মোঃ আরমান কবীর সৈকত (সম্পাদক)

টাঙ্গাইলে পরকীয়ার জেরে তিন খুন! - Ekotar Kantho

টাঙ্গাইলে পরকীয়ার জেরে তিন খুন!

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে পরকীয়ার জেরে তিন খুন হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে র‌্যাব। এ ছাড়া তিনজনের লাশ উদ্ধারের ঘটনার কারণ হিসেবে পুরোনো প্রেমকে দায়ী করছেন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত কর্মকর্তাসহ স্থানীয়রা।

টাঙ্গাইলের র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন জানান, জমেলা, সুমি ও শাহজালাল নামের তিনজনের লাশ বসতঘর থেকে পাওয়া গেছে। এসময় সুমির শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পাশে ছুরি ও হাতুড়ি পাওয়া গেছে। এছাড়া যে ঘরে লাশ পাওয়া গেছে তার দেওয়ালে লেখা আছে, ‘এমনটা হতো না যদি আমার সুমি আমার কাছে থাকতো। এই সব কিছুর জন‌্য সুমির বাবা দায়ী।’ তাই পরকীয়ার জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আবু সাইদ জানান, স্কুলজীবন থেকে শাহজালালের সঙ্গে সুমির প্রেমের সম্পর্ক ছিলো। ৫ বছর আগে সুমির সঙ্গে জয়েনুদ্দিনের বিয়ে হয়। কিছুদিন সংসার করার পর জয়েনুদ্দিন বিদেশ চলে যায়। এ সুযোগে সুমি আবার শাহজালালের সঙ্গে সম্পর্ক শুরু করে। গত ৬ মাস আগে শাহজালালের সঙ্গে সুমি চলে যায়। শাহজালালের সঙ্গে প্রায় দুই মাসের মতো সংসার করে। পরে জয়নুদ্দিন প্রায় তিন মাস আগে দেশে ফিরলে সুমিকে নিয়ে পুনরায় সংসার শুরু করে। আড়াই মাস আগে জয়েনুদ্দিন সৌদি চলে যায়। গতরাতে আবার শাহজালাল সুমির সঙ্গে দেখা করতে আসে। সকালে শুনি জয়নুদ্দিনের ঘরে তিন জনের লাশ পরে আছে।

দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, ‘শাহজালালের সঙ্গে সুমি অবৈধ সম্পর্ক ছিল। প্রায় ৬ মাস আগে শাহজালালের সঙ্গে সুমি পালিয়ে গিয়েছিল। শুনেছি তারা বিয়েও করেছিল। পরে সুমির স্বামী বিদেশ থেকে ফিরে আবার তাকে বাড়িতে এনেছিল।’

উল্লেখ্য, শ‌নিবার (৩০ অ‌ক্টোবর) সকা‌ল ১০টায় উপ‌জেলার দিঘর ইউ‌নিয়‌নের কাশতলার খামারপাড়া এলাকার নিজ বা‌ড়ি থে‌কে
মৃত হয়রত আলী স্ত্রী জমেলা বেগম (৬৫), তার প্রবাসী ছেলে জয়েন উদ্দিনের স্ত্রী সুমি বেগম (২৬) ও কালিহাতী উপজেলার সাতুটিয়া পূর্বপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে শাহজালাল ইসলাম সোহাগের (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ আপডেটঃ ৩১. অক্টোবর ২০২১ ০১:০২:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে বাসা থেকে শ্বাশুড়ি-বউসহ তিনজনের লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে বাসা থেকে শ্বাশুড়ি-বউসহ তিনজনের লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাসা থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচ বছরের এক শিশুকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার( ৩০ অক্টোবর) সকালে উপজেলার দিঘর ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- ওই গ্রামের জয়েন উদ্দিনের স্ত্রী সুমি বেগম (৩০) জয়েনের মা জমেলা বেগম (৬৫) এবং কালিহাতী উপজেলার সাতুটিয়া বাজার এলাকার সোহরাব আলীর ছেলে শাহজালাল (২৫)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, হামিদপুরের খামারপাড়া গ্রামে সৌদি আরব প্রবাসী জয়েনের বাড়ি থেকে তার মা, স্ত্রী ও এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। রক্তাক্ত অবস্থায় ঘরের ভেতরে লাশগুলো পরে ছিল। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক শিশুকে (৫) আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। শিশুটির অবস্থাও আশঙ্কাজনক।

এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা এখনো পুলিশ নিশ্চিত নয়। তদন্ত করে এর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

সর্বশেষ আপডেটঃ ৩০. অক্টোবর ২০২১ ০৭:১৪:পিএম ৫ বছর আগে
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ - Ekotar Kantho

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ

একতার কন্ঠঃ বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা রোগে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।বৃহস্পতিবার (২৮ অক্টোবর) একথা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

রওশন এরশাদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

৭৮ বছর বয়সী রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। গত বছরের মার্চের পর তাকে কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। এই সময়ের মধ্যে তিনি দুইবার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৩০. অক্টোবর ২০২১ ০৫:৪৪:পিএম ৫ বছর আগে
সখীপুরে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় পাঁচজনকে আ.লীগ থেকে বহিষ্কার - Ekotar Kantho

সখীপুরে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় পাঁচজনকে আ.লীগ থেকে বহিষ্কার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় পাঁচজনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে ডাকবাংলোতে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন সভাপতিত্ব করেন। সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার দুপুর ১২টায় সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বহিষ্কৃত ব্যক্তিরা হলেনঃ- উপজেলার কাঁকড়াজান ইউপিতে উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মো. দুলাল হোসেন, বহেড়াতৈল ইউপিতে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম ফেরদৌস, যাদবপুর ইউপিতে সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ খন্দকার বজলুর রহমান, বহুরিয়া ইউপিতে আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর সদস্য নুরে আলম এবং একই ইউপির প্রার্থী আওয়ামী লীগের প্রাথমিক সদস্য নিরাঞ্জন বিশ্বাস।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে উপজেলার সব বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামী লীগের নেতাদের বলা হয়েছে। এ কারণেই আজকের সভায় বিদ্রোহীদের দল থেকে বহিষ্কারের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। আজই(বৃহস্পতিবার) তাঁদের দল থেকে বহিষ্কারের চিঠি পৌঁছে দেওয়া হবে।

বহুরিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী নিরাঞ্জন বিশ্বাস বলেন, ‘আমি একজন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা। আমি আওয়ামী লীগ সমর্থন করি। তবে উপজেলায় বা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে কোথাও আমার নাম নেই। আমাকে বহিষ্কার করলেই কী আর না করলেই কী। আমি তো দলেই নেই।’

বহেড়াতৈল ইউপির বর্তমান চেয়ারম্যান গোলাম ফেরদৌস বলেন, ‘আমি দলীয় মনোনয়ন চাইনি। আমি বিদ্রোহী নই। আমি স্বতন্ত্র প্রার্থী। তাই আমার বহিষ্কার কার্যকর হবে না।’

সর্বশেষ আপডেটঃ ২৯. অক্টোবর ২০২১ ০২:৪২:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রকি (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক সড়কের সদর উপজেলার অলোয়া তারিনী বটতলা এলাকায়  ওই দুর্ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রকি টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা এলাকার বায়োজিদ মিঞার ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, রকি ও তার বন্ধু সোলায়মান মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে নাগরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক সড়কের অলোয়া তারিনী বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা উভয় মোটরসাইকেলের তিনজনকে আহতবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ মো. নবীন জানান, দুর্ঘটনায় রকি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা  হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৯. অক্টোবর ২০২১ ০২:৫০:এএম ৫ বছর আগে
আটিয়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে ওই পদে নির্বাচন স্থগিত - Ekotar Kantho

