আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় আবুল হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার হাতিয়ায় অরক্ষিত রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে বলে জানা গেছে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেনটি যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেলস্টেশন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় হাতিয়া রেলক্রসিংয়ে পৌঁছলে ট্রেনের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। মোটরসাইকেল ও চালককে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী আবুল হোসেনের।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও চালককে পাওয়া যায়নি। নিহতের পরিচয় নিশ্চিত করে তার বাড়িতে যোগাযোগ করা হচ্ছে।