মোস্তাফিজুর রহমান মারুফ (প্রকাশক)

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১এপ্রিল) দুপর দেড়টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান।

আরো পড়ুনঃ  টাঙ্গাইলে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

নিহতরা হচ্ছে, ঘাটাইলের গারট্ট গ্রামের মো. হামিদ মিয়া ছেলে মো. তায়েবুল হোসেন (৪৩), তার মেয়ে তাহমিনা বেগম (২৪) ও নাতি মো. তাওহীদ (৮ মাস)।

এলেঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, নিজের ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে তায়েবুল হোসেন কালিহাতীর হাতিয়া মেয়ের শ্বশুরবাড়ী থেকে তার মেয়ে ও নাতিকে নিয়ে নিজ বাড়ি ঘাটাইল উপজেলার গারট্ট গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। হাতিয়া রেল ক্রসিং এলাকায় পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেসের ধাক্কায় তার ব্যাটারি চালিত অটোরিক্সাটি দুুমরে মুচরে যায়। এ সময় ঘটনাস্থলেই তায়েবুল ও শিশু তাওহীদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তাহমিনাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ বিষয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইন-চার্জ মো. সাইফুল ইসলাম জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১১. এপ্রিল ২০২২ ০৯:৪৯:পিএম ৪ বছর আগে
মেয়ের ধর্ষককে কেটে নদীতে ভাসিয়ে দিলেন বাবা - Ekotar Kantho

মেয়ের ধর্ষককে কেটে নদীতে ভাসিয়ে দিলেন বাবা

একতার কণ্ঠঃ ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশের খান্ডওয়া জেলায়।

ধর্ষণের শিকার কিশোরীর (১৪) বাবা ও মামা এ ঘটনা ঘটিয়েছেন বলে সোমবার পুলিশ জানিয়েছে। খবর এনডিটিভির।

ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির খণ্ডিত দেহ আজনাল নদী থেকে উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে অভিযুক্ত ব্যক্তি ৫৫ বছর বয়সি ত্রিলোকচাঁদ বলে শনাক্ত করা হয়েছে। তিনি খান্ডওয়া জেলার সক্তপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ সুপার ভিভেক সিং।

পুলিশের সাব ডিভিশনাল অফিসার রাকেশ পন্দ্রো বলেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে ওই ব্যক্তি ১৪ বছরের এক কিশোরীকে যৌন হয়রানি করেছেন। শনিবার কিশোরীর বাবা ও মামা অভিযুক্ত ত্রিলোকচাঁদকে মোটরসাইকেলে করে আজনাল নদীতে নিয়ে যান। পরে তারা তার মাথা ও শরীর খণ্ডিত করে ফেলেন।
তিনি জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে জড়িত অন্যদেরও শনাক্ত করা হবে। নিহত ও অভিযুক্তরা আত্মীয় বলেও জানান তিনি।

সর্বশেষ আপডেটঃ ২৯. মার্চ ২০২২ ০৯:১৬:পিএম ৪ বছর আগে
‘ট্রিপল আর’ দেখতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভক্ত - Ekotar Kantho

‘ট্রিপল আর’ দেখতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভক্ত

একতার কণ্ঠঃ জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ট্রিপল আর’। অনেক জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (২৫ মার্চ) মুক্তি পেয়েছে এই সিনেমা। আর এটি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ভক্ত।

টলিউড ডটনেটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের এসভি ম্যাক্স প্রেক্ষাগৃহে। সিনেমা নিয়ে উন্মাদনা থাকায় প্রথম দিনই বন্ধুদের সঙ্গ ‘ট্রিপল আর’ দেখতে গিয়েছিলেন এই যুবক। শুধু তাই নয়, মোবাইল ফোনে প্রিয় অভিনেতাদের ভিডিও করছিলেন। হঠাৎ করেই পড়ে যান। পরে বন্ধুরা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি ভাইরাল হয়েছে। অনেকেই এই ঘটনায় শোক প্রকাশ করছেন।