আটিয়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে ওই পদে নির্বাচন স্থগিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদে এক প্রার্থীর মৃত্যুতে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে আটিয়া ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্ত চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান বাবুল উজ্জামান মোল্লা (৪১) সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বাবুল উজ্জামান মোল্লা স্বতন্ত্র প্রার্থী ছিলেন। হঠাৎ তার মৃত্যু হওয়ায় নির্বাচন বাতিল চেয়ে কমিশনে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত থাকবে। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৩২২ জন।

এদিকে বাবুল উজ্জামান মোল্লার মৃত্যুতে তার পরিবার ও নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

জেলা নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান বলেন, ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে সদস্য পদের নির্বাচন হবে কি না সেটা কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।

সর্বশেষ আপডেটঃ ২৮. অক্টোবর ২০২১ ০১:৫৬:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুইজন নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুইজন নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরো একজন। বুধবার(২৭ অক্টোবর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এবং সদর উপজেলার তারটিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে খালেদ হাসান (২৫)। সে মির্জাপুর কলেজের অনার্সের শিক্ষার্থী ছিল। অপরজন নোয়াখালীর কবিরহাট উপজেলার আলাউদ্দিন আহমেদের ছেলে রবিউল ইসলাম (২১)।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আজিজুল হক জানান, বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় রবিউল ইসলাম নামের এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

অপরদিকে, সকালে মহাসড়কের সদর উপজেলার তারটিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইল আরোহী খালেদ হাসান নামের এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় তার বড় ভাই বিপ্লব খান (৩৫) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নবীন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ আপডেটঃ ২৭. অক্টোবর ২০২১ ০৮:৩২:পিএম ৫ বছর আগে
যোগাযোগ বন্ধ করায় টাঙ্গাইলে প্রেমিকাকে কোপাল প্রেমিক - Ekotar Kantho

যোগাযোগ বন্ধ করায় টাঙ্গাইলে প্রেমিকাকে কোপাল প্রেমিক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে প্রেমিকের অবাধ্য হওয়ায় প্রেমিকাকে কুপিয়ে আহত করেছে হৃদয় (১৮) নামে এক প্রেমিক। শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঘাটাইল উপজেলার ছয়আনী বকশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, ওই প্রেমিকা আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে ঘাটাইল থানায় নির্যাতিতার নানা বাদী হয়ে রবিবার রাতেই বখাটে হৃদয়কে একমাত্র আসামি করে নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। রবিবার রাতেই বখাটে প্রেমিককে আটক করেছে পুলিশ।

আহত স্কুল ছাত্রী জানায়, গত দুই বছর পূর্বে বকশিয়া এলাকার টেক্কা মিয়ার ছেলে হৃদয়ের সঙ্গে তার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। দীর্ঘদিন তাদের সম্পর্ক চলমান থাকার এক পর্যায়ে গত দুই মাস পূর্বে বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হয়।

পরে স্থানীয়ভাবে দু’পক্ষ মিলে সমঝোতায় পৌঁছায়। এবং সিদ্ধান্ত হয় আগামী দুই বছর পর পারিবারিকভাবে তাদের বিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে দু’পক্ষের অভিভাবকই স্ট্যাম্পে স্বাক্ষর করে সমঝোতা করেন।

এদিকে প্রেমিক হৃদয় কিছুদিন যেতে না যেতেই প্রেমিকাকে পড়ালেখা বন্ধ করে দিতে বলে এবং তার অনুমতি ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেয়। কিন্তু প্রেমিকা তার কথায় কর্ণপাত না করে পড়ালেখা চালিয়ে যাওয়াসহ স্বাধীনভাবেই চলাচল করতে থাকে। এতে হৃদয় ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে কথা না শুনলে তাকে মেরে ফেলার হুমকি দেয়।

এরপর থেকেই ওই প্রেমিকা হৃদয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে আরো ক্ষিপ্ত হয় প্রেমিক। গত শনিবার সন্ধ্যায় হঠাৎ প্রেমিকার বাসায় গিয়ে হাজির হয় হৃদয়। কিছু বুঝে ওঠার আগেই প্রেমিকার ঘরে গিয়ে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন এগিয়ে এসে হৃদয় সেখান থেকে পালিয়ে যায়।

