/ হোম / কালিহাতী
টাঙ্গাইলে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় বাংলার মেলা সংস্থা (বিএমএস) নামক এক এনজিও অফিস থেকে পারভেজ (২৩) নামের এক মাঠ সংগঠকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩১ জুলাই) সকালে কালিহাতী উপজেলা এলেঙ্গা শাখা বাংলার মেলা সংস্থা (বিএমএস) অফিসের দ্বিতীয় তলার একটি রুম থেকে ওই সংগঠকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত পারভেজ টাঙ্গাইল সদর উপজেলার হিরাকোটা গ্রামের বাহর আলীর ছেলে।

তিনি বাংলার মেলা সংস্থার মাঠ সংগঠক হিসেবে কর্মরত ছিলেন।

বাংলার মেলার কর্মীরা জানান, প্রতিদিন রাতে পারভেজ কাজ শেষে অফিস রুমে ঘুমান। রবিবার সকালে অফিসে অন্য কর্মীরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনও সাড়া না পেয়ে রুমের জানালা দিয়ে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষ, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৩১. জুলাই ২০২২ ০৮:১৪:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে এসি ল্যান্ডের গাড়ি ভাঙচুর, প্রকৌশলী আহত, আটক ৮ - Ekotar Kantho

টাঙ্গাইলে এসি ল্যান্ডের গাড়ি ভাঙচুর, প্রকৌশলী আহত, আটক ৮

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিউ ধলেশ্বরী নদীর কুর্শাবেনু এলাকায় সোমবার (১৮ জুলাই) বিকেলে উত্তোলিত বালু (ড্রেজড ম্যাটার) পরিমাপকারীদের ওপর হামলায় একজন প্রকৌশলী আহত ও এসি ল্যান্ডের গাড়িসহ তিনটি গাড়ি ভাঙচুর করেছে স্থানীয় বালু ব্যবসায়ীরা।

এ ঘটনায় র‌্যাব ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা গেছে, সম্প্রতি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর গোল চত্বর পর্যন্ত মহাসড়ক চার লেন করার নিমিত্তে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক উত্তোলিত বালু (ড্রেজড ম্যাটার) ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে লক্ষে মেসার্স আব্দুল মোনেম লিমিটেড নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে পাউবো’র চুক্তি সম্পাদিত হয়।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড ও মেসার্স আব্দুল মোনেম লিমিটেডের প্রতিনিধি সমন্বয়ে চুক্তি মোতাবেক উত্তোলিত বালু কুর্শাবেনু এলাকায় পরিমাপ করতে যায়। পরিমাপ করতে গেলে স্থানীয় বালু ব্যবসায়ীরা পাউবোর ৪-৫ জন কর্মচারী ও মেসার্স আব্দুল মোনেম লিমিটেডের ডিজিএম মোস্তাফিজুর রহমানকে বাধা দেয়। এ নিয়ে স্থানীয় বালু ব্যবসায়ী ও পরিমাপকারীদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে বালু ব্যবসায়ীরা উত্তোলিত বালু পাউবো নিয়ে যাচ্ছে বলে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকার জনসাধারণকে যার কাছে যা আছে তাই নিয়ে একত্রিত হতে বলে। পরে এলাকার লোকজন একত্রিত হয়ে পরিমাপকারীদের ওপর হামলা করে এবং মেসার্স আব্দুল মোনেম লিমিটেডের ডিজিএম মোস্তাফিজুর রহমানের গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান পুলিশ সঙ্গে নিয়ে কুর্শাবেনু যান। পথে তিনি মাইকের ওই ঘোষণা শুনতে পেয়ে টাঙ্গাইলে কর্মরত র‌্যাবকে ঘটনাস্থলে আসতে বলেন। ইতোমধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসানকে বহনকারী গাড়ি ও পুলিশের গাড়ি কিছুটা দূরে রেখে মাইকের ওখানে পৌঁছান। এই ফাঁকে স্থানীয় উত্তেজিত জনতা কামরুল হাসানকে (এসিল্যান্ড) বহনকারী গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। পরে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে।

আটকরা হচ্ছেন- আমিনুর, আজিম, মিণ্টু মিয়া, রাজ্জাক খান, মান্নান, সাইফুল, শরীফ ও মারুফ।

কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান জানান, তিনি পরিমাপকারীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান। যাওয়ার পথেই তিনি স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা শুনতে পান। তারা কিছুটা দূরে গাড়ি রেখে মসজিদের কাছে গেলে উত্তেজিত জনতা তার ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়।

তিনি আরও জানান, স্থানীয় উত্তেজিত জনতা মেসার্স আব্দুল মোনেম লিমিটেডের ডিজিএম মোস্তাফিজুর রহমানের গাড়িতে হামলা চালিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। পরে র‌্যাব ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। র‌্যাব এ ঘটনায় নেতৃত্বদানকারী ৮ ব্যক্তিকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের। ভাঙচুরকৃত গাড়িগুলো থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ আপডেটঃ ১৯. জুলাই ২০২২ ০৪:৩৭:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেপ্তার ১ - Ekotar Kantho

টাঙ্গাইলে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেপ্তার ১

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা গ্রামে অভিযান চালিয়ে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. শাহীন আলম নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি-দক্ষিণ)অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মো. শাহীন আলম(৪০) কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, গোপনে সংবাদ পেয়ে ডিবি দক্ষিণের এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিহাতী উপজেলার সল্লা গ্রামের একটি টেইলার্সের দোকানের ভেতর অভিযান চালায়।

অভিযানে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. শাহীন আলমকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ১৫ লাখ ৬০ হাজার টাকা।

তিনি আরও জানান, সল্লা গ্রামের জনৈক বিল্লাল হোসেনের বাড়ি ভাড়া নিয়ে মো. শাহীন আলম টেইলার্স চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৮. জুলাই ২০২২ ০১:২৯:এএম ৪ বছর আগে
স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত - Ekotar Kantho

স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান সিরাজ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রথমে কালিহাতী শাজাহান সিরাজ কলেজে শাজাহান সিরাজের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের আয়োজনে রাবেয়া সিরাজ একাডেমিক ভবনে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় কলেজের অধ্যক্ষ মো. গোলাম আম্বিয়া সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি, শাজাহান সিরাজের পুত্রবধূ ফারজানা খান এনা, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি, শিক্ষক প্রতিনিধি রশিদুল ইসলাম রতন, কর্মচারীদের পক্ষ থেকে হাবিবুর রহমান এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে নাইমুর রহমান প্রমুখ।

এছাড়াও ব্যাংকক থেকে জুমে বক্তব্য রাখেন শাজাহান সিরাজের সহধর্মিণী বেগম রাবেয়া সিরাজ।
স্বরণ সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের প্রভাষক তারিকুল ইসলাম।

সর্বশেষ আপডেটঃ ১৫. জুলাই ২০২২ ০১:৪৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (১৪জুলাই) ভোরে উপজেলার বিয়ারামারুয়া এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাষ্টার আব্দুল মান্নান।

নিহত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, বৃহস্পতিবার ভোরে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি বিয়ারামারুয়া এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাষ্টার আব্দুল মান্নান জানান, নিহত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ নিয়ে যাবে। পরিচয় শনাক্ত হওয়ার পর আইনি প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৪. জুলাই ২০২২ ০৯:৩০:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে আগুন লেগে ১৫ টি দোকান পুড়ে ছাই - Ekotar Kantho

টাঙ্গাইলে আগুন লেগে ১৫ টি দোকান পুড়ে ছাই

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে আগুনে পুড়ে ১৫টি দোকান ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। শনিবার (৯ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার পারখী ইউনিয়নের বর্গা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালিহাতী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান জানান, রাত ২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। মেডিসিন, মনিহারি, কাপড় ও জুতার দোকানসহ কমপক্ষে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

ব্যবসায়ী আরিফুর ইসলাম শাজু বলেন, আমার ওষুধের দোকানের ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি।

বর্গা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক রাজিব মিয়া বলেন, ক্ষতিগ্রস্ত দোকানিদের সরকারিভাবে সাহায্য করার দাবি জনান তিনি।

সর্বশেষ আপডেটঃ ১১. জুলাই ২০২২ ০৩:৪৩:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীর সিঙ্গুরিয়ায় ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। অপর দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় বাস চাপায় মারা গেছেন একজন।

