/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কায় নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কায় নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ব্রাক্ষণশাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার দিগর ইউনিয়নের কাশতলা গ্রামের শাহজাহান মিয়া ও হামিদপুর সাহা পাড়া এলাকার নেপাল চন্দ্র সাহা।

ঘাটাইল থানার এসআই মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে ঘাটাইলের আন্দিপুর থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশাটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথে ব্রাক্ষণশাসন এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুত গতিতে সিএনজিটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহান ও নেপাল নামে দুই ব্যক্তির মৃত্যু হয়। আহত হয় ৩ জন।

তিনি আরো জানান,নিহত দুইজন ঘাটাইল সদর ইউনিয়নের আন্দিপুর এলাকা থেকে বিয়ের দাওয়াত শেষে টাঙ্গাইল ফিরছিলেন।আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে

সর্বশেষ আপডেটঃ ১৬. অগাস্ট ২০২২ ০৬:০১:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সোমবার(১৫ আগস্ট) সকালে দিনের প্রথম কর্মসূচি হিসেবে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, খান আহমেদ শুভ এমপি শ্রদ্ধাঞ্জলি জানান।

এর পর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার পক্ষে পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলি জানান।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং ১৫ আগস্ট শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

দূপূরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন জেলা ব্যাপী , দোয়া মাহফিল, গণভোজ, চিত্রাংকন প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২২ ১০:৩২:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে স্কুলের শ্রেণিকক্ষে টিকটক ভিডিওতে তোলপাড়! - Ekotar Kantho

টাঙ্গাইলে স্কুলের শ্রেণিকক্ষে টিকটক ভিডিওতে তোলপাড়!

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের এমকেডিআর গণ উচ্চ বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চলাকালীন সময়ের টিকটক ভিডিও ভাইরাল হয়েছে।

স্কুলের ওই টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিব্রতকর অবস্থায় পড়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিদ্যালয়ের নৈশপ্রহরী মনিরুজ্জামান ওই টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এ নিয়ে এলাকায় হৈ চৈ শুরু হয়েছে।

জানা যায়, বছর দেড়েক আগে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের এমকেডিআর গণ উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে নিয়োগ পান মনিরুজ্জামান মনির। বিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি টিকটক ভিডিও তৈরি করা শুরু করেন।

ভিডিওতে ছাত্রীদের উপস্থিতি রাখলে ‘বেশি ভাইরাল’ হওয়ার আশায় বিদ্যালয়ের পরীক্ষার হল, শ্রেণিকক্ষ ও বিদ্যালয় আঙিনায় দিনের পর দিন একাধিক টিকটক ভিডিও তৈরি করেন এবং তা নিজের আইডিতে শেয়ার করেন। সম্প্রতি তার ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

একাধিক টিকটক ভিডিওতে দেখা গেছে- পরীক্ষার হল, শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের আঙিনায় ছাত্র-ছাত্রীদের সামনেই নৈশপ্রহরী মনিরুজ্জামান বিভিন্ন বাংলা ও হিন্দি গানের তালে নানা অঙ্গ-ভঙ্গি করছেন। তার ভিডিও দেখে শিক্ষার্থীরা বিব্রতকর অবস্থায় পড়েছে।

এলাকাবাসী জানায়, নৈশপ্রহরী মনিরুজ্জামান মনিরের টিকটক ভিডিও তারা দেখেছেন। স্কুলে ওই ধরণের টিকটক করা ন্যাক্কারজনক। ছাত্রীদের সামনে টিকটক ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তিনি নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন।

টিকটক ভিডিওতে কিশোর বয়সী ছাত্রীদের প্রদর্শন করেও বড় ধরণের অন্যায় করেছেন। তারা এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে মনিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে নৈশপ্রহরী মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার চাচা শফিকুল ইসলাম কালু গণমাধ্যম কর্মীদের সাথে রূঢ় আচরণ করেন।

এমকেডিআর গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী জানান, ভিডিওটি তিনি প্রথম দেখে ভীষণ লজ্জা পেয়েছেন। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি সবেমাত্র জেনেছেন। চাকুরি বিধি অনুসরণ করে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২২ ০৪:৫৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক (৫০)বছর।

রোববার (১৪ আগস্ট) সকালে উপজেলার কামাক্ষারমোড় এলাকায় চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লোকাল ট্রেনের সাথে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ওই ব্যক্তি কামাক্ষারমোড় এলাকায় ভিক্ষা শেষে রেল লাইন দিয়ে হেটে জোকারচর এলাকার দিকে যাচ্ছিলো। এসময় ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সাকলাইন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২২ ০২:১০:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে “জাতির পিতার নৃশংস হত্যাকান্ড : একটি ঐতিহাসিক পর্যালোচনা” শীর্ষক সেমিনার - Ekotar Kantho

