/ হোম / অপরাধ
টাঙ্গাইলে স্কুলছাত্রীর সঙ্গে নিরাপত্তাকর্মীর জোরপূর্বক টিকটক ভিডিও ভাইরাল - Ekotar Kantho

টাঙ্গাইলে স্কুলছাত্রীর সঙ্গে নিরাপত্তাকর্মীর জোরপূর্বক টিকটক ভিডিও ভাইরাল

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুর নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে স্কুলের নিরাপত্তাকর্মী জোরপূর্বক ‘টিকটক’ বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে চাকরি থেকে বরখাস্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত নিরাপত্তাকর্মী আরিফ মিয়া তার পরিবারের সঙ্গে প্রায় পাঁচ বছর ধরে নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে ভাড়া থাকেন। এরই সূত্র ধরে আরিফ বছরখানেক আগে এই স্কুলে নিরাপত্তাকর্মী পদে চাকরি পান। চাকরি পাওয়ার পর থেকেই বিভিন্ন সময় ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছেন। এ ব্যাপারে শিক্ষার্থীরা এর আগে প্রধান শিক্ষককে অবহিত করলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ১৪ আগস্ট নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ইউনিফর্ম পরা অবস্থায় ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে স্কুল মাঠে টিকটক করাতে বাধ্য করে এবং তার ফেসবুক পেজে তা আপলোড করে। মুহূর্তে টিকটকটি ভাইরাল হয়ে যায়।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক বরাবর শিক্ষার্থীরা অভিযোগ দিলেও তিনি তা আমলে নেননি। পরে স্কুলের সব শিক্ষার্থী উপজেলা নির্বাহী বরাবর অভিযুক্ত নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় এবং অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে চাকরিচ্যুতসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা।

স্থানীয় একাধিক অভিভাবক জানান, স্কুলের নিরাপত্তাকর্মীর উত্ত্যক্তের সব দায় প্রধান শিক্ষকের। দ্রুত এই নিরাপত্তাকর্মীকে চাকরিচ্যুত করাসহ সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন তার কাছে কেউ অভিযোগ দেয়নি বলে দাবি করেন।

এদিকে উপজেলার নির্বাহী অফিসার ফারজানা আলম জানান, স্কুলের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ২৬. অগাস্ট ২০২২ ০৪:৩৫:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে হাটে ভিটি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা; আটক ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে হাটে ভিটি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা; আটক ৩

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া হাটে ভিটি( পজিশন দোকান) পাইয়ে দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিন প্রতারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সিপিসি-,৩টাঙ্গাইল।

বুধবার(২৪ আগস্ট) রাতে করটিয়া হাট বাইপাস এলাকায় আনোয়ার ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মো. এরশাদুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝড়কা(ভামীকাত্রা) গ্রামের মৃত নিতাই পালের ছেলে মনোরঞ্জন পাল(৩৮), টাঙ্গাইল সদর উপজেলার অলোয়া গ্রামের রূপচানের ছেলে মো. হাসেন আলী, টাঙ্গাইল পৌর সভার আকুর-টাকুর পাড়া এলাকার মৃত দারোগ আলীর ছেলে মো. ফজলুর রহমান।

বৃহস্পতিবার(২৫ আগস্ট) সকালে র‌্যাব-১২ এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) টাঙ্গাইল অফিসের একজন কর্মকর্তা হিসেবে পরিচয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজনকে করটিয়া কাপড়ের হাটের ভিটি (পজিশন দোকান) পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

খবর পেয়ে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল’র কোম্পানী কমান্ডার মো. আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার মো. এরশাদুর রহমান’র নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল বুধবার(২৪ আগস্ট) রাতে করটিয়া হাট বাইপাস এলাকা থেকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝড়কা(ভামীকাত্রা) গ্রামের মৃত নিতাই পালের ছেলে মনোরঞ্জন পাল(৩৮), টাঙ্গাইল সদর উপজেলার অলোয়া গ্রামের রূপচানের ছেলে মো. হাসেন আলী, টাঙ্গাইল পৌর সভার আকুর-টাকুর পাড়া এলাকার মৃত দারোগ আলীর ছেলে মো. ফজলুর রহমান নামের তিন প্রতারককে গ্রেপ্তার করে।

