/ হোম / টাঙ্গাইল
টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ নিহত দুই - Ekotar Kantho

টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ নিহত দুই

একতার কণ্ঠঃ:টাঙ্গাইলে পৃথক দুটিস্থানে ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি)সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেললাইনের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের আনালিয়াবাড়ীর রেল ব্রীজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে কোন এক অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন।

নিহত সেনা সদস্য ফখরুল ইসলাম (২০) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের বাবুল মাস্টারের ছেলে। সে বগুড়া ক্যান্টমেন্টে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান ,সকাল সাড়ে ৯ টার দিকে ওই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যানযট থাকায় ওই সেনা সদস্য বাস থেকে নেমে ট্রেনে লাইনে হাটাহাটির সময় দূর্ঘটনা সংঘটিত হয়ে থাকতে পারে। নিহত ওই সেনা সদস্য ৫ দিনের ছুটি শেষে বাড়ি হতে ইউনিটে যোগদানের জন্য গাড়িতে নিজ ইউনিটে গমনের পথিমধ্যে এই দূর্ঘটনা ঘটে। কিন্তু কোন ট্রেনে কাটা পড়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, এদিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের পয়লা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছে। নিহত খন্দকার আবুল কালাম (৪০) জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ।

সর্বশেষ আপডেটঃ ২৪. জানুয়ারী ২০২৪ ০৭:০৭:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে তাপমাত্রা ৮.৫ ডিগ্রি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ - Ekotar Kantho

টাঙ্গাইলে তাপমাত্রা ৮.৫ ডিগ্রি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জেলায় মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বন্ধ রয়েছে জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা।

তিনি জানান, ইতিমধ্যে টাঙ্গাইল জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে চলে গেছে। এজন্য জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার (২৩ জানুয়ারি) ও বুধবার (২৪ জানুয়ারি) ছুটি ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা স্বাভাবিক না হলে এ ছুটি আরও বাড়তে পারে বলেও তিনি জানান।

এদিকে গত কয়েক দিন ধরে হাড় কাঁপানো শীতে যবুথবু অবস্থা। হিমেল হাওয়ায় শীত বেড়েছে নদী ও বন পরিবেষ্টিত এ জেলায়। কাজে যেতে না পেরে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। কমেছে আয়। ব্যহত হচ্ছে বোরো আবাদ। প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে দরিদ্র ও ভাসমান জনগোষ্ঠী। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন গ্রামাঞ্চলের লোকজন। প্রচন্ড শীতে বয়োবৃদ্ধ ও শিশুরা ডায়রিয়া এবং শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে।

জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানিয়েছেন, কয়েক দিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা কমেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এ বছরের মধ্যে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।

টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, তাপমাত্রা সর্বনিম্ন থাকায় জেলার সকল স্কুল-কলেজ বন্ধের ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শীত নিবারনের জন্য গরিব-আসহায় মানুষের মাঝে প্রায় ৮০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. জানুয়ারী ২০২৪ ০১:০০:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে শীতে গোসল করতে বলায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে শীতে গোসল করতে বলায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামের এক স্কুল শিক্ষার্থী নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে। সে স্থানীয় যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানায়, লামিয়া তীব্র শীতের কারণে গত এক সপ্তাহ ধরে গোসল না করায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মা তাকে গোসল করতে বলে। লামিয়া গোসল করবে না বললে মা তার সঙ্গে রাগারাগি করে। পরে মা পরিবারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই ফাঁকে লামিয়া ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে অনেক ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

এ সময় তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান বলেন, সকালের দিকে সখীপুর থেকে এক স্কুল শিক্ষার্থীর লাশ হাসপাতাল মর্গে আনা হয়। যতটুকু জানতে পেরেছি সে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। পরে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, আত্মহত্যার বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করতে আসেনি।

সর্বশেষ আপডেটঃ ২৪. জানুয়ারী ২০২৪ ০১:২৭:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রি, মঙ্গলবার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা - Ekotar Kantho

টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রি, মঙ্গলবার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সোমবার (২২ জানুয়ারি) শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের এটাই সর্বনিম্ন তাপমাত্রা।

টাঙ্গাইল জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলার সকল স্কুল-কলেজ একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন।

এদিকে, বছরের শুরু থেকেই টাঙ্গাইলের তাপমাত্রার পারদ ধীরে ধীরে কমছে। এর ফলে, শীতের তীব্রতা বেড়েই চলেছে। এর সাথে যুক্ত হয়েছে ঘন কুয়াশার চাদর। ফলে গত সপ্তাহ থেকেই কোন দিন সূর্যের দেখা মিলছে আবার কোনদিন মিলছে না। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে কেউ বের হচ্ছেন না। আকাশে সূর্য উঁকি দিলেও রোদের তাপমাত্রা অত্যন্ত কম থাকে। প্রত্যান্ত গ্রামের মানুষ খড়ুকুটো ও গাছের গুড়িতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সব মিলিয়ে জেলার জনজীবন এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও ভাসমান জনগোষ্ঠী সবচেয়ে ভোগান্তির শিকার।

শীত প্রসঙ্গে টাঙ্গাইল পৌরসভার পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার মো. মাহবুব আলম উজ্জ্বল বলেন, আমি একজন মোবাইল ব্যবসায়ী। গত কয়েকদিনের প্রচন্ড শীত ও ঘন কুয়াশার কারণে গ্রাহক কম আসায় মোবাইল বিক্রি অনেক কমে গেছে। ফলে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকার মো. এমদাদুল আহমেদ বাচ্চু বলেন, আমি একজন চাকরিজীবী। প্রতিদিন সকাল ৮টায় আমাকে অফিসে যেতে হয়। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে সকাল বেলায় যানবাহন খুব কম থাকায় প্রায়ই অফিসে যেতে বিলম্ব হচ্ছে। এছাড়া বাসার ছোট ছেলে-মেয়েদের স্কুলে যেতেও সমস্যা হচ্ছে।

শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সিএনজি চালিত অটোরিকশার চালক লুৎফর রহমান বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে আসছেন না। যাত্রী কমে গেছে অনেক। আগে প্রতিদিন ৮শত থেকে ১ হাজার টাকা আয় করতাম। এখন ৫শত টাকার বেশি আয় করা যাচ্ছে না।

টাঙ্গাইল জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানান, কয়েকদিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা কমেছে। সোমবার টাঙ্গাইলের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের মধ্যে সর্বোনিম্ন। আরো কয়েক দিন শীত থাকবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, তাপমাত্রা সর্বনিম্ন থাকায় জেলার সকল স্কুল-কলেজ মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার আবহাওয়া দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শীত নিবারনের জন্য জেলার গরিব ও ভাসমান মানুষদের মধ্যে দুই দফায় প্রায় ৮০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৩. জানুয়ারী ২০২৪ ০৩:১৯:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে স্কুল ছাত্রের আত্মহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে স্কুল ছাত্রের আত্মহত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস দিয়ে নাঈম তালুকদার (১৬) নামের এক স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রবিবার (২১ জানুয়ারী) দিবাগত রাতে সখীপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের উওরার মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নাঈম ওই এলাকার প্রবাসী আব্দুল গফুর তালুকদারের ছেলে। সে স্থানীয় সখীপুর সূর্যতরুন আবাসিক শিক্ষাঙ্গনের নবম শ্রেণীর ছাত্র ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে খাওয়া-দাওয়া করে তার রুমে ঘুমাতে যায় নাঈম। ভোররাতে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে সিলিং ফ্যানের সাথে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৩. জানুয়ারী ২০২৪ ০২:০৫:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে দাদাকে পিটিয়ে হত্যা মামলায় নাতি গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে দাদাকে পিটিয়ে হত্যা মামলায় নাতি গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে আব্দুল মান্নান (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলায় নাতি মো. রাব্বিকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর জেলার কোনাবাড়ি বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাব্বি কালিহাতী উপজেলার আউলটিয়া ভোটেরবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে।