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করছে ডিভিভি নায়া। মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে ‘ট্রিপল আর’।

সর্বশেষ আপডেটঃ ২৫. মার্চ ২০২২ ১০:১৯:পিএম ৪ বছর আগে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১১ টন সয়াবিন তেলসহ উল্টে গেল ট্রাক - Ekotar Kantho

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১১ টন সয়াবিন তেলসহ উল্টে গেল ট্রাক

একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাকা ফেটে উল্টে গেছে উত্তরবঙ্গগামী সয়াবিন তেলবাহী ট্রাক। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ঘটনাটি ঘটেছে। তবে দূর্ঘটনায় কোনো হতাহত না হলেও ট্রাকে থাকা সয়াবিন তেল মহাসড়কে পরে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

ট্রাক চালক আতোয়ার বলেন, চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের উপর উঠে গিয়ে উল্টে যায়। ট্রাকে সাড়ে ১১টন সয়াবিন তেল ছিল বলেও জানান তিনি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দূর্ঘটনা কবলিত ট্রাকটিকে দ্রুত সড়িয়ে নেয়ার ব্যবস্থা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যে টুকু অংশে তেল ছড়িয়ে পরেছে সেখানে দ্রুতই বালু দেয়া হবে। এছাড়া, মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সকল পরিবহনকে আপাতত থ্রি হুইলারের যাতায়াতে ব্যবহৃত আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। দূর্ঘটনার কারণে মহাসড়কের কোনো যানজটের সৃষ্টি হয়নি বলেও জানান তিনি।

সর্বশেষ আপডেটঃ ২৪. মার্চ ২০২২ ০৯:২২:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে রাহাত (১৪) নামের এক স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার কোকডহরা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাহাত বানিয়ারা গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, রাহাত মঙ্গলবার (২২ মার্চ) রাত থেকে নিখোঁজ ছিল। ভোরে নিহতের বাবা শাহাদত হোসেন ছেলেকে খোঁজার জন্য বের হলে বানিয়াপাড়া এলাকায় পুকুরে রাহাতের গলাকাটা মরদেহ দেখতে পান। সাথে সাথে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, রাতের কোন এক সময় রাহাতকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে লাশ পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সর্বশেষ আপডেটঃ ২৩. মার্চ ২০২২ ০৪:০১:পিএম ৪ বছর আগে
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ আর নেই - Ekotar Kantho

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ আর নেই

একতার কণ্ঠঃ সাবেক রাষ্ট্রপতি ও প্রাক্তন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

গত ফেব্রুয়ারিতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার সিএমএইচ ভর্তি করা হয়। তিনি বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। পরিবারের সদস্যরা জানান, সেখানে ভর্তি করানোর পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

প্রাক্তন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম তালুকদার রিসাত আহমেদ। তিনি একজন সমাজসেবী ও এলাকায় জনহিতৈষী ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। তার স্ত্রীর নাম আনোয়ারা বেগম। তিনি তিন কন্যা ও দুটি পুত্র সন্তানের জনক।

বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ দেশের একজন প্রখ্যাত আইনবিদ ও ৬ষ্ঠ প্রধান বিচারপতি এবং দু’বার দায়িত্বপালনকারী রাষ্ট্রপতি। তিনি প্রথমে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর হতে ১৯৯১ সালের ৯ অক্টোবর পর্যন্ত অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসেবে এবং পরবর্তী সময়ে আ.লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীন ১৯৯৬ সালের ২৩ জুলাই থেকে ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সাহাবুদ্দীন আহমদ তার কর্মজীবনে প্রথমে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। ম্যাজিস্ট্রেট, মহকুমা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক পদেও দায়িত্ব পালন করেন। ১৯৬০ সালের জুন মাসে তাকে বিচার বিভাগে বদলি করা হয়। তিনি ঢাকা ও বরিশালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং কুমিল্লা ও চট্টগ্রামে জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তিনি ঢাকা হাইকোর্টের রেজিস্ট্রার নিযুক্ত হন। ১৯৭২ সালের ২০ জানুয়ারি তাকে বাংলাদেশ হাইকোর্টের বিচারক পদে উন্নীত করা হয়।

