মোঃ আরমান কবীর সৈকত (সম্পাদক)

টাঙ্গাইলে ইলিয়াস কাঞ্চনের সহধর্মিনী জাহানারা কাঞ্চনের শাহাদৎ বার্ষিকীতে আলোচনা সভা - Ekotar Kantho

টাঙ্গাইলে ইলিয়াস কাঞ্চনের সহধর্মিনী জাহানারা কাঞ্চনের শাহাদৎ বার্ষিকীতে আলোচনা সভা

একতার কণ্ঠঃ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিনী জাহানারা কাঞ্চনের ২৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২২অক্টোবর) বিকেলে নিরাপদ সড়ক চাই জেলা শাখার উদ্যোগে টাঙ্গাইল পৌরসভার মিলনায়তনে  ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর। নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এলেন মল্লিক। নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক ঝান্ডা চাকলাদারের সঞ্চালনায় আলোচক ছিলেন নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহ-সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চু ও সাজ্জাদুর রহমান খোশনবীশ প্রমুখ।

আলোচনা শেষে জাহানারা কাঞ্চনের  আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে নিরাপদ সড়ক চাই জেলা শাখা অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৩. অক্টোবর ২০২১ ০২:২৯:এএম ৫ বছর আগে
নানা কর্মসূচীতে টাঙ্গাইলে “বিশ্ব নিরাপদ সড়ক দিবস” পালিত - Ekotar Kantho

নানা কর্মসূচীতে টাঙ্গাইলে “বিশ্ব নিরাপদ সড়ক দিবস” পালিত

একতার কণ্ঠঃ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে টাঙ্গাইলে বিশ্ব নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। শুক্রবার(২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদ হাসান। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।

দিবসটি উপলক্ষে ‍‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব পাল, বিআরটিএ টাঙ্গাইল সার্কেল সহকারী পরিচালক মো. আলতাব হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ঝান্ডা চাকলাদার প্রমুখ।

এ সময় জেলা প্রশাসন, সড়ক বিভাগ, বিআরটিএ ও নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহ-সভাপতি,অর্থ সম্পাদক,প্রচার সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৩. অক্টোবর ২০২১ ০১:৩৮:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুর থেকে ইয়াসমিন (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের ধরাটি টানপাহাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামী নুরুন্নবীকে আটক করেছে পুলিশ। নিহত ইয়াসমিন ওই এলাকার আব্দুল লতিফ মৃধার মেয়ে।

গৃহবধূর চাচা জুলহাস উদ্দিন জানান, কুড়াগাছা ইউনিয়নের ধরাটি গ্রামের হাসু মিয়ার ছেলে নুরুন্নবীর সাথে পারিবারিকভাবে ইয়াসমিনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে পারিবারিক কলহের জের ধরে ইয়াসমিনের শ্বশুর বাড়ির লোকজন তার উপর নির্যাতন করত। এক বছর আগে ইয়াসমিন একটি ছেলে সন্তানের জন্ম দেয়। বৃহস্পতিবার দুপুরের দিকে ধরাটি টানপাহাড় এলাকায় একটি জলপাই গাছের নিচে ইয়াসমিনকে রক্তাক্ত অচেতন অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন।

গৃহবধূর শাশুড়ি নূরজাহান বেগম জানান, তাদের নতুন বাড়িতে কাজ চলছে। এ জন্য তিনি সেখানেই ছিলেন। ছেলের বউ বাড়িতে একাই ছিল। কীভাবে এ ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারছেন না।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, বিকেলে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় গৃহবধূর বাবা আব্দুল লতিফ মৃধা বাদী হয়ে মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী নুরুন্নবীকে আটক করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২২. অক্টোবর ২০২১ ০৪:৩৬:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত দোয়া দিবস পালন - Ekotar Kantho

টাঙ্গাইলে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত দোয়া দিবস পালন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত দোয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার(২১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ, এনজিও ফোরামের প্রতিনিধি শামীম আল মামুন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার শিমু সাহা, মেজর জেনারেল মাহমুদুল হাসান আর্দশ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ইবনে মায়াজ প্রামানিক।

