/ হোম / টাঙ্গাইল
টাঙ্গাইলের তাঁতের শাড়িকে ভারতের শাড়ি দাবি করার প্রতিবাদে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলের তাঁতের শাড়িকে ভারতের শাড়ি দাবি করার প্রতিবাদে মানববন্ধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের তাঁতের শাড়িকে ভারতের শাড়ি হিসেবে দাবি করার প্রতিবাদে এবং বাংলাদেশের পণ্য হিসেবে জিআই স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ, সমাজকর্মী নাদিউর রহমান আকাশ, আহসান খান আকাশ, মির্জা রিয়ান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাইল শাড়ি। টাঙ্গাইলের শাড়ি আমাদের অহংকার। টাঙ্গাইলের শাড়ি স্বীকৃতি ভারত কখনই পেতে পারে না। ভারতের এ দাবি অযৌক্তিক। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া উচিৎ। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। টাঙ্গাইলের শাড়ির বিশেষত্ব মানেই টাঙ্গাইলে তৈরি। টাঙ্গাইল শাড়ির জিআই পাওয়ার দাবিদার হচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুতই টাঙ্গাইলের শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার।

টাঙ্গাইল শাড়ি মালিক সমিতির সভাপতি রঘুনাথ বসাক বলেন, আমরা এই জিআই কখনও মানব না। সরকারকে বলবো যে কোনো মূল্যে নিজেদের নামে টাঙ্গাইলের শাড়ির জিআই করতে। অন্যথায় টাঙ্গাইলের শাড়ি ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে যাবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়সারুল ইসলাম জানান, ভারত ২০২০ সালে জিআই আবেদন করে। আর টাঙ্গাইল শাড়ির ব্র্যান্ডিং করা হয়েছে ২০১৭ সালে। এটি টাঙ্গাইলের ঐতিহ্য। গত মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে এই তাঁত শাড়ি জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল শাড়ি জিআই করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ০৪. ফেব্রুয়ারী ২০২৪ ০৫:২৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ১৬ ঘণ্টায় ট্রেন-বাস-ট্রাক কেড়ে নিলো  ৬ জনের প্রাণ - Ekotar Kantho

টাঙ্গাইলে ১৬ ঘণ্টায় ট্রেন-বাস-ট্রাক কেড়ে নিলো ৬ জনের প্রাণ

একতার কণ্ঠঃ শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকাগামী হানিফ পরিবহন নামে একটি বাসের ধাক্কায় অটোচালকসহ দুজন নিহতের ঘটনা ঘটেছে।

অপরদিকে, টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে শনিবার সকালে মাটিবোঝাই একটি ড্রামট্রাকের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে টিটু-খাঁ (৬০) নামে আরও একজনের নিহতের ঘটনা ঘটেছে।

এছাড়াও শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের পাশে রেললাইনে হাঁটাহাঁটি করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ মারা গেছেন ৩ জন। এ নিয়ে জেলায় প্রায় ১৬ ঘণ্টার ব্যবধানে মোট ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

এরমধ্যে শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ১৩ নং ব্রিজের কাছে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দুজন নিহত হয়।

তারা হলেন- উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গোহালিয়াবাড়ী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুস ছাত্তার (৩৫) এবং একই ইউনিয়নের কুর্শাবেনু গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল মমিন (৩৬)। এদের মধ্যে আব্দুস ছাত্তার অটোভ্যান চালক ও আব্দুল মমিন অটোভ্যানের যাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী হানিফ পরিবহন নামে একটি বাসকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনটি সামনে থাকা অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোভ্যান চালক ও তার যাত্রী মারা যায়। এ খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাসটিকেও জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

একই দিন সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে শনিবার সকালে মাটিবোঝাই একটি ড্রামট্রাকের (ঢাকা মেট্রো ট-১৮-৬৩১৮) সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে টিটু খাঁ নিহত ও অপর দুইজন আহত হয়।

