একতার কণ্ঠঃ এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলের জাতীয় মেধাক্রমে সারা দেশে নবম হয়েছেন টাঙ্গাইলের ছেলে ইরাম আহনাফ খোশনবীশ (১৮) । ভর্তি পরীক্ষায় তিনি ৮৯ দশমিক ৭৫ নম্বর পেয়ে নবম স্থান অর্জন করতে সক্ষম হন।
ইরাম আহনাফ খোশনবীশ টাঙ্গাইল পৌরসভার দক্ষিণ থানাপাড়ার ব্যাংকার আতিকুর রহমান খোশনবীশ ও ব্যাংকার ফরিদা ইয়াসমিন দম্পতির একমাত্র সন্তান। তিনি প্রয়াত ব্যাংকার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আনিসুর রহমান খোশনবীশের নাতি।
ইরাম আহনাফ খোশনবীশ ২০২১ সালে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে থেকে এসএসসি পাস করেন। ২০২৩ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। তার এমন সাফল্যে পরিবার, এলাকাবাসী ও স্বজনদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
এমবিবিএস ভর্তি পরীক্ষায় নবম স্থান অধিকারী ইরাম বলেন, এ এক স্বপ্নের মতো অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সবাই আমার জন্য দোয়া করবেন।
একমাত্র সন্তান ইরাম এর জন্য দোয়া চেয়েছেন পিতা আতিকুর রহমান খোশনবীশ। তিনি বলেন, আমার ছেলে ছোট বেলা থেকেই মেধাবী। তার এই ফলাফলে আমিসহ আমার পরিবার আনন্দিত।
উল্লেখ্য, এর আগে রবিবার (১১ফেব্রুয়ারি) সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। এ বছর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেলের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ২ হাজার ৩৬৯ জন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে নিখোঁজের ১৭ দিন পর মকবুল হোসেন নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কালিহাতী উপজেলার পারখী এলাকার একটি বিলে পুঁতে রাখা অবস্থায় প্রবাসীর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মকবুল হোসেন কালিহাতী উপজেলার পারখী এলাকার কিসলু মিয়ার ছেলে।
এ বিষয়ে কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, প্রবাসী মকবুল গত আড়াই মাস আগে দেশে আসেন। দেশে আসার পর মকবুলকে তার নিজ বাড়িতে থাকতে না দেওয়ায় শ্বশুরবাড়ি সখীপুরে বসবাস শুরু করেন। গত ২৬ জানুয়ারি মকবুল বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে খুঁঁজে পাওয়া যাচ্ছিল না।
তিনি আরও জানান, খুঁজে না পেয়ে তার শ্বশুরবাড়ি থেকে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সোমবার দুপুরে স্থানীয় লোকজন পারখী এলাকার একটি বিলে পুঁতে রাখা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করার পর স্বজনরা মকবুল হোসেনকে সনাক্ত করে।
তিনি জানান, পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
একতার কণ্ঠঃ বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার (জেএসএস) ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের হাউজিং এস্টেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাউজিং এস্টেটে অবস্থিত জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দিনটি উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিনিয়র তথ্য অফিসার তাসলিমা জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক লোকধারা পত্রিকার সম্পাদক এনামুল হক দীনা।

জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের যুগ্ন-সাধারন সম্পাদক মো. আরমান কবীর সৈকতের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবুল কালাম সিদ্দিকী নিপু, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সবুজ সরকার, অর্থ-সম্পাদক আব্দুল মোতালেব, মানবাধিকার সম্পাদক উজ্জ্বল মিয়া, সহ-দপ্তর সম্পাদক সাগর আহম্মেদ, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রমজান আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শুভ সাহা, সহ-ক্রীড়া সম্পাদক সাহান হাসান, কার্যকরী সদস্য খায়রুল ইসলাম, মাসুম, রেজাউল সহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সভাপতি মাছুদুর রহমান মিলন দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে হাউজিং এস্টেটে অবস্থিত টাঙ্গাইল জেলা ইউনিটের কার্যালয়ে এক পিঠা উৎসবের আয়োজন করা হবে।
