকালেই তিনি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও সংগ্রহে মনোনিবেশ করেন। তৃণমূল পর্যায়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি একাধিকবার স্বাধীনতা বিরোধীদের হামলার শিকার হন। বহু ঘাত-প্রতিঘাত ও হায়েনার রক্তচক্ষু উপেক্ষা করে শফিউদ্দিন তালুকদার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ ও গবেষণা করেছেন।
তার গবেষণামূলক উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- মুক্তিযুদ্ধে ভূঞাপুর, বাংলাদেশের আদিবাসী মুক্তিযোদ্ধা, একাত্তরের গণহত্যা :: যমুনার পূর্ব পশ্চিম, একাত্তরের বয়ান- প্রথম খন্ড, ভূঞাপুরের জনজীবন ও সংস্কৃতি ইত্যাদি। তার প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রবন্ধের মধ্যে রয়েছে- মুক্তিযুদ্ধে হাজং আদিবাসী, আদিবাসী গারো মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে প্রত্যক্ষদর্শীর স্মৃতিচারণ :: আদিবাসী মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে ভূঞাপুরের ঐতিহাসিক ঘটনা, সাটিয়াচড়া-গোড়ান গণহত্যা, আদিবাসী নারী মুক্তিযোদ্ধা সন্ধ্যারাণী সাংমা, সিরাজকান্দি জাহাজমারা যুদ্ধ, ছাব্বিশা গণহত্যা দিবস, ভূঞাপুর ডাকবাংলো মুক্তিযুদ্ধের জাদুঘর হোক ইত্যাদি। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- স্বজনেরা ঘুমায়, বুকের সরোবরে প্রভৃতি। মুক্তিযুদ্ধ ছাড়াও তিনি ফোকলোর ও আঞ্চলিক ইতিহাস নিয়ে গবেষণা করেছেন। এ সম্পর্কিত তার কিছু বইও প্রকাশিত হয়েছে।
তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি,বাংলাদেশ ইতিহাস পরিষদ, বাংলা একাডেমি ও ইতিহাস একাডেমির সদস্য ছিলেন।
একতার কন্ঠঃ লোকবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এতে ডিসি অ্যান্ড ডিআর ইনপ্রাস্টাকচার ম্যানেজমেন্ট বিভাগে ‘ম্যানেজার’ পদে লোক নেবে প্রতিষ্ঠানটি। যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
বিভাগের নাম: ডিসি অ্যান্ড ডিআর ইনপ্রাস্টাকচার ম্যানেজমেন্ট
পদের নাম: ম্যানেজার
পদ সংখ্যা: অনির্দিষ্ট
যোগ্যতা: যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ইইই/সিএসই/ইটই/ইসিই বিভাগে ন্যূনতম স্নাতক অথবা এমবিএ পাস।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ৮-১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়স: অনির্ধারিত
চাকরির ধরন: ফুল টাইম
এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগ্রহীরা আগামী ১৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চান্দশী পশ্চিমপাড়ায় মঙ্গলবার(৩ আগস্ট) সকালে অভিযান চালিয়ে ২৯ গ্রাম হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। মঙ্গলবার র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ঘাটাইল উপজেলার চান্দশী গ্রামের ফজর আলীর ছেলে নজরুল ইসলাম(৩০), আজহার আলীর ছেলে হারুন(৩৮), একই উপজেলার পুরুলি মাইজবাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে সজিব(২২) এবং টাঙ্গাইল সদর উপজেলার বেড়াবুচনা(সবুজবাগ) গ্রামের নেওয়াজ আলীর ছেলে ফরিদ হোসেন(৪০)।
এ সময় তাদের কাছ থেকে ২৯ গ্রাম হেরোইন(যার মূল্য প্রায় দুই লাখ ৯০ হাজার টাকা) ও নগদ ৭০ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব কমান্ডার জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ হেরোইন সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করছিল। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে মঙ্গলবার (৩ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
মৃত্যুবরণকারী দুই ভাই হচ্ছে- চরডাঙ্গা গ্রামের রাসেল মিয়ার ছেলে আব্দুর রহমান(৭) ও জাহিদ মিয়ার ছেলে তালহাজ(৭)।
জানা যায়, দুই চাচাতো ভাই আব্দুর রহমান ও তালহাজ এবং পাশের বাড়ির রবিউলের ছেলে রাফি(৬) মঙ্গলবার সকালে বাড়ির পাশে খেলা করতে যায়। খেলার সময় সকলের অগোচরে রহমান ও তালহাজ পাশের পুকুরের পানিতে পড়ে যায়। তখন রাফি দৌঁড়ে গিয়ে রহমান ও তালহাজের বাড়িতে খবর দেয়।
এসময় পরিবারের সদস্য সহ স্থানীয় কবির, শওকত, সাগর ও জহিরুলসহ অনেকেই পুকুরের পানিতে নেমে তাদেরকে খোঁজাখুজি করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদেরকে উদ্ধার করে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়া মন্ডল দু’জনকেই মৃত ঘোষণা করেন। ডা. প্রিয়া মন্ডল জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার এলেঙ্গা রেল ক্রসিংয়ের পাশে মঙ্গলবার(৩ আগস্ট) সকালে অভিযান চালিয়ে ৩০০ বস্তা সরকারি সার সহ একটি ট্রাক জব্দ করেছে র্যাব-১২। এ সময় মো. সোহাগ মিয়া(৩০) ও মো. মঞ্জিল ইসলাম(২০) নামে দুই কলোবাজারীকে নগদ দুই লাখ টাকা সহ র্যাব গ্রেপ্তার করে। র্যাব-১২’র সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মো. সোহাগ মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কান্দারপাড়া গ্রামের ছলিম উদ্দিনের ছেলে ও মো. মঞ্জিল ইসলাম টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাইতকাই গ্রামের মো. মোতালেবের ছেলে।
র্যাব কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা রেল ক্রসিংয়ের পাশের সড়কে অভিযান চালানো হয়।এ সময় ময়মনসিংহগামী একটি ট্রাক থেকে অবৈধ ২০০ বস্তা পটাশ ও ১০০ বস্তা ডিএপি সরকারি সার জব্দ এবং উল্লেখিত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা অধিক মুনাফার আশায় সরকারি সার সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে ময়মনসিংহ নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কে পাশে অর্জুণা ইউনিয়নের ভরুয়া নামক স্থানে মঙ্গলবার(৩ আগস্ট) সকালে জলাশয় থেকে সাদা প্লাস্টিকের বস্তাবন্দি অজ্ঞাত(২৫) এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কে ভরুয়া নামক স্থানে জলাশয় থেকে মঙ্গলবার সকালে প্লাস্টিকের বস্তার ভেতর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি ) আব্দুল ওহাব মিয়া জানান, বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া প্রায় ২৫ বছর বয়সী ওই যুবতীর পরিচয় পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে- রাতের কোন এক সময় কেউ তাকে হত্যার পর লাশ সড়কের পাশে ফেলে রেখে গেছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে