/ হোম / কালিহাতী
টাঙ্গাইলে আম বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে আম বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় সংলগ্ন একটি আম বাগান থেকে অজ্ঞাত এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভুয়াপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের চর পাথাইল কান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের গোলচত্বরে উত্তর পাশের একটি আম বাগানে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। যুবকটি আত্মহত্যা করেছে, নাকি কেউ তাকে হত্যা করে রেখে গেছে, ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. নভেম্বর ২০২২ ০১:২৭:এএম ৩ বছর আগে
কালিহাতীর প্রাক্তন শিক্ষক শম্ভূনাথ আর্যের পরলোকগমন - Ekotar Kantho

কালিহাতীর প্রাক্তন শিক্ষক শম্ভূনাথ আর্যের পরলোকগমন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামের শম্ভূনাথ আর্য (৭০) পরলোকগমন করেছেন।

তিনি শনিবার (২৬ নভেম্বর) ভোর ৫ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগতেছিলেন।

শম্ভুনাথ আর্য একজন শিক্ষক ও প্রগতিশীল মানুষ ছিলেন। তিনি সাহিত্য ও আঞ্চলিক ইতিহাস চর্চা করতেন। তার অসংখ্য লেখা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার সুন্দর হাতের লেখার জন্য তিনি সর্বদাই প্রশংসিত হয়েছেন। আঁকতেন ছবি।

তিনি সরকারি সা’দত কলেজে বাংলা ভাষা ও সাহিত্যে লেখাপড়া করেন। এরপর সহকারী শিক্ষক হিসেবে জোয়াইর উচ্চ বিদ্যালয়, দেউপুর উচ্চ বিদ্যালয় এবং সর্বশেষ নারান্দিয়া উচ্চ বিদ্যালয়ে নিয়োজিত ছিলেন। তিনি পলিমাটি সাহিত্য সংসদ, শতদল সাহিত্য সংসদ ও অনুপ্রাসসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।

শম্ভূনাথ আর্যের মরদেহ ঢাকা থেকে সরাসরি তার সাবেক কর্মস্থল নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজ মাঠে নেওয়া হয়। সেখানে তার সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর লাশ নিজ বাড়িতে নেওয়া হলে তাকে একবার দেখার জন্য বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ছুটে আসেন।

শম্ভূনাথের মৃত্যুতে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রতন এবং নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ অনেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শম্ভূনাথ আর্যের সৎকার নিজ বাড়ির পারিবারিক শ্মশানে শনিবার বিকেলে সম্পন্ন হয়।

সর্বশেষ আপডেটঃ ২৭. নভেম্বর ২০২২ ০১:৫৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক যুবক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক যুবক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক যুবকের নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ৩০। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধৃ সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, নিহত যুবকটি বেশ কিছুদিন ধরে মহাসড়কের আশ-পাশ এলাকায় পাগলবেশে ঘুরতো। তার পরিচয় জানতো না কেউ। বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়া নামক এলাকায় মহাসড়কের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় আঘাত পেয়ে মারা যায় সে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, মহাসড়কের হাতিয়া এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে রয়েছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় মেলেনি। সে পাগলবেশে ঘুরতো। অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় নিহত হয়। যুবকটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ২৫. নভেম্বর ২০২২ ০৬:৩৮:পিএম ৩ বছর আগে
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, প্রেমিক পলাতক - Ekotar Kantho

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, প্রেমিক পলাতক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। রোববার (২০ নভেম্বর)থেকে এ অনশন শুরু করেন তিনি। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক হৃদয় (২২)।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে এলেঙ্গা পৌরসভা মসিন্দা গ্রামে। হৃদয় হোসেন ওই গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে। আর মেয়ের বাড়ি ভূঞাপুর উপজেলায়। .
এদিকে বিয়ের দাবিতে প্রেমিক হৃদয়ের বাড়িতে অবস্থান করায় বাড়ির লোকজন ওই তরুণী ব্যাপক মারধর করে। বর্তমানে মেয়েটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী ওই তরুণী জানান, প্রায় দুই বছর আগে কালিহাতী উপজেলার মসিন্দা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে হৃদয় হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের প্রেমের সম্পর্ক রূপ নেয় দৈহিক সম্পর্কে। কয়েকদিন আগে সে বিয়ের জন্য চাপ প্রেমিক হৃদয় হোসেনকে। কিন্তু সে বিয়েতে রাজি না হয়ে নানা টালবাহানা শুরু করে।
যোগাযোগ বন্ধ করে দেয়। পরে রোববার দুপুর থেকে সে প্রেমিক হৃদয় হোসেনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে।