১৯৮০ সালের ৭ ফেব্রুয়ারি সাহাবুদ্দীন আহমদকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করা হয়। বিচারপতি হিসেবে বাংলাদেশ সংবিধানের অষ্টম সংশোধনীর ওপর তার দেওয়া রায় দেশের শাসনতান্ত্রিক বিকাশের ক্ষেত্রে এক অনন্য ঘটনা হিসেবে স্বীকৃত।

১৯৮৩ সালের মধ্য ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণের ঘটনা তদন্তের জন্য গঠিত তদন্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। তৎকালীন সরকার তার সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি। ১৯৭৮ সালের আগস্ট থেকে ১৯৮২ সালের এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশ রেডক্রস সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯০ সালের ১৪ জানুয়ারি তাকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। ওই বছরের ৬ ডিসেম্বর এরশাদবিরোধী গণ-আন্দোলনের মুখে তৎকালীন উপরাষ্ট্রপতি মওদুদ আহমদ পদত্যাগ করেন এবং বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে উপরাষ্ট্রপতি নিয়োগ করা হয়। ওই দিনই রাষ্ট্রপতি এরশাদ পদত্যাগ করে উপরাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এর ফলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি সরকার প্রধানের দায়িত্ব পান। ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে তার নেতৃত্বে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাহাবুদ্দীন আহমদের চাহিদা অনুসারে দেশের সংবিধানের এগারোতম সংশোধনীটি আনা হয়। এর ফলে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পরও তিনি ১৯৯১ সালের ১০ অক্টোবর প্রধান বিচারপতির দায়িত্বে সুপ্রিম কোর্টে ফিরে যান এবং ১৯৯৫ সালের ১ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন।

সাহাবুদ্দীন আহমদ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন ১৯৯৬ সালে। দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ওই বছর ক্ষমতায় এসে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে রাষ্ট্রপতি নির্বাচিত করে। ১৯৯৬ সালের ৯ অক্টোবর তিনি নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং ২০০১ সালের ১৪ নভেম্বর তিনি রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন।

সাবেক এই প্রধান বিচারপতির ছেলে-মেয়েদের মধ্যে বড় মেয়ে অধ্যাপক ড. সিতারা পারভিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ছিলেন। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। ওই দুর্ঘটনায় তার দ্বিতীয় মেয়ে শাহানা স্মিথের স্বামী গুরুতর আহত হয়ে পরের বছর মারা যান। শাহানা বর্তমানে যুক্তরাষ্ট্রেই রয়েছেন। ছোট মেয়ে সামিয়া পারভীন একজন স্থপতি। ছেলে শিবলী আহমদ একজন পরিবেশ প্রকৌশলী।

সর্বশেষ আপডেটঃ ১৯. মার্চ ২০২২ ০৬:১৯:পিএম ৪ বছর আগে
আজ পবিত্র শবে বরাত - Ekotar Kantho

আজ পবিত্র শবে বরাত

একতার কণ্ঠঃ শুক্রবার (১৮ মার্চ) পবিত্র শবে বরাত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান আল্লাহর রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগির’ মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী। আরবি শব্দ লাইলা অর্থ রাত। অপরদিকে ফার্সি শব্দ শব অর্থও রাত। আর বরাত অর্থ মুক্তি বা নিষ্কৃতি। শাবান মাসের এ রাতকে মুক্তির রাত বা নাজাতের রাত হিসেবে অবহিত করা হয়। শবে বরাত এবং এই রাতে ইবাদত বন্দেগী করা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত। তাই রাসূল (সা.) ও সাহাবী ও তাবেঈনের যুগ থেকে অদ্যাবধি এ রাতে বিশেষভাবে নফল ইবাদত ধারাবাহিকতার সাথে চলে আসছে। মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।

ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগি করেন।

এদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার পৃথক বাণী দিয়েছেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে আজ বাদ মাগরিব ও বাদ এশা এবং রাত দুইটায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র শবেবরাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কোভিড-১৯ প্রতিরোধে সব ধর্মপ্রাণ মুসল্লিকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৬. জানুয়ারী ২০২৩ ০৫:৪৭:এএম ৪ বছর আগে
জাতির জনকের ১০২তম জন্মদিন আজ - Ekotar Kantho

জাতির জনকের ১০২তম জন্মদিন আজ

একতার কণ্ঠঃ মাত্র ৫৫ বছরের একটি জীবন। সেই জীবনের লক্ষ্যই ছিল মানুষের মুক্তি, মানুষের স্বাধীনতা। তাই জীবন কেটেছে রাজপথে। কিন্তু শোষকগোষ্ঠী সেই মুক্তির সংগ্রামকে মেনে নিতে পারেনি। তাই বারবার তাকে ধরে নিয়ে গেছে কারাগারে। তাতে ৫৫ বছরের জীবনের প্রায় ১৩ বছরই কেটেছে কারাগারের প্রকোষ্ঠে। তাতে দমে যাননি। নিজের অবিচল লক্ষ্য থেকে পিছু হটেননি একচুল। আর তাই তো মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেল করে তুলেছিলেন যে জাতিতে, সেই জাতিকে এনে দিয়েছিলেন স্বাধীনতার স্বাদ, মুক্তির স্বাদ।

তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা থেকে তিনি হয়ে উঠেছিলেন রাজনীতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব, হয়ে উঠেছিলেন বাংলার আপামর জনসাধারণের মুজিব ভাই। সেই শেখ মুজিবের ১০২তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৭ মার্চ)।

১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্ম নেন বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা। তার জন্মবার্ষিকীর এই শুভলগ্ন সামনে রেখে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বনেতায় পরিণত হওয়া এই মহান নেতার এই জন্মদিবসে জাতি আজ শ্রদ্ধাবনত। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বছর উদযাপন করা হবে এই দিনটি। এর আগে বঙ্গবন্ধুর শততম জন্মদিন থেকে শুরু হয় মুজিববর্ষ, যা এবছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে জাতির পিতার জন্মদিন উপলক্ষে এই দিনটিকে জাতীয় শিশু কিশোর দিবস হিসেবেও পালন করা হবে।

টুঙ্গিপাড়ার ‘খোকা’ থেকে রাজনীতির মহানায়ক
১৯২০ সালে টুঙ্গীপাড়ায় শেখ মুজিবুর রহমান জন্ম নেন শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুন দম্পতির ঘর আলো করে। মা-বাবা আদর করে ডাকতেন ‘খোকা’। সেই ‘খোকা’ই কালক্রমে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারী। রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির একমেবাদ্বিতীয়ম নেতা।

শেখ মুজিব সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন কিশোর বয়সেই। গোপালগঞ্জের মিশন স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগ দিয়ে প্রথমবারের মতো কারাবরণ করেন। এরপর থেকে শুরু হয় আজীবন সংগ্রামী জীবনের অভিযাত্রা। বাংলা, বাঙালি ও বাংলাদেশকে ভালোবেসে ভূষিত হন ‘বঙ্গবন্ধু’ উপাধিতে। হয়ে ওঠেন মুক্তির মহানায়ক। বাঙালিকে এনে দেন স্বপ্নের স্বাধীনতা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪০ সালে যোগ দেন সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে। ১৯৪৬ সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজ (বর্তমানে মওলানা আজাদ কলেজ) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৪৯ সালে নির্বাচিত হন তৎকালীন আওয়ামী মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার যুগ্ম-সম্পাদক। পরে ১৯৫৩ সালে তিনি পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৫২ সালের ভাষা আন্দোলন সংগঠনে ভূমিকা রেখেছিলেন শেখ মুজিবুর রহমান। এর ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের হয়ে নির্বাচনে অংশ নিয়ে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। ১৯৫৮ সালের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা ও পরবর্তীতে ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনের পুরোধা ছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় লাভ করেন বঙ্গবন্ধু উপাধি। তার দূরদর্শী নেতৃত্বেই বাঙালি জাতি ধাপে ধাপে স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে।