সর্বশেষ আপডেটঃ ২২. অক্টোবর ২০২১ ০৩:২১:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঘটনা আলাদা হলেও একই এলাকায় একই সময়ে দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার(২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাউলজানী ইউনিয়নের বোর্ডবাজার ও বার্থা দক্ষিণপাড়া থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহতদের লাশ সন্ধ্যায় হাসপাতালের বেডে একই সময় পাশাপাশি রাখা ছিল। দুটি ঘটনা আলাদা হলেও একই এলাকা ও একই সময়ে হওয়ায় উপজেলাব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহতরা হলেন— উপজেলার কাউলজানী বোর্ডবাজার এলাকার কামাল মিয়ার মেয়ে শারমিন আক্তার (১৫) ও একই ইউনিয়নের বার্থা দক্ষিণপাড়া গ্রামের মোস্তফা সিকদারের মেয়ে মুক্তা (১৫)।

স্থানীয়রা জানান, বিকাল ৫টার দিকে উপজেলার কাউলজানী বোর্ডবাজার এলাকায় শারমিন আক্তারের লাশ ঘরের ধন্যার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

পরিবারের লোকজন ওই কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই ইউনিয়নের বার্থা দক্ষিণপাড়া গ্রামে মুক্তাকেও বিকাল ৫টার দিকে ঘরের ধন্যার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান তাকেও মৃত ঘোষণা করেন।

বাসাইল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হারুন অর রশিদ, দুটি ঘটনায়ই আলাদা দুটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, দুই কিশোরীই পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে।

সর্বশেষ আপডেটঃ ২২. অক্টোবর ২০২১ ০৩:০৪:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু ও শ্যালক-দুলাভাইসহ ৪ জন নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু ও শ্যালক-দুলাভাইসহ ৪ জন নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু ও শ্যালক-দুলাভাইসহ ৪ জন নিহত হয়েছেন।বুধবার(২০অক্টোবর) রাত ৮ টায় ও বৃহস্পতিবার(২১ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গার পাথালকান্দি ও চর ভাবলাএলাকায় ওই দুটি দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবারের  দুর্ঘটনায় নিহতরা হলেন, কালিহাতী উপজেলা এলেঙ্গা পৌরসভার হায়েতপুর গ্রামের মৃত হেলাল মোল্লার ছেলে রফিকুল ইসলাম (২৩) ও কুঁড়িঘড়িয়া গ্রামের আছর উদ্দিনের ছেলে সোহেল রানা (২০)। তারা সম্পর্কে বন্ধু ছিলেন।

বুধবার রাতের দুর্ঘটনায় নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার হান্নান মোল্লার ছেলে স্বাধীন (২৪) ও মোস্তাক হোসেন (২৮)।  তারা সম্পর্কে শালা-দুলাভাই।

স্বজনরা জানান, নিহত রফিকুল ইসলাম ও সোহেল রানা পাড়াপড়শি বন্ধু।বৃহস্পতিবার দুই বন্ধু বেড়াতে যমুনায় উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন। পথে পাথারকান্দি  এলাকায় গাড়ি চাপায় রফিকুল ঘটনাস্থলেই মারা যায় ও সোহেল রানাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, স্বাধীন ও তার বোনজামাই মুস্তাক দুজনেই ঢাকার একটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। ছুটি শেষে বুধবার বিকেলে পাবনা থেকে  ঢাকার উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন। পথিমধ্যে মহাসড়কের চরভাবলা নামকস্থানে এসে পৌঁছালে অজ্ঞাত বাসের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার-ইন-চার্জ (ওসি) সফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ আপডেটঃ ২২. অক্টোবর ২০২১ ০২:৫১:এএম ৫ বছর আগে
প্রোটেক্ট না করলে বন্ধ হতে পারে ফেসবুক আইডি - Ekotar Kantho

প্রোটেক্ট না করলে বন্ধ হতে পারে ফেসবুক আইডি

একতার কণ্ঠঃ বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাচ্ছেন। যা নিয়ে ব্যবহারকারীদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অ্যাকাউন্ট নিরাপদে রাখতে ‘ফেসবুক প্রোটেক্ট’ করতে হবে এমন বার্তা পাচ্ছেন অনেকে। এ ফিচার চালু না করলে লক হবে অ্যাকাউন্ট, এমনটাই জানাচ্ছে ফেসবুক।

