মোস্তাফিজুর রহমান মারুফ (প্রকাশক)

বিশ্বে এই প্রথম ‘দ্বৈত যান’ জনসম্মুখে - Ekotar Kantho

বিশ্বে এই প্রথম ‘দ্বৈত যান’ জনসম্মুখে

একতার কণ্ঠঃ যানটিকে প্রথমে দেখে প্রশ্ন জাগতে পারে যে, এটা কী বাস নাকি ট্রেন? নাকি দুটোই? আসলে একই যান রাস্তায় চলবে বাসের মতো। আবার রেললাইনের উপর তা হয়ে যাবে ট্রেন।

সম্প্রতি ‘ডুয়েল মোড ভেহিকেল’ (ডিএমভি) নামে এ রকমই একটি যান তৈরি হয়েছে জাপানে। শনিবারই(২৫ ডিসেম্বর) তা প্রথম জনসম্মুখে এসেছে। জাপানের কাইয়ো শহরে প্রথম এ ধরনের যান চলবে বলে বার্তা সংস্থা এএফপি শুক্রবার(২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই যানটি দেখতে অনেকটা মিনিবাসের মতো। যখন তা রাস্তায় চলবে তখন সাধারণ গাড়ির চাকা ব্যবহার করে ছুটবে। রেললাইনে চলার জন্য রয়েছে স্টিলের চাকা। ডুয়েল মোডের এই যানটি তৈরি করেছে আসা কোস্ট রেল কোম্পানি।

ডিএমভি নিয়ে আসা কোস্ট রেল কোম্পানির সিইও জানান, কাইয়োর মতো ছোট শহর যেখানে জনসংখ্যা কম, সেখানে এই যান খুব কাজে লাগবে। ছোট শহরে পরিবহণ সংস্থাগুলো লাভের মুখ সেভাবে দেখতে পায় না। এই যান বদলে দিতে পারে সেই পরিস্থিতি।

তিনি আরও বলেন, এই যান বাড়ি গিয়ে মানুষকে বাসের মতো তুলে আনতে পারবে। তার পর রেললাইন ধরে গন্তব্যে পৌঁছে দেবে।

দ্বৈত এই যানে সর্বোচ্চ ২১ জন যাত্রী বসতে পারবেন। রেললাইনে যানটি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে চলতে পারবে। তবে রাস্তায় এর গতি আরও বেশি। রাস্তায় তা ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলতে সক্ষম বলে জানিয়েছেন ওই সংস্থার কর্ণধার। ডিজেলের মাধ্যমে এই যান চলবে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ০৬. জানুয়ারী ২০২৩ ০৫:৩৬:এএম ৪ বছর আগে
সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে নারীদের সাফল্য - Ekotar Kantho

সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে নারীদের সাফল্য

একতার কণ্ঠঃ ফিফার পুরুষ র‌্যাংকিংয়ে বাংলাদেশ ফুটবল দলের অবস্থান যখন তলানিতে গিয়ে ঠেকেছে, তখন নারীদের সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বাংলাদেশ দলের শিরোপা জয়ে দেশবাসী স্বভাবতই আনন্দিত ও উল্লসিত।

বুধবার(২২ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে হারিয়ে এ শিরোপা জয় করেন বাংলাদেশের নারীরা। বিজয়ের মাসে, বিশেষত বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এ জয়ের রয়েছে প্রতীকী তাৎপর্যও।

বস্তুত গোটা টুর্নামেন্টেই বাংলাদেশের নারীরা দাপটের সঙ্গে খেলেছেন। তারা শুধু শিরোপাই জেতেননি, টুর্নামেন্টে তারা ছিলেন অপরাজিতও। এ কৃতিত্বের জন্য তাদের প্রতি রইল আমাদের প্রাণঢালা অভিনন্দন। অপরাজিত চ্যাম্পিয়ন দলটির কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যদেরও জানাই অভিনন্দন। আমরা আশা করব, এই নারীদের হাত ধরেই একদিন দেশে ফুটবল ফিরে পাবে হারানো গৌরব। এ লক্ষ্য সামনে রেখে এই দলটির জন্য আর্থিক ও প্রশিক্ষণসংক্রান্ত সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

