মোঃ আরমান কবীর সৈকত (সম্পাদক)

ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নব-গঠিত কমিটি বাতিল চেয়ে আবেদন - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নব-গঠিত কমিটি বাতিল চেয়ে আবেদন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নব-গঠিত কমিটি বাতিল চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে লিখিত আবেদন জানিয়েছে পূর্ববর্তী কমিটির সাধারন সম্পাদক তনিমা ইসলাম। এ ছাড়া অন্য দুই সাংবাদিক পৃথকভাবে লিখিত আবেদন জমা দেন।

এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) শুভ দে’কে সভাপতি ও মো. নুর এ আলম নুহাশকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হক।

পূর্ববর্তী কমিটির সাধারন সম্পাদক তনিমা ইসলাম তার লিখিত আবেদনে জানান, কমিটির সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও তাকে অবহিত না করেই কমিটি গঠন করা হয়েছে। যা যে কোন সংগঠনের কমিটি গঠনের নিয়মের পরিপন্থী। এছাড়া কমিটির উপদেষ্টা মন্ডলীতে গঠনতন্ত্র অনুযায়ী টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত/জ্যেষ্ঠ কর্মকর্তা, সাংবাদিক সমিতির সাবেক একজন সদস্যের অন্তর্ভুক্তির বিধান থাকলেও তা করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এছাড়াও কমিটিতে সেচ্ছাচারিতামূলকভাবে নতুন সদস্য সংযোজন ও পুরাতন সদস্য বিয়োজন করা হয়েছে।

দেশের কথা ও ক্যাম্পাস লাইভ ২৪.কম এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. এনামুল হক লিখিত আবেদনে জানান, ২০১৯ সালের ১৪ অক্টোবর ভাসানী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে সভাপতি সাইফুল মজুমদার স্বাক্ষরিত ‘সাংবাদিকতায় কাজ করার সুযোগ দিচ্ছে মাভাবিপ্রবিসাস’ এক বিজ্ঞপ্তি দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিক সমিতিতে ৫০ টাকা দিয়ে সদস্য পদের ফরম জমা দেন। দুই বছর পেড়িয়ে গেলেও তাকে সদস্য পদে অন্তর্ভুক্ত না করে অনেকেই যারা কখনই সাংবাদিকতা করেনি তাদেরকে কমিটিতে রাখা হয়েছে। এমনকি নব-গঠিত কমিটিতে সরকার ঘোষিত নিবন্ধন বাতিলকৃত অনলাইন পত্রিকা ‘আই নিউজ বিডি’ এর সাংবাদিকও রয়েছে। যা সাংবাদিক সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন করে।

নবযুগান্তর ও টাঙ্গাইল প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও রসায়ন বিভাগের শিক্ষার্থী সোলাইমান মিঞা লিখিত আবেদনে মো. এনামুল হকের মত একই ধরনের অভিযোগ এনে আরও জানান নব-গঠিত কমিটির সভাপতি ‘শুভ দে’ নিজেও আমার কাছে কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হক বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের ব্যাপার। এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি নয়।

সর্বশেষ আপডেটঃ ০৯. ডিসেম্বর ২০২১ ১২:৫১:এএম ৪ বছর আগে
ভাসানী বিশ্ববিদ্যালয়ের বাসে অশোভন আচরণের দায়ে এক যুবকের কারাদন্ড - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ের বাসে অশোভন আচরণের দায়ে এক যুবকের কারাদন্ড

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরিবহন বাসে ছাত্রীকে ইভটিজিং ও অশোভন আচরন করায় টাঙ্গাইল পৌর এলাকার আদালত পাড়ার মোঃ আব্দুল কাদের খানের ছেলে মোঃ ইব্রাহিম (২৫) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড  দিয়েছে ভ্রাম্যমান আদলত।

টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম ১৮৬০ সনের ৫০৯ ধারায় ওই আদেশ দেন। এ ছাড়া  জামিল হোসেন (১৯) নামে আর এক ১০ শ্রেনীর ছাত্রের কাছ থেকে একই ঘটনায় মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বাসে টাঙ্গাইল শহরের বটতলায়  এলাকায় ওই ইভটিজিং এর  ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২টি বাস বিশ্ববিদ্যালয় থেকে বটতলা স্থানে পৌঁছালে ২ জন বখাটে প্রথম বাসে উঠে। একপর্যায়ে তাদের অসৌজন্যমূলক আচরণে সন্দেহ হলে শিক্ষার্থীরা তাদের নামিয়ে দিলে তারা দ্বিতীয় বাসে উঠে এবং কিছু দূর গিয়ে বাস থেকে নামার সময় গালাগালি করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে জামিল হোসেন (১৯) জানায়, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। সে ১০ম শ্রেনীতে পড়ে। এ সময় আরেকজন বখাটে পালিয়ে যায়। শিক্ষার্থীরা জামিলকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসে।পরে পলাতক রাশেদুল ইসলাম (২১) কে হাজির করা হয়।

টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম উপস্থিত থেকে রাশেদুল ইসলাম (২১) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও জামিল হোসেন (১৯) কাছে থেকে মুলচেকা নিয়ে রাত ৮টায় পরিবারের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে মাভাবিপ্রবি প্রক্টর প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হক বলেন, বিষয়টি জানার সাথে সাথেই শিক্ষার্থীদের দ্বারা আটককৃত বখাটেকে আমার অফিসে নিয়ে আসতে বলি। এ বিষয়ে পুলিশকে জানালে তারা এসে জিজ্জাসাবাদে সে পলাতক বখাটের পরিচয় জানায় এবং বলে পলাতক রাশেদুল ইসলামের (২১) পৃষ্ঠপোষকতায় সে ওই কাজ করেছে। এরপর রাশেদুল এবং উভয়ের অভিভাবককে অভিযুক্তের পরিচয়পত্রসহ হাজির করা হয়। পরবর্তীতে ইউএনও কে জানালে, ম্যাজিস্ট্রেট এসে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করে।

সর্বশেষ আপডেটঃ ০৮. ডিসেম্বর ২০২১ ০৩:২৫:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানি, ইউপি সচিবকে কারাদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানি, ইউপি সচিবকে কারাদণ্ড

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে এক নারী গ্রাম পুলিশকে (মহল্লাদার) শ্লীলতাহানির অভিযোগে ইউপি সচিবকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার(৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী এ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেনকে (৪২) এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ওই নারী ও আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিষদটি একদমই ফাঁকা ছিলো। আশপাশে কেউ ছিল না। পাশের রুমে ওই নারী গ্রাম পুলিশ (১৮) একা বসা ছিলো। পরে সচিব মোশারফ হোসেন তাকে ডেকে ভবনের ২য় তলায় একটি কক্ষ ঝাড়ু দিতে পাঠায়। মোশারফ ওই কক্ষে গিয়ে তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। এক পর্যায়ে ওই নারী চিৎকার করলে এক মহিলা ইউপি সদস্য তাকে উদ্ধার করে। পরে লোকজন ঘটনাস্থলে এসে সচিব মোশারফকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায়, সচিব মোশারফ হোসেন এর আগে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নে থাকা অবস্থায় অসচ্ছল ও গরিব নারীদের সরকারি বিভিন্ন সুবিধি দেওয়ার কথা বলে একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। পরিষদে ভবনে বিভিন্ন সময় তিনি আপত্তিকর অবস্থায় ধরাও পড়েছেন। অন্যদিকে ওই সচিবের বিরুদ্ধে টাকার বিনিময়ে জাল জন্মনিবন্ধন করে দেওয়ারও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী বলেন, নারী মহল্লাদারকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৮. ডিসেম্বর ২০২১ ০১:৩৬:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ - Ekotar Kantho

টাঙ্গাইলে ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের তিনটি উপজেলার ২১টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া দেলদুয়ার উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

মঙ্গলবার( ৭ ডিসেম্বর) সকাল থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক তুলে দেন।

প্রতীক হাতে পাবার পর শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। প্রার্থীরা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নেমে পরেছেন ভোটের প্রচার-প্রচারনায়।

সর্বশেষ আপডেটঃ ০৮. ডিসেম্বর ২০২১ ০১:৫৩:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে শ্রমিক লীগ নেতা রেজা হত্যা মামলায় আরও পাঁচ আসামি রিমান্ডে - Ekotar Kantho

টাঙ্গাইলে শ্রমিক লীগ নেতা রেজা হত্যা মামলায় আরও পাঁচ আসামি রিমান্ডে

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ওরফে রেজা হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার( ৬ ডিসেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম ওই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার(৫ ডিসেম্বর) ভোরে ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মামলার এজাহারভুক্ত আসামি টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রবিন মিয়া ও কোদালিয়া এলাকার আবদুল হামিদের ছেলে পাভেল।

এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাবালিয়া এলাকার মঞ্জুর হোসেনের ছেলে মাজাহার হোসেন, আকুরটাকুরপাড়ার রকিবের ছেলে রোবায়েদ আল শিবলী ও নাগরপুরের ধলাই গ্রামের মুকুল মিয়ার ছেলে আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আহসানুজ্জামান জানান, রবিবার রাতে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে  আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। তবে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে রেজাউল করিম হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ফিরোজ হোসেন ও শাকিল খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আহসানুজ্জামান আরো জানান, ফিরোজ ও শাকিলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। ৮ ডিসেম্বর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত ,গত ২১ নভেম্বর রাতে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন রেজাউল করিম। এ সময় তাঁর হাত–পা, মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে ২৬ নভেম্বর রাতে নিহতের ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন।

সর্বশেষ আপডেটঃ ০৭. ডিসেম্বর ২০২১ ০১:৫৬:এএম ৫ বছর আগে
বাবার ই‌চ্ছে‌ পূরণে হেলিকপ্টারে বউ আনলেন কৃষক রাসেল - Ekotar Kantho

বাবার ই‌চ্ছে‌ পূরণে হেলিকপ্টারে বউ আনলেন কৃষক রাসেল

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বাবার ই‌চ্ছে‌ পূরণ কর‌তে বিয়ে করে হে‌লিকপ্টারে বউ নিয়ে ফিরেছেন কৃষক ছে‌লে।এই ব্যতিক্রম বিয়েকে কেন্দ্র করে বিয়ে বাড়িসহ আশপাশের গ্রামজুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। ছিল বাদ্যের ঝংকার, হরেক রকম খাবারের আয়োজন।

রোববার (৫ ডিসেম্বর) বিকেলে এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘ‌টে‌ছে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল বাউসাইদ গ্রামে। কৃষক মহির উদ্দিনের এক মাত্র ছেলে রাসেল মিয়া তার নববধূ মিতু আক্তারকে নিয়ে হে‌লিকপ্ট‌ারে চড়ে বা‌ড়ি‌তে নি‌য়ে আ‌সেন। ত‌বে বিষয়টি প্রতিবেশি ও আত্মীয় স্বজনরা শোনার পর বিশ্বাস না কর‌লেও বাস্ত‌বে দে‌খে সবাই হতবাক।

জানা যায়, বাউসাইদ গ্রামের কৃষক মহির উদ্দিনের এক মাত্র ছেলে রাসেল মিয়ার সাথে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের মুন্নু খার মেয়ে মিতু আক্তারের সাথে আড়াই মাস আগে কাবিন হয়। রাসেল মিয়াও কৃষি কাজ করেন।

বরযাত্রীরা দুটি প্রাইভেটকার ও বাসে চড়ে কনে বাড়ি গেলেও বর যায় হেলিকপ্টারে চড়ে। প্রত্যন্ত গ্রামে হেলিকপ্টার আসাকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল উৎসব মুখর পরিবেশ। এই আয়োজনে কোনো কমতি রাখেনি বাবা। যা প্রশংসা কুড়িয়েছে আগত সকলের। ব্যতিক্রমধর্মী এই আয়োজন সামাল দিতে উপস্থিত ছিলেন পুলিশের এক‌টি টিম।

৮০ বছরের বৃদ্ধ জিন্নত আলী বলেন, আমার বয়সেও এমন বিয়ে দেখিনি যে হেলিকপ্টারে করে বউ আনে।এটা প্রথম দেখলাম। রাসেল এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে।

কনে মিতু আক্তার বলেন, আমি কখনও কল্পনাও করিনি আমার স্বামীর পরিবার আমাকে হেলিকপ্টারে করে নিয়ে আসবে। এতে আমি খুব খুশি।

বর রাসেল মিয়া বলেন, বাবার ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারটি ভাড়া আনা হয়। টাঙ্গাইল থেকে রওনা দিয়ে ময়মনসিংহের ববাটাজোর থেকে নববধূকে নিয়ে ফিরে এসেছি।

স্থানীয় ইউপি সদস্য মো. মুসা দেওয়ান বলেন, হেলিকপ্টারে চড়ে এই বিয়েকে কেন্দ্র করে আমাদের গ্রামে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বড় বড় অনুষ্ঠানেও এতো লোকজন আসে না।

নিরাপত্তার দায়িত্বে থাকা টাঙ্গাইল সদর থানার উপ পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান মুন্সি বলেন, বর পক্ষ নিরাপত্তার জন্য এক সপ্তাহ আগে আবেদন করেছিলো । সেই প্রেক্ষিতে নিরাপত্তা দেয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২১ ০৫:০১:পিএম ৫ বছর আগে
নিম্নচাপে পরিণত ‘জাওয়াদ’, বৃষ্টি চলবে - Ekotar Kantho