টাঙ্গাইলে “জাতির পিতার নৃশংস হত্যাকান্ড : একটি ঐতিহাসিক পর্যালোচনা” শীর্ষক সেমিনার

একতার কণ্ঠঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ আগস্ট) সকালে কলেজ অডিটোরিয়ামে ”জাতির পিতার নৃশংস হত্যাকান্ড : একটি ঐতিহাসিক পর্যালোচনা”শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর শহীদুজ্জামান মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর আসনের এমপি খান আহমেদ শুভ।

মুখ্য আলোচক হিসেবে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন এফবিবিসিআই এর পরিচালক ও আওয়ামী লীগ নেতা আবু নাসের।

মূল প্রবন্ধটি উপস্থাপন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান প্রফেসর আএ শেখ আছরারুল হক চিশতি।

বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর বেল্লাল হোসেন ও হিসাববিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মুহাম্মদ মাহবুবুর রহমান। আলোচক ছিলেন প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ, খন্দকার আনিসুর রহমান ও মুহাম্মদ নূর-এ-আলম।

আরো বক্তব্য রাখেন, সখিপুর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডা: জাকিয়া ইসলাম যুথি, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, কলেজ ছাত্র সংসদের ভিপি শফিউল আলম মুকুল ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক তানভীরুল হিমেল প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের শিক্ষিকা তাহমিনা জাহান।

সেমিনারে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাঙ্গাইলের কাগমারীতে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কলেজটি প্রতিষ্ঠা করেন। পরে  ১৯৭৪ সালে কলেজটি বঙ্গবন্ধু জাতীয়করণ করেন।

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২২ ০২:৩৩:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে সিজান (১৫) নামের নবম শ্রেনীর এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ আগস্ট) ভোরে কালিহাতী পৌরসভার পূর্ব বেতডোবা নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সিজান পূর্ব বেতডোবা গ্রামের হারুন অর রশিদের ছেলে ও কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় শনিবার (১৩ আগস্ট) ভোরে সিজানের দাদা ফজরের নামাজ শেষে সিজানকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য ডাক দেয়। বার-বার ডাক-চিৎকারেও সাড়া না দেওয়ায় সিজানের দাদা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে সিজান মশারির কাপড় দিয়ে ফাঁসিতে ঝুলে আছে।

পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিজানের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ আপডেটঃ ১৩. অগাস্ট ২০২২ ১১:৫৩:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে প্যারাডাইস পাড়া সার্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে প্যারাডাইস পাড়া সার্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌর শহরের ৬ নং ওয়ার্ডের প্যাড়াডাইস পাড়া সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধায় প্যাড়াডাইস পাড়া খালপাড় রোডস্থ শ্রীশ্রী দুর্গা মন্দিরে এই সাধারণ সভার আয়োজন করা হয়।

প্যাড়াডাইস পাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটনের সভাপতিত্বে সভায় বিগত বছরের পূজার আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অভিজিৎ গৌড়(গৌতম) ও
অভিষেক সাহা( জয়)।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এ বছর প্যারাডাইস পাড়ার দুর্গা পূজার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশসেরা শিল্পী দিয়ে বড় পরিসরে প্রতিমা নির্মাণ করা হবে। এ ছাড়া একই সাথে আনন্দ শোভাযাত্রা, আলোকসজ্জা,আতোশ বাজীসহ বিভিন্ন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সভায় প্যাড়াডাইস পাড়া শ্রীশ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি ড. পিনাকী দে, স্বপন সাহা, সুবোধ পাল, জে সাহা জয়,উত্তম কুমার গৌড়, অনন্ত রায়, কেশব রায়, উৎপল পাল, পিন্টু সাহা, কৌশিক সাহা শঙ্কু বাদল বাগচী, প্রদীপ শংকর পাল সহ এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর সারা দেশে পঞ্চমী পূজার মধ্যদিয়ে শারদীয়া দুর্গোৎসব শুরু হবে। ৫ অক্টোবর দশমী পূজার মধ্যদিয়ে শেষ হবে এ বছরের শারদীয়া দুর্গোৎসব।

সর্বশেষ আপডেটঃ ১৩. অগাস্ট ২০২২ ১১:২১:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে হৃদয়ে বঙ্গবন্ধু শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী - Ekotar Kantho

টাঙ্গাইলে হৃদয়ে বঙ্গবন্ধু শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে জাতীয় শোক দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শিশুদের জন্য ফাউন্ডেশন এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধুর তিন শতাধিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

শুক্রবার (১২ আগস্ট) সকালে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন ওই প্রদর্শনীর উদ্বোধন করেন।