এসময় গুরুতর আহত অবস্থায় প্রেমিকাকে প্রথমে ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করে। বর্তমানে ওই স্কুলছাত্রী আশঙ্কামুক্ত রয়েছে।

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজাহারুল ইসলাম সরকার জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। রবিবার ওই বখাটের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলা হওয়ার পরেই আসামিকে গ্রেপ্তার করে সোমবার(২৫ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৬. অক্টোবর ২০২১ ০১:২০:এএম ৫ বছর আগে
আপনার লিভার সুরক্ষিত রাখতে যে ৭টি খাবার খাবেন - Ekotar Kantho

আপনার লিভার সুরক্ষিত রাখতে যে ৭টি খাবার খাবেন

একতার কণ্ঠঃ লিভার আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি আমাদের শরীরে ৫০০টিরও বেশি কাজ করে থাকে। শরীরে রক্ত পরিশোধন, শরীর থেকে টক্সিন বের করে দেওয়া, হজমের জন্য পিত্ত উৎপন্ন করা, শরীরে ভিটামিন এ, ডি, ইসহ বিভিন্ন উপাদান ধরে রাখার মতো গুরুত্বপূর্ণ কাজ করে লিভার।

ক্যালিফোর্নিয়ার হেলথউইনস কোচিং অ্যান্ড কনসালটিংয়ের মালিক ও নিবন্ধিত ডায়েটিশিয়ান এবং পুষ্টিবিদ জানা মোয়ারার বলছেন, কার্যত শ্বাস নেওয়া ছাড়া শরীরের সব কিছু করতে লিভার গুরুত্বপূর্ণ।

তাই নিজেকে সুরক্ষিত ও সুস্থ রাখতে লিভার ভালো রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আজ জানুন এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো আপনার লিভার ভালো রাখতে সহায়ক হিসেবে কাজ করবে।

খাবার গুলো হলঃ

১. কফি
কফি আমাদের লিভারের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করতে পারে। ডায়েটিশিয়ান জেমি হিকির বলছেন, কফি দীর্ঘস্থায়ী লিভারের রোগ, সিরোসিস— এমনকি লিভার ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দিতে পারে। বিশেষ করে চিনি ছাড়া ও ব্ল্যাক কফি খেলে এটি চর্বি এবং কোলাজেন উৎপাদনে বাধা দিয়ে লিভারকে সাহায্য করে।

২. বেরিজাতীয় ফল
বিভিন্ন বেরিজাতীয় ফল যদিও আমাদের দেশে অতোটা প্রচলিত না, তার পরও এখন এসব ফলের দেখা মেলে বাজারে। এর মধ্যে রয়েছে স্ট্রবেরি, ব্লুবেরি, রাম্পবেরি ইত্যাদি। এসব ফলে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি ও পানি থাকে। এ কারণে এসব ফলগুলো লিভারের জন্য অনেক উপকারী ভূমিকা রাখে।

৩. চর্বিযুক্ত মাছ
মাছের ফ্যাট বা চর্বি লিভারের জন্য অনেক উপকারী। এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও স্যাচুরেটেড ফ্যাট থাকায় তা লিভারের জন্য অনেক ভালো। ট্যাম্পার গ্যাস্ট্রো এমডির সহকারী চিকিত্সক কাইল হ্যারিস বলছেন, রাতের খাবারে চর্বিযুক্ত মাছ লিবারের জন্য অনেক উপকারি হতে পারে।

৪. পানি
পানি আমাদের কাছে অনেক সাধারণ মনে হলেও এটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বিশেষ করে এটি লিভারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পানি আমাদের শরীরে খাবারকে হজম করতে সাহার্য করে এবং লিভারকে তার কাজ ভালোভাবে করতে সহায়তা করে।

