/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইলে ন্যাপ ভাসানীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - Ekotar Kantho

টাঙ্গাইলে ন্যাপ ভাসানীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ) ভাসানীর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার(২৬ জুলাই) সকালে সন্তোষস্থ মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হাসরত খান ভাসানীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় ন্যাপ ভাসানীর মহাসচিব খালেদ শাহরিয়ার, বরিশাল জেলা ন্যাপ ভাসানীর সাংগঠনিক সম্পাদক ইউনুস নাজির, যুগ্ম-মহাসচিব মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ডা. আব্দুল করিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে দেশ-জাতি ও ন্যাপ ভাসানীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুলাই ২০২২ ০১:৩৩:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশু ধর্ষণকারী গ্রেফতার - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশু ধর্ষণকারী গ্রেফতার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে ১০ বছরের শারীরিক প্রতিবন্ধী শিশু কন্যাকে ধর্ষণকারী কৃষ্ণ চন্দ্র দাসকে(৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৫ জুলাই) বিকেলে দেলদুয়ার উপজেলার দেউলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা।

অভিযুক্ত কৃষ্ণ চন্দ্র দাস নাগরপুর উপজেলার বেকরা ইউনিয়নের ভোর বাজার গ্রামের মৃত জিতেন্দ্র চন্দ্র দাস এর ছেলে।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে উপজেলার বেকড়া ইউনিয়নের ভোর বাজারে এ ধর্ষনের ঘটনাটি ঘটে।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নাগরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম একজন শারীরিক প্রতিবন্ধী। তার বাবা চা বিক্রি করে কোন রকম সংসার চালায়। প্রতিদিন দুপুরে মেয়েকে দোকানে বসিয়ে রেখে বাড়ীতে খাবার খেতে যায়। শুক্রবার মেয়েকে রেখে জুমার নামাজ আদায় করতে যান তিনি। পরে নামাজ আদায় করতে গেলে কৃষ্ণ দাস নিজ দোকান থেকে বের হয়ে ওই চা দোকানে আসে।নামাজের সময় বাজারে লোকজন না থাকায় কৃষ্ণ দাস শিশু মেয়েটিকে ডেকে তার দোকানের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করে সুকৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে মামলাটির তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম জানান, শিশুটিকে ধর্ষণকারী আসামি কৃষ্ণ চন্দ্র দাসকে সোমবার দেলদুয়ার উপজেলার দেউলী থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান,প্রাথমিক জিজ্ঞেসাবাদে আসামি কৃষ্ণ চন্দ্র দাস শিশুটিকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। আসামিকে আদালতে মাধ্যমে মঙ্গলবার (২৬ জুলাই) টাংগাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশ, ঘটনার পর ধর্ষককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী

সর্বশেষ আপডেটঃ ২৬. জুলাই ২০২২ ০৮:৫৯:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে স্কুল থেকে ছাত্রী উধাও! - Ekotar Kantho

টাঙ্গাইলে স্কুল থেকে ছাত্রী উধাও!

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে স্কুল থেকে এক ছাত্রী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ চৌরাস্তা পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী (১৬) উধাও হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই ছাত্রীর পরিবার জানায়, প্রতিদিনের ন্যায় রবিবার সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। স্কুলেও আসে বলে জানায় তার কয়েকজন বান্ধবী। পরে ওই ছাত্রী স্কুল ছুটির পর বাড়িতে না গেলে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজাখুঁজি শুরু করে এক পর্যায়ে জানতে পারে পাশের উপজেলা মধুপুরের আচরা এলাকায় ৮ম শ্রেণি পড়ুয়া এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক সূত্রে পালিয়েছে।

এ বিষয়ে শালিয়াবহ চৌরাস্তা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবু হানিফ জানান, স্কুলে উপস্থিতি হাজিরা রয়েছে। তবে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি, ওই মেয়ের বিভিন্ন ছেলের সাথে একাধিক প্রেমের সম্পর্ক রয়েছে। ধারণা করা হচ্ছে প্রেম ঘঠিত কারণে কোনো ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে।

