মোস্তাফিজুর রহমান মারুফ (প্রকাশক)

গোপালপুরে ৫ ইউপিতেই নৌকার প্রার্থীর জয় - Ekotar Kantho

গোপালপুরে ৫ ইউপিতেই নৌকার প্রার্থীর জয়

একতার কণ্ঠঃ ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুরে পাঁচটি ইউনিয়নেই নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।

বেসরকারি ফলে উপজেলার মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম ১৩ হাজার ৭৯৯ ভোট, আলমনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমেন ৬ হাজার ৬৬৭ ভোট, হাদিরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিলকিছ জাহান ৬ হাজার ৭৯৮ ভোট, নগদাশিমলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হোসেন আলী ৮ হাজার ১৪১ ভোট ও ধোপাকান্দি ইউনিয়নে সিরাজুল ইসলাম ৬ হাজার ২৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

এ পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর সাধারণ সদস্য পদে ১৫৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৫১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, ৩ প্লাটুন বিজিবি, এক জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

সর্বশেষ আপডেটঃ ০১. ফেব্রুয়ারী ২০২২ ০৬:৩৯:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে সদ্য ভূমিষ্ঠ এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে সদ্য ভূমিষ্ঠ এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সদ্য ভূমিষ্ঠ এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ড্রেন থেকে গলাকাটা অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ড্রেন থেকে গলাকাটা অবস্থায় ১২ ঘণ্টা বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় হাসপাতালেই শিশুটির জন্ম হয়েছে।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান জানান, শনিবার (২৯ জানুয়ারী) রাতে এক তরুণী হাসপাতালে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন। ভোরের দিকে ওই তরুণী বাথরুমে দীর্ঘক্ষণ সময় কাটান। এরপর বাথরুম থেকে বের হওয়ার পর ওই তরুণীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া মৃত শিশুটি ওই তরুণীর।

সর্বশেষ আপডেটঃ ৩০. জানুয়ারী ২০২২ ০৮:১২:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন - Ekotar Kantho

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ী ও গোপালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে ধনবাড়ী উপজেলার কয়রাপাড়া এবং বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) রাতে গোপালপুর উপজেলার পৌরশহরের ভূয়ারপাড়ায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, সকালে ধনবাড়ীর কয়াপাড়া নামক স্থানে জামালপুর থেকে ঢাকাগামী ইট বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধনবাড়ীগামী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে আহত হন ট্রাকের চালক ও টাঙ্গাইল সদর উপজেলার টাকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল মিয়া (৩২) এবং কাঁচা মরিচ ব্যবসায়ী জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরআদ্রারা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৬)। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, কাঠ শ্রমিক বাবু গোপালপুরের হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রাম থেকে গাছের গুঁড়ি বোঝাই নছিমনের ওপর বসে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ভূয়ারপাড়ার সড়কে নছিমন উল্টে গেলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা বাবুকে গোপালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি গোপালপুরের ডুবাইল ঘটকবাড়ীর নূরুল ইসলামের ছেলে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জানুয়ারী ২০২২ ১০:৪৭:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে একটি কলাবাগান থেকে মারুফ হোসেন (১৪) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের সরাবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মারুফ পার্শ্ববর্তী সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে কালিহাতী উপজেলার রৌহা হাফিজিয়া মাদরাসায় লেখাপড়া করতো। তার নানার বাড়ি ঘাটাইল উপজেলার দেওপাড়া গ্রামে। মাদরাসা বন্ধ থাকায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুরে তার বড়ভাই অটোচালক বাবর আলীর সঙ্গে অটোরিক্সা নিয়ে ঘাটাইলের দেওপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যান। দেওপাড়া বাজার থেকে দুই ভাই মিলে কলা কেনেন। ছোট ভাইকে অটোরিক্সায় রেখে বড়ভাই বাবর আলী মামার বাড়িতে কলা রেখে আসতে যায়। পরে বাজারে ফিরে বাবর আলী অটোরিকশা ও তার ভাইকে দেখতে না পেয়ে বাজারেই অপেক্ষা করতে থাকেন। বাবর আলী ভাবেন, মারুফ হয়তো অটোরিকশাটি নিয়ে কোথাও ঘুরতে গেছে। দীর্ঘ সময়ে মারুফ ফিরে না আসায় গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেন বড়ভাই।

