একতার কণ্ঠঃ টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তির জামিন বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ জানান, আসামি সহিদুর ছয় বছর পলাতক ছিলেন। আর বিচারিক আদালতে মামলাটির বিচারকাজ প্রায় শেষ পর্যায়ে। তাই এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত তার জামিন প্রশ্নে জারি করা রুলটি খারিজ করে দিয়েছেন।
এর আগে ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়ার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ২০১৪ সালের আগস্টে গোয়েন্দা পুলিশ আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামের দুই জনকে গ্রেফতার করে। আদালতে এ দুজনের দেওয়া স্বীকারোক্তিতে হত্যার সঙ্গে তৎকালীন সাংসদ আমানুর রহমান খান রানা, তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পার জড়িত থাকার বিষয়টি উঠে আসে। এরপর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে গোয়েন্দা পুলিশ আদালতে তৎকালীন সংসদ সদস্য আমানুর রহমান খান ও তার অপর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আমানুর রহমান খান রানা ২০১৬ সালের সেপ্টেম্বরে আত্মসমর্পণ করেন। প্রায় তিন বছর হাজতবাসের পর তিনি জামিনে মুক্তি পান।
এদিকে দীর্ঘ ছয় বছর পলাতক থাকার পর ২০২০ সালের ২ ডিসেম্বর সহিদুর রহমান খান মুক্তি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ মাসুদ পারভেজ গত ১০ ফেব্রুয়ারি মুক্তিকে জামিন দেন। কিন্তু ২৮ ফেব্রুয়ারি তার অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করা হয়। এরপর মুক্তি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
পরে ২০২১ সালের ২৭ এপ্রিল ওই মামলায় মুক্তিকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আপিল বিভাগ রুলটি নিষ্পত্তি করতে হাইকোর্টকে সময় বেধে দেন। এর ধারাবাহিকতায় শুনানি শেষে রুলটি খারিজ করলেন হাইকোর্ট।
প্রসঙ্গত, আসামি রানা ও মুক্তির বাবা আতাউর রহমান খান টাঙ্গাইল-৩ (ঘাটাইল) বর্তমান আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে গ্রাম্য সালিশের জেরে মাদ্রাসা শিক্ষার্থী শিফাতকে(১৩) হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।
বুধবার(৩১ আগস্ট) দুপুরে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ আবু সালেহ মাসুদ করিম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এ বিষয়ে মাসুদ করিম আরো জানান, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত দুজন ছাড়াও আরও কয়েকজন অংশ নিয়েছিল বলে জানা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি জানান, নিহত শিফাতের বাবা ওই রাতেই পূর্ব শত্রুতার বিষয়টি উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী তালেবকে আটক করে পুলিশ।
পরে তার দেওয়া তথ্য অনুসারে একই উপজেলার কাটরা গ্রামের মেহতাবকে (১৮) আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মেহতাব ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন। অপরদিকে তালেব সিদ্দিকীকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হচ্ছে।
প্রকাশ, কয়েক সপ্তাহ আগে তুচ্ছ ঘটনার জের ধরে মির্জাপুরের ভাদগ্রাম ইউনিয়নের গোরাইল গ্রামের শহিদ মিয়ার ছেলে সিফাতকে মারধর করে হাত ভেঙে দেয় একই গ্রামের তালেব সিদ্দিকী (৬৫) ও তার নাতি হিরণ (২৫)। এ ঘটনায় গ্রাম্য সালিশে তালেব সিদ্দিকীকে ১০ হাজার টাকা জরিমানা ও তার নাতি হিরণকে ১০টি জুতার বাড়ি মারা হয়।
এরপর গত সোমবার (২৯ আগস্ট)দিনগত রাতে ত্রিমোহিনী মাঝিপাড়া এলাকার একটি ক্ষেতে সিফাতের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
নিহত শিফাতের বাবা ওই রাতেই পূর্ব শত্রুতার বিষয়টি উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
নিহত সিফাত উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল দক্ষিনপাড়ার শহিদ মিয়ার ছেলে ও মির্জাপুর সদরের আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।
একতার কণ্ঠঃ টাঙ্গাইালের নাগরপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে জুলহাস মিয়া (৩৮) নামের এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দূর্বৃত্তরা।অজ্ঞাত দূর্বৃত্তরা হত্যার পর তার মরদেহ বাড়ীর ডোবায় ফেলে রেখে যায়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যাতা স্বীকার করেন।