এদিকে রোববার দুপুরে ওই তরুণী বিয়ের দাবিতে হৃদয় হোসেনের বাড়িতে উঠলে বাড়ির লোকজন তাকে মারধর করে বাড়ির গেট বন্ধ করে দেয়। পরবর্তীতে গেটের সামনেই অনশন চালিয়ে যেতে থাকে সে। পরে সে অসুস্থ হয়ে পড়লে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত হৃদয় হোসেন ও তার বাবা হাবিবুর রহমান বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ২১. নভেম্বর ২০২২ ০৯:২৯:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ককটেল সহ আটক ৫ - Ekotar Kantho

টাঙ্গাইলে ককটেল সহ আটক ৫

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে একটি বিস্ফোরিত ককটেলসহ ছোট-বড় মোট ১২টি ককটেল সহ ৫ জনকে আটক করেছে টহল পুলিশ।

শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রিকলেজের পাশে ফাঁকা জায়গা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কদিমহামজানি গ্রামের মৃত খন্দকার লাল মিয়ার ছেলে খন্দকার ইকবাল হোসেন (৩৬), বল্লভবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদ সিকদার (২৭), একই গ্রামের মহির উদ্দিন তালুকদারের ছেলে হাফিজুর রহমান তালুকদার (৪৪), রতনগঞ্জ জোড়বাড়ী গ্রামের মৃত খেদমত আলীর ছেলে সাইফুল ইসলাম লাভলু মিয়া (৫৮) ও চাঁনপাড়া গ্রামের আ. হক আকন্দের ছেলে এসএম আহসান হাবিব লাভলু (৫০)।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাত্রিকালীন থানার মোবাইল টিম ডিউটি করাকালে বাগুটিয়া বাজারে অবস্থানকালে এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের পাশে ফাঁকা জায়গায় বসে নাশকতার উদ্দেশ্যে কতিপয় লোকজন মিটিং করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় ।

তিনি জানান,এ সময় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত একটি সহ ছোট বড় মোট ১২টি ককটেলসহ পাঁচজনকে আটক করা হয় এবং অন্যান্যরা দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এঘটনায় ১৯০৮ সালের বিস্ফোরণ দ্রব্য আইনের ৩/৪/৬ ধারা মোতাবেক তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৯. নভেম্বর ২০২২ ০১:৪৫:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় বাসচাপায় নারীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী।

বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাতে মোটরসাইকেলযোগে এক নারী ও পুরুষ উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় পিছন থেকে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের দুই জনের মৃত্যু হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী। নিহতদের মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা হেফাজতে রাখা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৫. নভেম্বর ২০২২ ০৮:০৫:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ঘোড়ার গাড়িকে চাপা দিলো বাস, নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে ঘোড়ার গাড়িকে চাপা দিলো বাস, নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে দ্রুত গতির বাস চাপায় ঘোড়ার গাড়ির দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা- টাঙ্গাইল – বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া ১২ নম্বর সেতুর কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাবলু পোদ্দার (৬৫) ও শাহজানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)। নিহতরা জামালপুর থেকে ঘোড়া কিনে বগুড়ায় ফিরছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা জামালপুরের একটি হাট থেকে ঘোড়া কিনে বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকার ১২ নম্বর সেতু পাড় হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী ঘোড়ার গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মো. নাজমুল হাসান বলেন, ‘নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। যাত্রীবাহী বাসটি শনাক্তের চেষ্টা চলছে।’

সর্বশেষ আপডেটঃ ১৫. নভেম্বর ২০২২ ০৮:২৯:পিএম ৪ বছর আগে
নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে ভারতীয় কিশোরের মৃত্যু - Ekotar Kantho

নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে ভারতীয় কিশোরের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি ঘোষপাড়ায় নানা বাড়ি বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে দ্বীপ ঘোষ(১৪) নামে এক ভারতীয় কিশোরের পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার পৌলি নদীতে পৌলি ঘোষপাড়া শ্মশান ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের জলপাইগুড়ি জেলার ফাটাকাটা গ্রামের প্রকাশ ঘোষের একমাত্র ছেলে ও কালিহাতী উপজেলার পৌলি ঘোষপাড়া এলাকার যতীন ঘোষের নাতি।