সর্বশেষ আপডেটঃ ২৬. জুলাই ২০২২ ০২:৩২:এএম ৪ বছর আগে
বেড়াডোমা সেতু নির্মাণে কোনো নিয়ম মানা হয়নি; দুদক টিম - Ekotar Kantho

বেড়াডোমা সেতু নির্মাণে কোনো নিয়ম মানা হয়নি; দুদক টিম

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বেড়াডোমা-ওমরপুর সড়কে লৌহজং নদীর উপর শহরের বেড়াডোমায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৩০ মিটার দীর্ঘ সেতুতে কোন নিয়ম মানা হয়নি বলে মন্তব্য করেছে দুদকের এনফোর্সমেণ্ট টিম।

টিম মনে করে, স্টিলের পাইপের পরিবর্তে বাঁশ ও কাঠের তৈরি খুঁটি দিয়ে সেতুর পার্ডার ও স্ল্যাবের সেণ্টারিং করা, সাইটে ঠিকাদারের প্রকৌশলীর অনুপস্থিত থাকা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই সেতুটি নির্মাণের আগেই ধ্বসে পড়েছে।

টাঙ্গাইলের লৌহজং নদীর উপর নির্মাণাধীন সেতুটি ১৬ জুন রাতে ধ্বসে পড়ার পর রোববার (২৪ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেণ্ট টিম সরেজমিন পরিদর্শন করে।

দুদকের এনফোর্সমেণ্ট টিম আরও জানায়, তারা সরেজমিনে দেখতে পায়- নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ব্রিজটির মাঝখানে দেবে গেছে।

স্পেসিফিকেশন বহির্ভূতভাবে সেতু নির্মাণকাজ শুরু করা, গার্ডার ও স্ল্যাবের সেণ্টারিং কাজে স্টিলের পাইপের পরিবর্তে গজারি, ইউক্যালিপটাস ও বাঁশের পাইল ব্যবহার, ঠিকাদারের দায়িত্বে অবহেলা ও সাইটে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীর অনুপস্থিতিসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৮ মিটার প্রস্থ ও ৩০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৬০ লাখ ১৮ হাজার টাকা। বিগত ২০২০ সালের (১২ নভেম্বর) থেকে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে সেতুর নির্মাণকাজ শুরু করে।

গত ১১ মে সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলে এ পর্যন্ত মাত্র ৫৫ শতাংশ কাজ শেষ করা হয়েছে। জুনের মাঝামাঝি সময়ে সেতুর ওপরের অংশে ঢালাই কাজ করা হয়। কিন্তু ১৬ জুন রাতে সেতুর মাঝখানের সাটারিং সরে সাড়ে তিন ফুট দেবে যায়। ফলে নির্মাণাধীন সেতুটি ভেঙে আবার নতুন করে নির্মাণ করার প্রয়োজনীতা দেখা দিয়েছে।

পরিদর্শনকালে টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমি দুদকের টিমকে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে বার বার সতর্ক করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি তা অগ্রাহ্য করে নির্মাণ কাজ চালিয়েছেন। স্থানীয়রা অভিযোগ করে, প্রভাবশালী একটি মহল এই অনিয়মের সঙ্গে সরাসরি জড়িত থাকায় অনিয়ম করা হয়েছে।

দুদকের টাঙ্গাইল জেলা কার্যালয় সহকারী পরিচালক ফেরদৌস রহমানের নেতৃত্বে একটি এনফোর্সমেণ্ট টিম গঠন করা হয়। টিমের অপর সদস্যরা হচ্ছেন- সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ, কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম, উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ ও জাহেদ আলম।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ জানান, একটি এনফোর্সমেণ্ট টিম টাঙ্গাইল পৌর সভার বেড়াডোমা-ওমরপুর সড়কের বেড়াডোমায় লৌহজং নদীর উপর নির্মিতব্য সেতু এলাকা পরিদর্শন করেছে।

