একতার কণ্ঠঃ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। রোহিত শর্মার দলকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে ইয়ন মর্গানের দল।
অবশ্য এ জয়ের আনন্দকে কিছুটা হলেও মাটি করে দিয়েছে এক দুঃসংবাদ। ২৪ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে কেকেআর অধিনায়ক এইউন মরগ্যানকে। স্লো ওভার রেটের ফাঁদে ধরা পড়েছে কলকাতা। এতেই শেষ নয়, কলকাতা একাদশের অন্যদেরও ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা হিসেবে দিতে হবে।
আইপিএলের নীতিমালা অনুযায়ী, স্লো ওভার রেটের জন্য এক ম্যাচে অধিনায়কের জরিমানা করা হয় ১২ লাখ রুপি। তবে মর্গানকে গুনতে হবে ২৪ লাখ। কারণ একই মৌসুমে দ্বিতীয়বার এমন কাণ্ড ঘটিয়েছেন ইংলিশ তারকা। তাই প্রথমবারের জরিমানার দ্বিগুণ অর্থাৎ ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে মর্গানকে।
টি-টোয়েন্টি ক্রিকেটে নির্ধারিত ২০ ওভার সমাপ্তির জন্য ইনিংসের মাঝে দুই বিরতিসহ মোট ৯০ মিনিট সময় বেঁধে দেন ম্যাচ রেফারি। এর বাইরে আরও ৫ থেকে ৭ মিনিট পর্যন্ত সময় বাড়িয়ে নিলে আপত্তি করেন না রেফারি।
কিন্তু বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২০ ওভার শেষ করতে কলকাতার সময় লেগেছে প্রায় ১১৫ মিনিট। এ কারণেই মূলত শাস্তির মুখোমুখি হতে হলো অধিনায়ক মর্গান ও তার দলকে।
ম্যাচে আগে ব্যাট করে ১৫৬ রান জমা করে মুম্বাই ইন্ডিয়ানস। জবাবে ভেংকটেশ আইয়ার ও রাহুল ত্রিপাঠির ঝড়ে মাত্র ১৫.১ ওভারে ১৫৯ রান করে ফেলে শাহরুখ খানের দল।
সংবাদ সূত্র-যুগান্তর অনলাইন
একতার কণ্ঠঃ আলেশা মার্ট ও ই-অরেঞ্জসহ নয়টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাকি প্রতিষ্ঠানগুলো হচ্ছে-ধামাকা, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট, সিরাজগঞ্জ শপ, কিউকুম, নিড ডটকম ডটবিডি। এসব প্রতিষ্ঠানের সর্বশেষ আর্থিক অবস্থা, মোট দায় এবং প্রতিষ্ঠানের চলতি ও স্থায়ী মূলধনের তদন্ত করা হচ্ছে। এর আগে বাংলাদেশ ব্যাংক এসব প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে মন্ত্রণালয়। এর বাইরে আরও কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর নজর রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।
এদিকে প্রতারণা ঠেকাতে ই-কমার্সের বিজ্ঞাপনের নিচে ‘অনলাইনে পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রতারণা থেকে সাবধান’-এমন সর্তকবাণী লিপিবদ্ধ বাধ্যতামূলক করা হচ্ছে। এটি নিশ্চিত করতে তথ্য মন্ত্রণালয়কে বৃহস্পতিবার (২৩ সেপ্টম্বর) চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া বিদ্যমান মানি লন্ডারিং আইনে ই-কমার্স প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এ ব্যাপারে বিদ্যমান আইনের সংশোধনীর কাজ শুরু করেছে।
প্রসঙ্গত, বুধবার ই-কমার্স সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, ইভ্যালির মতো আর কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যেন প্রতারণার সুযোগ না পায়, সেজন্য পর্যবেক্ষণে রাখা হচ্ছে আলেশা মার্টসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে। এখন সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। প্রলোভনে পড়া যাবে না।
জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ই-কমার্স সেলের প্রধান মো. হাফিজুর রহমান জানান, মানুষকে সচেতন করতে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে ই-কমার্স প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিলে সেখানে নিচে একটি সতর্কবাণী লেখা বাধ্যতামূলক থাকবে। সেটি হচ্ছে অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে প্রতারণা থেকে সাবধান। এটি নিশ্চিত করতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি ৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কোম্পানিগুলোর আয়-ব্যয়, দায় ও সম্পদের পরিমাণ তদন্ত করা হবে।
