একতার কণ্ঠঃ নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেছিলেন টাঙ্গাইলের কালিহাতীর পারুল আক্তার। তাঁর বাবা সেই বিয়ে মেনে নেননি। ঢাকা জেলার আশুলিয়া এলাকায় এসে একটি পোশাক কারখানায় চাকরি শুরু করেন পারুল ও তাঁর স্বামী নাছির উদ্দিন ওরফে বাবু। দুজন যা বেতন পেতেন, তা দিয়ে তাঁদের সংসার খুব ভালোভাবে চলত না। স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া হতো। বিয়ের তিন বছর পর ঝগড়া করে স্ত্রীকে বাসায় রেখে বেরিয়ে যান নাছির। পারুল তাঁর বাবাকে ফোন করে পারিবারিক অশান্তির কথা বলেন।
মেয়ের প্রতি ক্ষুব্ধ বাবা মেয়েকে বাড়ি ফিরতে বলেন। বাবার কথায় স্বামীর সংসার ছেড়ে গ্রামে চলে যান পারুল। এবার ক্ষুব্ধ বাবা নিজের ও পরিবারের অসম্মান করায় মেয়েকে হত্যার পরিকল্পনা করেন। পারুলের বাবা আ. কুদ্দুস খাঁ মেয়েকে ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে টাঙ্গাইল থেকে জয়পুরহাটে নিয়ে যান। পরিকল্পনা অনুযায়ী, কুদ্দুসের সঙ্গে তাঁর বন্ধু মোকাদ্দেছ ওরফে মোকা মণ্ডলও যান।
সেখানে যাওয়ার পর জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় একটি নদীর পাশে নির্জন জায়গায় রাতের অন্ধকারে পারুলকে তাঁর বাবা ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে মোকাদ্দেছের সহযোগিতায় গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেন।
২০ জানুয়ারি আদালতে দেওয়া জবানবন্দিতে মেয়ে হত্যার এমন লোমহর্ষক, বর্বরোচিত বিবরণ তুলে ধরেন আ. কুদ্দুছ খাঁ। তিনি এখন কারাগারে। তাঁর দেওয়া জবানবন্দি আজ রোববার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। এ সংবাদ সম্মেলন হয় ধানমন্ডিতে পিবিআইয়ের প্রধান কার্যালয়ে।
পিবিআই প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার বলেন, পারুল সব ভাইবোনের মধ্যে মেধাবী ছিলেন। স্কুলে তাঁর রোল নম্বর ছিল ২। দেখতেও ছিলেন সুন্দরী। বাবা কুদ্দুসের স্বপ্ন ছিল মেয়েকে শিক্ষিত করবেন। কিন্তু নবম শ্রেণিতে পড়া অবস্থায় পালিয়ে বিয়ে করায় বাবা ক্ষুব্ধ হন।
বনজ মজুমদার বলেন, তখন থেকেই কুদ্দুসের পরিকল্পনা ছিল মেয়ে তাঁকে যে অসম্মান করেছে, তাতে তার বেঁচে থাকার অধিকার নেই। মেয়ের বিয়ের তিন বছর পর সেই সুযোগ পেয়ে তিনি তাঁর বন্ধুর সহযোগিতায় মেয়েকে হত্যা করেন। কুদ্দুসের দেওয়া তথ্যের ভিত্তিতে মোকাদ্দেছকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে বনজ কুমার মজুমদার বলেন, মেয়েকে হত্যার পর কুদ্দুসের মধ্যে আরেকটা বিষয় কাজ করছিল যে তাঁর মেয়ের এই পরিণতির জন্য নাছির দায়ী। তাঁকেও শাস্তি দিতে হবে। তাই মেয়ের জামাইকে ফাঁসাতে একের পর এক মামলা করেছেন তিনি। রহস্য উদ্ঘাটন করতে না পারায় থানা–পুলিশ, সিআইডি ও পিবিআই পুলিশ প্রতিবেদন দেন। মেয়ের বাবাও বারবার নারাজি দেন।
পিবিআই জানায়, পারুলের বাবা শুরুতে অপহরণ ও গুমের মামলা করলেও সর্বশেষ তিনি আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। সেই মামলার তদন্ত আবার পিবিআইকে দেওয়া হয়। তদন্তে নেমে ২০১২ সালে মেয়ের বাবার করা সাধারণ ডায়রিতে দেওয়া একটি ফোন নম্বরের সূত্র ধরে এ হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়।
পিবিআই জানায়, মেয়েকে হত্যার পর নাছিরকে শাস্তি দিতে দীর্ঘ সাত বছর ধরে তিনি মামলা চালিয়েছেন। এর জন্য তিনি নিজের জমিও বিক্রি করেছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকে রামদা নিয়ে ডাকাতি প্রস্তুতিকালে স্থানীয় জনতা এক যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এসময় তার কাছ থেকে একটি রামদা, হাতুড় উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৬টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকে এ ঘটনা ঘটে।
আটককৃত যুবকের নাম মেহেদি হাসান। সে সখিপুর উপজেলার গোহাইলবাড়ী গ্রামের মৃত নাজমুল হাসানের ছেলে।
ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের এলেঙ্গা শাখার দায়িত্বে থাকা মনিরুল ইসলাম রনি জানান, আমি ক্যাশে বসে দায়িত্ব পালন করছিলাম। হুট করে দেখি মুখোশ পড়া এক যুবক প্রবেশ করে বড় রামদা নিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। তখন আমি ক্যাশের ড্রয়ার বের করে আত্মরক্ষার চেষ্টা করি এবং ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আশে পাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) শরীফুল হক জানান, এলেঙ্গা বাসস্ট্যান্ডে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক ডাকাতি প্রস্তুতিকারী যুবককে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম আবুল মাজম (৫০)। তিনি ওই গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের আজাহার মিয়ার ছেলে বাবুল মন্ডলের সাথে পাশ্ববর্তী স্বরপপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ের বিয়ে হয়। বুধবার রাতে বাবুলের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। বিষয়টি জানতে পেরে বাবুলের শ্বশুর আব্দুল বারেক, শ্বাশুরী আনোয়ারা বেগম ও মামা শ্বশুর আফসার আলী বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তাদের বাড়িতে যান।
এ সময় বাবুল ঘরে বসে খাবার খাচ্ছিল। পেছন থেকে তার শ্বাশুরী আনোয়ারা বেগম তাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। বাবুলের আত্মচিৎকার তার চাচাতো ভাই আবুল মাজম এগিয়ে আসলে তাকেও লাঠি দিয়ে আঘাত করে। এতে মাজম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আনোয়ারা বেগম, বারেক ও আফসারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় কাউন্সিলর শুকুমার ঘোষ জানান, পারিবারিক কলহের জেরে বাবুলকে পেটানো হয়। মাজম এগিয়ে গেলে তাকে পেটানো হলে তিনি নিহত হন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।। তবে প্রাথমিক জিজ্ঞাসার জন্য ৪ জনকে আটক করা হয়েছে।
একতার কণ্ঠঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপুর্ন পরিবেশে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) টাঙ্গাইলের ঘাটাইল ও কালিহাতী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।
সকালে ভোট গ্রহন শুরুর সময় ঘন কুয়াসার কারনে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ভোটারদের লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে দেখা যায়। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়।
এছাড়াও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকা জুড়ে।
ঘাটাইল উপজেলার সন্ধানপুর, সংগ্রামপুর, রসুলপুর, লক্ষিন্দর ও ধলাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১জন, সাধারন সদস্য পদে ১৪৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। পাঁচটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন এক লাখ দুই হাজার ৩শ’৮১ জন।
অপরদিকে,কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয় জন, সাধারন সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২২ হাজার ৪শ’৫৫ জন।
এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান,এখন পর্যন্ত কোনো কেন্দ্রে সহিংসতার খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। ভোটারদের ভোট দানের হারও সন্তোষজনক। আশা করি, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় লৌহজং নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।
বুধবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জোকারচর সংলগ্ন লৌহজং নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, লৌহজং নদীতে রাতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তার পরিচয় জানার চেষ্টা চলছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী ও মির্জাপুরে দুই উপজেলায় পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) কালিহাতীর উপজেলায় সকাল ৭ টায় গোহালিয়াবাড়ী জোকার বাসস্ট্যান্ড এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জোকারচর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে।