নিহত টিটু-খাঁ ঘাটাইলের লোকের পাড়া ইউনিয়নের মৃত হিটলার খাঁর ছেলে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অপরদিকে, শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় রেললাইনে হাঁটতে গিয়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাবা ও তার শিশু ছেলেসহ তিনজনের প্রাণহানির ঘটনা ঘটে।

বাবা-ছেলেসহ নিহতরা হলেন- নাটোর বড়াই গ্রামের আলাউদ্দিনের ছেলে রতন (৩৫) ও তার ছেলে সানি (৬) এবং অপর ব্যক্তির নাম শরীফ (৩৪)। তিনি রাজশাহী বেল পুকুর এলাকার আলম মন্ডলের ছেলে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহীগামী দূরপাল্লার একটি বাস আনালিয়াবাড়ী এলাকায় রাতে হঠাৎ বিকল হয়। পরে বাসটি মেরামত করার সময় কিছু যাত্রী মহাসড়কের পাশে হাঁটাহাঁটি করছিল। এ সময় নীলফামারীর চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস নামের একটি ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও এক নারী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম জানান, ট্রেনে কাটা পড়ে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন সম্পর্কে বাবা-ছেলে। এদের মধ্যে বাবার নাম রতন ও ছেলের নাম সানি। তাদের বাড়ি নাটোরের বড়াই গ্রামে এবং অপর এক ব্যক্তির নাম শরীফ। তার বাড়ি রাজশাহীর বেল পুকুর এলাকায়। তারা নীলফামারীর চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যায়।

সর্বশেষ আপডেটঃ ০৪. ফেব্রুয়ারী ২০২৪ ০২:১৪:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ১৫ লাখ টাকার হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে ১৫ লাখ টাকার হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ১৫ লাখ টাকার হেরোইনসহ মো. মাসুদুজ্জামান মাসুদ (২২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)

শুক্রবার (০২ জানুয়ারি) রাতে সদর উপজেলার নগর জালফৈ বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাসুদুজ্জামান মাসুদ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকার আমিরুল ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) দক্ষিণের মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকষ দল সদর উপজেলার নগর জালফৈ বাইপাস এলাকায় অভিযান চালায়। অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদকে ১৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। গ্রেপ্তারকৃত মাসুদুজ্জামান মাসুদের নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৪. ফেব্রুয়ারী ২০২৪ ০১:১৭:এএম ২ বছর আগে
কাঙ্খিত হুইলচেয়ার পেল জাহের-ফিরোজা দম্পতি - Ekotar Kantho

কাঙ্খিত হুইলচেয়ার পেল জাহের-ফিরোজা দম্পতি

একতার কণ্ঠঃ কাঙ্খিত হুইলচেয়ার পেল মো. জাহের আলী (৬০) ও ফিরোজা বেগম (৫০) দম্পতি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের কাছে এই হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়।

হুইলচেয়ার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে শারীরিক ভাবে পঙ্গু ও মানসিক ভারসাম্যহীন ফিরোজা বেগম। সে ওই মুহূর্তে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। এর মাধ্যমে ফিরোজা বেগমের ভাঙ্গা ও ব্যবহার অযোগ্য হুইলচেয়ারটি পরিবর্তন করে নতুনভাবে জীবিকা নির্বাহের অবলম্বন পেল এই দম্পতি। জয় হলো আবারও মানবতার।

মানবিক আবেদনে সারা দিয়ে হুইলচেয়ারটি প্রদান করেন শারীরিকভাবে পঙ্গুদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন সেন্টার ফর রুরাল ডিজেবল ডেভলপমেন্ট (সিআরডিডি) টাঙ্গাইল।

এসময় উপস্থিত ছিলেন, সিআরডিডির প্রতিষ্ঠাতা সভাপতি আবরার এইচ.কে ইউসুফ জাই, সংগঠনের সাধারণ সম্পাদক সিফাত মোহাম্মদ আরেফিন, জনতা ব্যাংক লিমিটেড টাঙ্গাইল শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি ও একতার কণ্ঠের সম্পাদক মো. আরমান কবীর (সৈকত), টাঙ্গাইল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক জাহিদ রানা, বিশিষ্ট সমাজ সেবক সাইদুল ইসলাম মিন্টু, একতার কণ্ঠের বার্তা-সম্পাদক সাহান হাসান প্রমূখ।