শনিবার (৯ জুলাই) দুপুরে এই দুটি দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এলেঙ্গা থেকে ছেড়ে আসা যাত্রী ভর্তি একটি সিএনজি চালিত অটোরিকশা ভূঞাপুরের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক সিঙ্গুরিয়ায় পৌঁছাল মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারী নিহত হন। এ সময় আহত হন আরও দুজন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।

নিহত ওই নারী জেলার গোপালপুর উপজেলার ভেড়াডাকরী এলাকার ঠান্ডু মিয়ার মেয়ে লিমা আক্তার (২৫)। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার মো. স্বপন আলী।

অপর দিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় যানজটে আটকে পড়ায় ছেলের জন্য পানি নিয়ে ফেরার পথে বাস চাপায় একজন নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল ইসলাম।

সর্বশেষ আপডেটঃ ১০. জুলাই ২০২২ ০১:০৯:এএম ৪ বছর আগে
বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড - Ekotar Kantho

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড

একতার কণ্ঠঃ বঙ্গবন্ধু সেতুতে টো‌ল আদায়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টয় এই সেতু দিয়ে ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা।

এর আগে, গত ঈদুল ফিতরে সর্বোচ্চ ৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ২ শত টাকার টোল আদায় হয়েছিল।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিক সময়ে ১২ থেকে ১৩ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। কিন্তু ঈদকে কেন্দ্র করে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

বুধবার (৬ জুলাই) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টা পর্যন্ত সেতুর উপর দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পরিবহনের সংখ্যা ছিল ২৫ হাজার ১১৩টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯ শত টাকা।
অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৪৮২টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮ শত টাকা।

এর আগে, মঙ্গলবার (৫ জুলাই) রাত ১২টা থেকে বুধবার (৬ জুলাই) রাত ১২টা পর্যন্ত ৩৪ হাজার ৪০৭টি যানবাহন সেতু দিয়ে পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পি জানান, ‘ছোটবড় ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হওয়ার মধ্য দিয়ে সেতু কর্তৃপক্ষ এ রেকর্ড অর্জন করেছে।’
প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বর্তমানে সেতুর টোল আদায় করছে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)।

সর্বশেষ আপডেটঃ ০৯. জুলাই ২০২২ ০১:৩৪:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় সাহেব আলী মন্ডল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০১ জুলাই) দুপুরে উপজেলার জোকারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী মন্ডল উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গোহালিয়াবাড়ী গ্রামের মৃত কলিম উদ্দিন মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে রেললাইনের পাশে গরু চড়াচ্ছিল। এসময় ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশেই ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

গোহালিয়াবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেন দুর্ঘটনার পর পরই ওই যুবকের মৃত্যুর খবর শুনে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় স্বজনরা।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে কর্মরত স্টেশন মাস্টারের কাছে জানতে চাইলে তিনি জানান, ট্রেনে কাটা পড়ে নিহতের কোন খবর তিনি পাননি।

সর্বশেষ আপডেটঃ ০২. জুলাই ২০২২ ০৩:৪৩:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে পর্ণোগ্রাফী ও মাদক বিক্রেতা সহ দুই ব্যক্তি আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে পর্ণোগ্রাফী ও মাদক বিক্রেতা সহ দুই ব্যক্তি আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পর্ণোগ্রাফীসংগ্রহ ও বিক্রির অভিযোগে জয় সরকার(২২) এবং ফেনসিডিল সরবরাহের অভিযোগ মো. আব্দুর রাজ্জাক(৬০) নামে এক বিক্রেতাকে পৃথক অভিযান চালিয়ে আটক করেছে র‌্যাব।

জেলার কালিহাতী উপজেলার বল্লা বাজার এবং শহরের অশেকপুর বাইপাসে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। র‌্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাব-১২ জানায়, গোপনে সংবাদ পেয়ে সোমবার(২০ জুন) সকালে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র‌্যাব কালিহাতী উপজেলার বল্লা বাজারে অভিযান চালায়।

অভিযানে ফ্রেন্ডস মাল্টিমিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক্স দোকান থেকে বিপুল পরিমাণ পর্ণোগ্রাফী, একটি সিপিইউ, একটি মনিটর ও কী-বোর্ড সহ জয় সরকারকে আটক করে। আটককৃত জয় সরকার বল্লা গ্রামের সুনীল চন্দ্র সরকারের ছেলে।