এ সময় গ্রেপ্তারকৃত তিন প্রতারকের কাছ থেকে ১টি শপিং ব্যাগের ভিতর হতে ডুপ্লিকেট কার্বন রশিদ বহি, দোকান বরাদ্ধের (ডি. সি, আর) এর ৭২টি জাল কপি, জেলা প্রশাসকের কার্যালয়সহ টাঙ্গাইলের বিভিন্ন সরকারী কর্মকর্তার নকল/জাল দাপ্তরিক সীল ১১টি এবং ০৩টি মোবাইল উদ্ধার করা হয়।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে প্রতারকরা করটিয়া হাটে সরকারী খাস জমিতে ভিটি (পজিশন দোকান) এর জন্য যে সকল লোকজন আসত তাদের প্রথমে সহকারী কমিশনার (ভূমি), টাঙ্গাইল’র পরিচয় দিয়ে বিশ্বাস অর্জন করে তাদের নিকট হতে লক্ষ লক্ষ টাকার দামের জমির ভিটি(পজিশন দোকান) সূলভ মূল্যে নকল সীল ও স্বাক্ষর করা ভুয়া ডি,সি,আর দিয়ে প্রতারণার কথা স্বীকার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত প্রতারকদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৬. অগাস্ট ২০২২ ০২:১১:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ভিডিও ধারণ করে ৫ বছর ধরে ধর্ষণ: আ.লীগ নেতা কারাগারে - Ekotar Kantho

টাঙ্গাইলে ভিডিও ধারণ করে ৫ বছর ধরে ধর্ষণ: আ.লীগ নেতা কারাগারে

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণ মামলায় অরণখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন নকরেককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে তিনি ধর্ষণের ভিডিও ধারণ করে পাঁচ বছর ধরে এক তরুণীকে ধর্ষণ করে আসছেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) মামুনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

এর আগে, বুধবার (২৪ আগষ্ট)ভুক্তভোগীর মা বাদী হয়ে মধুপর থানায় মামলা করেন। এতে আসামি করা হয় উপজেলার অরণখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন নকরেককে। রাতেই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মামুন নকরেকের সঙ্গে ওই তরুণীর সঙ্গে পাঁচ বছর আগে সম্পর্ক গড়ে ওঠে। তাকে একাধিকবার ধর্ষণ করে অজান্তেই সেই দৃশ্য ধারণ করেন মামুন। এরপর থেকে ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ বছর ধরে ওই নারীকে ধর্ষণ করে আসছেন তিনি। পরে ওই নারী অন্তঃসত্তা হয়ে পড়লে তাকে হত্যা এবং ভিডিও প্রকাশ করার হুমকি দেন মামুন।

সম্প্রতি মেয়ের শরীরের গড়ন দেখে সন্দেহ হয় ভুক্তভোগীর মায়ের। এরপর বিষয়টি জানার জন্য মেয়ের ওপর চাপ সৃষ্টি করেন মা।

মেয়েটি মায়ের চাপে বাধ্য হয়ে হত্যার হুমকি উপেক্ষা করে মুখ খুলেন।

ভুক্তভোগীর মা জানান, অনেক কষ্টে দিনমজুরি করে টাকা উপার্জন করে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছি। বর্তমানে মেয়েটি অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার শরীরের গড়নে পরিবর্তন দেখে মেয়েকে নানাভাবে চাপ সৃষ্টি করলে মেয়েটি মুখ খোলে। বর্তমানে মেয়েটি ছয় মাসের অন্তঃসত্তা। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে অনেকেই মীমাংসার চেষ্টা করেছে। এরপর আইনের দ্বারস্থ হন তিনি।