উল্লেখ্য, রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের বড়টিয়া গ্রামের ভিক্ষুক দম্পতি জাহের ও ফিরোজার একটি ভিডিও চিত্র ধারণ করেন দৈনিক আমাদের নতুন সময়ের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও একতার কণ্ঠের সম্পাদক মো. আরমান কবীর (সৈকত)। পরে রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের আইডিতে পোষ্ট করেন। ফেসবুকের সেই পোষ্ট দেখে টাঙ্গাইল জেলা ও জেলার বাহিরের অনেক হৃদয়বান ব্যক্তি তাদের কাঙ্খিত হুইলচেয়ার দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। পরে জনতা ব্যাংক টাঙ্গাইল শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলমের মাধ্যমে সামাজিক সংগঠন সেন্টার ফর রুরাল ডিজেবল ডেভলপমেন্ট (সিআরডিডি) টাঙ্গাইল শাখার সভাপতি আবরার এইচ.কে ইউসুফ জাই একটি স্টেনলেস স্টিল হুইলচেয়ার এই দম্পতিকে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহেদী হাসান নামের এক যুবক এই দম্পতির সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা জোগাড় করে দেয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে এই দম্পতিকে তাদের কাঙ্খিত হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়।

সর্বশেষ আপডেটঃ ০১. ফেব্রুয়ারী ২০২৪ ০৮:১৪:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে নদীর পাড় কেটে বালু বিক্রি, দুই ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা - Ekotar Kantho

টাঙ্গাইলে নদীর পাড় কেটে বালু বিক্রি, দুই ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু (ভিটমাটি) বিক্রির দায়ে দুই বালু ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার গোড়াইল ও ইচাইল এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন তিনি।

অর্থদন্ড প্রাপ্তরা হলেন উপজেলার গোড়াইল গ্রামের মৃত দীন মোহাম্মদের ছেলে আলমগীর মৃধা (৫০) ও যুগী গ্রামের সফিকুল ইসলামের ছেলে ইউসুফ মিয়া (২৭)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, আলমগীর মৃধা বংশাই নদীর গোড়াইল এবং ইউসুফ মিয়া লৌহজং নদীর ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল এলাকা থেকে রাতের আধারে ভেকু মেশিন দিয়ে বালু কেটে বিক্রি করে আসছিলেন।

তিনি আরও জানান, পরে স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই দুই অবৈধ বালু উত্তোলনকারীকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ৩০. জানুয়ারী ২০২৪ ০২:৪৯:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে আ’লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগে সাবেক কৃষিমন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে আ’লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগে সাবেক কৃষিমন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন

একতার কণ্ঠঃ সাবেক কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড.আব্দুর রাজ্জাক এমপির বিরুদ্ধে বাড়ি-ঘর ভাংচুর করার অভিযোগে টাঙ্গাইল জেলা সাবেক ও বর্তমান ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এরআগে গত ১৯ জানুয়ারি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বলিভদ্র গ্রামের মেহেদী হাসান রনির বাড়িতে হামলার ঘটনাটি ঘটে।

মানববন্ধনে মেহেদী হাসান রনি অভিযোগ করে বলেন, বিগত দিনে মধুপুর-ধনবাড়ির সংসদ সদস্য আব্দুর রাজ্জাকের অপকর্মের বিরুদ্ধে আমি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ করেছি। যার ফলে আব্দুর রাজ্জাকের নির্দেশে তার ভাই ও মামাতো ভাইয়েরা মিলে আমার বাড়িতে হামলা করেছে। হামলা করার সময় তার মামাতো ভাই সাবেক ধনবাড়ি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও তার সাথে প্রায় কয়েক জন সন্ত্রাসী বাহিনী হঠাৎ করে এলোপাথাড়ি হামলা করে বাড়ির জানালা, দরজা, গেট ভাংচুর করে।

তিনি আরও বলেন, পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এঘটনায় রাতেই একটি ঝটিকা মিছিল করেছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার বিষয়ে থানায় মামলা হয়েছে। এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেয়া হবে।

