/ হোম / মির্জাপুর
টাঙ্গাইলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত - Ekotar Kantho

টাঙ্গাইলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

একতার কণ্ঠঃ  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে গেছে।

সোমবার (২০ জুন) বিকেলে মির্জাপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত ট্রেন‌টি উদ্ধার করা হয়‌নি। ত‌বে এই রেল লাইনে ট্রেন চলাচল স্বাভা‌বিক র‌য়েছে।

জানা যায়, বিকেল ৫টার দিকে একটি তেলবাহী ট্রেন ২৪টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি মির্জাপুর রেল স্টেশনে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে যায়।

মহেড়া রেল স্টেশন মাস্টার মো. শাহীন জানান, ৯৮১ নম্বর তেলবাহী ট্রেনটির ইঞ্জিন ও একটি তেলের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রেনটি মেইন লাইনে লাইনচ্যুত হয়নি, এ জন্য রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

মির্জাপুর রেল স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, তেলবাহী ট্রেনটি সম্ভবত ব্রেক সমস্যার কারণে লাইনচ্যুত হয়েছে। মেইন লাইন সচল থাকায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরো জানান,বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এখনো ট্রেনটি উদ্ধারকাজ শুরু হয়নি।

সর্বশেষ আপডেটঃ ২১. জুন ২০২২ ০২:৩০:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ভোট দেওয়ার পরই ভোটারের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ভোট দেওয়ার পরই ভোটারের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ভোট দেওয়ার পর কেন্দ্রেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সুকমল সরকার নামের এক ভোটার। বুধবার(১৫ জুন) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর পরিবার কল্যাণ কেন্দ্রে ঘটেছে এ ঘটনা।

ইউপি নির্বাচনের ৬নং মেম্বার প্রাথী দিলীপ রাজবংশী বিষয়টি নিশ্চিত করেছেন।

সুকমল সরকার উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের মৃত বিরমনির ছেলে।

দিলীপ রাজবংশী জানান, বুধবার সকালে সুকমল সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে আসেন। এরপর ভোটাধিকার প্রয়োগ করার পর কেন্দ্রেই ঢলে পড়লে তাৎক্ষণিক তাকে পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ আপডেটঃ ১৫. জুন ২০২২ ০৮:৫৫:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ছাগল চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ - Ekotar Kantho

টাঙ্গাইলে ছাগল চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে অনিল চন্দ্র দাস (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ছাগল চুরির সন্দেহে গোড়াই দক্ষিণ নাজিরপাড়া গ্রামের শাহিনুরের ছেলে রাফি (১৮) ও তার সহযোগীরা লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

মঙ্গলবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় ওই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।

নিহত অনিল চন্দ্র দাস কালিহাতী উপজেলার আগচারান গ্রামের রাজেন্দ্র চন্দ্র দাসের ছেলে। তারা গোড়াই নাজিরপাড়া এলাকার মেছের আলীর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করেন। স্ত্রী আন্নারানী দাস গোড়াই সাউথ ইস্ট ফেব্রিকস কারখানায় চাকরি করেন। অনিল রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দক্ষিণ নাজিরপাড়া গ্রামের শাহিনুরের একটি ছাগল চুরি হয়। মঙ্গলবার দুপুরে শাহিনুরের ছেলে রাফি লাঠি হাতে কয়েকজন সহযোগী নিয়ে দক্ষিণ নাজিরপাড়া এলাকার ব্যবসায়ী আলম মিয়াকে ছাগল চুরির অপবাদ দিয়ে হুমকি দেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তারা চলে আসেন। পথে আওয়ামী লীগ নেতা শওকত হোসেন ফালু মিয়ার বাড়ির পাশে মসজিদের সামনে অনিল চন্দ্র দাসকে ছাগল চুরির অপবাদ দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে রাফি ও তার সহযোগীরা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই অনিল মারা যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোড়াই এলাকার রংধনু নামের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ক্লিনিকের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ভ্যানের ওপর মরদেহ রেখে স্থানীয়রা চলে যান।

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ সুরতহাল শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে  প্রেরণ করে।