ভুক্তভোগী ওই তরুণী বলেন, ‘মামুন পাঁচ বছর আগে আমাকে বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে একদিন আমাদের বাড়িতে কেউ ছিল না। ওই দিন সে এসে আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং গোপনে ভিডিও ধারণ করেছে। পরে ওই ভিডিও দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে। ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এই ভাবে জিম্মি করে আমাকে মাঝে মধ্যেই ধর্ষণ করত। কাউকে জানালে আমাকে হত্যা করবে বলেও হুমকি দিত মামুন।

এ বিষয়ে অরণখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিলিপ মৃ জানান, মামুন নকরেক একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে আছেন। তিনি আগে দিনমজুর থাকলেও বর্তমানে তিনি নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন। তার বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ শুনেছি। সত্যতা জানি না।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান,তরুণী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মামুন নকরেককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৬. অগাস্ট ২০২২ ০২:৩৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা; আটক ১৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা; আটক ১৩

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে স্কুল ও কলেজের ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা দেওয়ার অভিযোগে ১৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে পৌর এলাকার নিশ্চিন্তপুর ও বাঁশবাড়ী রেস্টুরেন্টে অড্ডা দেওয়ার সময় তাদের আটক করা হয়।

পরে আটককৃত শিক্ষার্থীদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে জানায় পুলিশ।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, বখাটেপনা, কিশোর অপরাধ, ইভ টিজিং প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান চলছে। এ সময় ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা দেওয়ায় ১৩ শিক্ষার্থীকে আটক করা হয়।

তিনি আরো জানান, পরে অভিভাবকদের মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়। কিশোর অপরাধ, ইভ টিজিং নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ২৫. অগাস্ট ২০২২ ০৩:৫৭:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বিএনপি’র একাংশের বিক্ষোভ মিছিলে হামলা, আহত ১০ - Ekotar Kantho

টাঙ্গাইলে বিএনপি’র একাংশের বিক্ষোভ মিছিলে হামলা, আহত ১০

একতার কণ্ঠঃ জ্বালানি তেল-গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, নজিরবিহীন লোডশেডিং, সরকারে লুটপাট-দুর্নীতি এবং হামলা-মামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির একাংশের পথসভায় অতর্কিত হামলায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের সাবালিয়া এলাকায় সদর উপজেলা ও পৌর বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল ও পথসভায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। হামলার কারণে ওই বিক্ষোভ মিছিল ও পথসভাটি পন্ড হয়ে যায়।

হামলায় আহতরা হলেন- জেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মমিনুল হক খান নিক্সন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক উজ্জল হোসেন, জেলা যুবদল নেতা কাজী শামসুল আজিজ লিন্টু, মো. রিপন ইসলাম, আরিফ বিল্লাহ্, কামাল হোসেন, দাইন্যা ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ও মামুন। এদের মধ্যে সাইফুল ও মামুনের অবস্থা গুরুতর।

পথসভায় প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, সাবেক যুগ্ম-সম্পাদক আনিছুর রহমান আনিছ প্রমুখ।

টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী অভিযোগ করেন, বিক্ষোভ মিছিল শেষে পথসভায় সাবালিয়ার স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৫-৩০ জন নেতাকর্মী লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আইনগত বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিতুলের ব্যক্তিগত মুঠোফোনে অভিযোগ প্রসঙ্গে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও কল রিসিভ করেননি।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, শহরের সাবালিয়া এলাকায় সদর উপজেলা ও পৌর বিএনপির পথসভায় হামলার একটি ঘটনা ঘটেছে। কে বা কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

সর্বশেষ আপডেটঃ ২৫. অগাস্ট ২০২২ ০৩:০২:এএম ৪ বছর আগে
আরিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন - Ekotar Kantho

আরিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের নাগরপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্র আরিফ মিয়া (২১) হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে উপজেলার মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন নিহতর পরিবার ও এলাকাবাসী।