রসুলপুর ইউপি সদস্য নূরুল ইসলাম জানান, শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে স্থানীয়রা সরাবাড়ি এলাকায় একটি কলা বাগানের ভেতরে অজ্ঞাত শিশুর লাশ গলায় চাদর পেঁচানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মারুফের বড় ভাই বাবর আলী ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ২৯. জানুয়ারী ২০২২ ০৭:৩৭:এএম ৪ বছর আগে
ওমিক্রনের ঝুঁকি এখনও অনেক বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা - Ekotar Kantho

ওমিক্রনের ঝুঁকি এখনও অনেক বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

একতার কণ্ঠঃ করোনার নতুন ধরন ওমিক্রনের সার্বিক ঝুঁকি এখনও অনেক বেশি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বর্তমানে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে মঙ্গলবার(২৫ জানুয়ারি) সাপ্তাহিক বৈঠকে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত এক সপ্তাহে দুই কোটি ১০ লাখেরও বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে, যা মহামারি শুরুর পর সর্বোচ্চ। একই সঙ্গে গত এক সপ্তাহে করোনায় বিশ্বব্যাপী প্রায় ৫০ হাজার লোক মারা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনার অন্যান্য ধরনের চেয়ে বিশ্বে এখন ওমিক্রনই তার আধিপত্য বাড়িয়ে চলেছে। ডেল্টার সংক্রমণ কমে এসেছে। আলফা, বিটা ও গামার সংক্রমণ একেবারেই নিম্নপর্যায়ে নেমে এসেছে।

তবে যেসব দেশে ২০২১ সালের নভেম্বরে ও ডিসেম্বরে ওমিক্রনের সংক্রমণ দ্রুত বেড়ে গিয়েছিল সেসব দেশে এখন কমে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গত ৩০ দিনে সংগৃহীত নমুনায় ওমিক্রন ধরনে আক্রান্ত ৮৯.১ শতাংশ, আর ডেল্টা ধরন ১০.৭ শতাংশ।

সর্বশেষ আপডেটঃ ২৬. জানুয়ারী ২০২২ ১০:৩২:পিএম ৪ বছর আগে
ফের করোনায় আক্রান্ত এমপি ছানোয়ার - Ekotar Kantho

ফের করোনায় আক্রান্ত এমপি ছানোয়ার

একতার কণ্ঠঃ টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেন দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।সোমবার (২৪ জানুয়ারি) সংসদে নমুনা দেন তিনি।

পরদিন মঙ্গলবার (২৫ জানুয়ারি) রিপোর্ট আসলে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত।বর্তমানে তিনি ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ছানোয়ার হোসেন জানান, তিনি করোনাভাইরাসের বুস্টার ডোজসহ সব টিকা নিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ২৬. জানুয়ারী ২০২২ ০৬:১৯:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে পুকুর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে পুকুর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ বাগবাড়ির একটি পুকুর থেকে শামসুল হক খান(৫৭) নামের এক আসবাবপত্র ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন।

নিহত শামছুল হক ওই এলাকার মৃত রশিদ খানের ছেলে।

নিহতের বড় ভাই হাবিবুর রহমান খান বলেন, আমার ভাইয়ের কাছ থেকে এক ব্যক্তি দুই লাখ টাকা ধার নিয়েছিলো। ওই পাওনা টাকা দাবি করলে তাকে বিভিন্ন সময় হুমকি দিতো। আমরা ধারণা করছি ওই ব্যক্তিই আমার ভাইকে হত্যা করেছে।

নিহতের মেয়ে শিউলি বেগম বলেন, সন্তোষ ঘোষবাড়ী এলাকার নুরুল ইসলাম নামে এক কাঠমিস্ত্রি আমার বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিলো। সে এমন ঘটনা ঘটাতে পারে।

টাঙ্গাইল পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর খালেদা আক্তার স্বপ্না বলেন, পুকুর পাড়ে রক্ত পরে  রয়েছে। এটি হত্যাকাণ্ড। তদন্ত সাপেক্ষে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, মরদেহ মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে ।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক নূরুল নামে একজনকে আটক করা হয়েছে

সর্বশেষ আপডেটঃ ২৫. জানুয়ারী ২০২২ ০৫:৩২:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, আহত ২৫ - Ekotar Kantho

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, আহত ২৫

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ২৫ জন আহত হয়েছেন।সোমবার (২৪ জানুয়ারি) ভোরে কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর রোডের যদুরপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আবুল কালাম।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ভূঞাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আবুল কালাম জানান, বুড়িমারি থেকে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-০২৪২) ঢাকার দিকে যাচ্ছিলো। ভোরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। বাসে থাকা ২৫ জন যাত্রী আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে তাদের উদ্ধার করেন। এর মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ৮ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৫. জানুয়ারী ২০২২ ১২:১৬:এএম ৪ বছর আগে
ওমিক্রন আক্রান্তদের কী কী লক্ষণ, জানাল স্বাস্থ্য অধিদপ্তর - Ekotar Kantho