ফেসবুক জানিয়েছে, ২৮ অক্টোবরের মধ্যে ফেসবুক প্রোটেক্ট নামে একটি ফিচার ‘টার্ন অন’ বা ‘চালু’ না করলে অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। মূলত অ্যাকাউন্টকে বাড়তি নিরাপত্তা দিতে ফেসবুক প্রোটেক্ট নামে নতুন একটি ফিচার আনছেন তারা। এটি একটি ভলান্টারি প্রোগ্রাম, যা নির্বাচনী প্রার্থী, তাদের প্রচারণা এবং নির্বাচিত প্রতিনিধিদের অ্যাকাউন্টকে বাড়তি সুরক্ষা দেবে।

অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। হ্যাকাররা মূলত যে অ্যাকাউন্টগুলোর অনেক বেশি ফলোয়ার থাকে, গুরুত্বপূর্ণ পেজ পরিচালনা করে কিংবা যার কমিউনিটি গুরুত্ব রয়েছে; সেগুলোর প্রতি আগ্রহী হয়। এ ধরনের টার্গেটেড অ্যাটাক বা উদ্দেশ্যপূর্ণ হামলা রোধ করতেই উন্নত নিরাপত্তার প্রোগ্রামটি চালু করার অনুরোধ করেছে ফেসবুক।

আইডি প্রোটেক্ট করবেন যেভাবে
যারা ফিচারটি চালু করতে পারবেন, তারা ফেসবুকের মাধ্যমেই তা জানতে পারবেন। যারা এর আওতায় পড়বেন, তারা ফেসবুকের সেটিংসে গিয়ে সিকিউরিটি অ্যান্ড লগ-ইন অপশনে গেলে ফেসবুক প্রোটেক্ট নামে অপশন পাবেন। সেখান থেকে ফেসবুক প্রোটেক্ট অপশন অন করা যাবে।

এছাড়াও ফিচার চালু করতে ফেসবুকে প্রবেশ করলে কোড যাবে ব্যবহারকারীর নাম্বারে। সেটি দেওয়ার পর আগের মতোই ফেসবুক চালাতে পারবেন ব্যবহারকারীরা।

প্রথমে যুক্তরাষ্ট্র ও জার্মানির নির্বাচনের সময় সেখানকার প্রার্থীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সুরক্ষায় প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। পরে এটি কানাডায় চালু করা হয়। ২০২১ সালে এটি বিশ্বের অন্যান্য দেশের জন্য সরবরাহ করা হবে।

বাংলাদেশে কেউ কেউ এ ধরনের নোটিফিকেশন বা ই-মেইল পেয়েছেন বলে জানা গেছে। আবার অনেকেই এ ধরনের নোটিফিকেশন পাননি। তবে এ বিষয়ে আপডেটও ফেসবুকের মাধ্যমেই জানানো হবে বলে জানিয়েছে ফেসবুক।

সূত্র: বিবিসি

সর্বশেষ আপডেটঃ ২১. অক্টোবর ২০২১ ০২:৩৩:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ‘মা’ ইলিশ ধরার অপরাধে ৩ জেলের দণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে ‘মা’ ইলিশ ধরার অপরাধে ৩ জেলের দণ্ড

একতার কণ্ঠঃ সরকারি নির্দেশনা অমান্য করে টাঙ্গাইলের যমুনা নদী থেকে ‘মা’ ইলিশ ধরার অপরাধে মো. আ. খালেক নামে এক জেলেকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও দুই জেলেকে ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) দিনব্যাপী সদর উপজেলার সহকারি কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে  ওই অভিযান পরিচালনা করা হয়।এসময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলীসহ নৌ পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, মা ইলিশ সংরক্ষণে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, পরিবহন ও বিক্রি বন্ধে নিষেধাজ্ঞা জারি করছে সরকার। সেই সরকারি নির্দেশনা অমান্য করে যমুনা নদী থেকে ইলিশ ধরার অপরাধে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের চক গোপাল গ্রামের আজিম উদ্দিন মণ্ডলের ছেলে মো. আ. খালেককে ৫ দিনের কারাদণ্ড  এবং আরো দুই যুবককে ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান,  এছাড়াও প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ২১. অক্টোবর ২০২১ ০১:২৯:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে বাস খাদে পড়ে বৃদ্ধার মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস খাদে পড়ে বৃদ্ধার মৃত্যু

একতার কণ্ঠঃটাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক বৃদ্ধা নিহত ও ১৩ জন আহত হয়েছেন।বুধবার (২০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার গুণগ্রাম এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম স্নেহালতা (৯৫)। তার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামে।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক সুপার সার্ভিসের (বগুরা-জ-১১-০১৭০) একটি বাস ঘাটাইল উপজেলার গুণগ্রাম ব্রিজের উত্তরপাশে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক থেকে প্রায় ২০ ফুট নিচে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