এদিকে বৃহস্পতিবার (২৩ সেপ্টম্বর) রাজধানীর প্রেস ক্লাব-মৎস্য ভবন-এসব এলাকায় ই-অরেঞ্জের প্রতারিত ক্ষুব্ধ গ্রাহকরা বিক্ষোভ মিছিল করেছে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের আগেই পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে। এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের ১১০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্তের তালিকায় রয়েছে ধামাকা। ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের নামে নিবন্ধন ও ট্রেড লাইসেন্স নিয়ে ধামাকা নামে লোভনীয় অফার ও ভার্চুয়াল সিগনেচার কার্ড বিক্রির মাধ্যমে ব্যবসা করে আসছিল। মানুষের কাছ থেকে তারা ৮০৩ কোটি টাকা হাতিয়ে নেয়, যার একটি অংশ পাচার করা হয়। এজন্য ৯ সেপ্টেম্বর ৫ জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এছাড়া ই-মানি আকারের ৪৭ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ৯৬৩ টাকা প্রতারণা করে নিয়ে গেছে সিরাজগঞ্জ শপ। নগদের পক্ষ থেকে সিরাজগঞ্জ ডটকমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এরপর থেকে সিরাজগঞ্জ ডটকমের মালিক জুয়েল রানার ফোন বন্ধ। চট্টগ্রামের বাসিন্দা এস জামাল চৌধুরী জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন আদিয়ান মার্ট অন লাইনের বিরুদ্ধে। তিনি বলেন, ‘গত ৫ এপ্রিল ২টা ইনভয়েসের (চালান) বিপরীতে এডিম-০৪০৪২৩১৮৫৪২৫, এডিম-০৪০৫১৩০৫২৮৩৭) ৪টা রাইস কুকার এবং একটি ওয়ালটন ৪৩” স্মার্ট টিভি অর্ডার করেন। ২১ কার্যদিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার প্রতিশ্র“তি দিলেও এখন পর্যন্ত সব পণ্য দেওয়া হয়নি।’ তিনি যোগাযোগ করার পর মাত্র ৩টি রাইস কুকার পেয়েছেন; কিন্তু ১টি রাইস কুকার ও টিভি বুঝে পাননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অনার্স শেষবর্ষের শিক্ষার্থী মালিক মেহেদী হাসান মুন। কম সময়ে অধিক টাকা আয়ের জন্য বেছে নিয়েছেন অনলাইন ব্যবসা। কিন্তু অসৎ উপায়ে। ‘আলাদিনের প্রদীপ’ নামে অনলাইন কোম্পানি খুলে চটকদার বিজ্ঞাপনে অল্প সময়ে অসংখ্য ক্রেতা জুটিয়েছেন। মাত্র সাত মাসে হাতিয়ে নিয়েছেন ১০০ কোটি টাকারও বেশি। লক্ষাধিক ক্রেতার অর্ডার নিয়ে এখন আর পণ্য দিচ্ছেন না। এমনকি বন্ধ করে দিয়েছেন অফিসও। কল সেন্টারও বন্ধ, ফোন ধরছেন না কেউ। কোম্পানির মালিক মেহেদী হাসান মুন পলাতক। আর আর্তনাদ করছেন অগ্রিম টাকা দিয়ে পণ্যের অপেক্ষায় থাকা ক্রেতারা।
এদিকে ই-কমার্সের আদলে বিদেশে অর্থ পাচার প্রতিরোধ করতে মানি লন্ডারিং আইন সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ কাজের সঙ্গে সম্পৃক্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বর্তমান মানি লন্ডারিং আইনে ই-কমার্স প্রতিষ্ঠানকে কাভার করছে না। ফলে এই আইনে অভিযুক্তদের বিরুদ্ধে করা মামলা আদালতে টিকবে না। এখন আইনটি সংশোধন করে সেখানে ই-কমার্স বসাতে হবে।
সূত্রমতে, বর্তমান এক হাজার ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর কোনোটিরই নিবন্ধন নেই। অনেক ই-কমার্স চলছে পুরোপুরি নিজস্ব নীতিতে। মন্ত্রণালয়ের দাবি, গত ৪ জুলাই ই-কমার্স নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এরপর থেকে এ খাতে নৈরাজ্য ধীরে ধীরে কমছে। এর উদাহরণ তুলে ধরে বলা হয়, নীতিমালা প্রণয়নের আগে ইভ্যালিতে ৬ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। আর নীতিমালা প্রণয়নের ৪ মাসে সেখানে লেনদেন হয়েছে ৪শ কোটি টাকা। এর মধ্যে ২শ কোটি টাকা পণ্য ডেলিভারি দেওয়া হয়েছে। অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে শৃঙ্খলা অনেকটা ফিরে আসছে।