স্থানীয় সুবল ঘোষ জানান, দীর্ঘদিন পর মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসে সমবয়সী ছেলেদের সাথে পৌলি নদীতে গোসলে নামে দ্বীপ। একপর্যায়ে ড্রেজার দিয়ে মাটি কাটার খাদে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে দায়িত্বরত ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট উদ্ধার তৎপরতা চালিয়ে দিপকে উদ্ধার করে। স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ডিফেন্সের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ দ্বীপকে উদ্ধার করা হয়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সর্বশেষ আপডেটঃ ২৭. অক্টোবর ২০২২ ১০:৫০:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ - Ekotar Kantho

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌর এলাকার কলেজ পাড়া থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার(২২ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- সদর উপজেলার থানা পাড়ার মো.রফিক ও সম্রাট, খোদ্দ যুগনীর ইউসুফ আলী, বেপাড়ি পাড়ার হৃদয় ও কালিহাতী উপজেলার রাজাবাড়ি গ্রামের লেলিন।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম জানান, শুক্রবার রাতে কলেজ পাড়ায় ৮-১০ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল মডেল থানার পুলিশ তাদের ঘিরে ফেলে। এসময় রফিক, সম্রাট, ইউসুফ আলী, হৃদয় ও লেলিনকে পুলিশ আটক করতে পারলেও অজ্ঞাত আরো ৩/ ৪ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা ডাকাতি, অস্ত্র, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন মামলার পলাতক আসামি।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানার একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২২. অক্টোবর ২০২২ ১০:০১:পিএম ৪ বছর আগে
কালিহাতীতে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬ - Ekotar Kantho

কালিহাতীতে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে মোটরসাইকেল ভাঙচুর ও ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার সল্লা প্রামানিক মার্কেট প্রাঙ্গনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, যুবদল নেতা ফারুক হোসেন বাবু, জহিরুল, শহীদ,তপুসহ ৬ জন বিএনপি নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে উপজেলার বিএনপির সম্মেলনের মঞ্চ করাকে কেন্দ্র করে এঘটনা ঘটে । কালিহাতী উপজেলার বিএনপির বুধবার ত্রি-বার্ষিকী সম্মেলনের মঞ্চ তৈরির চলাকালে ঢাকা বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ সমর্থকদের দ্বন্দ্বের জেরে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে কমপক্ষে ৬ জন আহত হন।

কালিহাতী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষের লোকজন পালিয়ে যায়‌।

সর্বশেষ আপডেটঃ ১২. অক্টোবর ২০২২ ০৪:০০:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রেন আটকে গেটম্যানের দাবিতে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেন আটকে গেটম্যানের দাবিতে মানববন্ধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের হাতিয়া নামক স্থানে অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যানের দাবিতে ট্রেন আটকে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নে হাতিয়া-ধুনাইল সড়কে হাতিয়া রেলক্রসিং এলাকায় আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি তারা ২০ মিনিট আটকে রাখে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল খালেক, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের মো. হুমায়ুন, বীর মুক্তিযোদ্ধা ফটিক মন্ডল, হযরত আলী তালুকদার, আব্দুল হালীম প্রমুখ।

বক্তারা বলেন, রেল লাইন নির্মাণের পর থেকে হাতিয়ার এ রেলক্রসিংয়ে শিশুসহ অন্তত দেড় শতাধিক লোক নিহত হয়েছে।

তারপরও এই ক্রসিংয়ে রেল কর্তৃপক্ষ রেলগেট ও গেটম্যান নিয়োগ দেয়নি। তারা দ্রুততম সময়ের মধ্যে মধ্যে রেলগেট ও গেটম্যানের দাবি জানান।

রেলগেট ও গেটম্যানের দাবি অতিদ্রুত বাস্তবায়ন না হলে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।

সর্বশেষ আপডেটঃ ০৯. অক্টোবর ২০২২ ০১:৩৩:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তাপশ দাস (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ( ৬ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল-ভুঞাপুর মহাসড়কের কালিহাতী নগরবাড়ী হাজী আবু হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সওদাগর পাড়া গ্রামের গোপাল দাসের ছেলে।

কালিহাতী থানার এসআই আনোয়ার হোসেন জানান, তাপশ দাস ভূঞাপুর পিশি (ফুফু) বাড়ি থেকে মির্জাপুরে নিজ বাড়িতে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে কালিহাতী নগরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাপশ দাস মারা যান।

তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৭. অক্টোবর ২০২২ ০৩:৫৮:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।