সোমবার(২৯ আগস্ট) রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর উত্তর পাড়া গ্রামে নৃশংস এ হত্যাকান্ডটি ঘটে। নিহত জুলহাস ওই গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে ।
মঙ্গলবার(৩০ আগস্ট) সকালে পুলিশ ঘটনাস্থলের ডোবা থেকে জুলহাসের রক্তাক্ত লাশ উদ্ধার করে।
জুলহাসের স্ত্রী মারুফা বেগম জানান, সোমবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে জুলহাস ঘুমের প্রস্ততি নেয়। এ সময় মোবাইল ফোন পেয়ে বাড়ী থেকে বের হয়ে যায় সে। তারপর আর রাতে বাড়ী ফেরেনি। পরদিন সকালে মৃতের স্বজরা তার লাশ বাড়ীর পাশের ডোবায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, নিহতের লাশের প্রাথমিক সুরতহাল রিপোট শেষ করে লাশ উদ্বার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরো জানান,সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে সিফাত মিয়া (১৩) নামে এক মাদরাসা ছাত্রকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে মির্জাপুর পৌর এলাকার ত্রিমোহন মাঝিপাড়া এলাকার একটি ধনচা খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।
নিহত সিফাত উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল দক্ষিনপাড়ার শহিদ মিয়ার ছেলে ও মির্জাপুর সদরের আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার(৩০ আগস্ট)সকালে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানান, সোমবার(২৯ আগস্ট) বিকেলে সিফাত একই গ্রামের বাসিন্দা তার বন্ধু নুরুল আমিনকে নিয়ে মির্জাপুর রেলক্রসিং এলাকায় চটপটি খাচ্ছিলো।
এ সময় দুটি ছেলে এসে কানে কানে সিফাতকে কিছু বলে ডেকে নিয়ে যায়।
এদিকে সন্ধা হলেও সিফাত বাড়ি না ফেরায় তার বাবা মুঠোফোনে বার বার ফোন দেন। কিন্তু রিসিভ না করায় তিনি চিন্তিত হয়ে পড়েন। পরে সিফাতের বন্ধু নুরুল আমিনকে ফোন দিলে সে জানায়, সন্ধ্যায় রেলক্রসিং এলাকা থেকে সিফাতের দুই বন্ধু তাকে ডেকে নিয়ে গেছে। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুজির পর রাত বারোটার দিকে ত্রিমোহন মাঝিপাড়ার একটি ধনচা খেতে তার মরদেহ পরে থাকতে দেখেন। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
সিফাতকে তার পরনের বেল্ট খুলে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া তার মুখে আঘাতের চিহ্ন ও পায়ূপথে একটি ধনচা ঢুকানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
এ ব্যাপারে সোমবার রাতেই সিফাতের বাবা শহিদ মিয়া মির্জাপুর থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শহিদ মিয়া জানান, গত এক মাস আগে তুচ্ছ ঘটনায় পাশের বাড়ির তালে সিদ্দিকী ও তার নাতি হিরন (২৭) মিলে সিফাতকে বেধরক মারপিট করে তার হাত ভেঙে দেয়। এ ঘটনায় গ্রাম্য শালিসে তালে সিদ্দিকী ও তার নাতিকে দশ হাজার টাকা জরিমানা ও দশটি জুতার বাড়ি মারা হয়। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। রাতেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সিফাতের প্রতিবেশী তালে সিদ্দিকীকে আটক করেছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। সিফাত হত্যাকরীদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ৭ বছরে শিশু ফাতিমাকে হত্যা করেছে মা হাওয়া বেগম। মৃত্যু নিশ্চিত হওয়ার পর গলায় গামছা পেঁচিয়ে মারা যাওয়ার নাটক সাজায় মা হাওয়া। রাগের মাথায় সে ফাতিমার গলা টিপে ধরে মেঝেতে ফেলে দিয়ে বাইরে চলে যায়। পরে ঘরে এসে মৃত্যু হয়েছে ভেবে গলায় গামছা পেঁচিয়ে রেখে আশপাশের লোকজন ডেকে আনে।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ ও আদালতের কাছে এমনটাই স্বীকার করেছে হাওয়া বেগম। হাওয়া বেগমের জবানবন্দি রেকর্ড করেন টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা হাসনাত।
এদিকে ঘটনার দিন পুলিশ শিশুটির মা হাওয়া বেগমকে মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় গরমিল পাওয়া যায়। পরে সে নিজ সন্তানকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ।