অনিলের স্ত্রী আন্নারানী দাস বলেন, সকাল সাড়ে ৭টার দিকে স্বামী অনিল চন্দ্র দাসকে ঘুমন্ত রেখে তিনি কারখানায় যান। দুপুর ২টার দিকে বাসায় ফেরার পথে ভ্যানের ওপর স্বামীর মরদেহ দেখে বাড়ির মালিককে জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আদিল খান জানান, রাফি তার সহযোগীদের নিয়ে ছাগল চুরির অপবাদ দিয়ে অনিল চন্দ্র দাসকে পিটিয়ে খুন করেছেন বলে তিনি জানতে পেরেছেন।

এদিকে ঘটনার পর থেকে পলাতক রাফি। যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। পরে রাফির বাবা শাহিনুরের মোবাইলে কল দিলে নিলুফা বেগম নামের এক নারী তার ফুপু পরিচয় দিয়ে বলেন, ‌‘রাফি ও তার বাবা বাড়িতে নেই। পুলিশ এসে বাড়ি তল্লাশি করে কিছু না পেয়ে ভাইয়ের মোটরসাইলে নিয়ে গেছে।’

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব খান জানান, গোড়াই দক্ষিণ নাজিরপাড়া গ্রামের শাহিনুরের ছেলে রাফি ও তার কয়েকজন সহযোগী অনীল চন্দ্র দাসকে ছাগল চুরির অপবাদ দিয়ে লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে বলে লোকমুখে জানতে পেরেছি। পুলিশ রাফিসহ তার সহযোগীদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছেন বলে তিনি জানান।

সর্বশেষ আপডেটঃ ১৫. জুন ২০২২ ০৭:০৭:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ৬ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১ - Ekotar Kantho

টাঙ্গাইলে ৬ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

একতার কণ্ঠ: টাঙ্গাইলে ২ হাজার ৩৮০ ইয়াবাসহ গৌরাঙ্গ গোস্বামী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা। শনিবার (১১ জুন) রাতে মির্জাপুর উপজেলার গোড়াই বড়টেকি উত্তরা স্পিনিং মিল সংলগ্ন হানিফ কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গৌরাঙ্গ গোস্বামী সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাড়ামাসী গ্রামের লব গোস্বামীর ছেলে।

রবিবার (১২ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৯৫ হাজার টাকা। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

সর্বশেষ আপডেটঃ ১৩. জুন ২০২২ ১২:০১:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে পরীক্ষায় ছুরি নিয়ে প্রবেশ;স্কুলছাত্র বহিষ্কার - Ekotar Kantho

টাঙ্গাইলে পরীক্ষায় ছুরি নিয়ে প্রবেশ;স্কুলছাত্র বহিষ্কার

একতার কণ্ঠ: টাঙ্গাইলের মির্জাপুরে পরীক্ষার হলে ছুরি নিয়ে প্রবেশ করায় অষ্টম শ্রেণির এক ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১২ জুন) সকালে উপজেলা সদরের সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে। রোববার ছিল অষ্টম শ্রেণির বিশ্বপরিচয় পরীক্ষা। ওই ছাত্র প্যান্টের পকেটে ছুরি নিয়ে ৫ নম্বর কক্ষে প্রবেশ করে। এ সময় পরীক্ষার কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা আলো রানী পোদ্দারের সন্দেহ হলে তিনি পকেট থেকে ছুরিটি বের করেন।

ওই শিক্ষিকা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খানকে জানান। পরে প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমানকে জানান। ইউএনও অভিযুক্ত ছাত্রের অভিভাবকের অঙ্গীকারনামা রেখে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কারের নির্দেশ দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযুক্ত ছাত্রের অভিভাবকের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১২. জুন ২০২২ ১০:১২:পিএম ৪ বছর আগে
শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত আজগানা ইউনিয়নের স্বতত্ব চেয়ারম্যান প্রার্থী রফিক সিকদার - Ekotar Kantho

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত আজগানা ইউনিয়নের স্বতত্ব চেয়ারম্যান প্রার্থী রফিক সিকদার