অভিযোগের সত্যতা পেয়ে বিস্তারিত রেকর্ডপত্র সংগ্রহ করেছে এবং এনফোর্সমেণ্ট টিম দুদকের উর্ধতন কর্মকর্তার কাছে দ্রুত প্রতিবেদন দাখিল করবে।

সর্বশেষ আপডেটঃ ২৬. জুলাই ২০২২ ০২:০০:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলের শিশু ধর্ষণ মামলার একজনের যাবজ্জীবন কারাদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলের শিশু ধর্ষণ মামলার একজনের যাবজ্জীবন কারাদণ্ড

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রী ১০ বছরের শিশুকে বড়ই খাওয়ার কথা বলে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ মামলার রায়ে এক জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন সোমবার(২৫ জুলাই) দুপুরে এই রায় ঘোষনা করেন।

সেই সাথে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

দন্ডিত ব্যক্তি নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামের মৃত নয়ান আলীর ছেলে লিয়াকত আলী (৫৮)।

এ প্রসঙ্গে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ২০১৫ সালের ২১ মার্চ বিকেল ৩ টার দিকে চেচুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী ১০ বছরের ওই শিশু বাড়ির পাশে খেলা করছিল। পরে একই গ্রামের দন্ডিত আসামী লিয়াকত আলী বড়ই খাওয়ার লোভ দেখিয়ে নিজ বসত ঘরে নিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ঘটনার কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলার ভয়ভীতি প্রদর্শণ করে ভিকটিমকে ঘর থেকে বের করে দেয়। পরদিন ভিকটিম বাড়ীর লোকদের ঘটনার বিষয় জানায়। ধর্ষিত শিশুর পিতা প্রতিবন্ধি হওয়ায় পরে তার দাদা ২০১৫ সনের ২ এপ্রিল নাগরপুর থানায় মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা নাগরপুর থানার এসআই মো: আব্দুল হক তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ জুলাই আসামী লিয়াকত আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার তদন্ত কর্মকর্তা, চিকিৎসকসহ মোট ৮ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।

আসামীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আব্দুর রাজ্জাক।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুলাই ২০২২ ০৯:৩১:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু - Ekotar Kantho

টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

একতার কণ্ঠঃ ‘বৃক্ষ প্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মে টেকসই বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর-উদ্যানে বন বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনিক সহযোগিতায় সাত দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।

রোববার (২৪ জুলাই) সকালে মেলার উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ স্মৃতি পৌর-উদ্যানের বৃক্ষমেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

মেলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে মেলা প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তারা বৃক্ষ রোপণে পরিবেশ ও মানুষের উপকারিতার বিভিন্ন দিক তুলে ধরে সবাইকে বেশি বেশি বৃক্ষ রোপণ করার প্রতি আহ্বান জানিয়েছেন।

আলোচনা সভা শেষে টাঙ্গাইল বন বিভাগের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছ উপহার দেয়া হয়।

মেলায় অর্ধশতাধিক স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষূধি গাছ বিক্রির জন্য প্রদর্শিত হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুলাই ২০২২ ১১:৪৭:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে স্রোতে ভেঙে গেছে সেতুর সংযোগ সড়ক; জন ভোগান্তি চরমে - Ekotar Kantho

টাঙ্গাইলে স্রোতে ভেঙে গেছে সেতুর সংযোগ সড়ক; জন ভোগান্তি চরমে

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ারে পানির স্রোতে সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় ১০ গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কয়েক লক্ষাধিক মানুষ।

শুক্রবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার সিলিমপুরে এলেংজান‌ী সেতুর এক পাশের সংযোগ সড়ক ভেঙে যায়।

