একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ওপর উঠে গেলে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজার মো. রফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল করে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী লেন থেকে উত্তরবঙ্গগামী লেনে উল্টে গিয়ে একটি মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। উদ্ধার কার্যক্রম চলছে।আহত অন্তত ৪০ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাডার সম্ভাবনা রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে ।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের ( কালিহাতী) সদস্য পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও ১২টি ইউনিয়নের চেয়ারম্যানরা মো. আয়নাল হককে নিরঙ্কুশ সমর্থন দিয়েছেন । বুধবার(২৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়ন সরেজমিনে ঘুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সাথে কথা বললে এই সমর্থনের কথা তারা জানান।
জানাগেছে, কালিহাতী উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, কালিহাতী পৌরসভার মেয়র নুরন্নবী সরকার, দশকিয়া ইউপি চেয়ারম্যান এম এ মালেক ভুঁইয়া,নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম বিপ্লব, বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, কোকডহরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, পাইকড়া ইউপি চেয়ারম্যান মো. আজাদ হোসেন,সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান খান ফরিদ,গোহালিয়া বাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মো. মাসুদ তালুকদার, বীরবাসিন্দা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, পারখী ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদারসহ অনেকেই প্রার্থী আয়নাল হকের নির্বাচনী কার্যক্রমে প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে অংশ নিয়েছেন।
কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম জানান, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারীর নির্দেশনা অনুযায়ী তারা সদস্য পদে আয়নাল হককে সমর্থন দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালা করছে। এ নির্বাচনে তারা ভোটাদের কাছ থেকে প্রার্থীর পক্ষে ব্যপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।
কালিহাতী পৌরসভার মেয়র নুরন্নবী সরকার জানান, আমরা সকলে মিলে সদস্য পদে আয়নাল হকের মনোনয়ন পত্র জমা দিয়েছি। সবেমাত্র যাচাই-বাচাই হয়েছে। এখন পুরোদমে নির্বাচনের কার্যক্রম শুরু হবে। তিনি আশা করছেন তাদের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে।
দশাকিয়া ইউপি চেয়ারম্যান এম এ মালেক ভুঁইয়া জানান, কালিহাতী উপজেলায় ১৩টি ইউনিয়ন তার ১২ ইউপি চেয়ারম্যান মিলে সকলেই তারাা আয়নাল হককে সমর্থন দিয়েছেন। শুধু সমর্থনই নয়, প্রার্থী আয়নাল হককে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে ভোটারদের দ্বারে-দ্বারে যাচ্ছেন। এ নির্বাচনে আয়নাল হকের বিজয় সুনিশ্চিত বলে তিনি জানান।
প্রকাশ, সম্প্রতি কালিহাতীর সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারীর বিদেশ সফরের প্রাক্কালে উপজেলা আওয়ামী লীগসহ উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌর মেয়র ও সকল ইউপি চেয়ারম্যান, মেম্বারদের ডেকে নিয়ে জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড (কালিহাতী) সদস্য পদে আয়নাল হককে সমর্থন দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এ বিষয়ে সহমত পোষণ করেন। কিন্তু গত সোমবার(২৬ সেপ্টেম্বর) বিকালে এলেঙ্গা বিরতি রেষ্টুরেন্টে সদ্য আওয়ামী লীগে যোগদানকৃত হাসানুজ্জামান তালুকদার রঞ্জুকে উপজেলা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ঘোষনা করেন। এতে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহড়া ইউনিয়নের কুটুরিয়া গ্রামের একটি ডোবা থেকে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকার কুদরত আলীর ডোবা থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত লাশ উপজেলার কোকডহড়া ইউনিয়নের বলধি জোয়ার্দার পাড়া গ্রামের আনছের আলীর স্ত্রী বুড়িতন (৬৫) এর বলে শনাক্ত করেন তাঁর বড় মেয়ে রাবেয়া।
স্থানীয় কুদরত আলী সহ আরও অনেকেই জানান, পাছচারান- বলধী সড়কের কুটুরিয়া সেতুর আগে সড়কের পাশে একটি ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। পরে লাশটি গত দুইদিন ধরে নিখোঁজ হওয়া বলধী গ্রামের আনছের আলীর স্ত্রী বুড়িতন এর বলে শনাক্ত করেন তাঁর বড় মেয়ে রাবেয়া সহ পাঁচ মেয়ে।
নিহতের বড় মেয়ে রাবেয়া জানান, গত রবিবার সকাল থেকে সে নিখোঁজ ছিলেন।