নিম্নচাপে পরিণত ‘জাওয়াদ’, বৃষ্টি চলবে

একতার কণ্ঠঃ উপকূলে আসার আগেই দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। সোমবার(৬ ডিসেম্বর) নিম্নচাপটি মধ্যরাতে ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। ওই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে,  সোমবার দেশের বেশির ভাগ এলাকাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামীকাল মঙ্গলবার(৭ ডিসেম্বর) থেকে দেশের বেশির ভাগ এলাকার আকাশ পরিষ্কার হতে থাকবে। ফলে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গড় গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার রয়েছে। দমকা ও ঝোড়ো হাওয়া বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর দূরবর্তী সতর্কসংকেতের আওতায় রাখা হয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযান ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের উপকূলে বিপদ একটু কমেছে। তবে এর প্রভাবে সোমবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে।

চলতি মাসের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলের দিকে আসার আশঙ্কা কম। মাসের মাঝামাঝি সময়ে একটি এবং শেষের দিকে আরেকটি শৈত্যপ্রবাহ সৃষ্টি হতে পারে। বৃষ্টি থেমে যাওয়ার পর দেশের উত্তরাঞ্চল দিয়ে ঠান্ডা বাতাস আসা শুরু করবে। আর নদীতীরবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২১ ০৩:৫৮:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে স্ত্রীর লাশ ঘরে রেখে বোরকা পরেও পালাতে পারলেন না স্বামী - Ekotar Kantho

টাঙ্গাইলে স্ত্রীর লাশ ঘরে রেখে বোরকা পরেও পালাতে পারলেন না স্বামী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৫ ডিসেম্বর) বিকেলে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ ডিসেম্বর) রাতে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুসরাত জাহান নিশি (১৯) নামের ওই গৃহবধূ উপজেলার ছয়ানি বকশিয়া গ্রামের আব্দুল আলিমের স্ত্রী।

নিহতের মায়ের দাবি, পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যার পর বোরকা পরে পালাতে চেয়েছিল আলিম। কিন্তু তার আগেই তারা গিয়ে ধরে ফেলেন। পরে এ ঘটনায় রাতেই নিহতের বাবা খোরশেদ আলম বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আলিমকে আটক করে থানায় নিয়ে আসে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় বছর আগে ছয়ানি বকশিয়া গ্রামের আলাল তালুকদারের ছেলে আব্দুল আলিমের সঙ্গে পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার কুরমোশিয়া গ্রামের খোরশেদ আলমের মেয়ে নুসরাত জাহান নিশির বিয়ে হয়। বিয়ের সময় ১ লাখ ৩৫ হাজার টাকা যৌতুক নেয় আলিম। তারপরও বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিতেন আলিম। টাকা নিয়ে আসতে অস্বীকৃতি জানালে নিশির ওপর চলত অমানবিক শারীরিক নির্যাতন।

নিহতের মা সুফিয়া বেগম বলেন, মেয়ে আমার এইচএসসি পরীক্ষার্থী ছিল। শনিবার (৪ ডিসেম্বর) রাতে সে ফোন করে জানায় তাকে আর লেখাপড়া করতে দেবে না তার স্বামী। তার স্বামী পরীক্ষার প্রবেশপত্র ছিঁড়ে ফেলছে। মেয়ে আমার লাশ হয়ে বাড়ি ফিরল।

এদিকে আলিমের পরিবার জানায়, নিশি রাগি ও জেদি প্রকৃতির মেয়ে ছিল। আমরা তাকে অনেক বুঝিয়েছি। সংসার করতে হলে অনেক কিছু ত্যাগ স্বীকার করে করতে হবে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, থানায় মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার আসামি আলিম ও তার বাবা-মাকে আটক করে জেলে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২১ ০১:৫০:এএম ৫ বছর আগে
ঘূর্ণিঝড় জাওয়াদ’র প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর - Ekotar Kantho

ঘূর্ণিঝড় জাওয়াদ’র প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর

একতার কণ্ঠঃ বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে বেড়ি বাঁধের বাহিরে অবস্থিত পরিবার গুলো মাঝে আতঙ্ক বেড়ে গেছে। এদিকে আহাওয়া অফিস পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। এছাড়া সকল মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপাদ আশ্রয়ে থাকতে বলেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্নিঝড় জাওয়াদ’র প্রভাবে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। ফলে গত দু’দিন ধরে সূর্যের আলো দেখা যায়নি। রবিবার(৫ ডিসেম্বর) সকাল থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। আর ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। রাস্তা ঘাটে তেমন মানুষের আনা গোনাও দেখা যায়নি।

তবে আবহাওয়া আফিস সূত্রে জানা গেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্নিঝড় ‘জাওয়াদ’ আরও উত্তর দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এছাড়া চট্রগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। সকল মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপাদ আশ্রয়ে থাকতে বলেছে।

