টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত 


০৬:৫০ পিএম, ২৭ নভেম্বর ২০২৬
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত  - Ekotar Kantho
নিহত বিএনপি নেতা বেল্লাল হোসেন 

আরমান কবীর: টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ি ফেরার পথে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বিএনপি নেতা বেল্লাল হোসেন (৫০) নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেল্লাল হোসেন কালিহাতীর সল্লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও আনালিয়াবাড়ী গ্রামের মৃত শহিদ মন্ডলের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলা নরদহি বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বেল্লাল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর হাতিয়া এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

যমুনা সেতু পূর্ব থানার এসআই হুমায়ুন ফরিদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস জব্দ করে থানায় আনা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।