ওমিক্রন আক্রান্তদের কী কী লক্ষণ, জানাল স্বাস্থ্য অধিদপ্তর

একতার কণ্ঠঃ করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তদের সাধারণত ছয়টি লক্ষণ দেখা দিচ্ছে বলে জানিয়েছেন ডা. মো. নাজমুল ইসলাম।

রোববার(২৩ জানুয়ারি) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানান তিনি।

ওমিক্রনের উপসর্গের সঙ্গে সিজনাল ফ্লুয়ের উপসর্গের মিল আছে উল্লেখ করে তিনি বলেন,

  • ওমিক্রনের শতকরা ৭৩ শতাংশ মানুষের নাক দিয়ে পানি ঝরছে।
  • ৬৮ শতাংশ মানুষের মাথা ব্যথা করছে।
  • অবসন্ন-ক্লান্তি অনুভব করছেন ৬৪ শতাংশ রোগী ।
  • হাঁচি দিচ্ছেন ৭ শতাংশ রোগী।
  • গলা ব্যথা হচ্ছে ৭ শতাংশ রোগীর।
  • এছাড়া ৪০ শতাংশ রোগীর কাশি হচ্ছে।

ডা. নাজমুল ইসলাম বলেন, কমিউনিটি পর্যায়ে ওমিক্রনের সংক্রমণ ঘটছে। আমরা দেখছি, ওমিক্রন একটু একটু করে ডেল্টার জায়গা দখল করে ফেলছে।

মহামারীকে পরাস্ত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জোর দিয়েছেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ২৩. জানুয়ারী ২০২২ ১১:০৩:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুলাভাই-শ্যালকের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুলাভাই-শ্যালকের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) রাতে ওই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মরফিন হাসান।

নিহতরা হলেন, কালিহাতীর পৌর এলাকার সাতুটিয়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫) ও একই এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে মাসুম (৩০)। এরা সম্পর্কে মামাতো শালা-দুলাভাই।

স্থানীয়রা জানান, মোতালেব তার শ্যালক মাসুমকে নিয়ে মোটরসাইকেলে করে হাতিয়া গ্রামে একটি বিয়ের দাওয়াত খেতে আসেন। দাওয়াত খাওয়া শেষে রাতে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মরফিন হাসান জানান, বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ২ ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ আপডেটঃ ২৩. জানুয়ারী ২০২২ ১০:০৯:পিএম ৪ বছর আগে
আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী - Ekotar Kantho

আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

একতার কণ্ঠঃ আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহিদ মালেক জানান, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তিনি বলেন, প্রতিদিন আক্রান্তের হার বেড়ে যাচ্ছে। ১১ দফা দেবার পরেও সাধারণ মানুষেরা কেউ তা মানছে না। এভাবে আক্রান্তের হার বাড়তে থাকলে হাসপাতালের বেড খালি থাকবে না। স্কুলে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আগামী ২ সপ্তাহ স্কুল, কলেজ, ভার্সিটি বন্ধ থাকবে।

তিনি বলেন, করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় আমরা স্কুল-কলেজ, অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে, স্কুল-কলেজে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। এটা আশঙ্কাজনক। এমন অবস্থায় আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আগামী দুই সপ্তাহ আমরা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, পরে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলমসহ স্বাস্থ্য অধিদপ্তরের অনান্য কর্মকর্তারা।

সংবাদ সূত্রঃ দৈনিক ইত্তেফাক

সর্বশেষ আপডেটঃ ২১. জানুয়ারী ২০২২ ০৬:০৫:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ২৯ জন - Ekotar Kantho

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ২৯ জন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ জন। তবে এ সময় এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. আবুল ফজল জানান, বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় করোনা শনাক্ত হয় ২৯ জনের শরীরে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ৬০ শতাংশ। তবে ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।

তিনি আরো জানান, ২০২০ সালে দেশে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত টাঙ্গাইলে ১৭ হাজার ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৬০ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৬ জন।

সিভিল সার্জন জানান, টাঙ্গাইলে কম সংখ্যক মানুষ করোনার পরীক্ষা করাচ্ছেন। করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

সূত্রঃ রাইজিং বিডি

সর্বশেষ আপডেটঃ ২৩. জানুয়ারী ২০২২ ০২:২৫:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।