সংবাদ সূত্র-যুগান্তর আনলাইন
একতার কণ্ঠঃ ই-কমার্সে প্রতারণা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভোক্তা প্রতারণা বন্ধ করার কার্যকর উপায় বের করতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে নির্দেশ দিয়েছেন। ভোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই তাদের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি কমিশনের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৩ তারিখ) সন্ধ্যায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
বৈঠক শেষে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন প্রেস ব্রিফিং করেন। তিনি জানান, সাম্প্রতিককালে ই-কমার্সে ভোক্তাদের প্রতারিত হওয়ার বিষয়টি পত্রপত্রিকা ও অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় রাষ্ট্রপতি দেশে দ্রুত প্রসারণশীল ই-কমার্স ব্যবস্থায় ভোক্তা প্রতারণা বন্ধে কার্যকর উপায় বের করতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, ই-কমার্স একটি সম্ভাবনাময় খাত। কিছু সংখ্যক লোকের কারণে এ খাতটি যেন শুরুতেই মুখ থুবড়ে না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। এ খাতে প্রতারণাসহ ভোক্তার স্বার্থের জন্য ক্ষতিকর বিষয়গুলো চিহ্নিত করে সেগুলো কঠোর হস্তে দমনের জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সব পদক্ষেপে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি ভোক্তারা যেন যৌক্তিক মূল্যে ও প্রত্যাশিত সময়ে মানসম্মত পণ্য পায়- তা নিশ্চিত করার প্রচেষ্টা থাকতে হবে।
সাক্ষাৎকালে কমিশন চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম প্রতিবেদনের উল্লেখযোগ্য কিছু বিষয়সহ কমিশনের চলমান কর্মকাণ্ড রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে আরও অংশ নেন- বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, কমিশনের সদস্য জিএম সালেহ উদ্দিন, ড. এএফএম মনজুর কাদির ও নাসরিন বেগম।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
সূত্রঃ যুগান্তর অনলাইন নিউজ
একতার কণ্ঠঃ ছবিতে দেখা যাচ্ছে একটি ব্যাঙ বসে আছে। এটি স্পষ্ট। কিন্তু এ ব্যাঙের মধ্য থেকে খুঁজে বের করতে হবে ঘোড়ার অবয়ব। অসম্ভবই বটে।
ছবির মধ্যে ছবি, এমন ধাঁধা হয়তো আগেও সমাধান করার চেষ্টা করেছেন। তাই আরও এক বার চ্যালেঞ্জ নেবেন নাকি?
এই ছবিই আবার বলে দেবে যে, আমরা চর্মচক্ষে যা সরাসরি দেখি, অনেক সময় সেটা ভ্রমও হতে পারে, পরিভাষায় যাকে বলে ‘অপটিক্যাল ইলিউশন’।সাদা-কালো যে ব্যাঙটির ছবি রয়েছে এখানে, সেটা শুধু ব্যাঙ নয়। একটি ঘোড়াও।
কি বুঝতে পারছেন না? তাহলে ছবিটিকে ডান থেকে বামের দিকে ৯০ ডিগ্রি কোণে ঘুরিয়ে দেখুন।
সূত্রঃ যুগান্তর নিউজ পোর্টাল
একতার কণ্ঠঃ ১১০ বছর আগে ১৯১১ সালে ধুমধাম করে একটি ট্রেনের সূচনা করেছিল ইতালির জেনেটি নামে একটি রেল সংস্থা।উদ্বোধনের দিন সব যাত্রীকে বিনা টিকিটে ঘোরানোর ব্যবস্থা করেছিল সংস্থাটি।ছয়জন রেলকর্মী এবং ১০০ যাত্রী নিয়ে রওনা দিয়েছিল ট্রেনটি। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হয়নি। মাঝ পথে রহস্যজনকভাবে আস্ত ট্রেনটিই গায়েব হয়ে যায়! আজ পর্যন্ত যার কোনো খোঁজও মেলেনি।
খোঁজ পাওয়া যায়নি যাত্রীদেরও। ১১০ বছর আগের সেই দিনের কথা ভাবলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। এতগুলো যাত্রী নিয়ে আস্ত ট্রেন কীভাবে মুহূর্তে অদৃশ্য হয়ে যেতে পারে তার কারণ অনুসন্ধান করতে পারেননি বিজ্ঞানীরা। শোনা যায়, অনেক খুঁজেও ট্রেনের কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি।