টাঙ্গাইল কেন্দ্রীয়  শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি।

শিশুদের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশুদের জন্য ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার কামরুল হাসান।

আরো পড়ুনঃ টাঙ্গাইলে সেতুর ওপর বাঁশের সাঁকো; জনদূর্ভোগ চরমে

রবিবার  (১৪ আগস্ট) পর্যন্ত সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী চলবে।

সর্বশেষ আপডেটঃ ১৩. অগাস্ট ২০২২ ০২:৫৩:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে সেতুর ওপর বাঁশের সাঁকো; জনদূর্ভোগ চরমে - Ekotar Kantho

টাঙ্গাইলে সেতুর ওপর বাঁশের সাঁকো; জনদূর্ভোগ চরমে

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার ছোট মৌশা-সিলিমপুর সড়কে খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়। গ্রামীণ সড়কটি পাকা করার পর ওই পুরোনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয়।

এ বছরের জুলাই মাসে সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো পুরোনো সেতু অপসারণের কাজই শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে উপজেলার ছোট মৌশা, কৈয়ামধু, সিলিমপুর, প্রতিমা বংকীসহ অন্তত আরো ১০ গ্রামের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে ছোট মৌশা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাধ্য হয়ে পুরোনো ভাঙা ওই সেতুর ওপর বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে পারাপার হয় শিক্ষার্থীরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ৮৩ লাখ টাকা ব্যয়ে গ্রামীণ সড়কের ১৫ মিটার দৈর্ঘ্যর সেতুটির নির্মাণকাজ পেয়েছে মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছরের জুলাই মাসেই সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। ঠিকাদার বলছেন, জানুয়ারিতে আকস্মিক বৃষ্টির কারণে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।

আরো পড়ুনঃ চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলা সিআইডিতে

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুরোনো সেতুর ভাঙা পিলারের ওপর বাঁশের সাঁকো। সাঁকোর নিচেই লম্বালম্বি দাঁড়ানো চিকন রড। পা পিছলে পড়ে গেলেই নিশ্চিত বড় ধরনের দুর্ঘটনা। সেতুর পাশ দিয়ে বিকল্প সড়ক করার নিয়ম থাকলেও তা মানেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রয়োজনের তাগিদেই সেতুর ওপর বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

ছোট মৌশা আদর্শ উচ্চবিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, প্রথম কয়েক দিন পারাপারের সময় খুব ভয় লাগত। কিন্তু এই সড়ক ছাড়া স্কুলে যাওয়ার অন্য কোনো উপায় নেই। এখন ভয় লাগে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম জানান, স্কুলের প্রায় অর্ধেক শিক্ষার্থীই ওই সাঁকো পার হয়ে আসে।বাঁশের সাঁকোটি স্কুলের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় নির্মাণ করা হয়েছে। তবে অভিভাবকেরা ছেলে-মেয়েকে স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকেন।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম জানান, নির্ধারিত সময়ে সেতুটি শেষ না হওয়ায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তাই স্কুল কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবদুল হালিম এখলাছ জানান, ‘শুরুতেই আকস্মিক বৃষ্টি হওয়ায় সেতুটির কাজ বন্ধ রাখতে হয়েছে। পানিতে বিকল্প সড়কটিও তলিয়ে গেছে। সেতুর ওপর আমরা একটি সাঁকো বানিয়ে দিয়েছিলাম। আশা করছি, কাজের মেয়াদ বাড়ানো হবে। আর পানি চলে গেলেই নির্মাণকাজ শুরু করা হবে।’

বুধবার (১০ আগস্ট) দুপুরে সখীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাখাওয়াত হোসেন জানান, ‘বিষয়টি আমি অবগত রয়েছি। মূলত কাজ শুরু করার পরপরই বৃষ্টির কারণে কাজ বন্ধ রয়েছে। তবে প্রকল্পের মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। আশা করছি, নভেম্বরের শুরুতেই সেতুটির নির্মাণকাজ পুনরায় শুরু হবে।’

সংবাদ সূত্র-আজকের পত্রিকা আনলাইন

সর্বশেষ আপডেটঃ ১২. অগাস্ট ২০২২ ০৯:৫৬:পিএম ৪ বছর আগে
চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলা সিআইডিতে - Ekotar Kantho

চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলা সিআইডিতে

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলা সিআইডিতে হন্তান্তর করা হয়েছে। পুলিশ হেডকোয়াটার্স এর এআইজি (ক্রাইম ইষ্ট) স্বাক্ষরিত (স্বারক নম্বর ১৮৮৬, ২১ জুলাই) চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা গেছে।

আরো পড়ুনঃ টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বক্সে বাসের ধাক্কা: বৃদ্ধা নিহত