অন্য অনেক দেশের মতো একসময় বাংলাদেশেও ফুটবল ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা। ঢাকার ফুটবল লীগের বড় দলগুলোর খেলা নিয়ে আগ্রহ ও কৌতূহল ছিল সারা দেশের মানুষের। সে সময় স্টেডিয়াম পূর্ণ হয়ে যেত দর্শকদের ভিড়ে। বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো ঢাকায়। সাফ চ্যাম্পিয়নশিপসহ দক্ষিণ এশিয়ায় বিভিন্ন টুর্নামেন্টের শিরোপাও জয় করেছে বাংলাদেশের ফুটবলাররা। ফুটবলের সেই রমরমা যুগ এখন আর নেই। খেলার মান পড়ে যাওয়া, সঠিক পরিকল্পনা ও উদ্যোগের অভাব, ক্রিকেটের সাফল্য ইত্যাদি কারণে দেশে ফুটবলের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সত্যিই হতাশাজনক। এ অবস্থায় অনূর্ধ্ব-১৯-এ নারীদের সাফল্য ফুটবল নিয়ে আমাদের নতুন করে আশান্বিত করে।

শুধু অনূর্ধ্ব-১৯-এ নয়, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৮ ইত্যাদি বয়সভিত্তিক টুর্নামেন্টেও বাংলাদেশের মেয়ে ফুটবলাররা ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছেন। বস্তুত আশার জায়গা এটাই।

এ সাফল্য ধরে রাখতে হলে উন্নত প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে মেয়ে ফুটবলারদের মানোন্নয়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সারা দেশে তৃণমূল পর্যায় থেকে কিশোর-কিশোরীদের বাছাই করে নিয়মিত ফুটবলের প্রশিক্ষণ দেওয়া দরকার। ক্রিকেটে এ ধরনের উদ্যোগের সুফল পাচ্ছি আমরা। ফুটবলের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হলে আন্তর্জাতিক পর্যায়ে এ খেলায় আমাদের ব্যর্থতা ঘুচবে অবশ্যই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় খেলা ফুটবলকে অবহেলা করার সুযোগ নেই।

সর্বশেষ আপডেটঃ ২৪. ডিসেম্বর ২০২১ ০৮:১২:পিএম ৪ বছর আগে
জনবল নিয়োগ দেবে পরিকল্পনা মন্ত্রণালয় - Ekotar Kantho

জনবল নিয়োগ দেবে পরিকল্পনা মন্ত্রণালয়

একতার কণ্ঠঃ জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। রাজস্ব খাতের ছয় পদে ৩৩ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করা যাবে অনলাইনে।

পদের নাম : সাঁট মুদ্রক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
পদ সংখ্যা: ৭ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পরিচালনা ও লিখনে দক্ষতা থাকতে হবে।
বেতন: ১১,০০০/- থেকে ২৬,৫৯০/-

পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। কম্পিউটার পরিচালনা ও লিখনে দক্ষতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০/- থেকে ২২,৪৯০/-

পদের নাম : ডটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬)
পদ সংখ্যা: ৪ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। কম্পিউটার পরিচালনা ও লিখনে দক্ষতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০/- থেকে ২২,৪৯০/-

পদের নাম : ট্রেসার (গ্রেড-১৭)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: সিভিল ড্রাফটিংয়ে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (ভকেশনাল) পাস অথবা সিভিল ড্রাফটিংয়ে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস। ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯,০০০/- থেকে ২১,৮০০/-

পদের নাম : সর্টার (গ্রেড-১৯)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে সার্টিফিকেট কোর্সে পাস থাকতে হবে।
বেতন: ৮,৫০০/- থেকে ২০,৫৭০/-

পদের নাম : অফিস সহায়ক (গ্রেড-২০)
পদ সংখ্যা: ১৯ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পাস।
বেতন: ৮,২৫০/- থেকে ২০,০১০/-

বয়স: আবেদনের সময়সীমা ২১ ডিসেম্বর ২০২১ হিসেবে ১৮-৩০ বছর। তবে ২০২০ সালের ২৫ মার্চ হিসেবে সর্বোচ্চ ৩০ বছর হলেও আবেদন করা যাবে। বিশেষ ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://plandiv.teletalk.com.bd/home.php -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি দেখুন এখানে—

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২২ বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

সূত্রঃ যুগান্তর নিউজ

সর্বশেষ আপডেটঃ ২২. ডিসেম্বর ২০২১ ০৫:৫৬:পিএম ৪ বছর আগে
ভারতের বক্স অফিসে ১২০ কোটি রুপি আয়: স্পাইডার-ম্যান - Ekotar Kantho