মামলার তদন্ত কর্মকর্তা ভূঞাপুর থানার এসআই মো. আরফান খান জানান, নিজ সন্তান ফাতিমাকে হত্যার বিষয়ে মা হাওয়া বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা হাসনাত তার জবানবন্দি গ্রহণ করেন।বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার(২৩ আগষ্ট) সন্ধ্যায় ভূঞাপুর উপজেলার নিকলাদড়ি পাড়া গ্রামে মা হাওয়া বেগম কর্তৃক এ হত্যার ঘটনা ঘটে। পরে খেলার ছলে গামছা পেঁচিয়ে ফাতিমার মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়। ফাতিমা ওই গ্রামের দুলাল হোসেনের মেয়ে। তার তিন মেয়ের মধ্যে ফতিমা সবার ছোট ছিলো।
স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করে সংসার চালান দুলাল হোসেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই অটোচালকের মৃত্যু হয়েছে।
রোববার ( ২৮ আগস্ট) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- পুষ্টকামুরী সওদাগরপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল মিয়া ও পুষ্টকামুরী পূর্বপাড়া গ্রামের ওয়াসি উদ্দিনের ছেলে আতিক।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, নিহত দুইজনই পেশায় অটোচালক ছিলেন। তারা একটি নষ্ট অটো মেরামত করে বাড়ি ফেরার পথে পুষ্টকামুরী চরপাড়া বাইপাস পার হওয়ার সময় পেছন দিক থেকে একটি বাস তাদের অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে আতিক ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে জুয়েলের মৃত্যু হয়।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোল্লা টুটুল জানান, ঘটনাস্থল থেকে বাসটি আটক করার গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে সোমবার (২৯ আগস্ট) দুপুরের নিহতদের লাশ দাফনের প্রাক্কালে তাদের পরিবারে শোকের মাতম বইছিলো। দুজনই বিবাহিত ছিলেন। তাদের স্ত্রী সন্তানদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয় নিহতদের বাড়িতে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া বাছেদ খান উচ্চবিদ্যালয়ের নিরাপত্তাকর্মী (দারোয়ান) আরিফ মিয়াকে (২৪) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা খানম রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় আরিফের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্তি আরিফ উক্ত বিদ্যালয়ের এক ছাত্রীকে টিকটক ভিডিও করতে বাধ্য করায়, এমন অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তাকে বরখাস্ত করা হলো।
সম্প্রতি, ওই নিরাপত্তাকর্মীর সঙ্গে এক ছাত্রীর বিদ্যালয় অঙ্গনে করা টিকটক ভিডিও ভাইরাল হওয়ায় আরিফের বিচার দাবি করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন।
রবিবার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা খানম এ ঘটনার তদন্তে এসে সত্যতা পেয়ে দারোয়ানকে বরখাস্তের জন্য নির্দেশ দেন।
অভিযোগ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, পাবনা জেলার বাসিন্দা আরিফ মিয়া প্রায় পাঁচ বছর ধরে উপজেলার নলুয়া বাছেদ খান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে ভাড়া থাকেন। সেই পরিচয়ে বছরখানেক আগে ওই বিদ্যালয়ে নিরাপত্তারক্ষী (দারোয়ান) পদে চাকরি নেন আরিফ। মাস ছয়েক ধরে আরিফের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করাসহ কিছু ছাত্রীর সঙ্গে টিকটক ভিডিও করার অভিযোগ ওঠে। সম্প্রতি বিদ্যালয়ের ইউনিফর্ম পরা ছাত্রীর সঙ্গে আরিফের একটি টিকটক ভিডিও ভাইরাল হয়।
এ ঘটনায় ওই উচ্চবিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে মৌখিকভাবে অভিযোগ দিলেও আরিফ প্রধান শিক্ষকের বাসায় ভাড়া থাকায় তিনি অভিযোগটি আমলে নেননি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে তারা বাধ্য হয়ে ইউএনওর কার্যালয়ে গিয়ে আরিফের বিচার দাবি করে একটি লিখিত অভিযোগ দেন।
এরই পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
রবিবার দুপুরে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা খানম হঠাৎ বিদ্যালয় পরিদর্শনে আসেন। তিনি ছাত্রীদের সঙ্গে কথা বলে এ ঘটনার সত্যতা খুঁজে পান। তিনি দারোয়ান আরিফকে সাময়িক বরখাস্ত করার জন্য ম্যানেজিং কমিটির সভাপতিকে নির্দেশ দেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় যাদবপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান জানান, ইতিমধ্যে দারোয়ান আরিফকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