এদিকে, সেতুর এক পাশ ভেঙে যাওয়ায় বিকল্প সড়ক না থাকায় স্থানীয় ডিঙি নৌকায় নদী পারাপার হচ্ছেন সেখানকার বাসিন্দারা।

স্থানীয়রা জানান, সম্প্রতি বন্যার শুরুতে সেতুর আশপাশে নদী ভাঙন দেখা দেয়। সে সময় সেতুর কিছু অংশ ভেঙে গেলেও সংযোগ সড়ক ব‌্যবহার করে চলাচলে তেমন কোনো সমস্যা সৃষ্টি হয়নি। তবে পুনরায় নদীর পানি কমতে শুরু করায় আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে এলেংজান‌ী নদীর ওপর নির্মিত সেতুর একপাশের সংযোগ ভেঙে চলাচল বন্ধ হয়েছে। এতে আশপাশের প্রায় ১০ গ্রামসহ চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সিলিমপুর স্কুলের নবম শ্রেণীর ছাত্র তাইজুল জানান, সংযোগ সড়কটি ভেঙে যাওয়ায় তাদের বিদ্যালয় যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হয়ে বিদ্যালয় যেতে হচ্ছে। অন্তত সংযোগ সড়কটিতে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে চলাচলের উপযোগী করা হোক।

মাইঠান ও দেউলি গ্রামের হাবিব, হাফিজুল, সবুজ জানান , নদীতে পানি বাড়ার সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। তবে ভাঙনের হাত থেকে রক্ষায় কোনো ব‌্যবস্থা নেওয়া হয়নি। সেতুর সংযোগ সড়কটি ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

উপজেলার দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান তাহমিনা আকতার বলেন, ভেঙে যাওয়া সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করেন। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় সেতুর এক পাশের সড়ক ভেঙে গেছে।

দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মারুফ জানান, পানি উন্নয়ন বোর্ড ও এলজিডির নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব সেতুটির সংযোগ সড়কটি জিও ব্যাগ ফেলে চলাচলের উপযোগী করা হোক.। উপজেলা পরিষদ থেকে গত দুই বছর মৌখিকভাবে বাব বার জানানোর পরও ব্যবস্থা গ্রহণ না করায় জনগণের আজকের এই দুর্ভোগ।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুলাই ২০২২ ০৯:৪০:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে দুই চালক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে দুই চালক নিহত

একতা কন্ঠ: টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (২৪ জুলাই) ভোরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই ) জ্বিলকদ হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা মারে।

তিনি আরও জানান, এতে হানিফ বাসের চালক ও ট্রাকের চালক ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসন ও দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুলাই ২০২২ ০৭:৪৪:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম (১৬) নামের এক এসএসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।এই দুর্ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন।

শনিবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কলেজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বাসাইল থানার এএসআই হাবিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাকিবুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ব্রাক্ষনকুশিয়া গ্রামের ইদরিস আলীর ছেলে ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন- একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. ইয়াছিন (১৭) ও কোরবান আলীর ছেলে সাইদুল ইসলাম মিন্টু (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে সিএনজি বাসাইল কলেজ পাড়া আসলে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় একজনের মৃত্যু হয়।