কালিহাতী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, বুড়িতন দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছেন তাঁর মেয়েরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম (৪৫) ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বাগুনটাল গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক মহাসড়কের এলেঙ্গায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এসময় দুর্ঘটনা কবলিত ট্রাকের পেছনে একে একে উত্তরবঙ্গগামী রাজদুত পরিবহন, এসআই এন্টারপ্রাইজ ও নওগাঁ ট্রাভেলস ধাক্কা দেয়। এতে তিনটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ কমপক্ষে ৪০ জন আহত হয়।
এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগমের মৃত্যু হয়।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জহুরুল হক জানান, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো রেকার দিয়ে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
একতার কণ্ঠঃ বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে কভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন মোটরসাইকেল আরোহী।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নে বল্লভবাড়ী গ্রামের আশরাফ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২২) ও ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি গ্রামের মজিদ মিয়ার ছেলে সবুজ মিয়া (২৫)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘মোটরসাইকেল যোগে তিন বন্ধু টাঙ্গাইল থেকে বাডির দিকে যাচ্ছিলেন। জোকারচর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপরে পড়ে যায়।
তিনি আরো জানান, এসময় ঢাকাগামী একটি কভার্ডভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। ফলে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতাবস্থায় সোহেল নামে একজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে রেল লাইনের পাশ থেকে দুই পায়ে লোহার কয়ড়া পড়া অবস্থায় অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কালিহাতী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় রেল লাইনের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার দুপুরে ঢাকা বঙ্গবন্ধু সেতু রেল লাইনের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় রেল লাইনের পাশে এক অজ্ঞাত যুবকের লাশ পড়েছিল। তার হাত মুখে ছেলা জখম রয়েছে। নিহতের দুই পায়ে লোহার কয়ড়া পড়া ছিল। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কালিহাতী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ট্রেন থেকে ফেলে দিয়ে ওই যুবকের মৃত্যুর ঘটনা ঘটতে পারে। মৃত অজ্ঞাত যুবকের পরিচয় না পাওয়া গেলে ময়নাতদন্তের পর লাশ দাফনের জন্য আঞ্জুমান-ই-মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় শাহিন নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহীও গুরুতর আহত হন।
আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শাহিন ভূঞাপুরের সিরাজকান্দি এলাকার সোলাইমান মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড়ে যাচ্ছিলো। এসময় সরাতৈল এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন এরা দুইজন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক শাহিনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারিন্দা রেলওয়ে পুলিশের এএসআই সাকলাইন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে অটো রিকশা চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত ভোর রাতে ঘটনাটি ঘটেছে কালিহাতী পৌরসভার সালেংকা পূর্ব পাড়া গ্রামের সপ্না বেগমের বাড়িতে।
আটককৃত ওই ব্যক্তি মির্জাপুর উপজেলার মৃত জয়নালের ছেলে শাকিল (২৫)।
স্থানীয়রা জানান, শনিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ৩ টা ৩০ মিনিটের দিকে সালেংকা পূর্ব পাড়া গ্রামের টিপু নামের এক ব্যক্তি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় বের হলে পাশের সপ্না বেগমের বাড়ির গেইট খোলা দেখে এবং বাড়ির ভিতরে বড় শব্দ শুনতে পান। পরে এগিয়ে গিয়ে দেখে একজন ওই বাড়িতে থাকা একটি অটোরিকশার তালা ভাঙার চেষ্টা করছে, অপরজন রাস্তায় দাঁড়িয়ে এদিক সেদিক উঁকি দিচ্ছেন। পরে দুইজনের মধ্য থেকে উঁকি দেওয়া শাকিল নামের একজনকে ধরে আশেপাশের লোকজন ডাকাডাকি করলে ভিতরে থাকা অপরজন দৌড়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাকে আটক করে গাছের সাথে বেঁধে রেখে সকালে স্থানীয় কাউন্সিলর সোহেল রানাকে খবর দেয়। পরে কাউন্সিলর এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আটককৃত ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, অটো চোর সন্দেহে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। যাচাই বাছাই সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ আগস্ট একই বাড়ি থেকে একই গ্রামের জহের আলীর ছেলে সাইফুলের অটো চুরি হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে নদীতে গোসলে নেমে নিখোঁজের দুইদিন পর স্বার্থক দাস নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
রবিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার এলেঙ্গা পৌর শহরের মহেলা পৌলি নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