ভারতের বক্স অফিসে ১২০ কোটি রুপি আয়: স্পাইডার-ম্যান

একতার কণ্ঠঃ ভারতের বাজার কাঁপাচ্ছে ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’। মুক্তির পাঁচ দিনে ভারতের বক্স অফিসে ১২০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

পাঁচ দিনে সিনেমাটির সংগ্রহ : বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) ৩২.৬৭ কোটি, শুক্রবার(১৭ ডিসেম্বর) ২০.৩৭ কোটি, শনিবার(১৮ ডিসেম্বর) ২৬.১০ কোটি, রোববার(১৯ ডিসেম্বর) ২৯.২৩ কোটি, সোমবার(২০ ডিসেম্বর) ১২.১০ কোটি রুপি; নেট বক্স অফিস সংগ্রহ ১২০ কোটি ৪৭ লাখ রুপি।

বলিউডের চিত্র-সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন- টম হল্যান্ড অভিনীত এ সিনেমার চোখ এখন ১৫০ কোটির ক্লাবে।

সূত্রঃ যুগান্তর নিউজ পোর্টাল

সর্বশেষ আপডেটঃ ২২. ডিসেম্বর ২০২১ ০২:৩৯:এএম ৪ বছর আগে
সাকিব-মাশরাফিকে নিয়ে বায়োপিক বানাতে চান সৃজিত - Ekotar Kantho

সাকিব-মাশরাফিকে নিয়ে বায়োপিক বানাতে চান সৃজিত

একতার কণ্ঠ: খ্যাতিমান চলচিত্র নির্মাতা হিসেবে ইতোমধ্যে সুখ্যাতি পেয়েছেন সৃজিত মুখোপাধ্যয়। ২০১০ সালে ‘অটোগ্রাফ’ নামের চলচিত্র নির্মাণ করে আলোচনায় আসা সৃজিত ২০১৯ সালে বাংলাদেশের মডেল, অভিনেত্রী মিথিলাকে বিয়ে করে হৈ চৈ ফেলে দিয়েছেন।

বায়োপিক নির্মাণে এখন দিয়েছেন জোর। ভারতী নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জীবনী অবলম্বনে ‘সাবাস মিঠু’ নামে বলিউডের একটি চলচ্চিত্র নির্মাণ করছেন সৃজিত।

এখন বাংলাদেশের সেনসেশন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবনী নিয়ে চলচিত্র নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন। বুধবার (৮ ডিসেম্বর) ঢাকা টেস্টের পঞ্চম দিনের শেষ সেশন দেখতে স্ত্রী মিথিলাকে সঙ্গে নিয়ে এসেছিলেন শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেস বক্সে।

সেখানেই কথা বলেছেন বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে। জানিয়েছেন তার আগ্রহের কথা—সাকিবের ক্রিকেটিং জীবনটা বড়ই বৈচিত্র্যপূর্ণ। একটা দেশের হয়ে একাই লড়ে যাচ্ছেন, করছেন পারফর্ম। এই দ্যাখো, এই ম্যাচটাও বাঁচানোর জন্য ওর চেষ্টাটা কত।এমন একজন ক্রিকেটারকে নিয়ে এখনো কোনো চলচ্চিত্র হয়নি কেন-সেটাই ভাবছি। সে এমন একজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডার, আমি ভেবেছিলাম এত দিনে তো হুড়োহুড়ি লেগে যাবে যে কে বানাবে। যদি বানানো হয়, অবশ্যই আমার আগ্রহ থাকবে বানানোর জন্য।

কেন সাকিবের জীবনী নিয়ে চলচিত্র বানাতে চান, তার ব্যাখ্যাটাও দিয়েছেন—দেখুন, শচীন বিশ্ব ক্রিকেটে সুপার স্টার। তবে ওর জীবনটা বড়ই গতানুগতিক। এই দিক থেকে আমার কাছে ব্যতিক্রম যুবরাজ সিং। ওর ক্যারিয়ারটা উন্থান—পতনের মধ্য দিয়ে গেছে। ক্যান্সারের সঙ্গে লড়েছে সে। সাকিবও ব্যতিক্রম। বাংলাদেশের মতো একটা দেশের ক্রিকেট ওর পারফরমেন্সে দিনে দিনে উঁচুতে উঠেছে। আইপিএলে খেলছে শাহরুখের দলে। আরও কতো কী।