র‍্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম রবিবার (২১ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মান্নান ও তার নাতি রাব্বির মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে দাদা-নাতির মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মান্নানকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন রাব্বি। মান্নানের স্ত্রী ও মেয়ে বাধা দিতে গেলে রাব্বি তাদেরও আঘাত করেন।

পরে পরিবারের লোকজন গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মান্নানকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে হাফিজ উদ্দিন মন্ডল বাদী হয়ে কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে রাব্বি পলাতক ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২২. জানুয়ারী ২০২৪ ০২:৩৭:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা; স্বামী কারাগারে - Ekotar Kantho

টাঙ্গাইলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা; স্বামী কারাগারে

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ফজলু তালুকদারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) রাতে পৌরসভার সুন্দর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম আসমা বেগম (৩৫)। তিনি উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের আরশেদ আলীর মেয়ে। গ্রেপ্তারকৃত ফজলু সুন্দর গ্রামের নুরুল ইসলাম তালুকদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই সন্তান নিয়ে রাজমিস্ত্রি স্বামী ফজলু ও আসমা বেগমের সংসার। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ নিয়ে তাদের দ্বন্দ্ব চলছিল। শনিবার রাতের খাবার খেয়ে স্ত্রী ও সন্তানরা ঘুমিয়ে পড়লে মেয়ের ওড়না দিয়ে ফজলু আসমা বেগমের গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মেয়ে চিৎকার করে বাড়ির সবাইকে এ ঘটনা জানায়। স্থানীয়রা রাতেই ফজলুকে আটক করে পুলিশে দেয়।

গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে স্বামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ আপডেটঃ ২২. জানুয়ারী ২০২৪ ০১:২৫:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ারে প্রাইভেটকার চাপায় শিমুল (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রাকিব (৩০) নামে আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া বাজার আন্ডারপাস ওভার ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম শিমুল তবে এখানো তার পূর্ণ নাম-পরিচয় জানা যায়নি। আহত অপর মোটরসাইকেল আরোহীর নাম রাকিব। সে ভোলা জেলা সদরের মফিজুরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ঢাকাগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী চাকায় পৃষ্ট হয়ে মারা যায়। আহত হয় তার সাথে থাকা অপর আরেক আরোহী। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার ও আহত রাকিবকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মোল্লা টুটুল জানান, খবর পেয়ে নিহত ও আহতকে উদ্ধার করা হয়েছে এবং আহত ব্যক্তিকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে নিহত শিমুলের পূর্ণ নাম-পরিচয় এখনো জানা যায়নি।

সর্বশেষ আপডেটঃ ২০. জানুয়ারী ২০২৪ ০২:৪৫:এএম ২ বছর আগে
সিএনজি শ্রমিকের জামা-কাপড় খুলে লাঞ্ছিত করায় সেই এসআই প্রত্যাহার - Ekotar Kantho

সিএনজি শ্রমিকের জামা-কাপড় খুলে লাঞ্ছিত করায় সেই এসআই প্রত্যাহার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের টহলের জন্য নেওয়া সিএনজিতে পর্দার কাপড় না থাকায় সুমন নামে এক সিএনজি চালককের শরীরের জামা-কাপড় খুলে অর্ধনগ্ন করে লাঞ্ছিতের ঘটনায় সেই উপ-পরিদর্শক (এসআই) হাসিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়া‌রি) ‌বি‌কালে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) আহসান উল্লাহ্ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভিন্ন গণম্যাধমে সংবাদ প্রকা‌শিত হওয়ার পর তা‌ৎক্ষ‌ণিক বদ‌লির নি‌র্দেশ দেয় জেলা পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

আহসান উল্লাহ্ জানান, পু‌লি‌শ সুপা‌রের নি‌র্দেশে এসআই হা‌সিবুল হাসান‌কে প্রত্যাহার ক‌রে এবং তাকে পু‌লিশ লাইন‌সে যুক্ত করা হ‌য়ে‌ছে। তি‌নি দুপুরে থানা ত্যাগ করছেন।

এরআগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরে এসআই হাসিবুলের শাস্তি ও বদলির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন সিএনজি চালকেরা। পরে উত্তেজিত শ্রমিকরা মিছিল নিয়ে থানায় হাজির হন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে সুমন নামে এক চালক সিএনজি নিয়ে পুলিশের টহল কাজে বের হন। সিএনজির পর্দা না থাকায় চালককে গালিগালাজ ও শরীরের জামা-কাপড় খুলে অর্ধনগ্ন করিয়ে রাখার অভিযোগ উঠে উপ-পরিদর্শক (এসআই) হাসিবুল হাসানের বিরুদ্ধে।

সর্বশেষ আপডেটঃ ২০. জানুয়ারী ২০২৪ ০১:০২:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে লরি-মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে লরি-মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে তেলবাহী লরি ও মাহিন্দ্রার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-ময়মেনসিংহ মহাসড়কের উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম। তার বাড়ি জেলার ধনবাড়ী  উপজেলা সদরে।

তিনি ঘাটাইলে বেসরকারি সংস্থা আশা’র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানায়, বৃহস্পতিবার রাতে তেলবাহী একটি লরি ময়মনসিংহের দিকে যাওয়ার পথে মহাসড়কের পোড়াবাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তাদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৯. জানুয়ারী ২০২৪ ০৫:০২:এএম ২ বছর আগে
সিনিয়র তথ্য অফিসারের সাথে জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের মতবিনিময় - Ekotar Kantho

সিনিয়র তথ্য অফিসারের সাথে জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের মতবিনিময়

একতার কণ্ঠঃ জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের নবগঠিত কমিটির সাথে জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাতের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা সদরে অবস্থিত জেলা তথ্য অফিসারের কার্যালয়ে এই শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত উপস্থিত সংস্থার সদস্যদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। পরে জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত জেলা ইউনিটের পক্ষথেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন, সহ-সভাপতি মির্জা মাসুদ রুবল, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আরমান কবীর (সৈকত), সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক উজ্জ্বল মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক সাহান হাসান, মো. সাগর আহমেদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শুভ সাহা, সহ-প্রচার সম্পাদক মো. মুক্তার হোসেন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক রুহুল আমিন প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য, মো. কামরুজ্জামান, হাবিবুল্লাহ বাহার, সজীব মিয়া, রেজাউল করিম, নাজমুল সাহান প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১৯. জানুয়ারী ২০২৪ ০৩:১৯:এএম ২ বছর আগে
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় - Ekotar Kantho

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময়

একতার কণ্ঠঃ জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের নবগঠিত কমিটির সাথে টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু কর্নারে এই শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় কালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন উপস্থিত সংস্থার সদস্যদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পরে জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত জেলা ইউনিটের পক্ষথেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময়ের সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বলেন, টাঙ্গাইল প্রেসক্লাব হলো টাঙ্গাইলে কর্মরত সকল সাংবাদিকদের মাদার সংগঠন। জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকদের মতো জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সকল সদস্য টাঙ্গাইল প্রেসক্লাবের সাথে সকল বিষয়ে সমন্বয় করে সাংবাদিকতা করবে বলে আমি আশা করি। জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের নবগঠিত কমিটির সদস্যদের টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা রইল।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ বলেন, সাংবাদিকদের পেশার প্রতি সৎ ও নিষ্ঠাবান হতে হয়। আমার দৃঢ় বিশ্বাস, জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের প্রতিটি সদস্য নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে ও তাদের পেশার প্রতি সৎ থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য কবি শামসুজ্জামানসহ জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আরমান কবীর (সৈকত), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক উজ্জ্বল মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক সাহান হাসান, মো. সাগর আহমেদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শুভ সাহা, সহ-প্রচার সম্পাদক মো. মুক্তার হোসেন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক রুহুল আমিন প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য, মো. কামরুজ্জামান, হাবিবুল্লাহ বাহার, সজীব মিয়া, রেজাউল করিম, নাজমুল সাহান প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১৯. জানুয়ারী ২০২৪ ০৩:০০:এএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।