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জিত হলেও তৎকালীন পাকিস্তানের সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর করেনি। এমন সময়ে একাত্তরের ৭ মার্চ রেসকোর্স ময়দানের সেই ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু ডাক দেন স্বাধীনতার সংগ্রামের। সেই বজ্রকণ্ঠের আওয়াজ বাংলার মানুষের মনে স্বাধীনতার দামামা বাজিয়ে তোলে। পাকিস্তানি শোষকগোষ্ঠীও টের পায়, এই জাতিকে আর ‘দাবায়ে রাখতে পারবে না’।

এমন পরিস্থিতিতে ২৫ মার্চ কালরাতে বর্বরোচিত হত্যাযজ্ঞ শুরু করে। ২৬ মার্চের প্রথম প্রহরেই তাই বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার নেতৃত্বেই বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় গৌরবের স্বাধীনতা।

মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল একটি জাতি হিসেবে গড়ে তোলার সংগ্রামও শুরু করেছিলেন জাতির পিতা। কিন্তু এর মাত্র সাড়ে তিন বছরের মাথায় স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্রের জাল ছড়িয়ে পড়ে। পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকের বুলেট ছিন্ন ভিন্ন করে দেয় পিতার শরীর। সেই কালরাত কেড়ে নেয় স্ত্রী-সন্তানসহ বঙ্গবন্ধুর পরিবারের সব সদস্যের জীবন। কেবল দেশের বাইরে অবস্থান করার কারণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। তবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজ বাবার আদর্শ আর স্বপ্নকে সামনে রেখেই এগিয়ে নিয়ে চলেছেন বাংলাদেশকে, সোনার বাংলার পথে।

জাতীয় শিশু দিবস
রাজনীতির মহান কবি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। শিশু-কিশোরদের প্রতি তার বাৎসল্য ছিল অপরিসীম। ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে শিশুদের ছিল অবাধ বিচরণ। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আগামীতে দেশ গড়ার নেতৃত্ব তারাই দেবে। বঙ্গবন্ধু কোনো শিশুদের সমাবেশে গেলে বা শিশুরা বঙ্গভবনে তার সংস্পর্শে আসলে তিনি তাদের সঙ্গে মিলে-মিশে একাকার হয়ে যেতেন।

এ কারণেই তার জন্মদিনটিকে ১৯৯৭ সালে ঘোষণা করা হয় জাতীয় শিশু দিবস হিসেবে। ২০০১ সালে চার দলীয় জোট ক্ষমতায় এলে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করা হয়নি। পরে আওয়ামী লীগ ফের সরকার গঠনের পর থেকে দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে। আজ সেই শিশু দিবসও দেশব্যাপী যথাযোগ্য আয়োজনে পালন করা হবে।

জনকের জন্মবার্ষিকীতে যত কর্মসূচি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশি দূতাবাসগুলোতেও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে। দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এদিন ‘টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর ১২টা ৩০ মিনিটে জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল ২টা ৩০ মিনিটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আজ থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘হৃদয়ে পিতৃভূমি’। ঢাকায় বৃহস্পতিবার সকালে সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সারাদেশের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ।

এদিন একটি শিশু-কিশোর সমাবেশও হবে, যেখানে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে হবে আলোচনা সভা। শুক্রবারও (১৮ মার্চ) আওয়ামী লীগের উদ্যোগে টুঙ্গিপাড়ায় একটি আলোচনা সভা হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সভায় অংশ নেবেন।

সর্বশেষ আপডেটঃ ১৮. মার্চ ২০২২ ০৫:০২:এএম ৪ বছর আগে
দেশে প্রথমবারের মতো মানুষের দেহে কৃত্রিম হৃদপিণ্ড স্থাপন - Ekotar Kantho