সাকিবের জীবনী নিয়ে চলচিত্র তৈরি করতে ইতোমধ্যে স্ত্রিপ্ট নিয়ে কথা বলেছেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যয়ের সঙ্গে। শুধু সাকিবই নন, বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান এবং মাশরাফির জীবনী নিয়েও সিনেমা নির্মাণের ইচ্ছে আছে তার—রকিবুল হাসানের ব্যাপারটা দেখো। ব্যাটে জয়বাংলা স্টিকার লাগিয়ে ব্যাটিংয়ে নেমেছে। ক্রিকেট মাঠ থেকেও একটা দেশের স্বাধীনতার ডাক আসতে পারে। বিশাল ব্যাপার। মাশরাফির পুরো জীবনটাই তো অন্যরকম।

সর্বশেষ আপডেটঃ ০৯. ডিসেম্বর ২০২১ ০৮:১৬:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেলো চালকের - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেলো চালকের

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। শনিবার (৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নগর জলফৈ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত শেখ (৩২) রংপুরের বদরগঞ্জের পালিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ‘ন্যাশনাল ট্রাভেলসের ঢাকাগামী বাসের সাথে ওয়ালটনের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটির সামনের অংশ ধুমচেমুচড়ে যায়। আর কাভার্ডভ্যানটি সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক মারা যান। এসময় কয়েকজন আহত হয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ০৪. ডিসেম্বর ২০২১ ০৯:০৫:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া নুসরাত জাহান তোয়া (১৩) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘনাটি ঘটে।

নিহত নুসরাত জাহান নাসির উদ্দিন ও শায়লা বেগম দম্পতির বড় মেয়ে। তারা এলেঙ্গা শামসুল হক কলেজের সামনে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ড্রেস পড়া একটি মেয়ে ও একটি ছেলে রিক্সায় এসে ধলেটেঙ্গর এলাকায় রেললাইনে বসে থাকতে দেখা যায়। সকাল ৯ টা ১০ মিনিটের দিকে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মেয়েটি ঘটনাস্থলেই মারা যান। এসময় ছেলেটি লাইনের পাশে থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান। পরে মেয়েটিকে রেখে ছেলেটি পালিয়ে যান।

নুসরাতের মোবাইল চেক করে দেখে যায়, সোহাগ আল হাসান জয় নামের একটি ছেলের সাথে সকালে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করে দেখা করার জন্য বের হয়।

নুসরাতের মা শায়লা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, সকালে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে একটু আগেই বের হয় নুসরাত। এজন্য আমি আর আমার ছোট মেয়ে খানিকটা পথ এগিয়েও দিয়ে আসি। বান্ধবীর বাসায় থেকে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার কথা। কিন্তু তোয়া রেললাইনে কিভাবে গেল বুজতে পারছি না।

এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম জানান, নুসরাত জাহান তোয়া আমার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সকালে পুলিশ এবং সাংবাদিকদের মাধ্যমে খবর পাই সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। মঙ্গলবার তার গণিত পরীক্ষা ছিল।

ঘারিন্দা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুস সবুর জানান, সকাল ৯.১০ মিনিটে নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নুসরাত জাহান তোয়া নামে এক ছাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩০. নভেম্বর ২০২১ ০৮:৫২:পিএম ৫ বছর আগে
ক্যালসিয়াম ঘাটতির কারণে শরীরে কী সমস্যা হয়? - Ekotar Kantho

ক্যালসিয়াম ঘাটতির কারণে শরীরে কী সমস্যা হয়?