বাসাইল থানার এএসআই হাবিব জানান, বিকেল ৫টার দিকে বাসাইল কলেজ পাড়া এ দুর্ঘটনা ঘটে।মোটরসাইকেল আরোহী তিনজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় একজনের মৃত্যু হয়।মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুলাই ২০২২ ০৫:২৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ইউএনওর নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা: যুবক গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে ইউএনওর নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা: যুবক গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রানুয়ারা খাতুনের ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে টাকা দাবি করা যুবককে আটক করেছে সদর থানার পুলিশ। এ ঘটনায় শুক্রবার(২২ জুলাই) রাতে টাঙ্গাইল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন ইউএনওর অফিসের জারীকারক মো. চাঁন মামুদ । পরে সদর থানার পুলিশ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভারড়া গ্রামের রকমত আলীর ছেলে বিজয় খানকে মির্জাপুর থেকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, ইশরাত জাহান সিনথিয়া নামের ফেসবুক আইডি তৈরী করে তাতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের ছবি ব্যবহার করে প্রতারক বিজয় খান আইডিটি ব্যবহার করে আসছিল। ফেসবুকের তালিকায় থানা বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশ নম্বরের মাধ্যমে বিভিন্ন পরিমানের অর্থ দাবিপূর্বক আদায করে আসছিলেন তিনি। বিষটি ইউএনও জানতে পেরে নিজস্ব ফেসবুক আইডিতে তার নাম ব্যবহারকারী কারো সাথে অবৈধ অর্থ লেনদেন করতে নিষেধ করে পোষ্ট করেন। এক পর্যায়ে ইশরাত জাহান সিনথিয়া নামীয় ফেসবুক আইডি বন্ধু তালিকা থাকা কয়েক জনের নিকট টাকা দাবি করেন ওই প্রতারক যুবক। বিষটি পুলিশকে অবগত করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সর্বশেষ আপডেটঃ ২৩. জুলাই ২০২২ ০৯:৫৫:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলের বাসুলিয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ - Ekotar Kantho

টাঙ্গাইলের বাসুলিয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

একতার কণ্ঠঃ থৈ থৈ জলে, ঢাক-ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি-মাল্লার বইঠার ছন্দ মাতিয়ে তোলে বাসুলিয়ার চাপড়া বিলের শান্ত জলের ঢেউকে। আর সেই তালে তাল মেলাতে নৌকা বাইচ দেখতে বিশাল বিস্তৃত টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া খ্যাত চাপড়া বিলের বুকে হাজারো মানুষের ঢল নামে।

আবহমান বাঙালি জাতির ঐতিহ্য ও শতবর্ষের প্রাচীন সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ। নদীমাতৃক এ দেশের গ্রামীণ লোক সংস্কৃতির সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে দেশের বিভিন্ন নদ-নদী ও বিল-বাঁওড়ে আয়োজন করা হয় নৌকা বাইচ।

এরই ধারাবাহিকতায় বাসাইলের দিগন্ত বিস্তৃত জলভরা দৃষ্টিনন্দন বাসুলিয়ায় উৎসবমুখর পরিবেশে শুক্রবার (২২ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দৃষ্টিনন্দন ও নৈসর্গিক সৌন্দর্য্যের লীলাভূমি চাপড়া বিলে অনুষ্ঠিত হয় নৌকাবাইচ। জেলার অন্যতম বিনোদনমূলক এ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো মানুষের সমাগম হয়। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

প্রতি বছরের মতো এবারও বর্ণিল এ নৌকা বাইচের আয়োজন করেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া স্মৃতি সংসদ।

প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, পাবনা ও টাঙ্গাইলের কয়েকটি উপজেলা থেকে আল্লাহ ভরসা, মায়ের দোয়া, সোনার তরী, ফুলের তরী, হীরার তরী, আদর্শ তরী, ময়ূর পঙ্খী, পঙ্খীরাজ ও জলপরীসহ বাহারী নাম ও রঙের ডিঙি, কুশা, সিপাই, খেলনা, অলংগাসহ কয়েক ক্যাটাগরির প্রায় অর্ধশতাধিক নৌকা অংশগ্রহণ করে।

ছোট, বড় ও মাঝারি নৌকা নিয়ে পৃথক পৃথক কয়েকটি রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে টাঙ্গাইলের ভূঞাপুরের ‘নিউ হীরার তরী’ নৌকাটি চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় নাগরপুর উপজেলার ‘হারানো মানিক নৌকা।’ পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ অংশগ্রহণকারী প্রত্যেকটি নৌকাকেই আকর্ষনীয় পুরষ্কার দেওয়া হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উপভোগ করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