আরিফের লাশ সামনে রেখে স্বজনরা খুনি জাহাঙ্গীরসহ যারা জড়িত তাদের ফাঁসির দাবী করেন। মানববন্ধনে নিহতের পিতা হোসেন মিয়া, নিহতের বোন ও সহপাঠীরা বক্তব্য দেন। আরিফের লাশ নিয়ে নাগরপুর সদর বাজারে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে নাগরপুর সরকারি কলেজ মাঠে নিহত আরিফের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে সামাজিক কবর স্থানে দাফন সম্পর্ণ করা হয়।

উল্লেখ্যঃ- ০৮ আগস্ট উপজেলার নঙ্গীনা বাড়ি থেকে জাহাঙ্গীর আরিফকে মোটরসাইকেলসহ টাঙ্গাইল নিয়ে যায়। ১৯ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রীজের নিচ থেকে আরিফের লাশ উদ্বার করে পুলিশ।

শুধুমাত্র একটি মোটরবাইকের জন্য নিজ চাচাতো ভাইয়ের হাতে নৃশংস ভাবে প্রাণ দিতে হলো অনার্স প্রথম বর্ষের মেধাবি ছাত্র আরিফকে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ভিকটিমের চাচাতো ভাই উপজেলার নঙ্গিনা বাড়ি গ্রামের দারোগ আলীর ছেলে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।পুলিশের জিজ্ঞাসা বাদে ঘাতক জাহাঙ্গীর হত্যার দায় স্বীকার করে।

তার দেয়া তথ্যের ভিত্তিত্বে শুক্রবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রীজের নিচ থেকে তার লাশ উদ্বার করা হয়। পরে লাশটি সাটুরিয়া থানায় নেয়া হয়। এদিকে লুন্ঠিত মোটরসাইকেলসহ অপর আসামী দেলদুয়ার উপজেলার দুল্লা গ্রামের মোকছেদুর রহমানের ছেলে হাবিজুর রহমান রনিকে (৩৩) পুলিশ গ্রেফতার করে।

অপর দিকে ছেলে হত্যার খবর শুনে ওই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজাড়িতে সেখান কার আকাশ বাতাস ভারি হয়ে উঠে। শোকে নির্বাক বাবা মা কোন কথাই বলতে পারছেন না।

সর্বশেষ আপডেটঃ ২৪. অগাস্ট ২০২২ ০২:০৮:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে দুই নারীসহ চার গরুচোর আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে দুই নারীসহ চার গরুচোর আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে গরু চুরি করে নিয়ে পালানোর সময় গরুসহ একটি সিএনজি ও চার চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (২২ আগস্ট) বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের আবেদআলী গ্রামে ঘটনাটি ঘটেছে।

আটককৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার পাথুলিয়া ভবানীপুর গ্রামের ওয়াসীম আলীর স্ত্রী নূরজাহান বেগম (৩৮), বড় দিঘুলিয়া গ্রামের আনোয়ার হোসেনর স্ত্রী সালমা বেগম (৪০), সুরুজ বড়রিয়া গ্রামের হাকিম মন্ডলের ছেলে শরীফ মন্ডল (৩২) ও তারুটিয়া গ্রামের নয়ন খানের ছেলে জহিরুল খান (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আবেদআলী গ্রামের আলাল উদ্দিনের একটি ষাড় বাছুর সড়কের পাশে বাড়ির আঙিনায় বাধা ছিল। একজন মহিলা বাছুরটির বাধন খুলে সিএনজি চালিত অটোরিকশায় তোলে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। তখন স্থানীয় জনতা সিএনজি সহ চার গরু চোরকে আটক করে। বিক্ষুব্ধ জনতা মারধর শুরু করলে ধৃতরা গরু চুরির কথা স্বীকার করেন । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরু সহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘাটাইল সাগরদিঘি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ দুলাল আকন্দ জানান, আটকৃত চোরদের জিজ্ঞাসা চলছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৩. অগাস্ট ২০২২ ০৬:১২:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে গৃহবধূর আত্মহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে গৃহবধূর আত্মহত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে বিয়ের ২৩ দিনের মাথায় ২০ বছরের এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার কোনাবাড়ি এলাকায় বাবার বাড়িতে ঘরের ধর্নার সাথে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত গৃহবধূ আশা আক্তার (২০) ওই গ্রামের আরশেদ আলীর মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ দিন আগে উপজেলা সদরের দুয়াজানি গ্রামের মো. সজীব আহাম্মেদের সাথে বিয়ে হয়েছিল আশা আক্তারের । সম্প্রতি আশা তার বাবার বাড়িতে আসেন।