একতার কণ্ঠঃ ক্যালসিয়াম হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খনিজ। শরীরের বিভিন্ন অঙ্গসমূহকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে খনিজ ও ভিটামিন। আর এ কারণেই সঠিক ও সুষম খাবার খাওয়া অত্যন্ত জরুরি।

ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন রোগ ও শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে। আর দীর্ঘমেয়াদি এটির ঘাটতির কারণে দাঁতের পরিবর্তন, মস্তিষ্কে পরিবর্তন, অস্টিওপোরোসিসের মতো সমস্যাও দেখা দিতে পারে।

এ ছাড়া ক্যালসিয়ামের ঘাটতির কারণে হাইপোক্যালসেমিয়া হয়ে থাকে, যা ক্যালসিয়ামের ঘাটতি রোগ নামেও পরিচিত। এটি সাধারণত রক্তে ক্যালসিয়ামের মাত্রা কম থাকলে ঘটে থাকে।

প্রথমে ক্যালসিয়ামের ঘাটতির কারণে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তবে এসব সমস্যার চিকিৎসা না নিলে বা ক্যালসিয়ামের ঘাটতি অনবরত হতে থাকলে সেটি জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

তাই ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব তার প্রতিকার নিতে হবে। আসুন জেনে নিই ক্যালসিয়ামের ঘাটতিতে কী হয়—

১. পেশির সমস্যা
ক্যালসিয়ামের ঘাটতির কারণে পেশির বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। পেশিতে ব্যথা, খিঁচুনি এবং নড়াচড়া করার সময় উরু ও বাহুতে ব্যথা, হাত-বাহু-পা এবং পায়ের পাশাপাশি মুখের চারপাশে অসারতা এবং ঝাঁকুনি সমস্যা দেখা দিতে পারে। আর দীর্ঘমেয়াদে এসব সমস্যার প্রতিকার নেওয়া না হলে খিঁচুনি, অ্যারিথমিয়াস— এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

২. চরম ক্লান্তি
শরীরে ক্যালসিয়াম কমে গেলে তা চরম ক্লান্তি সৃষ্টি করতে পারে। আর এর ফলে শরীরে শক্তির অভাব, অলসতা ও অনিদ্রা দেখা দিতে পারে। এ ছাড়া ক্যালসিয়ামের ঘাটতির ফলে মাথা ঘোরা ও মস্তিষ্কের কুয়াশা সমস্যা হতে পারে।

৩. নখ, ত্বক ও চুলের সমস্যা
শরীরে দীর্ঘস্থায়ী ক্যালসিয়ামের ঘাটতি হতে থাকলে তা থেকে ত্বক শুষ্ক ও শুকনো, নখ ভঙ্গুর হয়ে যাওয়া, চুল মোটা হয়ে যাওয়া, অ্যালোপেসিয়া বা যার কারণে চুল প্যাঁচে পড়ে যায়, একজিমা বা ত্বকের প্রদাহ, যা চুলকানি সমস্যা সৃষ্টি করতে পারে।

৪. অস্টিওপেনিয়া ও অস্টিওপরোসিস
হাড়গুলো ক্যালসিয়াম ভালোভাবে সঞ্চয় করে, তবে শক্তিশালী থাকার জন্য তাদের উচ্চমাত্রার ক্যালসিয়াম প্রয়োজন। আর যখন শরীরে ক্যালসিয়ামের মাত্রা কম থাকে, তখন শরীর হাড় থেকে ক্যালসিয়াম গ্রহণ করে তাদের ভঙ্গুর এবং আঘাত প্রবণ করে তোলে। আর এটি নিয়মিত হতে থাকলে তা থেকে অস্টিওপেনিয়া ও অস্টিওপোরোসিস হতে পারে। আর এর ফলে হাড়গুলো পাতলা হয়ে যায় এবং ফ্র্যাকচারের ঝুঁকিতে পড়ে। সেই সঙ্গে ব্যথা ও ভঙ্গিতে সমস্যা হয়।

৫. দাঁতের সমস্যা
শরীরে ক্যালসিয়ামের অভাবের কারণে দাঁতের সমস্যা হতে পারে। আর এটির ফলে দাঁতের ক্ষয়, ভঙ্গুর হয়ে যাওয়া, মাড়িতে বিরক্ত করা, দাঁতের শিকড় দুর্বল করে দেওয়ার মতো সমস্যা দেখা দেয়। এ ছাড়া শিশুদের ক্যালসিয়ামের ঘাটতি হলে তা দাঁতের বিকাশকে ব্যাহত করতে পারে।

৬. বিষণ্নতা
শরীরে ক্যালসিয়ামের ঘাটতির কারণে হতাশাসহ বিভিন্ন মেজাজের সমস্যা দেখা দিতে পারে। আর এর কারণে অনেকের মাঝে বিষণ্নতা দেখা দিতে পারে।