জোকারচর রেলের গেটম্যান ইয়াকুব আলী জানান, সকালে জোকারচার এলাকায় রেল লাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা আমাদের অবগত করে।পরে লাশের বিষয়টি পুলিশকে জানানো হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ফজলুল হক জানান, অজ্ঞাত লোকটির লাশটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, মির্জাপুরে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে গাড়ির চাপায় আবু বক্কর (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার দুল্যা মনসুর নামক স্থানে এ ঘটনা ঘটে। সে দুল্যা মনসুর গ্রামের নান্নু মুন্সির ছেলে।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় মো. সাগর (৩৫) ও মো. সজিব (৩৩) নামে প্রাইভেটকার আরোহী দুই যুবক নিহত হয়েছেন। প্রাইভেটকার দুর্ঘটনায় পড়লে এরা দুজন রেল লাইনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় তারা ট্রেনের ধাক্কায় প্রাণ হারান।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোর রাতে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেল লাইন দিয়ে হাঁটতে গিয়ে এই দুই যুবক নিহত হন।
নিহত মো. সাগর পাবনার সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে। মো. সজিব একই জেলার আমিনপুর উপজেলার আহাম্মেদপুর গ্রামের মো. লিয়াকতের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যাক্তিরা রাতে প্রাইভেটকার যোগে ঢাকা হতে পাবনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় এলে অন্য একটি প্রাইভেটকার চাপ দিলে তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে নেমে যায়। পরবর্তীতে চালক গাড়িটিকে উপরে উঠানোর সময় এই দুই যুবক রেল লাইনের উপর হাঁটাহাঁটি করতে গিয়ে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ হারায়।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বলেন, লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরে নারীসহ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া হাউজিং এলাকা থেকে প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মো. জুলহাস আলী (৪০) বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের মৃত কাদেরের মেয়ে শিরিনা (৩৪), সদর উপজেলার কান্দিলা এলাকার আ. বাছেদের মেয়ে ফরিদা (২৪)। এছাড়া সদর উপজেলার পৌর এলাকার পশ্চিম আকুরটাকুর পাড়ার মুকুল আকন্দের ছেলে মো. রাসেল (৩১), আলমগীরের ছেলে আলামিন (২০), মৃত আ. সামাদ ফকিরের ছেলে আ. রাকিব (৩২) ও আব্দুল জব্বার আকন্দের ছেলে মো. রাজা আকন্দ (৩৩)।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জুলহাস আলী জমির পর্চা তোলার জন্য টাঙ্গাইল শহরে তার শ্যালকের নিকট যাওয়ার পথে এলেঙ্গা বাসস্ট্যান্ড পৌঁছে সিএনজিতে উঠেন। সিএনজিতে একজন মহিলা ও পুরুষ যাত্রী ছিল। টাঙ্গাইল আসার পথে শিরিনা বাদীর নাম ঠিকানা জিজ্ঞাসা করেন। বাদী তার নাম ঠিকানা বললে সে বলে তার বাড়িও কালিহাতী, টাঙ্গাইল শহরের বাসা ভাড়া নিয়ে থাকেন। কথার এক পর্যায়ে বাদিকে অশালীন অঙ্গভঙ্গি দেখিয়ে বাসায় যাওয়ার অনুরোধ করেন আসামী। পরে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড পৌঁছালে ফরিদা উপস্থিত হয়ে বাদিকে অটোরিকশাযোগে দুপুরে পশ্চিম আকুরটাকুর পাড়া হাউজিং মাঠের পশ্চিম পাশে সোলায়মান এর বাসার ভাড়াটিয়া রাসেলের ঘরে নিয়ে যান।
আরো জানা যায়, বাসায় যাবার পর ফরিদা বাদীকে বলেন শিরিনা তার বোন হয় এখন তার সাথে আপনার যৌন সম্পর্ক স্থাপন করতে হবে। বাদী অস্বীকার করলে তাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শণ করেন। এক পর্যায়ে বাদী ঘর থেকে বের হতে চাইলে পূর্ব পরিকল্পিতভাবে রাসেল, আলামিন, রাকিব ও রাজা ঘরে প্রবেশ করে বাদিকে খারাপ কাজ করতে এসেছে বলে গালিগালাজ ও মারধর করে। বাদী আসামীদের হাত পা ধরে ক্ষমা প্রার্থনা করলেও তারা কোন কর্ণপাত না করে খারাপ কাজ করতে এসে ধরা খেয়েছেন এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হবে বলে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এক