/ হোম / রাজনীতি
টাঙ্গাইলে বালুরঘাট দখলকে কেন্দ্র করে সংঘর্ষ,  আটক ১০ - Ekotar Kantho

টাঙ্গাইলে বালুরঘাট দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আটক ১০

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদী খনন প্রকল্পের কাজ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কালিহাতী থানা পুলিশ ১০ জনকে আটক করেছে।

শনিবার(১২ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের জোকারচর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদ-নুরুল ইসলাম মেম্বার ও সাবেক মেম্বার সুলতান গ্রুপের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে সুলতান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মাসুদ-নুরুল ইসলামের বালুরঘাটে অতর্কিত হামলা চালায়। পরে মাসুদ গ্রুপের লোকজনও পাল্টা হামলা চালায়। এসময় দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলে। সংঘর্ষের এক পর্যায়ে সাবেক মেম্বার সুলতান ও তার ভাইয়ের বাড়িতে ভাঙচুর চালায় মাসুদ গ্রুপের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ দুই গ্রুপের ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সাবেক মেম্বার সুলতান জানায়, জোকারচর এলাকার মাসুদ সরকার ও নুরুল ইসলাম মেম্বারের লোকজন আমার এবং আমার ভাইয়ের বাড়িতে ঢুকে ভাঙচুর করে। আমার ঘরের ভিতরে থাকা আলমারি ভেঙে নগদ ১৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আমি সরকারের কাছে এর বিচার চাই।

অপরদিকে মাসুদ সরকার অভিযোগ করে বলেন, বালুর ঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুলতান মেম্বারের লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আর নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা একটি সাজানো নাটক।

কালিহাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা আজিজুর রহমান জানান,জোকারচর এলাকায় বালুরঘাট দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দুই গ্রুপের ১০ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

সর্বশেষ আপডেটঃ ১৩. ফেব্রুয়ারী ২০২২ ০১:০৩:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে শেখ রাসেলের ম্যুরালের উদ্বোধন - Ekotar Kantho

টাঙ্গাইলে শেখ রাসেলের ম্যুরালের উদ্বোধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সদ্য নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সার্কিট হাউজের সামনের দৃষ্টিনন্দন মোড়ে ওই ম্যুরালের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপি, আতাউর রহমান খান এমপি, আহসানুল ইসলাম টিটু, তানভীর হাসান ছোট মনির, খান আহমেদ শুভ এমপি, খন্দকার মমতা হেনা লাভলী এমপি, অপরাজিতা হক এমপি, জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম আলমগীর হোসেন প্রমুখ।

গত ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে ১০ লাখ টাকা ব্যায়ে এই শেখ রাসেলের ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

পরে কৃষিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভর সংবর্ধনায় যোগ দেন।

সর্বশেষ আপডেটঃ ১২. ফেব্রুয়ারী ২০২২ ০২:২৩:এএম ৫ বছর আগে
অবশেষে জামিন পেলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র মুক্তি - Ekotar Kantho

অবশেষে জামিন পেলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র মুক্তি

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় শর্ত সাপেক্ষে টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান মুক্তির অন্তবর্তী কালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ মাসুদ পারভেজ তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম।

অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার স্বাক্ষ্য গ্রহণের দিন ছিল। ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিউলী রাণী দাসের সাক্ষ্য গ্রহণ ছিল। তবে স্বাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় আসামী পক্ষের আইনজীবীরা সুচিকিৎসার দাবিতে আসামীর জামিন আবেদন করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম ও বাদি পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। পরে বিচারক শর্ত সাপেক্ষে মুক্তিকে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। জামিন মঞ্জুরের সময় মুক্তি আদালতে উপস্থিত ছিলেন। এই মামলার পরবর্তী তারিখ ২৮ ফেব্রুয়ারি।