প্রকাশ, মেহেদী হাসান রনি কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য।এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় জসীম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৩০. জানুয়ারী ২০২৪ ০১:৫৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে এমপিও নীতিমালার সুযোগ ভোগে মসজিদ প্রাঙ্গণে স্কুল স্থাপন - Ekotar Kantho

টাঙ্গাইলে এমপিও নীতিমালার সুযোগ ভোগে মসজিদ প্রাঙ্গণে স্কুল স্থাপন

একতার কণ্ঠঃ বেসরকারি বিদ্যালয় এমপিও নীতিমালার সুযোগ ভোগে মসজিদ প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে স্কুল। চাঞ্চল্যকর এমনটাই ঘটেছে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের যোগসাজসে গড়ে তোলা হয়েছে ভবানীপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় নামে একটি বিদ্যাপিঠ বলে জানিয়েছেন স্থানীয়রা। সদ্য স্থাপিত বিদ্যালয় আর কর্মরত শিক্ষকদের এমপিও ভুক্ত করতে শিক্ষক প্রতি মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

বিদ্যালয়ের সাইনবোর্ডে স্থাপিত ২০১৫ সাল দেখানো হলেও চলতি জানুয়ারি থেকে শুরু হয়েছে স্কুল কার্যক্রম বলে স্বীকার করেছেন কর্মরত শিক্ষক আর অধ্যায়নরত শিক্ষার্থীরা।

অভিযোগ উঠা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুনার রশিদ সদর উপজেলার আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক। ইতোপূর্বেও তার বিরুদ্ধে রয়েছে সরকারিভাবে বন্ধ থাকা বৃত্তি পরীক্ষা টাঙ্গাইলে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়াসহ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভবন বিক্রির অভিযোগ।

এছাড়া ভবানীপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোতালেব মিয়া পেশায় একজন আইনজীবী সহকারি। কমিটির সভাপতি মোতালেব মিয়ার ছেলে শাকিল আহমেদ রয়েছেন ভবানীপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে (এমএলএসএস) পিয়ন পদে কর্মরত।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী সংখ্যা ১১০জন। কর্মরত শিক্ষক পদে ৫ আর (এমএলএসএস) পিয়ন পদে কর্মরত রয়েছেন ১ জন।

স্থানীয়দের অভিযোগ, টাঙ্গাইল সদর উপজেলার দূর্গম এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন। বিদ্যালয় স্থাপনের জন্য জমিও ক্রয় করা হয়েছে। ক্রয়কৃত জমির উপর বিদ্যালয় নির্মাণের দাবি জানিয়েছেন তারা। তবে মসজিদ প্রাঙ্গণে স্কুল স্থাপন আর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির এমপিও ভুক্তির নাম ভাঙিয়ে আর অবৈধ প্রক্রিয়ার শিক্ষক নিয়োগের মাধ্যমে মোটা টাকা বাণিজ্যের বিরোধীতা করছেন তারা।

বিদ্যালয়টির নির্দিষ্ট কোন ভবন না থাকলেও এটি এমপিও ভুক্ত হচ্ছে তথ্যটি যেমন সুখের, তেমনি শিক্ষক নিয়োগ আর এমপিও ভুক্তির লোভ দেখিয়ে ৫ শিক্ষকের কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়ার সংবাদটি দুঃখজনক। নিয়োগপ্রাপ্ত তিন শিক্ষকের বয়স ৩২ বছরের উপরে হওয়া সত্ত্বেও কিভাবে আর কোন পন্থায় নিয়োগ দেওয়া হলো সেটিসহ এত টাকা লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও শিক্ষা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ভবানীপুর গ্রামের মো. খাদেম আলী সরকার বলেন, চলতি মাসেই মসজিদ প্রাঙ্গণে বিদ্যালয়টি চালু করা হয়েছে।

স্থানীয় গ্রামের ছাত্র হারুন জানায়, মাসখানেক যাবৎ মসজিদ প্রাঙ্গণে বিদ্যালয়টি চালু হয়েছে। ছাত্র-ছাত্রী কতজন সেটি না জানলেও পাঁচজন শিক্ষক বিদ্যালয়ে কর্মরত বলে জানান সে।

ভবানীপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থী লামিয়া জানায়, মাত্র ১৬ দিন যাবৎ এই বিদ্যালয়ে ভর্তি হয়েছে সে।

পঞ্চম শ্রেণীর ছাত্র জুনায়েদ জানায়, প্রায় তিন সপ্তাহ হলো সে এই বিদ্যালয়ে ভর্তি হয়েছে। আগে এখানে মক্তব ছিল, নতুন করে এই বিদ্যালয়টি চালু করা হয়েছে।

মসজিদের ঈমাম আবু রায়হান বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোতালেব মিয়ার আত্মীয় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। বিদ্যালয়ের জন্য মোতালেব মিয়া আবেদন করার কারণে মনে হয় তাদের যোগাযোগ হয়েছে। তবে টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

বিদ্যালয়ে কর্মরত শিক্ষক আমিনা খাতুন রিমু বলেন, এমপিও করার আশ্বাসে বিদ্যালয়টি সম্প্রতি চালু করা হয়েছে। তিনি বর্তমানে মাস্টার্সে অধ্যায়নরত। এমপিও করে দেওয়ার আশ্বাসে তিনি এখানে শিক্ষকতা করছেন। টাকা লেনদেনের বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি জানান, বিষয়টি আমার অভিভাবকরা বলতে পারবেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজী বলেন, ২০১৫ সাল থেকে বিদ্যালয়ে কর্মরত। ভবন না থাকায় অস্থায়ীভাবে মসজিদ প্রাঙ্গণে চলতি জানুয়ারি থেকে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। নদী পাড় হয়ে এই গ্রামের ছাত্র ছাত্রীদের অন্যত্র বিদ্যালয়ে যাতায়াত করতে হয় বলেই এখানে বিদ্যালয়টি গড়ে তোলা হচ্ছে।

তিনি আরও বলেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুনার রশিদ আর বিদ্যালয়ের সভাপতি মোতালেব আঙ্কেলের সরকারি হওয়ার আশ্বাসে বিনা বেতনে তারা বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছেন। তিনিসহ বিদ্যালয়ে কর্মরত অধিকাংশ শিক্ষকের বাড়ি শহরে বলেও জানান তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোতালেব মিয়া বলেন, টাকা লেনদেনের বিষয়টি তিনি জানেন না।

জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুনার রশিদ মিটিং এ আছি বলে এ বিষয়ে কোন বক্তব্য না দিয়েই ফোনটি কেটে দেন। এরপর থেকে অসংখ্যবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

কাতুলী ইউনিয়নের ১নং ওয়ার্ড ভবানীপুর গ্রামের ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, সম্প্রতি ওই গ্রামে বিদ্যালয়টি চালু হয়েছে। টাকা লেনদেনের বিষয়টি তিনি জানেন না।

কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন মিয়া বলেন, ভবানীপুরে একটি বিদ্যালয় হবে, এটি আমি জানি। তবে মসজিদ প্রাঙ্গণে বিদ্যালয় স্থাপন ও শিক্ষক নিয়োগে টাকা লেনদেনের বিষয়টি আমার জানা নেই।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক জানান, কাতুলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভবানীপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় নির্মাণের একটি প্রস্তাবনা রয়েছে। এই বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগের নামে যদি কেউ টাকা নেন বা চান তাহলে উনাকে থানায় হস্তান্তর করার অনুরোধ জানিয়েছেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ২৮. জানুয়ারী ২০২৪ ০২:১৪:এএম ২ বছর আগে
পন্যের যদি সরবরাহ পর্যাপ্ত থাকে তবে কেউ মজুতদারী করতে পারবেনা: বানিজ্য প্রতিমন্ত্রী - Ekotar Kantho

পন্যের যদি সরবরাহ পর্যাপ্ত থাকে তবে কেউ মজুতদারী করতে পারবেনা: বানিজ্য প্রতিমন্ত্রী