৫. অলিভ ওয়েল
যদিও আমাদের দেশে খাবারের জন্য অলিভ ওয়েল অতোটা প্রচলিত না, তবে এটি লিভারের জন্য অনেক উপকারী। এতে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে যেটি লিভার ও শরীরের জন্য অনেক উপকারী।

৬. বাদাম ও শশ্য
বিভিন্ন বাদাম ও মটরশুটি, মশুর ডাল, চিনাবাদাম ইত্যাদি শশ্যের মিশ্রণে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে। এ কারণে এগুলো লিভারের জন্য উপকারী হওয়ার পাশাপাশি হার্টেরও অনেক উপকার করে বলে বলছেন হিকি।

ওয়ার্ল্ড জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টারোলজির ২০১৫ সালের রিপোর্ট অনুসারে জানা যায়, আখরোট জাতীয় বাদাম লিভারের রোগে আক্রান্তদের সুস্থতায় বেশ সাহায্য করতে পারে।

তথ্যসূত্র: ইউএস নিউজ ডটকম

সর্বশেষ আপডেটঃ ২৬. অক্টোবর ২০২১ ০১:১৮:এএম ৫ বছর আগে
সাবেক মেয়র মুক্তি’র জামিন আবেদন ফের নামঞ্জুর - Ekotar Kantho

সাবেক মেয়র মুক্তি’র জামিন আবেদন ফের নামঞ্জুর

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তির জামিন আবেদন না মঞ্জুর হয়েছে।সোমবার (২৫ অক্টোবর) দুপুরে এ বিষয়ে শুনানি শেষে এমন আদেশ দিলেন আদালত।এ নিয়ে মোট ১৬ বার তার জামিন আবেদন নামঞ্জুর করা হল।

সহিদুর টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার ভাই এবং ওই আসনের আওয়ামী লীগ দলীয় বর্তমান এমপি আতাউর রহমান খানের ছেলে। প্রায় ১১ মাস ধরে কারাগারে রয়েছেন।

টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌসুলি মনিরুল ইসলাম জানান, প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মুক্তির আইনজীবীরা তার জামিন আবেদন করেছিলেন। সোমবার (২৫ অক্টোবর) এই আবেদনের শুনানিতে তারা যে কোনো শর্তে সহিদুর রহমান খান মুক্তির জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক মাসুদ পারভেজ তাদের আবেদন নামঞ্জুর করেন।

ফারুক আহমেদ হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার পর দীর্ঘ ছয় বছর পলাতক থাকার পর গত ২ ডিসেম্বর সহিদুর রহমান খান মুক্তি টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। তারপর থেকে তিনি টাঙ্গাইল জেলা কারা হেফাজতে আছেন।

গত ১৮ আগস্ট সহিদুর রহমান খান মুক্তি কারাগারে অসুস্থ হওয়ার পর তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনা হয়েছিল। সেখানে প্রায় এক মাস চিকিৎসা শেষে তাকে আবার টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ তার কলেজ পাড়া বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২০১৪ সালের আগস্টে গোয়েন্দা পুলিশ আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামের দুই জনকে গ্রেপ্তার করে।

আদালতে এ দু’জনের দেওয়া স্বাীকারোক্তিতে এই হত্যার সঙ্গে তৎকালীন এমপি আমানুর রহমান খান রানা, তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পার জড়িত থাকার বিষয়টি উঠে আসে। এরপর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। আমানুর রহমান খান রানা ২০১৬ সালের সেপ্টেম্বরে আত্মসমর্পন করেন। প্রায় তিন বছর হাজতবাসের পর তিনি জামিনে মুক্তি পান। তাদের অন্য দুই ভাই এখনও পলাতক।

সর্বশেষ আপডেটঃ ২৬. অক্টোবর ২০২১ ১২:২০:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত, আহত বাবা-ছেলে - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত, আহত বাবা-ছেলে

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছে। এতে বাবা ও বড় ছেলে আহত হয়েছে।শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা রেলক্রসিং এ ওই দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

হতাহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার ময়থা উত্তরপাড়া গ্রামের আজগর আলীর স্ত্রী সানসিয়া সুলতানা সারা (২৫) ও তার ছোট ছেলে রাইয়ান ( আড়াই বছর)। আহত হয়েছে নিহতের স্বামী আজগর আলী (৩০) ও বড় ছেলে মো. আব্দুল্লাহ (৫)।

সানসিয়া সুলতানা সারার ভাই জামিলুর রহমান বলেন, হাতিলা গ্রামে আজগর আলী তার মামার বাড়িতে দাওয়াত খেয়ে স্ত্রী ও দুই ছেলেকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। হাতিলা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তারা ছিটকে পড়ে যায়। এতে মা ও ছেলের ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত বাবা ও বড় ছেলেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজিব পাল চৌধুরী বলেন, হাসপাতালে দুইজনকে আনা হয়। তবে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘারিন্দা রেল স্টেশন মাস্টার সোহেল রানা জানান, আজগর আলী স্ত্রী ও দুই সন্তানকে মোটরসাইকেলে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মোটরসাইকেল পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

সর্বশেষ আপডেটঃ ২৩. অক্টোবর ২০২১ ০৫:৩২:এএম ৫ বছর আগে
ইতিহাস গড়ে বিশ্বকাপের মূলপর্বে নামিবিয়া - Ekotar Kantho

ইতিহাস গড়ে বিশ্বকাপের মূলপর্বে নামিবিয়া

একতার কণ্ঠঃ অঘটন? তা বলাই যায়। শক্তি ও অভিজ্ঞতায় আয়ারল্যান্ডের ধারে–কাছেও নেই নামিবিয়া। অথচ আফ্রিকার এই দলটি–ই কি না আজ আয়ারল্যান্ডকে বিদায় করে জায়গা করে নিল টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে!

প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপ থেকে পরিষ্কার সমীকরণ ছিল আয়ারল্যান্ড ও নামিবিয়ার সামনে—যে দল জিতবে তারাই উঠবে টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে। এমন ম্যাচে অভিজ্ঞতা ও শক্তিতে সবাই এগিয়ে রেখেছিলেন আয়ারল্যান্ডকে। ওয়ানডে কিংবা টি–টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপপর্ব উতরে যাওয়ার অভিজ্ঞতা আছে দলটির।

মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে আগে ব্যাট করে ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। ৮ উইকেটে ১২৫ রানের সাদামাটা স্কোর দাঁড় করায় অ্যান্ডি বলবার্নির দল। তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ ৫ ওভারে ৩৩ রান দরকার ছিল নামিবিয়ার। গেরহার্ড এরাসমাস ও ডেভিড ভিসে মিলে দারুণ এক জুটি গড়ে ৯ বল হাতে রেখে ঐতিহাসিক এক জয় এনে দেন নামিবিয়াকে।

দক্ষতা ও অভিজ্ঞতায় আইরিশ খেলোয়াড়েরা নামিবিয়ার চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে। বটে! কথায় আছে ‘দ্য গেম ইজ অ্যা গ্রেট লেভেলার’—আয়ারল্যান্ডকে আজ ৮ উইকেটে হারিয়ে নামিবিয়া যেন ক্রিকেটের এ আপ্তবাক্য মনে করিয়ে দিল।

আইসিসির বিশ্বকাপে এর আগে শুধু ২০০৩ ওয়ানডে বিশ্বকাপেই খেলেছে নামিবিয়া। ১৪টি দলের মধ্যে ১৪তম হয়ে বিদায় নিয়েছিল। তারপর এবার টি–টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আইসিসি আয়োজিত কোনো বিশ্বকাপে পা রেখেই গ্রুপপর্ব উতরে যাওয়ার ইতিহাস গড়ল নামিবিয়া। দেশটির রাজধানী উইন্ডহকে আজ তাই উৎসবের লগ্ন।