তিনি আরো জানান, পরে পুলিশ ও ফায়ার সার্ভিস বাসের যাত্রীদের উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে স্নেহালতা নামে এক বৃদ্ধাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে মধুপুরে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। চিকিৎসার জন্য গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২১. অক্টোবর ২০২১ ০১:১৪:এএম ৫ বছর আগে
‘ভাড়াটে’ সুলতানদের সামনে আহত বাঘ - Ekotar Kantho

‘ভাড়াটে’ সুলতানদের সামনে আহত বাঘ

একতার কণ্ঠঃ জ্যান্ত বাঘের চেয়েও আহত বাঘ বেশ ভয়ঙ্কর। বাংলা সাহিত্যে এই প্রবাদের প্রচলন বেশ। মরুর বুকে পাহাড়ের শহর মাসকটে এই প্রবাদের সত্যতা প্রমাণের পালা মাহমুদউল্লাহ রিয়াদের দলের সামনে। স্কটিশদের থাবায় অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, ওমানের বিপক্ষে একটা জয় এনে দিতে পারে পাহাড়সম স্বস্তি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুলতানাত ওমানের মুখোমুখি লাল সবুজের দল। মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই মহারণ। স্কটল্যান্ডের বিপক্ষে পরাজয়ে বেদনা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। শিষ্যরা যে ঠিকই ঘুরে দাঁড়াবেন সেই বিশ্বাস, আস্থা আছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর।

‘ছেলেদের মধ্যে আত্মবিশ্বাস আছে। আমিও ওদের ওপর আস্থা রাখছি। অনেক টানটান উত্তেজনার ম্যাচ ওরা জিতেছে। ছেলেরা ওমান ও পাপুয়া নিউগিনির বাধা পার করবে, পরের রাউন্ডে যাবে, এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’- এই ম্যাচকে সামনে রেখে ঠিক এভাবেই বলছিলেন রাসেল ডমিঙ্গো।

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর এখন মাহমুদউল্লাহদের ভাবতে হচ্ছে পুচকে ওমানের বিপক্ষে জয় পাওয়া নিয়ে। অনিশ্চিয়তার খেলা ক্রিকেটে বুঝি এমনই হয়। বিশেষ করে খেলাটা যখন ২৪০ বলের তখন ফেভারিট বলতে কোনো শব্দ হয়তো নেই। দুটি প্রস্তুতি ম্যাচের পর স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করায় এই আলোচনার জন্ম দিয়েছে বেশ জোরালোভাবেই।

ওমানকেও হালকা ভাবে নেওয়ার কোনো উপায় নেই। বেশকিছু বিষয় কাজ করছে তাদের পক্ষে। একে তো স্বাগতিক দল আবার বিশ্বকাপ যাত্রা শুরু করেছে পাপুয়া নিউ গিনিকে ১০ উইকেটে উড়িয়ে। তাদের সমীহ করছেন বাংলাদেশ কোচও। তবে এটাও জানিয়ে রেখেছেন ভালো খেললে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি।

‘আমাদের আগামীকাল (আজ) ভালো করতে হবে। ওমান ভালো করছে। ওরাও পরের রাউন্ডে যেতে চাইবে। আমাদের জন্য কাজটা কঠিনই হবে। কিন্তু ছেলেরা জানে যে ওরা যদি ভালো খেলাটা খেলতে পারে, তাহলে আমাদের জেতার সম্ভাবনাই বেশি। কোচ হিসেবে আমি কোনো দলকেই ছোট করে দেখি না। এটাই কোচদের বৈশিষ্ট্য।‘

মাসকটের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে স্কটিশদের বিপক্ষে প্রবাসীদের জোয়ারে গ্যালারিতে উঠেছিল লাল সবুজের ঢেউ। একই দৃশ্য দেখা যাবে আজও। এতে কোনো সন্দেহ নেই। ওমানিদের ক্রিকেট নিয়ে খুব একটা আগ্রহ না থাকলেও এই ম্যাচে স্থানীয় দর্শকদের মাঠে দেখা যাবে। গতকাল রাতে ওমান ক্রিকেট বোর্ড নিজেদের ফেসবুকে ঘোষণা দিয়ে দেয়, ‘সব টিকিট বিক্রি শেষ। গ্যালারি হাউজফুল।’