১৯১১ সালে রোমের একটি স্টেশন থেকে ১০০ যাত্রী এবং ওই ছয় কর্মী নিয়ে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রীরা সবাই খুব উপভোগ করছিলেন যাত্রা। যাত্রীদের জন্য ট্রেনে এলাহি খাবারের ব্যবস্থাও ছিল। উদ্দেশ্য ছিল ট্রেনে করে যাত্রীদের ইতালির বিভিন্ন অঞ্চল ঘুরে দেখানো।যাত্রাপথে একটি সুড়ঙ্গ পড়েছিল। ট্রেন সেই সুড়ঙ্গে প্রবেশ তো করেছিল কিন্তু আর বের হয়নি। পরবর্তীকালে ট্রেনের সন্ধানে সুড়ঙ্গের মধ্যে অনেকেই গেছেন। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও তার চিহ্ন পাওয়া যায়নি।
পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া ওই সুড়ঙ্গের ভেতর আর কোনো রাস্তাও ছিল না। ট্রেন দুর্ঘটনারও কোনো চিহ্ন মেলেনি।দুজনের কথার বিষয়বস্তু ছিল একই। সুড়ঙ্গে প্রবেশের মুহূর্তে সাদা ধোঁয়া গ্রাস করেছিল ট্রেনটিকে। সেই সময় নাকি কোনোক্রমে দুজন ট্রেন থেকে ঝাঁপ দেন। তার পর আর কিছু মনে ছিল না তাদের।প্রথম বিশ্বযুদ্ধের সময় বোমা পড়ে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যাওয়ায় খোঁজও থামিয়ে দিতে হয়। এর অনেক বছর পর ট্রেনটিকে ঘিরে এমন কিছু ঘটনা বা তথ্য সামনে আসতে শুরু করে, যা জানলে আরও হতচকিত হয়ে যেতে হয়।
মেক্সিকোর এক চিকিৎসক দাবি করেন, অনেক বছর আগে মেক্সিকোর একটি হাসপাতালে নাকি ওই ১০৪ যাত্রীকে ভর্তি করা হয়েছিল। তারা প্রত্যেকেই অসংলগ্ন কথা বলছিলেন। প্রত্যেকেই কোনো একটি ট্রেনের উল্লেখ করেছিলেন। সেই ট্রেনে করেই নাকি তারা মেক্সিকো পৌঁছেছিলেন।এমনকি ইতালির বিভিন্ন প্রান্তে, জার্মানি, রোমানিয়া এবং রাশিয়াতেও নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ ঠিক ওই রকমই একটি যাত্রীবোঝাই ট্রেন দেখতে পেয়েছেন বলে দাবি করতে শুরু করেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা ট্রেনের যে বর্ণনা দিয়েছিলেন তা হুবহু ওই অদৃশ্য হওয়া ট্রেনটির মতো ছিল। সেই সময় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ট্রেনটি নাকি ট্রাইম ট্রাভেল করে ১৮৪০ সালের মেক্সিকোয় পৌঁছে গিয়েছিল।যদিও এই সব দাবির পক্ষে কোনো জোরালো প্রমাণ মেলেনি। ফলে ট্রেনকে ঘিরে টাইম ট্রাভেলের যে কাহিনি ছড়িয়ে পড়ে তাতেও সিলমোহর দেওয়া যায়নি।
একতার কণ্ঠঃ বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।
জানা গেছে, নেটফ্লিক্সের জন্য ‘খুফিয়া’ নামের একটি বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন মেহজাবিন। কিন্তু সম্প্রতি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।
বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজ অভিনেত্রীকে এই প্রস্তাব প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে মেহজাবিন একটি গণমাধ্যমকে বলেন, ‘গত জুলাই মাসের শুরুর দিকে আমার হোয়াটসঅ্যাপে এই সিনেমার কাস্টিং ডিরেক্টর যোগাযোগ করেন। সিনেমাটার গল্পের প্রয়োজনে বাংলাদেশি একজন অভিনয় শিল্পী লাগবে বলে যোগাযোগ করেছিলেন তারা। সেই কারণে আমার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। আমাকে গল্পের সারসংক্ষেপ পাঠিয়েছিলেন। আমার চরিত্রটি সম্পর্কেও ধারণা দেওয়া হয়।’
অভিনেত্রী বলেন, ‘গল্প শুনে সারসংক্ষেপ পড়ে আমার মনে হয়েছে সিনেমার গল্পে আমাদের দেশকে ছোট করা হয়েছে। সেই কারণেই তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘সিনেমার গল্প চিত্রনাট্যে বাংলাদেশের রাজনীতির কিছু অংশ তুলে ধরা হয়েছে। সিনেমাটার সেই চরিত্রে অভিনয় করলে বাংলাদেশের রাজনীতিকে ভুলভাবে তুলে ধরা হতো। দেশের প্রতি ভালোবাসা থেকে এই সিনেমাটা করিনি। মূল বিষয় হচ্ছে আমার দেশটাকে ছোট করার কোনো ইচ্ছা আমার নেই। সেই কারণে আমি রাজী হইনি।’