একতার কণ্ঠঃ বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আমাদের প্রথম কাজ হচ্ছে, পণ্যের বাজার ব্যবস্থা উন্নত করা। পন্যের যদি সরবরাহ পর্যাপ্ত থাকে তবে কেউ মজুতদারী করতে পারবেনা। এ বিষয়ে খাদ্য পণ্যের সরবহাহকারীদের সাথে আমাদের কথা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, রমজান মাসসহ বছরের ১২ মাস দেশের এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে খাদ্য পন্য সরবরাহ করা হবে।

মন্ত্রী শনিবার (২৬ জানুয়ারি) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ, বলরামপুর ও নিশ্চিন্তপুর এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকা সমুহ যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষাকল্পে বাম তীর বরাবর ছয় কিলোমিটার দৈর্ঘ্যে জিওব্যাগ দ্বারা নদী তীর রক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্দিচ্ছায় নদী পারের মানুষকে রক্ষাকল্পে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নদী ভাঙ্গন প্রতিরোধে ২১ লাখের উপরের জিওব্যাগ ফেলা হবে।

নদী তীর প্রতিরক্ষামুলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরির্দশন করেন।

সর্বশেষ আপডেটঃ ২৮. জানুয়ারী ২০২৪ ০১:৪৪:এএম ২ বছর আগে
কালিহাতীতে জাতীয় বিজ্ঞান মেলা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান - Ekotar Kantho

কালিহাতীতে জাতীয় বিজ্ঞান মেলা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

একতার কণ্ঠঃ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলা ও ৮ম অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক টাঙ্গাইল-৪ ( কালিহাতী ) আসনের সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবীর প্রমুখ।

এতে কলেজ পর্যায়ে আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয় প্রথম স্থান, শহীদ শাহেদ হাজারী কলেজ দ্বিতীয়, বল্লা করোনেশন হাইস্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করেছে। মাধ্যমিক পর্যায়ে নূর জাহান খসরু আদর্শ উচ্চ বিদ্যালয় প্রথম, এলেঙ্গা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও খিলদা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেছে।

বিজ্ঞান অলিম্পিয়াড সিনিয়র গ্রুপ কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সরকারি শামসুল হক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র দেবজিৎ সরকার অর্পন, একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র স্বর্ণদীপ সরকার দ্বিতীয় ও লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সানজিদা আফরিন।

জুনিয়র গ্রুপ মাধ্যমিক স্কুল পর্যায়ে কালিহাতী সরকারি আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মারিয়া শেখ সারা প্রথম স্থান, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আজমী আল আপন দ্বিতীয়, সরকারি আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রাইসা ইসলাম।

বিজ্ঞান কুইজ প্রতিযোগীতায় প্রথম হয়েছে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, তৃতীয় হয়েছে করিমুন্নেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়।

সর্বশেষ আপডেটঃ ২৭. জানুয়ারী ২০২৪ ০৩:৪৫:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেম, গেঞ্জিতে নোট লিখে আত্মহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেম, গেঞ্জিতে নোট লিখে আত্মহত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের জোড়দীঘি গ্রামের সোহরাব হোসেন (৩০) ও একই ইউনিয়নের শহরগোপীনপুর গ্রামের কায়সার আহমেদ (২৮) পেশায় দু’জনই কাঠমিস্ত্রি। একই কর্মে থাকায় বন্ধুত্ব হয় দু’জনের মধ্যে। দু’জনেই বিবাহিত। বন্ধুত্বের সুবাদে দুই পরিবারের মধ্যে গড়ে ওঠে সুসম্পর্ক। একে অপরের বাড়িতে প্রতিনিয়ত ছিল তাদের যাতায়ত। এক পর্যায় সোহরাবের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কায়সারের। সম্পর্কের অবনতি হওয়ায় প্রেমিকার ঘরের পেছনে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কায়সার।

মৃত্যুর আগে গায়ে পরিহিত গেঞ্জিতে তিনি লিখেছেন- ‘তর কারণে আজ আমার এই অবস্থা, তুই বাবিনা শান্তি পাবি তুই। তরা মা মেয়ে মিলে ভালো।’ এর পরের লেখা বুঝা যায় না।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোরে ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের জোড়দীঘি গ্রামে।