তথ্যসূত্র: মেডিকেল নিউজ টুডে

সর্বশেষ আপডেটঃ ২৭. নভেম্বর ২০২১ ১০:৫২:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১ - Ekotar Kantho

টাঙ্গাইলে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। আহত হয়েছেন চারজন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকাল গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে।

নাগরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তোতা শেখ (৪০) দপ্তিয়র ইউনিয়নের পাইকাইল গ্রামের আক্কেল মেম্বারের ছেলে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ রফিক শেখ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা পারিবারিকভাবে আওয়ামী লীগের সমর্থক। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছিলাম। হঠাৎ করেই দপ্তিয়র ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুদ্দীন আমাদের বিরুদ্ধে নির্বাচনে কাজ না করার অভিযোগ আনেন। এ বিষয়ে শুক্রবার বিকেলে আমাদের মাঝে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় সাইফুদ্দীন, সুমন, খাজা ও জাহাঙ্গীর এবং তাদের সহযোগীরা অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমরা হতবিহ্বল হয়ে পড়ি। আমার পায়ে গুলি লাগে। পাইকাল গ্রামের মিনহাজ মন্ডলের ছেলে বাচ্চু মন্ডল, সুমন, কবীর ও আমার ভাই তোতা শেখ গুরুতর আহত হন। পরে লোকজন আমাদের উদ্ধার করে দৌলতপুর হসপিটালে নিয়ে আসলে আমার ভাই তোতা শেখ মারা যান।’

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি সেখানে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।’

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান জানিয়েছেন, এ ঘটনার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. নভেম্বর ২০২১ ০৫:১০:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ২ ইউনিয়নে আ.লীগ প্রার্থী পরিবর্তন - Ekotar Kantho

টাঙ্গাইলে ২ ইউনিয়নে আ.লীগ প্রার্থী পরিবর্তন

একতার কণ্ঠঃ শেষ মুহূর্তে টাঙ্গাইল সদর উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। ইউনিয়ন দু’টি হচ্ছে ঘারিন্দা ও দাইন্যা।

জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, গত মঙ্গলবার (২৩ নভেম্বর) টাঙ্গাইল সদর উপজেলার আটটি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

এতে ঘারিন্দা ইউনিয়নে হোসাইন ছাদাব অন্তুকে এবং দাইন্যা ইউনিয়নে সোলায়মান হোসেন মিন্টুকে মনোনয়ন দেওয়া হয়।

দলীয় মনোনয়নের চিঠি পেয়ে তারা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। পরে বুধবার (২৪ নভেম্বর) শেষ মুহূর্তে দলের মনোনয়ন বোর্ড এ দুই ইউনিয়নের মনোনয়ন পরিবর্তন করা হয়।

ঘারিন্দা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদ এবং দাইন্যা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

বিকেলেই নতুন মনোনয়ন পাওয়া দু’জন রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় মনোনয়নের চিঠি জমা দেন।

সর্বশেষ আপডেটঃ ২৬. নভেম্বর ২০২১ ০৮:৪৭:পিএম ৫ বছর আগে
সারাদেশে বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত - Ekotar Kantho

সারাদেশে বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত

একতার কণ্ঠঃ দেশের বিভিন্ন জায়গায় ৬ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার(২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।দেশের কোথাও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সূত্রঃ প্রথম আলো নিউজ

সর্বশেষ আপডেটঃ ২৬. নভেম্বর ২০২১ ০৪:৫৩:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ৫ হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - Ekotar Kantho

টাঙ্গাইলে ৫ হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

একতার কণ্ঠ: টাঙ্গাইলে খাবার হোটেলে দাম বেশি রাখায় এবং অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি করায় পাঁচ হোটেল মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের নেতৃত্বে শহরের নিরালা মোড়, মিষ্টিপট্টি ও নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করা হয়।

টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন জানান, শহরের হোটেল গুলোতে অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও খাবারের দামের বিষয়ে অভিযোগ আসছিলো। তারই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এ সময় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ ধারা অনুযায়ী শহরের ‘কিছুক্ষণ’ হোটেলকে পাঁচ হাজার, পিয়াসী হোটেলকে দুই হাজার, টিপটপ হোটেলকে পাঁচ হাজার, ফাইলার হোটেল ও সুরুতী হোটেলকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ২৬. নভেম্বর ২০২১ ০১:৩৮:এএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।