দেশে প্রথমবারের মতো মানুষের দেহে কৃত্রিম হৃদপিণ্ড স্থাপন

বাংলাদেশে ৪২ বছর বয়স্ক এক নারীর হৃদপিণ্ডে কৃত্রিম হৃদপিণ্ড স্থাপন করেছেন একদল চিকিৎসক। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বুধবার অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ‘Left Ventricular Assist Device ( LVAD )’ এলভ্যাড স্থাপন করেন চিকিৎসক দল।

প্রায় চার ঘন্টা সফল অস্ত্রপ্রচারের মাধ্যমে হারট্মেট-৩ নামক একটি মেকানিক্যাল হার্ট রোগীর হৃদপিণ্ডের বাম নিলয়ে স্থাপন করেন এবং তার পুরো হৃদপিণ্ডের কার্যকারিতা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন ।

দেশের চিকিৎসাসেবায় নতুন এ সফলতা অর্জন করে আলোচনায় এসেছেন তারা। এর মাধ্যমে বাংলাদেশের হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

আশা করা যাচ্ছে এর মাধ্যমে রোগীর মৃত্যুঝুঁকি অনেক কমে আসবে এবং হার্ট ফেইলিওরের লক্ষণসমূহের উন্নতি ঘটবে।

এ বিষয়ে বৃহস্পতিবার (৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির জানান, দীর্ঘদিন যাবৎ শেষ পর্যায়ের হৃদপিণ্ডের নানা জটিলতায় ভুগছিলেন এই নারী। দেশে বিদেশে নানা জায়গায় চিকিৎসার পরেও তার হৃদপিণ্ড বা হার্ট প্রায় অকার্যকর হয়ে পড়ছিল। উন্নত বিশ্বে হৃদপিণ্ড প্রতিস্থাপনের একমাত্র চিকিৎসা আরেকটি সুস্থ হৃদপিণ্ড প্রতিস্থাপন করা।
তবে যদি সুস্থ হৃদপিণ্ড পাওয়া না যায় এবং হার্টের অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে তবে মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্ট বা (LVAD ) এলভ্যাড স্থাপন করা হয় । এতে রোগীর হৃদপিণ্ড কিছুটা বিশ্রাম পায় এবং সমস্ত শরীরের রক্ত চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে আসে ।

শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি , লিভার ইত্যাদি সেরে ওঠার সুযোগ পায় । হার্ট ফেইলিওরে আক্রান্ত কিছু রোগী হার্ট ট্রান্সপ্লান্টের উপযুক্ত না হলে তাদের জন্য একমাত্র বিকল্প LVAD (এল্ভ্যাড), যা স্থাপনের মাধ্যমে বাকি জীবন সুস্থভাবে অতিবাহিত করতে পারবেন তারা।

উল্লেখ্য, কার্ডিওমায়োপ্যাধি , ইস্কেমিক হার্ট ডিজিজ ও হার্ট অ্যাটাক , কনজেনিটাল হার্ট ডিজিজ , হ জনিত সমস্যা , দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ , দীর্ঘমেয়াদী হার্ট এর অস্বাভাবিক রিদম ইত্যাদি নানা রোগের শেষ পরিণতি হার্ট ফেইলিওর ।

সর্বশেষ আপডেটঃ ০৪. মার্চ ২০২২ ০৪:২১:পিএম ৪ বছর আগে
পরীমনির ভক্তদের জন্য সুসংবাদ - Ekotar Kantho

পরীমনির ভক্তদের জন্য সুসংবাদ

একতার কণ্ঠঃ ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির ভক্তদের জন্য সুসংবাদ। পরীমনি ও রাজ অভিনীত সিনেমা ‘গুণিন’ মুক্তি পেতে যাচ্ছে।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ২০ ফেব্রুয়ারি ছাড়পত্র পেয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটি।

‘গুণিন’ সিনেমার প্রধান দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এ সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, প্রণয়; এর পর বন্ধন হয় আলোচিত এ জুটির।