একতার কণ্ঠ: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১১নং আজগানা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রার্থী মো:রফিকুল ইসলাম সিকদার শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার (১০জুন) সকালে সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের হাটুভাঙ্গা বাজারে বিভিন্ন জায়গায় তিনি লিফলেট বিতরণ করছেন। স্থানীয় জনগন সাদরে তাকে আমন্ত্রণ জানাচ্ছেন। প্রতিটি জনসংযোগে স্থানীয় জনগণের অংশগ্রহণ চোখে পড়ার মতো।

স্থানীয়রা জানান-রফিক সিকদার প্রশিক্ষণ প্রাপ্ত দুই বারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি অনেক ভালো লোক। তার  নির্বাচনী এলাকার রাস্তা-ঘাট ও ব্রিজ নির্মাণসহ অনেক উন্নয়ন কাজ করেছেন তিনি। এলাকার উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আবার তাকে নির্বাচিত করতে চান স্থানীয় ভোটাররা।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিক সিকদার বলেন, তাকে ভোট দিয়ে এই ইউনিয়নের জনগণ দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। দীর্ঘ চল্লিশ বছর ধরে তিনি রাজনীতির সাথে যুক্ত। রাজনীতি করতে গিয়ে তিনি অনেক কিছু হারিয়েছেন, তবে জনগণের ভালোবাসাও পেয়েছেন। এই ইউনিয়নের মানুষ হচ্ছে তার প্রাণ। এলাকার উন্নয়নে তিনি রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট নির্মাণ করেছেন। জনগণ যদি আরেকবার সুযোগ দেয়, তিনি তার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চান।
তিনি আরো বলেন, আজগানা ইউনিয়নের জনগণ দল-মত-নির্বিশেষে তার সাথে আছে। আগামী ১৫ জুনের নির্বাচনে জনগণ তার মোটরসাইকেল প্রতীক কে জয়যুক্ত করবে।

সর্বশেষ আপডেটঃ ১১. জুন ২০২২ ০৪:৫৩:এএম ৪ বছর আগে
টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ৩ সাংবাদিককে সংবর্ধনা - Ekotar Kantho

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ৩ সাংবাদিককে সংবর্ধনা

একতার কণ্ঠঃ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় টাঙ্গাইলের ৩ জন বিশিষ্ট সাংবাদিককে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (০৮ জুন) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ও প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সংবর্ধিত অতিথি অধ্যাপক জয়নাল আবেদীন, এডভোকেট আতাউর রহমান আজাদ ও বীর মুক্তিযোদ্ধা দুর্লভ বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে ৩ জন সংবাদিককে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করায় দৈনিক সমকালের মির্জাপুর প্রতিনিধি দুর্লভ বিশ্বাস, মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক জয়নাল আবেদীন এবং মানবাধিকার বিষয়ক সাংবাধিকতায় বাংলাভিশনের জেলা প্রতিনিধি আতাউর রহমান আজাদকে সংবর্ধনা দেয়া হয়। প্রথম বারের মতো টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হলো।

এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি জানান, ভালো কাজের স্বীকৃতি হিসেবে ভবিষ্যতেও সাংবাদিকদের এ ধরনের সংবর্ধনা দেয়া অব্যাহত থাকবে। সাংবাদিকদের সংবর্ধনা দিতে পেরে আমরা যেমন খুশি, তেমনি গর্বিত।

সর্বশেষ আপডেটঃ ০৯. জুন ২০২২ ০৩:৪৩:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই - Ekotar Kantho

টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে এক ব্যবসায়ীকে কুপিয়ে দুই লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মে) রাতে মির্জাপুরের বাওয়ার কুমারজানি গ্রামের বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম শাহিন শিকদার। বংশাই রোডে ‘মোবাইল বাজার’ নামে তার একটি দোকান রয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যবসায়ীর পরিবার জানায়, দোকান বন্ধ করে দুই লাখ টাকা ও কয়েকটি মোবাইল ব্যাগে করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আন্ডারপাস পার হচ্ছিলেন শাহিন শিকদার। এসময় একটি প্রাইভেটকার তার সামনে আসে।এরপর প্রাইভেটকার থেকে নেমে দুর্বৃত্তরা শাহিন শিকদারকে এলোপাতাড়ি কুপিয়ে টাকা ও মোবাইলের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