সহিদুর রহমান খান মুক্তি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার ভাই ও বাবা আতাউর রহমান খান একই আসনের বর্তমান সংসদ সদস্য।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়ার বাসার কাছ থেকে উদ্ধার হয়। এ ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে ২০১৪ সালের আগস্টে আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী নামের দুজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। আদালতে দেওয়া ওই দুজনের স্বীকারোক্তিতে হত্যার সঙ্গে তৎকালীন ঘাটাইল আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পার জড়িত থাকার বিষয়টি উঠে আসে। আমানুর রহমান খান রানা ২০১৬ সালের সেপ্টেম্বরে আত্মসমর্পণ করেন। প্রায় তিন বছর হাজতবাসের পর তিনি জামিনে মুক্তি পান। মুক্তি অভিযুক্ত হওয়ার পর দীর্ঘ ছয় বছর পলাতক থাকার পর ২০২০ সালের ২ ডিসেম্বর তিনি টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। তাঁর অন্য দুই ভাই ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা এখনো পলাতক রয়েছেন।

 

সর্বশেষ আপডেটঃ ১০. ফেব্রুয়ারী ২০২২ ১১:৪২:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে সন্ত্রাসী হামলায় ডিস ব্যবসায়ি গুরুত্বর আহত - Ekotar Kantho

টাঙ্গাইলে সন্ত্রাসী হামলায় ডিস ব্যবসায়ি গুরুত্বর আহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সন্ত্রাসী হামলায় মোমিনুল রহমান(৪২) নামে এক ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী গুরুত্বর আহত হয়ে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। বুধবার(৯ ফেব্রয়ারি) রাত সাড়ে নয়টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার বেড়াডোমা ডাইভারশন সেতুর উপর ওই হামলার শিকার হন তিনি।

মোমিনুল টাঙ্গাইল পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পার-দিঘুলিয়ার মৃত আজিজুর রহমান চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, বেড়াডোমা সাবান ফ্যাক্টরির কাছে অবস্থিত ইউজার চয়েজ ক্যাবল ও ইন্টারনেট অফিস থেকে প্রতিদিনের মতো ব্যবসায়ী মোমিনুল তার পার-দিঘুলিয়ার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বেড়াডোমা ডাইভারশন ব্রিজের মাঝামাঝি পৌঁছাতেই  কয়েকজন মুখোশধারি সন্ত্রাসী তার উপর বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় তার ডান হাত, মাথা, ডান পা ও নাক গুরুত্বর জখম হয়। তার ডান হাতের তিনটি আগুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া কোপের আঘাতে তার নাক কেটে ঝুলে যায়।তার ডান পায়ের রানের উপর আঘাতও গুরুত্বর । গুরুত্বর আহত অবস্থা তিনি হেঁটে কোন রকমে বেড়াডোমা বেবিস্ট্যান্ডে অবস্থিত বিসমিল্লাহ মেডিসিন সপের সামনে গিয়ে পরে যায়। পরে আহতের ভাই মামুন ও মামুনের বন্ধু আলাউদ্দিন মোটরসাইকেল যোগে দ্রুত তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে অপরেশন থিয়েটারে নিয়ে জরুরী অপারেশন করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।

মনিমুলের বড়বোন কামরুন্নাহার বলেন, হামলার খবর পেয়ে তার ভাই মামুন ও তার বন্ধু আলাদিন মোমিনুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে হামলাকারিরা মুখোশ পরে থাকায় কাউকে চিনতে পারা যায়নি।  ঘটনার পর হামলাকারিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে বলে তিনি নিশ্চিত করেছেন।

মমিনুলের বড় ভাই মাহবুব চৌধুরী মনি বলেন, ঢাকা পঙ্গু হাসপাতালে বুধবার রাতেই মোমিনুলের জরুরি অপারেশন করা হয়েছে।তিনি বর্তমানে হাসপাতালের পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছে।মমিনুলের বর্তমান অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাই তারা আইনগত কোন ব্যবস্থার দিকে যায়নি। অবস্থার উন্নতি হলে তারা আইনগত প্রক্রিয়া যাবেন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার অফিসার-ইন-চার্জ( ওসি) মীর মোশারফ হোসেন জানান, বুধবার রাতেই ঘটনাটি জেনে ঘটনাস্থল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গিয়ে বিষয়টি তদন্ত করেছেন। তবে আহতের পরিবার থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১০. ফেব্রুয়ারী ২০২২ ১০:১৭:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলের ৩ টি উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ - Ekotar Kantho