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৬ সদস্যের মধ্যে একজন ছাড়া বাকিদের জন্ম ভারত ও পাকিস্তানে। একমাত্র সুফিয়ান মেহমুদের জন্ম ওমানে, তিনি দেশটির বয়সভিত্তিক দলে খেলে উঠে এসেছেন জাতীয় দলে। তাই ওমান দলকে এক কথায় ‘ভাড়াটে’ দল বললেও ভুল হবে না। যদি তারা নাগরিকত্ব পেয়ে এখন ওমানের পতাকা উড়াচ্ছেন।

বাংলাদেশ একাদশে এক পরিবর্তন নিশ্চিত। ওপেনার সৌম্য সরকারের পরিবর্তে মোহাম্মদ নাঈমকে দেখা যাবে। পেস আক্রমণেও দেখা যেতে পারে ভিন্নতা। তাসকিন আহমেদের পরিবর্তে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। আর বাংলাদেশ যদি এক পেসার কম খেলায় তাহলে একাদশে আসতে পারেন নাসুম আহমেদ।

এ ছাড়া ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নামানো হতে পারে ব্যাটসম্যানদের। এই ইঙ্গিত দিয়েছেন খোদ ডমিঙ্গো, ‘আমি ক্রিজে বাঁহাতি ও ডানহাতির সমন্বয় দেখতে পছন্দ করি। সবসময়ই যেন ভিন্ন ভিন্ন দুজন ব্যাটসম্যান ক্রিজে থাকে, সেই চেষ্টা করি। এ নিয়ে গভীরভাবে আলোচনাও করেছি। আমরা ছোট খাটো পরিবর্তনও আনতে পারি। এক-দুই জায়গা হয়তো এদিক ওদিক হবে। শেষ দুটি সিরিজেও দেখেছেন আমরা কিভাবে ব্যাটিং অর্ডার সাজিয়েছি। আমরা এক্ষেত্রে খুবই নমনীয় থাকতে চাই। ম্যাচের অবস্থা অনুযায়ী ব্যাটসম্যান পাঠাতে চাই।’

এর আগে ওমানের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশ তাদের স্রেফ উড়িয়ে দিয়েছিল। তবে এবার প্রতিরোধ গড়ে তুলতে পারে দলটি। স্বাগতিক বলেই কন্ডিশন তাদের পক্ষে। আর পাঁচ বছর আগের সেই দল আর এই দলের পার্থক্যও অনেক। দিনে দিনে তারা পরিণত হয়েছেন। আল আমিরাতে ওমান ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে তার মধ্যে ৭টিতেই জয় পেয়েছে।

বিশ্বকাপে টিকে থাকতে হলে বাংলাদেশের এই ম্যাচে জয় চাই-ই। না হয় মাসকট থেকেই ধরতে হবে দেশের বিমান। মাহমুদউল্লাহদের সামনে অগ্নিপরীক্ষা, সেই পরীক্ষায় পাস করা ছাড়া কোনো বিকল্প নেই। বাংলাদেশ কি পারবে সুলতানাতের মাটিতে ‘ভাড়াটে’ সুলতানদের হারাতে? বাংলাদেশকে যে পারতেই হবে!

সর্বশেষ আপডেটঃ ২০. অক্টোবর ২০২১ ০১:০৫:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে রিফাত হাসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে সখীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে  ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রিফাত উপজেলার কচুয়া পশ্চিমপাড়া এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে । সে স্থানীয় কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। বৃষ্টির সময় শিশু রিফাত ঘরের বাহিরে বল খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশের একটি গর্তে রিফাতকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক  রিফাতকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সখীপুর থানার  অফিসার-ইন-চার্জ (ওসি) একে সাইদুল হক ভূইয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি ।

সর্বশেষ আপডেটঃ ১৯. অক্টোবর ২০২১ ০২:০৮:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপিত - Ekotar Kantho

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (১৮ অক্টোবর) প্রথম বার সরকারিভাবে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পাঞ্জলী, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা, সেমিনার, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি।

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে সোমবার সকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ ও টাঙ্গাইল পৌরসভাসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনির সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস- অদম্য আত্মবিশ্বাস’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এরআগে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেলের জীবনের উপর উপস্থিত বক্তৃতা প্রাতযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১২. ফেব্রুয়ারী ২০২৩ ০৯:৩৯:পিএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।