সোহরাবের প্রতিবেশিরা জানায়, কায়সার আহমেদের বাড়ি থেকে তার বন্ধু সোহরাব হোসেনের বাড়ির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। দু’জনের আয়ের পথ একই হওয়ায় বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। জোড়দীঘি বাজারে কাঠের দোকান রয়েছে কায়সারের। এরই মধ্যে কাঠমিস্ত্রির কাজ বাদ দিয়ে সোহরাব চলে যান প্রবাসে। বাজারের পাশেই সোহরাবের বাড়ি হওয়ায় বন্ধুর বাড়ি যাতায়াত বেড়ে যায় কায়সারের। সাত মাস আগে দেশে আসেন সোহরাব। দেশে আসার পর পরই তার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যান কায়সার।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, বন্ধুত্বের সুবাদে সোহরাবের স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে সন্তানের জননীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কায়সারের। কায়সার নিজেও বিবাহিত। কায়সার বন্ধুর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যান। তিনদিন থাকার পর নিজের ইচ্ছায় আবার সোহরাবের বাড়িতে চলে আসেন তার স্ত্রী। এ ঘটনা এলাকায় জানাজানি হলে সোহরাবের শ্বশুর এসে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে যান। ছেলে সন্তানের দিকে তাকিয়ে পারিবারিকভাবে বিষয়টি সমাধান করে পুনরায় ঘর সংসার শুরু করেন সোহরাব।

ইউপি সদস্য আরও জানান, সোহরাবের ঘরের পেছনের দিক দিয়ে পা পথ চলে গেছে। সেই পথ দিয়ে ভোরে স্থানীয় লেবু ব্যবসায়ী শফিকুল ইসলাম বাজারে যাওয়ার সময় কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় কায়সারকে দেখতে পান। তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে লাশ নিচে নামান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা আত্মহত্যা। নিহতের গায়ে পরিহিত গেঞ্জিতে একটি নোট লেখা আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৬. জানুয়ারী ২০২৪ ০৩:৩৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে বাস-ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস-ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার কয়াপাড়া মোড় এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মটবাড়ি এলাকার আখেরুজ্জামান ফরহাদ (৬৭) ও ভ্যানচালক একই এলাকার আব্দুল খালেক (৬০)।

এ ঘটনায় নিহত আখেরুজ্জামান ফরহাদের স্ত্রী নাহার আক্তারকে (৬০) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, উপজেলার মটবাড়ি থেকে ভ্যানে হতাহতরা ধনবাড়ীর দিকে যাচ্ছিলেন। অপর দিকে জামালপুর থেকে রাজিব পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি ধনবাড়ী উপজেলার কয়াপাড়া মোড় এলাকায় পৌঁছালে ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ২ জন নিহত হয়।

তিনি আরও জানান, এঘটনায় গুরুতর আহত ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৬. জানুয়ারী ২০২৪ ০১:৫২:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে লেগুনার ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে লেগুনার ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে লেগুনার ধাক্কায় ব্যাটারীচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুরের পেচুয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোস্তফা মিয়া (৪০)। তিনি ওই অটোরিকশার যাত্রী ছিলেন। তবে নিহত অটোরিকশা চালকের তাৎক্ষণিক ভাবে নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আবু ছালাম মিয়া জানান, বুধবার বিকেলে ধলাপাড়া থেকে যাত্রী নিয়ে ব্যাটারীচালিত একটি অটোরিকশা সাগরদিঘী যাওয়ার পথে ঘাটাইল- সাগরদিঘি আঞ্চলিক সড়কের পেচুয়া নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি লেগুনা অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হয়। এসময় আরও তিন জন আহত হন। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা মিয়াকে মৃত ঘোষনা করেন।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে লেগুনার চালক পলাতক রয়েছে। তাৎক্ষণিক ভাবে নিহত অটোরিকশা চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সর্বশেষ আপডেটঃ ২৫. জানুয়ারী ২০২৪ ০২:৪৩:এএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।