টাঙ্গাইলের ৩ টি উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ৩ টি উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে ওই তিন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান শাজাহান আনসারি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও টাঙ্গাইল সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান নাজমুল হুদা নবীন প্রমুখ।

নবনির্বাচিত যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন শপথ গ্রহন করেন তারা হলেনঃ

টাঙ্গাইল সদর উপজেলা ১. দাইন্যা ইউপিতে আফজাল হোসেন (নৌকা) ২. হুগড়া ইউপিতে নুর ই আলম তুহিন (স্বতন্ত্র) ৩. বাঘিল ইউপিতে এস এম মতিয়ার রহমান মন্টু (নৌকা) ৪. ঘারিন্দা ইউপিতে তোফায়েল আহম্মেদ (নৌকা) ৫. করটিয়া ইউপিতে খালেকুজ্জামান মজনু (নৌকা) ৬. পোড়াবাড়ী ইউপিতে শাহাদত হোসেন (স্বতন্ত্র) ৭. গালা ইউপিতে নজরুল ইসলাম খান (স্বতন্ত্র) ৮. মগড়া ইউপিতে মোতালেব হোসেন (স্বতন্ত্র)।

ঘাটাইল উপজেলা- ১. দেওলাবাড়ি ইউপিতে সুজাত আলী খান (নৌকা) ২. ঘাটাইল সদর ইউপিতে মিজানুর রহমান হীরা (স্বতন্ত্র) ৩. লোকেরপাড়া ইউপিতে সহিদুল হক মিলন (স্বতন্ত্র) ৪. আনেহলা ইউপিতে তালুকদার শাজাহান (নৌকা) ৫. দিগলকান্দি ইউপিতে রেজাউল করিম মটু (স্বতন্ত্র) ৬. দিঘর ইউপিতে ফারুক হোসেন ফনি (স্বতন্ত্র) ৭. দেওপাড়া ইউপিতে রুহল আমীন হেপলু (স্বতন্ত্র) ৮. জামুরিয়া ইউপিতে জামুরিয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতিকে শহিদুল ইসলাম খান হেস্টিংস।

বাসাইল উপজেলা- কাউলজানী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আতাউল গনি হাবিব নৌকা),হাবলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম নৌকা), কাঞ্চনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শামীম আল মামুন (স্বতন্ত্র)।ফুলকী ইউনিয়নে (স্বতন্ত্র) প্রার্থী শামছুল আলম বিজু।

 

সর্বশেষ আপডেটঃ ১০. ফেব্রুয়ারী ২০২২ ০২:৪৯:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ স্বৈরশাসক এরশাদের শাসন আমলে ১৯৮৭ সালে বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন টাঙ্গাইলের ছাত্রনেতা মির্জা আবু রায়হান খান জগলু। মঙ্গলবার(৮ ফেব্রয়ারি) সকালে টাঙ্গাইলে তাঁর ৩৫তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

শহীদের পরিবার, জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের শহীদ জগলু রোড়ে ( পুরাতন আদালত রোড়) জগলুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। পরে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও জেলার আহবায়ক অ্যাডভোকেট আহমেদ আজম খান, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, জেলার সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, অমল ব্যানার্জী, দেওয়ান শফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ৮ ফেব্রুয়ারি স্বৈরশাসক এরশাদের আমলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত জনতার ওপর পুলিশ গুলিবর্ষণ করে। এ আন্দোলনের অন্যতম সংগঠক তৎকালীন ছাত্রদলনেতা মির্জা আবু রায়হান জগলু নিহত হন।