আরিফের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এর পূর্বে আরিফ মুঠো ফোনে বলেছিলেন, ‘একজন মেয়ের অনুরোধে আমি টিকটকে অংশ নিয়েছি। পরবর্তী সময়ে ওই ভিডিওটি ভাইরাল হয়। এখন মেয়েটির সম্মান রক্ষা করতে গিয়ে মেয়েটি আমাকে ফাঁসাচ্ছে। আমি কোনো ছাত্রীকে উত্ত্যক্ত করিনি। আমি প্রধান শিক্ষকের বাসায় ভাড়া থাকি। এটাই আমার কাল হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগের হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।
রবিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বাজারসহ বেশ কয়েকটি স্থানে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, জ্বালানী তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী উপজেলার বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল। কিন্তু উপজেলা ছাত্রলীগ ওই সমাবেশে বাধা দেয়।
পরে নেতাকর্মীরা উপজেলার চারান এলাকায় গিয়ে সমাবেশ শুরু করেন। সমাবেশের শেষ পর্যায়ে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশে অতর্কিত হামলা চালায়। পরে দুই পক্ষের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবাল জানান, শান্তিপূর্ণভাবে আলোচনা সভা চলছিল। হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ হামলা করে সমাবেশে। এতে বিএনপি ও ছাত্রদলের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
এছাড়াও ১৭ টি মোটর সাইকেল, ৬টি পিকআপ ও ৪ টি বাস গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে কালিহাতী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষ হওয়ায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান শাহিন, ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির আহ্বায়ক মজনু মিয়া প্রমুখ।
প্রকাশ, কালিহাতীতে পুলিশের কঠোর অবস্থানের কারণে রবিবার কালিহাতী পৌর এলাকায় বিক্ষোভ মিছিল বের করতে পারেননি বিএনপির নেতাকর্মীরা। পরে দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান এলাকায় দলটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজের ৭ দিনে পর বাঁশ ঝাড়ের পাশে ডোবায় মিলল হৃদয় (১৩) নামে এক স্কুল ছাত্রের লাশ।
রবিবার(২৮ আগস্ট) সকালে উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রামের ওই ডোবায় তার অর্ধগলিত লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
হৃদয় ওই গ্রামের মোস্তফা মিঞার ছেলে ও স্থানীয় শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হৃদয় গত ৭দিন ধরে নিখোঁজ ছিল। গত সোমবার ( ২২ আগস্ট) সকালে শিমলা বাজারে যাওয়ার কথা বলে সে বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। হৃদয়ের বাবা মোস্তফা দরিদ্র ভ্যান চালক। নিখোঁজের পর থেকে আত্বীয়স্বজন ও ছেলের বন্ধুবান্ধবসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ খবর নেন তিনি। কোথাও ছেলের সন্ধান না পেয়ে গত বুধবার (২৪ আগস্ট) গোপালপুর থানায় একটি সাধারণ ডায়রী করেন।
রবিবার সকালে বাঁশের পাতা আনতে স্থানীয় এক ব্যক্তি ওই ঝাড়ে গিয়ে ডোবায় একটি লাশ ভাসতে দেখেন। পরে তার ডাকচিৎকারে লোকজন এসে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে হৃদয়ের স্বজনরা লাশ সনাক্ত করেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হৃদয়ের বাবা থানায় নিখোঁজ ডায়রী করার পর পুলিশ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান,লাশের ময়না তদন্তের প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের দায়ে ছয়টি দোকানকে এক লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার(২৭ আগস্ট) দুপুরে উপজেলার জলছত্র ও পঁচিশ মাইল বাজারে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ও সহকারী কমিশনার(ভূমি) জাকির হোসাইনের নেতৃত্বে আলাদা দুটি ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।
