টাঙ্গাইলে নাড়ির টানে বাড়ি ফেরার পথে পৃথক দুর্ঘটনায় নিহত ২


০৮:১৫ পিএম, ৬ জুন ২০২৫
টাঙ্গাইলে নাড়ির টানে বাড়ি ফেরার পথে পৃথক দুর্ঘটনায় নিহত ২ - Ekotar Kantho
বাসের ছাদ থেকে পড়ে নিহত যুবক রানা ইসলামের মরদেহ

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া উপজেলার নাগবাড়ীতে বাসের ছাদ থেকে পড়ে আরও একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ জুন) বেলা ১১টায় কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ী এলাকায় ট্রেনে ও উপজেলার নাগবাড়ী এলাকায় বাসের ছাদ থেকে পড়ে তাদের মৃত্যু হয়।

বাসের ছাদ থেকে পড়ে নিহত যুবকের নাম রানা ইসলাম। সে পাবনা জেলার চাটমোহর উপজেলার দাড়িয়া কয়ড়াপাড়া গামের মোতালেবের ছেলে। রানা ইসলাম ঢাকা থেকে মা ও স্ত্রীকে নিয়ে ঈদ উদযাপন করতে বাড়িতে যাচ্ছিলেন বলে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানিয়েছেন।


স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ছাদে ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছিল। ট্রেনটি এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ী এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত এক ব্যক্তি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় ট্রেন থামেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

একই উপজেলার নাগবাড়ী এলাকায় পাবনাগামী বাসের ছাদ থেকে পড়ে রানা নামে এক যাত্রী মারা যায়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, বাসটি সখীপুর হয়ে কালিহাতী দিয়ে পাবনায় যাচ্ছিল। পথে সোহেল রানার শরীর খারাপ লাগলে বাসের ছাদে উঠে বসেন তিনি। সেখান থেকে পড়ে গিয়ে তিনি মারা যান।

তিনি আরও জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ গ্রামে যাচ্ছে। এতে বাসে বা ট্রেনে স্থান সংকুলন না হওয়ায় অনেকে ঝুঁকি নিয়ে বাসের বা ট্রেনের ছাদে চড়ে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।