সর্বশেষ আপডেটঃ ০৯. ফেব্রুয়ারী ২০২২ ০১:৫৮:এএম ৫ বছর আগে
গোপালপুরে ৫ ইউপিতেই নৌকার প্রার্থীর জয় - Ekotar Kantho

গোপালপুরে ৫ ইউপিতেই নৌকার প্রার্থীর জয়

একতার কণ্ঠঃ ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুরে পাঁচটি ইউনিয়নেই নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।

বেসরকারি ফলে উপজেলার মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম ১৩ হাজার ৭৯৯ ভোট, আলমনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমেন ৬ হাজার ৬৬৭ ভোট, হাদিরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিলকিছ জাহান ৬ হাজার ৭৯৮ ভোট, নগদাশিমলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হোসেন আলী ৮ হাজার ১৪১ ভোট ও ধোপাকান্দি ইউনিয়নে সিরাজুল ইসলাম ৬ হাজার ২৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

এ পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর সাধারণ সদস্য পদে ১৫৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৫১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, ৩ প্লাটুন বিজিবি, এক জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

সর্বশেষ আপডেটঃ ০১. ফেব্রুয়ারী ২০২২ ০৬:৩৯:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে আরাফাত রহমান কোকো’র ৭ম মৃত্যুবার্ষিকী পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে আরাফাত রহমান কোকো’র ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ৭ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি এক দোয়া মাহফিলের আয়োজন করে ।সোমবার (২৩ জানুয়ারি) সকালে ভিক্টোরিয়া রোডস্থ বিএনপির কার্যালয়ে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকো’র  আত্নার  মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।  এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন, টাঙ্গাইল জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, সদস্য সচিব মাহমুদুল হক সানুর, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুল রহমান লিটন, অমল ব্যানার্জী, দেওয়ান শফিকুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, স্বেচ্ছাসেবকদলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা মহিলাদলের সাবেক সভাপতি নিলুফার ইয়াসমিন খান ও ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন প্রমুখ।

এসময় বিএনপির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৫. জানুয়ারী ২০২২ ০২:৪৯:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ৭টিতে স্বতন্ত্র, ৬টিতে আ.লীগের জয় - Ekotar Kantho

টাঙ্গাইলে ৭টিতে স্বতন্ত্র, ৬টিতে আ.লীগের জয়

একতার কণ্ঠঃ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ১৩টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে ৬ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ৭জন।

বুধবার (৫ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

জানা যায়, জেলার মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নে নৌকা প্রতীকে মাহবুব আলম মল্লিক, গোড়াই ইউনিয়নে হুমায়ুন কবীর, মহেড়া ইউনিয়নে বিভাস সরকার নুপুর, আনাইতারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল, জামুর্কী ইউনিয়নে দিএ মতিন, বানাইল ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন, বাশতৈল ইউনিয়নে হেলাল দেওয়ান, ভাতগ্রাম ইউনিয়নে আজহারুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে শহীদুল ইসলাম হেষ্টিং জয়লাভ করেন।

এদিকে, বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নে নৌকা প্রতীকে আতাউল গনি হাবিব, হাবলা ইউনিয়নে খোরশেদ আলম, কাঞ্চনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শামীম আল মামুন, ফুলকী ইউনিয়নে শামছুল আলম বিজু জয়লাভ করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ঘাটাইল, বাসাইল ও মির্জাপুর উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও সংরক্ষিত ১৪৬ জন এবং সাধারণে ৪৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৩টি ইউনিয়নে ১৩৪টি কেন্দ্রে ৮৮৭টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হয়। এতে এক লাখ ৬৩ হাজার ৫৩৪ জন পুরুষ ও এক লাখ ৬২ হাজার ২২৬ জন নারী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সর্বশেষ আপডেটঃ ০৬. জানুয়ারী ২০২২ ০৭:১৮:পিএম ৫ বছর আগে
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার অযুহাতে আন্দোলনের হুমকী দিচ্ছে বিএনপিঃকৃষিমন্ত্রী - Ekotar Kantho

