সাহান হাসানঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইল সদর উপজেলা ও শহর শাখা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট শামীম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদ্দেশ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন, তার প্রতিটি উদ্দেশ্যই স্বেচ্ছাসেবক দল সফলভাবে পূরণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ বিগত বৈশ্বিক মহামারী করোনা কালে দুঃস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্বেচ্ছাসেবক দল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ২৬ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আশাকরি অতীতের মতোই ভবিষ্যতেও স্বেচ্ছাসেবক দল তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম খান ঝলক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আমানুল্লাহ আমান প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের জেলা ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।