একতার কণ্ঠঃ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে আবার বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীর তিতুমীর সরকারি কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আর আমাদের দেশ এক নয়। করোনা সংক্রমণ হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে আমরাও সেই ধরনের পরামর্শ দেব।
তিনি বলেন, ১৮ বছরের কম বয়সীদের টিকা দিতে এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে অনুমতি আসেনি। অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিশুদের করোনা আক্রান্তের হার কম।
জাহিদ মালেক বলেন, এ মাসে দুই কোটি টিকা পাওয়া যাবে। গণটিকা কার্যক্রম চলমান প্রক্রিয়া। প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে আগামী তিন মাসে। কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কেনা হবে।
যেখানে যেখানে সম্ভব সেখানে ফাইজার টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।
একতার কণ্ঠঃ আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে পাঠদান শুরু হবে। তবে করোনা মহামারী এখনও শেষ না হওয়ায় স্বাস্থ্যবিধি পালনে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
রোববার (৫ সেপ্টেম্বর) এ বিষয়ে শিক্ষা অধিদপ্তর থেকে সব স্কুল-কলেজগুলো খোলার প্রস্তুতি নিতে ১৯ দফা নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।
১৯ দফা নির্দেশনা
*শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ মুখসহ অন্যান্য স্থানে কোডিড-১৯ অতিমারি সম্পর্কিত স্বাস্থ্যবিধি প্রতিপালনে করণীয় বিষয়গুলো ব্যানার বা অন্য কোনো উপায়ে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে;
*শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে সব শিক্ষক-কর্মচারী শিক্ষার্থী-অভিভাবকদের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে নিয়মিত তাপমাত্রা মাপা ও তা পর্যবেক্ষণ করার ব্যবস্থা করতে হবে;
*শিক্ষার্থীদের ভিড় এড়ানোর জন্য প্রতিষ্ঠানের সবগুলো প্রবেশমুখ ব্যবহার করার ব্যবস্থা করা। যদি কেবল একটি প্রবেশমুখ থাকে সেক্ষেত্রে একাধিক প্রবেশমুখের ব্যবস্থা করার চেষ্টা করতে হবে;
*প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণি কার্যক্রমে স্বাগত জানানোর ব্যবস্থা করতে হবে। প্রতিষ্ঠান খোলার প্রথম দিন শিক্ষার্থীরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে অবস্থান করবে এবং বাসা থেকে যাওয়া-আসা করবে সে বিষয়ে শিক্ষণীয় ও উদ্বুদ্ধকারী ব্রিফিং দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দেওয়া ভিডিও প্রদর্শনের ব্যবস্থা করতে হবে;
*প্রতিষ্ঠানের একটি কক্ষ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাসহ আইসোলেশন কক্ষ হিসেবে প্রস্তুত রাখতে হবে:
*প্রতিষ্ঠানের সব ভবনের কক্ষ, বারান্দা, সিঁড়ি, ছাদ এবং আঙ্গিনা যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করতে হবে;
*প্রতিষ্ঠানের সব ওয়াশরুম নিয়মিত সঠিকভাবে পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে;
*প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং অভিভাবক প্রবেশের সময় সরকার দেওয়া স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালনের ব্যবস্থা করতে হবে।
*প্রতিষ্ঠানের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীর সঠিকভাবে মাস্ক (সম্ভব হলে কাপড়ের মাস্ক) পরিধান করার বিষয়টি নিশ্চিত করতে হবে;
*প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ দ্বারা হাত ধোয়ার এমন ব্যবস্থা করা যাতে শিক্ষার্থীরা ক্লাসে ঢোকার আগে সবাই সাবান দিয়ে হাত ধুঁতে পারে;
*শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। এক্ষেত্রে পারস্পারিক ৩ (তিন) ফুট শারীরিক দুরত্ব বজায় রাখার ব্যবস্থা করতে হবে;
*শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ, ড্রেন ও বাগান যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং কোথাও পানি জমে না থাকে তা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে;
*প্রতিষ্ঠানসমূহে শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা নিরুপণ করতে হবে;
*প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে;
*স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন শিখন কার্যক্রমের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত করতে হবে;
*প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামোগত মেরামত, বৈদ্যুতিক মেরামত এবং পানি সংযোগজনিত মেরামত সম্পন্ন করতে হবে;
*প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সাথে সভা করে এতদসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়ার কথা রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে ছুটি আর বাড়ছে না।
একতার কণ্ঠঃ অনেকের মতে রেকর্ড, মাইলফলক, ম্যান অব দ্য ম্যাচ আর সাকিব আল হাসান যেন মূদ্রার এপিঠ-ওপিঠ। বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা তার গায়ে লেগে আছে কয়েক বছর ধরেই।
প্রায় বেশিরভাগ ম্যাচেই তার অবদান থাকে। ব্যাটিংয়ে ব্যর্থ হলে বোলিংয়ে তা পুষিয়ে দেন। কখনো বা উল্টোটাও ঘটে। আবার অনেক ম্যাচে দুই ডিপার্টমেন্টেই দারুণ কীর্তি দেখিয়ে দলের জয়ের নায়ক হয়ে উঠেন। এমন সব কীর্তি দেখাতে দেখাতে দারুণ দুটি মাইলফলকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সাকিব।
এর একটি হলো- আর মাত্র একটি উইকেট পেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়বেন সাকিব। ছুঁয়ে ফেলবেন শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গাকে। ৮৪ ম্যাচ খেলে ১০৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষ উইকেটধারী মালিঙ্গা। আর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই উইকেট নিয়ে সাকিবের শিকার এখন ৮৬ ম্যাচে ১০৬টি।
অবশ্য মালিঙ্গাকে পেছনে ফেলে আরো অনেক দূর যাওয়া সক্ষমতা রয়েছে সাকিবের। কারণ লঙ্কান পেসারের ক্যারিয়ার শেষ করেছেন ১০৭ উইকেটে। আর সাকিবের ক্যারিয়ারের আরো অনেকটা সময় পড়ে আছে।দুটি উইকেট নিয়ে আজই মালিঙ্গাকে ছাড়িয়ে যেতে পারেন সাকিব।
আর দুটি উইকেট নিলে মালিঙ্গাকে ছাড়িয়ে রেকর্ডটি শুধুই নিজের করে নেবেন সাকিব। তবে দুটি উইকেট নিলে সাকিব একটি মাইলফলক স্পর্শ করবেন। সাকিব হয়ে যাবেন আন্তর্জাতিকের তিন সংস্করণ মিলিয়ে ৬০০ উইকেট শিকারি, ২৩তম বোলার আর দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে।
উইকেট শিকারের দিক থেকে সাকিব অনেক আগেই টপকে গেছেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদিকে। টি-টোয়েন্টিতে ৯৯ উইকেট নিয়ে তৃতীয় পজিশনে আছেন সাউদি। ৯৮ উইকেট শিকার করে চতুর্থ পজিশনে থেকে অবসরে গেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান মাত্র ৫১ ম্যাচে ৯৫ উইকেট শিকার করে পঞ্চম পজিশনে রয়েছেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে এ তালিকায় সাকিবের পরেই আছেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার খ্যাত এই পেসার ইতোমধ্যে ৪৯ ম্যাচে ৭১ উইকেট শিকার করেছেন।
সংবাদ সূত্রঃ যুগান্তর অনলাইন
একতার কণ্ঠঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের লাশ দেশে আসবে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)। সকাল সাড়ে ৮টায় তার লাশ ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বুধবার(১ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেলের অনলাইন বুকিং সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দোহা থেকে আসা একটি ফ্লাইট দেশে ফেরার পথে ভারতের নাগপুর থেকে লাশ এবং তার দুই বোনকে সঙ্গে নিয়ে দেশে ফিরবে।