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার অযুহাতে আন্দোলনের হুমকী দিচ্ছে বিএনপিঃকৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ  আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বর ও কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক বলেছেন, দুনীর্তির মামলায় দন্ডপ্রাপ্ত খালেদার জিয়ার মুক্তি ও চিকিৎসার অযুহাতে বিএনপি আন্দোলনের হুমকী দিচ্ছে। তারা দেশে আবারো আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদের এই অপতৎপরতা রুখতে দেশের জনগনকে সজাগ থাকতে হবে।

মন্ত্রী রোববার (২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যোনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তারা নির্বাচনে আসবে না বলে হুমকি দিচ্ছে। কেন আসবে না নির্বাচনে তাদের আসতে হবে। কেননা সংবিধান অনুযায়ি নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু সুন্দর নির্বাচনের আয়োজন করবে। সেই ক্ষেত্রে সকল দলের অংশ গ্রহণ করা উচিৎ। এরপরও যদি কোন দল নির্বাচনে অংশ গ্রহণ না করে তাহলে সেই দায় দায়িত্ব তাদের। নির্বাচন কমিশনের দায়িত্ব থাকবে সকল রাজনৈতিক দলের জন্য লেভেল ফিল্ড নিশ্চিত করবেন। সেনাবাহিনী, প্রশাসনসহ সব কিছুই নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সময়ে সংবিধান অনুযায়ি মাননীয় প্রধানমন্ত্রসহ কোন মন্ত্রীর কোন দায়িত্ব থাকবে না নির্বাচনের বিষয়ে।

তিনি বলেন, আমি মনে করি বিএনপিরও সুমতি ফিরে আসবে ও তারা নির্বাচনে অংশ গ্রহণ করবে। দেশে একটু সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। এছাড়া হুমকি দিয়ে আমাদের সংবিধানে বিধান থেকে সরাতে পারবেনা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বর্তমান সরকার দেশের সকল শ্রেনীর মানুষের পাশে রয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নত করছে।

অনুষ্ঠানে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সদও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারীসহ জেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে।

সর্বশেষ আপডেটঃ ০২. জানুয়ারী ২০২২ ১০:১১:পিএম ৫ বছর আগে
নাগরপুরে ইউপি নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ - Ekotar Kantho

নাগরপুরে ইউপি নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে তৃতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের সদস্য সহ সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে  জেলা প্রশাসকের কার্যালয়ে নব নির্বাচিত ১১ চেয়ারম্যানকে শপথ বাক্যপাঠ করান টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি।

এ ছাড়া  সংরক্ষিত মহিলা আসনের ৩৩ সদস্য  এবং  ৯৯ জন সাধারণ সদস্য নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ করান উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন, প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমসহ  প্রমুখ।

প্রকাশ,  গত ২৮ নভেম্বর নাগরপুর উপজেলায় ১১ টি ইউনিয়ন পরিষদে  নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে  নৌকা প্রতীকে ৫ জন ও স্বতন্ত্র প্রার্থী ৬ জন চেয়ারম্যান নির্বাচিত হন।

সর্বশেষ আপডেটঃ ৩১. ডিসেম্বর ২০২১ ০১:৪৭:এএম ৫ বছর আগে
দলীয় কোন্দলে নিকরাইল ও গাবসারা ইউপি নির্বাচনে নৌকার পরাজয়! - Ekotar Kantho

দলীয় কোন্দলে নিকরাইল ও গাবসারা ইউপি নির্বাচনে নৌকার পরাজয়!