নামিবিয়া জিতে শুধু সুপার টুয়েলভই নিশ্চিত করেনি, জায়গা করে নিয়েছে আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপেও। এর আগে আইসিসি জানিয়েছিল, এবার সুপার টুয়েলভে ওঠা দলগুলো ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে, আলাদা করে বাছাইপর্ব আর খেলতে হবে না। অর্থাৎ এক ‘ঢিলে’ দুই ‘পাখি’ মারল নামিবিয়া।

তৃতীয় উইকেটে ৩১ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ভিসে-এরাসমাস। উইকেটে দুজন যখন জুটি বাঁধেন ৪০ বলে ৫৩ রানের দূরত্বে ছিল নামিবিয়া।

কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতাসম্পন্ন আইরিশ বোলার ক্রেগ ইয়াং, জশ লিটল কিংবা কার্টিস ক্যাম্ফারদের বিপক্ষে নামিবিয়ান ব্যাটসম্যানদের এ লক্ষ্য ছোঁয়া বেশ কঠিনই ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ভিসে এবং এরাসমাস ঠান্ডা মাথায় যেভাবে ব্যাট করেছেন তা অনেক দিন মনে রাখবে নামিবিয়া ক্রিকেট।

কোনা চাপ টের পেতে না দিয়ে ১৮.৩ ওভারে দলের জয় নিশ্চিত করেন দুজন। ৪৯ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন এরাসমাস। ১৪ বলে ২৮ রানে অন্য প্রান্ত ধরে রাখেন ভিসে।

তার আগে জেন গ্রিনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৯ বলে ৪৮ রানের আরেকটি ভালো জুটি গড়েন এরাসমাস। সহযোগী দেশ নামিবিয়ার হিসেবি ক্রিকেটের তুলনায় টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ডই বরং বাজে খেলেছে।

পল স্টার্লিং ও কেভিন ও’ব্রায়েন ছাড়া আর কেউ সেভাবে রান পাননি। ওপেনিং জুটিতে স্টার্লিং-ও’ব্রায়েনের গড়া ৪৪ বলে ৬২ রানই আয়ারল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ। ২৪ বলে ৩৮ রান করেন স্টার্লিং। সমান বলে ২৫ রান ও’ব্রায়েনের। ২১ রানে ৩ উইকেটে নেন নামিবিয়ার ইয়ান ফ্রাইলিঙ্ক। ১৪ রানে ২ উইকেট নেন আয়ারল্যান্ডের পেসার ক্যাম্ফার।

নামিবিয়াসহ মোট দুটি সহযোগী দেশ জায়গা করে নিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে। ‘বি’ গ্রুপ থেকে স্কটল্যান্ড এর আগে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে। আজ নামিবিয়া সে টিকিট পাওয়ার পর আনন্দাশ্রু ঝরেছে খেলোয়াড়দের চোখে।

নামিবিয়া ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে এটা সেরা দিন। অন্য দিকে অবিশ্বাস্য হারে মাঠেই স্থাণুর মতো দাঁড়িয়ে ছিলেন আয়ারল্যান্ডের কিছু খেলোয়াড়। হার যেন তাদের বিশ্বাস হচ্ছিল না। এটাই তো টি-টোয়েন্টি বিশ্বকাপের মজা!

৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার টুয়েলভে উঠল নামিবিয়া। সেখানে নিজেদের গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও স্কটল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১২৫/৮ (পল স্টারলিং ৩৮, কেভিন ওব্রায়েন ২৫, অ্যান্ডি বালবিরনি ২১; জান ফ্রিলিংক ৩/২১)।

নামিবিয়া: ১৮.৩ ওভারে ১২৬/২ (গেরহার্ড ইরাসমাস ৫৩*, ডেভিড ওয়াইজ ২৮*, জেন গ্রিন ২৪, ক্রেগ উইলিয়ামস ১৫।

ফল: নামিবিয়া ৮ উইকেটে জয়ী।

সর্বশেষ আপডেটঃ ২৩. অক্টোবর ২০২১ ০২:৫৮:এএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।