স্বার্থক দাস (৯) উপজেলার হাতিয়া দক্ষিণ পাড়ার বল্টু দাসের ছেলে। সে স্থানীয় হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
এর আগে গত শুক্রবার(২৬ আগস্ট) দুপুরে স্বার্থক দাস ও সুন্দর সূত্রধর সহ ৪ জন শিশু একসঙ্গে বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে স্বার্থক দাস ও সুন্দর সূত্রধরকে ভাসিয়ে নিয়ে যায়। এসময় সুন্দর সূত্রধর সাঁতরিয়ে তীরে ফিরে আসে। স্বার্থক দাস পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি টিম ১ ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধান না পেয়ে তারা উদ্ধার অভিযান সমাপ্ত করেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ-পুলিশের এসআই প্রদীব চন্দ্র দাস জানান, সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশটি হস্তান্তর করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগের হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।
রবিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বাজারসহ বেশ কয়েকটি স্থানে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, জ্বালানী তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী উপজেলার বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল। কিন্তু উপজেলা ছাত্রলীগ ওই সমাবেশে বাধা দেয়।
পরে নেতাকর্মীরা উপজেলার চারান এলাকায় গিয়ে সমাবেশ শুরু করেন। সমাবেশের শেষ পর্যায়ে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশে অতর্কিত হামলা চালায়। পরে দুই পক্ষের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবাল জানান, শান্তিপূর্ণভাবে আলোচনা সভা চলছিল। হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ হামলা করে সমাবেশে। এতে বিএনপি ও ছাত্রদলের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
এছাড়াও ১৭ টি মোটর সাইকেল, ৬টি পিকআপ ও ৪ টি বাস গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে কালিহাতী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষ হওয়ায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান শাহিন, ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির আহ্বায়ক মজনু মিয়া প্রমুখ।
প্রকাশ, কালিহাতীতে পুলিশের কঠোর অবস্থানের কারণে রবিবার কালিহাতী পৌর এলাকায় বিক্ষোভ মিছিল বের করতে পারেননি বিএনপির নেতাকর্মীরা। পরে দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান এলাকায় দলটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক (১৪) নামে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট ) সকালে উপজেলার বাগুটিয়া- সল্লা আঞ্চলিক সড়কের আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র আনালিয়াবাড়ী গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে। সে স্থানীয় আনালিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, ওমর ফারুক বাড়ী হতে অটোরিকশা যোগে নরদহী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আনালিয়াবাড়ী এলাকায় বিপরীতমুখী যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে ওমর ফারুক
মারা যায়।
উপজেলা সল্লা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, পরিবারটি অসহায় হওয়ায় আইনি ঝামেলা (ময়নাতদন্ত) এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবগত না করেই নিহতের দাফনের ব্যবস্থা করা হয়েছে।
কালিহাতী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান এ ঘটনার বিষয়ে কেউ থানায় জানায়নি বলে জানিয়েছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে দুইটি স্থানে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২১ আগস্ট) ভোরে ঢাকা-উত্তর ও দক্ষিণাঞ্চল রেললাইনে উপজেলার সরাতৈল এলাকায় এক নারীর মৃত্যু হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি। এরপর একই রেললাইনের আনালিয়াবাড়ি এলাকায় সকাল ৭টার দিকে মামুন (৪০) নামে এক ব্যক্তি প্রাণ হারান।
নিহত মামুন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেওড়া এলাকার মৃত শাহজামালের ছেলে।
তবে কোন ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছে সেটা জানা যায়নি।
মামুনের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক প্লাস্টিকের দরজা নিয়ে রংপুর যাচ্ছিলো। ট্রাকটি ভোর রাতের দিকে আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে আরেক ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মালামালগুলো রাস্তার ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। পরে ট্রেনলাইনে বসে মালামাল পাহারা দিচ্ছিলেন মামুন। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন মামুনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে ভোর রাতের কোন এক সময় সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে অপরিচিত এক নারী নিহত হয়েছেন।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সাকলাইন জানান, খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।