রবিবার দুপুরে আশার ভাই তাকে খাওয়ার জন্য ডাকতে গেলে আশার ঘরটি ভিতর থেকে বন্ধ পায়। ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে এক পর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে ধর্নার সাথে আশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে দ্রুত তাকে উদ্ধার করে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর(ইউপি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৩. অগাস্ট ২০২২ ০২:২৭:এএম ৪ বছর আগে
সখীপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক - Ekotar Kantho

সখীপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

একতার কণ্ঠঃ  টাঙ্গাইলের সখীপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (২১ আগস্ট) বিকালে পৌর এলাকার মোখতার ফোয়ারা চত্বর, হাসপাতাল গেট, সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজসহ পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে কিশোর গ্যাংয়ের ওই ১১ বখাটে ও উত্যক্তকারীকে আটক করা হয়।

আটককৃতদের বাড়ি পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন গ্রামে।

সখিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক (এস.আই) মনিরুজ্জামান জানান, কিশোর অপরাধ প্রতিরোধে স্কুল- কলেজের আশপাশ থেকে ছাত্রীদের উত্যক্তকারী ওই বখাটে ১১ কিশোরকে আটক করা হয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, আটককৃতদের অভিভাবক ডেকে এনে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ২২. অগাস্ট ২০২২ ০৪:২৮:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে র‍্যাবের সিও পরিচয় দেওয়া প্রতারক গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে র‍্যাবের সিও পরিচয় দেওয়া প্রতারক গ্রেপ্তার

একতার কণ্ঠঃ  কখনও র‍্যাবের সিও আবার কখনও সরকারি কর্মকর্তার পরিচয়দানকারী মোস্তাফিজুর রহমান রাতুল নামে এক প্রতারককে টাঙ্গাইলের মধুপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২০ আগস্ট) রাতে টাঙ্গাইলর মধুপুর সদর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।টাঙ্গাইল র‌্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রান্দিলা ধলিয়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।

গ্রেফতারের সময় মোস্তাফিজুরের কাছ থেকে ১টি ওয়াকিটকি সেট ও চার্জার, ৩টি মোবাইল, জনতা ব্যাংকের ২টি চেক, ২টি ভিকটিমদের (চাকরি দেওয়ার জন্য) বায়োডাটা, ৩টি মামলার এজাহারের ফটোকপি (তদন্ত অফিসার), কাস্টমস অফিসারের ছাড়পত্র লেখা সংযুক্ত ২টি মোটরসাইকেলের নিলামের ভুয়া ফটোকপি ১টি, খন্দকার রাতুল নামে আবাসিক প্রকল্পের ব্যানারের ছবি ১টি এবং ভিকটিমদের দেওয়া বিভিন্ন ডকুমেন্ট উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ এর তিন নম্বর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, মোস্তাফিজুর নিজেকে কখনও র‍্যাবের কর্মকর্তা আবার কখনও সরকারি বড় কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন জনের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতেন। গত এক বছরে তার একটি ব্যাংক একাউন্টে ৯৬ লাখ টাকা লেনদেন হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর রহমান রাতুল নিজেকে প্রতারণার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে। এমনকি তার নামে ২০০৭ সালে ময়মনসিংহ সদর থানায় ১টি প্রতারণার মামলাও রয়েছে। প্রতারণার ঘটনায় বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাব কমান্ডার।

সর্বশেষ আপডেটঃ ২২. অগাস্ট ২০২২ ০৪:১৪:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ছাগলের গাছ খাওয়াকে কেন্দ্র করে শতাধিক পেঁপে গাছ কর্তন - Ekotar Kantho