জানা যায়, মধুপুর উপজেলার জলছত্র বাজারে সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের দায়ে স্থানীয় রায়হানের সারের দোকানে পাঁচ হাজার টাকা, রহমতুল্লাহর দোকানে তিন হাজার টাকা, আমিনুল ইসলাম মিন্টুর দোকানে পাঁচ হাজার টাকা, আমিনুল ইসলামের দোকানে তিন হাজার টাকা জরিমানা করেছেন।
এদিকে, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত পঁচিশ মাইল বাজারে অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে স্থানীয় ফজলুল হকের সারের দোকানে এক লাখ টাকা ও আয়েশা এণ্টারপ্রাইজের আলী আকবর খানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
এ সময় মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, মধুপুরের জলছত্র ও পঁচিশ মাইল বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিবন্ধন বিহীন সার বিক্রি, মজুদ, মূল্য তালিকা সাটানো না থাকা সহ বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলমের হস্তক্ষেপে সোনালী আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। সে স্থানীয় বংকী পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা যায়, শুক্রবার (২৬ আগস্ট) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফজরচালা এলাকার সহিদ মিয়ার মেয়ের সঙ্গে উপজেলার যাদবপুর এলাকার আজাহার মিয়ার ছেলে পুলিশ সদস্য আলামিনের বিয়ের প্রস্তুতি চলছিলো।
গোপনসংবাদ পেয়ে ইউএনও প্রথমে স্থানীয় কাউন্সিলরকে পাঠিয়ে বিয়ের প্রস্তুতি বন্ধ করেন। ঘন্টাখানেক পরে গোপনে ফের বিয়ের কার্যক্রম শুধু করলে পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে পুনরায় সতর্ক করে আসেন। পরে বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ইউএনওকে মুচলেকা দেওয়ার শর্তে বিয়ে বন্ধ করা হয়।
৯নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ মিয়া জানান, ইউএনওর নির্দেশ পেয়ে আমি ওই বাড়িতে গিয়ে দেখি রান্না-বান্নার আয়োজন চলছে। বর পক্ষের লোকজনও সেখানে উপস্থিত আছেন। ইউএনও স্যারের নির্দেশে বিয়ে বন্ধ করে দেই।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম জানান, প্রাপ্ত বয়স না হওয়ার আগে বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বিএনপির মিছিলে হামলার ঘটনায় আহত ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন ওরফে পারভেজের(১৬) অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য বুধবার (২৪ আগস্ট) রাতে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহদুল হক সানু জানিয়েছেন, বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত ইসমাইলের জ্ঞান ফেরেনি।
ইসমাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ফতেপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। বুধবার জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা হয়। এ সময় মাথায় হাতুড়ির আঘাতে ইসমাইল গুরুতর আহত হন।
জেলা বিএনপির নেতারা জানান, বুধবার জেলা বিএনপির একাংশ শহরের সাবালিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপির নেতাদের দাবি, তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলটি শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে পৌঁছালে ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একদল নেতা–কর্মীরা বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলা করে।
এতে ইসমাইল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের দশ নেতা–কর্মী আহত হন। পরে ইসমাইলসহ দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে ইসমাইলের অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়।
জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহদুল হক সানু জানান, ইসমাইলের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। তাঁর জ্ঞান ফেরেনি। তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
এদিকে বুধবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বৃহস্পতিবার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন এবং ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার ঘটনার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।