কুয়াকাটা ও আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি মো.আনসার উদ্দিন মোল্লা বলেন, বর্তমানে সাগর উত্তাল রয়েছে। জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ করে ট্রলার নিয়ে আড়ৎ ঘাটে শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে। তবে এখনও বেশ কিছু ট্রলার সাগরে অবস্থান করছে বলে তিনি জানিয়েছেন।

সংবাদ সূত্র- আমাদের সময়.কম

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২১ ০১:২৮:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ওয়ালটনের সহযোগিতায় তৈরি হচ্ছে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র” - Ekotar Kantho

টাঙ্গাইলে ওয়ালটনের সহযোগিতায় তৈরি হচ্ছে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র”

একতার কণ্ঠঃ দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের সহযোগিতায় টাঙ্গাইলে নির্মাণ করা হচ্ছে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র”। এ প্রকল্পে ব্যয় হবে ৬ কোটি টাকার বেশি। এটি বাস্তবায়ন করছে টাঙ্গাইল জেলা প্রশাসন।

স্মৃতি কেন্দ্র নির্মাণের লক্ষ্যে রোববার (৫ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কেন্দ্রে সংশ্লিষ্টদের কাছে ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশিদ এবং কৃষিবিদ রুমানা আক্তার।

প্রসঙ্গত,  গত ৮ মার্চ এ স্মৃতি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী উপস্থিত ছিলেন।আগামী মাসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্রের নির্মাণকাজ শুরু হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২১ ১২:৪২:এএম ৫ বছর আগে
বিএনপি মুক্তিযোদ্ধাদের দল-আহমেদ আজম খান - Ekotar Kantho

বিএনপি মুক্তিযোদ্ধাদের দল-আহমেদ আজম খান

একতার কণ্ঠঃ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রনাঙ্গণের একজন বীর সৈনিক ছিলেন। তিনি স্বাধীনতার ঘোষক এবং বীরউত্তম খেতাবপ্রাপ্তদের তালিকায় প্রথমে তার নাম। বিজয়ের মাসে আমাদের কেন্দ্রীয় এবং জেলা উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি রবিবার(৫ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির মতবিনিময় সভায় ওই সব কথা বলেন।

আহমেদ আজম খান আরো বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আমরা অনড়। দেশনত্রী নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। অথচ সরকারের খেয়াল নেই। আমাদের কর্মসূচিতে সরকার অনুমতি দেয় না। আরো বাঁধা সৃষ্টি করে। কারন এ সরকার জনগনের ভোটের সরকার নয়। আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য জনগনকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলবো।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক সানু।

এসময় বিএনপির কেন্দ্রীয় সদস্য ওবায়দুল হক নাছির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহবায়ক কাজী শফিকুর রহামান লিটন, আমল ব্যানার্জী, দেওয়ান শফিকুল ইসলাম ও সিনিয়র সদস্য বেনজির আহমেদ টিটুসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পরে বিকেলে আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় অঙ্গ সহযোগি সংগঠনসহ বিএনপির বিভিন্ন ইউনিটের কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। যতদূত সম্ভব সকল ইউনিটের সম্মেলন শেষে জেলা বিএনপির সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব বাছায়ের সিদ্ধান্ত হয।

 

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২১ ১২:৫৯:এএম ৫ বছর আগে
বিএনপি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়: কৃষিমন্ত্রী - Ekotar Kantho

বিএনপি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়: কৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনও তৎপর। তারা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায়না। বাংলাদেশকে তারা পাকিস্থানের অঙ্গরাজ্য করতে চায়। বিএনপি একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচুত্য করতে চায়।

তিনি আরো বলেন, তাদের সে চেষ্টা কখনও সফল হবে না। কারন, দেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশের উন্নয়নের উগ্রযাত্রা আরো বহুদুর এগিয়ে যাবে। কেউ এটাকে প্রতিরোধ করতে পারবে না। দেশকে আমরা আর অস্থীতিশীল করতে দেবো না।

শনিবার(৪ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এই সব কথা বলেন।

তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতীর সবচেয়ে বড় অর্জন। এই অর্জনে মুল ভুমিকা রেখেছে ছাত্রলীগ। সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হচ্ছে। এই নতুন নেতৃত্বই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ টাঙ্গাইল জেলার সংসদ সদস্যবৃন্দ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মামুনুর রশীদ মামুন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য্য বক্তব্য রাখেন।

সম্মেলনে জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীসহ আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৫. ডিসেম্বর ২০২১ ১২:৩৮:এএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।