অপরদিকে, সোমবার(২০ জুন) ভোরে র‌্যাবের একটি দল বঙ্গবন্ধু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল শহরের আশেকপুর বাইপাসে অভিযান চালায়। এ অভিযানে ৯৭ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ মো. আব্দুর রাজ্জাককে আটক করে।

আটককৃত আব্দুর রাজ্জাক কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত মোনাছ মালিতার ছেলে।

আটককৃতদের নামে কালিহাতী এবং টাঙ্গাইল সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২১. জুন ২০২২ ০১:১৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ২ উপজেলায় বাঁধ ও সড়ক ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত - Ekotar Kantho

টাঙ্গাইলে ২ উপজেলায় বাঁধ ও সড়ক ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী ও বাসাইল উপজেলায় বাঁধ ও সড়ক ভেঙে কমপক্ষে ২০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই দুই উপজেলার সঙ্গে সড়ক পথে যাতায়াত বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে সেখানকার বাসিন্দারা।

রোববার (১৯ জুন) কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় বাঁধ ও বাসাইল উপজেলার আন্ধিরাপাড়া-বালিনা সড়কের কিছু অংশ ভেঙে যায়।

স্থানীয়রা জানান, দুই দিন ধরে বাসাইল উপজেলার আন্ধিরাপাড়া-বালিনা সড়কের বালিনা উত্তরপাড়ার অংশেঊ ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। পরে অতিরিক্ত স্রোতের কারণে সড়কটি ভেঙে যায়। রোববার সকালে আন্ধিরাপাড়ায় তিনটি স্থানে সড়ক ভেঙে যায়। দুই দিনে প্রবল বেগে পানি প্রবেশ করে উপজেলার বালিনা, আন্ধিরাপাড়া, আদাজান, কাঞ্চনপুর ও কোদালিয়াপাড়াসহ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ সড়ক দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে। ফলে কয়েকটি গ্রামের মানুষ বিকল্প হিসেবে নৌকা দিয়ে যাতায়াত করছে।

উপজেলার বালিনা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মো. সোলাইমান জানান, এ সড়কের চার জায়গায় ভেঙে গেছে। এ কারণে যাতায়াত বন্ধ রয়েছে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দুর্ভোগে রয়েছে।

পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম জানান সড়কের চার জায়গায় ভেঙে গেছে। সড়ক দিয়ে পানি প্রবেশ করে বালিনা, আদাজান, ভোরপাড়া, আন্ধিরাপাড়া, কাঞ্চনপুরসহ ৮টি গ্রামের নিম্নাঞ্চল ডুবে গেছে। এখন নৌকা নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকার বাঁধ ভেঙে গেছে। ফলে এ বাঁধ দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে।

সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জানান, পানির অতিরিক্ত চাপের কারণে বাঁধ ভেঙে গেছে। এ কারণে উপজেলার আনালিয়াবাড়ী, ভাওয়াল, নরদৈ, গড়িয়া, হাবলা, দেওলাবাড়ীসহ ১০ থেকে ১২টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এখানে গত বছরও ভেঙে গিয়েছিল।

উল্লেখ্য, জেলার যমুনা, ধলেশ্বরী, ঝিনাই, বংশাই, লৌহজংসহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে জেলার ১২টি উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে প্লাবিত হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ২০. জুন ২০২২ ০১:১১:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম - Ekotar Kantho

টাঙ্গাইলে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ১২ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়েছে ১০ সেন্টিমিটার। এ ছাড়াও সমানতালে বৃদ্ধি পাচ্ছে অন্যান্য নদ-নদীর পানিও।

শনিবার (১৮ জুন) সন্ধ্যায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভূঞাপুর, টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। একই সঙ্গে তলিয়ে গেছে হাজার হাজার একর জমির পাট, আউশ ধান, তিল, বাদামসহ বিভিন্ন ফসল। তবে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভূঞাপুর, কালিহাতী ও টাঙ্গাইল সদর উপজেলার কয়েকটি এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় যমুনা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় যমুনাসহ সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় জেলার বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ১৯. জুন ২০২২ ০৬:৩১:পিএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।