সিনেমার রাবেয়া-রমিজ এখন বাস্তবে বেঁধেছেন সংসার। তবে সিনেমায় তাদের পরিণতি কী হয়? সিনেমায়ও কি তারা বাঁধতে পারবেন এমন সুখের সংসার? এমন প্রশ্নের উত্তর পেতে হলে গিয়ে দেখতে হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘গুণিন’।

‘গুণিন’ সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এ সিনেমায়।

ছবির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘গুণিন’ সেন্সর সার্টিফিকেট পেয়েছে। সেন্সর বোর্ডের দুই-একজন আমাকে জানিয়েছেন যে, সিনেমাটা তাদের খুব ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি ‘গুণিন’ সিনেমা হলে মুক্তি পাবে। হলে চলার পর সিনেমাটি আবার চরকির পর্দায় দর্শক দেখতে পারবেন। আমার ধারণা, দর্শক সিনেমাটি উপভোগ করবেন। সিনেমায় যারা অভিনয় করেছেন, প্রত্যেকে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সবার কাজে খুবই খুশি। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবেন যে সবাই খুব নিবেদিতপ্রাণ ছিলেন।

পরিচালক আরও বলেন, ‘গুণিন’ সিনেমার গল্প হাসান আজিজুল হক স্যারের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া। আমার শিক্ষাজীবনেরও গুরু তিনি। ছোটগল্পকে সিনেমায় রূপ দেওয়া খুব চ্যালেঞ্জিং। কিন্তু সাহস নিয়ে কাজটি করেছি। হাসান স্যারের লেখা মানেই তো জীবনভিত্তিক। সেই সঙ্গে প্রথম থেকেই পাশে ছিল চরকি। কাজটি করতে গিয়ে ভীষণ উপভোগ করেছি।

এ বিষয়ে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ২০ ফেব্রুয়ারি ‘গুণিন’ সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা প্রথমেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা।

সর্বশেষ আপডেটঃ ২৪. ফেব্রুয়ারী ২০২২ ০২:২৯:এএম ৪ বছর আগে
কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই - Ekotar Kantho

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই

একতার কণ্ঠঃ উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রোববার (০৬ ফেব্রুয়ারী) সকালে ৯২ বছর বয়সে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

করোনায় আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। গত চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। খবর আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার (০৫ ফেব্রুয়ারী) হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাকে নিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে।

নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন এই বরেণ্য এই শিল্পী। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি।

এর আগেও সংকটজনক অবস্থায় একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল লতাকে। কিন্তু অনুরাগীদের আশ্বস্ত করে প্রত্যেকবারই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন।

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতার জন্ম এক মারাঠি পরিবারে। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান। তার আগে অবশ্য বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করে দিয়েছিলেন।

১৩-১৪ বছর বয়সেই প্রথমবার সিনেমায় গান গেয়েছে মারাঠি ছবিতে। মুম্বাই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম হিন্দি গান গেয়েছেন ‘মজবুর’ ছবিতে।

সর্বশেষ আপডেটঃ ০৭. ফেব্রুয়ারী ২০২২ ০১:৫৪:এএম ৪ বছর আগে
জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের পরীক্ষা হবে - Ekotar Kantho

জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের পরীক্ষা হবে

একতার কণ্ঠঃ জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও এসব প্রতিষ্ঠানের পরীক্ষা যথাসময়ে হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের শুরু হয়ে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের প্রভাবে সংক্রমণ দ্রুত বেড়ে যায়। ওই পরিস্থিতিতে গত ২১ জানুয়ারি দেশের সব স্কুল-কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান এই ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

দেশে করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। মহামারি কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেড় বছর দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ২০২১ সালের ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার পর আবার শ্রেণিকক্ষে ফিরতে শুরু করে শিক্ষার্থীরা। এসএসসি এবং এইচএসসি পরীক্ষাও নেওয়া সম্ভব হয়।

সর্বশেষ আপডেটঃ ০৩. ফেব্রুয়ারী ২০২২ ১০:০৫:পিএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।