একতার কণ্ঠঃ দীর্ঘদিন পর টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে করটিয়া সরকারি সা’দত কলেজ প্রাঙ্গণে ওই কলেজের উদ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।
করটিয়া সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সরকারি সা’দত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুলতান আহম্মেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তাফিজুর রহমান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক প্রফেসর শফিকুল ইসলাম ভূঁইঞা প্রমুখ।
এসময় ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাব্বির হাসান পল, অধ্যাপক ইমরুল কায়েস, ক্রীড়া শিক্ষক আব্দুস সাত্তার।
সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দীর প্রচেষ্টায় দীর্ঘদিন পর সরকারি সা’দত কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়াতে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দরা আনন্দিত।
১৮টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল শাড়িসহ সদ্য নিবন্ধিত তিনটি পণ্যের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের আগে পণ্য তিনটির সনদ হস্তান্তর করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সকাল ১০টায় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকের শুরুতেই শিল্প মন্ত্রণালয়ের নকশা ও ট্রেডমার্ক বিভাগের টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা এবং গোপালগঞ্জের রসগোল্লার জিআই সার্টিফিকেট এবং টাঙ্গাইলের শাড়ি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিল্পমন্ত্রী।
শিল্পমন্ত্রী ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা সনদের সঙ্গে একটি টাঙ্গাইল শাড়িও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
নতুন তিনটি পণ্যসহ বাংলাদেশের মোট ২২টি পণ্য জিআই সনদ পেল।
আগে নিবন্ধিত পণ্যগুলো হলো- জামদানি শাড়ি, বাংলাদেশের ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম, বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুরের কাটারিভোগ, বাংলাদেশের কালোজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহীর সিল্ক, ঢাকার মসলিন, বাংলাদেশের বাগদা চিংড়ি, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, বাংলাদেশের শীতলপাটি, বগুড়ার দই, শেরপুরের তুলসীমালা, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, নাটোরের কাঁচাগোল্লা, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুষ্টিয়ার তিলের খাজা ও কুমিল্লার রসমালাই।
একতার কণ্ঠঃ মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী টাঙ্গাইলের মো. হাফিজুর রহমানকে আর্থিক সহযোগিতা করলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিজ কার্যালয়ে বিজয়ীর হাতে উপহারটি তুলে দেন জেলা প্রশাসক।
স্বর্ণপদক জয়ী মো. হাফিজুর রহমান টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার পানকাতরা গ্রামের মো. আমির আলীর ছেলে। সে ধনবাড়ি সরকারি কলেজের এইচ.এস.সি (মানবিক বিভাগ) এর দ্বিতীয় বর্ষের ছাত্র।
সম্প্রতি হাফিজুর ঢাকার মিরপুর স্টেডিয়ামে রয়েল বেঙ্গল ফাইটিং চ্যাম্পিয়শীপ প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় এবং শেখ কামাল স্মৃতি মার্শাল আর্ট প্রতিযোগিতা ও হাবিব’স এম এম এ একাডেমি ক্লাব ফাইটিং চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় মিক্সড মার্শাল আর্টে স্বর্ণপদক জয় করেন। ঢাকায় উচ্চতর প্রশিক্ষণের জন্য জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম হাফিজুরকে এই আর্থিক সহযোগিতা দিলেন।
একতার কণ্ঠঃ টানা ছয় মাস অনুপস্থিত স্কুল শিক্ষিকা জেবুন নাহার শিলাকে অবশেষে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
