একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। এই ইউনিয়নের নুরুল ইসলাম আওয়ামীলীগের একজন ত্যাগী নেতা হিসেবে সুপরিচিতি। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে গোহালিয়াবাড়ী ইউনিয়নে দলের ভিত মজবুত করতে দীর্ঘদিন যাবত নেতাকর্মী ও মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাজ করে যাচ্ছেন তিনি । এই কাজের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে ইউপি সদস্য (মেম্বার)নির্বাচিত হয়েছেন।বর্তমানে তিনি প্যানেল চেয়ারম্যানের হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরো পড়ুনঃ টাঙ্গাইলে ‘প্রেমিকের হাতে’ প্রবাসীর স্ত্রী খুনের অভিযোগ।
তিনি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের একনিষ্ঠ নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে দলের জন্য কাজ করে স্হানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারীর বিশ্বস্ততা অর্জন করেছেন । দলীয় বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করে নেতাকর্মীদের কাছে হয়ে উঠেছেন আস্থাভাজন।
কিছুদিনের মধ্যেই গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন হবে।আর এই কমিটির সাধারন সম্পাদক পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন নরুল ইসলাম। আওয়ামীলীগের নেতাকর্মী সমর্থকরাও নুরুল ইসলামকে সাধারণ সম্পাদকের পদে দেখতে চায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্হানীয় আওয়ামীলীগ নেতা বলেন, নুরুল ইসলামের জনপ্রিয়তার রয়েছে। যার কারণে তার মতো নিঃস্বার্থ আওয়ামীলীগকর্মীকে অন্য দলের তকমা লাগাতে মরিয়া হয়ে উঠেছেন তার প্রতিদ্বন্দ্বীরা।
এ ব্যাপারে নুরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরেই আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করেছি। তৃণমূল পর্যায়ে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে নিয়ে গুটিকয়েক হীন চরিত্রের মানুষ মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছেন পদ পাওয়ার আশায়।
গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদ সরকার জানান, ছাত্রজীবনে নুরুল ইসলাম বিদেশ চলে যান। প্রবাসে জীবন শেষ করে এলাকায় এসে তার বড় ভাই গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল বাছেদের হাত ধরে আওয়ামীলীগের কর্মী হয়ে সক্রিয় রাজনীতি শুরু করেন। তাহলে কীভাবে সে বিএনপির রাজনীতি করেছেন এটা আমার বোধগম্য নয়।
গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি খায়রুল আলম বলেন,নুরুল ইসলামের রাজনীতির শুরুটাই আওয়ামীলীগ দিয়ে।তার মতো কর্মীকে গুরুত্বপূর্ণ পদে আসীন করলে দলের জন্য উপকার হবে।
উপজেলা আওয়ামীলীগের সদস্য ও গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের তিনবারের সংরক্ষিত আসনের সদস্য মোরশেদা খানম ডলি বলেন,কয়েক যুগ ধরে আওয়ামীলীগ করি।এই ইউনিয়নে কে কোন দল করে আমি খুব ভালো করেই জানি।নুরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বানোয়াট। দলের মধ্যে এমন বিভেদ সৃষ্টি যারা করছে তারা কখনো দলের মঙ্গল চায় না।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম ঠান্ডু বলেন,নুরুল ইসলাম আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী। গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ রাজনীতিতে সে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামের গোবিন্দ চন্দ্র আর্য্য (৪২) সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। রাতে আর খোঁজ না মিললেও সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেললাইনের পাশে তার মরদেহ পাওয়া যায় । মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেল সড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত গোবিন্দ চন্দ্র আর্য্য নগরবাড়ি গ্রামের সুভাষ চন্দ্র আর্য্যর ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় বাড়িতে মুঠোফোন চার্জে দিয়ে বের হন। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেল লাইনের পাশে ধলাটেংগুর এলাকায় একটি লাশ পড়ে থাকার খবর পান স্বজনরা। পরে তারা সেখানে গিয়ে গোবিন্দের লাশ শনাক্ত করেন।
আরো পড়ুনঃ টাঙ্গাইলে ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে নিহত ১
রেলওয়ে পুলিশের টাঙ্গাইল ফাঁড়ির উপসহকারি পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১এপ্রিল) দুপর দেড়টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান।
আরো পড়ুনঃ টাঙ্গাইলে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
নিহতরা হচ্ছে, ঘাটাইলের গারট্ট গ্রামের মো. হামিদ মিয়া ছেলে মো. তায়েবুল হোসেন (৪৩), তার মেয়ে তাহমিনা বেগম (২৪) ও নাতি মো. তাওহীদ (৮ মাস)।
এলেঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, নিজের ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে তায়েবুল হোসেন কালিহাতীর হাতিয়া মেয়ের শ্বশুরবাড়ী থেকে তার মেয়ে ও নাতিকে নিয়ে নিজ বাড়ি ঘাটাইল উপজেলার গারট্ট গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। হাতিয়া রেল ক্রসিং এলাকায় পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেসের ধাক্কায় তার ব্যাটারি চালিত অটোরিক্সাটি দুুমরে মুচরে যায়। এ সময় ঘটনাস্থলেই তায়েবুল ও শিশু তাওহীদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তাহমিনাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ বিষয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইন-চার্জ মো. সাইফুল ইসলাম জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ সময় নারীসহ আরো ৪ জন আহত হয়। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে জোকারচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুনঃ মধুপুর বনের ১৫ হাজার ৩৮০ একর বনভূমি প্রভাবশালীদের অবৈধ দখলে