পর্যায়ে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে পুলিশকে জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভূক্তভোগী ব্যক্তিকে উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে প্রতারক চক্রের দুই নারীসহ ছয় জনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম জানান, গ্রেপ্তারকৃত ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ১২/১৩/১৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা বৃদ্ধিতে এই ধরণের অপকর্মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে কালিহাতীতে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় সাড়ে ১০ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাওয়ার সময় রেলক্রসিং পার হওয়ার সময় সোমবার সাড়ে ১০টায় ট্রেনটির ১১ নম্বর বগি লাইনচ্যুত হয়। এ সময় বন্ধ হয়ে যায় ওই রেললাইনের ট্রেন চলাচল। খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটি কালিহাতী উপজেলার রাজাবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় ১১ নম্বর বগিটি লাইনচ্যুত হয়। পরে ট্রেনটির বগি উদ্ধার কার্যক্রম শেষে সচল করা হলে মঙ্গলবার সকাল ৯ টার দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এরআগে সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রাজাবাড়ী এলাকায় রেল ক্রসিংয়ের ওপর মালবাহী ওই ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ফলে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি টাঙ্গাইলের সঙ্গে ময়মনসিংহ ও জামালপুরের সড়ক যোগাযোগও বন্ধ হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল মহাসড়কে অপর ট্রাকের চাপায় বিকল ট্রাকের পিছনে দাড়িয়ে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া সদরের ব্রাহ্মনপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে মেহেদী হাসান (২৪) ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কলোনীবাজার এলাকার সবুজ মিয়ার ছেলে শাহিন মিয়া (২২)। নিহতরা বিকল ট্রাকের যাত্রী ছিলেন।
মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রংপুরগামী একটি ট্রাক ভোরে মহাসড়কের পৌলি এলাকায় আসলে পিছনের চাকা ফেটে যায়। এ সময় ট্রাক থেকে দুই যাত্রী নেমে পিছনে আসলে অপর একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরো জানান,নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া ট্রাক দুইটি কে আটক করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইনসহ মোসা. ফারজানা আক্তার সালমা (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত,ফারজানা আক্তার সালমা কুমিল্লার বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামের মো. আ. ছালামের মেয়ে। তিনি এলেঙ্গা পৌরসভার মশাজান এলাকায় ভাড়া থাকতেন।
এর আগে সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এলেঙ্গা দক্ষিণপাড়া বাগানবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. নুরুজ্জামান বাদি হয়ে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুজ্জামানের নেতৃত্বে ৩০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, রাতেই কালিহাতী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠালে বিচারক তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকালে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ (দক্ষিণ)।
এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও ৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উত্তর চৌধুরীবাড়ি গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এ প্রসঙ্গে, টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোহাম্মদ আলী নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে।
তিনি আরো জানান, এসময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও ৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। তার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।