নোটিশে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, জেবুন নাহার শিলা গত বছরের ১০ জুলাই থেকে ৯ অক্টোবর পর্যন্ত তিন মাসের চিকিৎসা ছুটিতে ছিলেন। একই বছরের ১০ অক্টোবর থেকে চলতি বছরের ৯ জানুয়ারি পর্যন্ত পুনরায় তিন মাসের চিকিৎসা ছুটির আবেদন করেন। নিয়ম অনুযায়ী, স্বাস্থ্যগত কারণে তিন মাসের অধিক ছুটির ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সনদ প্রয়োজন। মেডিকেল বোর্ডের সনদের জন্য ওই শিক্ষকের আবেদনপত্র টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে বিগত সময়ের চিকিৎসকের ব্যবস্থাপত্র ও কাগজপত্র মেডিকেল বোর্ডে পাঠাতে চিঠি দেয় সিভিল সার্জন কার্যালয়। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিয়ে বোর্ডে অনুপস্থিত রয়েছেন শিক্ষক জেবুন নাহার শিলা।
এরআগে সখীপুর ইউএনওর নির্দেশে গত ১৬ ও ২৯ জানুয়ারি উপজেলা শিক্ষা কর্মকর্তা ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন।
এ বিষয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক জানান, ওই শিক্ষকের চিকিৎসা ছুটির আবেদন জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু মেডিকেল বোর্ড প্রয়োজনীয় কাগজপত্র চাইলে জমা দেননি শিক্ষক শিলা। ফলে ওই শিক্ষক চিকিৎসা ছুটি পাননি। এ কারণে সিভিল সার্জন কার্যালয় কাগজপত্র ফেরত পাঠিয়েছে। বৃহস্পতিবার তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু হচ্ছে।
উল্লেখ্য, জেবুন নাহার শিলা ২০২৩ সালের ২৪ জানুয়ারি সখীপুর উপজেলার পশ্চিম কালিদাস পানাউল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বজলুর রশিদ (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় দিগড় ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন ফনি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বজলুর রশিদ উপজেলার দিগড় ইউনিয়নের আঠারদানা দক্ষিনপাড়া এলাকার মৃত আমীর উদ্দিনের ছেলে। তিনি রাইস মিলের ব্যবসা করতনে।
স্থানীয়রা জানান, তিনি প্রতিদিন ভোরে বাড়ি থেকে একা বের হয়ে মসজিদে জামায়াতে নামাজ আদায় করতেন। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার আঠারদানা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে যাত্রীবাহী একটি অটোভ্যান তাকে চাপা দেয় । এতে তার মাথা ফেটে যায় এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। জেনারেল হাসপাতালে তার অবস্থার আরও অবনতি ঘটলে তার পরিবার তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৩টায় তিনি মৃত্যুবরণ করেন।
ঘাটাইল উপজেলার দিগড় ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন ফনি জানান, মসজিদে নামাজে পড়তে যাওয়ার পথে এভাবে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী বজলুর রশিদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৬৭ বছর উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব।
মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মহাসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাপের কেন্দ্রীয় নেতা ডা. আবু আসলাম মিন্টু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নেতা আবুল কাশেম প্রমুখ।
অনুষ্ঠানে ভাসানী ফাউন্ডেশনের ছাত্র, যুব ও সাংস্কৃতিক নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, কাগমারী সম্মেলন ১৯৫৭ সালে অনুষ্ঠিত একটি বিশেষ তাৎপর্য জাতীয় সম্মেলন। যা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বিশেষ ইঙ্গিতবহ ভূমিকা রেখেছিল। ১৯৫৭ সালের ৬ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত টাঙ্গাইল জেলার কাগমারীতে মওলানা ভাসানীর নেতৃত্বে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের শহরের কাগমারী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও একজন।
নিহতের নাম রুকুনুজ্জামান (৩৫)। সে রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জের আখতারুলের ছেলে। সে সিটি গ্রুপের সেলস অফিসার হিসেবে কর্মরত ছিল বলেও জানা গেছে।