নিহত কলেজ ছাত্র ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার আব্দুল কুদ্দুছ শেখের ছেলে শেখ শরিফুল ইসলাম (১৭)। সে উপজেলার যমুনা কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, আহত নারী তার ছেলেকে নিয়ে জোকারচর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলো। এ সময় তারা বঙ্গবন্ধু সেতুর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সামনে পড়েন। পরে মোটরসাইলেটির সাথে বাড়ি খেয়ে ওই নারী, তার শিশু ছেলে ও তিন আরোহীসহ মোটরসাইকেলটি পড়ে যায়। সাথে সাথেই বঙ্গবন্ধু সেতু মুখী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কলেজ ছাত্রের মৃত্যু হয়৷
এঘটনায় আহত পথচারী নারী হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী তাহমিনা বেগম (৩৫) ও তাঁর শিশু ছেলে আব্দুল্লাহ (৪)।
আহত দুই কলেজ ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসক।
অপরদিকে,আহত নারী ও শিশু টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
একতার কণ্ঠঃ পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) বিকেলে কালিহাতী থানার আয়োজনে থানা চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এ সময় কালিহাতী থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী (বি.কম), ভাইস-চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙাল প্রমুখ।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দাস পবিত্র, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিক, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং ইমাম পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে কামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০১ এপ্রিল) দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধলাটেংগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন।
কামাল মিয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জালাকান্দি এলাকার আব্দুল আওয়ালের ছেলে। পেশায় অটোরিকশা চালক।
আরো পড়ুনঃটাঙ্গাইলে ছাত্রদলের একাংশের বিক্ষোভ সমাবেশ
নিহতের স্ত্রী আছিয়া জানান, বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ফোনে নজরুল ও আবুল মিয়া নামে দুইজন তার স্বামীকে মাছ ধরার কথা বলে নিয়ে যান। এরপর ওই দিনই নজরুল ফোন করে জানায় তার স্বামী টাঙ্গাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। সেখান থেকে মরদেহ আনতে বলা হয়। পরে কালিহাতী উপজেলার মহাসড়ক ও রেললাইনের মাঝখানের ডোবায় মরদেহ পাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হবে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত রিকশা চালকের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর আগে তার স্ত্রী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ও ব্যাটারি চালিত অটো-রিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরোও ৭ জন। আহত ৭ জনের মধ্যে ৫ জনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর ২ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ( ১ এপ্রিল) সকাল ৬ টার দিকে এলেঙ্গা-জামালপুর মহাসড়কের কালিহাতী আরএস পাইলট স্কুলের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো – উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের রিমা আক্তার ( ৩০) , কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা এলাকার আজান আলীর ছেলে রমজান আলী ( ৫৫)।
স্থানীয়রা জানান, সকালে একটি পিক-আপ মধুপুরের দিকে যাচ্ছিল। পথে পিক-আপটি মহাসড়কের কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটো-রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো চালকসহ ২ জন নিহত হয়। এ ঘটনায় আহত ৭ জনের ৫ জনকে উদ্ধার কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহত ২ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিহাতী থানার অফিসার-ইন-চার্জ ( ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পিকআপ চালক পলাতক রয়েছেন। পিকআপ ও অটোরিকশা জব্দ করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ২টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অর্নব স্পেশাল পরিবহন বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।এঘটনায় আহত হয়েছে আরও ৫জন। মঙ্গলবার(২৯ মার্চ) দুপুরে উপজেলার বিয়ারামারুয়া এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত লাল মিয়া (৪৫) অর্নব স্পেশাল পরিবহন বাসের সুপারভাইজার।সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ডমেরহাট এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে।
আরো পড়ুনঃ টাঙ্গাইলে দখল ও দূষনে মৃত প্রায় লৌহজং নদী
পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অর্নব স্পেশাল পরিবহন নামের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় গুরুতর আহত বাসের সুপারভাইজারসহ ৬ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে বাসের সুপারভাইজার লাল মিয়া মারা যায়।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, বাস ও ট্রাকের চালক পলাতক রয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত যানবাহন আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সৌদি প্রবাসী রুবেল ( ২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে । মঙ্গলবার(২৯ মার্চ) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়েনর নয়াপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে লাশটি উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোহরাব আলী।