টাঙ্গাইলে ছাগলের গাছ খাওয়াকে কেন্দ্র করে শতাধিক পেঁপে গাছ কর্তন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বে সাগর আকন্দের পেঁপে বাগানের শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী শাহিদা বেগমের বিরুদ্ধে। শনিবার (২০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় মৌখিক অভিযোগের প্রেক্ষিতে কেটে ফেলা পেঁপে বাগান পরিদর্শন করেছেন ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া।

জানা গেছে, পশ্চিম ভূঞাপুরে ২৫ শতাংশ জমি লিজ নিয়ে পেঁপে ও কলা গাছের বাগান করেছিলেন কৃষি উদ্যোক্তা সাগর আকন্দ। ইতোমধ্যে বাগানের প্রত্যেকটি গাছে পেঁপে ধরেছিল। এতে কয়েক লাখ টাকার পেঁপে বিক্রির স্বপ্ন দেখেছিলেন সাগর।

সাগর আকন্দ বলেন, ‘প্রতিবেশী শাহিদার ছাগল প্রতিদিন বাগানে প্রবেশ করে বিভিন্ন গাছের চারা খেয়ে ফেলত। বিষয়টি ছাগলের মালিককে জানানো হলে সে ক্ষিপ্ত হয়ে বাগানের পাশেই ছাগল চড়াত।’

তিনি আরও বলেন, ‘শনিবার সকালে ছাগল বাগানে প্রবেশ করে এবং বেশ কয়েকটি পেঁপে, কলা ও বেগুন গাছ নষ্ট করে ফেলে। পরে ছাগলটি আটকে রাখলে ওই নারী ক্ষিপ্ত হয়ে পেঁপে ও কলা গাছগুলো কেটে ফেলে।’

সাগরের বাবা লাল মিয়া আকন্দ বলেন, ‘সাগর নারায়ণগঞ্জে একটি জাহাজ কোম্পানিতে চাকরি করতো। করোনাকালে তার চাকরি চলে গেলে বাড়িতে চলে আসে। পরবর্তীতে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে ২৫ শতাংশ জমি লিজ নিয়ে সবজি বাগান শুরু করে। গাছগুলো কেটে ফেলায় ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়েছে।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান ‘মৌখিকভাবে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ূন কবির জানান, ‘বিষয়টি শুনেছি। সরেজমিনে গিয়ে প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ আপডেটঃ ২১. অগাস্ট ২০২২ ০১:১৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজ হওয়ার ১১ দিন পর কলেজ ছাত্র আরিফ মিয়ার (২১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।

আরিফ নাগরপুর সদর ইউনিয়নের নঙ্গিনাবাড়ী গ্রামের সৌদি প্রবাসী মো. হোসেন মিয়ার ছেলে। সে টাংগাইল কাগমারীর সরকারি এমএম আলী কলেজের বিএ (অনার্স) প্রথম বর্ষের ছাত্র।

এ ব্যাপারে নাগরপুর থানায় নিখোঁজ হওয়ার দুইদিন পর (১০ আগস্ট) নিহতের চাচা মো. হাসান মিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

এ প্রসঙ্গে, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, গত ৮ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে আরিফ নিজের মোটরসাইকেল নিয়ে চাচাতো ভাই জাহাঙ্গীরের সঙ্গে বাড়ি থেকে টাঙ্গাইলের উদ্দেশে বের হয়ে যান। ওই দিন বিকেলে জাহাঙ্গীর একা বাড়ি ফিরে আসেন।

আরো পড়ুনঃ টাঙ্গাইলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

তিনি আরো জানান, এসময় বাড়ির লোকজন জাহাঙ্গীরের কাছে আরিফের কথা জানতে চাইলে বিভিন্ন টালবাহানা করে একেক সময় একেক তথ্য দিয়ে পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। অবশেষে দুই দিন পেরিয়ে গেলেও আরিফের কোনো সন্ধান না পেয়ে ১০ আগস্ট নাগরপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। বিকেলে মানিকগঞ্জ থানা পুলিশ আরিফের মরদেহ উদ্ধার করে।

সর্বশেষ আপডেটঃ ২০. অগাস্ট ২০২২ ০৩:০৬:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।