আহতের নাম হুমায়ূন রশীদ(৪০)। সে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাবাদী গ্রামের রওশন আলীর ছেলে। সে বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে নাগরপুরগামী বালু ভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এই ঘটনায় আহত হয় আরও একজন। এসময় স্থানীয় লোকজন ট্রাক ও এর চালককে আটক করে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের তিন ভিক্ষুককে দোকান ও অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটব বিতরণ করেছেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভিক্ষুক পূনবার্সন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তিনজন ভিক্ষুককে দোকান ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে অস্বচ্ছল ২০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মুহাম্মদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া প্রমুখ।
দোকানপ্রাপ্তরা হলেন-মিনতী রাণী কর্মকার, শহর আলী ও করিমন বেগম।
এর আগে অফিসার্স ক্লাব একাডেমি ইনডোর প্লে-গ্রাউন্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক।
একতার কণ্ঠঃ সম্প্রতি টাঙ্গাইল শাড়ির জিআই (জিওগ্রাফিকাল ইন্ডিকেশন) বা ভৌগলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হস্ত শিল্প দফতর। এরপরেই তা নিয়ে বিতর্কের ঝড় ওঠে।
এরইমধ্যে বুধবার (৭ ফেব্রুয়ারি) ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়িকে স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি)।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিল্পসচিব জাকিয়া সুলতানা। পরবর্তীতে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে ভারত টাঙ্গাইল শাড়িকে তাদের জিআই পণ্য ঘোষণা করায় আইনগত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। প্রয়োজনে বিশ্ব মেধাসম্পদ সংস্থা বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের মাধ্যমে (ডাব্লিউআইপিও) সমাধানের জন্য উদ্যোগ নেয়া হবে।
এরআগে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জিআই পণ্যের স্বীকৃতি পেতে মন্ত্রণালয়ে ই-মেইলের মাধ্যমে আবেদন করেছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
গেল ২ জানুয়ারি ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁতের শাড়ির ভৌগলিক নির্দেশকের সত্ত্ব পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ফুলিয়া। আর এটাও সত্য যে, টাঙ্গাইলের তাঁতের শাড়ি পৃথিবী বিখ্যাত এবং সবারই জানা এর ভৌগলিক অবস্থান বাংলাদেশেই।
এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফুলিয়ার তাঁত শিল্পীরাও বিব্রত। যেমন- ২০২১ সালে তাঁত শিল্পের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পদ্মশ্রীপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক, যার পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইলে, তিনিও কিছুটা অবাক হয়েছেন।
তার ভাষায়, ‘বিষয়টি সংশ্লিষ্ট দুই সরকারের দেখা উচিত।’ তবে তিনি যোগ করেন, ‘যেহেতু ফুলিয়া-টাঙ্গাইলের তাঁতের শাড়িতে জিআই স্বীকৃতি পেয়েছে, তাই তারা এটা নিয়ে খুশি।’
বীরেন কুমার বসাক নিজেই স্বীকার করে বললেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ির উৎস বাংলাদেশের টাঙ্গাইলের জেলাতেই। আর ফুলিয়ার প্রায় সব তাঁতিই এসেছেন পূর্ববঙ্গ থেকে।
ফুলিয়া প্রগতিশীল তন্তুবায় সমিতির কর্মকর্তা অশ্বীনি কুমার বসাক জানালেন, মাধ্যমিক পাস করার পর তিনি বাংলাদেশ থেকে এসেছেন ফুলিয়াতে। এসে যুক্ত হয়েছেন তাঁত শিল্প উন্নয়নের কাজে। এই সমবায়ে প্রায় ৪০৫ জন তাঁত শিল্পী রয়েছেন। যদিও করোনার পর অনেকেই এখন এই পেশা ছেড়ে দিয়েছেন। টাঙ্গাইলের তাঁতের শাড়ির জিআই পাওয়ার পর বিষয়টি নিয়ে খোদ টাঙ্গাইলে তার বন্ধু-স্বজনরাও ক্ষুব্ধ হয়েছেন বলে জানান তিনি।