রুবেল ওই এলাকার সৌদি প্রবাসি সোলায়মানের বড় ছেলে।
আরো পড়ুনঃ টাঙ্গাইলে দখল ও দূষনে মৃত প্রায় লৌহজং নদী
ইউপি চেয়ারম্যান ছোহরাব আলী নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, তাঁরা পিতা-পুত্র একই সাথে সৌদি থাকেন। গত তিন মাস আগে দুজনই ছুটিতে আসেন। ছেলেকে বিয়ে করিয়ে সৌদি চলে যান বাবা সোলায়মান। দাম্পত্য জীবনে দুর্বলতা নিয়ে স্ত্রীর সাথে কলহে এক পর্যায়ে সোমবার রাতে আলাদা ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে মারা যায় সে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ময়নাতদন্ত শেষ পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একতার কণ্ঠঃ অছাত্র, বিবাহিত ও আর্থিক লেনদেনের মাধ্যমে গঠনতন্ত্র উপেক্ষা করে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা,পৌর ও এলেঙ্গা পৌর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ছাত্রদলের একাংশ।
জানা যায়, রবিবার ( ২৭ মার্চ) রাত ৮টায় জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ ও সদস্য সচিব আব্দুল বাতেন স্বাক্ষরিত কালিহাতী উপজেলা ছাত্রদল, পৌর ও এলেঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ।
আরো পড়ুনঃ টাঙ্গাইলে কালচার অফিসার রেদওয়ানা’র হত্যাকারীর ফাঁসি দাবী
আর এই কমিটি বাতিলের দাবিতে সোমবার ( ২৮ মার্চ) বিকেলে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এলেঙ্গা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ মোঃ আমিনুর ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফ মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক মমিন মিয়া, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ রকিব মোল্লা প্রমুখ।
এসময় বাংড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েম, দশকিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক সবুজ, বীরবাসীন্দা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পিয়াস, সল্লা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক তানভীর, এলেঙ্গা পৌরসভাধীন ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নিয়ামুল দারো, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিব, ছাত্রদল নেতা মোহাব্বত সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অছাত্র, বিবাহিত, অযোগ্য, ছাত্রলীগের কর্মী ও আর্থিক লেনদেনের মাধ্যমে গঠনতন্ত্র উপেক্ষা করে নবগঠিত এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের যে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি তা সাংগঠনিক বিধিমালা না মেনে সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে। তা না হলে আরও কঠিন কর্মসূচির ডাক দেয়া হবে।
এছাড়া সমাবেশ থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে অবাঞ্ছিত ঘোষণা করেন নেতাকর্মীরা।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৮ মার্চ) দুপুরে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই প্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করে কালিহাতী থানা দল ও কালিহাতী প্রেস ক্লাব দল।
আরো পড়ুনঃ সংসদে ‘গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ উত্থাপন
খেলায় টসে জিতে কালিহাতী থানা দল ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কালিহাতী থানা খেলায় নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১২ রান তুলতে সমর্থ হয়।
জবাবে কালিহাতী প্রেস ক্লাব ১১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রান করে। ফলে ম্যাচে কালিহাতী থানা দল ২৯ রানে জয় লাভ করে।
খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন কালিহাতী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান। খেলা শেষে ম্যান অব দি ম্যাচ এর হাতে ট্রফি তুলে দেন কালিহাতী প্রেস ক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন।
বিজয়ী কালিহাতী থানা পুলিশ দলকে জয়ের ট্রফি তুলে দেন দৈনিক আমাদের সময় পত্রিকা ও বিজয় টিভির টাঙ্গাইল প্রতিনিধি মো. আবু জুবায়ের উজ্জ্বল।
এ ছাড়া টুর্নামেন্টে রানার-আপ কালিহাতী প্রেসক্লাবকে ট্রফি তুলে দেন দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ইমরুল হাসান বাবু
উল্লেখ্য, মাঠে শত-শত ক্রিকেট প্রেমী উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে লোটন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় জুবায়েল ( ২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক শাহনেওয়াজকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার ( ২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।
আরো পড়ুন: টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত
নিহত জুবায়েল (২৮) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হাবিবপুর গ্রামের আমজাদ আলীর ছেলে।
আহত শাহনেওয়াজ গাইবান্ধা জেলার সেকান্দর আলীর ছেলে। দুজনেই ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এএসআই আব্দুল মজিদ জানান, শনিবার বিকেলে ছুটি শেষে জুবায়েল ও শাহনেওয়াজ মোটরসাইকেলযোগে ঢাকায় কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তারা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে লোটন পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জুবায়েলের মৃত্যু হয়। গুরুতর আহত শাহনেওয়াজকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ বাসটিকে আটক করতে পারলেও চালক পলাতক রয়েছেন।
তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।