একতার কণ্ঠঃ সারাদেশের ন্যায় রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার নিকরাইল ও গাবসারা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুটিতে নৌকার ভরাডুবির জন্য আওয়ামীলীগ নেতা কর্মীরাই দায়ী, এমনটাই দাবি করেছে উভয় ইউনিয়ন আওয়ামীলীগের তৃনমূলের নেতাকর্মীরা। তাদের মতে উপজেলা আওয়ামীলীগের একাধীক নেতাকর্মী নৌকার বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্য ও গোপনে কাজ করেছে। এমনকি নৌকার প্রার্থীর পরাজয়ের পরে নেতা কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণের ঘটনা ঘটেছে।

জানা যায়, নিকরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও নিকরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মতিন সরকার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন একই ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ। তিনি আনারস প্রতীকে নির্বাচন করে ৮ হাজার ৭শত ৮০ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মতিন সরকার নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫’শ ৮৬ ভোট। নৌকার প্রার্থী স্বতন্ত্র প্রার্থীর কাছে ১১৯৪ ভোটে পরাজিত হন।

অপরদিকে, গাবসারা ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম আকন্দ শাপলা আনারস প্রতীকে ৬৫০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এদিকে নৌকার ঘাটি হওয়া সত্বেও দলীয় কোন্দলে নৌকার প্রার্থী আওয়ামীলীগের প্রার্থী মো. মনিরুজ্জামান নৌকা প্রতীকে ৫৮৭০ ভোট পেয়েছেন। তিনি মাত্র ৬৩০ ভোটে পরাজিত হন। এখনই দলীয় কোন্দলই নৌকার প্রার্থীর পরাজয়ের মূল কারন।
অন্ত:দলীয় কোন্দল থাকায় গাবসারা ইউনিয়নে কোন পোষ্টার লাগাতে পারেনি নৌকার কর্মী ও সমর্থকরা। উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বাড়ী হওয়ায় সেখানেও পোস্টার না লাগানো নিয়ে হতাশ ছিলেন নেতাকর্মীরা। উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের নিজ কেন্দ্রে ১৪০৩ ভোটের মধ্যে নৌকা পেয়েছেন মাত্র ২৩ ভোট।

এ বিষয়ে, নিকরাইল আওয়ামী যুবলীগের সভাপতি নয়ন সরকার বলেন, নিকরাইল ইউনিয়ন আওয়ামীলীগের ঘাটি। এ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের হেভীওয়েট এক নেতা নৌকার পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর কাজ করায় এ পরাজয়। স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়ে তাকে ফুলের মালা দেয় এমনচিত্র ফেসবুকে ভাইরাল।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে দলীয় কোন্দল দেখা দেয়। এতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়ে। যার কারণেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিন সরকার হেরেছে।

নৌকার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন সরকার বলেন, উপজেলা আওয়ামীলীগের অনেক নেতা নৌকার বিপক্ষে কাজ করায় এ পারাজয়। আওয়ামীগের নেতা-কর্মীরা যদি একযোগে নৌকার পক্ষে কাজ করতো তাহলে নিকরাইলে নৌকার জয় ছিলো নিশ্চিত কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় নিকরাইলে দলীয় শৃঙ্খলা ভেঙ্গে পড়ে। ফলে নৌকার নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে স্বতন্ত্র প্রার্থী। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের সর্বোচ্চ ফোরামে আবেদন জানাবো।

প্রসঙ্গত, ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী দিদারুল আলম খান মাহবুব, ফলদা ইউনিয়নে সাইদুল ইসলাম তালুকদার, গোবিন্দাসী ইউনিয়নে দুলাল হোসেন চকদার, স্বতন্ত্র প্রার্থী গাবসারা ইউনিয়নে শাহ আলম ও নিকরাইল ইউনিয়নে মাসুদুল হক মাসুদ জয়লাভ করেছেন।। ভূঞাপুর উপজেলার ৫ টি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ ও দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হন।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল ইমলাম জানান, স্থগিত ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ পঞ্চম ধাপের নির্বাচনে অনুষ্ঠিত হবে। ভূঞাপুর উপজেলার ৫ টি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ ও দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩১. ডিসেম্বর ২০২১ ০১:৩০:এএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।