সর্বশেষ আপডেটঃ ২৩. জুলাই ২০২২ ০৫:২৩:পিএম ৪ বছর আগে
টাঙ্গাই‌লে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ - Ekotar Kantho

টাঙ্গাই‌লে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ

একতার কণ্ঠঃ টাঙ্গাই‌লের ধনবা‌ড়ী উপ‌জেলা বিএন‌পির স‌ম্মেলন‌কে কেন্দ্র ক‌রে পু‌লিশ ও বিএন‌পির নেতাকর্মী‌দের মধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় পুলিশসহ আটজন আহত হয়েছেন। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে পুলিশ ১৭ রাউন্ড ফাঁকা গু‌লি ও ৩ রাউন্ড টিয়ারশেল ছুড়েছে।

শুক্রবার (২২ জুলাই) ‌বি‌কেলে উপ‌জেলার ধোপাখা‌লি ইউ‌নিয়‌নের বাঘিল এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘ‌টে।

জানা গে‌ছে, ধনবাড়ী সরকা‌রি ক‌লে‌জে উপ‌জেলা বিএন‌পির স‌ম্মেলনের আ‌য়োজন করা হয়। এ স‌ম্মেলন‌কে কেন্দ্র ক‌রে বা‌ঘিল এলাকায় এক‌টি গ্রু‌পের নেতাকর্মীরা স‌ম্মেল‌নের বিপ‌ক্ষে বি‌ক্ষোভ ও প্রতিবাদ সভা ক‌রে। এক পর্যা‌য়ে নেতাকর্মীরা মধুপুর-ধনবাড়ী সড়কে অবস্থান ক‌রে প্রতিবাদ জানা‌লে পু‌লিশ তা‌দের স‌রে যেতে ব‌লে।

প‌রে এক পর্যা‌য়ে পু‌লি‌শের সঙ্গে সংঘর্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে নেতাকর্মীরা। পু‌লিশ‌কে লক্ষ্য করে ইট-পাট‌কেল নি‌ক্ষেপ কর‌লে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে ১৭ রাউন্ড শর্টগা‌নের ফাঁকা গু‌লি ও ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ‌তে পু‌লিশ সদস্যসহ বিএন‌পির বেশ কিছু নেতাকর্মী আহত হয়।

মধুপুর উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক সরকার শহীদ জানান, নেতাকর্মীরা স‌ম্মেল‌নে যাওয়ার প‌থে পু‌লিশ বাধা দেয়। প‌রে মধুপুরে অরণ‌খোলা ইউ‌পির সা‌বেক চেয়ারম্যান হুমায়ুন‌কে আটক ক‌রে থানায় নেওয়ার সময় স্থানীয়রা বাধা দেয়। এ‌তে পু‌লি‌শের সঙ্গে নেতাকর্মী‌দের সংঘর্ষ হয়। এ সময় ৩ জন নেতাকর্মী গু‌লিবিদ্ধ হয়। তাদের স্থানীয় হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) চান মিয়া জানান, স‌ম্মেলন‌কে কেন্দ্র ক‌রে বিএন‌পির এক‌টি গ্রুপ বাঘিল এলাকায় বিশৃঙ্খলার সৃ‌ষ্টি কর‌ছিল। এ সময় পু‌লিশ তা‌দের স‌রি‌য়ে দি‌তে গে‌লে তার ইট-পাট‌কেল নি‌ক্ষেপ ক‌রে। প‌রে পু‌লিশ সদস্য আত্মরক্ষা‌র্থে ১৭ রাউন্ড শর্টগা‌নের গু‌লি ও ৩ রাউন্ড গ্যাস গান নি‌ক্ষেপ ক‌রে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আ‌নে। সংঘ‌র্ষে পু‌লি‌শের ৫ জন সদস্য আহত হ‌য়েছেন।

সর্বশেষ আপডেটঃ ২৩. জুলাই ২০২২ ০১:০৬:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।