এছাড়া ঘাটাইলের বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে প্রায় আট লাখ টাকা ছিনতাই মামলাও সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, চলতি বছরের ২০ জুন টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকার সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্রাবাসের সাত তলার বাথরুম থেকে শিহাব মিয়া নামক পঞ্চম শ্রেণীর এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রথমে টাঙ্গাইল সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়। ২৬ জুন ময়নাতদন্তের প্রতিবেদনে শিহাবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। ২৭ জুন শিহাবের মা আসমা আক্তার বাদী হয়ে ৬ জনকে আসামী করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

নিহত শিহাব মিয়া টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে। সে ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতো।

এ মামলার আসামি আবু বক্কর সিদ্দিক নামক এক শিক্ষককে প্রথমে পুলিশ গ্রেপ্তার করে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর বুধবার( ১০ আগষ্ট)হত্যা মামলার আসামি চার শিক্ষক আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। আত্মসমর্পন করা আসামীরা হলেন বিপ্লব চন্দ্র সরকার (৩০), আসলাম হোসেন আশরাফ (৩০), মাসুম মাসুদ রানা (৪০) ও বিজন কুমার সাহা (৪০)।

এদিকে ঘাটাইলে মোয়াজ্জেম হোসেন খান (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে প্রায় সাড়ে আট লাখ টাকা ছিনতাই হয়। চলতি বছরের ১৬ জুন বৃহস্পতিবার দুপুরে সোনালী ব্যাংক থেকে ঋণের টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খানের বাড়ি উপজেলার লাহিড়ীবাড়ি গ্রামে। তিনি ঘাটাইল থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, এ ডাকাতির মামলাটি আমরা তদন্ত করছি। এ ধরনের নির্দেশনা হয়ে থাকলে সিআইডি তদন্ত করবে।

নিহত শিহাবের বাবা প্রবাসী ইলিয়াস হোসেন মুঠোফোনে বলেন, আমরা চেয়েছিলাম মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ তদন্ত হোক। সিআইডিতে হস্তান্তর করাতেও আমরা খুশি। আমি আমার একমাত্র ছেলে শিহাব হত্যাকারীদের ফাঁসি চাই। মামলাটি নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তথ্যটি নিশ্চিত করে বলেন, শিহাব হত্যা মামলায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং বীর মুক্তিযোদ্ধার টাকা ছিনতাইয়ের ঘটনাটি নিবিড় তদন্তের জন্য মামলা ২ টি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১২. অগাস্ট ২০২২ ০৫:৫৪:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বক্সে বাসের ধাক্কা: বৃদ্ধা নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বক্সে বাসের ধাক্কা: বৃদ্ধা নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বক্সে বাসের ধাক্কায় পথচারী এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১১ আগস্ট) বিকালে  ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

আরো পড়ুনঃ চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলা সিআইডিতে

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রাবেয়া খাতুন (৭০) উপজেলার সহদেবপুর ইউনিয়নের পাঠন্দ দ্বিমুখা গ্রামের মৃত রবি শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে জামালপুরগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের যাত্রীবাহি একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে ট্রাফিক পুলিশ বক্সের আগে একটি রিকশা, ট্রাক ও পিকআপকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে এক পথচারী বৃদ্ধা নিহত হয় ও আহত হয় দুজন। আহতদের মধ্যে রিক্সাচালক শহিদুলের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ বাবুল আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ ফাড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১২. অগাস্ট ২০২২ ০৩:২৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বিএনপির বিশাল আনন্দ মিছিল - Ekotar Kantho

টাঙ্গাইলে বিএনপির বিশাল আনন্দ মিছিল

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে প্রায় ১৪ বছর পর জেলা বিএনপি বিশাল র‌্যালি ও সমাবেশ করেছে। দীর্ঘ ১৪ বছরের মধ্যে এত বড় র‌্যালির আয়োজন বা সমাবেশ জেলা বিএনপি করতে পারেনি। বিভিন্ন সময় স্বল্প পরিসরে শহরে জেলা বিএনপি মিছিল-সমাবেশের আয়োজন করলেও পুলিশি বাঁধায় তা পন্ড হয়ে গেছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানিয়ে শহরে এ বিশাল আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

এদিকে, টাঙ্গাইল সদর থানা ও শহর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় বুধবার(১০ আগস্ট) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে দলের দুই আহ্বায়ক কমিটির উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সামনে  পৌঁছালে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি কমিটির আহ্বায়ক আজগর আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ, শহর বিএনপির আহ্বায়ক মেহেদী হাসান আলীম, সদস্য সচিব ইজাজুল হক সবুজ, শহর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহীন আকন্দ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাদিউজ্জামান সোহেল প্রমুখ।

এ সময় জেলা বিএনপির এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১১. অগাস্ট ২০২২ ০৩:৪০:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।