পরে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে শাহিন শিকদারকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শাহিন শিকদারের ছোট ভাই সেলিম সিকদার বলেন, তার ভাই দোকান বন্ধ করে নগদ দুই লাখ টাকা ও রকেট, বিকাশ এবং নগদের টাকা ভরা মোবাইল নিয়ে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা কুপিয়ে সব নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ছয় লাখ টাকা হবে বলে তিনি জানান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

সর্বশেষ আপডেটঃ ২৯. মে ২০২২ ০৬:০০:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে নদীতে গোসলে নেমে প্রাণ গেলো স্কুলছাত্রীর - Ekotar Kantho

টাঙ্গাইলে নদীতে গোসলে নেমে প্রাণ গেলো স্কুলছাত্রীর

একতার কণ্ঠ: টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে ডুবে আমেনা আক্তার নামে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) বিকেলে ধলেশ্বরী শাখা নদীর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নওগাঁও গ্রামে ওই ঘটনা ঘটে।

আমেনা ওই গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে ও মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, আমেনা শুক্রবার বিকেলে বাড়ির সামনে নদীতে গোসল করতে নামে। সেখানে তলিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর আমেনাকে উদ্ধার করে রাতে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উয়ার্শী ইউপি চেয়ারম্যান মাহবুবুব আলম মল্লিক হুরমহল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ আমেনার বাড়িতে যান ও নিহেতের পরিবারকে সান্ত্বনা দেন।

সর্বশেষ আপডেটঃ ২৮. মে ২০২২ ০৭:৩২:পিএম ৪ বছর আগে
মির্জাপুরের আজগানা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিক সিকদারের নির্বাচনী মতবিনিময় সভা  - Ekotar Kantho

মির্জাপুরের আজগানা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিক সিকদারের নির্বাচনী মতবিনিময় সভা 

একতার কণ্ঠ: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান রফিক সিকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) বিকেলে ইউনিয়নের এম আর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল মাঠে ওই নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চেয়ারম্যান প্রার্থী রফিক সিকদার।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, খরশু খান, ছানোয়ার হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা ছিদ্দিকুর হোসেন মোল্লা, আবুল হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় সহস্রাধিক কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৪. মে ২০২২ ০৫:৪৩:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে একই দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ইয়াসিনের বন্ধু শহীদুল - Ekotar Kantho

টাঙ্গাইলে একই দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ইয়াসিনের বন্ধু শহীদুল

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাপায় আহত শহীদুল ইসলাম (২৫) মারা গেছেন। সোমবার (২৩ মে) গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শহীদুলও টাঙ্গাইলের হাজী আবুল হোসেন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী। এর আগে একই দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন শহীদুলের বন্ধু ইয়াসিন হোসেন কাকন।

সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে ইয়াসিন হোসেন কানন বন্ধু শহীদুলকে নিয়ে মির্জাপুর থেকে মোটরসাইকেলে করে টাঙ্গাইল যাচ্ছিলেন। বাড়ি থেকে তিনশ গজ দূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস আন্ডারপাসের ওপরে উঠলে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শহীদুল। পরে গুরুতর আহত অবস্থায় শহীদুলকে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

ঘটনার পরপরই ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, ঢাকায় নেওয়ার পথে শহীদুলের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. মে ২০২২ ০৪:৩১:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাাইকেল আরোহী ইয়াছিন হোসেন কানন নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন নিহতের বন্ধু শহীদুল ইসলাম (২৫)।

আজ সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের বাইপাস আন্ডারপাসের উপরে এই দুর্ঘটনা ঘটে।

ইয়াছিন হোসেন কানন টাঙ্গাইলের হাজী আবুল হোসেন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী। মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের আমীর হোসেনের ছেলে কানন। এদিকে গুরুতর আহত শহীদুল ইসলামকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছে।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ইয়াসিন হোসেন কানন বন্ধু শহীদুলকে নিয়ে মির্জাপুর থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন। বাড়ি থেকে তিনশ গজ দূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস আন্ডারপাসের ওপরে আসলে পেছন থেকে একটি ট্রাক সজোরে মোটরসাাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শহীদুল। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২৩. মে ২০২২ ০৭:৫৪:পিএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।