বিমানের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের সঙ্গে এখন ভারতের ফ্লাইট চালু নেই। ফলে এখন যে কোন ফ্লাইট অপারেট করতে গেলে বিশেষ অনুমতির প্রয়োজন হয়। মরদেহের মেডিক্যাল রিপোর্ট, বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতির জন্য কিছুটা সময় লাগছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ কাজ করা হচ্ছে।
গত ২৭ আগস্ট ওমানের রাজধানী মাস্কাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে ভারতের রায়পুরের আকাশে থাকাকালে হার্ট অ্যাটাক করে নিথর হয়ে পড়েন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম। তখনই ককপিটের কন্ট্রোল নেন সঙ্গে থাকা ফার্স্ট অফিসার মোস্তাকিম।
নাগপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন নওশাদ। ৩০ আগস্ট মারা যান নওশাদ।
সংবাদ সূত্রঃ যুগান্তর অনলাইন
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের কামাক্ষার মোড়ে মো. সোহেল রানা(২৭) ও এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী নামক স্থানে গৃহবধূ সুবর্ণা (২২) ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।
সোমবার (২৩ আগস্ট) ভোর পাঁচ টার দিকে নিহত যুবক মো. সোহেল রানা সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার উত্তর নন্দলালপুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে এবং সকাল ১১ টার দিকে নিহত গৃহবধূ সুবর্ণা টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের নন্দবালা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সোলায়মানের স্ত্রী।
সহদেবপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান বালা জানান, নিহত গৃহবধূ সুবর্ণার বাবার বাড়ি সহদেবপুর ইউনিয়নের চামুরিয়া গ্রামে। তিনি স্বামীর সাথে এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এনজিও’র ঋণের টাকা নিয়ে স্বামীর সাথে ঝগড়ার জেরে অভিমান করে গৃহবধূ সুবর্ণা উত্তরবঙ্গগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। ট্রেনে কাটা পড়ে সাথে সাথে তার মৃত্যু হয়।
টাঙ্গাইল রেল স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) মো. বেলাল হোসেন জানান, আইনী প্রক্রিয়া শেষে সিরাজগঞ্জের নিহত যুবক মো. সোহেল রানার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এলেঙ্গা পৌর সভার রাজাবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূ নিহত হওয়ার বিষয়টি তারা জানতে পারেননি।
একতার কণ্ঠঃ চিপ নির্মাতা বৈশ্বিক প্রতিষ্ঠান ইন্টেল তাদের উচ্চ কার্যকারিতা সম্পন্ন কনজ্যুমার গ্রাফিক্স পণ্যের নাম ঠিক করেছে ‘ইন্টেল আর্ক’। এ ব্র্যান্ডিংয়ের আওতায় উচ্চমানের গ্রাফিক্স কার্ডের হার্ডওয়্যার, সফটওয়্যারের পাশাপাশি সেবাও প্রদান করা হবে। খবর এনগ্যাজেট। আলকেমিস্ট নামের প্রথম আর্ক জিপিইউটি আগামী বছরের প্রথম প্রান্তিকে বাজারে আসবে। এনভিডিয়া ও এএমডিকে টেক্কা দিতে এ জিপিইউ ডেস্কটপ ও ল্যাপটপের জন্য উন্মুক্ত করা হবে। এরই মধ্যে ইন্টেল পরবর্তী প্রজন্মের হার্ডওয়্যারের কোড নেমও প্রকাশ করেছে। এগুলো হলো-ব্যাটলমেজ, সেলেস্টিয়াল এবং ড্রুইড। আলকেমিস্ট জিপিইউ হার্ডওয়্যারভিত্তিক রে ট্রেসিং, মেশ শেডিং, ভেরিয়েবল রেট শেডিং এবং ডিরেক্ট১২ এক্স আলটিমেট সমর্থন করবে। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত সুপার স্যাম্পলিং করলেও সমর্থ হবে। চলতি বছরের শেষের দিকে প্রথম আর্ক পণ্যের বিস্তারিত তথ্য তুলে ধরবে গুগল। ইতোমধ্যে পণ্যটির একটি ভিডিও প্রকাশ করেছে ইন্টেল।